সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

আলাবামার নার্সিং বোর্ডে সাইবার হামলা, নার্সদের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ৩:৪৯
আলাবামার নার্সিং বোর্ডে সাইবার হামলা, নার্সদের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা
আলাবামার নার্সিং বোর্ডে সাইবার হামলা, নার্সদের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের আলাবামা বোর্ড অব নার্সিংয়ে র‍্যানসমওয়্যার হামলার ঘটনায় নার্স ও লাইসেন্স আবেদনকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা তথ্যের মধ্যে সোশ্যাল সিকিউরিটি নম্বর, ড্রাইভার লাইসেন্স নম্বর ও চিকিৎসাসংক্রান্ত তথ্যও রয়েছে। ২ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, হামলাকারীরা কিছু তথ্য সংগ্রহ ও ডাউনলোড করেছে বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তবে সবার তথ্য আক্রান্ত হয়েছে কি না, তা নির্ধারণ করা যায়নি। 

 

বোর্ডের তথ্য অনুযায়ী, তদন্তে গত আগস্টে তাদের প্রযুক্তিব্যবস্থায় সন্দেহজনক কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। ১ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থার কিছু অংশে ক্ষতিকর কার্যক্রমের উপস্থিতি নিশ্চিত হয়। ওই দিন থেকে বোর্ডের সেবা ব্যাহত হতে শুরু করে।

 

ঘটনার পর আলাবামা অফিস অব ইনফরমেশন টেকনোলজি ও বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ শুরু করে বোর্ড। তদন্তে এফবিআই এবং আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সিকেও সহযোগিতা করছে কর্তৃপক্ষ।

 

বোর্ড জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলার বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে। আক্রান্ত সিস্টেমগুলো অফলাইনে নিয়ে ধাপে ধাপে নিরাপদ সেবা চালুর কাজ চলছে। তবে র‍্যানসমওয়্যার হামলার কারণে তদন্তে কিছু সীমাবদ্ধতা থাকায় ঠিক কার কোন তথ্য দেখা বা নেওয়া হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। সম্ভাব্য ঝুঁকিতে থাকা তথ্যের মধ্যে নাম, জন্মতারিখ এবং পেশাগত লাইসেন্সের তথ্যও রয়েছে। 

 

নার্স ও আবেদনকারীদের অপ্রত্যাশিত ইমেইল, টেক্সট মেসেজ এবং ফোনকলের বিষয়ে সতর্ক থাকতে বলেছে বোর্ড। লাইসেন্স নবায়ন, ফি, তদন্ত বা অ্যাকাউন্ট যাচাইয়ের কথা বলে কেউ যোগাযোগ করলে যাচাই ছাড়া ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা পাঠানো লিংকে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বোর্ডের পোর্টালে ব্যবহৃত একই বা কাছাকাছি পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টে ব্যবহার করে থাকলে তা পরিবর্তন করতে বলা হয়েছে। পাশাপাশি একাধিক ধাপে পরিচয় যাচাই চালু রাখা এবং ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট রিপোর্ট ও হেলথ ইন্স্যুরেন্সের হিসাব নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

 

পরিচয় চুরির ঝুঁকি কমাতে ক্রেডিট ফ্রিজ বা ফ্রড অ্যালার্ট বিবেচনা করতেও বলা হয়েছে। বোর্ড স্পষ্ট করেছে, তারা নিজে থেকে ইমেইল, টেক্সট মেসেজ বা অপ্রত্যাশিত ফোনকলের মাধ্যমে কারও পাসওয়ার্ড চাইবে না। 

 

সেবা পুনরুদ্ধারের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, বর্তমানে রেজিস্টার্ড নার্সদের লাইসেন্স নবায়নের কাগজের আবেদন গ্রহণ করা হচ্ছে না। ২০২৬ সালের নবায়ন প্রক্রিয়া নিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। সংশ্লিষ্ট নার্সদের বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। 

 

সূত্র: আলাবামা বোর্ড অব নার্সিংয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও সেবাসংক্রান্ত হালনাগাদ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ভয়াবহ বন্যার কারণে ফ্লোরিডার ২১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা, ২১ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও আবাসিক এলাকা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের ২১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রন ডিস্যান্টিস। নতুন করে সাতটি কাউন্টিকে জরুরি অবস্থার আওতায় আনার ফলে আরও প্রায় ৬৫ লাখ মানুষ সম্ভাব্য দুর্যোগের ঝুঁকিতে পড়েছেন। সব মিলিয়ে জরুরি অবস্থার আওতাভুক্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ১২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।   ফ্লোরিডার গভর্নরের দপ্তর ও মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর প্রথমে সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেগুলো হলো ব্রেভার্ড, ডেসোটো, হার্ডি, হাইল্যান্ডস, ইন্ডিয়ান রিভার, মার্টিন ও সেন্ট লুসি। পরে ৪ নভেম্বর আরও সাতটি কাউন্টিকে এই তালিকায় যুক্ত করা হয়। সেগুলো হলো গ্লেডস, হেন্ড্রি, লেক, ওকিচোবি, পাম বিচ, সেমিনোল ও ভলুসিয়া। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধাপে ধাপে জরুরি অবস্থার পরিধি বাড়ানো হয়।   সর্বশেষ ১৮ নভেম্বর গভর্নরের স্বাক্ষরিত নির্বাহী আদেশে ব্রাওয়ার্ড, ডুভাল, ফ্ল্যাগলার, মায়ামি-ডেড, মনরো, পাটনাম ও সেন্ট জনস কাউন্টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যের মোট ২১টি কাউন্টি জরুরি অবস্থার আওতায় এসেছে। মায়ামিসহ দক্ষিণ ফ্লোরিডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরও এর অন্তর্ভুক্ত। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্কুল, পার্ক, গ্রন্থাগার ও সরকারি ভবন বন্ধ রাখতে হয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।   পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডায়। গভর্নরের নির্বাহী আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর ব্রাওয়ার্ড কাউন্টির ফোর্ট লডারডেল, ডেভি ও হলিউডের বিভিন্ন এলাকায় মাত্র ১২ ঘণ্টায় ১০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তী সময়েও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বহু আবাসিক এলাকায় পানি জমে যায়। কোথাও গাড়ি পানিতে আটকা পড়ে, কোথাও বাসিন্দাদের বাড়ি ছাড়তে হয়। বৃষ্টিতে প্লাবিত এলাকা থেকে মানুষ ও পোষা প্রাণী উদ্ধারে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা।   ২০ নভেম্বর সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টিতে শতাধিক মানুষকে বন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে। শুধু কয়েকটি এলাকায় দুই দিনে দুই ফুটের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ব্রেভার্ড কাউন্টির শেরিফ ওয়েন আইভি জানিয়েছেন, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বৃহস্পতিবার পর্যন্ত ওই এলাকার বন্যায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাম বে শহরের কিছু এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।   বন্যার সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেন্ট জনস নদীকে ঘিরে। ফ্লোরিডার দীর্ঘতম এই নদীর পানি কয়েক দশকের পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কোকো শহরের কাছে শুক্রবার সকালে নদীর পানির উচ্চতা ১৮ দশমিক ৬৮ ফুটে পৌঁছায়। এর আগের রেকর্ড ছিল ১৯৫৩ সালের ১৭ দশমিক ৫৫ ফুট। নদীর পানি ধীরে নিষ্কাশিত হওয়ায় বন্যার প্রভাব কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। কিছু এলাকায় ২০২৭ সালের শুরুতেও জলাবদ্ধতা থেকে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।   যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির প্রভাব ফ্লোরিডার আটলান্টিক উপকূল ধরে উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। শুক্রবার ও শনিবারের মধ্যে কোনো কোনো এলাকায় আরও ২ থেকে ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও রয়েছে। আগে থেকেই পানিতে ডুবে থাকা এলাকায় নতুন বৃষ্টিপাত পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি রয়েছে।   পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ব্যাপক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ন্যাশনাল গার্ড ও স্টেট গার্ডের শত শত সদস্যের পাশাপাশি রাজ্য পুলিশের দুই শতাধিক কর্মকর্তা এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ২৩৫ জন কর্মকর্তাকে কাজে লাগানো হয়েছে। উদ্ধার কার্যক্রমে পানির মধ্যে চলাচল উপযোগী গাড়ি, নৌকা ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ৭৫০টি পরিবহন বিভাগের কর্মীদলও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে ছয় হাজার ফুটের বেশি অস্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা এবং ৬০টি পাম্প।   গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাজ্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। বন্যার পানি সরাতে দক্ষিণ ফ্লোরিডার পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পাম্প পরিচালনার অনুমতিও দিয়েছে। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু, জরুরি বিদ্যুৎ সরবরাহ ও পানি নিষ্কাশনের অতিরিক্ত সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি অবস্থার আওতায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত পরিচালনার বিশেষ প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।   জরুরি আদেশের ফলে প্রয়োজন অনুযায়ী সড়ক বন্ধ, টোল মওকুফ এবং ত্রাণসামগ্রী পরিবহনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করার সুযোগ রয়েছে। নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ব্যবহারকারীদের জন্য জরুরি অবস্থায় ৩০ দিনের অতিরিক্ত ওষুধ সরবরাহের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজন হলে সরকারি ভবন ও বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। গত ২ নভেম্বর জারি করা মূল আদেশের মেয়াদ ৬০ দিন। নতুন করে সময় বাড়ানো না হলে এটি ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।   আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, বৃষ্টি কমে গেলেও বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার নিশ্চয়তা নেই। বিশেষ করে সেন্ট জনস নদীর আশপাশের জনপদগুলোতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দিতে পারে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা, পানিতে ডুবে থাকা সড়কে গাড়ি না চালানো এবং সরকারি সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। উদ্ধার কার্যক্রম চললেও অতিরিক্ত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা এখনো কাটেনি।   সংবাদসূত্র: ফ্লোরিডা গভর্নরের দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ২০:৮
নিউ ইয়র্ক সিটির কাছাকাছি অবস্থানের কারণে বাড়ি কেনার জন্য অনেকের পছন্দ নিউ জার্সির নিউয়ার্ক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা।

যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির মন্দার মধ্যেও নিউ জার্সির নিউয়ার্কে ক্রেতাদের ভিড়

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধে মামদানির নতুন রোডম্যাপ

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধে মামদানির নতুন রোডম্যাপ

যুক্তরাষ্ট্রের শহর বদলাতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ, প্রণোদনা ২০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের শহর বদলাতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ, প্রণোদনা ২০ হাজার ডলার

নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আব্দুল এল-সাঈদ
‘ইসরায়েল কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে চলতে পারে না’, স্পষ্ট অবস্থান মার্কিন সিনেটরের

ইসরায়েলকে কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির পরিচয় বহনকারী রাষ্ট্র হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আব্দুল এল-সাঈদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য রাজনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পবিত্র ভূমিতে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলি ইহুদি ও ফিলিস্তিনি—উভয় জনগোষ্ঠীরই সমান দাবি রয়েছে।   সাক্ষাৎকারে আব্দুল এল-সাঈদ উল্লেখ করেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র হওয়া উচিত যেখানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে; রাষ্ট্রটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির পরিচয়ে পরিচালিত না হয়ে নিজস্ব আইনের অধীনে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে বসবাসের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।   ইতিমধ্যে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ধারণা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা এই সিনেটর বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। ফিলিস্তিন সংকটের সমাধান প্রসঙ্গে এল-সাঈদ জানান, ফিলিস্তিনিদের এমন একটি স্বাধীন ও উন্মুক্ত রাজনৈতিক আন্দোলন থাকা প্রয়োজন, যারা ইসরায়েলি ইহুদিদের সঙ্গে সমান অবস্থান থেকে আলোচনায় বসতে পারবে এবং সেই আলোচনার মাধ্যমেই চূড়ান্ত শান্তি চুক্তির রূপরেখা নির্ধারণ করা উচিত।   তবে সমাধান ‘দুই রাষ্ট্রভিত্তিক’ হবে নাকি ‘এক রাষ্ট্রভিত্তিক’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর নয়; বরং ওই ভূখণ্ডে বসবাসকারী দুই জনগোষ্ঠীরই আত্মনিয়ন্ত্রণের সমান অধিকার রয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবির স্বীকৃতি নিশ্চিত করেই সমাধানে পৌঁছাতে হবে।   উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মিশিগানের সিনেট নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন আব্দুল এল-সাঈদ। দেশজুড়ে রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের অংশ ছিল তাঁর এই সাফল্য। তবে নির্বাচনী প্রচারণার সময় মিশিগানের ইহুদি সম্প্রদায়ের একাংশের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।   গত মার্চে ডেট্রয়েটের কাছে ওয়েস্ট ব্লুমফিল্ডের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগে হামলার চেষ্টার পর হামলাকারীকে ইঙ্গিত করে এল-সাঈদ বলেছিলেন, “আঘাতপ্রাপ্ত মানুষই অন্যকে আঘাত করে।” এই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়লে পরবর্তীতে কারও অনুভূতিতে আঘাত লাগার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।   তা সত্ত্বেও নির্বাচনের পর গবেষণা সংস্থা ‘জিউইশ মেজরিটি’-র জরিপে দেখা গেছে, মিশিগানের ইহুদি ভোটারদের ৫০ শতাংশই আব্দুল এল-সাঈদকে সমর্থন দিয়েছেন; যেখানে তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, ৪ শতাংশ ভোটার কাউকে ভোট দেননি এবং ৩ শতাংশ অন্য প্রার্থীকে বেছে নিয়েছেন।   ইসরায়েলের সমালোচনার কারণে ইহুদিবিদ্বেষ বাড়ছে—এমন অভিযোগের জবাবে এল-সাঈদ জানান, কারও নিরাপত্তা নিয়ে ভয় থাকলে তিনি তার প্রতি সহানুভূতিশীল এবং কারও ভয় বাড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই; তবে নিরাপত্তার উদ্বেগ এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনায় অস্বস্তি—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।   গাজায় ৭০ হাজার মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে কথা বলার অধিকার তাঁর থাকা উচিত এবং কারও অস্বস্তির কারণে সমালোচনা থেকে বিরত থাকলে অন্যদের মানবিক মর্যাদাকে ছোট করে দেখা হবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারকে গাজায় ‘গণহত্যায়’ সহযোগিতার অভিযোগেও অভিযুক্ত করেন।   অন্যদিকে, গাজায় গণহত্যা সংঘটনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল; দেশটির সরকারের দাবি, সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস স্কুল, মসজিদ ও হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে সামরিক কার্যক্রম পরিচালনা করছে।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১৭:৫২
রিয়েলটর স্বামীর পরিচয়ে চাকরি, এরপর করদাতার টাকায় বিদেশ ভ্রমণ: বিতর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর

রিয়েলটর স্বামীর পরিচয়ে চাকরি, এরপর করদাতার টাকায় বিদেশ ভ্রমণ: বিতর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও দুই মেয়েকে গুলি করে হ ত্যার পর বাবার আ ত্মহত্যা

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও দুই মেয়েকে গুলি করে হ ত্যার পর বাবার আ ত্মহত্যা, ৯১১ কলে শোনা গেল মেয়ের শেষ আর্তনাদ

ফুটবল খেলতে গিয়ে পায়ের টেন্ডন ছিঁড়ল মামদানির, ৯ মাসের আগে মাঠে ফেরা কঠিন

ফুটবল খেলতে গিয়ে পায়ের টেন্ডন ছিঁড়ল মামদানির, ৯ মাসের আগে মাঠে ফেরা কঠিন

যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও
যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক ব্যক্তির রোড রেজ গুলিতে মৃত্যুর ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে; নিহত ওই ব্যক্তির বোন এমন প্রমাণ সামনে এনেছিলেন, যা থেকে বোঝা যায় ঘটনাটি শুরুতে যেমন আত্মরক্ষা বলে দাবি করা হয়েছিল, আসলে তা তা নয়। এ ছাড়া তদন্তের সঙ্গে যুক্ত থাকা সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও দায়িত্বে অসদাচরণের অভিযোগ উঠেছে।   উত্তর ক্যারোলাইনার ৩৩ বছর বয়সী ইন্স্যুরেন্স অ্যাডজাস্টার স্কট স্পাইভি ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর হরি কাউন্টির হাইওয়ে ৯-এ গাড়ি ধাওয়ার একপর্যায়ে ৯ মাইল দূরের ক্যাম্প সোয়াম্প রোডে গুলিতে নিহত হন। চার্লস ‘ওয়েলডন’ বয়েড এবং কেনেথ ‘ব্র্যাডলি’ উইলিয়ামস শুরুতে অঙ্গরাজ্যের ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ আইনের দোহাই দিয়ে দাবি করেছিলেন যে, এক অসংযত চালকের হাত থেকে তাঁরা আত্মরক্ষা করছিলেন। ঘটনার তিন বছরেরও বেশি সময় পর গত বুধবার তাঁদের দুজনকেই গ্রেপ্তার করা হয়।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরি কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের সাবেক ডেপুটি চিফ ও সার্জেন্ট ব্র্যান্ডন স্ট্রিকল্যান্ড এবং পল ভেসকোভির বিরুদ্ধেও দায়িত্বে অসদাচরণ ও ন্যায়বিচারে বাধাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, গুলির ঘটনার পর বয়েড ফোনে স্ট্রিকল্যান্ডের সঙ্গে কথা বলেছিলেন এবং স্ট্রিকল্যান্ডের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারজনকেই ফৌজদারি আদালতে প্রাথমিক শুনানির জন্য হাজির করা হয়।   দুই ঘণ্টার শুনানি শেষে বিচারক তাঁদের জামিনের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি; এ বিষয়ে আলাদা আদেশ পরে দেওয়ার কথা রয়েছে।   আদালতের নথি অনুযায়ী, গুলির ঘটনার সময় স্পাইভি, বয়েড ও উইলিয়ামস—সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। স্পাইভি শেষ পর্যন্ত গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন এবং বয়েড ও উইলিয়ামসকে তাঁকে অনুসরণ করা বন্ধ করতে চিৎকার করেন। অভিযোগ রয়েছে, ধাওয়াকারীরা এরপর গুলি চালায় এবং স্পাইভিকে হত্যা করে; বেআইনি মৃত্যু সংক্রান্ত এক মামলায় স্পাইভির বোনের আইনজীবী এই ঘটনাকে ‘গুলির বৃষ্টি’ বলে উল্লেখ করেছেন।   স্পাইভির বোন জেনিফার স্পাইভি ফোলি পুলিশের নথিতে চাপা পড়ে থাকা বয়েডের ফোনের কিছু রেকর্ড খুঁজে পান, যা আগে প্রকাশ করা হয়নি বা মামলায় বিবেচনায় নেওয়া হয়নি। গত বছর ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সেগুলো প্রকাশ করলে মামলাটি দেশব্যাপী আলোচনায় আসে। বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত হয়ে ফোলি বয়েড ও উইলিয়ামস দুজনেরই জামিন বাতিল করার এবং বয়েডের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ দেওয়ার আবেদন জানান।   স্পাইভি পরিবারের বেআইনি মৃত্যু মামলার নথি অনুযায়ী, ওই রেকর্ডে শোনা যায় যে বয়েড ৯১১ ডিসপ্যাচারকে বলছেন স্পাইভি ‘পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন’, অথচ তিনি নিজেও গুলিবর্ষণের জন্য প্রস্তুত ছিলেন। ২০২৪ সালে দায়ের করা ওই দেওয়ানি অভিযোগ অনুযায়ী, বয়েড ডিসপ্যাচারকে বলেছিলেন, “আবার বন্দুক দেখলে আমি ওই বদমাশকে নামিয়ে দেব।” গুলি চলা পর্যন্ত বয়েড ফোনে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এরপর তিনি তাঁর বন্ধু—যিনি তখন হরি কাউন্টির ডেপুটি পুলিশ চিফ ছিলেন—তাঁকে ফোন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।   তবে দেওয়ানি মামলায় আসামিপক্ষের নথিতে দাবি করা হয়েছে যে, ঘটনার শুরুতে স্পাইভি উইলিয়ামের মাথায় পিস্তল তাক করেছিলেন এবং বয়েডের ট্রাক রাস্তা থেকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। এক ৯১১ কলে বয়েড হিসেবে শনাক্ত এক ব্যক্তি ডিসপ্যাচারকে জানান যে অন্য চালকই আগে গুলি চালিয়েছিল।   উইলিয়ামের আইনজীবী ও’ব্রায়ান মার্টিন এই ধারণার বিরোধিতা করেছেন যে গুলির ঘটনা আত্মরক্ষা ছাড়া অন্য কিছু ছিল। আদালতের নথিতে বয়েড ও উইলিয়ামসের আইনজীবীরা স্পাইভিকেই উসকানি ছাড়া জানালার ভেতর দিয়ে উইলিয়ামের দিকে বন্দুক তাক করার জন্য অভিযুক্ত করেছেন। মার্টিন জানান, হাইওয়েতে স্পাইভি বয়েডের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার আগেই অন্য চালকেরা ৯১১-এ ফোন করে একই ধরনের খামখেয়ালি আচরণের কথা জানিয়েছিলেন।   মার্টিন বলেন, “আত্মরক্ষার দাবি করার সময় আমাদের সবার আগে বিশ্লেষণ করতে হয়: কে ঝামেলা তৈরি করল? কে এটি শুরু করল? মূল কথা হলো, লড়াই কে শুরু করল? আর লড়াই শুরুর পেছনে আপনার কোনো ভূমিকা থাকলে আপনি তখন ঘুরে দাঁড়িয়ে আত্মরক্ষার দাবি করতে পারেন না। এই নির্দিষ্ট ঘটনায় স্কট স্পাইভিই সবকিছুর সূচনা করেছিলেন।” এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে মার্টিন জানান, স্পাইভির রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১৩ শতাংশ।   বয়েড ও উইলিয়ামসের বিরুদ্ধে পরিবারের বেআইনি মৃত্যু মামলা তদারকি করা সার্কিট কোর্টের বিচারক ইউজিন গ্রিফিথ গত ফেব্রুয়ারিতে বয়েডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দেওয়ানি মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দেন। আদালতের নথি অনুযায়ী, গ্র্যান্ড জুরির চলমান তদন্তের কথা উল্লেখ করে গত ৫ নভেম্বর বয়েড ও উইলিয়ামসের আইনজীবীরা দেওয়ানি মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছিলেন; এর কয়েক দিনের মধ্যেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠিত হয়।   নিহতের পরিবারের আইনজীবী মার্ক টিনসলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে লেখেন, “তিন বছরেরও বেশি সময় ধরে স্কট স্পাইভির পরিবার এমন একটি বিষয়ের জন্য লড়াই করেছে, যার জন্য কখনোই লড়াই করার প্রয়োজন হওয়া উচিত ছিল না—স্কটকে কীভাবে ও কেন হত্যা করা হয়েছে, সেই সত্যের জন্য।   শুরু থেকেই এই পরিবার বিশ্বাস করেছে যে স্কটের মৃত্যু ন্যায্য ছিল না।” স্থানীয় প্রসিকিউটররা ফৌজদারি অভিযোগ আনতে অস্বীকৃতি জানানোর পর বর্তমানে একজন বিশেষ প্রসিকিউটর মামলাটি পরিচালনা করছেন। টিনসলে আরও যোগ করেন, “এই ঘটনার মর্মান্তিক দিক কেবল এটাই নয় যে স্কট স্পাইভি নিজের জীবন হারিয়েছেন; বরং এটাই যে সত্যে পৌঁছাতে তাঁর পরিবারকে সেই ব্যবস্থার বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে, যে ব্যবস্থার দায়িত্ব ছিল তাঁর মৃত্যুর তদন্ত করা।”   গত বছর ‘দ্য উইল কেইন শো’-তে স্পাইভির মা ডেবোরা স্পাইভি বলেন, মারাত্মক সংঘর্ষের আগে তাঁর ছেলেকে প্রায় ১০ মাইল ধাওয়া করার অভিযোগের প্রেক্ষিতে তিনি ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ দাবি মেনে নেননি। তাঁর কথায়, “কেউ যখন পরিস্থিতি শান্ত করতে চায়, ঘটনাস্থল ছেড়ে যেতে চায়, তখন তা ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ আইনের আওতায় পড়ে না। এটা তার সঙ্গে মেলে না।”

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১৫:৩৫
ইবি-থ্রি ভিসায় দেশ বদলের সঙ্গে বদলাতে পারে পেশাও, গ্রিনকার্ডের পর সুযোগ নতুন পেশার

ইবি-থ্রি ভিসায় দেশ বদলের সঙ্গে বদলাতে পারে পেশাও, গ্রিনকার্ডের পর সুযোগ নতুন পেশার

ট্রাম্পের চারপাশে ‘জি-হুজুর’ লোকের ভিড়, বিস্ফোরক মন্তব্য মেলানিয়ার

ট্রাম্পের চারপাশে ‘জি-হুজুর’ লোকের ভিড়, বিস্ফোরক মন্তব্য মেলানিয়ার

বিলিয়নিয়ার বাবার বিপুল সম্পদ ছেড়ে সাধারণ জীবন বেছে নিয়েছেন ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান উইলসন

বিলিয়নিয়ার বাবার বিপুল সম্পদ ছেড়ে সাধারণ জীবন বেছে নিয়েছেন ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান উইলসন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...