সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২০ লাখ টাকার লোভে নিজের স্বামীকে বিষধর সাপের কামড় খাইয়ে হত্যা করলেন স্ত্রী

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে বিমার ২০ লাখ টাকা হাতিয়ে নিতে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া প্রেমিক ও সাপুড়ের সহায়তায় নিজের স্বামীকে বিষধর সাপ দিয়ে কামড় খাইয়ে নৃশংসভাবে হত্যা করেছেন এক নারী। শুক্রবার (১৭ জুলাই) ভোরে মিরাটের হস্তিনাপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ মূল পরিকল্পনাকারী স্ত্রী দামিনী পাওয়ার (৩০) এবং তার প্রেমিক তুষার কুমারসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।   পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অতুল পাওয়ার (৩২) এবং দামিনীর মধ্যে সাত বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল। মাত্র তিন মাস আগে অতুল একটি প্লে-স্কুল চালু করেন এবং সেখানে তুষার কুমার নামের এক ব্যক্তিকে স্কুলের ভ্যানচালক হিসেবে নিয়োগ দেন। এর কিছুদিন পরই চালক তুষারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন দামিনী। এদিকে অতুলের নামে ২০ লাখ টাকার একটি জীবন বিমা পলিসি ছিল।   সেই বিমার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে নিজেদের নতুন ভবিষ্যৎ গুছিয়ে নিতেই তারা অতুলকে হত্যার এই ভয়ংকর ছক কষেন। পরিকল্পনা অনুযায়ী, তুষারকে তার নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে বলা হয়, যাতে পরবর্তীতে দামিনী ও তুষার বিয়ে করে একসঙ্গে সংসার পাততে পারেন।   হত্যাকাণ্ডের দিন রাতে প্রথমে অতুলকে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর তার গায়ের কম্বলের ভেতর একটি বিষধর সাপ ছেড়ে দিয়ে দামিনী তার সন্তানকে নিয়ে অন্য ঘরে চলে যান। সাপের কামড়ে বিছানাতেই মর্মান্তিক মৃত্যু হয় অতুলের। পরদিন সকাল ৬টার দিকে দামিনী নাটক শুরু করেন এবং চিৎকার করে প্রতিবেশীদের জানান যে তার স্বামী অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বিছানায় একটি সাপ রয়েছে। প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং অতুলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   প্রাথমিকভাবে এটিকে সাধারণ সাপের কামড়ে মৃত্যু বলে মনে হলেও, অতুলের পরিবার দামিনীর এই দাবি মেনে নিতে অস্বীকার করে এবং পুলিশে খবর দেয়। তদন্তে নেমে মিরাটের এসএসপি অবিনাশ পান্ডে জানান, দামিনীর মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে চালক তুষারের সঙ্গে ঘন ঘন কথা বলার প্রমাণ পাওয়া যায়। এরপর তুষারের ফোন তল্লাশি করে একটি বাক্সে বন্দি সাপের ছবি উদ্ধার করা হয়।   পুলিশের কঠোর জেরার মুখে দামিনী ও তুষার দুজনেই এই পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তারা জানান, দামিনীর প্ররোচনাতেই তুষার স্থানীয় সাপুড়েদের কাছ থেকে বিষধর সাপটি কিনে এনেছিলেন। এই অপরাধে সহায়তার জন্য সনু কুমার ও উদয় কুমার নামে দুই সাপুড়েকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চারজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ধারা ১০৩ (১) (খুন) এবং ১২৩ (বিষ বা চেতনানাশক প্রয়োগ করে ক্ষতি সাধন)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৩:৫৬
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ডলারের আধিপত্য কমাতে চীনা পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর একক নির্ভরশীলতা কমাতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে লিবিয়া। দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে সরাসরি চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ বা সিআইপিএস-এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লিবিয়ার ব্যাংকগুলো মার্কিন ডলারের কোনো রকম মধ্যস্থতা ছাড়াই সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন ও অর্থ আদান-প্রদান করতে পারবে, যা বৈশ্বিক অর্থনীতিতে ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার একটি বড় দৃষ্টান্ত।   সম্প্রতি বেইজিং সফরকালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান গংশেং-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে, দুই দেশের গভর্নর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায় সূচনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিবৃতিতে জানানো হয়, সিআইপিএস সিস্টেমে যুক্ত হওয়ার ফলে দুই দেশের মধ্যকার আর্থিক লেনদেন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুততর হবে। আন্তর্জাতিক অঙ্গনে ইউয়ানের ব্যবহার সহজ করতে ২০১৫ সালে পিপলস ব্যাংক অব চায়না এই ব্যবস্থাটি চালু করেছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজনীয়তা দূর হওয়ায় ডলারের ওপর লিবিয়ার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। এই নতুন চুক্তিটি বিশেষ করে লিবিয়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে তারা সরাসরি চীনে অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি, চীনা ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি ‘লেটার অব ক্রেডিট’ (এলসি) খোলার প্রক্রিয়াও দ্রুত শুরু করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।   দ্বিপাক্ষিক ব্যাংকিং সহযোগিতা আরও জোরদার করতে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের ব্যাংকিং প্রতিনিধি দল শিগগিরই বেইজিং সফর করবে। এই সফরের মূল লক্ষ্য হলো চীনা ব্যাংকগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ইলেকট্রনিক পেমেন্ট ও আর্থিক স্থানান্তরের ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই পদক্ষেপের ফলে দেশটিতে অবৈধ মুদ্রা বাজারের প্রভাব অনেকটাই কমে আসবে। একইসঙ্গে এটি মানি লন্ডারিং ও অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে সাহায্য করবে, যা বিশ্ব দরবারে লিবিয়ার ব্যাংকিং খাতের ভাবমূর্তি ও সুনাম আরও উজ্জ্বল করবে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৩:৩৫
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদী একটি সাময়িক চুক্তির সুবাদে মাত্র এক মাসে বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে ইরান। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংক্ষিপ্ত সময়ে তেহরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে সরবরাহ করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ তেলের আনুমানিক মূল্য প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর (উয়ানি) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে ডব্লিউএসজে।   প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের অন্তত ২০টি তেলের ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার কারণেই ইরান এত বিশাল পরিমাণ তেল নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিরল সুযোগ পায়। এই তেল রপ্তানির ফলে ইরানের অর্থনীতিতে একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এর আগে গত ২২ জুন মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) একটি সাধারণ লাইসেন্স জারির মাধ্যমে এই শিথিলতা এনেছিল। ওই নথিতে ইরানের তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত এই সুযোগ বজায় থাকার কথা ছিল। তবে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত বেশিদিন টেকেনি।   গত ৭ জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ জুন মাসে জারি করা সেই সাধারণ লাইসেন্সটি আকস্মিকভাবে বাতিল ঘোষণা করে। নতুন নির্দেশনায় ইরানের তেল খাতের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এই খাতে সব ধরনের নতুন লেনদেন বা বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে চুক্তি শেষ হওয়ার আগেই নতুন করে অর্থনৈতিক চাপে পড়তে যাচ্ছে তেহরান।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৩:১৮
ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাতের জেরে গত সপ্তাহের শেষভাগে ইসরায়েলে পৌঁছেছে ১৪টি মার্কিন রিফুয়েলিং যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইসরায়েলে পৌঁছাল ১৪টি মার্কিন তেলবাহী যুদ্ধবিমান

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে গত সপ্তাহের শেষভাগে ইসরায়েলে ১৪টি মার্কিন রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) যুদ্ধবিমান পৌঁছেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   ইসরায়েলি বিমান বাহিনীর এক বেনামী সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম 'ওয়াল্লা' জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের র‍্যামন বিমানবন্দরে ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েন করার পরিকল্পনা করছে। ওই সূত্রটি জানায়, "আমেরিকানরা যদি ইরানের বিরুদ্ধে তাদের হামলা আরও জোরদার করে, তবে ইসরায়েলে আরও বেশি মার্কিন রিফুয়েলিং বিমান মোতায়েন করার প্রয়োজন হবে।" তিনি আরও যোগ করেন, "সেক্ষেত্রে এই বিমানগুলো তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরেও অবতরণ করতে পারে।"   গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে বেসামরিক বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটার ইসরায়েলি সতর্কতার মাঝেই ইতিমধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে ৩৩টি মার্কিন রিফুয়েলিং বিমান পার্ক করে রাখা হয়েছে। তবে বর্তমানে ইসরায়েলে মোট কতটি মার্কিন রিফুয়েলিং বিমান অবস্থান করছে, সে বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেওয়া হয়নি।   এর আগে শনিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েন বিন্যাসে পরিবর্তনের পরিকল্পনার কথা ইসরায়েলকে জানিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েলে আরও রিফুয়েলিং বিমান পাঠানো হচ্ছে, যার কিছু অংশ ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের ওভদা বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে এবং বাকিগুলো অন্যান্য ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।   গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল যৌথ সংঘাত শুরু হওয়ার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা চরম রূপ নেয়। এর জবাবে মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনাকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১২:৪৮
জর্জিয়ায় মধ্যবিত্ত হিসেবে বিবেচিত হতে পরিবারগুলোর বার্ষিক আয় সর্বনিম্ন ৫৩,৩২৭ ডলার প্রয়োজন। ছবি: সংগৃহীত
জর্জিয়ায় কত টাকা আয় করলে নিজেকে মধ্যবিত্ত বলা যাবে? প্রকাশ হলো নতুন হিসাব

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একজন পরিবারকে মধ্যবিত্ত হিসেবে বিবেচিত হতে বছরে কমপক্ষে ৫৩ হাজার ৩২৭ ডলার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ৯৮২ ডলার আয় করতে হবে। আর রাজ্যটির মধ্যম পারিবারিক আয় ধরা হয়েছে ৭৯ হাজার ৯৯১ ডলার। নতুন এক বিশ্লেষণে এ তথ্য প্রকাশ করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান স্মার্টঅ্যাসেট।   সাভানাহ মর্নিং নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং দেশের ১০০টি বৃহত্তম শহরের আয়ের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব প্রকাশ করা হয়েছে। গবেষণায় যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের এক বছরের আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মধ্যবিত্তের সংজ্ঞা নির্ধারণে পিউ রিসার্চ সেন্টারের মানদণ্ড অনুসরণ করা হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়ার রাজধানী আটলান্টায় মধ্যবিত্ত হিসেবে বিবেচিত হতে বার্ষিক আয় হতে হবে অন্তত ৫৮ হাজার ৭৭৭ ডলার। এই শহরে মধ্যবিত্ত আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৭৬ হাজার ৩৩০ ডলার এবং মধ্যম পারিবারিক আয় ৮৮ হাজার ১৬৫ ডলার।   বিশ্লেষণে আরও দেখা গেছে, মধ্যবিত্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি আয়ের প্রয়োজন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। সেখানে বছরে অন্তত প্রায় ৬৯ হাজার ৮৮৫ ডলার আয় করতে হয়। অন্যদিকে সবচেয়ে কম আয়ের প্রয়োজন মিসিসিপিতে, যেখানে মধ্যবিত্তের সর্বনিম্ন সীমা ৪০ হাজার ডলারের কিছু বেশি।   স্মার্টঅ্যাসেট জানিয়েছে, মধ্যবিত্ত আয়ের সীমা নির্ধারণে প্রতিটি অঙ্গরাজ্যের মধ্যম পারিবারিক আয়কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সেই মধ্যম আয়ের দুই-তৃতীয়াংশ থেকে দ্বিগুণ পর্যন্ত আয়কে মধ্যবিত্ত শ্রেণির পরিসর হিসেবে গণ্য করা হয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১২:২৫
সোমবার গভীর রাতের ফাইনাল ম্যাচের কারণে কেরালার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি ঘোষণা। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভারতের কেরালায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভারতের কেরালা রাজ্যে এখন অভূতপূর্ব উন্মাদনা বিরাজ করছে। ট্রফি নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই হাই-ভোল্টেজ মহাদূন্দ্ব উপলক্ষে সোমবার রাজ্যের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   খেলাটির সময়সূচি গভীর রাতে হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ কর্মজীবী মানুষের কথা বিবেচনা করে এই বিশেষ ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেরালা প্রশাসন। একজন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সাধারণ স্কুল-কলেজের পাশাপাশি সব ধরনের পেশাদার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানও এই ছুটির আওতায় থাকবে।   রাত জেগে প্রিয় দলের জমজমাট লড়াই দেখার পর পরদিন সকালে শিক্ষার্থীদের পক্ষে ক্লাসে উপস্থিত হওয়া কষ্টকর হতে পারে—এমন যুক্তি দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টিসহ বিরোধী দলীয় নেতা ও সাধারণ মানুষ ছুটির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান সোমবার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।   অবশ্য ক্লাস স্থগিত থাকলেও আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সূচিতে যেন কোনো বিঘ্ন না ঘটে এবং শিক্ষাবর্ষের ক্ষতি না হয়, সেজন্য এই পরীক্ষাগুলো চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার।   ফুটবলের প্রতি কেরালার মানুষের আবেগ চিরকালই একটু আলাদা। আন্তর্জাতিক যেকোনো বড় টুর্নামেন্ট এলেই রাজ্যজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। এবারের ফাইনাল ম্যাচকে ঘিরেও তার কোনো ব্যতিক্রম হয়নি।   সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১১:৫৭
আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি মিশরের। ছবি: গেটি ইমেজেস
মেসি ও আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ মিশরের! রেফারিদের বহিষ্কারের দাবি

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছে আর্জেন্টিনা এবং তাদের সেটি করার প্রয়োজনও ছিল। প্রথম দুইটি নকআউট পর্বে কেপ ভার্দে এবং মিশরকে সহজে গুঁড়িয়ে দেবে বলে আশা করা হলেও, আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানের জয়গুলোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে।   যদিও মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় একটি বিতর্কের জন্ম দিয়েছে। আফ্রিকান এই দেশটি তাদের শেষ ১৬-র পরাজয়ের দায়িত্বে থাকা ম্যাচ পরিচালনাকারী রেফারিদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করেছে। মিশর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে।   ম্যাচ শেষে কোচ হোসাম হাসান বলেন, মিশরের প্রতি “অন্যায় আচরণ” করা হয়েছে এবং তারা “অবিচারের শিকার” হয়েছে। ফিফাও পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ তুলেছেন মি. হাসান। তিনি বলেন, “হয়তো তারা বিশ্ব চ্যাম্পিয়নকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন লড়াইয়ে টিকে থাকে।”   এরপর সুইজারল্যান্ডকে ১০ জনের দলে নামিয়ে আনতে আর্জেন্টিনার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিআর) সাহায্যের প্রয়োজন হয়েছিল। একইসঙ্গে অতিরিক্ত সময়ে গড়ানো কোয়ার্টার ফাইনালটি ৩-১ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানের সেমিফাইনাল জয়েও বেশ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষেই গিয়েছিল।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১১:৩৮
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প, টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের জয় বললেন মার্কিন প্রেসিডেন্ট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের আগে তিনি পুরো টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেছেন, এই আসরের মাধ্যমে বিশ্ব দেখেছে যে যুক্তরাষ্ট্রও এখন একটি ফুটবলপ্রেমী দেশ।    নিউইয়র্কে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বিশ্বকাপ প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, এই টুর্নামেন্ট বিশ্বের মানুষকে একত্রিত করেছে।    রোববার অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন।    এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করেছে। এটি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে ৪৮টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তা, ভিসা ব্যবস্থা এবং আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সফলভাবে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে আসরটি।    ফাইনাল উপলক্ষে নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে ম্যাচটিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।    তবে ট্রাম্প প্রকাশ্যে কোনো দলের প্রতি সমর্থন জানাননি। ফলে আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে তিনি বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন, সেই সিদ্ধান্ত নির্ধারণ হবে শুধুই মাঠের লড়াইয়ের ফলাফলে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১১:২৫
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিতর্কিত পারমাণবিক সমঝোতা পরিকল্পনা। ছবি: সংগৃহীত
ইরান উত্তেজনার মাঝেই সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র!

সৌদি আরবকে তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি বিতর্কিত পারমাণবিক চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন না মেলায় চুক্তিটি বর্তমানে ঝুলে আছে। ২০১৫ সালের অক্টোবরে এই চুক্তির প্রাথমিক আলোচনা সম্পন্ন হলেও ইরানের সাথে চলমান যুদ্ধ এবং মার্কিন কংগ্রেসে দ্বিপক্ষীয় বিরোধিতার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প এটি স্বাক্ষরে বিলম্ব করছেন বলে জানা গেছে।   ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপায় হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত বেসামরিক ব্যবহারের জন্য বিভিন্ন দেশ অন্য রাষ্ট্র থেকে ইউরেনিয়াম আমদানি করলেও, সৌদি আরবকে সরাসরি এটি উৎপাদনের অনুমতি দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ না থাকলে এই চুক্তির সুযোগ নিয়ে সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে ইরান পরমাণু বোমা বানালে সৌদি আরবও একই পথ অবলম্বন করবে।   সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই খসড়া চুক্তিতে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা (আইএইএ)-র কঠোর ও বাধ্যতামূলক তদারকির নিয়মটি রাখা হয়নি। ফলে সংস্থাটি চাইলেই সৌদির সন্দেহভাজন পরমাণু কেন্দ্রগুলো আকস্মিক পরিদর্শন করতে পারবে না এবং পুরো বিষয়টি কেবল যুক্তরাষ্ট্র ও সৌদির দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এর আগে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাত এমন প্রযুক্তির লোভ ত্যাগ করে কঠোর আন্তর্জাতিক নিয়ম মেনে চুক্তি করেছিল, যা পারমাণবিক সুরক্ষার ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে পরিচিত।   অনেক বিশ্লেষক মনে করছেন, সৌদির মাটিতে এই স্পর্শকাতর প্রযুক্তি সরবরাহ করা অত্যন্ত বিপজ্জনক। তবে চুক্তির পক্ষের দাবি, এর মাধ্যমে আমেরিকার পরমাণু ব্যবসার বড় ধরনের আর্থিক লাভ হবে। এছাড়া যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি না দিলে সৌদি আরব হয়তো রাশিয়া বা চীনের কাছ থেকে আরও সহজে তা সংগ্রহ করবে। বিপরীতে বিরোধীদের মতে, যুক্তরাষ্ট্র যদি এভাবে সুরক্ষার নিয়ম শিথিল করে চুক্তি করে, তবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা অসম্ভব হয়ে পড়বে।   সূত্র: সিএনএন

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১১:১৮
রাজকীয় ডিক্রির মাধ্যমে ইসরাইলি অবৈধ বসতির পণ্য আমদানিতে বেলজিয়ামের চূড়ান্ত নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত
পশ্চিম তীরের ইসরাইলি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল বেলজিয়াম

বেলজিয়ামের ফেডারেল সরকার পশ্চিম তীরে অবস্থিত ইসরাইলি বসতিগুলোর উৎপাদিত পণ্য আমদানির ওপর রাজকীয় ডিক্রির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ইউরোপের চতুর্থ রাষ্ট্র হিসেবে ইসরাইলের অবৈধ বসতি পণ্যের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল দেশটি, যার আগে স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড একই পদক্ষেপ নিয়েছিল।   যদিও এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের প্রাথমিক সিদ্ধান্তটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই গ্রহণ করা হয়েছিল, কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং দীর্ঘস্থায়ী দরকষাকষির কারণে এটি কার্যকর করতে বেশ বিলম্ব ঘটে। শেষ পর্যন্ত সরকারের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার ঠিক আগে, শনিবার রাতে মন্ত্রিসভার এক দীর্ঘায়িত বৈঠকে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পায়। অবশ্য আইনি খসড়াটি এখনো আনুষ্ঠানিকভাবে সাধারণের সামনে প্রকাশ না করায় এর খুঁটিনাটি বিষয়গুলো জানা যায়নি।   বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের আইনপ্রণেতা শারেন হাস্কেল। তিনি মন্তব্য করেন যে, বেলজিয়াম এমন এক অবস্থানে গেছে যেখান থেকে তাদের আর ফেরার সুযোগ নেই। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, তারা কট্টর ইসলাম আমদানি করতে থাকুক, আর ইসরাইল তাদের উৎপাদিত পণ্য শুধু সেইসব দেশেই পাঠাবে যারা প্রযুক্তি, গুণমান ও নতুন উদ্ভাবনকে প্রাধান্য দেয়।   অনুরূপ অসন্তোষ প্রকাশ করেছেন বেলজিয়ামের কট্টরপন্থী এমপি স্যাম ভ্যান রয়। তিনি সরকারের এই পদক্ষেপকে একপেশে আখ্যা দিয়ে বলেন, বিশ্বের অন্যান্য প্রান্তে হওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এড়িয়ে গিয়ে শুধু ইসরাইলকে টার্গেট করা হচ্ছে। এর ফলে ফিলিস্তিনি শ্রমিকরাও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে তিনি দাবি করেন। তিনি ইঙ্গিত দেন, দেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইহুদিদের তুলনায় ২৫ গুণ বেশি থাকা মুসলিম ভোটারদের আকৃষ্ট করতেই সরকার এই রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।   বিপরীতে, মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেলজিয়ামের এই নতুন আইনকে সাধুবাদ জানিয়েছে। সংগঠনটির ফরাসিভাষী বেলজিয়াম শাখার অ্যাডভোকেসি অফিসার নাথালি জ্যানে বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অন্যায় দখলদারিত্ব ও বর্ণবাদী আচরণ রুখতে খুব কম দেশই বাস্তবে পদক্ষেপ নিতে পেরেছে। সেই তুলনায় দেরিতে হলেও বেলজিয়ামের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।   অবশ্য বেশ কিছু বেসরকারি সংস্থা (এনজিও) এই নিষেধাজ্ঞার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই আইন কেবল পশ্চিম তীরের বসতির পণ্যের ওপর কার্যকর করা হয়েছে, কিন্তু ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমিকে এর বাইরে রাখা হয়েছে। ‘ব্রোডারলিজেক ডেলেন’ নামক একটি এনজিওর পলিসি অফিসার রিকর্ট হোরেম্যানস জানান, গোলান মালভূমিকে ছাড় দেওয়ার কোনো যৌক্তিক ভিত্তি নেই। এছাড়া অন্যান্য এনজিও সতর্ক করেছে যে, বেলজিয়াম সরাসরি আমদানি বন্ধ করলেও ইসরাইলি পণ্যগুলো ইউরোপের অন্য কোনো দেশের সীমান্ত ব্যবহার করে ‘পেছনের দরজা’ দিয়ে ঠিকই এ দেশের বাজারে ঢুকে পড়তে পারে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১১:২
কেবল মুখে গালিগালাজ বা অভদ্র আচরণকে আইনিভাবে 'অশ্লীলতা' বলা যাবে না বলে ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
গালিগালাজ বা অভদ্র আচরণকে ‘অশ্লীলতা’ বলা যাবে না, ঐতিহাসিক রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে যে কেবল গালিগালাজ, অভদ্র আচরণ বা কোনো ধরনের কটু কথা যতই আপত্তিকর বা অসভ্য হোক না কেন, তা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য হবে না। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, কেবল মুখে গালিগালাজ বা অশোভন ভাষা ব্যবহার করলেই তা দণ্ডবিধির ২৯৪ ধারার আওতায় কোনো অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।   বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি দিয়েছে। নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশ বহাল রেখে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক ব্যক্তির দায়ের করা আপিল শুনানির সময় শীর্ষ আদালত এই রায় দেয়। রায়ে আদালত উল্লেখ করে, কোনো বক্তব্য বা উচ্চারণকে তখনই কেবল ‘অশ্লীল’ হিসেবে গণ্য করা যাবে, যখন প্রমাণ হবে যে সেটি ছিল অতিরিক্ত কামোদ্দীপক, যা মানুষের মনে বিকৃত ও কলুষিত চিন্তার উদ্রেক করে এবং সমাজে নৈতিক অবক্ষয় ডেকে আনে।   সুপ্রিম কোর্টের বেঞ্চ তাদের রায়ে স্পষ্ট করে জানায়, আইনের এই মানদণ্ডে বিচার করলে, অভিযোগকারী যে সমস্ত অভিযোগ এনেছেন তা যদি পুরোপুরি সত্য বলেও ধরে নেওয়া হয়, তবুও অভিযুক্তের মুখের কথাগুলোকে কোনোভাবেই অশ্লীল বলা যায় না। এই ধরনের শব্দগুলো যতই গালিগালাজপূর্ণ, অপ্রীতিকর বা অসভ্য হোক না কেন, তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪(বি) ধারার শর্ত পূরণ করে না। তাছাড়া, আইপিসির এই ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হতে হলে জনসমক্ষে সেই শব্দের কারণে অন্য কেউ বিরক্ত বা উত্যক্ত হয়েছেন—এমন প্রমাণ থাকতে হয়, যা এই মামলায় অনুপস্থিত ছিল। ফলে আদালত জানায় যে, আইপিসির ২৯৪(বি) ধারার অধীনে এই অপরাধটি এখানে গঠিতই হয়নি।   আলোচ্য মামলাটি ২০১৭ সালের আগস্ট মাসে ভারতের তামিলনাড়ুতে একটি কৃষি জমির বিরোধকে কেন্দ্র করে শুরু হয়েছিল। জমি নিয়ে মামলাকারীর সঙ্গে তার দুলাভাইয়ের ঝগড়া হয় এবং এর দুদিন পর একই সম্পত্তি নিয়ে অভিযোগকারীর ভাগ্নের সাথেও তার নতুন করে বিরোধ বাধে। প্রসিকিউশনের দাবি ছিল, ওই সময় অভিযোগকারী মধ্যস্থতা করতে এলে মামলাকারী তাকে নানা কটু কথা, গালিগালাজ এবং জাতিগত বৈষম্যমূলক স্লোগান দিয়ে আক্রমণ করেন।   এই ঘটনার প্রেক্ষিতে বিচারিক আদালত মামলাকারীকে দণ্ডবিধির ২৯৪(বি) ধারায় অশ্লীলতা, ৩২৬ ধারায় গুরুতর আঘাত এবং ৫০৬(২) ধারায় অপরাধমূলক হুমকির পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দোষী সাব্যস্ত করেছিল। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্ট মামলাকারীকে তফসিলি জাতি ও উপজাতি আইনের অভিযোগ থেকে খালাস দিলেও ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীন অন্যান্য ধারাগুলোর সাজা বহাল রেখেছিল, যা অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সংশোধন করে দিল।   সূত্র: এনডিটিভি

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১০:৫১
২০২৫ সালে বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রিমিয়াম-ক্লাস বিমানের যাত্রী সংখ্যা ৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছবি: শাটারস্টক
বিশ্বের ব্যস্ততম বিমান রুটের তালিকা প্রকাশ, শীর্ষে রয়েছে এশিয়ার দুই বিমানবন্দর

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) তাদের সর্বশেষ ‘ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট স্ট্যাটিস্টিকস’ (ডব্লিউএটিএস) প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ২০২৫ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান চলাচলের চাহিদাসহ সামগ্রিক কর্মক্ষমতার বিশদ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বার্ষিক হালনাগাদ করা এই প্রতিবেদনে ১ হাজার ৩১৫টি বিমান সংস্থার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।   প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক প্রিমিয়াম-ক্লাস অর্থাৎ বিজনেস ও ফার্স্ট ক্লাসের যাত্রী সংখ্যা বছরওয়ারি ৪.৫ শতাংশ বেড়ে ১০ কোটি ৯৭ লাখে পৌঁছেছে, যা মোট আন্তর্জাতিক যাত্রীদের ৫.৫ শতাংশ। এই খাতে লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি ২২.১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে এবং ইউরোপ ৩ কোটি ৯৭ লাখ যাত্রী নিয়ে সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। তবে উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মোট যাত্রীদের অনুপাতে প্রিমিয়াম ক্লাসের যাত্রীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।   বিশ্বের ব্যস্ততম বিমান রুটের তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের একক আধিপত্য দেখা গেছে। জেজু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিউলের গিম্পো আন্তর্জাতিক বিমানবন্দর রুটটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে ১ কোটি ৩৩ লাখ যাত্রী যাতায়াত করেছেন। শীর্ষ ১০টি ব্যস্ততম অভ্যন্তরীণ রুটের মধ্যে মাত্র একটি রুট এশিয়া প্যাসিফিকের বাইরে ছিল, যা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ।   অন্যান্য অঞ্চলের মধ্যে আফ্রিকার ব্যস্ততম রুট ছিল কেপ টাউন থেকে জোহানেসবার্গ এবং লাতিন আমেরিকায় বোগোটা থেকে মেদেয়িন। ইউরোপের ব্যস্ততম রুট হিসেবে বার্সেলোনা থেকে পালমা ডি ম্যালোর্কা অবস্থান ধরে রাখলেও স্টকহোম আরল্যান্ডা থেকে মালমো রুটে যাত্রী সংখ্যা ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উত্তর আমেরিকার অভ্যন্তরীণ রুটে নিউইয়র্কের জেএফকে থেকে লস অ্যাঞ্জেলেস এবং আন্তর্জাতিক রুটে জেএফকে থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছিল ব্যস্ততম।   দেশভিত্তিক যাত্রীদের বাজারে ৮৯ কোটি ১ লাখ যাত্রী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাজার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে, যদিও তাদের প্রবৃদ্ধির গতি ছিল সবচেয়ে ধীর। অন্যদিকে, ৭৭ কোটি ৬১ লাখ যাত্রী নিয়ে চীন দ্বিতীয় বৃহত্তম বাজারের স্থান দখল করেছে। এছাড়া মধ্য এশিয়ার কাজাখস্তান ও উজবেকিস্তানের পাশাপাশি ভিয়েতনামেও যাত্রীর সংখ্যায় শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।   বিগত ছয় বছরে বৈশ্বিক বিমান বহরেও বড় পরিবর্তন এসেছে। ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে বোয়িং ৭৮৭ এবং এয়ারবাস এ৩৫০-এর মতো আধুনিক ও দক্ষ বিমানের ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে এয়ারবাস এ৩৮০ মডেলের বিমানের ব্যবহার ২৪.৪ শতাংশ হ্রাস পেয়েছে। তবে বোয়িং ৭৩৭, এয়ারবাস এ৩২০ এবং এ৩২১ মডেলের ন্যারোবডি বিমানগুলো ২০২৫ সালেও সর্বাধিক ব্যবহৃত বিমান হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১০:২৮
বিদেশি সন্ত্রাসীদের নির্বাসনে ৩০ বছরের পুরোনো গোপন আদালতে প্রথমবারের মতো আবেদন করেছে মার্কিন বিচার বিভাগ। ছবি: এপি
বিদেশি সন্ত্রাসী তাড়াতে ৩০ বছরের পুরনো গোপন আদালত সচল করল মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রে তথাকথিত বিদেশি সন্ত্রাসীদের নির্বাসনের জন্য মার্কিন বিচার বিভাগ ৩০ বছর আগে তৈরি একটি গোপন ও নিষ্ক্রিয় আদালতে ইতিহাসে প্রথমবারের মতো একটি আবেদন ফাইল করেছে। ট্রাম্প প্রশাসন গত বুধবার এই আবেদনটি জমা দেয়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিশেষ আদালতে সরকারের পক্ষ থেকে এর আগে কখনো কোনো পিটিশন দাখিল করা হয়নি।   পাঁচ সদস্যের এই আদালতের প্রধান বিচারক জোয়ান এরিকসেন এক লিখিত আদেশে জানিয়েছেন, গত বৃহস্পতিবার এই আবেদনের ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ডের সাথে সরকারের দাবিকৃত সুনির্দিষ্ট আইনি ধারাগুলোর যোগসূত্র নিয়ে আদালত কিছু প্রশ্ন তুলেছে। ফেডারেল বিচারক এরিকসেন বিচার বিভাগকে আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে আরও অতিরিক্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।   আদালতের এই বিশেষ ক্ষমতাটি ১৯৯৬ সালের একটি সন্ত্রাসবিরোধী আইনের আওতা থেকে এসেছে। এই আইনের অধীনে মার্কিন অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সরাসরি অনুমোদনে যেকোনো সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সিলমোহরযুক্ত গোপন আবেদন ফাইল করা যায়। ফেডারেল আইন অনুযায়ী, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা, সন্ত্রাসবাদকে সমর্থন বা উস্কানি দেওয়া অথবা এই ধরনের কোনো সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা এর আওতায় পড়েন।   আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস কর্তৃক নির্বাচিত পাঁচজন বিচারক নিয়ে এই বিশেষ আদালত গঠিত। গত তিন দশক ধরে এই আদালতে কোনো আবেদন বা শুনানি না হলেও সম্প্রতি ট্রাম্প প্রশাসনের তীব্র গতিতে অভিবাসী বহিষ্কার অভিযানের অংশ হিসেবে এটিকে সচল করা হলো। এই গোপন আবেদনের খবরটি প্রথম প্রকাশ করে কোর্ট ওয়াচ নামের একটি স্বাধীন সংবাদ সাইট।   এর আগে ট্রাম্প প্রশাসন ১৭৯৮ সালের একটি যুদ্ধকালীন আইন ব্যবহার করে ভেনিজুয়েলার অভিবাসীদের সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য আখ্যা দিয়ে তাড়ানোর পদক্ষেপ নিয়েছিল। সেই মামলার শুনানিতেই ওয়াশিংটনের বিচারক জেমস বোয়াসবার্গ ইঙ্গিত দিয়েছিলেন যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো অভিবাসীকে তাড়াতে হলে এই নিষ্ক্রিয় আদালতটিই হতে পারে সরকারের আসল ফোরাম।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১০:২০
উচ্চ মর্টগেজ সুদের কারণে যুক্তরাষ্ট্রে শুধু 'বিক্রির জন্য' সাইনবোর্ড টানিয়ে এখন আর দ্রুত ক্রেতা পাওয়া যাচ্ছে না। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির নিয়ম বদলেছে, নতুন বাজারে মানতে হবে যে নির্দেশিকা

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে গত কয়েক বছরের তুলনায় বড় পরিবর্তন এসেছে। উচ্চ মর্টগেজ সুদ, ক্রেতাদের বাড়তি সতর্কতা এবং বাজারে বাড়ির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এখন বাড়ি বিক্রি আগের চেয়ে বেশি পরিকল্পনা ও প্রস্তুতির দাবি রাখছে। এমন পরিস্থিতিতে বাড়ির মালিকদের জন্য হালনাগাদ বিক্রয় নির্দেশিকা প্রকাশ করেছে রিয়েল এস্টেটভিত্তিক প্রতিষ্ঠান    নির্দেশিকায় বলা হয়েছে, শুধু ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড টানিয়ে বা কয়েকটি ছবি প্রকাশ করলেই এখন আর দ্রুত ক্রেতা পাওয়া যায় না। বাড়ি বিক্রির আগে এর মূল্য নির্ধারণ, প্রয়োজনীয় মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পেশাদার মানের ছবি, উপযুক্ত বিপণন এবং অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা—সবকিছুই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।    রিয়েলটর ডটকমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আবাসন বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও মর্টগেজ সুদের হার গড়ে ৬ দশমিক ৩ শতাংশের কাছাকাছি থাকতে পারে। একই সময়ে বাড়ির দাম সামগ্রিকভাবে প্রায় ২ দশমিক ২ শতাংশ বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে স্থানীয় বাজারভেদে দাম, চাহিদা এবং বিক্রির গতি ভিন্ন হতে পারে।    ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের সাম্প্রতিক বাজার বিশ্লেষণেও দেখা গেছে, গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বাজারে বাড়ির সংখ্যা বাড়লেও ক্রেতাদের প্রতিযোগিতা কিছুটা কমে যায়। ফলে অনেক বিক্রেতাকে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ এবং দরকষাকষির জন্য প্রস্তুত থাকতে হচ্ছে।    নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাড়ি বিক্রির পুরো প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ, প্রদর্শন, ক্রেতার প্রস্তাব গ্রহণ, পরিদর্শন, মূল্যায়ন এবং চূড়ান্ত হস্তান্তর—প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি থাকলে সফলভাবে বিক্রি সম্পন্ন করার সম্ভাবনা বাড়ে।    রিয়েলটর ডটকম বলছে, বর্তমান বাজারে ক্রেতাদের হাতে আগের তুলনায় বেশি বিকল্প রয়েছে। তাই বিক্রেতাদেরও বাজারের বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিকল্পনা করতে হবে, যাতে সম্পত্তি দ্রুত এবং প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা সম্ভব হয়।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৯:৫৫
সরকারি ডিভাইসগুলো থেকে টিকটক অপসারণের আইন আর মার্কিন সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানাল বিচার বিভাগ। ছবি: সংগৃহীত
মালিকানা বদলাতেই কাটল নিষেধাজ্ঞা, সরকারি ফোনেও টিকটক চালানোর অনুমতি দিল মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই সপ্তাহে সিদ্ধান্ত জানিয়েছে যে, সরকারি ডিভাইসগুলো থেকে টিকটক অপসারণের যে আইন ছিল, তা অ্যাপটির বর্তমান মার্কিন সংস্করণের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।   বেইজিং-ভিত্তিক বাইটড্যান্সের ১৯.৯% শেয়ার রেখে টিকটকের মার্কিন কার্যক্রমের মালিকানা অধিকাংশ আমেরিকান উদ্যোক্তাদের একটি গ্রুপের কাছে হস্তান্তরিত হওয়ার ছয় মাস পর এই আইনি মতামত সামনে এলো।   জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটক যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে তদন্তের মুখোমুখি হয়েছে, যা প্ল্যাটফর্মটিকে দেশব্যাপী নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলেছিল।   ২০২২ সালের শেষের দিকে, কংগ্রেস একটি দ্বিপাক্ষিক আইন পাস করে যার মাধ্যমে নির্বাহী শাখার সংস্থাগুলোকে ফেডারেল ডিভাইস থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এবিসি নিউজের তথ্য অনুসারে, আইনটি "বাইটড্যান্স লিমিটেড বা বাইটড্যান্স লিমিটেডের মালিকানাধীন কোনো সত্তা দ্বারা তৈরি বা সরবরাহকৃত যেকোনো উত্তরসূরি অ্যাপ্লিকেশন বা পরিষেবার" ক্ষেত্রেও প্রযোজ্য ছিল।   গত বৃহস্পতিবার, বিচার বিভাগের অফিস অফ লিগ্যাল কাউন্সিল রাষ্ট্রপতির ডেপুটি কাউন্সেলকে উদ্দেশ্য করে লেখা একটি ১২ পৃষ্ঠার মতামতে জানিয়েছে যে, আইনটি টিকটকের বর্তমান মার্কিন সংস্করণের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।   অফিসটি তাদের মতামতে বলেছে, "কংগ্রেস শুধুমাত্র টিকটকের সেই সংস্করণটি নিষিদ্ধ করেছিল যা একই রকম সমস্যাযুক্ত মালিকানার বৈশিষ্ট্যগুলো ভাগ করে।"   এই মতামত সত্ত্বেও, ফেডারেল সংস্থাগুলো এখনও উৎপাদনশীলতাসহ কর্মীবাবলী ব্যবস্থাপনার কারণে সরকারি ডিভাইসগুলোতে অ্যাপটি নিষিদ্ধ রাখতে পারে।   মূলত সংবেদনশীল সরকারি তথ্য অ্যাপটির মাধ্যমে চীনা সত্তাগুলো অ্যাক্সেস করতে পারে এমন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে প্রাথমিকভাবে এই বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল।   ২০২৪ সালে, কংগ্রেস একটি আইন পাস করে যা বাইটড্যান্স তার মার্কিন কার্যক্রমের মালিকানা ত্যাগ না করলে দেশব্যাপী টিকটককে কার্যকরভাবে নিষিদ্ধ করত। আইনটি কার্যকর হওয়ার একদিন আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে এটি প্রয়োগ না করার নির্দেশ দেন এবং বলেন যে তাঁর প্রশাসন একটি চুক্তি নিয়ে কাজ করছে।   সেই চুক্তিটি জানুয়ারিতে চূড়ান্ত হয়েছিল, যখন বেশিরভাগ মার্কিন বিনিয়োগকারীদের একটি দল টিকটকের মার্কিন কার্যক্রমের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জন করে, যেখানে বাইটড্যান্স একটি ১৯.৯% অংশীদারিত্ব ধরে রাখে।  

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৯:৪১
ওয়াশিংটন পোস্টের জরিপ অনুযায়ী মার্কিন সুপ্রিম কোর্টের ওপর আমেরিকানদের আস্থা সর্বনিম্ন পর্যায়ে। ছবি: আনাদোলু এজেন্সি
‘আইন নয়, ট্রাম্পের নীতিতেই চলে আদালত’, মার্কিন সুপ্রিম কোর্টের ওপর আস্থা হারিয়েছেন অর্ধেকের বেশি মানুষ

একটি সাম্প্রতিক জরিপ অনুসারে, মার্কিন সুপ্রিম কোর্টের ওপর আস্থা নড়বড়ে রয়ে গেছে। অর্ধেকেরও বেশি আমেরিকান আদালতের প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং ৪৬% বিশ্বাস করে যে এর সিদ্ধান্তগুলো আইনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং মতাদর্শ দ্বারা বেশি আকৃতি পাচ্ছে।   শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের একটি জরিপ অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে আদালতের সর্বনিম্ন অনুমোদনের রেটিংগুলোর মধ্যে এটি অন্যতম, যা আমেরিকানদের এর সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হিসেবে দেখার একটি বিস্তৃত প্রবণতাকে তুলে ধরে।   জুন মাসে শেষ হওয়া মেয়াদে, আদালত রাষ্ট্রপতির ক্ষমতা সম্প্রসারণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আইনগতভাবে বসবাসকারী শত হাজার অভিবাসীকে নির্বাসন করার অনুমতি দিয়ে ট্রাম্প প্রশাসনের এজেন্ডাকে শক্তিশালী করেছিল।   যাইহোক, এটি অন্যান্য মূল নীতিগুলোতে প্রশাসনের বিরুদ্ধেও রায় দিয়েছে, যার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ করার এবং ব্যাপক শুল্ক আরোপ করার প্রচেষ্টাগুলোকে অবরুদ্ধ করা অন্তর্ভুক্ত রয়েছে।   নতুন জরিপে আরও দেখা গেছে যে প্রায় ৬৭% রিপাবলিকান আদালতকে অনুমোদন করে, যেখানে প্রায় ৭৫% ডেমোক্র্যাট অননুমোদন করে।   যে ৪৬% উত্তরদাতা বিশ্বাস করেন যে বিচারপতিরা তাদের রায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে দেন, তাদের মধ্যে ৬৬% বলেছেন যে বিচারপতিরা প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের মতাদর্শের সাথে সারিবদ্ধ হন।   এই ফলাফলগুলো পূর্ববর্তী জরিপগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ যা আদালতের প্রতি হ্রাসমান আস্থা এবং এর রায়গুলো রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হওয়ার একটি ক্রমবর্ধমান ধারণাকে দেখায়।   ২০২৪ সালের একটি ফক্স নিউজ জরিপে দেখা গেছে যে ১০ জনের মধ্যে আটজনেরও বেশি ভোটার বিশ্বাস করেন যে বিচারপতিদের সিদ্ধান্তগুলোতে পক্ষপাতিত্ব অন্তত কিছু ভূমিকা পালন করেছে, যা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ই ভাগ করেছে।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৯:৩০
ঘটনা স্থলে পুলিশ। ছবি:সংগৃহীত
নাইটক্লাবের সামনে সংঘর্ষের পর গুলিবর্ষণ, আহত ৯, দুজনের অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের আপটাউন এলাকায় একটি নাইটক্লাবের বাইরে সংঘর্ষের জেরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।     মিনিয়াপোলিস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ১২টার কিছু আগে ২৯তম স্ট্রিট ও হেনেপিন অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত রেইন ইভেন্ট সেন্টারের বাইরে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে একটি মারামারি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি গুলিবর্ষণে রূপ নেয়।     ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন গুলিবিদ্ধকে উদ্ধার করে। পরে আরও পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।     পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২০ বছর ও ২১ বছর বয়সী দুই তরুণ গুরুতর গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা জীবনসংকটাপন্ন। বাকি সাতজনের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং অধিকাংশই বিশের কোঠার তরুণ-তরুণী। চিকিৎসকদের মতে, তাদের সবার প্রাণহানির আশঙ্কা নেই।     ঘটনার পর রোববার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে, এটি চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়ার ঘটনা ছিল কি না, সেটিসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।     ঘটনার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং গুলিবর্ষণের সুনির্দিষ্ট পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৯:৩৬
আটককৃত আসামি। ছবি:সংগৃহীত
৩২ বছর পালিয়ে থাকার পর ধরা পড়ল ২৪৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি

তিন দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর অবশেষে আইনের হাতে ধরা পড়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার দণ্ডিত শিশু যৌন নির্যাতনকারী ড্যানিয়েল ব্রুস্টার। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি গ্রাম থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের পর আদালত তাকে ২৪৭ বছরের কারাদণ্ড দিয়েছে। তদন্তকারীদের মতে, এটি অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ পলাতক আসামি অনুসরণের অন্যতম ঘটনা।   আদালতের নথি অনুযায়ী, ১৯৯২ সালে টুকসনে শিশুদের প্রতি যৌন নির্যাতন, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক এবং শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগে ব্রুস্টার দোষী সাব্যস্ত হন। সে সময় তার স্ত্রী একটি ডে-কেয়ার সেন্টার পরিচালনা করতেন। অভিযোগ অনুযায়ী, সেখানে থাকা একাধিক শিশুর ওপর নির্যাতন চালিয়েছিলেন তিনি।   রায় ঘোষণার আগেই ব্রুস্টার পালিয়ে যান। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এমনকি টেলিভিশনের ‘আমেরিকাস মোস্ট ওয়ান্টেড’ অনুষ্ঠানেও তার তথ্য প্রচার করা হয়। তবুও দীর্ঘ ৩২ বছর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিলেন।   তদন্তে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে মেক্সিকো, পরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডায় অবস্থান করেন। শেষ পর্যন্ত গত বছর ইউক্রেনের সাইবার গোয়েন্দারা কিয়েভের কাছে একটি ছোট গ্রামে তার অবস্থান শনাক্ত করেন। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়।   মামলার এক ভুক্তভোগী অ্যাঞ্জেলা ডানসন, যিনি নির্যাতনের সময় শিশু ছিলেন, আদালতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, অভিযুক্ত একসময় তাকে একটি বাড়ির ভেতরে আটকে রেখেছিল। দরজার লক খুলতে না পেরে জানালার কাচ ভেঙে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এত বছর পর আদালতে দাঁড়িয়ে সেই ঘটনার কথা বলতে পেরে তিনি স্বস্তি অনুভব করছেন বলে জানান।   বিচারক মামলার রায়ে ড্যানিয়েল ব্রুস্টারকে ২৪৭ বছরের কারাদণ্ড দেন। তবে এত দীর্ঘ সময় ধরে তিনি কীভাবে বিভিন্ন দেশে পালিয়ে থাকতে সক্ষম হয়েছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি তদন্তকারী সংস্থাগুলো।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৯:৬
ইরানের ক্ষে প ণা স্ত্র, ছবি: সংগৃহীত
জর্ডানের আকাবা অভিমুখে ইরানের ক্ষে প ণা স্ত্র, নিজ ভূখণ্ডে প্রবেশের আ শ ঙ্কায় ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে জর্ডানের উপকূলীয় শহর আকাবা অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।   ইসরায়েলি বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এর কিছু অংশ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমা বা ভূখণ্ডে প্রবেশের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।    এর আগে একাধিকবার জর্ডান জানিয়েছে, নিজেদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, জর্ডানের আকাশসীমা বা সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।   আকাবা জর্ডানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং এটি ইসরায়েলের ইলাত শহরের খুব কাছাকাছি অবস্থিত। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক তৎপরতা দ্রুত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।   সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং জর্ডানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৮:৫৫
মৃত্যু হওয়া ৫ জন। ছবি:সংগৃহীত
ঘুরতে গিয়ে আর ফেরা হলো না, আকস্মিক বন্যায় প্রাণ হারাল একই পরিবারের ৫ জন

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ওয়েন কাউন্টিতে আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে ভেসে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্রোভো ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ক্যাপ্টেন স্পেনসার লং, তার স্ত্রী ক্যাটরিনা লং এবং তাদের তিন ছেলে। এ ঘটনায় পরিবারের একমাত্র মেয়ে প্রাণে বেঁচে গেলেও এক মুহূর্তে হারিয়েছে তার পুরো পরিবার।   ওয়েন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার বিকেলে বিকনেল এলাকার সানগ্লো ক্যাম্পগ্রাউন্ডে আকস্মিক বন্যার মধ্যে আটকা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। পরে শনিবার প্রোভো ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ক্যাপ্টেন স্পেনসার লং ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।   তদন্তকারীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারটি হাইকিং ও ক্যানিয়ন ভ্রমণের জন্য ওই এলাকায় পৌঁছায়। বিকেল ৫টার দিকে একটি খালের কাছে এক কিশোরের মরদেহ উদ্ধারের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং রাতভর অভিযান চালিয়ে শনিবার দুপুরের দিকে নিখোঁজ থাকা বাকি দুই সদস্যের মরদেহও উদ্ধার করা হয়।   শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলই এই মৃত্যুর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।   স্পেনসার লংয়ের পরিবারকে সহায়তার জন্য খোলা একটি তহবিল সংগ্রহের উদ্যোগে জানানো হয়েছে, দুর্ঘটনায় তার স্ত্রী ক্যাটরিনা এবং তিন ছেলেও প্রাণ হারিয়েছেন। পরিবারের একমাত্র কন্যা বেঁচে থাকলেও এই দুর্ঘটনা তার জীবন চিরতরে বদলে দিয়েছে।   ক্যাটরিনা লং স্থানীয় মোনা সিটির সাবেক কাউন্সিল সদস্য এবং সামিট মেডিকেল স্পার সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে মোনা সিটি, সামিট মেডিকেল স্পা এবং আশপাশের একাধিক ফায়ার বিভাগ শোক প্রকাশ করেছে। তারা ক্যাটরিনার সমাজসেবা, নেতৃত্ব এবং মানবিক অবদানের কথা স্মরণ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।   স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আগেও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনায় একটি পুরো পরিবার হারিয়ে যাওয়ায় সবাই গভীরভাবে শোকাহত। অনেকেই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বর্ষাকালে পাহাড়ি ঢল সম্পর্কে আরও কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।   স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, পাহাড়ি এলাকায় দূরে ভারী বৃষ্টি হলেও সংকীর্ণ ক্যানিয়ন ও খালের এলাকায় হঠাৎ প্রাণঘাতী ঢল নেমে আসতে পারে। তাই এ ধরনের এলাকায় ভ্রমণের আগে আবহাওয়ার সতর্কতা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ৮:৫১