দেশে পাসপোর্ট প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পাসপোর্ট সেবা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। অধিকাংশ মানুষ সঠিকভাবে আবেদন করার নিয়ম না জানায় দালালচক্র বা অসাধু মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও হয়রানির শিকার হন।
তিনি জানান, এ সমস্যা নিরসনে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘নিবন্ধিত সহায়তাকারী’ হিসেবে অনুমোদন দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব নিবন্ধিত সহায়তাকারী আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন। বিনিময়ে তারা নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারবেন। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালালনির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পাসপোর্ট সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।