সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

ইসরায়েলে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের আশঙ্কা, সতর্ক করল সিআইএ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ০:১০
ইসরায়েলে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করেছে সিআইএ, ছবি: সংগৃহীত
ইসরায়েলে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করেছে সিআইএ, ছবি: সংগৃহীত

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভেদ আরও গভীর হলে ইসরায়েল গৃহসংঘাত কিংবা রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি গোপন মূল্যায়ন। মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে গোপন নথিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে নথিটি সিআইএ প্রকাশ করেনি এবং সংস্থাটি এ বিষয়ে ড্রপ সাইট নিউজের মন্তব্যের অনুরোধেরও জবাব দেয়নি।

 

ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ বা ‘ভেতর থেকে ভাঙন’ শিরোনামের এই মূল্যায়নটি গত আগস্টে সিআইএর ‘রেড সেল’ ইউনিটের বিশেষজ্ঞরা তৈরি করেন। সংস্থাটির এই শাখার কাজ হলো প্রচলিত গোয়েন্দা বিশ্লেষণের বাইরে গিয়ে বিকল্প পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্লেষণ করা। দুই মার্কিন সূত্র নথিটির বিষয়বস্তু সংবাদমাধ্যমটির কাছে বর্ণনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

মূল্যায়নে ইসরায়েলের ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক চাপের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট, সামরিক ব্যয় বৃদ্ধি, দীর্ঘদিনের যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানসিক চাপ, কট্টরপন্থী ইহুদি জনগোষ্ঠীর সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে অসন্তোষ, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক লড়াই। এসব বিষয় একসঙ্গে দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মূল্যায়নে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

সামরিক সেবা নিয়ে বিরোধকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম বড় বিভাজন হিসেবে দেখা হয়েছে। দীর্ঘদিন ধরে কট্টরপন্থী ইহুদি বা হারেদি সম্প্রদায়ের অনেক পুরুষ ধর্মীয় শিক্ষার কারণে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় পেয়ে আসছেন। কিন্তু গাজা, লেবানন ও ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি সংঘাতে নিয়মিত রিজার্ভ সেনা তলবের কারণে অন্য অংশের নাগরিকদের মধ্যে এই সুবিধা নিয়ে ক্ষোভ বাড়ছে। একই সময়ে দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থাকা অনেক সেনা গুরুতর মানসিক চাপ ও আঘাত নিয়ে ফিরছেন বলেও মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

 

অর্থনৈতিক চাপও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের সংঘাতের কারণে সামরিক ব্যয় বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয়ও সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে। ব্যাংক অব ইসরায়েলের গভর্নর আমির ইয়ারন এর আগে জানিয়েছিলেন, ২০২৩ সালের পর দেশটির প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ হয়ে মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ শতাংশে উঠেছে এবং সরকারি ঋণ-জিডিপির অনুপাত ৬০ শতাংশ থেকে বেড়ে প্রায় ৭০ শতাংশ হয়েছে।

 

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও এই অস্থিরতার গুরুত্বপূর্ণ অংশ বলে মূল্যায়নে উঠে এসেছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্টের ২৬তম মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর জোট ও তার বিরোধী জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ হলেও কোনো পক্ষই এখন পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে নির্বাচনের ফল ও পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

সিআইএর কথিত মূল্যায়নে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান নিয়েও উদ্বেগের কথা বলা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে আসা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ার বিষয়টি অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে। ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়, মূল্যায়নকারীরা আশঙ্কা করছেন, অভ্যন্তরীণ সংকট আরও গভীর হলে বিদেশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বা কার্যক্রম কমিয়ে দিতে পারে, যা ইসরায়েলের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করবে।

 

তবে গোপন নথিতে ইসরায়েলে নিশ্চিতভাবে গৃহযুদ্ধ শুরু হবে এমন কোনো পূর্বাভাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়নি। বরং রাজনৈতিক ও সামাজিক বিভাজন, অর্থনৈতিক চাপ এবং দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত একসঙ্গে আরও তীব্র হলে পরিস্থিতি ‘গৃহসংঘাতের’ দিকে যেতে পারে এমন একটি সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। ড্রপ সাইট নিউজের এক মার্কিন সূত্রের ভাষ্য অনুযায়ী, নথির লেখকেরা পরিস্থিতিটিকে এমন এক পর্যায়ে দেখেছেন যেখানে সামান্য কোনো ঘটনা বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

 

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে বিদেশি প্রযুক্তি কোম্পানির বিনিয়োগ কমে যাওয়া, আঞ্চলিক দেশগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা পুনর্বিবেচনা এবং হামাস বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে মূল্যায়নে সম্ভাব্য পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়েছে।

 

ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক সেবা, অর্থনীতি, নেতানিয়াহুর নেতৃত্ব এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা নীতি নিয়ে বিতর্ক ইতোমধ্যেই তীব্র। ফলে ২৭ অক্টোবরের নির্বাচন শুধু নতুন সরকার গঠনের বিষয় নয়, যুদ্ধপরবর্তী ইসরায়েলের রাজনৈতিক দিকনির্দেশনা এবং অভ্যন্তরীণ বিভাজন কতটা গভীর হয়েছে, তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

 

তথ্যসূত্র: ড্রপ সাইট নিউজ, আনাদোলু, রয়টার্স


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬ দেশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার আরোপ করা নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬টি দেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ সমর্থন জানান। একই সঙ্গে ইসরায়েলি বসতি নির্মাণ ও সম্প্রসারণ বন্ধে আরও আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের আশা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার এই উদ্যোগ অনুসরণ করে অন্য দেশগুলোও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।   বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, মিসর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, নাইজার, ফিলিস্তিন, লিবিয়া, মালদ্বীপ, তুরস্ক, কুয়েত, আলজেরিয়া, সোমালিয়া ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন। তাঁরা বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, বিশেষ করে ই১ প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে তাঁরা সমর্থন করেন।   যুক্তরাজ্য গত ১৭ নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণে যুক্ত আটটি নির্মাণ ও আবাসন উন্নয়ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং পরিচালকদের ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলি সংগঠন তসভ ৯-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। যুক্তরাজ্য সরকারের দাবি, সংগঠনটি গাজায় ত্রাণবাহী বহরের চলাচল বাধাগ্রস্ত করতে বিভিন্ন অবরোধে অংশ নিয়েছে।   এর এক দিন পর ১৮ নভেম্বর অস্ট্রেলিয়া তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পশ্চিম তীরে নতুন বসতি ও বসতি সম্প্রসারণের পরিকল্পনা, অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবী নিয়োগ এবং বসতি স্থাপনকারীদের সহায়তার সঙ্গে যুক্ত। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে অস্ট্রেলীয় নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাণিজ্য এবং আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।   ১৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভূখণ্ডটির ভৌগোলিক ও জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ই১ বসতি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। পূর্ব জেরুজালেমের কাছাকাছি এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জটিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে।   বিবৃতিতে গাজায় ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধিরও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংঘাত অবসানের পরিকল্পনা, যা জাতিসংঘের সমর্থন পেয়েছে, তা পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁদের মতে, গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, মানবিক সংকট মোকাবিলা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে পরিকল্পনাটি বাস্তবায়ন জরুরি।   বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থায়ী ও ন্যায়সংগত শান্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই। এ সমাধানের আওতায় ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই লক্ষ্য অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।   এ প্রসঙ্গে ২০২৪ সালের ১৯ জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া পরামর্শমূলক মতামতের কথাও উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। ওই মতামতে আদালত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে। একই সঙ্গে অন্য রাষ্ট্রগুলোর জন্য ওই পরিস্থিতিকে আইনসম্মত হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং তা বজায় রাখতে সহায়তা না করার বাধ্যবাধকতার কথা জানায় আদালত।   সূত্র: আরব নিউজ, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২২:২৫
ইরানের সঙ্গে আগের সমঝোতা আলোচনাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিজেদের বাড়িতে গোপনে স্কুল পরিচালনা করছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে স্কুল ও ব্যবসা চালাচ্ছেন আফগান নারীরা

যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে আগুন ধরে রাশিয়ার এই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের পালটা হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায়। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর কয়েক ঘণ্টার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রায় দুই মাসের বিরতির পর দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত নতুন করে তীব্র হওয়ার ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়ছে।   মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে আইআরজিসি। ইরানি বাহিনীর ভাষ্য, তাদের যুদ্ধ ড্রোন দিয়ে পরিচালিত এই অভিযান ছিল সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার প্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও জানায় তারা। তবে হামলায় রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে ইরানের দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাহরাইনের দিকে ছোড়া একাধিক ইরানি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি এবং কোনো মার্কিন সেনাও আহত হননি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি আকাশপথের হুমকি প্রতিহত করেছে। হামলার আশঙ্কায় এর আগে দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছিল।   বাহরাইনের সামরিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার দাবি ওয়াশিংটনের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগেও নভেম্বরের ১৩ ও ১৫ তারিখে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বাহরাইনের ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, দ্বীপটির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ছিল হামলার লক্ষ্য। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তার দাবি, বাহরাইনে মার্কিন সামরিক সদস্য ও স্থাপনার ওপর ইরানের হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়। হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।   ইরানের হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবরও প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম। তবে এসব হামলায় কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।   এদিকে বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছে মিশর, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশ বলেছে, এ ধরনের হামলা বাহরাইনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। কাতারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা বাড়লে সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়বে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কাতার ও ওমানের মধ্যস্থতার উদ্যোগ চললেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো অগ্রগতি হয়নি।   উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। প্রায় দুই মাসের তুলনামূলক বিরতির পর বাহরাইন ও কেশম দ্বীপের ঘটনাগুলো সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।   সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২১:৩০
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি; দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ ও শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন সুযোগের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে পৌঁছাল তৃতীয় রণতরি

ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত মনে করেন, ফরাসি প্রেসিডেন্টের জীবনে তার নানির প্রভাব এতটাই গভীর যে তার মানসিক চিকিৎসা বা সাইকোঅ্যানালাইসিস করানো প্রয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

'আমি এখনও শিশু', ম্যাক্রোঁর স্বীকারোক্তি, 'মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত' বললেন স্ত্রী

যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় ইরান প্রয়োজনে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণ করবে: তেহরান

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও নতুন হামলার আশঙ্কার মধ্যে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরান কিউবার মতো অবরুদ্ধ হয়ে থাকবে না কিংবা ভেনেজুয়েলার মতো আত্মসমর্পণে বাধ্য হবে না। যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিলে তেহরান প্রথম আঘাতের জন্য অপেক্ষা করবে না বলেও সতর্ক করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যে ইরানের এমন বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।   রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তাঁর বক্তব্যের ভিডিও প্রকাশ করে ইরানের সংবাদ সংস্থা ফার্স। সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ করছে এবং সেই সুযোগে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে। এমন পরিস্থিতিতে ইরান সম্ভাব্য হুমকি মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলে মন্তব্য করেন তিনি।   যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তাঁর দাবি, ইরানকে আকাশপথ কিংবা স্থলপথে অবরুদ্ধ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ দিয়ে তেহরানের অবস্থান পরিবর্তন করানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তবে মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে তাঁর এসব বক্তব্য ইরানের নিজস্ব মূল্যায়ন।   ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান তিন ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিকে যুদ্ধও নয়, শান্তিও নয় বলে বর্ণনা করার সুযোগ নেই। আইনগত দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও দাবি করেন ঘারিবাবাদি। তবে এসব ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা বা নির্দিষ্ট পাল্লা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।   পরমাণু কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের মতবিরোধ রয়েছে। ঘারিবাবাদি জানান, যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়া এবং তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের বিষয়ে আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, অতীতের আলোচনায় যুক্তরাষ্ট্র একাধিকবার প্রতিশ্রুতি রক্ষা করেনি। নতুন কোনো সমঝোতার আগে যুদ্ধের স্থায়ী অবসান, অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদের বিষয়ে সমাধান চায় তেহরান।   এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট ইতিমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছেছে। সেখানে আগে থেকেই আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনার রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে ওই হামলায় মার্কিন রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।   কূটনৈতিক আলোচনা ও সামরিক প্রস্তুতি পাশাপাশি চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমঝোতা এখনো অধরা। তেহরান বলছে, আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হলে প্রথমে ওয়াশিংটনকে আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সামরিক চাপের মুখে নিজেদের প্রতিরক্ষার অধিকার বজায় রাখার কথাও জানাচ্ছেন ইরানি কর্মকর্তারা। ঘারিবাবাদির সর্বশেষ বক্তব্যের পর দুই দেশের পরবর্তী পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   সংবাদসূত্র: Al Jazeera, Fars News Agency

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২১:৩৭
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করার পর ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা অপেক্ষার পর যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয় ৩৪ বছর বয়সী জর্ডান হাওম্যানকে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মুখে ট্যাটু থাকায় দুবাই বিমানবন্দরে আটকে দেওয়া হলো ব্রিটিশ নাগরিককে, ৬ ঘণ্টা পর দেশে ফেরত

হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানে সেনাদের সঙ্গে অস্ত্রবাহী রোবট কুকুর মোতায়েন করেছে এল সালভাদর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হাইতিতে গ্যাংবিরোধী অভিযানে মেশিনগানযুক্ত রোবট কুকুর মোতায়েন করল এল সালভাদর

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...