- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
সাবেক পেশাদার বাস্কেটবল খেলোয়াড় ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতার জর্ডান 'টিনি' উইলমোর টেক্সাসের সবচেয়ে লম্বা পুলিশ কর্মকর্তা হতে যাচ্ছেন। টেক্সাস কমিশন অন ল এনফোর্সমেন্ট (টিসিওএলই)-এর লাইসেন্সিং পরীক্ষায় প্রথমবার মাত্র এক নম্বরের জন্য ব্যর্থ হলেও, অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। টেক্সাসের কেমাহ পুলিশ বিভাগে যোগ দেওয়ার দীর্ঘ যাত্রায় শেষ বাধাটি পেরিয়ে তিনি এখন চূড়ান্তভাবে সফল। আগামী ৭ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হবে। পরীক্ষায় পাসের খবর পেয়ে আবেগাপ্লুত জর্ডান বলেন, "আমি বুঝতে পারছি না আমার কেমন লাগছে। আমি আনন্দে কাঁদতে চাই, চিৎকার করতে চাই। আমি সত্যিই ভীষণ খুশি।" জর্ডানের পুলিশ কর্মকর্তা হওয়ার এই যাত্রাটি ছিল বেশ ব্যতিক্রমী। নর্থওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি এবং টেক্সাস এঅ্যান্ডএম-কমার্স-এর হয়ে কলেজ বাস্কেটবল খেলার পর তিনি পেশাদার লিগেও অংশ নিয়েছিলেন। তবে আইন প্রয়োগকারী সংস্থায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে একসময় তিনি বাস্কেটবলকে চিরতরে বিদায় জানান। ২০২৫ সালের আগস্টে কেমাহ পুলিশ বিভাগ তাদের এই নতুন রিক্রুটকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। উইকস মেরিন-এর স্পন্সরে পুলিশ অ্যাকাডেমির প্রশিক্ষণ শেষ করলেও দুর্ভাগ্যবশত সে বছর রাজ্যের লাইসেন্সিং পরীক্ষায় মাত্র এক পয়েন্টের জন্য ফেল করেন তিনি। তবে হাল না ছেড়ে আরও সিরিয়াস হয়ে মাসের পর মাস পড়াশোনা চালিয়ে যান এই তরুণ। তার এই ঘুরে দাঁড়ানোর গল্পে পাশে এসে দাঁড়ান এনবিএ কিংবদন্তি এবং আইন প্রয়োগকারী সংস্থার দীর্ঘদিনের সমর্থক শাকিল ওনিল। গত ডিসেম্বরে কেমাহ পুলিশ বিভাগে এসে জর্ডানকে উৎসাহ দেওয়ার পাশাপাশি দ্বিতীয়বারের জন্য পুলিশ অ্যাকাডেমির পুরো খরচ বহনের দায়িত্ব নেন এই কিংবদন্তি তারকা। তার এই অসামান্য অধ্যবসায় কেমাহ পুলিশ বিভাগেরও আস্থা অর্জন করেছে। চিফ রেমন্ড গারিভে এক ফেসবুক পোস্টে জর্ডানকে অভিনন্দন জানিয়ে ৭ জুলাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে জর্ডান যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা পুলিশ কর্মকর্তাদের এলিট ক্লাবে যুক্ত হতে যাচ্ছেন, যেখানে আগে থেকেই রয়েছেন ৭ ফুট ৮ ইঞ্চির জর্জ বেল এবং ৭ ফুট ১ ইঞ্চির শাকিল ওনিল।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে দুর্ঘটনা রোধে অভিনব এক কৌশল বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ডানেলেন শহরের পুলিশ। ব্যস্ত রাস্তায় নজরদারি চালাতে রীতিমতো রাস্তার ধারের ঝোপঝাড় বা গাছের ছদ্মবেশ ধারণ করেছেন পুলিশ কর্মকর্তারা। ডানেলেন বোরো পুলিশ বিভাগের পরিচালিত ছয় ঘণ্টার এই বিশেষ অভিযানে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারের দায়ে মোট ৭৪ জন চালককে আটক করে জরিমানা করা হয়েছে। শহরের নর্থ ওয়াশিংটন অ্যাভিনিউয়ের মতো একটি ব্যস্ত ও জনবহুল এলাকায় এই অভিযান চালানো হয়। পথচারী ও যানবাহনের প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও যেসব চালক স্টিয়ারিংয়ে বসে ফোনের স্ক্রিনে মগ্ন ছিলেন, তারাই মূলত পুলিশের এই ফাঁদে পড়েন। অভিযানে এক পুলিশ কর্মকর্তা ঘিলি-স্টাইলের ক্যামোফ্লেজ স্যুট পরে একেবারে ঝোপঝাড়ের রূপ ধারণ করেন এবং দূরবীনের সাহায্যে রাস্তার ট্রাফিকের ওপর নজর রাখেন। কোনো চালককে ফোন ব্যবহার করতে দেখলেই তিনি সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা অন্য কর্মকর্তাদের সংকেত দিতেন এবং তারা গাড়িটি থামিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেন। পরিস্থিতি আরও মজাদার করতে আরেক পুলিশ কর্মকর্তা এমন একটি কালো টি-শার্ট পরেছিলেন, যার ওপর বড় করে লেখা ছিল 'নট আ কপ' (আমি পুলিশ নই)। পুলিশের মতে, যারা গাড়ি চালানোর চেয়ে ফোনে বেশি মনোযোগী, তারা চারপাশের এই অদ্ভুত বিষয়গুলোও খেয়াল করতে চরমভাবে ব্যর্থ হন। আর চালকদের এই অসচেতনতাই দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ। ছয় ঘণ্টার মধ্যে ৭৪টি মামলা দেওয়ার বিষয়টি প্রমাণ করে যে, জনবহুল এলাকাতেও চালকদের মোবাইল ব্যবহারের প্রবণতা কতটা উদ্বেগজনক। রসিকতার ছলে হলেও এই অভিযানের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের একটি কড়া ও বাস্তবমুখী বার্তা দিয়েছে ডানেলেন পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা গাড়ি থামানোর আগে কোনো টেক্সট বা নোটিফিকেশন চেক না করেন।
৬ মাসের এক অবুঝ শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় জানা গেছে, শিশুটি যখন ব্যথায় কাতরাচ্ছিল, তখন তাকে হাসপাতালে না নিয়ে ওই নারী তার স্মার্টফোনে টিকটক ও পর্নোগ্রাফি দেখায় মগ্ন ছিলেন। মর্মান্তিক এই শিশু নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযুক্ত মা তাতিয়ানা নরম্যানকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ জুন রাত ১১টা ৩৯ মিনিটে পুলিশের কাছে একটি জরুরি কল আসে যে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে রাত ১২টা ৩২ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ প্রধান স্যামি টেলর জুনিয়র জানান, হাসপাতালে পৌঁছানোর সময় শিশুটির শরীরের তাপমাত্রা ছিল ৯৪ ডিগ্রি। পারিপার্শ্বিক প্রমাণ ও শরীরের তাপমাত্রা বিবেচনা করে পুলিশের ধারণা, পুলিশকে খবর দেওয়ার অন্তত কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তদন্তের শুরুতে অভিযুক্ত মা তাতিয়ানা নরম্যান পুলিশকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। প্রথমে তিনি দাবি করেন যে, শিশুটি বিছানা থেকে টাইলসের ওপর পড়ে গিয়েছিল। দ্বিতীয়বারের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘুমানোর সময় হয়তো তিনি ভুলবশত শিশুটির ওপর চাপা পড়েছিলেন। এমনকি শিশুটির পায়ে থাকা একটি আঘাতের দাগ নিয়ে তিনি কখনো গরম পানি, কখনো ডিটারজেন্ট, আবার কখনো গরম স্যুপ পড়ার কথা বলেন। তবে পুলিশের কঠোর জেরার মুখে শেষমেশ তিনি স্বীকার করেন যে, মৃত্যুর দিন শিশুটি কয়েকবার আঘাত পেয়েছিল। প্রথমে তার হাত থেকে ফসকে এবং পরে দোলনা থেকে পড়ে গিয়ে শিশুটি মাথায় চোট পায়। এরপরও শিশুটির ক্রমাগত কান্নায় বিরক্ত হয়ে কয়েক ফুট দূর থেকে তাকে কুশনবিহীন একটি প্লেপেনে ছুড়ে ফেলেন তাতিয়ানা। এতে শিশুটির মাথায় পুনরায় গুরুতর আঘাত লাগে এবং সে ব্যথায় কুঁকড়ে যায়। পুলিশ জানিয়েছে, এমন গুরুতর আঘাত পাওয়ার পরও ওই পাষণ্ড মা শিশুটিকে কোনো চিকিৎসকের কাছে নেননি। বরং ইন্টারনেটে আঘাতের লক্ষণগুলো সার্চ করার পর তিনি দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে নির্লিপ্তভাবে টিকটক স্ক্রল করেন ও পর্নোগ্রাফি দেখেন। মেডিকেল পরীক্ষকের মতে, মাথার আঘাতের পর অবহেলা না করে সময়মতো চিকিৎসা দেওয়া হলে হয়তো অবুঝ শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হতো।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে একসময় দক্ষ কর্মীদের চাহিদা ছিল তুঙ্গে। উচ্চ বেতন, দ্রুত পদোন্নতি এবং চাকরির নিরাপত্তার কারণে এই খাতকে ক্যারিয়ারের অন্যতম সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ধারাবাহিক ছাঁটাই, নিয়োগের গতি কমে যাওয়া এবং একটি পদের বিপরীতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় অনেক অভিজ্ঞ আইটি পেশাজীবী মাসের পর মাস নতুন চাকরি খুঁজেও সফল হচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে শুধু নতুন গ্র্যাজুয়েটরাই নন, ৮ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার এবং ডেটা পেশাজীবীরাও কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন। লিঙ্কডইন সহ বিভিন্ন পেশাদার নেটওয়ার্কে প্রতিদিনই শত শত আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ না পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন অনেক চাকরিপ্রার্থী। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইটি পেশাজীবীদের মধ্যেও একই বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে। আমেরিকা বাংলার সঙ্গে কথা বলা কয়েকজন পেশাজীবী পরিচয় গোপন রাখার শর্তে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, চাকরি হারানোর পর নতুন সুযোগ খুঁজে পাওয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। ভার্জিনিয়ার একজন বাংলাদেশি কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার, যিনি এখানে ছদ্মনামে “কাকন” নামে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন ডিসি অঞ্চলের একটি প্রতিষ্ঠানে প্রায় আট বছর কর্মরত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানের পুনর্গঠনের সময় তিনি চাকরি হারান। এরপর থেকে কয়েকশ প্রতিষ্ঠানে আবেদন করলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো চাকরি পাননি। পরিবারের নিয়মিত ব্যয় নির্বাহের জন্য তিনি সাময়িকভাবে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মে গাড়ি চালানোর কাজ করছেন। জর্জিয়ার আরেক বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবী, যিনি এখানে “রহমান” ছদ্মনামে পরিচিত, একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে চার বছর কাজ করেছেন। গত বছরের মাঝামাঝি সময়ে চাকরি হারানোর পর থেকে তিনি নতুন সুযোগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, চাকরি চলে যাওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫০০ এপ্লিকেশন করেছি কিন্তু গুটিকয়েক রেসপন্স পেয়েছি যদিও কোন জব হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় বর্তমানে তিনি প্রযুক্তি খাতের বাইরে তুলনামূলক কম বেতনের একটি প্রশাসনিক পদে কাজ করছেন। তার ভাষায়, পরিবারের দায়িত্বের কারণে অপেক্ষা করার সুযোগ ছিল না। আটলান্টার আরেক বাংলাদেশি আইটি পেশাজীবী “আলম” (ছদ্মনাম) একটি বড় মার্কিন প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগে কয়েক বছর কাজ করেছেন। চলতি বছরের শুরুতে চাকরি হারানোর পর তিনি নিয়মিত আবেদন করলেও এখনো আইটি খাতে ফিরতে পারেননি। পরিবারের খরচ চালানোর জন্য আপাতত ওয়াল গ্রীন এ কাজ করছেন। তিনি বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তবে সুযোগ পেলেই আবার প্রযুক্তি খাতে ফিরতে চান। এ ধরনের অভিজ্ঞতা শুধু কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীরা। অনেকেই মাসের পর মাস চাকরি খুঁজছেন, কিন্তু সামাজিক মর্যাদা, আত্মসম্মান কিংবা ভবিষ্যৎ নিয়োগদাতার দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ্যে বলতে চান না। ফলে কমিউনিটির ভেতরে বাস্তব পরিস্থিতির চেয়ে অনেক কম মানুষই এই সংকট সম্পর্কে জানেন। পেশাজীবীদের মতে, বর্তমান পরিস্থিতির পেছনে একাধিক কারণ রয়েছে। ২০২৫ এর শুরু থেকে প্রযুক্তি খাতে বড় আকারের ছাঁটাই, প্রতিষ্ঠানের ব্যয় সংকোচন, নিয়োগে সতর্কতা এবং একটি পদের বিপরীতে অস্বাভাবিক সংখ্যক আবেদন প্রতিযোগিতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে অনেক প্রতিষ্ঠান এখন আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাই করতে স্বয়ংক্রিয় সফটওয়্যার বা এআই-নির্ভর অ্যাপলিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করছে। ফলে যোগ্য প্রার্থীদের একটি বড় অংশ প্রথম ধাপেই বাদ পড়ছেন। ক্যারিয়ার স্পেশালিস্টদের মতে, বর্তমান চাকরির বাজারে শুধু শত শত আবেদন পাঠানোই যথেষ্ট নয়। প্রতিটি পদের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজ্যুমে প্রস্তুত করা, লিঙ্কডইন প্রোফাইল নিয়মিত হালনাগাদ রাখা, পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা, রেফারেলের মাধ্যমে আবেদন করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো চাহিদাসম্পন্ন দক্ষতা অর্জনের ওপর আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এখনও বিশ্বের অন্যতম বড় কর্মসংস্থানের ক্ষেত্র। তবে সাম্প্রতিক বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে, অভিজ্ঞতা থাকলেই চাকরি নিশ্চিত এমন ধারণা আর আগের মতো সত্য নয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি আইটি পেশাজীবীদের একটি অংশ দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। তাদের অনেকেই বিশ্বাস করেন, বাজারে সুযোগ রয়েছে, তবে সেই সুযোগের জন্য এখন আগের তুলনায় অনেক দীর্ঘ অপেক্ষা, বেশি প্রতিযোগিতা এবং আরও বেশি প্রস্তুতির প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেহা গুপ্তা (৩৬) তার চার বছর বয়সী কন্যাকে হত্যার অভিযোগে বর্তমানে মিয়ামির একটি কারাগারে বন্দি রয়েছেন। বিচারকার্যের অপেক্ষায় থাকা এই নারী সম্প্রতি বিচারকের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। নেহা গুপ্তার দাবি, তার সেল ব্লকের অন্য এক সহবন্দি তাকে বারবার মুখে ঘুষি মেরেছেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। নেহা গুপ্তার বিরুদ্ধে তার নিজের সন্তানকে হত্যার পর একটি এয়ারবিএনবি (Airbnb)-এর সুইমিংপুলে ফেলে পানিতে ডুবে মৃত্যুর নাটক সাজানোর মতো চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বেরিয়ে আসে এক মর্মান্তিক সত্য; পানিতে ফেলার আগেই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই নৃশংস ঘটনার পর তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের (প্রথম মাত্রার খুনের) অভিযোগ গঠন করা হয়েছে। বর্তমানে জামিন অযোগ্য অবস্থায় মিয়ামির কারাগারে দিন কাটছে এই অভিযুক্ত চিকিৎসকের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিশুদের বেপরোয়া ই-বাইক ও ই-মোটরসাইকেল চালানোর প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর জেরে কেবল শিশুরাই নয়, এবার তাদের অভিভাবকদেরও আইনি শাস্তির মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) অফিস জানিয়েছে, অবৈধভাবে ই-বাইক চালানো শিশুদের অভিভাবকদের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে ই-বাইক আইন লঙ্ঘনের বিষয়গুলো মোকাবিলায় প্রশাসন একটি বিশেষ ইউনিট গঠন করেছে। এর ফলে চলমান ২৬টি তদন্ত শেষ পর্যন্ত ফৌজদারি মামলায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার জানান, এখানকার শিশুদের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই ই-বাইক ও ই-মোটরসাইকেল। তিনি এটিকে একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে আখ্যায়িত করে বলেন, দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত এক বছরে অরেঞ্জ কাউন্টিতে এসব বাইকের কারণে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, যাতে অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়েছেন এবং অন্তত একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই চারজন অভিভাবকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে এক কিশোরের ই-বাইকের ধাক্কায় ৮১ বছর বয়সী এক প্রবীণ নিহতের ঘটনায় ওই কিশোরের মায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা ও শিশু অবহেলার অভিযোগ আনা হয়েছে। অন্য একটি ঘটনায় ১২ বছরের ছেলের দুর্ঘটনার জেরে তার বাবার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার স্টেট আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের ই-মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে এ ধরনের দুর্ঘটনার বেশিরভাগই ঘটাচ্ছে ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুরা। সম্প্রতি সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শিশুদের ই-বাইক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক রোমহর্ষক ঘটনা সামনে এসেছে। গত জুনে দুই শিশু ই-বাইক নিয়ে অরেঞ্জ কাউন্টির একটি ওয়ালমার্ট স্টোরের ভেতরে ঢুকে পড়ে এবং ক্রেতাদের আতঙ্কিত করে তোলে। এছাড়া ট্রাফিক আইন অমান্য করে পালানোর সময় পুলিশের ধাওয়ার মুখে পড়া এক কিশোর এবং গত মে মাসে পুলিশের সাথে দীর্ঘ ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ১৯ বছর বয়সী এক তরুণের গ্রেপ্তারের ঘটনাও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রে 'টিপিং কালচার' বা বকশিস দেওয়ার সংস্কৃতি যে সীমার বাইরে চলে যাচ্ছে, তা নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দামি রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ কফির দোকান—সবখানেই এখন ক্রেতাদের কাছে বকশিস প্রত্যাশা করা হয়। সম্প্রতি এক ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, একটি ফাস্টফুডের দোকানে খাবার অর্ডার করার সময়ই মেশিনের স্ক্রিনে কিচেন স্টাফ বা বাবুর্চিদের জন্য আগাম বকশিস চাওয়া হয়। এতে তিনি রীতিমতো হতবাক হয়ে যান এবং প্রশ্ন তোলেন, বকশিস না দিলে কি তার খাবারে ইচ্ছাকৃতভাবে নোংরা কিছু মিশিয়ে দেওয়া হবে? এই ভিডিওটি এক্সে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ঘটনার বিবরণ দিয়ে ওই ব্যক্তি জানান, প্রায় ১০-১৫ বছর পর তিনি 'শ্লটজস্কিস' নামের একটি পিৎজা ও স্যান্ডউইচের চেইন শপে গিয়েছিলেন। সেখানে কোনো ওয়েটার বা টেবিল সার্ভিস না থাকা সত্ত্বেও পেমেন্ট মেশিন তার কাছে বকশিস দাবি করে। তিনি ভিডিওতে বলেন, যেখানে তাকে কোনো সরাসরি সেবা দেওয়া হচ্ছে না, সেখানে কেবল আতঙ্কের বশবর্তী হয়ে কেন তাকে বকশিস দিতে হবে! এক্স প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেন, এই সংস্কৃতি এখন আর আতিথেয়তার পর্যায়ে নেই, বরং এটি ক্রেতাদের এক ধরনের মানসিক চাপে ফেলে টাকা আদায়ের শামিল। ভিডিওর নিচে মন্তব্য করতে গিয়ে অসংখ্য নেটিজেন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই জানান, বকশিসের ওপর খাবারের মান নির্ভর করাটা এক ধরনের চাঁদাবাজির সমতুল্য। কেউ কেউ তো এমন পরিস্থিতিতে সরাসরি অর্ডার বাতিল করে দেওয়ার কথাও বলেছেন। আরেক নেটিজেনের মতে, যেসব ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের উপযুক্ত বেতন দেয় না, তাদের বয়কট করাই শ্রেয়। এই ঘটনাটি মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান টিপিং সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের চরম অসন্তোষের একটি সুস্পষ্ট প্রতিফলন। ক্ষুব্ধ নেটিজেনদের অনেকেই এখন নিজেদের জন্য নিয়ম করে নিয়েছেন যে, কাউন্টারে দাঁড়িয়ে অর্ডার করতে হলে তারা কোনো অবস্থাতেই বকশিস দেবেন না। পপমেন্যু (Popmenu)-এর সাম্প্রতিক এক জরিপেও এই একই চিত্র উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, ৭৮ শতাংশ ক্রেতাই মনে করেন যে বর্তমান টিপিং কালচার একটি হাস্যকর ও অযৌক্তিক পর্যায়ে চলে গেছে। এ ছাড়া ৭৪ শতাংশ উত্তরদাতা লক্ষ্য করেছেন যে, রেস্তোরাঁগুলো এখন স্ক্রিনে বকশিসের প্রস্তাবিত পরিমাণ আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বকশিস এখন আর স্বেচ্ছায় দেওয়া কোনো উপহার বা সম্মানী নয়, বরং ক্রেতাদের জন্য এক অলিখিত বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়েছে, যা নিয়ে দেশজুড়ে অসন্তোষ বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ম্যানহাটনের বিখ্যাত ট্রাম্প টাওয়ারের আকাশসীমায় স্থায়ীভাবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) আরোপ করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আগামী ২৯ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পরও চিরস্থায়ীভাবে বহাল থাকবে। মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো এস্টেটের আকাশেও এ ধরনের স্থায়ী নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়েছে সংস্থাটি। গত সেপ্টেম্বরে এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ডকে দেওয়া এক চিঠিতে সিক্রেট সার্ভিসের পরিচালক শন এম. কুরান জানান, বিরূপ হুমকির গোয়েন্দা তথ্য এবং তাদের চলমান নিরাপত্তামূলক মিশনের কারণে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এটি অননুমোদিত সাধারণ বিমান ও ড্রোনের মতো মানববিহীন যান থেকে তৈরি হওয়া ঝুঁকি কমাতেও দারুণভাবে সাহায্য করবে। এফএএ-এর প্রকাশিত চূড়ান্ত নিয়ম অনুযায়ী, ট্রাম্প টাওয়ারের এক নটিক্যাল মাইলের পরিধিতে এবং ভূমি থেকে এক হাজার ফুট উচ্চতা পর্যন্ত কোনো বিমান উড়তে পারবে না। কেবল সিক্রেট সার্ভিসই বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রম করার অনুমতি দিতে পারবে। ট্রাম্প টাওয়ারের ওপর আগে থেকেই একটি অস্থায়ী নো-ফ্লাই জোন কার্যকর ছিল, যার মেয়াদ ২০ অক্টোবর শেষ হওয়ার কথা। উল্লেখ্য, ১৯৮৩ সালে চালু হওয়া ৫৮ তলার এই আকাশচুম্বী মিশ্র-ব্যবহারের ভবনে রয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর এবং প্রেসিডেন্টের একটি বিলাসবহুল পেন্টহাউস। তবে নজিরবিহীন এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এভিয়েশন বিষয়ক ফেসবুক ফোরাম 'বিহাইন্ড দ্য উইংস' এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে যে, এটি চিরস্থায়ীভাবে অ্যারোনটিক্যাল চার্টে যুক্ত হয়ে গেল। ফোরামের কিউরেটররা আক্ষেপ করে বলেন, প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়লে, ভবনটি বিক্রি করে দিলে বা তিনি মারা গেলেও এই নিষেধাজ্ঞার কোনো মেয়াদোত্তীর্ণ বা পর্যালোচনার সুযোগ রাখা হয়নি, যেখানে ক্লিনটন, ওবামা বা বাইডেনের মতো সাবেক প্রেসিডেন্টরা কখনোই তাদের ব্যক্তিগত বাসভবনের ওপর এমন সুবিধা পাননি। তবে এর জবাবে অন্য একজন মন্তব্যকারী জানিয়েছেন, এই নো-ফ্লাই জোনের নিয়মটি বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ এক মাইল পরিধি ও এক হাজার ফুট উচ্চতার এই সীমার মধ্যে ম্যানহাটনের আকাশে এমনিতেই কোনো বিমানের ওড়ার নিয়ম নেই।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী মুসলিম দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণীর কথা বলেন, সবার আগে তাদের নিজেদের সরকারের আচরণ ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন করা উচিত। মূলত বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার জেরে বাহরাইনের শাসকের এক মন্তব্যের কড়া জবাব দিতে গিয়েই এ কথা বলেছে তেহরান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আরবি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই কড়া প্রতিক্রিয়া জানান। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন যে, ইসলামের দৃষ্টিতে মর্যাদার ভিত্তি আরবি ভাষা বা ভৌগোলিক অবস্থান নয়; বরং তাকওয়া বা আল্লাহভীতি। বাঘাই জোর দিয়ে বলেন, কেবল আরব বা আরবি ভাষাভাষী হওয়ার কারণে কোনো শাসক নিজেকে মহানবী (সা.)-এর মিশনের প্রতিনিধি হিসেবে দাবি করতে পারেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ইরান সব সময় সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও মুসলিম ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এই কূটনৈতিক বাগবিতণ্ডার সূত্রপাত মূলত বাহরাইনের শাসক হামাদ বিন ঈসা আল খলিফার একটি মন্তব্যের জেরে। সম্প্রতি তিনি ইরানকে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা বন্ধের আহ্বান জানিয়ে মহানবী (সা.)-এর শিক্ষার প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, মহানবী (সা.) ইরানকে শতাব্দীর অন্ধকার থেকে মুক্ত করে আধ্যাত্মিক, মানবিক ও বুদ্ধিবৃত্তিক আলোর পথ দেখিয়েছিলেন, আর সেই কৃতজ্ঞতার খাতিরেই তেহরানের উচিত বাহরাইনে হামলা না করা। এর জবাবে বাঘাই প্রশ্ন তোলেন, একটি মুসলিম দেশের ওপর হামলা চালানো শক্তির সঙ্গে সহযোগিতা করা কিংবা মুসলমানদের শত্রুদের আশ্রয় ও সহায়তা দেওয়া কি ইসলামের ন্যায়বিচার ও মুসলিম ঐক্যের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তিনি কোরআনের আয়াত ও মহানবীর (সা.) বাণী উদ্ধৃত করে বলেন, মুসলমানদের কখনোই জালিমের পক্ষ নেওয়া বা তাদের সঙ্গে সহযোগিতা করা উচিত নয়। ইসলামের বিকাশে দর্শন, চিকিৎসাবিজ্ঞান ও গণিতে ইরানের ঐতিহাসিক অবদানের কথাও এ সময় স্মরণ করিয়ে দেন তিনি। উল্লেখ্য, গত জুলাইয়ের শুরু থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বাহরাইনসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটেই ইরান তার প্রতিবেশীদের ইসলামি মূল্যবোধ ও ঐক্যের কথা স্মরণ করিয়ে দিল।
উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল অঙ্কের অর্থের এক আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (ডিএসএ)। সম্প্রতি আদালতের এক রায়ে ৫২ লাখ ডলারের (৫.২ মিলিয়ন) এই তহবিল দলটির অনুকূলে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ডিএসএ-এর প্রায় এক বছরের আয়ের সমান। বিপুল এই অর্থ এমন এক সময়ে দলটির হাতে এল, যখন তারা ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে নিজেদের রাজনৈতিক প্রভাব ও বিস্তার বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এই আইনি বিরোধের কেন্দ্রবিন্দুতে ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) সমাজবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক ডেভিড গ্রিনবার্গ, যিনি ২০২৪ সালের জুলাই মাসে মারা যান। সারা জীবন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই অধ্যাপক তার উইলে উল্লেখ করেছিলেন যে, মৃত্যুর পর তার এনওয়াইইউ অবসর তহবিলের অর্থ যেন তৎকালীন বামপন্থী সংগঠন ‘নিউ আমেরিকান মুভমেন্ট’ বা তাদের আইনানুগ কোনো উত্তরসূরি সংগঠন পায়। ঐতিহাসিক তথ্যমতে, ১৯৮২ সালে এই সংগঠনটিই একীভূত হয়ে বর্তমানের ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা গঠিত হয়েছিল। তবে গ্রিনবার্গের ভাতিজা মার্টিন হেচট এই উইলের বিরোধিতা করে ২০২৫ সালের এপ্রিলে মামলা দায়ের করেন। তার দাবি ছিল, ডিএসএ আইনিভাবে সঠিক উত্তরসূরি হওয়ার প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি এবং উইলটি সঠিকভাবে যাচাই করতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ও ব্যর্থ হয়েছে। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক ডিএসএ-এর পক্ষেই রায় দেন। সাম্প্রতিক সময়ে ২০২৫ সালে নিউইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয় এবং ২০২৬ সালের প্রাইমারিতে ক্লেয়ার ভালদেজ ও ডারিয়ালিজা আভিলা শেভালিয়ের মতো ডিএসএ-সমর্থিত প্রার্থীদের অভাবনীয় সাফল্য দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফিলাডেলফিয়া, কলোরাডো ও ওয়াশিংটন ডিসির মতো এলাকায় ডেমোক্র্যাটিক পার্টির মূল ধারার প্রার্থীদের হারিয়ে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। নতুন পাওয়া এই ৫২ লাখ ডলার ডিএসএ কীভাবে ব্যয় করবে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, ধারণা করা হচ্ছে এই অর্থ তাদের নির্বাচনী প্রচারণা, বিজ্ঞাপন এবং তৃণমূল পর্যায়ে কর্মী সংগ্রহের কাজে বড় ভূমিকা রাখবে। ইতোমধ্যেই ১ লাখ ২০ হাজার সদস্য নিয়ে তারা নিজেদের যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় সমাজতান্ত্রিক সংগঠন হিসেবে দাবি করেছে।
নিউইয়র্ক শহরের বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। 'এনওয়াইসি গ্রোসারিজ' (NYC Groceries) নামের এই উদ্যোগের আওতায় শহরের পাঁচটি বরোতে পাঁচটি সরকারি সুপারমার্কেট স্থাপন করা হবে, যার জন্য ৭০ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছে। এই সুপারমার্কেটগুলোতে তাজা শাকসবজি, ফলমূল, মাংস, সামুদ্রিক মাছ, দুধ এবং ডিমের মতো প্রায় ২০টি প্রয়োজনীয় পণ্যের একটি 'কোর বাস্কেট' বাজারের গড় মূল্যের চেয়ে ৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে। মেয়রের দাবি, এই উদ্যোগের ফলে সাধারণ পরিবারগুলোর মাসে প্রায় ৯০ ডলার এবং বছরে এক হাজার ডলারের বেশি সাশ্রয় হবে। এই সুপারমার্কেটগুলো সরাসরি সিটি প্রশাসন পরিচালনা করবে না; বরং প্রাইভেট অপারেটরদের মাধ্যমে এগুলো পরিচালিত হবে। শহরের ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন (EDC) ইতিমধ্যে বেসরকারি অপারেটর নিয়োগের জন্য প্রস্তাবনা আহ্বান করেছে, যারা মূলত পণ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। সরকার এই সুপারমার্কেটগুলোকে স্থান ভাড়া ও প্রপার্টি ট্যাক্স থেকে অব্যাহতি দেবে এবং কম দামে পণ্য বিক্রির ফলে যে আর্থিক ঘাটতি হবে, তা ভর্তুকি হিসেবে প্রদান করবে। স্থানীয় ছোট দোকান বা বোদেগাগুলোর (bodegas) ব্যবসায় যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, তাই এখানে সিগারেট, বিয়ার বা গরম খাবারের মতো পণ্যগুলো বিক্রি করা হবে না। প্রথম দুটি সুপারমার্কেট ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এবং ইস্ট হারলেমের লা মার্কেটা এলাকায় যথাক্রমে ২০২৭ ও ২০২৯ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। তবে এই বিশাল উদ্যোগের সমালোচনাও কম হচ্ছে না। বিশ্লেষকদের মতে, নিউইয়র্কে সস্তা ও বড় সুপারমার্কেটের অভাব বা 'ফুড ডেজার্ট'-এর পেছনে মূল কারণ মুক্তবাজারের ব্যর্থতা নয়, বরং শহরের সেকেলে জোনিং আইন। ১৯৭০-এর দশকে তৈরি একটি আইনের কারণে ম্যানুফ্যাকচারিং বা 'এম' (M) জোনগুলোতে ১০ হাজার বর্গফুটের বেশি আয়তনের রিটেইল স্টোর নির্মাণ করতে হলে সিটি প্ল্যানিং কমিশন এবং সিটি কাউন্সিলের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এই আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে বড় বড় বেসরকারি সুপারমার্কেট চেইনগুলো চাইলেও অনেক এলাকায় বিনিয়োগ করতে পারে না, যা প্রকারান্তরে সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে, সরকারি ভর্তুকি ও মূল্য নিয়ন্ত্রণের এই নীতি হিতে বিপরীত হতে পারে। পণ্যের দাম স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ কম থাকায় অসাধু ক্রেতারা এসব পণ্য বেশি করে কিনে কালোবাজারে বেশি দামে বিক্রি করার সুযোগ পেতে পারে। এর ফলে দোকানে দ্রুত মজুত ফুরিয়ে তাক খালি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষ পণ্য থেকে বঞ্চিত হতে পারে। সমালোচকদের মতে, সরকারি কোষাগারের বিপুল অর্থ ব্যয় করে বেসরকারি খাতের সাথে অসম প্রতিযোগিতায় না গিয়ে, মেয়রের উচিত জোনিং আইন সংস্কার করে বড় বড় সুপারমার্কেট চেইনগুলোকে বিনিয়োগে উৎসাহিত করা। এতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন আইন প্রয়োগে নতুন ধারা দেখা যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর অভিযান জোরদার করেছে। একই সময়ে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস)। অভিবাসন আইনজীবীরা বলছেন, এই দুটি পরিবর্তনের ফলে যাদের অ্যাসাইলাম, স্ট্যাটাস পরিবর্তন, গ্রিন কার্ড বা অন্য কোনো ইমিগ্রেশন আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তাদের জন্য বিমান ভ্রমণ আগের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, ডেনভার, ন্যাশভিলসহ বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে অভিবাসন-সংক্রান্ত কারণে যাত্রীদের আটক করার ঘটনা বেড়েছে। এসব অভিযানে শুধু চূড়ান্ত বহিষ্কার আদেশপ্রাপ্ত ব্যক্তিরাই নন, কিছু ক্ষেত্রে বিচারাধীন ইমিগ্রেশন আবেদন বা ভিসা-সংক্রান্ত জটিলতায় থাকা ব্যক্তিদেরও আটক করা হয়েছে। এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোরে ঘটে যাওয়া একটি বহুল আলোচিত ঘটনা। গত সপ্তাহে বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে (বিডব্লিউআই) অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ওঠার সময় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষক ফাতিমা আমেকাকে আইস আটক করে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তাকে মুক্তি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, তিনি ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সে কারণেই অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, গবেষক ও কয়েকজন আইনপ্রণেতা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। বিমানবন্দরে অভিযানের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে। রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ হাজারের বেশি যাত্রীর তথ্য আইস এর কাছে পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে ৮০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হয়। ডিএইচএস বলছে, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন আইন বাস্তবায়নের স্বার্থে সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান প্রদান আইনসম্মত। তবে অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য তৈরি যাত্রী তথ্যব্যবস্থা এখন বেসামরিক অভিবাসন আইন প্রয়োগেও ব্যবহৃত হওয়ায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে। এদিকে অ্যাসাইলাম আবেদনকারীদের জন্যও এসেছে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। ইউএসসিআইএস সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধি কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অ্যাসাইলাম কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার না নিয়েই আবেদনটি সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠাতে পারবেন। সরকারের ভাষ্য, দীর্ঘদিনের মামলার জট কমানো এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অভিবাসন আইন কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, সাক্ষাৎকারের সুযোগ কমে গেলে অনেক আবেদনকারী তাদের নির্যাতনের অভিজ্ঞতা বা আশ্রয় চাওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করার গুরুত্বপূর্ণ সুযোগ হারাতে পারেন। যদিও কোনো আবেদন সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠানো মানেই সেটি বাতিল নয়। সে ক্ষেত্রে আবেদনকারী একজন ইমিগ্রেশন বিচারকের সামনে পূর্ণাঙ্গ শুনানির সুযোগ পাবেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অভিবাসন আইনজীবীরাও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের ভাষ্য, যাদের অ্যাসাইলাম মামলা, স্ট্যাটাস পরিবর্তনের আবেদন, গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিটের আবেদন এখনো বিচারাধীন, তারা অপ্রয়োজনীয় বিমান ভ্রমণের আগে অবশ্যই নিজেদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। একই সঙ্গে ভ্রমণের সময় বৈধ পরিচয়পত্র, ইমিগ্রেশন-সংক্রান্ত নথিপত্র এবং প্রয়োজনে আইনজীবীর যোগাযোগের তথ্য সঙ্গে রাখার পরামর্শও দিচ্ছেন তারা। ইমিগ্রেশন আইনজীবীরা আরও মনে করিয়ে দিচ্ছেন, বিচারাধীন আবেদন থাকা মানেই সবাইকে আটক করা হবে এমন কোনো নিয়ম নেই। প্রতিটি মামলার আইনি অবস্থা, নথিপত্র এবং ব্যক্তির অভিবাসন ইতিহাস আলাদাভাবে মূল্যায়ন করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর না করে, ডিএচএস, ইউএসসিআইএস এবং অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ অনুসরণ করাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক ও দলঘেঁষা ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন। সিএনএনের নতুন জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার হিসাবে তিনি দলের বর্তমান শীর্ষ নেতাদের পাশাপাশি পুরো ডেমোক্র্যাটিক পার্টিকেও ছাড়িয়ে গেছেন। সিএনএনের জরিপে মামদানির নেট জনপ্রিয়তা পাওয়া গেছে ৫৪ শতাংশ। ডেমোক্র্যাট সমর্থকদের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (এওসি), যার নেট জনপ্রিয়তা ৪৫ শতাংশ। জরিপে দলের অন্যান্য শীর্ষ নেতাদের অবস্থান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজের নেট জনপ্রিয়তা ২২ শতাংশে রয়েছে। অন্যদিকে, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র ১ শতাংশে। ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে, ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ এখন দলের দীর্ঘদিনের নেতৃত্বের পরিবর্তে নতুন প্রজন্মের নেতাদের প্রতি বেশি আস্থা দেখাচ্ছেন। এর মধ্যে মামদানি অল্প সময়ের মধ্যেই দলীয় সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাত্র সাত মাস আগে নিউইয়র্কের মেয়রের দায়িত্ব নেওয়া মামদানি দ্রুত দলের অভ্যন্তরে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে জরিপের ফলাফলে দেখা গেছে। তার জনপ্রিয়তা ডেমোক্র্যাট রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনাকে আরও জোরালো করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জরিপ ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তৃণমূল সমর্থকরা কোন ধরনের নেতৃত্বকে বেশি পছন্দ করছেন, তা বিবেচনায় নিয়ে দলকে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হতে পারে।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবর প্রকাশের পর এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে দুবাই পুলিশকে বিভিন্ন পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। দুবাই পুলিশ বলছে, এ ধরনের মামলার তথ্য জনসমক্ষে প্রকাশ করা তাদের নীতির মধ্যে পড়ে না। রোববার (২ আগস্ট) দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স এক অনুসন্ধানের জবাবে জানায়, ব্যক্তিগত বা বিচারাধীন মামলার বিষয়ে তারা প্রকাশ্যে কোনো তথ্য দেয় না। যদি এ ধরনের তথ্য প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নিকটাত্মীয়কে নির্ধারিত পুলিশ স্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে জামিন পেলেও তার ওপর কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না এবং তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে তারা এখনো দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তাই সরকারি পর্যায়ে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তারাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি হাতে পায়নি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার আইনি পদক্ষেপ শুরু করেছে। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের সার্টিফায়েড আদেশ সংগ্রহের পর জামিন বাতিলের আবেদন করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, দুদকের করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছিল। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশকে তার আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। এরপর প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের সিব্রাইট স্টেট বিচে উত্তাল সমুদ্রের ঢেউ থেকে ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে আলোচনায় আসা ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার উইলিয়ামস এবার সেই রোমাঞ্চকর ও কঠিন মুহূর্তগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, শিশুটিকে পানিতে ধরার পরই বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, কারণ তখন শিশুটি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছিল। গত ২৫ জুলাই দায়িত্ব পালনকালে টাওয়ার থেকে নজরদারির সময় রাইডার দেখতে পান, শক্তিশালী ঢেউয়ে গোড়ালি সমান পানিতে থাকা ১০ বছর বয়সী নাথানিয়েল রাই ভেসে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের সরঞ্জাম রেখে প্রায় আট থেকে দশ ফুট উঁচু উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। রাইডার বলেন, শিশুটিকে ধরার পর প্রবল ঢেউয়ের কারণে তাকে একা তীরে আনা সম্ভব হচ্ছিল না। তাই তিনি নিজের অবস্থান ধরে রেখে শিশুটিকে আরও দূরে ভেসে যেতে না দেওয়ার চেষ্টা করেন এবং সহকর্মী পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করেন। উদ্ধারকাজের সময় কয়েকজন দর্শনার্থী সাহায্য করতে পানিতে নামলেও তিনি তাদের নিরাপত্তার কথা ভেবে তীরে ফিরে যেতে বলেন। অল্প সময়ের মধ্যেই আরেকজন লাইফগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। দুজন মিলে শিশুটিকে নিরাপদে তীরে নিয়ে আসেন। তীরে ওঠার পর শিশুটি বালু কাশতে থাকে এবং তখনও আতঙ্কিত অবস্থায় ছিল। শিশুটির বাবা সুমিত রাই বলেন, রাইডার উইলিয়ামসের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপই তার ছেলের জীবন বাঁচিয়েছে। তিনি বলেন, আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে শিশুটি আরও গভীর পানিতে ভেসে যেত এবং তখন তাকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। রাইডার জানান, উদ্ধার অভিযান শেষ করেই তিনি আবার নিজের দায়িত্বস্থলে ফিরে যান এবং সেদিন আরও কয়েকটি উদ্ধার অভিযানে অংশ নেন। তার ভাষায়, মানুষের জীবন রক্ষা করাই একজন লাইফগার্ডের দায়িত্ব এবং এই কাজ দলগত সমন্বয়ের মাধ্যমেই সফল হয়। তিনি আরও বলেন, সমুদ্রসৈকতে যাওয়ার আগে সবাইকে সমুদ্রের অবস্থা, ঢেউ ও স্রোত সম্পর্কে জেনে নেওয়া উচিত। তার মতে, প্রতিদিনই ক্যালিফোর্নিয়াসহ বিশ্বের বিভিন্ন সমুদ্রসৈকতে অসংখ্য উদ্ধার অভিযান পরিচালিত হয় এবং জনসচেতনতাই এমন দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অ্যারিজোনায় নিখোঁজ ৮৪ বছর বয়সী ন্যান্সি গুথরির মামলার তদন্তে আটক হয়ে পরে মুক্তি পাওয়া কার্লোস পালাজুয়েলোস স্থানীয় শেরিফের কার্যালয়ের বিরুদ্ধে ৩২ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। তার অভিযোগ, তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং পরে প্রকাশ্যে তার নামও পরিষ্কার করেনি। কার্লোস পালাজুয়েলোস, ড্যানিয়েল ম্যাডক্স এবং বাড়ির মালিক জোসেফিনা ম্যাডক্সের পক্ষে ক্ষতিপূরণ দাবির নোটিশ দাখিল করা হয়েছে। এতে পালাজুয়েলোস ২৫ লাখ ডলার, ড্যানিয়েল ম্যাডক্স ৫ লাখ ডলার এবং জোসেফিনা ম্যাডক্স বাড়ির ক্ষয়ক্ষতির জন্য আড়াই লাখ ডলার দাবি করেছেন। দাবিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে কর্মকর্তারা অস্ত্র তাক করে পালাজুয়েলোসকে আটক করেন এবং সাত থেকে আট ঘণ্টা আটকে রাখার পর কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেন। অভিযানের সময় তার মোবাইল ফোন ও ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে, ড্যানিয়েল ম্যাডক্সকে হাতকড়া পরিয়ে বাড়ির বাইরে সশস্ত্র পাহারায় রাখা হয় এবং তল্লাশির সময় জোসেফিনা ম্যাডক্সের বাড়ির ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিপূরণ দাবিতে বলা হয়েছে, তল্লাশি পরোয়ানা পেতে তদন্তকারীরা ভিত্তিহীন তথ্য ব্যবহার করেছেন এবং পালাজুয়েলোসের বিরুদ্ধে অপরাধের যথেষ্ট কারণ ছিল না। পালাজুয়েলোসের আইনজীবীর দাবি, তদন্তের সময় কর্তৃপক্ষ তাকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও পরে প্রকাশ্যে সেই অবস্থান প্রত্যাহার করেনি। এর ফলে তিনি ও তার পরিবার জনসাধারণের নজরদারি, ছবি তোলা এবং অনুসরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এদিকে ন্যান্সি গুথরির নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত এখনো চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো সন্দেহভাজনের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। অ্যারিজোনা আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য ৬০ দিন সময় রয়েছে। এরপর প্রয়োজনে আদালতে মামলা করা যেতে পারে। পিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিচারাধীন আইনি বিষয় নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অপ্রাপ্তবয়স্কদের অবৈধ ই-বাইক ও ই-মোটরসাইকেল চালানোর ঘটনায় এবার অভিভাবকদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ইতোমধ্যে ২৬টি তদন্ত চলছে, যেগুলো থেকে অভিভাবকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ই-বাইকসংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বাসিন্দাদের ক্রমবর্ধমান উদ্বেগ এবং দুর্ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার বলেন, অরেঞ্জ কাউন্টিতে শিশুদের জরুরি বিভাগে ভর্তি হওয়ার অন্যতম প্রধান কারণ এখন ই-বাইক ও ই-মোটরসাইকেল দুর্ঘটনা। তার ভাষায়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে এবং দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত এক বছরে অরেঞ্জ কাউন্টিতে ই-বাইক ও ই-মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পাশাপাশি অন্তত একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার জেরে ইতোমধ্যে চারজন অভিভাবকের বিরুদ্ধে মামলা চলছে। একটি ঘটনায় এক মায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, শিশু নির্যাতন ও শিশুকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তার ছেলের ই-বাইক চালানোর সময় সংঘটিত দুর্ঘটনায় ৮১ বছর বয়সী এক ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ নিহত হন। আরেক ঘটনায় ১২ বছর বয়সী ছেলের দুর্ঘটনার পর তার বাবার বিরুদ্ধে শিশু নির্যাতন ও শিশুকে ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের ই-মোটরসাইকেল চালানোর অনুমতি নেই। তবে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ই-মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িতদের বেশির ভাগের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। সম্প্রতি অরেঞ্জ কাউন্টির একটি ওয়ালমার্টে দুই কিশোর ই-বাইক চালিয়ে দোকানের ভেতরে বেপরোয়া চলাচল করে এবং ক্রেতাদের প্রায় ধাক্কা দেওয়ার ঘটনা ভিডিওতে ধরা পড়ে। একই মাসে পুলিশের ড্যাশক্যামের ভিডিওতে এক কিশোরকে ধাওয়া করার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ক্যামেরায় তার মুখ দেখা গেছে এবং তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হবে। এছাড়া মে মাসে ১৯ বছর বয়সী হান্টার বেলিশকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি ভিস্তা থেকে ওশেনসাইড পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে একাধিক পুলিশ কর্মকর্তাকে ধাওয়ায় ব্যস্ত রাখেন।
স্কটল্যান্ডের এডিনবরায় বসবাসকারী ২৭ বছর বয়সী প্রশিক্ষণরত আইনজীবী আলফ্রেড ড্রামন্ড-হার্ডম্যান পশুর মলে জন্মানো ছত্রাকের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। প্রতি ৩০ সেকেন্ড পরপর তোলা ছবি একত্র করে তৈরি করা তার টাইমল্যাপস ভিডিও লাখো মানুষের নজর কেড়েছে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে তিনি নতুন দুটি ছত্রাকের প্রজাতিও শনাক্ত করেছেন। আলফ্রেডের শোবার ঘরেই গড়ে উঠেছে ছোট একটি গবেষণাগার। সেখানে গরু, খরগোশ ও গ্রাউস পাখির মল সংরক্ষণ করে বিশেষ পাত্রে ছত্রাকের বৃদ্ধি পর্যবেক্ষণ করেন তিনি। এসব নমুনা থেকে জন্ম নেওয়া বিভিন্ন ধরনের ছত্রাকের বিকাশের পুরো প্রক্রিয়া ক্যামেরাবন্দি করেন। করোনা মহামারির সময় স্কটল্যান্ডের ওচিল হিলসে হাঁটতে গিয়ে গরুর মলে জন্মানো নানা ধরনের ছত্রাক দেখে এ বিষয়ে তার আগ্রহ তৈরি হয়। এরপর নিজ উদ্যোগে ছত্রাক নিয়ে গবেষণা শুরু করেন। বর্তমানে তিনি অন্যান্য গবেষক ও আগ্রহীদের সঙ্গে কাজ করে ব্রিটেনে পাওয়া বিভিন্ন ছত্রাক শনাক্ত ও নথিভুক্ত করছেন। তার ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যা ৬০ হাজারের বেশি। পশুর মলে জন্মানো ছত্রাক ছাড়াও স্লাইম মোল্ড ও অন্যান্য বিরল জীবের টাইমল্যাপস ভিডিওও ব্যাপক সাড়া ফেলেছে। তার ভাষায়, সাধারণ মানুষের কাছে অপ্রয়োজনীয় মনে হওয়া একটি গরুর গোবরেও অসাধারণ বৈচিত্র্যময় জীবজগত লুকিয়ে থাকে, যা খুব কম মানুষই কাছ থেকে দেখার সুযোগ পান। আলফ্রেড জানান, তৃণভোজী প্রাণীর মল মূলত অপরিপাকিত উদ্ভিদজাত উপাদানে তৈরি হওয়ায় এগুলো থেকে তীব্র দুর্গন্ধ হয় না। তিনি মনে করেন, তার ভিডিওগুলো মানুষের মধ্যে ছত্রাক ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে। তার লক্ষ্য শুধু নতুন প্রজাতির নামকরণ নয়, বরং জীববৈচিত্র্য গবেষণায় ট্যাক্সোনমির গুরুত্ব মানুষের সামনে তুলে ধরা। তার মতে, প্রজাতি শনাক্ত ও নথিভুক্ত করা ছাড়া আবাসস্থল সংরক্ষণ কিংবা জীববৈচিত্র্য নিয়ে কার্যকর গবেষণা সম্ভব নয়।
মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় কয়েক দিনের ব্যবধানে হাজারো মানুষের প্রবেশের পর সেখানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শত শত অভিবাসী। সীমান্ত পার হতে পারলেও মূল ভূখণ্ড স্পেনে যেতে না পেরে অনেকে রাস্তায়, পার্কে ও উন্মুক্ত স্থানে দিন কাটাচ্ছেন। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। চার সন্তানের বাবা ৪৪ বছর বয়সী মরক্কোর নাগরিক ইউসুফ এল আব্বাস জানান, সাত বছর আগে বিলবাওয়ে চাকরি হারানোর পর বসবাসের অনুমতির মেয়াদ শেষ হলে তাকে মরক্কোতে ফেরত পাঠানো হয়। সম্প্রতি শত শত মানুষ সিউটায় প্রবেশের খবর পেয়ে তিনিও তেতুয়ান হয়ে ফনিদেকে পৌঁছান। পথে তিনি জানতে পারেন, মরক্কো সীমান্তে আগের মতো কড়াকড়ি নেই এবং মানুষকে সীমান্তের দিকে যেতে দেওয়া হচ্ছে। ইউসুফের ভাষ্য অনুযায়ী, সীমান্তে পৌঁছে মাত্র কয়েক মিনিট সাঁতার কেটেই তিনি সিউটায় প্রবেশ করেন। তবে সবাই এতটা ভাগ্যবান ছিলেন না। তার দাবি, পানিতে নামার অল্প সময়ের মধ্যেই তিনি কয়েকজনের মরদেহ ভাসতে দেখেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ওই ভূখণ্ডে পৌঁছাতে গিয়ে অন্তত ৭২ জন ডুবে বা পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। স্পেনের তথ্য অনুযায়ী, এ সপ্তাহে প্রায় ৫০ হাজার মানুষ সিউটায় প্রবেশ করেন। পরে তাদের মধ্যে ৪৮ হাজারের বেশি মরক্কোতে ফিরে গেলেও শত শত মানুষ এখনো সেখানে অবস্থান করছেন। তাদের অনেকেই মূল ভূখণ্ড স্পেনে যেতে পারছেন না এবং অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় রয়েছেন। ১৭ বছর বয়সী সাঈদও সীমান্ত খোলা থাকার খবর পেয়ে সিউটায় আসেন। তিনি জানান, অপ্রাপ্তবয়স্কদের জন্য একটি কেন্দ্রে নেওয়া হলেও জায়গা না থাকায় পরে আবার রাস্তায় ফিরে আসতে হয়। তার লক্ষ্য একটি সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়ে স্প্যানিশ ভাষা শেখা এবং ১৮ বছর পূর্ণ হলে নাপিত হিসেবে কাজ শুরু করা। তবে বৈধ কাগজপত্র না পেলে সেই স্বপ্ন ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দারা সড়কে থাকা অভিবাসীদের পানি, খাবার, কম্বল ও পোশাক দিয়ে সহায়তা করছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, এই সংকটকে কেন্দ্র করে সামাজিক উত্তেজনা বাড়তে পারে। তাদের মতে, এমন পরিস্থিতি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে। মরক্কো সরকার বলেছে, সীমান্ত পরিস্থিতির জন্য তারা কোনোভাবেই সন্তুষ্ট নয় এবং ঘটনাটির পেছনে মানবপাচারকারী চক্রের ভূমিকা রয়েছে। অন্যদিকে স্পেনও বলছে, সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতির পেছনে মানবপাচারকারী নেটওয়ার্ক সক্রিয় ছিল। তবে দুই দেশের মধ্যে এ ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা ও জল্পনাও অব্যাহত রয়েছে।
জর্ডানে দায়িত্ব পালনকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনাবাহিনীর সদস্য প্রাইভেট ফার্স্ট ক্লাস ইসাবেলা গনজালেসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দারা। শনিবার টেক্সাসের ক্যারলটনে অনুষ্ঠিত স্মরণসভায় ১৯ বছর বয়সী এই সেনাসদস্যকে আবেগঘন পরিবেশে স্মরণ করা হয়। পরে রোববার সকাল ১০টায় ডিএফডব্লিউ ন্যাশনাল সেমেট্রিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্মরণসভায় ব্যাগপাইপের সুরে ইসাবেলাকে সম্মান জানানো হয়। ক্যারলটনের মেয়র স্টিভ বাবিক বলেন, বীরেরা নানা রূপে আসেন, আর তারা আজ ১৯ বছর বয়সী এক নারী সেনাসদস্যকে সম্মান জানাতে একত্রিত হয়েছেন। ইসাবেলার চাচা আলফ্রেডো মুনিজ বলেন, ১৭ জুলাই তিনি এমন সাহসিকতার উত্তরাধিকার রেখে গেছেন, যা তার ১৯ বছরের জীবনের চেয়েও অনেক বড়। তিনি জানান, ইসাবেলা জানতেন জর্ডানে দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হতে পারে, তবুও তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। স্মরণসভায় ব্রিগেডিয়ার জেনারেল গ্লেন হেনকে বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণে ইসাবেলা খুব দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছিলেন। শুরুতে থাকা ভয় কাটিয়ে তিনি আত্মবিশ্বাস অর্জন করেন এবং নতুন দক্ষতা গড়ে তোলেন। ক্যারলটন এলাকার বাসিন্দা ইসাবেলা গত বসন্তে হেব্রন হাই স্কুল থেকে স্নাতক হন। পরিবারের সদস্যরা তাকে প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত এবং সবার প্রিয় একজন মানুষ হিসেবে স্মরণ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি টেক্স-মেক্স খাবার, রেগেটন গানে নাচ-গান এবং নিজের প্রিয় মানুষ ও পোষা কুকুরদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তিনি ছিলেন একজন কন্যা, বোন এবং বাগদত্তা। স্মরণসভায় আলফ্রেডো মুনিজ উপস্থিত সবার উদ্দেশে বলেন, ইসাবেলার মতো এমন জীবন গড়ে তুলতে হবে, যাতে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় সেটি আগের চেয়ে আরও ভালো হয়ে থাকে।