যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরে ৮ হাজারের বেশি ধ র্ষণের অভিযোগ, শীর্ষে ইউনিভার্সিটি অব উটাহ
যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন সহিংসতা ও ধর্ষণের অত্যন্ত উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটির বিভিন্ন ক্যাম্পাসে মোট ৮ হাজার ২২৭টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এই তালিকায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে সল্টলেক সিটির পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব উটাহ।
সেখানে এক বছরে রেকর্ড ১৪৬টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১২২টিই ঘটেছে আবাসিক হল বা ডর্মে। এই সংখ্যা তালিকায় থাকা দ্বিতীয় শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রায় দ্বিগুণ।
ধর্ষণের এই জাতীয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার, যেখানে ৯৬টি অভিযোগ দায়ের হয়েছে। ৬৭টি অভিযোগ নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি। এছাড়া শীর্ষ দশের তালিকায় থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো পেন স্টেট ইউনিভার্সিটি, ইউসিএলএ, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজ, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কানসাস এবং ইউনিভার্সিটি অব কেনটাকি। এই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই উল্লেখযোগ্য হারে যৌন নিপীড়নের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।
নিউইয়র্কের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থাও অত্যন্ত হতাশাজনক। কলাম্বিয়া, কর্নেল এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির (এনওয়াইইউ) মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতেও যৌন সহিংসতার হার ব্যাপক। নিউইয়র্ক রাজ্যের নিয়ম অনুযায়ী ধর্ষণ, যৌন নিপীড়ন, ডেটিং সহিংসতা এবং স্টকিং—সব মিলিয়ে সামগ্রিক হিসাব প্রকাশ করা হয়।
এর মধ্যে ২০২৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ২৬২টি যৌন সহিংসতার অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ২১টি ছিল ধর্ষণের ঘটনা এবং এর সবগুলোই ঘটেছে আবাসিক হলে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলাম্বিয়ায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হার সবচেয়ে শোচনীয়। ২৬২টি অভিযোগের মধ্যে মাত্র তিনটির তদন্ত হয়েছে এবং কেবল একটি ঘটনায় অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলাম্বিয়ায় মোট ১ হাজার ২০২টি অভিযোগের মধ্যে মাত্র ৯ শতাংশ তদন্তের মুখ দেখেছে।
অন্যদিকে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে (এনওয়াইইউ) ২২৯টি অভিযোগের মধ্যে ২৮টি তদন্ত ও ১০টিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সানি অ্যালবানি এবং সানি বিংহামটনে যথাক্রমে ২১৭ এবং ১৯৮টি অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কর্নেল ইউনিভার্সিটিতে গত বছর ১৬৬টি যৌন সহিংসতার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
সেখানে ১৮টি ঘটনার তদন্ত শেষে তিনজনকে বহিষ্কারসহ মোট ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে অভিযুক্ত কয়েকজনকে নিছক প্রবন্ধ লেখার শাস্তি দিয়ে ক্যাম্পাসে ফেরার সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি জটিলতা ও তীব্র তোপের মুখে পড়তে হয়।
গত এক দশকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে যৌন অপরাধের অভিযোগ প্রায় পাঁচগুণ বেড়েছে। তবে গবেষকদের মতে, এসব অভিযোগের মধ্যে মাত্র ২ থেকে ১০ শতাংশ ভুয়া হয়ে থাকে। 'থেরাপি নেশন'-এর রচয়িতা ও মনোবিজ্ঞানী জোনাথন আলপার্টের মতে, এই বিশাল সংখ্যাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এগুলো কেবল নথিভুক্ত অভিযোগ, এর বাইরেও অসংখ্য ঘটনা রয়েছে যা সামাজিক সম্মান, বন্ধু বা পরিচিত গণ্ডি হারানোর ভয়ে কখনোই প্রকাশ পায় না।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ‘এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনক’। ২০২৭ সালে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ১ হাজার ডলার করে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নিউইয়র্ক স্টেটে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং আগামী বছর কলেজে উচ্চশিক্ষা শুরু করতে আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬। এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনকের হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস ফারহানা মোহাইমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং কলেজজীবনের শুরুতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের এই সময়ে এই বৃত্তি কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের প্রাথমিক আর্থিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই বৃত্তি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) একটি ভিডিও বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই সুযোগের তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, নির্বাচনের মানদণ্ড ও বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.nyhcs.org) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিগুলোতে ধর্মীয় বিধিনিষেধ মেনে ‘কোশার’ (ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী হালাল) এবং ‘হালাল’ খাবার নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। সরকারিভাবে সরবরাহ করা খাবারগুলোকে আরও ‘ধর্মীয়ভাবে অন্তর্ভুক্তিমূলক’ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামদানির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেছে নিউইয়র্কের বিভিন্ন ইহুদি সংগঠন, যাদের সাথে প্রায়ই মেয়রের মতবিরোধ দেখা যায়। সিটি হলের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থা প্রতি বছর শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক এবং গৃহহীনদের আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মাঝে ২২ কোটিরও বেশি (২২০ মিলিয়ন) খাবার ও নাশতা সরবরাহ করে থাকে। নতুন এই নির্বাহী আদেশের ফলে শহরের ‘অফিস অব ফুড পলিসি’-কে আগামী এক বছরের মধ্যে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে, যা ধর্মীয় খাদ্যাভ্যাসের বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে অনুরোধের ভিত্তিতে কিছু ধর্মীয় খাবারের ব্যবস্থা থাকলেও নতুন এই নির্দেশিকা ধর্মীয় গোষ্ঠীগুলোর জন্য খাবার সহজলভ্য করার ক্ষেত্রে একটি ‘আরও সামঞ্জস্যপূর্ণ ও স্থায়ী পদ্ধতি’ গড়ে তুলবে। মেয়রের এই সিদ্ধান্তের প্রশংসা করে ইউজেএ-ফেডারেশন অব নিউইয়র্কের (UJA-Federation of New York) প্রতিনিধি ড্যানিয়েল রোজেনথাল বলেন, “যেসব নিউইয়র্কবাসী শহরের সরকারি কর্মসূচি ও সেবার ওপর নির্ভরশীল, তাদের অনেকের জন্যই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা খাবারের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সিটি হলকে ধন্যবাদ জানাই।” অ্যাগুদাথ ইসরায়েল অব আমেরিকার (Agudath Israel of America) রাব্বি ইয়েরুচিম সিলবার বলেন, “সব নিউইয়র্কবাসীরই সমান সেবা পাওয়ার অধিকার রয়েছে। সিটি প্রশাসনের পরিচালিত খাদ্য কর্মসূচিতে কোশার খাবার সরবরাহের এই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই।” সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে
জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কাছে এক সোমালি-আমেরিকান উবার চালককে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করে এবং তার নিজের গাড়ির নিচে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে যাওয়ার ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই নৃশংস হামলায় তার পাঁজর ও পা ভেঙে গেছে, মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ২৫ বছর বয়সী যাত্রী সামিত অপূর্ব প্যাটেল হামলার আগে ইউসুফকে বলেছিলেন যে তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না। মঙ্গলবার প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যাচেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ গঠন করা হয়েছে। আদালতের নথিপত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১টার দিকে মিনিয়াপোলিসের একটি বারের কাছ থেকে প্যাটেলকে গাড়িতে তোলেন ইউসুফ, যার গন্তব্য ছিল পার্শ্ববর্তী হপকিন্স এলাকায়। সে সময় ইউসুফ তার ভাইয়ের (যিনি নিজেও একজন উবার চালক) সঙ্গে ফোনে কথা বলছিলেন। ইউসুফের ভাই পুলিশকে জানান, তিনি ফোনের অপর প্রান্ত থেকে যাত্রীকে বলতে শোনেন যে তার ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন যে, তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়িচাপা দেওয়া হচ্ছে। হামলার পর প্যাটেল নিজেই ইউসুফের গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। তাকে মাতাল ও মারমুখী অবস্থায় দেখে তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে ৯১১-এ কল করেন। পুলিশ প্যাটেলের বাড়িতে গিয়ে ড্রাইভওয়েতে ইউসুফের ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পায়, যার ভেতরে চালকের সিটবেল্ট ছেঁড়া ছিল এবং ইউসুফের ভাইয়ের সঙ্গে ফোনকলটি তখনো চালু ছিল। পরে ইউসুফের স্মার্টওয়াচের লোকেশন ডেটা এবং থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করে রাস্তার পাশের একটি ঝোপঝাড়যুক্ত খাদ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, প্যাটেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হলেও এই হামলাটি জাতিগত বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত ছিল—তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এই সিদ্ধান্ত ভুক্তভোগী পরিবার ও সোমালি কমিউনিটির কষ্টকে কোনোভাবেই খাটো করে না বলে তিনি মন্তব্য করেন। ইউসুফের বড় ছেলে মোস্তফা ওসমান (২৭) জানান, তার বাবার ইতিমধ্যে পাঁচটি অস্ত্রোপচার হয়েছে এবং অবস্থা এখনো আশঙ্কাজনক। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসা ইউসুফ দীর্ঘদিন ধরে অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে ট্যাক্সি ও উবার চালিয়ে আসছেন। এদিকে, এই বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত যাত্রীকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে উবার কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এই নৃশংস হামলার ঘটনায় মিনেসোটায় বসবাসরত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সোমালি কমিউনিটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর মিনেসোটা শাখার নির্বাহী পরিচালক জাইলানি হুসেইন বলেন, দীর্ঘ দিন ধরে চলা অপপ্রচার এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তাদের কমিউনিটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘অপারেশন মেট্রো সার্জ’ এবং সোমালি অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের পর এই ভীতি আরও বেড়েছে। এক দশকেরও বেশি সময় ধরে টুইন সিটিতে রাইড-শেয়ারিং গাড়ি চালানো মহিউদ্দিন ইউসুফ জানান, শনিবারের ঘটনার পর তিনি রাতের বেলায় গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং নিরাপত্তার জন্য গাড়িতে তৃতীয় ক্যামেরা লাগিয়েছেন; এমনকি তার অনেক বন্ধু ভয়ে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন।
ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা
দেশের জন্য জীবন উৎসর্গ করা মার্কিন সেনা কর্মকর্তার পরিবারকে ঋণমুক্ত বাড়ি দিল যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন

