সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
কোভিড-১৯, টিকা ও অটিজম ইস্যুতে লাইভ সাক্ষাৎকারে তীব্র বিতর্কে জড়ান রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও ডানা ব্যাশ। ছবি: সংগৃহীত
সিএনএনের লাইভ অনুষ্ঠানে সঞ্চালক ও মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তুমুল ঝগড়া

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং সিএনএনের জ্যেষ্ঠ সঞ্চালক ড্যানা ব্যাশের মধ্যে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার অনুষ্ঠানে এক নজিরবিহীন উত্তপ্ত বাক্যবিনিময় ঘটেছে। সিএনএনের বিশেষ অনুষ্ঠান 'স্টেট অব দ্য ইউনিয়ন'-এ করোনা মহামারি, টিকার কার্যকারিতা, হামের প্রাদুর্ভাব এবং অটিজম ইস্যুতে দুই পক্ষের মধ্যে এই জোর বাকযুদ্ধ গড়ে ওঠে।   সাক্ষাৎকারের শুরুতেই করোনা মহামারির সময় স্বাস্থ্য বিভাগের নীতি ও ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। ভবিষ্যতে সম্ভাব্য কোনো স্বাস্থ্য সংকট বা মহামারি দেখা দিলে কীভাবে তা মোকাবিলা করা হবে সঞ্চালক ড্যানা ব্যাশের এমন প্রশ্নের জবাবে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী নাগরিকেদের সাংবিধানিক অধিকার সুরক্ষার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, গত মহামারির সময় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন করাটাই ছিল তৎকালীন প্রশাসনের সবচেয়ে বড় ভুল।   জবাবে সঞ্চালক ব্যাশ দাবি করেন যে তিনি জনস্বাস্থ্য সংকট মোকাবিলা নিয়ে প্রশ্ন করছেন, কোনো রাজনৈতিক অধিকার নিয়ে নয়। এতে ক্ষুব্ধ হয়ে কেনেডি সরাসরি ব্যাশকে লক্ষ্য করে বলেন, তৎকালীন সংকটে মূল সমস্যার একটি বড় অংশ ছিল সিএনএনসহ মূলধারার গণমাধ্যমগুলো। কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তীব্রভাবে প্রশ্নের মুখোমুখি করাই সাংবাদিকতার প্রধান কাজ, কিন্তু আপনারা সেটি না করে সরকারের বক্তব্য প্রচার করেছেন, যা সরাসরি সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন।   সিএনএন সঞ্চালক ড্যানা ব্যাশ তখন দাবি করেন যে করোনা টিকা কার্যকর ছিল এবং এটি একটি প্রমাণিত সত্য। তিনি অভিযোগ করেন, টিকা নিয়ে ভুল তথ্যের কারণে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত এক থেকে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে কেনেডি বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেন এবং ব্যাশকে একটিমাত্র নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ উপস্থিত করতে চ্যালেঞ্জ জানান।   আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব নিয়ে কথা ওঠে। কেনেডি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে অন্যান্য দেশের তুলনায় এই প্রাদুর্ভাব মোকাবিলায় অনেক ভালো কাজ করছে। তবে বিগত মহামারির কারণে নিয়মিত টিকাদান ব্যাহত হওয়া এবং কিছু ধর্মীয় গোষ্ঠীর টিকা নিতে অস্বীকৃতি জানানোকে তিনি নতুন করে হাম বিস্তারের কারণ হিসেবে উল্লেখ করেন। সঞ্চালকের বিশেষ অনুরোধে তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে অভিভাবকদের উদ্দেশে বিদ্যালয় খোলার আগে শিশুদের প্রয়োজনীয় হামের টিকা দেওয়ার আহ্বান জানান।   পরবর্তীতে অটিজম এবং টিকার সম্ভাব্য সম্পর্কের বিষযটি আলোচনায় আসে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে কেনেডি জানান, ট্রাম্প প্রশাসন অটিজমের মূল কারণ অনুসন্ধানে টিকা ও এর উপাদানের সংযোগ নিয়ে গভীর গবেষণা চালাতে চায়। কেনেডি দাবি করেন, এই বিষয়টি নিয়ে এ পর্যন্ত পর্যাপ্ত নিরপেক্ষ বৈজ্ঞানিক গবেষণা হয়নি। তিনি ব্যাশকে মূলধারার নির্দিষ্ট কিছু যুক্তি তোতাপাখির মতো বারবার পুনরাবৃত্তি করছেন বলে তীব্র কটাক্ষ করেন।   প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই উত্তপ্ত সাক্ষাৎকার শেষে সঞ্চালক ড্যানা ব্যাশ আলোচনার বিতর্কিত রূপ নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করেন। তবে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে গণমাধ্যমের নিষ্ক্রিয়তা ও বস্তুনিষ্ঠতার অভাবকে স্বাস্থ্য সংকটের পেছনে অন্যতম কারণ বলে নিজের অবস্থানে অনড় থাকেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২২:৪৫
নিম্ন আদালতের জরিমানার রায় বাতিল করে নতুন সিদ্ধান্ত দিয়েছে আপিল আদালত। ছবি: সংগৃহীত
ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়: জার্মান আদালতের রায়

ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করা কোনো অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে জার্মানির একটি উচ্চতর আদালত। নাগরিকের বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে এক নারীকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এবং জার্মানির আইন বিষয়ক খবরের ওয়েবসাইট বেক অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   ঘটনার বিবরণে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু বিষয়কে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। অভিযুক্ত নারী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের সঙ্গে নাৎসি শাসনামলের অপরাধের তুলনা করে একটি তালিকা প্রকাশ করেন। সেই সঙ্গে নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি যুক্ত কিছু গ্রাফিক্স ব্যবহার করেছিলেন তিনি।   এ ছাড়া অন্য একটি পোস্টে একটি দেয়ালচিত্রের ছবি প্রকাশ করা হয়, যেখানে ডেভিড তারকার মাঝে স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। চিত্রে দেয়ালের ওপর থেকে সৈন্যদের গুলি ছোঁড়ার দৃশ্য এবং নিচ দিয়ে রক্ত বয়ে যাওয়ার ছবি ফুটিয়ে তোলা হয়। পোস্টগুলোতে ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় সামরিক অভিযানের বিরোধিতা করে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল।   জার্মানির সংবিধানে নিষিদ্ধ বা অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে দেশটির লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা) অর্থদণ্ড দেয়। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের একটি উচ্চতর আঞ্চলিক আদালতে মামলাটির শুনানি হয়।   আপিল শুনানির পর জাইব্রুকেনের উচ্চতর আঞ্চলিক আদালত নিম্ন আদালতের দেওয়া ওই দণ্ড আদেশ পুরোপুরি বাতিল ঘোষণা করেন। বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের যে আইনি বাধা রয়েছে, এই ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। কারণ সংশ্লিষ্ট নারী কোনো নিষিদ্ধ আদর্শের প্রচার বা উসকানি দিতে এটি করেননি; বরং ইসরায়েল রাষ্ট্রের নীতি ও পদক্ষেপের তীব্র সমালোচনা করতে গিয়ে বাকস্বাধীনতার অংশ হিসেবে বিষয়টি তুলে ধরেছেন।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২২:২৫
তীব্র ব্যায়ামের পর কিছু পুরুষের শরীরে সাময়িক শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা দিতে পারে। ছবি: সংগৃহীত
ব্যায়ামের পর পুরুষাঙ্গ সাময়িকভাবে ছোট দেখাতে পারে, কেন হয় জানালেন বিশেষজ্ঞ

নিয়মিত শরীরচর্চা বা জিমে ভারী ওজন তোলার পর পেশি ফুলে ওঠা বা রক্ত সঞ্চালন বৃদ্ধির অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তবে শরীরচর্চা শেষ করার পর অনেক পুরুষই তাদের যৌনাঙ্গে এক ধরনের সাময়িক আকৃতিগত সংকোচনের মুখোমুখি হন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় জিম পরবর্তী এই সাময়িক সংকোচন একেবারেই স্বাভাবিক হলেও, সঠিক ধারণার অভাবে অনেক পুরুষই এ নিয়ে মানসিক দুশ্চিন্তায় পড়েন।   যুক্তরাষ্ট্রের নান্দনিক নার্স প্র্যাকটিশনার ও লাশফুল এস্টেটিকসের প্রতিষ্ঠাতা ক্রিস বুস্তামান্তে সম্প্রতি এই বিষয়ের পেছনের বৈজ্ঞানিক কারণ ব্যাখা করেছেন। তার মতে, ব্যায়াম করার সময় প্রায় সব পুরুষের ক্ষেত্রেই কম-বেশি সাময়িক আকৃতি সংকোচনের ঘটনা ঘটে। কারও ক্ষেত্রে এই পরিবর্তন খুবই সামান্য, আবার কারও ক্ষেত্রে শরীরের সাথে অঙ্গটি অতিরিক্ত গুটিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়।   স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি কোনো স্থায়ী সমস্যা নয় এবং শারীরিক কোনো ক্ষতির কারণও নয়। ভারী ব্যায়াম, কার্ডিও বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের সময় মানুষের শরীর একটি বিশেষ জরুরি বা প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যায়। এই সময়ে শরীরের প্রধান প্রধান পেশি, হ্রদযন্ত্র, ফুসফুস এবং ত্বকে অতিরিক্ত রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। ফলে শরীরের অসংবেদনশীল ও অতিরিক্ত অংশগুলো থেকে রক্ত সঞ্চালন সাময়িকভাবে কমে গিয়ে সচল পেশিগুলোতে রক্ত প্রবাহিত হয়।   ব্যায়াম শেষ করার পর যখন শরীর ধীরে ধীরে ঠাণ্ডা হতে শুরু করে এবং স্নায়ুতন্ত্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন রক্ত সঞ্চালন আবার সর্বত্র সুষমভাবে বণ্টন হয়। সাধারণত জিম শেষ করার কয়েক মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে শরীরের এই অংশটি আগের স্বাভাবিক শিথিল অবস্থায় ফিরে আসে। তবে ব্যায়ামের পর শরীর অতিরিক্ত পানিশূন্য থাকলে, শরীর ঠাণ্ডা পরিবেশের মুখোমুখি হলে কিংবা অতিরিক্ত ক্যাফেইন ও ব্যায়াম পূর্ববর্তী উদ্দীপক পানীয় গ্রহণ করলে এই স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।   ক্রিস বুস্তামান্তে সতর্ক করে বলেন, এই ঘটনার কোনো শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও এটি মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অনেক পুরুষ বিষয়টি নিয়ে লজ্জিত বোধ করেন, জিমের ড্রেসিংরুমে অন্যদের সাথে নিজেদের তুলনা করেন এবং ভাবেন যে তাদের শরীরে কোনো বড় সমস্যা তৈরি হয়েছে। মূলত এই অনাবশ্যক দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগই শারীরিক সমস্যার চেয়ে বড় আকার ধারণ করে।   তবে চিকিৎসকেরা বলছেন, সাধারণ সংকোচন স্বাভাবিক হলেও কিছু বিশেষ লক্ষণের দিকে খেয়াল রাখা জরুরি। যদি ব্যায়াম শেষ করার অনেক পরেও আকৃতি স্বাভাবিক অবস্থায় না ফেরে, নতুন করে কোনো ধরনের ব্যথা অনুভব হয়, শারীরিক অক্ষমতা বা অবশ ভাব দেখা দেয় কিংবা প্রস্রাবে কোনো জটিলতা তৈরি হয়, তবে বিলম্ব না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।   বিশেষজ্ঞদের পরামর্শ হলো, জিমের আয়না বা পোশাক পরিবর্তনের ঘরের সাময়িক পরিবর্তন দেখে নিজেদের শারীরিক সক্ষমতা বা যৌন স্বাস্থ্য বিচার করা মোটেও ঠিক নয়। সঠিক তথ্য জানা থাকলে অনাবশ্যক দুশ্চিন্তা থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২২:১৫
নাজকা লাইনসের দর্শনীয় ফ্লাইট চলাকালে পেরুতে বিধ্বস্ত হয় পর্যটকবাহী বিমান। ছবি: এআই
পেরুতে ইউরোপীয় পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: দুই পাইলটসহ প্রাণ হারালেন ১৩ জন

পেরুর বিখ্যাত নাজকা লাইনস ঘুরে দেখার উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ইউরোপীয় পর্যটক এবং দুজন পেরুর বিমানচালক ও সহকারী বিমানচালক রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।   শনিবার (১ আগস্ট) দক্ষিণ পেরুর নাজকা অঞ্চলের একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। পেরুর প্রতিষ্ঠান অ্যারোডিয়ানার পরিচালিত সেসনা গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটি নাজকা লাইনসের ওপর দিয়ে দর্শনীয় ভ্রমণে ছিল। উড্ডয়নের কিছু সময় পর বিমানটি জরুরি পরিস্থিতির সংকেত পাঠায়। এরপর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে সেটি বিধ্বস্ত হয়।   পেরুর পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন ইতালির নাগরিক, দুজন স্পেনের এবং দুজন জার্মানির নাগরিক ছিলেন। এছাড়া নিহত হয়েছেন বিমানটির পাইলট আমেরিকো সালাজার এবং কো-পাইলট ইরেঙ্কা গুয়ানিলো দেল কার্পিও। দুর্ঘটনায় বিমানের আরোহীদের কেউই বেঁচে যাননি। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিমানটি নাজকা লাইনসের কাছাকাছি একটি এলাকায় ভূপাতিত হওয়ার পর আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছালেও আগুন এবং ক্ষয়ক্ষতির কারণে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।   নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মরুভূমির বিস্তীর্ণ এলাকাজুড়ে অঙ্কিত বিশাল আকৃতির বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও জ্যামিতিক নকশা মূলত আকাশপথ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। প্রতি বছর প্রায় এক লাখ পর্যটক এসব রহস্যময় ভূচিত্র দেখতে সেখানে যান। পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হবে।   দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন যৌথভাবে ঘটনার তদন্ত করছে। একই সঙ্গে অ্যারোডিয়ানার পরিচালিত দর্শনীয় ফ্লাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।   এর আগেও নাজকা লাইনস এলাকায় ছোট পর্যটকবাহী বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে। ফলে এই অঞ্চলে পরিচালিত দর্শনীয় ফ্লাইটগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২২:৪
বিয়ের সপ্তাহেই বড় ধাক্কা খেয়েছে আশেনব্রেনারের প্রতিষ্ঠিত এআই তহবিল। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে রাজকীয় বিয়ের কয়েক দিন আগে ধসে পড়ল ২৪ বছরের তরুণের ৪৫ বিলিয়ন ডলারের এআই তহবিল

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে দ্রুত উত্থান হওয়া ২৪ বছর বয়সী উদ্যোক্তা ও সাবেক ওপেনএআই গবেষক লিওপোল্ড আশেনব্রেনারের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সপ্তাহটি পরিণত হয়েছে বড় সংকটের সময়ে। ক্যালিফোর্নিয়ায় বিয়ের প্রস্তুতি চলার মধ্যেই তার প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হেজ ফান্ড 'সিচুয়েশনাল অ্যাওয়ারনেস' বড় ধরনের আর্থিক ধাক্কার মুখে পড়েছে।   ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের ঋণনির্ভর বিনিয়োগের কারণে তহবিলটির সম্পদের মূল্য দ্রুত কমতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে আশেনব্রেনার বিশ্বের কয়েকটি বড় হেজ ফান্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করতে বাধ্য হন। এর মধ্যে কেন গ্রিফিনের প্রতিষ্ঠান সিটাডেলের কাছে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ বিক্রি করা হয়।   বিনিয়োগকারীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে আশেনব্রেনার জানান, তিনি তার তালিকাভুক্ত শেয়ারের একটি অংশ বিক্রি করেছেন এবং ভবিষ্যতে ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। তার ভাষায়, ভবিষ্যতে তহবিলকে আরও স্থিতিশীল করতে বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনা হবে।   একসময় প্রায় ৪৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ন্ত্রণে থাকা এই তহবিলের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেলেও প্রতিষ্ঠানটি এখনও ১০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করছে। সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে তাদের বড় অংশীদারিত্ব এখনো ধরে রাখা হয়েছে।   জার্মানিতে জন্ম নেওয়া আশেনব্রেনার অল্প বয়সেই প্রযুক্তি অঙ্গনে পরিচিতি পান। মাত্র ১৯ বছর বয়সে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এফটিএক্সে কাজ করেন। পরে ২০২৩ সালে ওপেনএআইতে যোগ দিয়ে সুপারইন্টেলিজেন্স নিয়ে কাজ করা একটি দলে যুক্ত হন। তবে প্রায় এক বছর পর গোপন তথ্য ফাঁসের অভিযোগে তাকে প্রতিষ্ঠানটি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ অস্বীকার করলেও সেই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।   ওপেনএআই ছাড়ার পর তিনি 'সিচুয়েশনাল অ্যাওয়ারনেস: দ্য ডিকেড অ্যাহেড' নামে ১৬৫ পৃষ্ঠার একটি প্রবন্ধ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে লেখা ওই প্রবন্ধ প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচিত হয় এবং অনেক প্রভাবশালী বিনিয়োগকারীর দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে সেই নামেই তিনি হেজ ফান্ড প্রতিষ্ঠা করেন। স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক ও জন কলিসন, ন্যাট ফ্রিডম্যান এবং ড্যানিয়েল গ্রসের মতো প্রযুক্তি উদ্যোক্তারা এই তহবিলে বিনিয়োগ করেন।   বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে অস্থিরতা এবং অতিরিক্ত ঋণনির্ভর বিনিয়োগের ঝুঁকি এই ধসের প্রধান কারণ। বিশেষ করে এআই খাতের শেয়ারের দরপতনের পর ঋণের বিপরীতে অতিরিক্ত অর্থ জমা দেওয়ার চাপ তৈরি হলে তহবিলটি দ্রুত সম্পদ বিক্রিতে বাধ্য হয়।   এদিকে ব্যক্তিগত জীবনে এই সপ্তাহেই ক্যালিফোর্নিয়ার কারমেলে দীর্ঘদিনের সঙ্গী অ্যাভিটাল বালউইটকে বিয়ে করেছেন আশেনব্রেনার। তবে বিয়ের আনন্দের পাশাপাশি এখন তাকে সামাল দিতে হচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত হেজ ফান্ড সংকটও।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২১:৪৬
ক্যালিফোর্নিয়ার সান্তা পলা পাঞ্চ বোলসের প্রাকৃতিক জলস্লাইডে দুর্ঘটনার শিকার হন এক নারী।
ভিডিও বানাতে গিয়ে ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক ওয়াটারস্লাইডে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে আছড়ে পড়লেন তরুণী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভেনচুরা কাউন্টির সান্তা পলা পাঞ্চ বোলস এলাকায় প্রাকৃতিক জলস্লাইডে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে আছড়ে পড়েছেন এক নারী। পুরো ঘটনাটি সেখানে উপস্থিত দর্শনার্থীদের একজনের ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাটির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নারীটি পিচ্ছিল গ্রানাইট পাথরের প্রাকৃতিক জলপথ বেয়ে দ্রুত নিচে নামছিলেন। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানিয়নের খাড়া পাথরের দেয়ালে জোরে আঘাত করেন। এরপর আরও কয়েকবার পাথরে আছড়ে পড়ে নিচের পানিতে গিয়ে থামেন। আশপাশে থাকা দর্শনার্থীরা পুরো ঘটনাটি হতবাক হয়ে দেখছিলেন।   সান্তা পলা পাঞ্চ বোলস লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের ভেতরে সান্তা পলা ক্যানিয়নে অবস্থিত একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনস্থল। সবুজাভ পানির প্রাকৃতিক পুল, পাহাড়ি ঝরনা, উঁচু পাথর থেকে পানিতে লাফ দেওয়া এবং প্রাকৃতিক জলস্লাইডের কারণে এটি সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে। প্রতি বছর হাজারো মানুষ রোমাঞ্চকর অভিজ্ঞতার আশায় সেখানে ভিড় করেন।   তবে সৌন্দর্যের পাশাপাশি এলাকাটি ভেনচুরা কাউন্টির অন্যতম ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক পর্যটনস্থল হিসেবেও পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, ভেজা গ্রানাইট পাথর অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়। এছাড়া পানির নিচে থাকা বড় পাথর, দ্রুত স্রোত, খাড়া পাহাড় এবং দুর্গম ভূখণ্ডের কারণে সেখানে অতীতে বহু গুরুতর দুর্ঘটনা ঘটেছে।   দুর্গম অবস্থানের কারণে দুর্ঘটনার পর উদ্ধারকাজও বেশ কঠিন হয়ে পড়ে। আহত ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই হেলিকপ্টারের মাধ্যমে ক্যানিয়ন থেকে উদ্ধার করতে হয়েছে। গত জুন মাসেই পাঞ্চ বোলস এলাকার কাছে পাহাড়ি পথে পড়ে গিয়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়। সেই ঘটনার পরও কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছিল।   স্থানীয় প্রশাসনের ভাষ্য, পাথর থেকে পানিতে লাফ দেওয়া কিংবা প্রাকৃতিক জলস্লাইডে নামা অনেকের কাছে রোমাঞ্চকর মনে হলেও সামান্য অসাবধানতায় তা প্রাণঘাতী হতে পারে। তাই দর্শনার্থীদের সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   সর্বশেষ ভাইরাল হওয়া ভিডিওটিও সেই সতর্কবার্তাকেই আবার সামনে নিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার অন্যতম মনোরম এই প্রাকৃতিক জলাধার একই সঙ্গে কতটা বিপজ্জনক হতে পারে, সেটিরই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে ঘটনাটি।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২১:২০
স্কটল্যান্ডে মৌমাছির ঝাঁকের হামলায় গুরুতর আহত হন এক মা ও তার দুই বছরের ছেলে। ছবি: সংগৃহীত
হাজার হাজার মৌমাছির হামলা: ১৫০টিরও বেশি কামড় খেয়ে হাসপাতালে মা ও শিশু

স্কটল্যান্ডের ওয়েস্টার রসে হাঁটতে বেরিয়ে হাজারো মৌমাছির ঝাঁকের হামলার শিকার হন এক মা ও তার দুই বছরের ছেলে। শরীরে ১৫০টিরও বেশি হুল ফোটার পর গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার এক বছর পরও তারা মানসিক আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। এ ঘটনাকে কেন্দ্র করে জনসমাগমপূর্ণ স্থানে মৌচাক স্থাপনের নিয়ম কঠোর করার দাবিও উঠেছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস ও পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৯ জুন স্কটল্যান্ডের ওয়েস্টার রসের পুলিউয়ে এলাকায় হাঁটছিলেন রোজি কার্কনেস ও তার দুই বছরের ছেলে জেমি। পথ দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় রোজি রাস্তার পাশে সরে দাঁড়ান। সেখানেই ছিল কয়েকটি মৌচাক, যেখানে মৌপালকেরা কাজ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মাথায় একটি মৌমাছি অনুভব করেন। এরপর মুহূর্তের মধ্যে তার হাত ও শরীর মৌমাছিতে ঢেকে যায় এবং ঝাঁকের আক্রমণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।   পরিস্থিতির মধ্যে ছেলেকে নিয়ে কাছের একটি বাড়িতে আশ্রয় নিতে সক্ষম হন রোজি। বাড়ির মালিক তাদের ভেতরে নিয়ে যান। পরে তিনি রোজির মা সুসান কার্কনেসকে জানান, রাস্তার পাশে ছোট্ট জেমিকে মাথা থেকে পা পর্যন্ত মৌমাছিতে ঢেকে থাকতে দেখার দৃশ্য তিনি কোনো দিন ভুলবেন না। সাহায্য করতে গিয়ে ওই ব্যক্তিও মৌমাছির হুলের শিকার হন।   বাড়ির ভেতরে গোসলের পানিতে শরীর থেকে মৌমাছি সরানোর চেষ্টা চলাকালে ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। এক পর্যায়ে শিশুটি গলায় আটকে থাকা মৌমাছির কারণে বমি করতে শুরু করে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাদের কিডনির জটিলতা, বিষক্রিয়াজনিত পেশির খিঁচুনি, তীব্র ফোলাভাব এবং ত্বকের সংক্রমণের চিকিৎসা দিতে হয়েছে।   ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাবও পড়েছে তাদের জীবনে। চিকিৎসকদের মূল্যায়নে মা ও ছেলে দুজনই পরবর্তীতে আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যায় (পিটিএসডি) আক্রান্ত হন। রোজি আগে থেকেই কিছু অ্যালার্জির কারণে জরুরি ইনজেকশন সঙ্গে রাখতেন। এই ঘটনার পর ভবিষ্যতে মৌমাছির হুল আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।   রোজির মা সুসান কার্কনেস এই ঘটনাকে "ভয়ের চলচ্চিত্রের দৃশ্যের মতো" বলে বর্ণনা করেছেন। ঘটনার প্রায় এক বছর পর তিনি স্কটিশ পার্লামেন্টে একটি আবেদন জমা দেন। সেখানে জনসমাগমপূর্ণ স্থানে নতুন নিরাপত্তা আইন কার্যকর না হওয়া পর্যন্ত মৌচাক স্থাপনে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপত্তা বেষ্টনী এবং জনপথ থেকে নির্দিষ্ট দূরত্বে মৌচাক রাখার বিধান চালুর দাবি জানানো হয়েছে।   আবেদনে সুসান অভিযোগ করেন, ঘটনার সময় মৌপালকেরা মৌচাকে কাজ করলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা বেষ্টনী ছিল না। মৌমাছিগুলো উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণ শুরু করলে তার মেয়ে ও নাতি হামলার মুখে পড়েন। তিনি আরও দাবি করেন, মৌপালক তার মেয়ের চিৎকার শুনলেও সাহায্য করতে এগিয়ে আসেননি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মৌপালকের কোনো বক্তব্য প্রকাশিত হয়নি।   এদিকে স্কটিশ মৌপালক সমিতি জানিয়েছে, জনপথ বা শিশুদের চলাচলের কাছাকাছি মৌচাক না রাখাই নিরাপদ। পাশাপাশি স্কটিশ সরকার বলেছে, মৌমাছির কারণে জনসাধারণের ক্ষতি বা ঝুঁকি সৃষ্টি হলে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২১:৬
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ছবি: সংগৃহীত
ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, অথচ বাইরে আফ্রিকার কয়েকটি দরিদ্র দেশ: কোন ভিত্তিতে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের?

মার্কিন সরকারের নতুন ভিসা বন্ড কর্মসূচিতে বাংলাদেশের নাম থাকলেও আফ্রিকার কয়েকটি নিম্ন আয়ের দেশ সেই তালিকার বাইরে রয়েছে। তালিকা প্রকাশের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসী ও ভিসাপ্রত্যাশীদের মধ্যে প্রশ্ন উঠেছে কোন ভিত্তিতে এই দেশগুলো নির্বাচন করেছে যুক্তরাষ্ট্র? অর্থনৈতিক অবস্থান, নাকি অন্য কোনো মানদণ্ড?   মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১/বি-২) ইস্যুর সময় কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য ভিসা বন্ডের শর্ত আরোপ করতে পারবেন। তবে এই নিয়ম তালিকাভুক্ত দেশের সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়; প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হবে।   তালিকায় বাংলাদেশের পাশাপাশি নাইজেরিয়া, ইথিওপিয়া, উগান্ডা, মোজাম্বিক, বুরুন্ডিসহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। কিন্তু বিশ্বের নিম্ন আয়ের দেশ হিসেবে পরিচিত নাইজার, লাইবেরিয়া, মালি, চাদ ও মাদাগাস্কারের মতো কয়েকটি আফ্রিকান দেশ এই তালিকায় নেই। এখান থেকেই শুরু হয়েছে আলোচনা।   প্রথম দেখায় মনে হতে পারে, অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোই হয়তো ভিসা বন্ডের আওতায় আসবে। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত নীতিমালা ভিন্ন চিত্র তুলে ধরে। সেখানে কোথাও বলা হয়নি যে কোনো দেশের দারিদ্র্য, মাথাপিছু আয় বা অর্থনৈতিক অবস্থাই তালিকা তৈরির প্রধান ভিত্তি।   মার্কিন সরকারের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির লক্ষ্য হলো ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার কমানো। এজন্য কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা (ভিসা ওভারস্টে), অভিবাসন আইন মেনে চলার রেকর্ড, নিজ দেশের নাগরিকদের প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা, পরিচয় ও নথি যাচাইয়ের সক্ষমতা, কনস্যুলার ঝুঁকি এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মূল্যায়ন।   অর্থাৎ, একই ধরনের অর্থনৈতিক অবস্থানে থাকা দুটি দেশের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত হতে পারে, যদি তাদের অভিবাসন-সংক্রান্ত ঝুঁকি বা ভিসা ব্যবহারের রেকর্ড এক না হয়। এই কারণেই বাংলাদেশ তালিকায় থাকলেও কিছু নিম্ন আয়ের আফ্রিকান দেশ বাইরে থাকতে পারে।   এখানে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। ভিসা বন্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া মানেই ওই দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এমন ধারণা সঠিক নয়। স্টেট ডিপার্টমেন্ট বলছে, কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে কনস্যুলার কর্মকর্তা ভিসা বন্ডের শর্ত আরোপ করতে পারবেন। আবেদনকারী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে জমা রাখা অর্থ ফেরত দেওয়া হবে।   এই কর্মসূচি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। পরবর্তী মূল্যায়নে এটিকে কার্যকর বলে বিবেচনা করার পর যুক্তরাষ্ট্র সরকার স্থায়ী নীতির অংশ হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বন্ডের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে এবং তা সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।   তবে নতুন নীতিকে ঘিরে বিতর্কও রয়েছে। অভিবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের মতে, উচ্চ অঙ্কের ভিসা বন্ড অনেক বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী, ব্যবসায়ী বা পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। তাদের আশঙ্কা, এতে বৈধ ভ্রমণ নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি রয়েছে।   সব মিলিয়ে, বাংলাদেশ তালিকায় রয়েছে অথচ আফ্রিকার কয়েকটি নিম্ন আয়ের দেশ নেই এটি অর্থনৈতিক সক্ষমতার পার্থক্যের কারণে নয় বলে মার্কিন সরকারের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। সরকারি ব্যাখ্যা অনুযায়ী, তালিকাটি প্রস্তুত করা হয়েছে অভিবাসন আইন মেনে চলার রেকর্ড, ভিসা ওভারস্টে প্রবণতা, প্রত্যাবাসনে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তাসহ একাধিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে। ফলে কোনো দেশ তালিকায় থাকা বা না থাকা সেই দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার প্রতিফলন নয়; বরং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির আওতায় করা একটি প্রশাসনিক ঝুঁকি মূল্যায়নের ফল।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২০:৪৭
জুলাই মাসে আইসের হাতে আটক হয়েছেন ৪৬ হাজারের বেশি অভিবাসী। ছবি: সংগৃহীত
অভিবাসনে কড়াকড়ি আরও বেড়েছে, জুলাইয়ে আইস এর হাতে আটক ৪৬ হাজারের বেশি অভিবাসী

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। জুলাই মাসে দেশজুড়ে ৪৬ হাজারের বেশি মানুষকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস), যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক মাসে সর্বোচ্চ আটকের রেকর্ড। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের আটকের সংখ্যা জুন মাসের তুলনায়ও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে আইস এর হেফাজতে প্রায় ৬৮ হাজার ব্যক্তি রয়েছেন, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেশজুড়ে অভিবাসন আইন প্রয়োগ আরও জোরদারের নির্দেশনার পরই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।   সাম্প্রতিক সময়ে আইস এর অভিযান শুধু কর্মস্থল বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। বিমানবন্দর, অভিবাসন চেক-ইন অফিস, ট্রাফিক স্টপ, আদালত প্রাঙ্গণ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে বৈধ কাগজপত্র না থাকা বা অভিবাসন সংক্রান্ত জটিলতায় থাকা অনেক অভিবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে।   বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরেও অভিবাসন যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, যাদের অভিবাসন মামলা চলমান বা যাদের বৈধ অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তারা ভ্রমণের আগে আইনি পরামর্শ নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।   এদিকে ট্রাম্প প্রশাসন তিন লাখের বেশি হাইতিয়ান অভিবাসীর টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিলের সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এর ফলে এসব অভিবাসীর একটি বড় অংশ বহিষ্কারের ঝুঁকির মধ্যে পড়তে পারেন, যদি তারা অন্য কোনো বৈধ অভিবাসন সুবিধা অর্জন করতে না পারেন।   অভিযান জোরদারের মধ্যেই গত মাসে টেক্সাস ও মেইনে পৃথক ঘটনায় আইস কর্মকর্তাদের গুলিতে দুই অভিবাসীর মৃত্যুর ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুটি ঘটনাই এখনও তদন্তাধীন রয়েছে।   হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, বর্তমান প্রশাসনের অভিযানের ফলে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। বিভাগের তথ্যমতে, এর মধ্যে আনুমানিক ২২ লাখ ব্যক্তি স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন। একই সময়ে ৯ লাখ ৮৫ হাজারের বেশি ব্যক্তিকে বহিষ্কার এবং ১০ লাখের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।   তবে এসব পরিসংখ্যান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিজস্ব তথ্য। এগুলোর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিবাসন আইনজীবীদের মতে, প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন আইন প্রয়োগের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে যাদের অভিবাসন আবেদন বিচারাধীন, যাদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা অন্যান্য অস্থায়ী সুবিধা রয়েছে, কিংবা যাদের বৈধ অবস্থান নিয়ে কোনো জটিলতা আছে, তাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২০:৩৪
যুক্তরাষ্ট্রে ফুল কভারেজ গাড়ি বিমা মিলছে মাসে ১৫১ ডলারে, প্রকাশিত হলো সাশ্রয়ী কোম্পানির তালিকা
যুক্তরাষ্ট্রে ফুল কভারেজ গাড়ি বিমা মিলছে মাসে ১৫১ ডলারে, প্রকাশিত হলো সাশ্রয়ী কোম্পানির তালিকা

গাড়ি বিমার খরচ প্রতিনিয়ত বাড়ছে, আর তাই প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ করতে চান না কেউই। সাশ্রয়ী মূল্যে সঠিক কভারেজ পেতে বিভিন্ন কোম্পানির বিমার হারের মধ্যে তুলনা করা অত্যন্ত জরুরি। গ্রাহকদের এই তুলনা করার প্রক্রিয়াকে আরও সহজ করতে স্যাভি ইন্স্যুরেন্স সলিউশনস (Savvy Insurance Solutions)-এর ডেটার ওপর ভিত্তি করে ২০২৬ সালের সবচেয়ে সাশ্রয়ী গাড়ি বিমা কোম্পানিগুলোর একটি তালিকা তৈরি করেছে ইয়াহু ফাইন্যান্স। এতে বয়স, ড্রাইভিং রেকর্ড এবং কভারেজের ধরনের ওপর ভিত্তি করে বিমা কোম্পানিগুলোর রেট বিশ্লেষণ করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ কভারেজ বা ফুল কভারেজ বিমার ক্ষেত্রে ‘আমেরিকান ফ্যামিলি’ এবং ‘ফার্ম ব্যুরো’ মাসিক মাত্র ১৫১ ডলারে সবচেয়ে সাশ্রয়ী সুবিধা দিচ্ছে। ফুল কভারেজ বলতে সাধারণত লায়াবিলিটি, কলিশন এবং কমপ্রিহেনসিভ বিমার সমন্বয়কে বোঝায়। অন্যদিকে, শুধুমাত্র লায়াবিলিটি বা দায়বদ্ধতা বিমার ক্ষেত্রেও এই দুটি কোম্পানি যথাক্রমে ৮৯ ও ৯০ ডলারে সবচেয়ে সস্তা প্রিমিয়াম অফার করছে। বয়স ও রেকর্ডের ওপর ভিত্তি করেও বিমার হার পরিবর্তিত হয়; যেমন—কিশোর চালকদের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় তাদের প্রিমিয়াম বেশি হয়, যেখানে ‘দ্য হার্টফোর্ড’ মাসিক ২৩৬ ডলারে তাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ দিচ্ছে।   আবার ৫০ থেকে ৭০ বছর বয়সী প্রবীণ চালক এবং যাদের বিগত তিন বছরে কোনো দুর্ঘটনা বা ট্রাফিক আইন ভঙ্গের রেকর্ড নেই, তাদের জন্য এই কোম্পানিগুলো তুলনামূলক অনেক কম খরচে বিমা সুবিধা প্রদান করে থাকে। এমনকি একবার দুর্ঘটনা বা স্পিডিং টিকিট পেলেও তুলনামূলক সাশ্রয়ী রেট পাওয়ার সুযোগ রয়েছে।   বিমার মাসিক খরচ কমানোর জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, তাৎক্ষণিক খরচ বাঁচাতে শুধু লায়াবিলিটি কভারেজ না নিয়ে দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য কলিশন ও কমপ্রিহেনসিভ বিমা যুক্ত করা উচিত। এছাড়া বিমার ডিডাক্টিবল বা নিজের পকেট থেকে প্রাথমিক খরচের পরিমাণ ২০০ ডলার থেকে বাড়িয়ে ৫০০ ডলার করলে প্রিমিয়ামের হার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।   একই সঙ্গে একাধিক কোম্পানির রেট যাচাই করা, মাল্টি-পলিসি, নিরাপদ চালক, ভালো শিক্ষার্থী বা কম মাইলেজের মতো বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করার মাধ্যমে খরচ কমানো সম্ভব। শুধুমাত্র মাসিক প্রিমিয়ামের দিকে নজর না দিয়ে প্রতি বছর পলিসি নবায়নের আগে বর্তমান কভারেজ পর্যালোচনা করলে গ্রাহকরা সহজেই তাদের বিমার খরচ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২০:৭
(ডান থেকে): এমডি এন. ইসলাম ও মোহাম্মদ জেড. ইসলাম(ছবি: রিভারসাইড টাউনশিপ পুলিশ বিভাগ)
যুক্তরাষ্ট্রে ব্যাংকের নিরাপত্তাকর্মী সেজে ২৫ হাজার ডলার প্রতারণা, নিউ জার্সিতে গ্রেপ্তার দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের রিভারসাইড টাউনশিপে ব্যাংকের নিরাপত্তাকর্মী পরিচয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চুরির অভিযোগে (থার্ড ডিগ্রি থেফট বাই ডিসেপশন) মামলা দায়ের করা হয়েছে।   রিভারসাইড টাউনশিপ পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর কম্পিউটারে একটি ভুয়া সতর্কবার্তা বা পপ-আপ আসে। সেখানে দাবি করা হয়, তার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সহায়তার জন্য একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে বলা হয়। ওই নম্বরে ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা বিভাগের সদস্য হিসেবে পরিচয় দেন।   প্রতারক ভুক্তভোগীকে জানায়, তার কম্পিউটারের সমস্যার কারণে ব্যাংকের নেটওয়ার্ক ঝুঁকির মধ্যে পড়েছে এবং বিষয়টি এফবিআই পর্যন্ত গড়াতে পারে। কথিত সেই ঝুঁকি এড়াতে তাকে ব্যাংক থেকে ২৫ হাজার ডলার নগদ তুলে বাড়ির বাইরে একটি বাক্সে রেখে দিতে বলা হয়, যাতে ব্যাংকের নিরাপত্তা কর্মীরা এসে অর্থ সংগ্রহ করতে পারেন।   পুলিশ জানায়, নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী ২৫ হাজার ডলার নগদ তুলে নির্ধারিত স্থানে রেখে দেন। কিছুক্ষণ পর একজন এসে সেই অর্থ নিয়ে চলে যায়। পরে প্রতারক চক্র আবার যোগাযোগ করে আরও ৩০ হাজার ডলার দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হয়। এরপর তিনি বিষয়টি রিভারসাইড টাউনশিপ পুলিশকে জানান।   অভিযোগ পাওয়ার পর পুলিশের গোয়েন্দারা ভুক্তভোগীর সহযোগিতায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন এবং আরও অর্থ দেওয়ার নামে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেন। নির্ধারিত সময়ে অর্থ নিতে এলে ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম এমডি এন. ইসলাম (৪৮) এবং মোহাম্মদ জেড. ইসলাম (৫৮)। পুলিশের তথ্য অনুযায়ী, এমডি এন. ইসলাম নিউ জার্সির এগ হারবার টাউনশিপ এবং মোহাম্মদ জেড. ইসলাম ওয়েস্টভিল এলাকার বাসিন্দা। আদালতে হাজিরার সমনের শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।   বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জেড. ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং এমডি এন. ইসলামের বাড়ি নড়াইল জেলায়। তবে এই তথ্য রিভারসাইড টাউনশিপ পুলিশ বা মার্কিন মূলধারার সংবাদমাধ্যম প্রকাশ করেনি এবং স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।   পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তি সহায়তা কর্মী কিংবা সরকারি সংস্থার প্রতিনিধি পরিচয়ে ফোন করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, কোনো ব্যাংক বা সরকারি সংস্থা কখনো গ্রাহককে ফোন করে নগদ অর্থ তুলে নির্দিষ্ট স্থানে রেখে যেতে বলে না। এ ধরনের নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে যোগাযোগ এবং স্থানীয় পুলিশকে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।   রিভারসাইড টাউনশিপ পুলিশ একই ধরনের প্রতারণার শিকার ব্যক্তি বা এ ঘটনার বিষয়ে তথ্য জানা থাকলে তাদের গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে এবং প্রয়োজনে অভিযোগে নতুন তথ্য যুক্ত হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৯:৪৯
যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদ কমেছে, কিন্তু রিফাইন্যান্সিংয়ের আগে জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ বিষয়
যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদ কমেছে, কিন্তু রিফাইন্যান্সিংয়ের আগে জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ বিষয়

গত বছরের মে মাসের পর থেকে আমেরিকায় বন্ধকী ঋণের সুদের হার আধা শতাংশেরও বেশি কমেছে। এর ফলে গৃহঋণ পুনঃঅর্থায়ন বা 'রিফাইন্যান্সিং'-এর আবেদন বছরের ব্যবধানে ৬২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০২৫ সালে তিনবার সুদের হার কমালেও ২০২৬ সালে এসে পর্যবেক্ষণমূলক অবস্থান বা 'ওয়েট অ্যান্ড সি' নীতি গ্রহণ করেছে। তবে বন্ড মার্কেটের ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের আয়ের ওপর ভিত্তি করে বন্ধকী ঋণের সুদের হার কিছুটা নিম্নমুখী রয়েছে। বন্ধকী বাজার বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এবং ২০২৭ সালজুড়ে এই সুদের হার ৬ শতাংশের কাছাকাছি অবস্থান করতে পারে, যা দেশটির বিগত ৫০ বছরের গড় সুদের হার ৭.৫ শতাংশের চেয়ে কম।   বিশেষজ্ঞদের মতে, বন্ধকী ঋণ রিফাইন্যান্স করার সিদ্ধান্ত নেওয়ার আগে কেবল সুদের হারের কমার ওপর নির্ভর না করে মূলত পাঁচটি প্রধান ধাপ অনুসরণ করা উচিত। প্রথমত, নিজের বর্তমান সুদের হার, মাসিক কিস্তি ও ক্রেডিট স্কোর স্পষ্টভাবে জানতে হবে। দ্বিতীয়ত, বিদ্যমান ঋণের ভারসাম্য পুনঃঅর্থায়ন করবেন নাকি ক্যাশ-আউট রিফাইন্যান্সের মাধ্যমে অতিরিক্ত নগদ অর্থ তুলবেন তা নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, বিদ্যমান ঋণের সমান বা কম মেয়াদে পুনঃঅর্থায়ন করা বুদ্ধিমানের কাজ। চতুর্থত, রিফাইন্যান্সের ক্ষেত্রে প্রসেসিং ও ক্লোজিং ফি বাবদ মোট ঋণের ২ থেকে ৬ শতাংশ খরচ হতে পারে, যার আগাম ধারণা নেওয়া প্রয়োজন। সবশেষে, প্রতি মাসের সাশ্রয় দিয়ে এই ফি তুলতে কত সময় লাগবে বা 'ব্রেক-ইভেন পয়েন্ট' হিসাব করতে হবে—যদি ওই বাড়িতে অবস্থানের সময়সীমা ব্রেক-ইভেন সময়ের চেয়ে বেশি হয়, তবেই রিফাইন্যান্স করা লাভজনক হবে।   আমেরিকায় প্রায় ৮০ শতাংশ বাড়িওয়ালার বন্ধকী ঋণের সুদের হার বর্তমানে ৬ শতাংশ বা তার নিচে এবং অর্ধেকেরও বেশি মানুষের সুদের হার ৪ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, যাদের মূল ঋণের সুদের হার ইতোমধ্যে বেশ কম, তাদের জন্য সম্পূর্ণ ঋণ রিফাইন্যান্স না করে 'হোম ইকুইটি লাইন অব ক্রেডিট' (HELOC) ব্যবহার করা বেশি সুবিধাজনক হতে পারে। এতে কম সুদের মূল ঋণ অপরিবর্তিত রেখেও বাড়ির জমানো ইকুইটি থেকে প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ তুলে ব্যবহার করা সম্ভব হয়। মধ্যপ্রাচ্য সংঘাত ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি পুনরায় বাড়ার ঝুঁকি থাকায় বন্ড মার্কেট ও সুদের হারে ওঠানামা অব্যাহত থাকতে পারে, তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব গাণিতিক হিসাব ও আর্থিক সক্ষমতা যাচাই করাই শ্রেয়।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৯:২৩
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইসরাইল, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৬.৫ ডিগ্রিতে
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইসরাইল, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৬.৫ ডিগ্রিতে

তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা ইসরাইল। চলমান এই গ্রীষ্মকালীন তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে দেশটিতে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, গ্যালিলি সাগর সংলগ্ন এলাকাগুলোতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া জর্ডান উপত্যকায় এই তীব্রতা আরও ভয়াবহ রূপ নিয়ে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।   রোববার (২ আগস্ট) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পার্বত্য ও অভ্যন্তরীণ এলাকাগুলোতে আবহাওয়া চরম শুষ্ক ও উত্তপ্ত থাকবে। অন্যদিকে, উপকূলীয় সমভূমি অঞ্চলে আর্দ্রতা তুলনামূলক বেশি অনুভূত হবে। এর ফলে দেশজুড়ে তাপজনিত অস্বস্তি মারাত্মক আকার ধারণ করতে পারে। বিকাল থেকে বিশেষ করে পাহাড় ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে জোরালো বাতাস বইতে পারে। এর আগে শনিবারও দেশটিতে তাপমাত্রার তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যায়। এদিন জর্ডান উপত্যকার গিলগাল, ক্যাপারনাউম এবং বেইত শিয়ানে সর্বোচ্চ ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমনকি জেরুজালেমের পুরোনো শহরে ৩৬.১ ডিগ্রি এবং এর পাদদেশের এলাকাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছিল।   তুলনামূলকভাবে উপকূলীয় সমভূমিতে চরম তাপপ্রবাহ সরাসরি আঘাত না হানলেও সেখানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং বাতাসে ৭৫ শতাংশ পর্যন্ত আর্দ্রতা বিরাজ করবে, যা মারাত্মক ভ্যাপসা গরম তৈরি করবে। তবে সোমবার থেকে পাহাড় ও অভ্যন্তরীণ এলাকায় তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও আবহাওয়া স্বাভাবিকের চেয়ে উত্তপ্তই থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। সবশেষে বুধবার সকালের মেঘ কেটে যাওয়ার পর পাহাড় ও অভ্যন্তরীণ এলাকায় তাপমাত্রা কমে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক বা মৌসুমী অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৯:২
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নি হত ২
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নি হত ২

রেকর্ড তাপমাত্রা ও দীর্ঘ খরার কারণে সৃষ্ট ভয়াবহ দাবানলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। গ্রীষ্মের এই চরম বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে গ্রিস, ফ্রান্স, স্পেন ও হাঙ্গেরির মতো দেশগুলো। এর মধ্যে গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।   গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় আগুন নেভানোর সময় আকাশে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনায় একটি হেলিকপ্টারে থাকা গ্রিক ও ডেনিশ নাগরিক ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে অন্য হেলিকপ্টারে থাকা একজন গ্রিক ও একজন ব্রিটিশ নাগরিক অলৌকিকভাবে বেঁচে গেছেন। ঠিক কী কারণে আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা উদঘাটনে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   এদিকে, বোয়োটিয়া অঞ্চল থেকে শুরু হওয়া আগুন বাতাসের তীব্রতায় দ্রুত আতিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ভয়াবহ এই দাবানলে ইতোমধ্যে ওই এলাকার প্রায় ১০০টিরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি পবন বিদ্যুৎ কেন্দ্র থেকে মূল গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বেসরকারি লাইনে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই এই আগুনের সূত্রপাত। কর্তব্যে অবহেলার অভিযোগে এ ঘটনায় দুই গ্রিক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।   দাবানল পরিস্থিতির আরও অবনতি হওয়ায় মেগারা শহরের দিকে আগুন দ্রুত অগ্রসর হচ্ছে। প্রায় ৩০ হাজার মানুষের বসবাস থাকা এই শহর এবং এর আশপাশের এলাকায় চরম সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। একইসঙ্গে জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার বেশ কয়েকটি এলাকাও ইতোমধ্যে খালি করে দেওয়া হয়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৮:৪৮
বিশ্বের অন্যতম ধনী দেশ, তবুও অর্ধেকের বেশি আমেরিকানের ৫০০ ডলারের জরুরি খরচ মেটানোর সামর্থ্য নেই
বিশ্বের অন্যতম ধনী দেশ, তবুও অর্ধেকের বেশি আমেরিকানের ৫০০ ডলারের জরুরি খরচ মেটানোর সামর্থ্য নেই

যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি কর্মী হঠাৎ করে আসা ৫০০ ডলারের জরুরি খরচ নিজেদের সঞ্চয় থেকে মেটাতে অক্ষম। সম্প্রতি কর্মস্থলের জরুরি সঞ্চয় অ্যাকাউন্ট প্রদানকারী প্রতিষ্ঠান সিকিউরসেভ (SecureSave)-এর ২০২৬ সালের 'ফাইন্যান্সিয়াল স্ট্রেস সার্ভে'-তে আমেরিকান ভোক্তাদের স্বল্পমেয়াদী সঞ্চয় অভ্যাসের এই চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। জরিপের তথ্যমতে, ২৬ শতাংশ উত্তরদাতার কোনো জরুরি সঞ্চয় নেই এবং ৬৭ শতাংশের কাছে তিন মাসেরও কম সময়ের খরচ জমানো রয়েছে। এক্ষেত্রে নারীদের আর্থিক অবস্থা তুলনামূলক বেশি নাজুক; যেখানে ৩৭ শতাংশ পুরুষের এক মাসেরও কম জরুরি সঞ্চয় রয়েছে, সেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ।   সঞ্চয়ের এই চরম ঘাটতির কারণে আমেরিকানরা মারাত্মক আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ কর্মী জানিয়েছেন, গত ছয় মাসে তারা চিকিৎসা, খাবার বা গাড়ি মেরামতের মতো অতিপ্রয়োজনীয় খরচগুলো বাধ্য হয়ে বাদ দিয়েছেন। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ৫৬ শতাংশ মানুষ মাঝারি থেকে উচ্চমাত্রার মানসিক ও আর্থিক চাপে ভুগছেন। সিকিউরসেভ-এর সহ-প্রতিষ্ঠাতা সুজ ওরমান এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, গাড়ি মেরামতের মতো কারণে কারও খাবার বা চিকিৎসায় ছাড় দেওয়া উচিত নয়। তার মতে, জরুরি সঞ্চয় কোনো বিলাসিতা নয়, বরং এটি জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করার অন্যতম হাতিয়ার।   এই আর্থিক টানাপোড়েন কর্মীদের পেশাগত জীবনেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় ৩৮ শতাংশ কর্মী গত ছয় মাসে আর্থিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন এবং ২৮ শতাংশ স্বীকার করেছেন যে আর্থিক জরুরি অবস্থা তাদের কাজের মান কমিয়ে দিয়েছে। সিকিউরসেভ-এর আরেক সহ-প্রতিষ্ঠাতা ডেভিন মিলার জানান, আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগা লাখো কর্মীর জন্য হঠাৎ গাড়ি নষ্ট হওয়া বা অপ্রত্যাশিত চিকিৎসা ব্যয় এমন এক ধাক্কা, যা তাদের ঋণ নিতে বা অবসরের সঞ্চয় ভাঙতে বাধ্য করে। জরিপে দেখা গেছে, ২৫ শতাংশ মানুষ ইতোমধ্যে দীর্ঘমেয়াদী সঞ্চয় থেকে অর্থ তুলে নিয়েছেন বা জমানো কমিয়ে দিয়েছেন। এমনকি ১৪ শতাংশ কর্মী মনে করছেন তারা হয়তো কখনোই অবসরে যেতে পারবেন না।   এই চরম পরিস্থিতি থেকে উত্তরণে কর্মীরা এখন নিয়োগকর্তাদের সহায়তা প্রত্যাশা করছেন। ৬৭ শতাংশ কর্মী মনে করেন, জরুরি সঞ্চয় তহবিলে নিয়োগকর্তার পক্ষ থেকে বার্ষিক ২০০ ডলারের অনুদান তাদের আর্থিক চাপ কমিয়ে কাজের মান বাড়াতে সাহায্য করবে। ৫৯ শতাংশ কর্মী জানান, এমন সুবিধা পেলে বর্তমান কর্মস্থলে তাদের টিকে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। সিকিউরসেভ-এর গবেষণায় দেখা গেছে, নিয়োগকর্তা-স্পনসরড জরুরি সঞ্চয় কর্মসূচির ইতিবাচক প্রভাব রয়েছে; যার ফলে গত এক বছরে কর্মীদের গড় জরুরি সঞ্চয়ের পরিমাণ প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুনের ৮২৯ ডলার থেকে ২০২৬ সালের জুনে ৯২৬ ডলারে উন্নীত হয়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৮:৩৭
যুক্তরাষ্ট্রে আকাশছোঁয়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে দিশেহারা মানুষ, বাধ্য হয়ে করতে হচ্ছে একাধিক কাজ
যুক্তরাষ্ট্রে আকাশছোঁয়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে দিশেহারা মানুষ, বাধ্য হয়ে করতে হচ্ছে একাধিক কাজ

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ থাকলেও বর্তমানে কেবল একটি চাকরির আয় দিয়ে স্বচ্ছন্দে জীবন যাপন করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, খাবার, স্বাস্থ্যসেবা ও গাড়িসহ দৈনন্দিন অন্যান্য খরচের অস্বাভাবিক বৃদ্ধি সামাল দিতে গিয়ে আমেরিকানরা এখন তাদের মূল পেশার পাশাপাশি দ্বিতীয় আয়ের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।   ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। জরিপ অনুযায়ী, দেশটির ৫৮ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন যে, আগের বছরের তুলনায় ক্রমাগত বাড়তে থাকা পণ্যের দাম তাদের আর্থিক অবস্থাকে চরম নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এমনকি ১৬ শতাংশ মানুষ আগের মাসের সব বিল পরিশোধ করতেও ব্যর্থ হয়েছেন।   এই তীব্র আর্থিক চাপের কারণে অনেকেই এখন সন্ধ্যার পর বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অতিরিক্ত কাজ করছেন। বাড়তি আয়ের আশায় কেউ রাইড শেয়ারিং বা খাবার ডেলিভারির কাজ করছেন, আবার কেউবা ফ্রিল্যান্সিং ও বিভিন্ন খণ্ডকালীন পেশায় যুক্ত হচ্ছেন। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে, নাগরিকদের জন্য এখন আর শুধু আয় বাড়ানোই মূল লক্ষ্য নয়, বরং প্রতিনিয়ত বাড়তে থাকা জীবনযাত্রার খরচের সঙ্গে কোনোমতে তাল মিলিয়ে চলাই পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফেডারেল রিজার্ভের তথ্যে আরও জানা যায়, গত এক বছরে ৫৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক অন্তত একটি বড় ধরনের অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে, ৪০০ ডলারের মতো জরুরি খরচ সহজে সামলাতে পারবেন—এমন মানুষের সংখ্যা মাত্র ৬৩ শতাংশ। সার্বিক পরিস্থিতি থেকে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রে এখন দ্বিতীয় চাকরি আর কোনো বাড়তি আয়ের শখ বা সুবিধা নয়, বরং ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করে টিকে থাকার এক অনিবার্য উপায় হয়ে উঠেছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৮:৪
মোক্র্যাট আইনপ্রণেতা মার্সি কাপ্তুর
যুক্তরাষ্ট্রের হাইওতে গাড়ি দুর্ঘটনায় আহত ৮০ বছরের মার্কিন আইনপ্রণেতা মার্সি কাপ্তুর

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রবীণ ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্সি কাপ্তুর। ৮০ বছর বয়সী এই মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রবিবার সকালে চার্চে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার আঘাত জীবনসংহারী বা গুরুতর নয়। দুর্ঘটনার পর তিনি পুরোপুরি সজাগ ও সক্রিয় রয়েছেন বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যম ও টলেডো পুলিশের দেওয়া তথ্যমতে, রবিবার স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে দুটি গাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এটিকে একটি ‘হিট-অ্যান্ড-রান’ বা ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। ঘটনার সময় কংগ্রেসওম্যান মার্সি কাপ্তুর গাড়ির যাত্রী আসনে বসা ছিলেন। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া অপর গাড়িটির চালককে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।   মার্কিন প্রতিনিধি পরিষদের রেকর্ড অনুযায়ী, মার্সি কাপ্তুর দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী আইনপ্রণেতা। দীর্ঘ ৪৩ বছর ধরে তিনি প্রতিনিধি পরিষদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন শরৎকালীন নির্বাচনে ওহাইও আইনসভার সাবেক রিপাবলিকান সদস্য ডেরেক মেরিনের বিপরীতে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে এই প্রবীণ রাজনীতিবিদের।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৭:৪৩
ছবি: সংসদ সদস্য আলহাজ্জ্ব ফখরুল ইসলাম (সংগৃহীত)
যুক্তরাষ্ট্র সফরে নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্জ্ব ফখরুল ইসলামকে মেরিল্যান্ডে গণসংবর্ধনা

বাংলাদেশের নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ফখরুল ইসলামের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে মেরিল্যান্ডে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মেরিল্যান্ডসহ আশপাশের অঙ্গরাজ্যের কমিউনিটির সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।   মেরিল্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল জানান, আগামী ৮ আগস্ট, শনিবার সন্ধ্যা ৬টায় বাল্টিমোরের মেহফিল কারাহি কাবাব রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ভেন্যু ৬৯০১ সিকিউরিটি বুলেভার্ড, বাল্টিমোর, মেরিল্যান্ড ২১২৪৪।   মেরিল্যান্ড স্টেট বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’। মোহাম্মদ কাজল আরও জানান, যুক্তরাষ্ট্র সফররত এমপি ফখরুল ইসলামের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।   আয়োজকরা জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহিদ খান চৌধুরী এবং সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কাজল। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন তানভীর হাসান।   আয়োজকরা আরও জানান, মেরিল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।   নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে আলহাজ্জ্ব ফখরুল ইসলামের এ যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। আয়োজকদের মতে, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।   আয়োজকরা আরও মনে করছেন, এ ধরনের আয়োজন দেশের জনপ্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিষয়, প্রবাসীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। মেরিল্যান্ড ছাড়াও ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়া, ডেলাওয়্যার এবং আশপাশের অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৭:৩৬
অ্যারিজোনায় বাবাই অপহরণ করলেন ১১ দিনের সন্তান, ২০০ মাইল দূরে উদ্ধার করল পুলিশ
অ্যারিজোনায় বাবাই অপহরণ করলেন ১১ দিনের সন্তান, ২০০ মাইল দূরে উদ্ধার করল পুলিশ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অপহরণের শিকার হওয়া ১১ দিন বয়সী এক নবজাতককে প্রায় ২০০ মাইল দূর থেকে সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সারপ্রাইজ শহরের নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশের ব্যাপক তল্লাশি ও শ্বাসরুদ্ধকর অভিযান শুরু হয়। সারপ্রাইজ পুলিশের লেফট্যানেন্ট টিম ক্লার্কোস্কি জানিয়েছেন, শিশুটিকে অপহরণের মূল সন্দেহভাজন ছিলেন তার নিজের বাবা, যার কাছে সন্তানের আইনি অভিভাবকত্বের কোনো অধিকার ছিল না। কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি কারও কোনো ধরনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিলেন।   অপহরণের খবর প্রকাশ্যে আসার পরপরই পুলিশ দ্রুত একটি জরুরি ‘অ্যাটেম্পট টু লোকেট’ (খুঁজে বের করার প্রচেষ্টা) অ্যালার্ট জারি করে। এই সতর্কবার্তা পেয়ে নাভাজো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং অ্যারিজোনা স্টেট ট্রুপারস যৌথভাবে অঙ্গরাজ্যের উত্তরের মহাসড়কগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। অবশেষে শনিবার সকালে উইনস্লো শহরের নিকটবর্তী মরুভূমি এলাকায় সন্দেহভাজন ওই পিতার গাড়িটি দ্রুতগতিতে যেতে দেখেন শেরিফ ডেপুটুরা। কালক্ষেপণ না করে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়িটি থামাতে সক্ষম হয় এবং শিশুটিকে সামান্য আঁচড় লাগার আগেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে।   উদ্ধারের পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অবুঝ ওই নবজাতকটিকে একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নাভাজো কাউন্টি শেরিফ অফিস এই সফল অভিযানের জন্য অ্যারিজোনা ডিপিএস-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। লেফট্যানেন্ট ক্লার্কোস্কি ফক্স নিউজকে জানান, সারপ্রাইজ পুলিশের গোয়েন্দারা সারারাত নিরলসভাবে কাজ করেছেন এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে দ্রুত ও কার্যকর যোগাযোগের ফলেই শিশুটিকে এত সহজে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশের তদন্ত এখনো চলমান রয়েছে এবং খুব শিগগিরই ওই বাবার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানা গেছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৭:১৫
নিউইয়র্কের ব্রঙ্কসে বাড়িতে ঢুকে নারীকে বেঁধে ভয়াবহ ডাকাতি, লুট ৩ লাখ ৪৩ হাজার ডলারের সম্পদ
নিউইয়র্কের ব্রঙ্কসে বাড়িতে ঢুকে নারীকে বেঁধে ভয়াবহ ডাকাতি, লুট ৩ লাখ ৪৩ হাজার ডলারের সম্পদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় এক ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ব্রঙ্কসের হাইব্রিজ এলাকার ওয়েস্ট ১৬৮ স্ট্রিট ও ওগডেন অ্যাভিনিউ সংলগ্ন একটি বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত জোরপূর্বক ওই বাড়িতে প্রবেশ করে এবং ৩৯ বছর বয়সী এক নারীর ওপর অমানবিক নির্যাতন চালায়।   ডাকাত দল ওই নারীকে মারধরের পর তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর তারা বাড়িটি থেকে নগদ অর্থ, দামি গয়না, সুগন্ধি এবং একটি মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ৪৩ হাজার ডলার মূল্যের সম্পদ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।   ভয়াবহ এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।   পুলিশ এই সশস্ত্র ডাকাতির ঘটনার জোর তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ যাচাইসহ জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই বিশাল অঙ্কের লুটের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ১৬:৫৩