সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ফ্রান্সে প্রধানমন্ত্রীর আশ্বাসেও থামছে না শিক্ষার্থীদের বি ক্ষোভ, টানা তৃতীয় সপ্তাহে আন্দোলন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬ ১৯:৫১
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আশ্বাসেও থামছে না শিক্ষার্থীদের বি ক্ষোভ, টানা তৃতীয় সপ্তাহে আন্দোলন
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আশ্বাসেও থামছে না শিক্ষার্থীদের বি ক্ষোভ, টানা তৃতীয় সপ্তাহে আন্দোলন

শিক্ষক সংকট এবং স্কুল ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ আন্দোলন টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু সমস্যা সমাধানের সুস্পষ্ট প্রতিশ্রুতি দিলেও রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির তথ্যমতে, বৃহস্পতিবারও ফ্রান্সের বিভিন্ন শহরের স্কুলগুলো অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।

 

শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শিক্ষার্থীদের টানা এই আন্দোলনের জেরে দেশজুড়ে অন্তত ৩৭৫টি স্কুলের কার্যক্রম আংশিক বা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। নঁত, রেন, ব্রঁ, তুলোঁ ও মার্সেইয়ের মতো শহরগুলোতে লাখো মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা আবারও নতুন করে মিছিল শুরু করেছে।

 

এর আগে বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লেকর্নু প্রতিশ্রুতি দেন যে, সরকার অক্টোবরের শেষ নাগাদ শিক্ষার্থীদের দাবি পূরণে সুনির্দিষ্ট ও দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেবে। এর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দেরও আশ্বাস দেন তিনি। তবে তার এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা।

 

রেন শহরের একটি স্কুলের বাইরে বিক্ষোভরত ১৮ বছর বয়সী হানা এএফপিকে জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হওয়ার মতো কিছুই ছিল না। সালিনা নামের ১৭ বছর বয়সী আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কাছে তাদের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল এবং এমন একটি জরুরি বিষয় মাসের শেষ পর্যন্ত ঝুলিয়ে রাখার মতো কোনো বিষয় নয়।

 

আন্দোলন দমাতে পুলিশের কঠোর ভূমিকা নিয়েও দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্যারিসের ২০তম অ্যারোঁদিসঁতে এলাকায় বিক্ষোভকারীরা আবর্জনার বিন দিয়ে ব্যারিকেড তৈরি করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে আসা ইংরেজি শিক্ষক শার্লট বোবো পুলিশের এই পদক্ষেপকে 'অতিরিক্ত কঠোর' বলে মন্তব্য করেন।

 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৬ হাজারে পৌঁছেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গত সোমবার পুলিশের ছোড়া স্টান গ্রেনেডের আঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর হাত হারানোর পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ব্যবহারের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করতে বাধ্য হয়।

 

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দ্বিতীয় ও শেষ মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এবং আগামী ছয় মাসের মধ্যে সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন ফরাসি রাজনীতিতে স্পষ্ট মেরুকরণ তৈরি করেছে। কট্টর ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেন দাবি করেছেন, বিক্ষোভকারীরা স্কুলের যে ক্ষতি করেছে তার মেরামতের খরচ তাদের বা তাদের অভিভাবকদের কাছ থেকেই আদায় করতে হবে।

 

অন্যদিকে কট্টর বামপন্থি প্রার্থী জ্যঁ-লুক মেলঁশোঁ শিক্ষার্থীদের প্রশংসা করে পুলিশের 'বর্বর আচরণের' তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ ও দাবি জানানোর জন্য চালু করা একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রথম দুই দিনেই ৪৩ হাজারের বেশি সাড়া পড়েছে। বিএফএম টিভির জন্য এলাবের করা এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ ফরাসি নাগরিক শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করলেও ৫৫ শতাংশ মানুষ চান দ্রুত এই বিক্ষোভের অবসান হোক।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া
গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, প্রকাশ্যে এলো নতুন তথ্য

বিশ্বের নজরের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। দেশটির প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণের নতুন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।   আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণের তথ্য পাওয়া গেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এর নির্মাণকাজ শুরু হয় এবং অক্টোবরের শেষ দিকে ভবনটির বাইরের নির্মাণকাজ শেষ হয়।   ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ইউরেনিয়ামের নির্দিষ্ট একটি উপাদানের পরিমাণ বাড়ানো হয়। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। আইএইএর পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রের পাঁচ মেগাওয়াট ক্ষমতার চুল্লিতে জ্বালানি প্রক্রিয়াকরণ কার্যক্রম চলতে পারে। পাশাপাশি কেন্দ্রটির হালকা পানির চুল্লিও আবার চালু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   তবে এসব স্থাপনায় বর্তমানে কত পরিমাণ পারমাণবিক উপাদান উৎপাদন হচ্ছে, তা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সংস্থাটি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দীর্ঘদিন ধরেই কঠিন। ২০০৯ সালে দেশটি আইএইএর পরিদর্শকদের বের করে দেওয়ার পর থেকে সংস্থাটির বিশেষজ্ঞরা সরাসরি দেশটির পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারেননি। বর্তমানে স্যাটেলাইটের ছবি ও বিভিন্ন উন্মুক্ত তথ্যের মাধ্যমে দেশটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।   উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে দেশের সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন। দেশটির সরকার পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখলে উত্তর কোরিয়ার সামরিক শক্তি আরও বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতিতে।   উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির সর্বশেষ এই তথ্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির পারমাণবিক সক্ষমতা কতটা বাড়ছে, তা জানতে এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর রয়েছে ইয়ংবিয়নসহ অন্যান্য স্থাপনার দিকে। সংবাদসূত্র: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, স্টারস অ্যান্ড স্ট্রাইপস এবং স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:৪৪
মুসলিম হচ্ছেন অনেক কোরীয়

দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে বাড়ছে ইসলাম জানার আগ্রহ, মুসলিম হচ্ছেন অনেক কোরীয়

ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ, সর্বস্ব দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের

ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ, সর্বস্ব দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের

লন্ডনে নদী থেকে ২০০ ব্যাগ বর্জ্য অপসারণ, মামলা না করে স্বেচ্ছাসেবীদের সতর্ক করল কর্তৃপক্ষ

লন্ডনে নদী থেকে ২০০ ব্যাগ বর্জ্য অপসারণ, মামলা না করে স্বেচ্ছাসেবীদের সতর্ক করল কর্তৃপক্ষ

বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে সব বোতলজাত পানির পরীক্ষা করার সিদ্ধান্ত ভারতে
বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে সব বোতলজাত পানির পরীক্ষা করার সিদ্ধান্ত ভারতে

ভারতের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরি ইন্টারন্যাশনালের একটি নমুনা পানিতে অনিরাপদ উপাদান পাওয়ার পর দেশটির সব বোতলজাত পানির ব্র্যান্ডের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিসলেরির আরও নমুনার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের পানির নমুনাও পরীক্ষা করবে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।   এফএসএসএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসলেরির স্থাপনা থেকে সংগৃহীত একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়, যা পানির জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার একটি উপজাত। এই ফলাফলের বিরুদ্ধে বিসলেরি আপিল করলে নমুনাটি একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেখানে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস (পিএএইচ) শনাক্ত হওয়ার পরও নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। এফএসএসএআই জানিয়েছে, ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও মান আইন অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।   তবে বিসলেরি কর্তৃপক্ষ পরীক্ষাগারের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে এবং দাবি করেছে যে তাদের পণ্য নিরাপদ। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গোয়া কারখানা থেকে সংগৃহীত ওই নমুনায় প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে সামান্য বেশি ব্রোমেট দেখা গেলেও রেফারেল ল্যাব ও এফএসএসএআই অনুমোদিত একটি স্বাধীন ল্যাবরেটরির পরীক্ষায় ব্রোমেট নির্ধারিত সীমার মধ্যেই ছিল। কোম্পানিটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তারা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করবে।   উল্লেখ্য, ভারতের প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেটজাত পানীয় জলের বাজারে বিসলেরি দেশীয় শীর্ষ ব্র্যান্ড হিসেবে পেপসিকোর অ্যাকোয়াফিনা এবং কোকা-কোলার কিনলির সঙ্গে প্রতিযোগিতা করে। সাম্প্রতিক সময়ে খাদ্য ব্যবসা ও ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি ও আইনি ব্যবস্থা জোরদার করেছে এফএসএসএআই। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২:০
সবার সামনে শাহরুখকে চুপ করালেন অনন্ত আম্বানি? ভাইরাল ভিডিওতে সমালোচনার ঝড়

সবার সামনে শাহরুখকে চুপ করালেন অনন্ত আম্বানি? ভাইরাল ভিডিওতে সমালোচনার ঝড়

কানাডায় নামাজ আদায়ে আতঙ্কিত ছিল মুসল্লিরা, মসজিদ ঘিরে পাশে দাঁড়ালেন শত শত প্রতিবেশী

কানাডায় নামাজ আদায়ে আতঙ্কিত ছিল মুসল্লিরা, মসজিদ ঘিরে পাশে দাঁড়ালেন শত শত প্রতিবেশী

ফেলে দেয়া মোবাইল-কম্পিউটারে থেকেই মিলবে ২১ ক্যারেট স্বর্ণ! নতুন প্রযুক্তি উদ্ভাবন

ফেলে দেয়া মোবাইল-কম্পিউটারে থেকেই মিলবে ২১ ক্যারেট স্বর্ণ! নতুন প্রযুক্তি উদ্ভাবন

তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, অবশেষে মায়ের কাছে ফেরার সুযোগ মংলার বাদল ফরাজির           ছবি: এআই দিয়ে তৈরি
তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, অবশেষে মায়ের কাছে ফেরার সুযোগ মংলার বাদল ফরাজির

ভারতে তাজমহল দেখতে গিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশের তরুণ বাদল ফরাজি। নামের মিলের কারণে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এমন অভিযোগ ওঠার পরও প্রায় ১৮ বছর ধরে কারাগারে কাটছে তাঁর জীবন। অবশেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন বাগেরহাটের মোংলার এই বাসিন্দা। গত ১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করেছে। তবে সাময়িক মুক্তির সুযোগ মিললেও স্থায়ীভাবে কারাগার থেকে বের হওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।    বর্তমানে ৩৬ বছর বয়সী বাদল ফরাজি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্যারোলের সিদ্ধান্তের পর তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকা বাদল এই সুযোগে সরাসরি নিজের বাড়িতে ফিরতে চান।   বাদলের কারাবাসের শুরু ২০০৮ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। বাগেরহাটের মোংলা থেকে বৈধ পাসপোর্ট ও পর্যটন ভিসা নিয়ে ভারতের আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু সীমান্ত অতিক্রমের পরই তাঁকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।   এর দুই মাসের বেশি আগে, ৬ মে দিল্লির দয়ানন্দ কলোনিতে নিজ বাড়িতে খুন হয়েছিলেন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল। মানবাধিকারকর্মী ও বাদলের পরিবারের অভিযোগ, শুধু নামের মিলের কারণে বাংলাদেশি বাদল ফরাজিকে ওই সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়।   পরিবারের দাবি, বাদল তখন হিন্দি ও ইংরেজি ভালোভাবে জানতেন না। ফলে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজের পরিচয় এবং ভারতে আসার উদ্দেশ্য ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তী সময়ে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।   ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে দিল্লি হাইকোর্ট সেই রায় বহাল রাখেন। ভারতের সুপ্রিম কোর্টেও তাঁর আপিল সফল হয়নি।   মামলার সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাদলের ভারতে প্রবেশের সময়। হত্যাকাণ্ড ঘটে ২০০৮ সালের ৬ মে, অথচ তাঁর দাবি অনুযায়ী প্রথমবার ভারতে প্রবেশ করেন ওই বছরের জুলাইয়ে। আত্মপক্ষ সমর্থনে বাদলের আইনজীবীরা পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত তথ্য তুলে ধরেন।   তবে দিল্লি হাইকোর্টের ২০১৬ সালের রায়ে দেখা যায়, আদালত সাক্ষীদের বক্তব্য ও মামলায় উপস্থাপিত অন্যান্য আলামতকে গুরুত্ব দেন। একই সঙ্গে পাসপোর্টের তথ্য এবং সীমান্ত অতিক্রমের প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। আদালত বাদলের ভারতে না থাকার যুক্তি গ্রহণ করেননি। ফলে আদালতের রায়ে তিনি এখনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, যদিও তাঁর পরিবার ও মানবাধিকারকর্মীরা শুরু থেকেই এই দণ্ডকে ভুল বিচারের ফল বলে দাবি করে আসছেন।   বাদলের মুক্তির জন্য কূটনৈতিক পর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সেখানে বাদলের পাসপোর্ট, ভিসা ও ভারতে প্রবেশের তথ্য তুলে ধরা হয়। তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পরিচয়সংক্রান্ত সনদ দেওয়া হয়েছিল। এরপরও কারামুক্তি পাননি তিনি।   ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর কাটিয়েছেন বাদল। তবে বন্দিজীবনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যান। কারাগারেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। তাঁর মুক্তির দাবিতে ভারতীয় মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে উদ্যোগ নেন। শুরু হয় জাস্টিস ফর বাদল ক্যাম্পেইন।   দীর্ঘ প্রচেষ্টার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাজাপ্রাপ্ত বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফেরার অর্থ ছিল না মুক্তি। ভারতের আদালতের দেওয়া সাজা ভোগের জন্য তাঁকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।   এই বন্দি স্থানান্তর প্রক্রিয়াই বাদলের স্থায়ী মুক্তির ক্ষেত্রে নতুন আইনি জটিলতা তৈরি করে। চুক্তির আওতায় দেশে ফেরার পরও ভারতের আদালতের দেওয়া সাজা কার্যকর থাকে। কোন দেশের আইনে সাজা কমানো বা আগাম মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে অনিশ্চয়তা ছিল।   ২০২২ সালে বাংলাদেশি কারা কর্তৃপক্ষের নথিতে বাদলের ১৪ বছরের কারাবাস পূর্ণ হওয়ার বিষয়টি উঠে আসে। কিন্তু তাতেও মুক্তি মেলেনি। অন্যদিকে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সেন্টেন্স রিভিউ বোর্ড তাঁর আগাম মুক্তির আবেদন পর্যালোচনা করে তা প্রত্যাখ্যান করে। বোর্ড অপরাধের গুরুত্ব ও অন্যান্য বিষয় বিবেচনা করে মুক্তির পক্ষে সিদ্ধান্ত দেয়নি।   বাদলের পরিবার ও মানবাধিকারকর্মীরা অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তাঁদের বক্তব্য, পরিচয় নিয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও একজন মানুষকে এত বছর কারাগারে রাখা ন্যায়বিচারের পরিপন্থী।   চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে মানববন্ধন করেন পরিবারের সদস্য ও অধিকারকর্মীরা। সেখানে দীর্ঘ কারাবাসের অবসান ঘটাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।   সর্বশেষ প্যারোলের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি আসে সেপ্টেম্বরে। ডিবিসি নিউজের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদলের প্যারোলসংক্রান্ত একটি আবেদনের নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণের কথা জানান।   এরপর ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলের আবেদন করেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়ার পর ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করে। প্যারোল চলাকালে তাঁকে সংশ্লিষ্ট নীতিমালার শর্ত মেনে চলতে হবে।   বাদলের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ পরিবারের কাছ থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা। কারাগারে থাকতেই তাঁর বাবা মারা গেছেন। মা শেফালি বেগম এখন অসুস্থ এবং চলাফেরা করতে পারেন না। ছেলেকে একবার কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।   প্রথম আলোর সঙ্গে কারাগার থেকে টেলিফোনে কথা বলার সময় বাদল জানিয়েছেন, মুক্তি পেলে সরাসরি মায়ের কাছে যাবেন। তাঁর বোন আকলিমাও জানিয়েছেন, পরিবারের সবাই বাদলের ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁদের আশা, চার সপ্তাহের প্যারোলের পর আর কারাগারে ফিরতে হবে না তাঁকে।   তবে প্যারোল কোনো দণ্ড বাতিল বা স্থায়ী মুক্তির সিদ্ধান্ত নয়। নির্ধারিত মেয়াদ শেষে বাদলকে আবার কারাগারে ফিরতে হবে কি না, তা নির্ভর করবে পরবর্তী আইনি ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর।   ১৮ বছর আগে পর্যটক হিসেবে ভারতে যাওয়া বাদল ফরাজি এখন মধ্যবয়সের কাছাকাছি। যে তাজমহল দেখার স্বপ্ন নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন, সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘ কারাবাসের পর তাঁর সামনে এখন সবচেয়ে বড় প্রত্যাশা অসুস্থ মায়ের সঙ্গে দেখা করা এবং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাওয়া।   সংবাদসূত্র   প্রথম আলো

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২৩:৫১
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির

ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি খুলবে, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা আরাগচির

মালয়েশিয়ায় আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে পবিত্র কোরআন

মালয়েশিয়ায় আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে পবিত্র কোরআন, থাকছে হাতে লেখা সংস্করণও

তুর্কি নারীকে আটক করল ইসরায়েলি পুলিশ

আল-আকসায় জুমার নামাজের সময় তুর্কি নারীকে আটক করল ইসরায়েলি পুলিশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...