চাকরির প্রথম দিনেই আবর্জনার ট্রাক থেকে পড়ে মৃ ত্যু, চালকের আসনে ছিলেন বাবা
চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই আবর্জনার ট্রাক থেকে পড়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, দুর্ঘটনার সময় ওই ট্রাকটির চালকের আসনে ছিলেন নিহত কর্মীরই বাবা। গত সোমবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার খবরটি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএইচএনএস-এর বরাত দিয়ে নিশ্চিত করেছে চেরোকি কাউন্টি করোনার অফিস। নিহত ওই কর্মীর নাম জন ডেরিক ডোভার (৩২)।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জন ডোভার ট্রাকটির পেছনের নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছিলেন। ট্রাকটি মোড় ঘোরার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্পার্টানবার্গ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, চেরোকি কাউন্টির সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে সেদিনই তিনি নতুন কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে চেরোকি কাউন্টি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, "আমাদের এক কর্মীর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
এই অত্যন্ত কঠিন সময়ে জনের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল।" জনগণের প্রতি সম্মান জানিয়ে এবং ঘটনার সঠিক তথ্য নিশ্চিত করতে বর্তমানে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreশিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত ব্যবহারের প্রবণতা তৈরি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তির পথে হাঁটছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। যুক্তরাষ্ট্রের হাজার হাজার স্কুল ডিস্ট্রিক্টের করা এসব দাবি মেটাতে প্রায় ৩০০ কোটি ডলার (৩ বিলিয়ন ডলার) পরিশোধের বিষয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, উভয় পক্ষের মধ্যে নীতিগতভাবে এই সমঝোতার বিষয়ে ঐকমত্য হয়েছে। এটি চূড়ান্ত হলে মার্কিন স্কুল ডিস্ট্রিক্টগুলোর সঙ্গে কোনো করপোরেট প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি চুক্তি হবে। তবে চুক্তিটি কার্যকর হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে; কারণ এর জন্য মামলায় অংশগ্রহণকারী অধিকাংশ স্কুল ডিস্ট্রিক্টের অনুমোদন প্রয়োজন হবে। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি এই চুক্তিতে কিশোর-কিশোরী ব্যবহারকারীদের সুরক্ষায় ইউটিউবের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার শর্তও রাখা হয়েছে। গত পাঁচ বছরে ইউটিউব ছাড়াও মেটা, স্ন্যাপ এবং টিকটকের মতো শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে ১০ হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ, সাধারণ নাগরিক এবং অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলদের অভিযোগ, প্ল্যাটফর্মগুলো ‘অটোপ্লে’ এবং বিরতিহীন স্ক্রলিংয়ের (এন্ডলেস স্ক্রলিং) মতো ফিচার ব্যবহার করে তরুণদের মধ্যে আসক্তিমূলক আচরণ উসকে দিচ্ছে। স্কুল ডিস্ট্রিক্টগুলোর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের এই আসক্তির কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের পেছনে তাদের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তরুণ ব্যবহারকারীদের ওপর তাদের প্ল্যাটফর্মের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তা প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র: এক্সচেঞ্জ ফর মিডিয়া।
‘টাকা বাঁচাতে এখনই পাঠান’—ব্যাংকের পরিচয়ে প্রতারণার নতুন ফাঁদ, সতর্ক করল এফটিসি
নিউইয়র্ক ও নিউজার্সির তিন বিমানবন্দরে চাকরির সুযোগ, বেতন ঘণ্টায় ২১.২৫ ডলার
যুক্তরাষ্ট্রে ঘরে বসে ফেডারেল চাকরির সুযোগ, বছরে বেতন ৭৩ হাজার ডলার পর্যন্ত, জেনে নিন আবেদনের শর্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া ক্রিপ্টোকারেন্সি ‘ট্রাম্প মিম কয়েনের’ দাম রেকর্ড পরিমাণ কমে এক ডলারের নিচে নেমেছে। এমন পরিস্থিতিতেই কয়েনটির বড় বিনিয়োগকারীদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়ার স্টার্লিংয়ে নিজের গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্রিপ্টোকারেন্সির প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নামে চালু হওয়া ‘ট্রাম্প’ মিম কয়েনের দাম একসময় প্রায় ৭৫ ডলারে পৌঁছেছিল। বর্তমানে তা এক ডলারের নিচে নেমে এসেছে। ফলে কয়েনটির মূল্য সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৯৯ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আগ্রহেও। এ নিয়ে তৃতীয়বারের মতো নিজের মিম কয়েনের বড় বিনিয়োগকারীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন ট্রাম্প। তবে আগের আয়োজনগুলোর তুলনায় এবারের অনুষ্ঠানে উপস্থিতি ও বিনিয়োগের পরিমাণ ছিল অনেক কম। অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতেই তিনি ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ খাতে এগিয়ে না গেলে চীন সেই সুযোগ কাজে লাগাবে। ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো আয়োজিত নৈশভোজে ২২০ জন ধনী ক্রিপ্টো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন। সে সময় অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী ডিজিটাল ওয়ালেটগুলোতে প্রায় ১৪ কোটি ৮০ লাখ ডলারের ট্রাম্প মিম কয়েন ছিল। অন্যদিকে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৮৫টি ক্রিপ্টো ওয়ালেট যোগ্যতা অর্জন করেছিল বলে আয়োজকেরা জানিয়েছেন। তবে ১৬ নভেম্বর প্রতিযোগিতা শেষ হওয়ার সময় প্রকাশিত তালিকায় ছিল মাত্র ১৩০টি ওয়ালেট। সেগুলোতে থাকা কয়েনের মোট মূল্য ছিল প্রায় ৮৬ লাখ ডলার। নৈশভোজে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয় ৩০ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের কয়েন ধরে রাখার পরিমাণ ও সময়ের ভিত্তিতে। শীর্ষ ২৯ জনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ ভিআইপি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়। পাশাপাশি তাঁদের ট্রাম্পের ব্র্যান্ডযুক্ত উপহার দেওয়ার কথা ছিল। শীর্ষ চার বিনিয়োগকারীর জন্য ঘোষণা করা হয় ১৮ ক্যারেট স্বর্ণের ট্রাম্প ব্র্যান্ডের ঘড়ি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বৃষ্টির মধ্যেই অতিথিরা ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে প্রবেশের অপেক্ষায় ছিলেন। ভেতরে অতিথিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘শার্ক ট্যাংক’-এর পরিচিত মুখ কেভিন ও’লিয়ারি এবং সাবেক এনবিএ খেলোয়াড় ট্রিস্টান থম্পসন। তবে গত বছরের প্রথম আয়োজনের সঙ্গে এবারের পরিবেশের স্পষ্ট পার্থক্য ছিল। প্রথম অনুষ্ঠানে বিলাসবহুল গাড়িতে করে বিনিয়োগকারীরা এসেছিলেন। ক্লাবের বাইরে বিক্ষোভও হয়েছিল। এবার উপস্থিত অতিথিরা তুলনামূলক শান্ত ও অনাড়ম্বর পরিবেশের কথা জানিয়েছেন। এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া বিনিয়োগকারীদের পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। অলাভজনক ভোক্তা অধিকার সংস্থা পাবলিক সিটিজেনের ব্লকচেইন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রকাশিত তালিকায় থাকা অর্ধেকের বেশি ডিজিটাল ওয়ালেট এমন ক্রিপ্টো এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত, যেগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সেবা দেয় না। এতে বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প পরিবারের প্রধান পাঁচটি ক্রিপ্টো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বাইরের বিনিয়োগকারীদের সম্মিলিত লোকসান ৫০০ কোটি ডলারের বেশি। অথচ ট্রাম্পের জুন মাসের আর্থিক তথ্য প্রকাশের নথি অনুযায়ী, শুধু ট্রাম্প মিম কয়েন থেকেই তাঁর পরিবার অন্তত ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মিম কয়েনসহ পরিবারের প্রধান চারটি ক্রিপ্টো ব্যবসা থেকে মোট আয় হয়েছে অন্তত ২৩০ কোটি ডলার। প্রেসিডেন্টের পদে থেকে ব্যক্তিগত ব্যবসার প্রচার এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্কের কারণে স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে কি না, তা নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত এবং এ ধরনের কর্মকাণ্ড সীমিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে হোয়াইট হাউস আগে থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। প্রশাসনের দাবি, প্রেসিডেন্ট কিংবা তাঁর পরিবারের সদস্যরা স্বার্থের সংঘাতে জড়িত নন। ক্রিপ্টোকারেন্সি খাতে যুক্তরাষ্ট্রকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠা করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনের জন্য হোয়াইট হাউস ও ট্রাম্প মিম কয়েন প্রকল্পের প্রতিনিধিদের কাছে মন্তব্য চাওয়া হলেও তাঁরা সাড়া দেননি। মিম কয়েন সাধারণত কোনো ব্যক্তি, জনপ্রিয় ঘটনা কিংবা ইন্টারনেট সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি ক্রিপ্টোকারেন্সি। এসব কয়েনের দাম অনেকাংশে প্রচার, জনপ্রিয়তা ও বিনিয়োগকারীদের আগ্রহের ওপর নির্ভর করে। ফলে অল্প সময়ে বড় ধরনের মূল্যবৃদ্ধির পাশাপাশি ব্যাপক লোকসানের ঝুঁকিও থাকে। সংবাদসূত্র: রয়টার্স
আদালতের নির্দেশ উপেক্ষা: আইওয়াতে বিষাক্ত সীসা বিস্ফোরণের পরিকল্পনা মার্কিন সেনার
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে টিএসএতে নিয়োগ, বার্ষিক বেতন ৬৭ হাজার ডলার পর্যন্ত
যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, টিউশন ফি মওকুফসহ বছরে ৩৯ হাজার ডলার স্টাইপেন্ড
যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউতে শুধু ভালো রেজ্যুমে কিংবা কাজের অভিজ্ঞতা থাকলেই সফল হওয়া যায় না। নিয়োগদাতার সামনে নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কতটা স্পষ্টভাবে তুলে ধরা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন অভিবাসী, সদ্য গ্র্যাজুয়েট এবং নতুন চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ অংশ। চাকরির ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন প্রায়ই করা হয়, যেগুলোর উত্তর সহজ মনে হলেও সঠিকভাবে উপস্থাপন করা অনেকের জন্য কঠিন। নিজের পরিচয়, দুর্বলতা, আগের ব্যর্থতা, চাকরি পরিবর্তনের কারণ এবং প্রত্যাশিত বেতন নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কয়েকটি কার্যকর কৌশল অনুসরণ করা যেতে পারে। প্রথম প্রশ্নটি হলো, ‘Tell me about yourself’, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলুন। অনেক চাকরিপ্রার্থী এই প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের বিস্তারিত বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু নিয়োগদাতা সাধারণত জানতে চান প্রার্থীর পেশাগত পরিচয়, কাজের অভিজ্ঞতা এবং আবেদন করা পদের সঙ্গে তাঁর যোগ্যতার সম্পর্ক। উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে নিজের বর্তমান কাজ বা পেশাগত অবস্থান তুলে ধরা যেতে পারে। এরপর আগের এক বা দুটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা উল্লেখ করে বোঝাতে হবে, সেগুলো কীভাবে প্রয়োজনীয় দক্ষতা তৈরি করেছে। সবশেষে জানাতে হবে, কেন এই চাকরিটি ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ। এ ধরনের উত্তর সাধারণত ৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে শেষ করা ভালো। তবে ইন্টারভিউয়ের পরিস্থিতি অনুযায়ী সময় কিছুটা কমবেশি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, ‘What is your greatest weakness?’, অর্থাৎ আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী? এ প্রশ্নের মাধ্যমে নিয়োগদাতা বোঝার চেষ্টা করেন, প্রার্থী নিজের সীমাবদ্ধতা সম্পর্কে কতটা সচেতন এবং উন্নতির জন্য কী করছেন। উত্তরে এমন একটি বাস্তব দুর্বলতার কথা বলা যেতে পারে, যা সংশ্লিষ্ট চাকরির প্রধান দায়িত্ব পালনে গুরুতর বাধা নয়। একই সঙ্গে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নেওয়া পদক্ষেপ এবং ইতিমধ্যে অর্জিত উন্নতি তুলে ধরতে হবে। উদাহরণ হিসেবে কেউ বলতে পারেন, আগে একসঙ্গে অনেক কাজের দায়িত্ব নেওয়ার কারণে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতো। এখন কাজের অগ্রাধিকার নির্ধারণ করেন এবং প্রয়োজন হলে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আগে সময় ও সক্ষমতা বিবেচনা করেন। তবে শুধু ভালো শোনানোর জন্য বানানো দুর্বলতার কথা বলা উচিত নয়। বাস্তব অভিজ্ঞতা তুলে ধরাই বেশি বিশ্বাসযোগ্য। তৃতীয় প্রশ্ন, ‘Tell me about a time you failed’, অর্থাৎ এমন একটি সময়ের কথা বলুন, যখন আপনি ব্যর্থ হয়েছিলেন। এই প্রশ্নের উদ্দেশ্য শুধু অতীতের ভুল জানা নয়। কোনো সমস্যা তৈরি হলে প্রার্থী কীভাবে দায়িত্ব নেন, পরিস্থিতি সামাল দেন এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন, সেটিও মূল্যায়ন করা হয়। উত্তর সাজানোর জন্য স্টার বা STAR পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এখানে Situation অর্থ পরিস্থিতি, Task অর্থ দায়িত্ব, Action অর্থ নেওয়া পদক্ষেপ এবং Result অর্থ ফলাফল। ধরা যাক, কোনো কর্মী একটি গুরুত্বপূর্ণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি। সে ক্ষেত্রে কেন সমস্যা হয়েছিল, নিজের দায়িত্ব কী ছিল, পরবর্তী সময়ে কী ব্যবস্থা নিয়েছেন এবং একই ভুল এড়াতে কী পরিবর্তন এনেছেন, তা সংক্ষেপে ব্যাখ্যা করা যেতে পারে। এ ধরনের প্রশ্নে অন্য সহকর্মী বা প্রতিষ্ঠানের ওপর সব দায় চাপানোর পরিবর্তে নিজের ভূমিকা এবং শেখার বিষয়টি তুলে ধরা গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন, ‘Why are you leaving your job?’, অর্থাৎ আগের চাকরি ছাড়ছেন কেন? নতুন চাকরির ইন্টারভিউতে এটি একটি সাধারণ প্রশ্ন। নিয়োগদাতা জানতে চান প্রার্থী কেন প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইছেন এবং নতুন কর্মস্থল থেকে তাঁর প্রত্যাশা কী। উত্তরে আগের নিয়োগদাতা বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করে নিজের ক্যারিয়ারের অগ্রগতি, নতুন দক্ষতা অর্জনের সুযোগ এবং বড় দায়িত্ব নেওয়ার আগ্রহ তুলে ধরা ভালো। যেমন কেউ বলতে পারেন, আগের প্রতিষ্ঠানে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন এমন একটি পদে কাজ করতে চান, যেখানে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে। তবে চাকরি ছাড়ার প্রকৃত কারণ যদি ছাঁটাই, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া বা ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তন হয়, তাহলে সেটিও সংক্ষেপে এবং সত্যভাবে ব্যাখ্যা করা উচিত। পঞ্চম প্রশ্ন, ‘What are your salary expectations?’, অর্থাৎ আপনার প্রত্যাশিত বেতন কত? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সংশ্লিষ্ট পদে প্রচলিত বেতন সম্পর্কে ধারণা নেওয়া গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে একই পদের বেতনও অঙ্গরাজ্য, শহর, অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। প্রার্থী চাইলে একটি নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে যুক্তিসংগত বেতনের সীমা উল্লেখ করতে পারেন। তবে সেই সীমা নির্ধারণের আগে নিজের অভিজ্ঞতা, দায়িত্বের ধরন এবং স্থানীয় চাকরির বাজার বিবেচনা করা প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নিজের অভিজ্ঞতা এবং বাজারের বেতনসংক্রান্ত তথ্য বিবেচনায় একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেতন প্রত্যাশা করছেন। তবে পদের দায়িত্ব এবং সামগ্রিক সুযোগসুবিধার ভিত্তিতে আলোচনা করতে আগ্রহী। এ ক্ষেত্রে শুধু মূল বেতন নয়, হেলথ ইন্স্যুরেন্স, পেইড টাইম অফ, রিটায়ারমেন্ট বেনিফিট, বোনাস এবং অন্যান্য সুবিধাও বিবেচনায় রাখা উচিত। যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতিতে এসব প্রশ্নের উত্তর আগে থেকেই অনুশীলন করা সহায়ক হতে পারে। তবে মুখস্থ উত্তর দেওয়ার পরিবর্তে নিজের বাস্তব অভিজ্ঞতা ব্যবহার করলে তা স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য শোনায়। ইন্টারভিউয়ের আগে চাকরির বিবরণ ভালোভাবে পড়া, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং নিজের অভিজ্ঞতার সঙ্গে পদের প্রয়োজনীয় যোগ্যতার মিল খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের প্রথম ভাষা ইংরেজি নয়, তাঁরা ছোট ও সহজ ইংরেজি বাক্যে উত্তর দেওয়ার অনুশীলন করতে পারেন। নির্ভুল উচ্চারণের চেয়ে নিজের বক্তব্য স্পষ্টভাবে বোঝাতে পারা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না। তবে যথাযথ প্রস্তুতি, বাস্তব উদাহরণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যোগ্যতা তুলে ধরতে পারলে ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা বাড়ে। সংবাদসূত্র ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টি ক্যারিয়ার সেন্টার
যুক্তরাষ্ট্রে অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার পাঁচটি সুযোগ, জেনে নিন বিস্তারিত
টেক্সাসে নারীর ফোন থেকে অন্তরঙ্গ ছবি নিজের ফোনে পাঠানোর চেষ্টা, ভারতীয় বংশোদ্ভূত যুবককে আটক করল আইস

