নিজের ক্ষমতা কাজে লাগিয়ে কোটি কোটি সরকারি ডলার গায়েব, দোষ স্বীকার সিআইএ কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড জে. রাশ ফেডারেল সরকারের প্রায় ১৯ কোটি ৪০ লাখ ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করেছেন। ভার্জিনিয়ার অ্যাশবার্নের বাসিন্দা ৪৯ বছর বয়সী রাশ মঙ্গলবার, ৬ অক্টোবর ফেডারেল আদালতে ওয়্যার ফ্রডের অভিযোগে দোষ স্বীকার করেন। তার বাড়িতে অভিযান চালিয়ে এফবিআই ২৯৮টি স্বর্ণের বার, বিপুল নগদ অর্থ এবং বিলাসবহুল ঘড়ি উদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, রাশ একটি ফেডারেল সংস্থায় জ্যেষ্ঠ নির্বাহী পর্যায়ে কর্মরত ছিলেন এবং তার টপ সিক্রেট ও সেনসিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন নিরাপত্তা অনুমোদন ছিল। সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ নিশ্চিত করেছেন, সংস্থাটির অভ্যন্তরীণ তদন্তে সম্ভাব্য অপরাধ শনাক্ত হওয়ার পর বিষয়টি এফবিআইয়ের কাছে পাঠানো হয়।
আদালতের নথি অনুযায়ী, রাশ নিজের সরকারি পদ ও নিরাপত্তা অনুমোদনকে কাজে লাগিয়ে কাল্পনিক সরকারি কর্তৃত্ব তৈরি করেন। এমনকি তিনি একটি ভুয়া স্পেশাল অ্যাকসেস প্রোগ্রামও দাঁড় করান, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের অর্থ নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিচার বিভাগের হিসাবে, এই জালিয়াতির মাধ্যমে তিনি মোট প্রায় ১৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৪০০ ডলার সরকারি অর্থ আত্মসাৎ করেন। এর একটি অংশ দিয়ে তিনি বিপুল পরিমাণ স্বর্ণের বার কেনেন এবং প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার বিভিন্ন ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে সরিয়ে নেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই অর্থ পরে ফ্লোরিডায় বিলাসবহুল রিয়েল এস্টেট, দামি ঘড়ি এবং অন্তত একটি গাড়ি কিনতে ব্যবহার করা হয়। সরকারি অর্থে কেনা স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ছিল ৪ কোটি ৬০ লাখ ডলার।
গত ১৯ মে এফবিআই রাশের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে ২৯৮টি স্বর্ণের বার, প্রায় ২১ লাখ ৬ হাজার ৫৫০ ডলার নগদ অর্থ, ১ লাখ ৪ হাজার ৭৯৫ ইউরো এবং বিপুলসংখ্যক বিলাসবহুল ঘড়ি উদ্ধার করা হয়।
দোষ স্বীকারের চুক্তির অংশ হিসেবে রাশ উদ্ধার হওয়া স্বর্ণের বার ও নগদ অর্থ, প্রতারণার অর্থে কেনা সম্পত্তি, ৩০টি ঘড়ি এবং দুটি ২০২৬ মডেলের বিএমডব্লিউ আলপিনা গাড়ি সরকারের কাছে সমর্পণ করতে সম্মত হয়েছেন। এসব ঘড়ির অনেকগুলোই রোলেক্স। দুটি গাড়ির মধ্যে অন্তত একটির মূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার ডলার।
বিচার বিভাগের নথিতে আরও বলা হয়েছে, রাশ নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামরিক অভিজ্ঞতা সম্পর্কেও মিথ্যা তথ্য দিয়ে জ্যেষ্ঠ সরকারি পদে পৌঁছেছিলেন। তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থার নিরাপত্তা প্রটোকলকে ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহারের অভিযোগও রয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশের বিরুদ্ধে শ্রেণিবদ্ধ তথ্য বিদেশি এক কর্মকর্তাকে দেওয়ার ঘটনাও উঠে এসেছে। এ বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়েছে এবং তদন্ত এখনো চলমান রয়েছে।
সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, সংস্থাটির অভ্যন্তরীণ তদন্তে সম্ভাব্য অপরাধ ধরা পড়ার পর তা দ্রুত এফবিআইকে জানানো হয়। তিনি বলেন, রাশ তার দায়িত্ব ও জনআস্থার অপব্যবহার করেছেন এবং তাকে জবাবদিহির আওতায় আনা উচিত।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, নিজের স্বীকারোক্তিতেই রাশ সরকারি অর্থ প্রতারণার মাধ্যমে নিয়েছিলেন এবং সেই অর্থ বিলাসবহুল কেনাকাটায় ব্যবহার করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কোনো সরকারি পদ, নিরাপত্তা অনুমোদন বা সরকারি সম্পদের প্রবেশাধিকার কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও ঘটনাটিকে জনআস্থার গুরুতর অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন। বিচার বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশন বলেছে, এই প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই করেনি, গোয়েন্দা সংস্থার ওপর জনগণের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে।
ডেভিড রাশের সাজা ঘোষণা করা হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায়। ওয়্যার ফ্রডের অভিযোগে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি তিন বছরের সুপারভাইজড রিলিজ, ক্ষতিপূরণ, সম্পদ বাজেয়াপ্ত এবং জরিমানার মুখোমুখিও হতে পারেন তিনি।
মামলাটির তদন্ত এখনো চলমান। যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ইতোমধ্যে ইন্টেলিজেন্স কমিউনিটির ইন্সপেক্টর জেনারেলকে আলাদা তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বিমান চলাচল ও ব্যাংকিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবায় সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের পর জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় পণ্যের বিক্রি বেড়েছে। ওয়ালমার্টে ক্রেতারা বেশি কিনেছেন বোতলজাত পানি, প্রোপেন গ্যাস ও ক্যাম্পিংয়ের সরঞ্জাম। কস্টকোতে সংরক্ষণযোগ্য খাবার ও জেনারেটরের চাহিদা বৃদ্ধির তথ্য দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। পরপর কয়েকটি সেবা বিঘ্নিত হওয়ায় কিছু ক্রেতা আগাম প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁদের ধারণা। তবে কেনাকাটা বৃদ্ধির পুরো কারণ যে এসব বিভ্রাট, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। ওয়ালমার্টের একজন মুখপাত্র ১৯ নভেম্বর রয়টার্সকে জানান, নভেম্বরের শুরুতে প্রোপেন, বোতলজাত পানি ও ক্যাম্পিংয়ের সরঞ্জাম বেশি বিক্রি হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি স্যুপ ও রান্না ছাড়াই খাওয়া যায় এমন খাবারের বিক্রিও বাড়তে দেখেছে। তবে ওয়ালমার্টের সামগ্রিক ব্যবসার তুলনায় এসব পণ্যের বিক্রি ছোট একটি অংশ। তাই এই প্রবণতাকে প্রতিষ্ঠানটির সব ক্রেতার কেনাকাটার ধরন বদলে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না। বিনিয়োগ প্রতিষ্ঠান মিজুহোর বিশ্লেষকেরা ১৬ নভেম্বরের এক প্রতিবেদনে জানান, অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে কস্টকোতে জরুরি প্রস্তুতির পণ্যের চাহিদা সাময়িকভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক ডেভিড বেলিঞ্জারের হিসাবে, রোববার রাত পর্যন্ত কস্টকোর অনলাইন তালিকায় থাকা বেশি দামের ২৬ ধরনের জেনারেটরের মধ্যে ২১ ধরনের মজুত শেষ হয়েছিল। এটি নির্দিষ্ট সময়ের অনলাইন মজুতের তথ্য; দেশজুড়ে জেনারেটর সংকটের হিসাব নয়। কস্টকো এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। অন্য পণ্যের বিক্রিতেও পরিবর্তন দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সারকানার তথ্যের ভিত্তিতে সিবিএস নিউজ জানিয়েছে, ১ নভেম্বর শেষ হওয়া চার সপ্তাহে পানি বিশুদ্ধ করার ট্যাবলেটের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৫৪ শতাংশ বেড়েছে। জীবাণুনাশক ওয়াইপের বিক্রি বেড়েছে ৭২ শতাংশ। ট্র্যাক্টর সাপ্লাই জানিয়েছে, জেনারেটর, পানি ও জ্বালানি সংরক্ষণের সরঞ্জামের চাহিদাও বেড়েছে। তবে পণ্যের বিক্রি বৃদ্ধির এসব হিসাব দিয়ে কত মানুষ উদ্বেগ থেকে কেনাকাটা করেছেন, তা নির্ণয় করা যায় না। সাম্প্রতিক বিভ্রাটগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছিল বিমান চলাচলে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, ১৩ নভেম্বর তাদের যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ রাখা হয়। ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়েছিল; তবে সব বাতিলের জন্য সরাসরি ওই সিদ্ধান্ত দায়ী ছিল না বলে সংস্থাটি স্পষ্ট করেছে। প্রাথমিক তদন্তে নেটওয়ার্কে অতিরিক্ত তথ্য প্রবাহের বিষয়টি উঠে এসেছে। এফএএ জানিয়েছে, ঘটনাটি সাইবার হামলা ছিল—এমন ইঙ্গিত তারা পায়নি। মাইক্রোসফট, ইউনাইটেড এয়ারলাইনস ও ব্যাংকিং সেবায় কাছাকাছি সময়ে অন্য বিভ্রাটও ঘটে। তবে ঘটনাগুলো একই উৎস থেকে ঘটেছে বা সমন্বিত হামলার অংশ, এমন প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তার মধ্যে প্রয়োজনীয় কিছু পণ্য ঘরে রাখার প্রবণতা বাড়তে পারে; সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্বেগও কেনাকাটায় প্রভাব ফেলতে পারে। নিয়মিত প্রস্তুতির ক্ষেত্রে আমেরিকান রেড ক্রস ঘরে পানি, সহজে সংরক্ষণ করা যায় এমন খাবার, ওষুধ ও জরুরি আলো রাখার পরামর্শ দেয়। সংবাদসূত্র: ফক্স লোকাল
যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের জাতীয় ডেটাবেসে সাইবার হামলার সন্দেহ, তদন্ত চলছে
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক বছরে বেড়েছে ৩৯ হাজার চাকরি,থমকে ছিলো অক্টোবরের নিয়োগ
যুক্তরাষ্ট্রে লটারিতে প্রতারণার শিকার ব্যক্তিদের আবারও লুট করতেন তদন্তের দায়িত্বে থাকা ডাক পরিদর্শক
জর্জিয়া অঙ্গরাজ্যে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচার এবং তদন্তসংশ্লিষ্ট আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচয় গোপন করে এসব অর্থ পাঠানোর পাশাপাশি গ্রেপ্তারের আগে নিজের অ্যাপার্টমেন্টে থাকা ফোন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ১৯ নভেম্বরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ইউনেস মোস্তফা ইউনেস। তিনি জর্জিয়ার লাভোনিয়া এলাকার বাসিন্দা। ১৮ নভেম্বর এফবিআই আটলান্টার এজেন্টরা তাঁকে গ্রেপ্তার করেন। ফেডারেল অপরাধের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনেস একাধিক ফোন নম্বর ও অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১৬ হাজার ৮০৭ ডলার পাঠান। নিজের পরিচয় গোপন রাখতেই তিনি এসব অ্যাকাউন্ট ও নম্বর ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। পাঠানো অর্থের অন্তত একটি অংশ সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডে সহায়তার জন্য ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১১টি পৃথক লেনদেনে প্রায় ৯ হাজার ২০৬ ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়েছিলেন তিনি। এসব লেনদেনে নিজের পরিচয় আড়াল করতে ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এফবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, ২০২০ সালে অনলাইনে আইএসের প্রচারণামূলক উপকরণ দেখার পর প্রথম ইউনেসের বিষয়ে নজর দেয় সংস্থাটি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এসব উপকরণ দেখার কথা স্বীকার করলেও উগ্রবাদী মতাদর্শে সমর্থনের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। তদন্তকারীদের দাবি, পরবর্তী সময়ে এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনে তিনি আইএসের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি উগ্রবাদী প্রচারণামূলক উপকরণ শেয়ার এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে একমুখী টিকিটে তুরস্কে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেখানে প্রায় দুই বছর অবস্থান করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিজের গাড়ি বিক্রি, অবসরকালীন সঞ্চয়ের অর্থ তুলে নেওয়া এবং চাকরি ছেড়ে দেশটিতে যাওয়ার বিষয়টিও তদন্তকারীদের অভিযোগে উঠে এসেছে। পরে তুরস্কে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পরও তিনি উগ্রবাদী কর্মকাণ্ডে সমর্থন অব্যাহত রেখেছিলেন এবং সন্ত্রাসবাদসংক্রান্ত মামলায় আগে দণ্ডিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা। ১৮ নভেম্বর ইউনেসের লাভোনিয়ার অ্যাপার্টমেন্ট, গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কর্মস্থলে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় তাঁর অ্যাপার্টমেন্টে অজ্ঞাত একটি তরলে ডুবিয়ে রাখা তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে একটি ফোন ভাঙা ছিল এবং অন্য একটি ফোনের শনাক্তকরণ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। এ ছাড়া বাথটাবে একই ধরনের তরলে ভেজানো অবস্থায় ছেঁড়া কাগজপত্রও পাওয়া যায়। এ ঘটনায় ইউনেসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অর্থপাচার এবং একটি আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ১৯ নভেম্বর ম্যাকনের ফেডারেল আদালতে বিচারকের সামনে প্রাথমিক হাজিরা দেন তিনি। আগামী ২৩ নভেম্বর তাঁর প্রাথমিক শুনানি ও জামিনসংক্রান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তত দিন তাঁকে ফেডারেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং পাঁচ লাখ ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, আলামত নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। মামলাটি তদন্ত করছে এফবিআইয়ের আটলান্টা কার্যালয়। এতে সহায়তা করছে এফবিআইয়ের নিউয়ার্ক কার্যালয় এবং ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইউনেস নির্দোষ বলে বিবেচিত হবেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
নিউ ইয়র্কে ১৬৮ বছরের ঘোড়ার গাড়ির ঐতিহ্যের অবসান, নিষেধাজ্ঞায় মামদানির সই
নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা করলেন মেয়র মামদানি
অভিবাসীদের ছোট উদ্যোগ থেকে উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ, ডিয়ারবর্নের ৬২ বছরের ইতিহাস
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সামর্থ্য হারাচ্ছেন ভাড়াটেদের বড় একটি অংশ। বাড়ির দাম বৃদ্ধি, গৃহঋণের উচ্চ সুদ এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় ভাড়া থেকে নিজেদের বাড়ির মালিক হওয়ার পথ কঠিন হয়ে উঠেছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সালে ভাড়াটেদের মধ্যে বাড়ির মালিকানায় যাওয়ার হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশে। অর্থাৎ ১৬ বছরে ভাড়াটেদের বাড়ির মালিক হওয়ার হার কমেছে প্রায় ৪৬ শতাংশ। যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়নের ১৭ নভেম্বর প্রকাশিত ২০২৭ সালের বার্ষিক বিমা পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক বিমা খাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তৈরি এই প্রতিবেদনে বাড়ি ও গাড়ি কেনার প্রবণতা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, মানুষ আগের তুলনায় কম বাড়ি ও গাড়ি কিনছেন। ফলে নতুন বাড়ির মালিক ও গাড়ির মালিকদের বিমা গ্রাহক হিসেবে পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিক হওয়ার ক্ষেত্রে ভাড়াটেদের অগ্রগতির হার কমে যাওয়ায় বিমা প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য গ্রাহকের পরিসরও ছোট হচ্ছে। আবাসন খাতের বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ বাড়ি কেনার ক্রমবর্ধমান ব্যয়। বাড়ির দাম বাড়ার পাশাপাশি গৃহঋণের সুদও অনেকের মাসিক কিস্তি বাড়িয়ে দিয়েছে। ফলে নিয়মিত আয় থাকলেও অনেক পরিবারের পক্ষে বাড়ির ডাউন পেমেন্ট জমানো এবং ঋণের কিস্তি বহন করা কঠিন হয়ে পড়ছে। রিয়েল এস্টেট এজেন্ট রায়ান থমসন Realtor.com-কে জানিয়েছেন, মানুষ বাড়ির মালিক হওয়ার আগ্রহ হারাননি। কিন্তু বাড়ির দাম ও ঋণের সুদ বেড়ে যাওয়ায় অনেকের জন্য মাসিক কিস্তি বহন করা সম্ভব হচ্ছে না। তাই অনেকে ভাড়া বাসাতেই থেকে যাচ্ছেন, আবার কেউ কেউ তুলনামূলক সাশ্রয়ী এলাকায় চলে যাচ্ছেন। কলোরাডোর কলোরাডো স্প্রিংস এলাকার উদাহরণ দিয়ে থমসন জানান, ২০১৯ সালে ওই এলাকায় ৭১ শতাংশ পরিবারের পক্ষে মধ্যম দামের বাড়ি কেনা সম্ভব ছিল। কিন্তু ২০২৩ সালে সেই হার নেমে আসে ২৫ দশমিক ৩ শতাংশে। তাঁর মতে, বাড়ির দাম ও ঋণের কিস্তির সঙ্গে আয়ের সামঞ্জস্য না থাকায় অনেক সম্ভাব্য ক্রেতা বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি শুধু একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আবাসন বাজারেও একই ধরনের চাপ দেখা যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি কেনার ক্ষেত্রেও বাধা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের (এনএআর) ৫ নভেম্বর প্রকাশিত ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির মোট বাড়ি ক্রেতার মধ্যে প্রথমবারের ক্রেতাদের অংশ ২২ শতাংশ। আগের বছর এই হার ছিল ২১ শতাংশ। সামান্য বৃদ্ধি হলেও ঐতিহাসিকভাবে এটি এখনো অনেক কম। ২০০৮ সালের আগে বাড়ি ক্রেতাদের মধ্যে প্রথমবারের ক্রেতাদের অংশ সাধারণত প্রায় ৪০ শতাংশ ছিল। একই প্রতিবেদনে দেখা গেছে, প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যম বয়স বেড়ে ৪০ বছরে পৌঁছেছে, যা রেকর্ড সর্বোচ্চ। অর্থাৎ অনেক আমেরিকানকে প্রথম বাড়ি কেনার জন্য আগের তুলনায় বেশি বয়স পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বাড়ির দাম ও জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে মানুষের স্থানান্তরও বাড়ছে। ট্রান্সইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নতুন বাসিন্দা আগমনের ক্ষেত্রে এগিয়ে ছিল টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও টেনেসি। এ সময় ফ্লোরিডায় নতুন বাসিন্দার নিট সংখ্যা বেড়েছে প্রায় ৮৭ হাজার। অন্যদিকে ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ইলিনয়, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া থেকে মানুষের চলে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ক্যালিফোর্নিয়ায় নিট বাসিন্দা কমেছে প্রায় ১ লাখ ৪৬ হাজার। তবে তুলনামূলক সাশ্রয়ী মনে হওয়ায় দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে চলে গেলেই যে জীবনযাত্রার ব্যয় কমবে, তা নিশ্চিত নয়। ট্রান্সইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা, টেক্সাস ও ক্যারোলাইনার মতো এলাকায় ঘূর্ণিঝড়, প্রবল বজ্রঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি। এসব কারণে বাড়ির বিমার খরচও বাড়তে পারে। পাশাপাশি নতুন বাসিন্দাদের চাপে বাড়ির দাম ও সম্পত্তি কর বৃদ্ধি পাচ্ছে। ফলে বাড়ি কেনার প্রাথমিক খরচ তুলনামূলক কম হলেও দীর্ঘমেয়াদে বাড়ির মালিকদের ব্যয় বেড়ে যেতে পারে। আবাসন বিশেষজ্ঞদের মতে, ভাড়াটেদের জন্য বাড়ির মালিক হওয়ার সুযোগ বাড়াতে সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ বাড়ানো জরুরি। বিশেষ করে প্রথমবারের ক্রেতাদের নাগালের মধ্যে থাকে এমন বাড়ির সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নতুন অর্থায়নব্যবস্থা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষ নিজেদের বাড়ির স্বপ্ন ছেড়ে দিচ্ছেন না, বরং বর্তমান বাজার পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। চাকরির সুযোগের পাশাপাশি সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে পারা এলাকাগুলো ভবিষ্যতে নতুন বাড়ির ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে। সংবাদসূত্র: ট্রান্সইউনিয়ন, Realtor.com, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস।
যুক্তরাষ্ট্রের অস্টিনে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে চালকবিহীন টেসলা সাইবারক্যাব

