নিউইয়র্কের চেয়েও ব্যয়বহুল সান ফ্রান্সিসকোর দুই বেডরুমের বাসা, ভাড়া ৬,৩৪০ ডলার
সান ফ্রান্সিসকোতে বাড়িভাড়ার চাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভাড়া বাজার নিয়ে জাম্পারের সেপ্টেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, শহরটিতে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের মধ্যম ভাড়া মাসে ৪ হাজার ৪০০ ডলারে উঠেছে, যা এক বছর আগের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের মধ্যম ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪০ ডলারে, যা যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর মধ্যে সর্বোচ্চ।
জাম্পারের তথ্য অনুযায়ী, দুই বেডরুমের ভাড়ার ক্ষেত্রে সান ফ্রান্সিসকো নিউইয়র্ক সিটিকেও ছাড়িয়ে গেছে। নিউইয়র্কে একই ধরনের বাসার মধ্যম ভাড়া ৫ হাজার ৪৫০ ডলার। অর্থাৎ দুই বেডরুমের বাসার ক্ষেত্রে সান ফ্রান্সিসকোতে মধ্যম ভাড়া নিউইয়র্কের তুলনায় মাসে ৮৯০ ডলার বেশি। এক বেডরুমের ক্ষেত্রে অবশ্য নিউইয়র্ক এখনো এগিয়ে। নিউইয়র্কে এর মধ্যম ভাড়া ৪ হাজার ৫৮০ ডলার, সান ফ্রান্সিসকোতে ৪ হাজার ৪০০ ডলার।
সান ফ্রান্সিসকোর এক বেডরুমের ভাড়া শুধু নিউইয়র্কের কাছাকাছি পৌঁছেছে তা নয়, গত এক বছরে এর বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। জাম্পারের হিসাব বলছে, সেপ্টেম্বর মাসে এক বেডরুমের ভাড়া মাসিক হিসাবে ২ দশমিক ৩ শতাংশ এবং বার্ষিক হিসাবে ২৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দুই বেডরুমের ক্ষেত্রে মাসিক বৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বৃদ্ধি ২৬ দশমিক ৮ শতাংশ। জুলাই মাসেই দুই বেডরুমের মধ্যম ভাড়া প্রথমবারের মতো ৬ হাজার ডলার ছাড়িয়েছিল।
ভাড়ার এই ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে জাম্পার জানিয়েছে। এর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে কর্মসংস্থানের দ্রুত বৃদ্ধি। সান ফ্রান্সিসকো ও আশপাশের এলাকায় এ খাতের নতুন কর্মসংস্থান বাড়ায় আবাসনের চাহিদাও বাড়ছে। কিন্তু সেই তুলনায় নতুন আবাসন সরবরাহ সীমিত থাকায় ভাড়ার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। জাম্পারের প্রধান নির্বাহী শন মুলাহি বলেন, যুক্তরাষ্ট্রে এখন একক কোনো ভাড়া বাজার নেই, বিভিন্ন শহরে আবাসন সরবরাহ ও চাহিদার পার্থক্যের কারণে পরিস্থিতি আলাদা হয়ে উঠেছে।
সান ফ্রান্সিসকোর এই পরিস্থিতি পুরো বে এরিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করলেও স্পষ্ট হয়ে ওঠে। জাম্পারের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, পাশের সান হোসেতে এক বেডরুমের মধ্যম ভাড়া ২ হাজার ৮৯০ ডলার। অন্যদিকে ওকল্যান্ডে একই ধরনের বাসার মধ্যম ভাড়া ২ হাজার ১০০ ডলার। অর্থাৎ সান ফ্রান্সিসকোর ৪ হাজার ৪০০ ডলারের তুলনায় এই দুই শহরে ভাড়া অনেক কম।
জাতীয় চিত্র আরও বড় পার্থক্য দেখাচ্ছে। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রজুড়ে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের মধ্যম ভাড়া ছিল ১ হাজার ৫১৮ ডলার, যা এক বছর আগের তুলনায় মাত্র শূন্য দশমিক ১ শতাংশ বেশি। দুই বেডরুমের মধ্যম ভাড়া ছিল ১ হাজার ৯০৩ ডলার, যা বার্ষিক হিসাবে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ জাতীয় বাজারে ভাড়ার পরিবর্তন তুলনামূলকভাবে সীমিত থাকলেও সান ফ্রান্সিসকোতে বৃদ্ধি অনেক বেশি।
জাম্পারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের শহরগুলোর মধ্যে এক বেডরুমের ভাড়া বৃদ্ধির দিক থেকেও শীর্ষে ছিল। এক বছরে ২৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পর শহরটির পরেই ছিল ভার্জিনিয়া বিচ, যেখানে এক বেডরুমের ভাড়া বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে অতিরিক্ত আবাসন সরবরাহের কারণে টেক্সাসের কয়েকটি শহরে ভাড়া কমেছে।
ভাড়ার চাপ নিয়ে স্থানীয় পর্যায়েও উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি চলতি মাসে শহরের আবাসন পরিস্থিতিকে ‘ভাড়া জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ভাড়ার দ্রুত বৃদ্ধি এবং উচ্ছেদের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভাড়াটিয়াদের সুরক্ষায় ভাড়া বৃদ্ধির সর্বোচ্চ সীমা ১০ শতাংশ নির্ধারণ এবং ভাড়াটিয়াদের আইনি সহায়তার জন্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলারের তহবিলের প্রস্তাবও দেওয়া হয়েছে।
জাম্পারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ সান ফ্রান্সিসকোতে তাদের প্ল্যাটফর্মে প্রায় ৬৫০টি ভাড়ার বাসা তালিকাভুক্ত ছিল। শহরটির সামগ্রিক মধ্যম ভাড়া ছিল প্রায় ৪ হাজার ৫০০ ডলার, যা জাতীয় গড়ের তুলনায় ১৩৭ শতাংশ বেশি। তবে জাম্পারের হিসাব মূলত অনলাইনে প্রকাশিত ভাড়ার তালিকার মধ্যম মূল্যভিত্তিক। অর্থাৎ এটি শহরের প্রতিটি বাসার প্রকৃত চুক্তিভিত্তিক ভাড়া বা সব ভাড়াটিয়ার পরিশোধ করা অর্থের সরাসরি পরিমাপ নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের জাতীয় ভাড়া সূচক যুক্তরাষ্ট্রের জনসংখ্যার দিক থেকে ১০০টি বড় শহরের এক ও দুই বেডরুমের সক্রিয় ভাড়ার তালিকা বিশ্লেষণ করে তৈরি করা হয়।
সূত্র: রয়টার্স
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন বিভাগে পাঁচ ধরনের পদে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ম্যানহাটনসহ নিউইয়র্কের পাঁচটি বরোতে এসব পদে পূর্ণকালীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি সরকারের চাকরিবিষয়ক ওয়েবসাইট। পদভেদে বছরে বেতন ৪২ হাজার ৮৮১ ডলার থেকে সর্বোচ্চ ৭৩ হাজার ৬৩৮ ডলার। পাঁচ ধরনের পদে সব মিলিয়ে রয়েছে আটটি শূন্যপদ। এর মধ্যে দুটি পদে কোনো পরীক্ষা প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে। নিয়োগের তালিকায় রয়েছে খাদ্য সহায়তা কর্মসূচির সমন্বয়কারী, কমিউনিটি সমন্বয়কারী, আবাসন সহকারী, পুষ্টিবিদ এবং গুদামকর্মী পদ। প্রথম পদটি খাদ্য সহায়তা কর্মসূচির সমন্বয়কারী। নিউইয়র্ক সিটির মানবসম্পদ প্রশাসন ও সমাজসেবা বিভাগের অধীনে ম্যানহাটনে এ পদে দুজন নিয়োগ দেওয়া হবে। বার্ষিক বেতন ৬২ হাজার ৮৬৮ থেকে ৭২ হাজার ২৯৮ ডলার। কাজের মধ্যে খাদ্য বিতরণকেন্দ্র ও কমিউনিটি রান্নাঘরের কার্যক্রম তদারকি, কর্মীদের পরিচালনা এবং খাদ্য সহায়তা কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন অন্তর্ভুক্ত। এ পদে পরীক্ষা প্রয়োজন নেই। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৭। দ্বিতীয় পদ কমিউনিটি সমন্বয়কারী। আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগের অধীনে এ পদে একজন নিয়োগ দেওয়া হবে। নিউইয়র্কের পাঁচটি বরোতে কাজের সুযোগ রয়েছে। বার্ষিক বেতন ৬২ হাজার ৮৬৮ থেকে ৭২ হাজার ২৯৮ ডলার। দায়িত্বের মধ্যে আবাসনসংক্রান্ত প্রকল্প সমন্বয়, ভবন পরিদর্শনের অনুরোধ প্রক্রিয়াকরণ, বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ রয়েছে। প্রকল্প সমন্বয় বা কমিউনিটি কর্মসূচি পরিচালনায় তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদেও পরীক্ষা প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২৬। তৃতীয় পদ আবাসন সহকারী। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির অধীনে ম্যানহাটনে একজন নিয়োগ দেওয়া হবে। বার্ষিক বেতন ৪৫ হাজার ৪৩৫ থেকে ৭৩ হাজার ৬৩৮ ডলার। আবাসন সহায়তা কর্মসূচির প্রশাসনিক কাজ, ভাড়া যাচাই, আবাসন পরিদর্শন এবং আবেদনকারীদের তথ্য ব্যবস্থাপনা এ পদের দায়িত্বের অংশ। এ পদে পরীক্ষা প্রয়োজন হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬। চতুর্থ পদ পুষ্টিবিদ। সংশোধনাগার বিভাগের অধীনে রাইকার্স আইল্যান্ডে একজন নিয়োগ দেওয়া হবে। বার্ষিক বেতন ৬৩ হাজার ৫৮২ থেকে ৬৮ হাজার ১৩৫ ডলার। কারাগারে থাকা ব্যক্তিদের পুষ্টি মূল্যায়ন, খাবারের তালিকা পরিকল্পনা, বিশেষ খাদ্যতালিকা নির্ধারণ এবং খাবার প্রস্তুতের মান তদারকি করতে হবে। এ পদে পুষ্টিবিজ্ঞান বা খাদ্য ও পুষ্টি বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক ডিগ্রি অথবা নিবন্ধিত পুষ্টিবিদ হিসেবে নিবন্ধনের যোগ্যতা প্রয়োজন। পরীক্ষা প্রয়োজন হতে পারে। আবেদনের শেষ তারিখ ১ জানুয়ারি ২০২৭। পঞ্চম পদ গুদামকর্মী। পরিবহন বিভাগের অধীনে এ পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। বার্ষিক বেতন ৪২ হাজার ৮৮১ থেকে ৬৪ হাজার ১১৬ ডলার। গুদামে মালামাল গ্রহণ, সংরক্ষণ, হিসাব রাখা, সরবরাহ বিতরণ এবং বিভিন্ন যন্ত্রপাতি পরিবহনের কাজ করতে হবে। এ পদের জন্য আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার শর্ত নেই। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট পদে স্থায়ী কর্মী হতে হবে অথবা সরকারি চাকরির পরীক্ষার তালিকায় নিয়োগের জন্য যোগ্য অবস্থানে থাকতে হবে। পরীক্ষা প্রয়োজন হতে পারে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। চাকরিপ্রার্থীদের প্রতিটি পদের যোগ্যতা, নিয়োগের শর্ত এবং আবেদনের সময়সীমা ভালোভাবে যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে সব পদে সাধারণ আবেদনকারীদের সরাসরি নিয়োগের সুযোগ নেই। কোনো কোনো পদের ক্ষেত্রে নির্দিষ্ট অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কিংবা সরকারি চাকরির পরীক্ষাসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। সূত্র: নিউইয়র্ক সিটি জবস
যুক্তরাষ্ট্রে সন্তান জন্মের আগে যে খরচগুলো জানা জরুরি, জেনে নিন ইনস্যুরেন্স ও বিস্তারিত বিল
আমার মুসলমান পরিচয় আমাকে আরও ভালো আমেরিকান হতে শেখায়: আবদুল এল-সাঈদ
নিউইয়র্কের পাবলিক স্কুলে এক বছরেই শিক্ষার্থী কমেছে ২৩ হাজার, বন্ধ হতে পারে স্কুল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের প্রথম ধাপে ফিলিপাইনে পৌঁছেছেন। তবে এই সফরের সবচেয়ে বড় কূটনৈতিক আকর্ষণ হতে যাচ্ছে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। এমনকি বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও যুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। বাস্তবে চার দেশের শীর্ষ নেতাকে একই আলোচনায় বসানো সম্ভব হলে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। তিন দিনের এশিয়া সফরে তাঁর প্রথম গন্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সেখানে ৪৯তম আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক, বাণিজ্য আলোচনা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলার কথা রয়েছে তাঁর। পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। ম্যানিলায় ট্রাম্পের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই চার দেশের নেতাদের প্রথম বৈঠক এটি। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জোটটির ভূমিকা গুরুত্বপূর্ণ। ফিলিপাইন সফর শেষে বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ফাঁকে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে তাঁর ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় পারমাণবিক অস্ত্র, অস্ত্র নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। সোমবার ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়টিও সামনে আনেন ট্রাম্প। তিনি বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দেখা হবে, পাশাপাশি পুতিনের সঙ্গেও বৈঠক হবে। কিমের সঙ্গেও দেখা হতে পারে। তবে কিমের অংশগ্রহণের বিষয়টি বেইজিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান তিনি। ট্রাম্পের ভাষায়, তিন নেতার একসঙ্গে আলোচনায় বসার সুযোগ হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি সম্ভব। এদিকে ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভও হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ট্রাম্পের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংঘাত নিয়ে নানা টানাপোড়েন চলছে। ফলে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠক এবং সেখানে কিম জং উনের অংশগ্রহণের সম্ভাবনা বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
মিনেসোটায় ‘মুহাম্মাদ’ নাম শুনেই উবার চালককে মারধর ও গাড়িচাপা, গ্রেপ্তার ২৫ বছরের যাত্রী
আইসিইর হেফাজতে থাকা ক্যালিফোর্নিয়ার নার্সকে খুঁজে পায়নি পরিবার, হাজারো অভিবাসীর তথ্য উধাও
যুক্তরাষ্ট্রে আজ একযোগে জরুরি সতর্ক সংকেত প্রচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ১৮ কোটি মার্কিন ডলার (প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা) মূল্যের একটি চিত্রকর্ম নিলামে তোলার সিদ্ধান্তে অটল রয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স। ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর নির্যাতনের মুখে এক ইহুদি পরিবার ‘বাধ্য হয়ে’ চিত্রকর্মটি বিক্রি করেছিল—এমন নতুন দাবি ওঠা সত্ত্বেও আগামী বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে পূর্বনির্ধারিত এই নিলাম অনুষ্ঠিত হবে। ‘শাটেনিয়ে অঁ ফ্লুর’ (ব্লসমিং চেস্টনাট ট্রিজ) শিরোনামের এই চিত্রকর্মটির সাবেক মালিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব বার্লিনের ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশার। তার নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরসূরিরা আসন্ন এই নিলামের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনের কারণে সৃষ্ট চরম আর্থিক সংকটের মুখে পড়েই তাদের পূর্বপুরুষরা চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। গত বৃহস্পতিবার, নিলামের এক সপ্তাহেরও কম সময় আগে ফিশার পরিবারের আইনজীবী গুনার শ্নাবেল সোথবি’সকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি দাবি করেন, চিত্রকর্মটি তৎকালীন বাজারমূল্যে বিক্রি হয়েছিল এবং ‘নাৎসি শাসন না থাকলেও’ পরিবারটি এটি বিক্রি করত—তা নিলামকারী প্রতিষ্ঠানটিকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। নাৎসিদের লুট করা শিল্পকর্ম বিষয়ক বিশেষজ্ঞ বার্লিনভিত্তিক এই আইনজীবীর মতে, তার মক্কেলরা ১৯৯৮ সালের ‘ওয়াশিংটন প্রিন্সিপালস অন নাৎসি-কনফিসকেটেড আর্ট’-এর নীতির আলোকে বিষয়টির একটি সম্মানজনক সমাধান চাইছেন। সোমবার এক বিবৃতিতে সোথবি’স জানিয়েছে, তারা ফিশার পরিবারের উত্তরসূরিদের উদ্বেগের বিষয়ে অবগত এবং চিত্রকর্মটির মালিকানার ইতিহাস নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এখন পর্যন্ত পাওয়া গবেষণায় এটি প্রমাণিত হয়নি যে চিত্রকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল। তবে আমরা পরিবারটির সঙ্গে গঠনমূলক আলোচনার গুরুত্ব অনুধাবন করি এবং উভয় পক্ষের জন্য সন্তোষজনক একটি সমাধানে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ১৮৯০ সালে ফ্রান্সের ওভার-সুর-ওয়াজ গ্রামে একটি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই ভ্যান গগ এই চিত্রকর্মটি এঁকেছিলেন। ১৯০৯ সালে বার্লিনে এটি কিনে নেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত প্রকাশক স্যামুয়েল ফিশার। ১৯৩৩ সালে জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতায় আসার সময় তিনি চিত্রকর্মটি আমস্টারডামের একটি গ্যালারিতে জমা রাখেন। পরের বছর ফিশার মারা গেলে তার মেয়ে ব্রিজিট ও জামাতা গটফ্রিড বারম্যান-ফিশার পারিবারিক প্রকাশনা সংস্থা ও শিল্পকর্মের দায়িত্ব পান। পরবর্তীতে নাৎসি নিপীড়নের মুখে পরিবারটি বার্লিন ছেড়ে ভিয়েনায় পালিয়ে যায় এবং ১৯৩৬ সালের জুনে আমস্টারডামের ওই গ্যালারির মাধ্যমে ৬৮ হাজার সুইস ফ্রাঁয় (তৎকালীন প্রায় ২২ হাজার ডলার) চিত্রকর্মটি ফরাসি সংগ্রাহকদের কাছে বিক্রি করে দেয়। আইনজীবী শ্নাবেলের মতে, নাৎসি সরকার তাদের প্রকাশনার বিখ্যাত লেখক হারমান হেসে ও নোবেলজয়ী টমাস মানের বই নিষিদ্ধ ও পুড়িয়ে দেওয়ায় পরিবারটি চরম আর্থিক বিপর্যয়ে পড়েছিল। এ ছাড়া জার্মানি ছাড়ার সময় তাদের ‘রাইখ ফ্লাইট ট্যাক্স’ নামে বড় অঙ্কের কর দিতে হয়েছিল, যা তাদের এই চিত্রকর্ম বিক্রিতে বাধ্য করে। তবে সোথবি’স বলছে, ১৯৩৬ সালে ২২ হাজার ডলারে বিক্রি হওয়াটা মোটেও কম মূল্য ছিল না; কারণ ২০২২ সালে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ ডলারে বিক্রি হওয়া ভ্যান গগের আরেকটি চিত্রকর্ম ১৯৩৫ সালে মাত্র ১৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর্জেন্টিনার প্রয়াত ব্যবসায়ী কার্লোস পেদ্রো ব্লাকিয়ের এবং তার স্ত্রী নেলি আরিয়েতা দে ব্লাকিয়েরের সংগ্রহশালা থেকে এই চিত্রকর্মটি নিলামে তোলা হচ্ছে। ১৯৭৫ সালে তারা এটি কিনেছিলেন। ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারও ফিশার উত্তরসূরিদের সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বুধবারের নিলামে বিক্রি হলে চিত্রকর্মটি ভ্যান গগের আগের সব নিলাম রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন মামদানি