নিউইয়র্কে মেডিকেইড স্বাস্থ্যবিমার নতুন নিয়মে ছয় মাসের ছাড়, সুবিধা পেতে মাসে অন্তত ৮০ ঘন্টা কাজের শর্ত
যুক্তরাষ্ট্রে মেডিকেইড স্বাস্থ্যবিমার নতুন কাজের শর্ত কার্যকর করার আগে অঙ্গরাজ্যগুলোকে সর্বোচ্চ ছয় মাসের বিশেষ ছাড় দেওয়ার সুযোগ দিয়েছে ফেডারেল সরকার। এর আওতায় কোনো অঙ্গরাজ্য চাইলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শুধু নতুন কাজের শর্ত পূরণ করতে না পারার কারণে যোগ্য ব্যক্তিদের মেডিকেইড আবেদন বাতিল বা স্বাস্থ্যবিমা বন্ধ করবে না। নিউ ইয়র্কের মেডিকেইড সুবিধাভোগীদের জন্যও এই সুযোগ গুরুত্বপূর্ণ। তবে অঙ্গরাজ্যটি এই বিশেষ ছাড় কার্যকর করবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) নতুন নির্দেশনা প্রকাশ করে। এতে অঙ্গরাজ্যগুলোকে মেডিকেইডের কাজের শর্ত বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হয়েছে।
ফেডারেল সরকারের নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট শ্রেণির ১৯ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মেডিকেইড সুবিধা পেতে বা ধরে রাখতে প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, পড়াশোনা, চাকরির প্রশিক্ষণ অথবা অনুমোদিত স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে হবে। একাধিক কার্যক্রমের সময় যোগ করেও এই শর্ত পূরণ করা যাবে।
এ ছাড়া পরিবারের মাসিক আয় অন্তত ৫৮০ ডলার হলে নির্দিষ্ট ক্ষেত্রে কাজের শর্ত পূরণের বিকল্প হিসেবে তা গ্রহণ করা হতে পারে।
তবে নতুন শর্ত সব মেডিকেইড সুবিধাভোগীর জন্য প্রযোজ্য নয়। গর্ভবতী নারী, সন্তান জন্ম দেওয়ার পরবর্তী ১২ মাসের মধ্যে থাকা মা, ১৪ বছরের কম বয়সী সন্তানের অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তির তত্ত্বাবধায়ক এবং নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা ছাড় পেতে পারেন।
এ ছাড়া মাদকাসক্তির চিকিৎসায় অংশগ্রহণকারী, হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তি এবং কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ব্যক্তিদের জন্যও বিশেষ অব্যাহতির বিধান রয়েছে। তবে এসব ছাড় পেতে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন মেডিকেইড আবেদনকারীদের জন্য ২০২৭ সালের জানুয়ারি থেকে কাজের শর্ত প্রযোজ্য হতে পারে। অন্যদিকে বর্তমানে মেডিকেইড সুবিধা গ্রহণকারীদের ক্ষেত্রে নিয়মিত নবায়নের সময় অনুযায়ী মার্চ ২০২৭ থেকে এই শর্ত যাচাই শুরু হওয়ার কথা রয়েছে।
একই সঙ্গে নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক সুবিধাভোগীদের মেডিকেইড স্বাস্থ্যবিমা বছরে একবারের পরিবর্তে প্রতি ছয় মাসে নবায়ন করতে হবে।
ফেডারেল সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, অঙ্গরাজ্যগুলো চাইলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত একটি বিশেষ পরিবর্তনকালীন ছাড়ের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই সময়ে নতুন কাজের শর্ত পূরণের প্রমাণ না থাকলেও অন্য সব যোগ্যতা বজায় থাকলে শুধু ওই কারণে আবেদন প্রত্যাখ্যান বা স্বাস্থ্যবিমা বন্ধ করা হবে না।
তবে এই ছাড় বাধ্যতামূলক নয়। প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এটি গ্রহণ করতে পারবে। চাইলে ছয় মাসের কম সময়ের জন্যও ছাড় কার্যকর করতে পারবে।
সিএমএস জানিয়েছে, পরিবর্তনকালীন সময়েও অঙ্গরাজ্যগুলোকে আবেদনকারীদের কাজের শর্ত পূরণ, অব্যাহতির যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালু রাখতে হবে। মূল উদ্দেশ্য হলো নতুন নিয়ম বাস্তবায়নের সময় প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতার কারণে যোগ্য ব্যক্তিদের স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকি কমানো।
এদিকে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ মেডিকেইড সুবিধাভোগীদের যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে। নতুন নিয়ম যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাঁদের ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।
বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিসহ অভিবাসী পরিবারগুলোর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। মেডিকেইড সুবিধাভোগীদের নিজেদের বয়স, স্বাস্থ্যগত অবস্থা, পারিবারিক দায়িত্ব এবং কাজের পরিস্থিতি অনুযায়ী নতুন শর্ত প্রযোজ্য হবে কি না, তা যাচাই করতে হবে।
নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্যবিমা সহায়তা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য ও আবেদনসংক্রান্ত সহায়তা পাওয়া যায়। এ জন্য ৮৬৬-৪৬৭-৮৭৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
তবে নতুন নিয়মের কারণে সব মেডিকেইড সুবিধাভোগীর স্বাস্থ্যবিমা বাতিল হবে, এমন নয়। যাঁরা কাজের শর্ত পূরণ করবেন অথবা আইন অনুযায়ী অব্যাহতির যোগ্য হবেন, তাঁরা অন্যান্য যোগ্যতা বজায় রেখে স্বাস্থ্যবিমা চালিয়ে যেতে পারবেন।
সংবাদসূত্র
সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস, নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য স্বাস্থ্য বিভাগ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreবন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পায়ের অ্যাকিলিস টেন্ডন (Achilles tendon) ছিঁড়ে যাওয়ার পর মেয়র জোহরান মামদানিকে ছয় থেকে আট সপ্তাহ বুট পরে থাকতে হবে এবং আবার ফুটবলে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রীতি ম্যাচে গোল করার পরপরই এই চোটে পড়েন তিনি; সে সময় তাঁর দল সাংবাদিকদের দলকে ১০-৫ গোলে হারিয়েছিল। শুক্রবার সকালে ক্রাচে ভর দিয়ে ও বুট পরে সিটি হলের একটি অনুষ্ঠানে হাজির হয়ে রসিকতার সুরে তিনি বলেন, “আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫ হয়ে গেছে।” অ্যাকিলিস টেন্ডনে চোট কতটা গুরুতর? শরীরের সবচেয়ে বড় টেন্ডন হলো অ্যাকিলিস টেন্ডন, যা অতিরিক্ত চাপে ছিঁড়ে যেতে পারে। এই চোটের তীব্রতা এবং সেরে ওঠার সময় নির্ভর করে টেন্ডনের ঠিক কোন জায়গায় আঘাত লেগেছে এবং কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ওপর। নিউইয়র্ক সিটির হসপিটাল ফর স্পেশাল সার্জারির পডিয়াট্রিস্ট ও নন-সার্জিক্যাল ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্ভিসের সহ-পরিচালক ড. রক জি. পসিটানো জানান, এই ব্যথা অত্যন্ত তীব্র হতে পারে; যদিও অন্য বিশেষজ্ঞদের মতে, হাড় ভাঙার ব্যথার তুলনায় এটি কিছুটা কম তীব্রও হতে পারে। এনওয়াইইউ ল্যাঙ্গোনের স্পোর্টস অর্থোপেডিক সার্জন ড. লাইথ এম. জাজরাউই বলেন, “চোট পাওয়ার সময় বেশির ভাগ মানুষেরই মনে হয় যেন পায়ের পেছনে কেউ লাথি মেরেছে... ব্যথায় কেউ কেউ পড়ে যান এবং এটি বেশ কষ্টদায়ক।” মামদানি তাঁর চোটের সুনির্দিষ্ট অবস্থান, তীব্রতা কিংবা অস্ত্রোপচার করাবেন কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত জানাননি। ড. জাজরাউইয়ের মতে, মেয়র যদি অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা বেছে নেন, তবে তা অস্বাভাবিক হবে না; তবে নন-অপারেটিভ চিকিৎসায় খেলায় ফেরার পর আবারও চোট বা টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা বেশি থাকতে পারে। এই চোট কি প্রতিরোধ করা যেত? মামদানি তাঁর চোটের জন্য ওয়ার্মআপ বা স্ট্রেচিং না করা এবং নিজের বয়সকে দায়ী করলেও ড. জাজরাউই জানান, স্ট্রেচিংয়ের সঙ্গে কিছুটা সম্পর্ক থাকলেও এটিই মূল কারণ নয়। ওই অংশে রক্ত সরবরাহ তুলনামূলক কম থাকায় এটি শরীরের একটি ‘দুর্বল স্থান’ হিসেবে কাজ করে এবং প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই খেলাধুলার সময় এমন চোট ঘটে। নর্থওয়েল হান্টিংটন হাসপাতালের অর্থোপেডিক ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন ও সার্জারি বিভাগের চেয়ার ড. অ্যাডাম বিটারম্যান জানান, অর্থোপেডিক সার্জনদের কাছে এমন রোগী আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। হঠাৎ দিক পরিবর্তন বা দ্রুত দৌড়ানোর মতো বিস্ফোরক নড়াচড়ার সময়—যেমন বাস্কেটবল, ফুটবল বা সকারে মাটিতে চাপ দিয়ে দিক বদলানোর সময়—এই টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা বেশি ঘটে। ড. পসিটানো ব্যাখ্যা করেন, ৩০ বছর বয়সের পর রক্ত প্রবাহের সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়; পাশাপাশি ত্রিশের কোঠায় পা দেওয়া অনেকেই বুঝতে পারেন না যে ২০ বছর বয়সের মতো শারীরিক সক্ষমতা তাঁদের আর নেই। মর্নিংসাইড হাইটস থেকে শুরু করে ব্রঙ্কস সায়েন্স ও মেইনের বোডোইন কলেজে ফুটবল খেলা মামদানি বর্তমানে মূলত লেফট-ব্যাক পজিশনে খেলেন। ড. জাজরাউইয়ের মতে, কম বয়সীদেরও এমন চোট হতে পারে, তবে সাধারণত ৩০ ও ৪০-এর কোঠায় পা রাখার পর থেকেই এই সমস্যা বেশি দেখা যায়। ভবিষ্যতে কি কোনো স্থায়ী সমস্যা হতে পারে? বিশেষজ্ঞদের মতে, মেয়রের স্বাভাবিক দায়িত্ব পালনে বড় কোনো বাধা তৈরি হওয়ার কথা নয়। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হলে তা যত দ্রুত সম্ভব করা জরুরি, কারণ সময় গড়ালে টেন্ডনের প্রান্তগুলোতে স্কার টিস্যু তৈরি হয়ে পুনরায় জোড়া লাগতে জটিলতা হতে পারে। ড. বিটারম্যান জানান, সার্জারির মূল লক্ষ্য হলো রোগী বা খেলোয়াড়কে চোটের আগের স্বাভাবিক কর্মক্ষমতায় ফিরিয়ে আনা, যার জন্য নয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ড. পসিটানোর ধারণা, সেরে ওঠার পর মামদানি পুরোদমে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন; তবে গোড়ালি বা পায়ের পেছনের অংশে যেকোনো চোটের পর দীর্ঘমেয়াদে কিছুটা দুর্বলতা থাকতে পারে, তাই ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও
ইবি-থ্রি ভিসায় দেশ বদলের সঙ্গে বদলাতে পারে পেশাও, গ্রিনকার্ডের পর সুযোগ নতুন পেশার
ট্রাম্পের চারপাশে ‘জি-হুজুর’ লোকের ভিড়, বিস্ফোরক মন্তব্য মেলানিয়ার
বিলিয়নিয়ার ইলন মাস্কের মেয়ে হওয়া সত্ত্বেও বাবার বিশাল সম্পদের ওপর নির্ভর না করে তুলনামূলক সাধারণ জীবনযাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ভিভিয়ান উইলসন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘দ্য কাট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, কেবল বাড়িভাড়া ভাগ করে নিয়ে খরচ কমানোর জন্যই তিনি লস অ্যাঞ্জেলেসে তিনজন রুমমেটের সঙ্গে একটি বাসায় থাকেন। ভিভিয়ান আরও ব্যাখ্যা করেন যে, মানুষ প্রায়ই ধরে নেয় তাঁর হাতে অফুরন্ত টাকা রয়েছে; কিন্তু বাস্তবে তাঁর কাছে হাতের নাগালে লাখ লাখ ডলার নেই। বিচ্ছিন্ন সম্পর্কে থাকা বাবার ওপর নির্ভরশীল না হয়ে বরং আর্থিকভাবে নিজেই নিজের দায়িত্ব নিতে চান তিনি। এরপর থেকে ভিভিয়ান মডেলিং এবং অন্যান্য সৃজনশীল পেশায় যুক্ত হয়ে স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার ও স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন। তাঁর এই গল্প প্রমাণ করে যে, একজন বিলিয়নিয়ারের সন্তান হয়েও সম্পূর্ণ ভিন্ন ও আত্মনির্ভরশীল পথ বেছে নেওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রে ঘাঁটি বদলাচ্ছে এফ-৩৫এ প্রদর্শনী দল, উটাহ থেকে যাচ্ছে অ্যারিজোনায়
গ্রিন কার্ডের আবেদনেও বাড়বে অপেক্ষা, বিদেশি নার্স নিয়োগ নিয়ে উদ্বিগ্ন মার্কিন হাসপাতালগুলো
ইনজেকশন দিয়ে মৃ ত্যুদণ্ড কার্যকরে ৬৩ মিনিট, শিরা খুঁজতে হিমশিম কারাকর্মীরা, যন্ত্রণায় চিৎকার কয়েদির
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মায়ের সঙ্গে প্রতিবেশীদের হাতাহাতির একপর্যায়ে ১০ বছর বয়সী এক শিশুর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরী প্রতিবেশী নিহত হয়েছে। হ্যালোইনের রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী মা এলাইনা গোমেজ-ভিলেদা তাঁর ছেলেকে বন্দুক নিয়ে আসতে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যে বন্দুক দিয়ে শিশুটি প্রতিবেশী কিশোরী কিনারলেইন প্লাজা রেঞ্জেলকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ওই মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে বয়স কম হওয়ায় ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো অভিযোগ গঠন করা হয়নি; পুলিশ জানিয়েছে, ১২ বছর পূর্ণ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশীদের উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দীর্ঘদিনের বিরক্তি থেকে হ্যালোইনের রাতে এই বিবাদের সূত্রপাত হয়। স্থানীয় সংবাদমাধ্যম কেওবিফোর (KOB4)-এর পাওয়া ভিডিওতে দেখা যায়, ‘ডে অব দ্য ডেড’ উৎসবের পোশাক পরা—মুখে সাদা রং ও চুলে ফুল গুঁজে রাখা—গোমেজ-ভিলেদা পাশের লোকজনের দিকে আঙুল তুলে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। এরপরই রেঞ্জেল ও ওই কিশোরীর মায়ের সঙ্গে তাঁর হাতাহাতি শুরু হয়; তিনজনই একে অপরের চুল ধরে টানাটানি ও কিল-ঘুষি মারতে থাকেন। এর মধ্যে গোমেজ-ভিলেদার ১০ বছর বয়সী ছেলে ঝগড়ার মধ্যে ঢুকে এক প্রতিবেশীকে কয়েকটি ঘুষি মেরে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। পুলিশের অভিযোগ, ঠিক সেই মুহূর্তেই মা তাঁর ছেলেকে বন্দুক নিয়ে আসতে বলেছিলেন। বয়স কম হওয়ায় নাম প্রকাশ না করা ওই শিশুটি দুই হাতে একটি হ্যান্ডগান ধরে সামনের দরজায় ফিরে আসে এবং কিশোরী প্রতিবেশীর দিকে তাক করে। প্রথমে সে ট্রিগার চাপলেও গুলি বের হয়নি; কয়েক সেকেন্ড অস্ত্রটি নাড়াচাড়া করার পর সে আবার সেটি উঁচিয়ে ধরে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি রেঞ্জেলের শরীরে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুলি চলার পর চারদিকে চিৎকার শুরু হলে গোমেজ-ভিলেদা রেঞ্জেলের অন্তঃসত্ত্বা মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং নিজের ছেলের দিকে ছুটে যান। হাতাহাতিতে রক্তাক্ত হওয়া গোমেজ-ভিলেদা নিজেই পুলিশে ফোন করে গুলির খবর জানান। কেওবিফোরের তথ্যমতে, পুলিশের ডিসপ্যাচারকে তিনি বলেন, “বাইরের এই নারীরা আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, আর আমার ছেলে আমার বন্দুক নিয়ে তাদের গুলি করেছে।” আলবুকার্ক পুলিশের বডিক্যাম ফুটেজে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রেঞ্জেলকে নিস্তেজ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে এবং গোমেজ-ভিলেদার হাতে বন্দুক দেখতে পায়। সে সময় এক পুলিশ কর্মকর্তা গোমেজ-ভিলেদাকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে অ্যাপার্টমেন্ট ভবনের বাইরের দেয়ালে লাগে। পরে অস্ত্রের মুখে তাঁকে মাটিতে শুইয়ে আটক করা হয়। গোমেজ-ভিলেদাকে গ্রেপ্তারের সময় রেঞ্জেলের বাবা কিনার প্লাজা পাশে দাঁড়িয়ে চিৎকার করছিলেন; এর কয়েক মুহূর্ত আগেই ক্ষুব্ধ এই বাবা মেয়ের হত্যাকারীদের খুঁজতে গোমেজ-ভিলেদার দরজায় লাথি মেরে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। সংবাদমাধ্যমকে প্লাজা বলেন, “ওই নারী আমার মেয়েকে আক্রমণ করেছে। সে আমার বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয়। সে আমার মেয়েকে মেরেছে এবং আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে আঘাত করে তাঁকেও আক্রমণের চেষ্টা করেছে। সে আমার মেয়েকে জাপটে ধরে নিজের ছেলেকে গুলি করতে বলেছিল।” এই ঘটনায় গোমেজ-ভিলেদার বিরুদ্ধে প্রথমে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হলেও পরে গ্র্যান্ড জুরি তা কমিয়ে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করেন। অন্যদিকে, শিশুটির বিষয়ে আলবুকার্ক পুলিশ প্রধান সেসিলি বার্কার বলেন, “আমরা ঘটনাস্থলেই বিষয়টি নিয়ে কথা বলেছি। কিশোর সংশোধনাগারে নেওয়ার মতো বয়স এখনো তার হয়নি। তার বয়স ১২ বছর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে আমরা জুভেনাইল ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।”
নিউ ইয়র্কে সরকারি চাকরির প্রস্তুতি নিতে বিশেষ সেশন ১৪ ডিসেম্বর, রয়েছে সিভিল সার্ভিস সম্পর্কে জানার সুযোগ
যে পুলিশ ইউনিটের হাতে জিপ-টাই বাঁধা অবস্থায় আটক হয়েছিলেন, সেটিই বিলুপ্ত করছেন মামদানি

