- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
দীর্ঘ আট মাসের চুলচেরা বিশ্লেষণ ও বিতর্কের পর জনপরিসরে মুখ ঢাকা বা বোরকা পরিধান নিষিদ্ধের আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে পর্তুগালের সংসদ। নতুন এই আইন অনুযায়ী, যেকোনো স্থানে জনসমক্ষে মুখ ঢেকে রাখা এখন থেকে বেআইনি বলে গণ্য হবে। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাকে প্রাথমিকভাবে ১৫০ থেকে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে বা জোরপূর্বক এই আইন অমান্য করলে জরিমানার পরিমাণ ৪০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত হতে পারে। নতুন এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে, বয়স, লিঙ্গ, ধর্মীয় পরিচয় বা অন্য কোনো কারণে কাউকে জোরপূর্বক মুখ ঢাকতে বাধ্য করা যাবে না। গত শুক্রবার সংসদে অনুষ্ঠিত চূড়ান্ত সাধারণ ভোটে ডানপন্থী ও রক্ষণশীল দলগুলোর সমর্থনে বিলটি পাস হয়। শেগা, ইনিশিয়েটিভা লিবারেল, পিএসডি এবং সিডিএস-এর মতো দলগুলো এই বিলের পক্ষে ভোট দেয়। অন্যদিকে, বামপন্থী সংসদ সদস্যরা শুরু থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করে আসছিলেন। মূলত কট্টরপন্থী শেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চুরার নেতৃত্বাধীন দলটি প্রথম এই প্রস্তাব সংসদে উত্থাপন করেছিল। চূড়ান্ত ভোটের আগে গত সপ্তাহে সাংবিধানিক বিষয়ক কমিটিতেও বিলটি সংখ্যাগরিষ্ঠের ভোটে অনুমোদিত হয়। জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাসে বিলটি নীতিগতভাবে অনুমোদন পেয়েছিল এবং তারপর থেকেই এটি নিয়ে আলোচনা চলছিল। এরপর চলতি বছরের জুনে পিএসডি দল শেগার মূল প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প খসড়া উপস্থাপন করে, যেখানে সরাসরি ধর্মীয় কারণের চেয়ে জাতীয় নিরাপত্তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। পরবর্তীতে শেগা তাদের আগের প্রস্তাবে প্রয়োজনীয় সংশোধন এনে নতুন খসড়া তৈরি করে। চূড়ান্ত আইনে মূলত জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থকেই জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধের প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
ভূমধ্যসাগরে ভ্রমণরত সমকামীদের একটি প্রমোদতরিকে নিজেদের জলসীমায় প্রবেশের অনুমতি দেয়নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশ তুরস্ক ও মিশর। ‘স্কারলেট লেডি’ নামের এই বিলাসবহুল জাহাজটিতে মূলত এলজিবিটিকিউ (L.G.B.T.Q.) সম্প্রদায়ের যাত্রীরা ছিলেন। পর্যটন সংস্থা 'আটলান্টিস ইভেন্টস'-এর চার্টার করা এই জাহাজটির গত ৭ জুলাই তুরস্কের ইজিয়ান উপকূলীয় রিসোর্ট শহর কুসাদাসিতে নোঙর করার কথা ছিল। কিন্তু এথেন্স থেকে যাত্রা শুরুর প্রস্তুতিকালেই তুরস্ক কর্তৃপক্ষ ‘নৈতিক মূল্যবোধ’-এর কারণ দেখিয়ে জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে নিষেধ করে। তুরস্কের এমন আকস্মিক প্রত্যাখানের পর বিকল্প গন্তব্য হিসেবে গত ৯ জুলাই মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করার প্রাথমিক অনুমোদন পেয়েছিল প্রমোদতরিটি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর মাত্র চার ঘণ্টা আগে মিশরও তাদের প্রবেশের অনুমতি বাতিল করে দেয়। তুরস্কের আয়দিন প্রদেশের স্থানীয় কর্মকর্তারা এই বিষয়ে জানান, ক্রুজটির যাত্রীদের জীবনাচরণ তাদের সমাজের কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এটি তুর্কিদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করেছে। অন্যদিকে, মিশর আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানালেও সংশ্লিষ্টরা মনে করছেন, তুরস্কের মতোই রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাধ্য হয়ে প্রমোদতরিটি সাগরে ভাসমান থাকার পর গ্রিসের ক্রিট দ্বীপের পূর্বনির্ধারিত গন্তব্যে যাত্রা করে। প্রায় ১,৯০০ জন যাত্রী বহনকারী এই জাহাজের বেশিরভাগই ছিলেন মার্কিন নাগরিক এবং সমকামী পুরুষ। প্রমোদতরিটিতে বিখ্যাত ব্রডওয়ে অভিনেত্রী ও গায়িকা প্যাটি লুপোনও উপস্থিত ছিলেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট রিচ ক্যাম্পবেল জানান, এর আগেও তাদের ক্রুজ এই দেশগুলোতে কোনো বাধা ছাড়াই ভ্রমণ করেছে। রাজনৈতিক ও সামাজিক কারণে এবারই প্রথম এমন ঘটনার সম্মুখীন হতে হলো। রক্ষণশীলতা ও পর্যটন যে একসঙ্গে সহাবস্থান করতে পারে, সে বিষয়ে তিনি জোর দেন। র্যান্ডি স্লোভাচেক নামের এক সাংবাদিক ও যাত্রী জানান, তুরস্ক ও মিশরের এমন সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে তাদেরই ক্ষতি করেছে। ক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, এমন বৈষম্যমূলক আচরণের পর তারা আর কখনোই এই দুই দেশে ভ্রমণ করবেন না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন জানিয়েছি, বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।” তিনি আরও বলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত বিদ্যমান আইন এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই ভারতের পক্ষ থেকে এ অনুরোধ বিবেচনা করা হবে। একই সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যা মামলায় ভারতের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফেরত চেয়ে ঢাকা থেকে আরেকটি প্রত্যর্পণ অনুরোধ এসেছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত নন। বিষয়টি যাচাই করে দেখতে হবে বলেও জানান তিনি। প্রশ্নকারী সাংবাদিকও ওই মামলার অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি। তবে এ প্রসঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পুনর্ব্যক্ত করেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধ সংশ্লিষ্ট আইনি বিধান ও বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর থাকলেও কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে দুই দেশের প্রযোজ্য আইন, চুক্তির শর্ত এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের পাঠানো অনুরোধের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তীব্র গরমের মধ্যেই নাগরিকদের নির্দিষ্ট সময়ে এসি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইরান সরকার। বিদ্যুৎ সরবরাহে চাপ কমাতে শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো হামলার শিকার হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নাগরিকদের ব্যস্ত সময়ে এসি ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। তবে কোন ধরনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন নাকি অন্য কোনো স্থাপনা। সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী তেহরানে শুক্রবার তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। শনিবার ও রোববার সর্বোচ্চ তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার অন্যতম লক্ষ্যবস্তু বন্দরনগরী বন্দর আব্বাসেও তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকার পাশাপাশি রোববার ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার রাতভর চালানো হামলায় বন্দর আব্বাসের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সড়ক ও রেলসেতুতে আঘাত হানা হয়। এছাড়া ওমান উপসাগর তীরবর্তী চাবাহার বন্দরের একটি টাওয়ার ধসে পড়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। স্থলবেষ্টিত আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে পরিচিত এই বন্দরটি ভারতের সহায়তায় পরিচালিত হচ্ছিল এবং অতীতেওh একাধিকবার মার্কিন হামলার লক্ষ্য হয়েছে। এদিকে শুক্রবার ছিল ইরানে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ দিনের বিমান হামলা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।
ইরানের রাজধানী তেহরানের অন্যতম ব্যস্ত এলাকা প্যালেস্টাইন স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে ট্রাম্প, তার স্ত্রী ও সন্তানদের ছবির নিচে মার্কিন পতাকায় মোড়ানো কফিনের ছবি দেখানো হয়েছে। পাশাপাশি ফারসি ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘রক্তের বদলে রক্ত’। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে বিলবোর্ডটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিলবোর্ডটি তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে স্থাপন করা হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের সন্তানদের ছবি ব্যবহার করা হয়েছে। তাদের নিচে মার্কিন পতাকায় মোড়ানো একাধিক কফিনের প্রতীকী ছবি দিয়ে প্রতিশোধের বার্তা তুলে ধরা হয়েছে। এর আগে তেহরানের এঙ্গেলাব স্কয়ারেও আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে খোলা কালো কফিনে শোয়ানো অবস্থায় দেখানো হয়। সেখানে ইংরেজি ও ফারসি ভাষায় ‘We Kill Trump’ বা ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ লেখা ছিল। এসব বিলবোর্ড এমন এক সময়ে প্রকাশ্যে আনা হয়েছে, যখন ইরানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রবিরোধী ক্ষোভ আরও তীব্র হয়েছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তেহরানের প্যালেস্টাইন স্কয়ার ও এঙ্গেলাব স্কয়ারের বড় বড় দেয়ালচিত্র ও বিলবোর্ড দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী নানা প্রচারণায় এসব স্থান নিয়মিত ব্যবহার করা হয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, তার বা তার পরিবারের ওপর ইরানের পক্ষ থেকে কোনো হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্র কঠোর ও বিধ্বংসী জবাব দেবে। সাম্প্রতিক বিলবোর্ডগুলো দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসিইর হেফাজতে থাকা এক ক্যানসারজয়ী অভিবাসীকে চিকিৎসাজনিত জটিলতায় তিনবার হাসপাতালে নিতে হয়েছে। আদালতের নথি ও চিকিৎসা সংক্রান্ত রেকর্ডে উঠে এসেছে, হেফাজতে থাকার সময় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নতুন করে আইসিই হেফাজতে স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি একজন রোমানিয়ান নাগরিক। ২০২৫ সালে জরুরি ট্রিপল বাইপাস অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ১৬টি ওষুধ সেবনের প্রয়োজন ছিল। পরে তাকে আইসিই হেফাজতে নেওয়া হলে আদালতের নথিতে অভিযোগ করা হয়, কিছু সময় তিনি প্রয়োজনীয় ওষুধ পাননি এবং বারবার অনুরোধ সত্ত্বেও তার চিকিৎসা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। এর ফলে বুকে ব্যথা নিয়ে তাকে তিন দফা হাসপাতালে ভর্তি করতে হয়। আদালতে দাখিল করা নথিতে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির আইনজীবীরা মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার আবেদন করেছেন। তাদের দাবি, গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিকে আটক রেখে পর্যাপ্ত চিকিৎসা না দেওয়া তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। এদিকে আইসিই বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, তাদের হেফাজতে থাকা প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয় এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। এ ঘটনা এমন এক সময় সামনে এলো, যখন অ্যাসোসিয়েটেড প্রেস ও কেএফএফ হেলথ নিউজের যৌথ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অভিবাসন আটককেন্দ্রে চিকিৎসা অবহেলার শত শত অভিযোগের তথ্য প্রকাশিত হয়েছে। আদালতের নথিতে বহু আটক ব্যক্তি গুরুতর অসুস্থতা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া এবং চিকিৎসায় বিলম্বের অভিযোগ করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে আইসিই হেফাজতে অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন আটককেন্দ্রগুলোতে চিকিৎসা সুবিধা ও নজরদারি জোরদারের দাবি জানালেও আইসিই বলছে, তাদের স্বাস্থ্যসেবা জাতীয় মানদণ্ড অনুসারেই পরিচালিত হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্বল করার ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমার। তিনি যুক্তরাষ্ট্রকে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার আহ্বান জানিয়ে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। বুধবার উত্থাপিত ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি ‘রোম স্ট্যাটিউট’ অনুমোদনের মাধ্যমে আদালটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইসিসির কর্মকর্তা ও বিচারকদের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধ প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। এই উদ্যোগ আসে এমন এক সময়ে, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র সরকার প্রয়োজনে “ইটে ইট খুলে” আন্তর্জাতিক অপরাধ আদালতকে ভেঙে দেওয়ার জন্য সরকারের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ ব্যবহার করবে। ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিসি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং মার্কিন নাগরিক ও মিত্রদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। সোমালিয়ায় জন্ম নেওয়া এবং শৈশবে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আসা ইলহান ওমার বলেন, “আমরা যদি সত্যিই মানবাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করি, তাহলে আন্তর্জাতিক বিচারব্যবস্থাকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করা উচিত। যুক্তরাষ্ট্রের উচিত উদাহরণ সৃষ্টি করা এবং দেখানো যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।” তিনি আরও বলেন, আইসিসি কেবল তখনই হস্তক্ষেপ করে, যখন কোনো দেশ যুদ্ধাপরাধ, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিজস্ব বিচারব্যবস্থার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় বা অনিচ্ছুক থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই রোম স্ট্যাটিউটের সদস্য নয় এবং আইসিসির এখতিয়ার স্বীকার করে না। তবে সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগে আইসিসি তদন্ত চালাতে পারে। সেই প্রেক্ষাপটে আদালত গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত করে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইলহান ওমারের প্রস্তাবটি আইন নয়; এটি প্রতিনিধি পরিষদের একটি নীতিগত রেজুলেশন। এটি পাস হলেও সরাসরি যুক্তরাষ্ট্রকে আইসিসির সদস্য করবে না। যুক্তরাষ্ট্রের আইসিসিতে যোগ দিতে হলে রোম স্ট্যাটিউট অনুমোদনসহ সংবিধান অনুযায়ী পৃথক আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার কথিত যৌথ আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। নিউ যমুনা সেতুতে পৌঁছে প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও তার সঙ্গে থাকা তরুণী আর লাফ দেননি। বরং ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় নদী থেকে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুগল একসঙ্গে সেতুতে পৌঁছেছিলেন এবং তাদের উদ্দেশ্য আত্মহত্যা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতুতে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। এরপর তিনি সেখান থেকে হেঁটে চলে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আনু গুপ্তার সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র স্যার সাদিক খান ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য (লাইফ পিয়ার) হিসেবে মনোনীত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ২৬ জন নতুন সদস্যের যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে সাদিক খানের নামও রয়েছে। এই নিয়োগের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের আইন প্রণয়ন ও পর্যালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হাউস অব লর্ডসে ভূমিকা রাখার সুযোগ পাবেন। হাউস অব লর্ডসে অন্তর্ভুক্তির ফলে ভবিষ্যতে তিনি চাইলে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী হওয়ার সাংবিধানিক যোগ্যতাও অর্জন করবেন। তবে বিবিসি ও একাধিক ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া অ্যান্ডি বার্নহামের সরকারে আপাতত কোনো মন্ত্রিত্ব নিতে আগ্রহী নন সাদিক খান। তিনি লন্ডনের মেয়র হিসেবেই দায়িত্ব পালন অব্যাহত রাখতে চান। হাউস অব লর্ডস যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ, যেখানে সদস্যরা হাউস অব কমন্সে পাস হওয়া বিল ও আইন পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ দেন। আইন প্রণয়ন প্রক্রিয়ায় এই কক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের লাইফ পিয়ার হিসেবে সেখানে নিয়োগ দেওয়া হয়। পাকিস্তানি বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সন্তান সাদিক খান ২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। তিনি ছিলেন লন্ডনের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। এরপর ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের নেতৃত্ব ধরে রেখেছেন। তার রাজনৈতিক উত্থানকে যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাউস অব লর্ডসে তার অন্তর্ভুক্তি জাতীয় পর্যায়ে তার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়াবে। যদিও তিনি এখনই মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না, তবুও ভবিষ্যতে যুক্তরাজ্যের কেন্দ্রীয় রাজনীতিতে আরও বড় ভূমিকা পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের শেষ দিকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল নতুন ২৬ জন লাইফ পিয়ার নিয়োগ। এই তালিকায় রাজনীতি, ব্যবসা, সমাজসেবা, সামরিক ও বিভিন্ন পেশাজীবী খাতের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাদিক খানের অন্তর্ভুক্তি সেই তালিকার অন্যতম আলোচিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে আইসিইউতে চিকিৎসাধীন এক ডেন্টাল শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা করেছেন তার পরিবার। তাদের অভিযোগ, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির পর কোনো আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি রোগীকে দেখেননি; বরং দূরবর্তী স্থান থেকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে তার চিকিৎসা তদারকি করা হচ্ছিল। পরিবারের দাবি, এ অবহেলার কারণেই ২৬ বছর বয়সী কনর হাইলটনের মৃত্যু হয়েছে। আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ আগস্ট তীব্র পেটব্যথা, বমি, পানিশূন্যতা, মেটাবলিক অ্যাসিডোসিস, অগ্ন্যাশয়ের প্রদাহ এবং অ্যালকোহল প্রত্যাহারজনিত জটিলতা নিয়ে কনর হাইলটন ব্রিজপোর্ট হাসপাতালের মিলফোর্ড ক্যাম্পাসে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলেও সেখানে কোনো অনসাইট আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুযায়ী, রোগীর অবস্থা অবনতির দিকে গেলেও তাকে সরাসরি কোনো চিকিৎসক পরীক্ষা করেননি। মামলায় আরও দাবি করা হয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে হাইলটনের খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়, তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে তার হৃদস্পন্দন ধীর হয়ে যায়। জরুরি সংকেত দেওয়ার পর তাকে শ্বাসনালি দিয়ে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ, জরুরি চিকিৎসা শুরু করতেও বিলম্ব হয়েছিল, কারণ যিনি রোগীকে ইনটিউবেট করতে এসেছিলেন তিনি প্রথমে আইসিইউর অবস্থানই খুঁজে পাচ্ছিলেন না। পরিবারের আইনজীবীর দাবি, হাসপাতালটি একটি ‘টেলি–আইসিইউ’ পদ্ধতিতে পরিচালিত হচ্ছিল, যেখানে সংকটাপন্ন রোগীদের দূরবর্তী স্থান থেকে ভিডিওর মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো। তাদের অভিযোগ, রোগী বা পরিবারের সদস্যদের আগে থেকে জানানো হয়নি যে আইসিইউতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি উপস্থিত থাকবেন না। যদি তারা বিষয়টি জানতেন, তাহলে কনরকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করতেন। মামলায় ইয়েল নিউ হ্যাভেন হেলথ, ব্রিজপোর্ট হাসপাতাল মিলফোর্ড ক্যাম্পাস এবং সংশ্লিষ্ট নর্থইস্ট মেডিকেল গ্রুপকে আসামি করা হয়েছে। পরিবারের দাবি, যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হলে কনরের মৃত্যু এড়ানো সম্ভব ছিল। অন্যদিকে ইয়েল নিউ হ্যাভেন হেলথ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মামলার বিষয়টি সম্পর্কে অবগত। তবে বিচারাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করবে না। প্রতিষ্ঠানটি বলেছে, তারা রোগীদের নিরাপদ ও সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ
ব্রাজিলে বিমানের একটি জানালার আসন নিয়ে ঘটে যাওয়া ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর এবার আইনি লড়াইয়ে নেমেছেন সেই নারী যাত্রী। সংরক্ষিত আসন ছাড়তে অস্বীকৃতি জানানোর ভিডিও ভাইরাল হওয়ায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতির অভিযোগ এনে তিনি বিমান সংস্থা গোল এয়ারলাইন্স এবং ভিডিও ধারণ ও প্রকাশকারী এক সহযাত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। ২৯ বছর বয়সী জেনিফার কাস্ত্রো ব্রাজিলের একটি ব্যাংকের কর্মী ছিলেন। গত বছরের ডিসেম্বরে গোল এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি আগে থেকেই সংরক্ষণ করা জানালার আসনে বসতে গেলে সেখানে একটি শিশুকে দেখতে পান। শিশুটি সরে যাওয়ার পর তিনি নিজের নির্ধারিত আসনে বসেন। পরে শিশুটি কান্না করায় তাকে আসনটি ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও কাস্ত্রো তা প্রত্যাখ্যান করেন। ঘটনার সময় আরেক যাত্রী তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। কেউ কাস্ত্রোর সিদ্ধান্তের সমালোচনা করেন, আবার অনেকে বলেন, আগে থেকে সংরক্ষণ করা আসন ব্যবহার করা একজন যাত্রীর অধিকার। কাস্ত্রোর দাবি, ভাইরাল ভিডিওর পর তিনি ব্যাপক অনলাইন হয়রানি, ব্যক্তিগত আক্রমণ ও মানসিক চাপে পড়েন। এর প্রভাব তার কর্মজীবনেও পড়ে এবং শেষ পর্যন্ত তাকে আগের পেশা ছাড়তে হয়। তার অভিযোগ, একটি সাধারণ বিমানযাত্রাকে অননুমোদিতভাবে ভিডিও করে প্রকাশ করার কারণে তার সুনাম ও ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তিনি গোল এয়ারলাইন্স এবং ভিডিও ধারণকারী যাত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। তার বক্তব্য, এই আইনি পদক্ষেপ শুধু নিজের ক্ষতির প্রতিকার চাওয়ার জন্য নয়, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি অনুমতি ছাড়া একইভাবে জনসমক্ষে অপদস্থ না হন, সেই বার্তাও দিতে চান তিনি। এদিকে মামলার বিষয়ে গোল এয়ারলাইন্স প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ঘটনাটি এখন ব্যক্তিগত গোপনীয়তা, যাত্রীর অধিকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া ভিডিও প্রকাশের সীমা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত সাইবার হামলা এবং র্যানসমওয়্যার আক্রমণের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এসব হামলায় প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি হওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সর্বশেষ কোকা-কোলার মালিকানাধীন ডেইরি কোম্পানি ফেয়ারলাইফ জানিয়েছে, তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার একটি অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিস্টেম স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এ ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায় সাইবার হামলাগুলো আরও দ্রুত, জটিল এবং লক্ষ্যভিত্তিক হয়ে উঠছে। এর ফলে তথ্য চুরি, মুক্তিপণ দাবি এবং সেবা ব্যাহত হওয়ার ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস একটি নতুন সমন্বয় উদ্যোগের ঘোষণা দিয়েছে। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে। লক্ষ্য হচ্ছে, উন্নত এআই ব্যবস্থায় শনাক্ত হওয়া সাইবার নিরাপত্তার দুর্বলতাগুলো দ্রুত শনাক্ত করা, তথ্য বিনিময় করা এবং সমন্বিতভাবে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি—উভয় খাতেই আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
ফ্লোরিডার মিয়ামিতে উবারে যাত্রার সময় বিয়ার পান করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিজের বন্ধুকে কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লিন মেরি জামোরা নামের ৩২ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার-সংক্রান্ত নথির বরাত দিয়ে আইনবিষয়ক সংবাদমাধ্যম ল অ্যান্ড ক্রাইম জানিয়েছে, সোমবার রাতে মিয়ামির বেস্ট ওয়েস্টার্ন প্লাস কেনডাল হোটেল অ্যান্ড স্যুটস থেকে উবারে ওঠেন জামোরা ও তার এক পুরুষ বন্ধু। তারা আরেক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে জামোরা উবারে বসেই একটি বিয়ার পান করতে চান। কিন্তু তার সঙ্গে থাকা বন্ধু জানান, উবারের গাড়িতে খোলা অবস্থায় মদ্যপান করা যাবে না। পুলিশি প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে জামোরা বিরক্ত হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, বন্ধুটি একাধিকবার তাকে বিয়ার পান না করার অনুরোধ জানালে জামোরা নিজের ব্যাগ থেকে একটি কাঁচি বের করে তার বাম বাহু ও বাম পায়ের পেশিতে আঘাত করেন। ঘটনার পর উবারচালক দ্রুত গাড়ি থামিয়ে বাইরে নেমে যান। আহত যাত্রীও গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে চালক জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামোরাকে আটক করে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার আঘাত গুরুতর হলেও প্রাণহানির আশঙ্কা ছিল না। পুলিশ জামোরার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুরুতর হামলার অভিযোগ দায়ের করে তাকে টার্নার গিলফোর্ড নাইট কারেকশনাল সেন্টারে পাঠায়। উবারের কমিউনিটি গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্ল্যাটফর্ম ব্যবহারকালে মাদক কিংবা খোলা অবস্থায় অ্যালকোহলের বোতল বহন বা পান করা নিষিদ্ধ। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হলে জানা যায়, জামোরা এর আগেও ৬৫ বছর বা তার বেশি বয়সী এক ব্যক্তির ওপর হামলার মামলায় প্রবেশনে ছিলেন। আদালতে আরও জানানো হয়, তার বিরুদ্ধে অতীতেও হামলা ও মারধরের একাধিক দণ্ড এবং ইলেকট্রনিক নজরদারি যন্ত্রে হস্তক্ষেপের একটি দণ্ড রয়েছে। শুনানিতে জামোরার আইনজীবী তাকে হাসপাতালে পাঠানোর আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। কারণ, আগের মামলার প্রবেশন ভঙ্গের বিষয়টি আগে আলাদাভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে আদালত উল্লেখ করেন। বিচারক ৭ হাজার ৫০০ ডলার বন্ড নির্ধারণ করে তাকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালতের নথি অনুযায়ী, এ মামলায় জামোরার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল অভিবাসীদের জন্য নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে বাইডেন প্রশাসনের ২০২২ সালের নীতি বাতিল করে নতুন বিধিমালার প্রস্তাব দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীর আর্থিক সক্ষমতা যাচাইয়ে অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হবে। আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, শিক্ষা, চাকরির ইতিহাস, আয়, সম্পদ, পারিবারিক আর্থিক অবস্থা এবং অতীতে সরকারি সহায়তা নেওয়ার তথ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মকর্তারা যদি মনে করেন, কোনো আবেদনকারী ভবিষ্যতে নিজের আয়ের পরিবর্তে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাহলে তার গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। ডিএইচএস জানিয়েছে, মূল্যায়নের সময় মেডিকেইড (স্বল্প আয়ের মানুষের সরকারি স্বাস্থ্যসেবা), এসএনএপি বা খাদ্য সহায়তা কর্মসূচি, সরকারি আবাসন সহায়তা এবং নিম্ন আয়ের মানুষের জন্য অন্যান্য সরকারি সুবিধা গ্রহণের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তবে শুধুমাত্র একটি সরকারি সুবিধা নেওয়ার কারণে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না; আবেদনকারীর সামগ্রিক আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত হবে এবং সরকারি সহায়তা কর্মসূচির অপব্যবহার কমবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) বলেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত এবং তারা যেন দেশের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা হয়ে না দাঁড়ান, সেটিই নতুন নীতির মূল উদ্দেশ্য। এর পাশাপাশি বিদেশ থেকে গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার প্রস্তাবও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, এর উদ্দেশ্য হলো আবেদনকারীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করা। প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। ডিএইচএসের হিসাব অনুযায়ী, নতুন নীতি কার্যকর হলে আগামী ১০ বছরে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের সরকারি সহায়তা কর্মসূচিতে প্রায় ১১১ বিলিয়ন ডলার ব্যয় কমতে পারে। সংস্থাটির ধারণা, নতুন নিয়মের কারণে অনেক অভিবাসী সরকারি সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। তবে অভিবাসন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের একাংশ এই নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, এর ফলে অনেক বৈধ অভিবাসীও স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন সুবিধার মতো আইনগতভাবে প্রাপ্য সরকারি সেবা নিতে ভয় পাবেন। এছাড়া কর্মকর্তাদের হাতে বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ায় একই ধরনের আবেদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আসার আশঙ্কাও রয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, সরকারি সুবিধা ব্যবহারে সীমাবদ্ধতা এবং আর্থিকভাবে স্বাবলম্বী অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার নীতিকে জোর দিয়ে আসছেন।
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘পাবলিক চার্জ’ (Public Charge) নীতি পুনর্বহাল করছে, যার আওতায় নির্দিষ্ট সরকারি সহায়তা কর্মসূচি ব্যবহার করা হলে তা গ্রিন কার্ড আবেদনের মূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন নিয়ম আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত বিধি অনুযায়ী, অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীর আর্থিক স্বনির্ভরতা মূল্যায়নের সময় খাদ্য সহায়তা কর্মসূচি (এসএনএপি বা ফুড স্ট্যাম্প), মেডিকেইড, হাউজিং ভাউচারসহ নির্দিষ্ট সরকারি সুবিধা ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে পারবেন। তবে এসব সুবিধা গ্রহণ করলেই গ্রিন কার্ডের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হবে না। আবেদনকারীর সামগ্রিক আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন নিয়মে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, আয়, সম্পদ, আর্থিক দায়বদ্ধতা এবং ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় একসঙ্গে মূল্যায়ন করা হবে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এই নীতির উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া নিশ্চিত করা এবং করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা নিরুৎসাহিত করা। ‘পাবলিক চার্জ’ নীতিটি ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হয়ে ২০২০ সালে কার্যকর হয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২২ সালে সেই নীতি বাতিল করে অপেক্ষাকৃত শিথিল নির্দেশনা জারি করে। এবার ট্রাম্প প্রশাসন আগের কঠোর নীতিটি আবার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অভিবাসন অধিকারবিষয়ক সংগঠনগুলো এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, নতুন নিয়মের কারণে অনেক অভিবাসী পরিবার—বিশেষ করে যেসব পরিবার আইনগতভাবে সরকারি সহায়তা পাওয়ার যোগ্য—তারা ভবিষ্যতে গ্রিন কার্ড আবেদনে প্রভাব পড়ার ভয়ে স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা কিংবা আবাসন সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন। যাদের গ্রিন কার্ডের আবেদন চলমান বা শিগগির আবেদন করার পরিকল্পনা রয়েছে, তাদের নতুন নিয়ম সম্পর্কে ভালোভাবে জানা এবং প্রয়োজনে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। কারণ সরকারি সহায়তা গ্রহণের বিষয়টি এখন থেকে আবেদনকারীর সামগ্রিক আর্থিক সক্ষমতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।
দুই দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের দণ্ডিত যৌন অপরাধী রোনাল্ড এল. ফিশার। বৃহস্পতিবার নিউইয়র্ক উপকূল থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে সমুদ্রে ভাসমান তার পালতোলা নৌযান থেকে তাকে আটক করে মার্কিন মার্শালস সার্ভিস। মার্কিন মার্শালস সার্ভিস জানিয়েছে, ৭০ বছর বয়সী ফিশার দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ‘দ্য সিলভার লাইনিং’ নামের ৫৬ ফুট দীর্ঘ একটি পালতোলা নৌযানে অবস্থান করছিলেন। নৌযানটি ‘রিচার্ড গ্রেডন’ নামে নিবন্ধিত ছিল, যা ফিশারের ব্যবহৃত একাধিক ছদ্মনামের একটি। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে নিজের ‘লায়ন কিং’ নামের ইয়টে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফিশারের বিরুদ্ধে মামলা হয়। ২০০৫ সালে রোড আইল্যান্ডের নিউপোর্টে সেই মামলার বিচার চলাকালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বিচার শেষ হওয়ার আগেই তিনি নিখোঁজ হয়ে গেলেও আদালত তার অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করে এবং তাকে প্রথম ডিগ্রির যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে। মামলার সমাপনী যুক্তিতর্ক শুরুর কয়েক দিন আগে নিজের আইনজীবীকে পাঠানো এক ইমেইলে ফিশার দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তবে দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি লিখেছিলেন। কর্তৃপক্ষ জানায়, ফিশার একসময় অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে কাজ করতেন। তিনি দক্ষ নাবিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে আদালতে হাজির না হওয়া, প্রথম ডিগ্রির যৌন নিপীড়ন এবং বিচার এড়াতে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোড আইল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক অবস্থায় তাকে ধরিয়ে দিতে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আমেরিকাস মোস্ট ওয়ান্টেড’-এ একাধিকবার তার পরিচয় ও তথ্য প্রচার করা হয়েছিল। মার্কিন মার্শালস সার্ভিস জানিয়েছে, গ্রেপ্তারের আগে প্রায় ৪৮ ঘণ্টা ধরে ফিশারের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। এরপর সমুদ্রে তার নৌযানকে আটকে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর ফিশারকে প্রথমে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে নেওয়া হয়। পরে তাকে ম্যানহাটনে স্থানান্তর করা হয়েছে। এখন সিদ্ধান্ত হবে, তিনি বিচার এড়িয়ে পালিয়ে থাকার অভিযোগে ফেডারেল আদালতে হাজির হবেন, নাকি রোড আইল্যান্ডে প্রত্যর্পণের শুনানির জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে পাঠানো হবে।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল—এমন অভিযোগ আবারও সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ-সংক্রান্ত কিছু গোয়েন্দা তথ্য প্রকাশের (ডিক্লাসিফাই) নির্দেশ দিয়েছেন। তবে চীন এসব অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন” এবং “অপপ্রচার” বলে উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, চীন কোটি কোটি মার্কিন ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল, যা যুক্তরাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছিল। তবে তিনি তার দাবির পক্ষে নতুন কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করেননি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া। চীন কখনো যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।” তিনি ওয়াশিংটনকে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বান জানান। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্রও একই বক্তব্য দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো নীতি বা উদ্দেশ্য চীনের নেই। ট্রাম্প আরও দাবি করেন, চীনা সরকার চেয়েছিল তিনি নির্বাচনে হেরে যান, কারণ তার প্রশাসন বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ তদন্তে বলা হয়েছিল, চীনসহ কোনো বিদেশি দেশ ভোটার তালিকা, ভোটগ্রহণ, ভোট গণনা বা নির্বাচনের ফল পরিবর্তনের মতো কোনো কারিগরি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এমন সময় ট্রাম্প নতুন করে এই অভিযোগ তুললেন, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক কিছুটা স্থিতিশীল হওয়ার চেষ্টা চলছে। আগামী সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ওয়াশিংটন সফর নিয়েও আলোচনা চলছে। ফলে এই অভিযোগ দুই দেশের সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় মেরিল্যান্ডজুড়ে বায়ুদূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে অঙ্গরাজ্যজুড়ে ‘কোড রেড’ বায়ুমান সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম মেরিল্যান্ডে ‘কোড পার্পল’ বা অত্যন্ত অস্বাস্থ্যকর বায়ুমানের পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জানান, ধোঁয়া ও সূক্ষ্ম কণার প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবারের বেশির ভাগ সময় পর্যন্ত অস্বাস্থ্যকর বায়ুমান বিরাজ করতে পারে। শুক্রবার অঙ্গরাজ্যের অধিকাংশ এলাকায় বায়ুমান ‘কোড রেড’ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। গভর্নর মুর বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, যাদের স্বাস্থ্যঝুঁকি বেশি, তারা যেন ঘরের ভেতরে থাকেন এবং জানালা বন্ধ রাখেন। পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা স্বজনদের খোঁজ নেওয়ারও অনুরোধ জানান তিনি। পরিবেশ কর্মকর্তারা জানান, ‘কোড রেড’ অবস্থায় বায়ুদূষণ শুধু শিশু, বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের নয়, সুস্থ মানুষের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান না করা এবং দীর্ঘ সময় বা ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম মেরিল্যান্ডে পূর্বাভাস দেওয়া ‘কোড পার্পল’ পরিস্থিতিতে বায়ুর মান আরও খারাপ থাকবে। এ অবস্থায় সবারই বাইরে কষ্টসাধ্য কাজ সীমিত রাখা উচিত। বিশেষ করে ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগের মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন হাঁপানি, সিওপিডি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী, ছোট শিশু এবং যাদের পেশাগত কারণে বাইরে কাজ করতে হয়। বাইরে যেতে বাধ্য হলে সময় যতটা সম্ভব কম রাখার পাশাপাশি প্রয়োজনে ভালোভাবে ফিট করা এন৯৫ বা কেএন৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে গরম আবহাওয়ায় এসব মাস্ক পরে শ্বাস নিতে কিছুটা কষ্ট হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে ‘রিসার্কুলেট’ মোড ব্যবহার করতে এবং সম্ভব হলে ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ার চালানোর পরামর্শ দিয়েছে মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব হেলথ। একই সঙ্গে বাইরের ব্যায়াম, খেলাধুলা ও অন্যান্য শারীরিক কার্যক্রম বায়ুর মান স্বাভাবিক হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, দাবানলের ধোঁয়ার কারণে কাশি, শ্বাসকষ্ট, শোঁ শোঁ শব্দে শ্বাস নেওয়া, বুকে চাপ অনুভব বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে। এসব উপসর্গ গুরুতর হলে বা কমে না গেলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শ্বাস নিতে মারাত্মক সমস্যা বা তীব্র বুকে ব্যথা হলে জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে অঙ্গরাজ্যের সরকারি সংস্থাগুলোকে সম্ভব হলে বাইরের কার্যক্রম ঘরের ভেতরে স্থানান্তর করতে এবং বাইরে কর্মরত কর্মীদের সময় সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরে কর্মরত অ-জরুরি সরকারি কর্মীদের জন্য বিশেষ ছুটির সুবিধাও রাখা হয়েছে। কর্মকর্তারা জানান, বর্তমান বায়ুমানের সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা হালনাগাদ করা হবে।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল সরকারের কিছু সদস্য সচেষ্ট ছিলেন বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের ইরান-নীতি পরিবর্তনের জন্য ইসরায়েল সরকারের কিছু ব্যক্তি মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তার দাবি, তারা চেয়েছিলেন সামরিক অভিযান দীর্ঘায়িত হোক এবং কূটনৈতিক সমাধান ব্যর্থ হোক। ভ্যান্স আরও দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার পক্ষে অবস্থান নেওয়ায় তাকে ব্যক্তিগতভাবেও লক্ষ্য করে একটি “অত্যন্ত অর্থায়ন-সমৃদ্ধ বিদেশি প্রভাব প্রচারণা” চালানো হয়েছিল। তবে তিনি এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি এখনো বিশ্বাস করেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো জরুরি। তবে তার মতে, সেই লক্ষ্য অর্জনের সবচেয়ে কার্যকর উপায় সবসময় সামরিক অভিযান নয়; কূটনৈতিক পথও গুরুত্বপূর্ণ। ভ্যান্স যে সমঝোতার পক্ষে কথা বলেছেন, সেটি গত মাসে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইরানের সঙ্গে সংঘাত কমানোর লক্ষ্যে হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচকদের দাবি, ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে পর্যাপ্ত বিধিনিষেধ রাখা হয়নি। ভ্যান্সের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের বর্তমান কোনো ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরায়েলি নীতির বিরুদ্ধে অন্যতম কঠোর প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে কূটনীতি নাকি সামরিক চাপ—এই প্রশ্নে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি তহবিলের আর্থিক সংকট নিরসনে কংগ্রেস সময়মতো ব্যবস্থা না নিলে ২০৩৩ সাল থেকে অবসরে যাওয়া নতুন অনেক দম্পতি বছরে প্রায় ১৭ হাজার ৪০০ ডলার পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি সুবিধা হারাতে পারেন। এমন সতর্কবার্তা উঠে এসেছে অলাভজনক বাজেট বিশ্লেষণ সংস্থা কমিটি ফর এ রেসপনসিবল ফেডারেল বাজেটের (সিআরএফবি) বিশ্লেষণে, যা প্রকাশ করেছে নিউজউইক। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইনে কোনো পরিবর্তন না এলে সোশ্যাল সিকিউরিটির অবসরভাতা তহবিলের সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ার পর কেবল চলমান বেতন কর থেকে যে অর্থ আসবে, তা দিয়েই সুবিধা পরিশোধ করতে হবে। ফলে নির্ধারিত পূর্ণ সুবিধা দেওয়া সম্ভব হবে না এবং নতুন অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কমে যেতে পারে। সিআরএফবির হিসাব অনুযায়ী, ২০৩৩ সালে অবসরে যাওয়া গড় আয়ের দুই কর্মজীবী দম্পতি বছরে প্রায় ১৭ হাজার ৪০০ ডলার কম সুবিধা পেতে পারেন। একক উপার্জনকারী দম্পতির ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ১৩ হাজার ১০০ ডলার। এটি এমন নয় যে সোশ্যাল সিকিউরিটির অর্থপ্রদান পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে তহবিলের রিজার্ভ শেষ হয়ে গেলে বিদ্যমান আইনের আওতায় প্রাপ্য সুবিধা কমিয়ে উপলভ্য অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিশোধ করতে হবে। সোশ্যাল সিকিউরিটি যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রতিবন্ধী এবং মৃত কর্মীর পরিবারের সদস্যসহ কোটি কোটি মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস। কর্মজীবনে দেওয়া বেতন করের অর্থ থেকেই এই কর্মসূচি পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরে জনসংখ্যার বার্ধক্য, তুলনামূলক কম জন্মহার এবং অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে তহবিলের ওপর চাপ বাড়ছে। সাম্প্রতিক সরকারি ট্রাস্টি প্রতিবেদনে বলা হয়েছে, অবসরভাতা তহবিলের আর্থিক চাপ আগের ধারণার তুলনায় আরও দ্রুত বাড়ছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের শেষ দিকে অবসরভাতা তহবিলের রিজার্ভ শেষ হয়ে যেতে পারে। এরপর বিদ্যমান আয়ের ভিত্তিতে নির্ধারিত সুবিধার প্রায় ৭৮ শতাংশ পরিশোধ করা সম্ভব হবে। আর অবসর ও প্রতিবন্ধী—দুই তহবিল একত্রে বিবেচনা করলে ২০৩৪ সাল পর্যন্ত পূর্ণ সুবিধা দেওয়া সম্ভব হতে পারে, এরপর নির্ধারিত সুবিধার প্রায় ৮৩ শতাংশ পরিশোধ করা যাবে। এখন পর্যন্ত কংগ্রেস এ সংকট মোকাবিলায় চূড়ান্ত কোনো আইন পাস করেনি। ফলে ভবিষ্যতে সোশ্যাল সিকিউরিটি কর্মসূচির অর্থায়ন ও সুবিধার কাঠামো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আইনপ্রণেতাদের ওপরই থাকছে।