- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক চরম গাফিলতি ও অলৌকিক ঘটনার খবর সামনে এসেছে। মার্সি গিলবার্ট মেডিকেল সেন্টারের এক দায়িত্বপ্রাপ্ত ডাক্তার কর্তৃক মৃত ঘোষণার সাড়ে ৫ ঘণ্টা পর ১৮ মাস বয়সী এক শিশুকে হাসপাতালের মর্গ বা 'কোল্ড রুম' থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই চিকিৎসকের চরম ঔদ্ধত্য এবং চিকিৎসা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। পুলিশের তদন্ত প্রতিবেদন এবং বডি ক্যামেরা ফুটেজ থেকে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সুপার বোল রোববারে নিজেদের বাড়ির সুইমিং পুলে ডুবে যাওয়ার পর ওই শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার পর আরিয়ান টুসি নামের এক অস্টিওপ্যাথিক চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে এক নার্স যখন জানান যে তিনি শিশুটির শরীরে পালস বা স্পন্দন পাচ্ছেন, তখন কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা ডাক্তারকে সতর্ক করতে যান। কিন্তু ওই ডাক্তার অহংকার করে বলেন, "মেডিকেল ডিগ্রি আমার আছে, আমিই ডাক্তার এবং আমিই ভালো বুঝি।" এরপর ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে মর্গে পাঠিয়ে দিলেও সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বারবার শিশুটির শরীর থেকে বাতাস বের হওয়া এবং শ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। এর প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর রাত ১১টা ৫২ মিনিটে ময়নাতদন্তের জন্য যখন শিশুটির দেহ নিতে আসা হয়, তখন দেখা যায় মগের ভেতরে শিশুটি রীতিমতো শ্বাস নিচ্ছে! সঙ্গে সঙ্গে তাকে হেলিকপ্টারে করে ফিনিক্স চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দীর্ঘ সময় চিকিৎসা না পেয়ে মর্গে পড়ে থাকায় শিশুটির মস্তিষ্কে মারাত্মক ক্ষতি (ব্রেন ড্যামেজ) হয়েছে এবং তাকে আজীবন বিশেষ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। এই ঘটনা ফাঁসের পর মার্সি গিলবার্ট হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে তদন্তের আশ্বাস দিলেও অভিযুক্ত চিকিৎসকের বর্তমান চাকরি বা অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনাটি নিয়ে মারিকোপা কাউন্টির অ্যাটর্নি কার্যালয় আইনি পর্যালোচনার কাজ চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান শুধু প্রযুক্তি শিল্পেই নয়, আবাসন বাজারেও বড় ধরনের পরিবর্তন আনছে। নগদ অর্থের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর শেয়ার দিয়ে বাড়ি কেনাবেচার ঘটনা এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের (প্রি-আইপিও) শেয়ার দিয়ে বাড়ি কেনার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথনের একটি অংশ প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সান ফ্রান্সিসকোর নোয়ে ভ্যালি এলাকার একটি বাড়ি কেনার জন্য তিনি বিক্রেতার চাওয়া দামের চেয়ে চার লাখ ডলার বেশি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবও গ্রহণ করা হয়নি। পরে তার রিয়েল এস্টেট এজেন্ট জানান, বাড়ির মালিক এমন একজন ক্রেতাকে বেছে নিয়েছেন, যিনি নগদ অর্থের পরিবর্তে ওপেনএআই-এর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ার দিয়ে মূল্য পরিশোধ করতে সম্মত হয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রযুক্তি ও রিয়েল এস্টেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান সাদেবিসের (Sotheby’s) সহযোগী ব্রোকার কেভিন ও’কনরের ভাষ্য, সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় এ ধরনের লেনদেন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে প্রি-আইপিও শেয়ার দিয়ে সম্পদ কেনাবেচার আগ্রহ ধীরে ধীরে বাড়ছে। তার মতে, অনেক বাড়ির মালিক মনে করছেন, দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ভবিষ্যতে আরও বাড়বে। তাই নগদ অর্থ গ্রহণের পরিবর্তে তারা এসব প্রতিষ্ঠানের শেয়ার নিতে বেশি আগ্রহী হচ্ছেন। অনেক বিক্রেতার বিশ্বাস, কয়েক বছর পর এসব শেয়ারের মূল্য বর্তমান নগদ অর্থের তুলনায় অনেক বেশি হতে পারে। সান জোসে স্টেট ইউনিভার্সিটির প্রযুক্তি বিশেষজ্ঞ আহমেদ বানাফা বলেন, এই প্রবণতা শুধু বাড়ির বিক্রেতাদের জন্যই নয়, প্রযুক্তি কোম্পানিগুলোর জন্যও ইতিবাচক হতে পারে। কারণ যখন কোনো প্রতিষ্ঠানের শেয়ার অর্থের বিকল্প হিসেবে ব্যবহার হতে শুরু করে, তখন সেই প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হয় এবং শেয়ারের বাজারমূল্যও শক্তিশালী অবস্থানে যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের লেনদেনের সঙ্গে ঝুঁকিও রয়েছে। কোনো প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর যদি প্রত্যাশামতো শেয়ারের মূল্য না বাড়ে বা কমে যায়, তাহলে সেই শেয়ারের মালিক আর্থিক ক্ষতির পাশাপাশি বড় অঙ্কের করের বোঝার মুখেও পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে, সান ফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের কারণে গত এক বছরে আবাসন বাজারে বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ও উদ্যোক্তা এখন শহরের অভিজাত এলাকায় বাড়ি কিনতে প্রতিযোগিতা করছেন। এর ফলে প্রচলিত নগদ লেনদেনের পাশাপাশি নতুন ধরনের সম্পদ বিনিময়ের প্রবণতাও দেখা যাচ্ছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি আবাসন লেনদেনে প্রি-আইপিও শেয়ার ব্যবহারের ঘটনা দেখা যেতে পারে। যদিও ওপেনএআই এখন পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও বাজারে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। সেই কারণেই অনেক বিনিয়োগকারী ও সম্পত্তি বিক্রেতা এসব শেয়ারকে ভবিষ্যতের উচ্চমূল্যের সম্পদ হিসেবে বিবেচনা করছেন।
বিমানে যাতায়াত করার সময় অনেকের মনেই প্রশ্ন জাগে, আকাশে উড্ডয়নকারী এই পাইলটদের বেতন আসলে কত? সম্প্রতি আমেরিকান এয়ারলাইন্সের এক ক্যাপ্টেনের বেতনের স্লিপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফাঁস হওয়ার পর সাধারণ মানুষের চোখ চড়কগাছ। ওই পাইলটের আকাশচুম্বী বার্ষিক আয় দেখে অনেকেই এখন নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক আমেরিকান এয়ারলাইন্সের এক বোয়িং ৭৩৭ বিমানের ক্যাপ্টেনের। সেখানে দেখা যায়, ওই পাইলটের বার্ষিক আয় ৪ লাখ ৫৮ হাজার ডলার বা প্রায় সাড়ে ৪ লাখ ডলার! তাঁর এই আয়ের মূল কারণ হলো প্রতি ঘণ্টার বিশাল পারিশ্রমিক। তিনি ঘণ্টায় প্রায় ৩৬০ ডলার আয় করেন, যা পাইলটদের সর্বোচ্চ স্তরের পারিশ্রমিকও নয়। বিমান চালনা বিশেষজ্ঞদের মতে, বোয়িং ৭৭৭ বা এয়ারবাস এ৩৫০-এর মতো আরও বিশাল আকৃতির বিমানের ক্যাপ্টেনেরা ঘণ্টায় ৪৫০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। একজন পাইলট ফেডারেল নিয়মের কারণে ইচ্ছে করলেই আনলিমিটেড সময় বিমান উড়াতে পারেন না। গড়ে বছরে তারা প্রায় ৯০০ ঘণ্টা (মাসে ৭৫ ঘণ্টা) বিমান চালান। সেই হিসেবে তাদের একেকটি বেতনের চেক কত বড় হতে পারে, তা সহজেই অনুমেয়। এছাড়া কাজের অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠতার ওপর ভিত্তি করেও বিমানসংস্থাগুলো বেতন বাড়িয়ে থাকে। নেটিজেনদের বড় অংশই এই বিশাল বেতনকে পুরোপুরি যৌক্তিক মনে করছেন। একজন মন্তব্য করেছেন, "যে মানুষটি ৩৫ হাজার ফুট ওপরে আমার জীবন বাঁচিয়ে রাখার দায়িত্বে আছেন, তিনি এত ডলার বেতন পাবেন—এটাই স্বাভাবিক।" অন্য একজন মজা করে লিখেছেন, "বাচ্চারা, দ্রুত পাইলটের লাইসেন্স জোগাড় করো!" তবে ভিন্নমতও আছে অনেকের। কেউ কেউ বলছেন, যতই লাখ লাখ ডলারের বেতন হোক—পরিবার ছেড়ে বছরের পর বছর হোটেলের রুমে কাটানো, শিডিউল বিপর্যয় এবং বিমানবন্দরের ঝক্কি সামলানোর এই কঠিন জীবন তারা মোটেও হিংসা করেন না।
বিশ্বের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। এই তিন মাসে কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে প্রায় ৫ লাখ গাড়ি সরবরাহ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। শক্তিশালী এই ফলাফলকে টেসলার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত টেসলা মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি গ্রাহকদের কাছে সরবরাহ করেছে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৪ হাজার ১২২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৯৬ হাজার বেশি গাড়ি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে টেসলা উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি। বৈদ্যুতিক গাড়ি শিল্পে ডেলিভারির সংখ্যাকেই বিক্রয়ের প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয়। আর এ দিক থেকে দ্বিতীয় প্রান্তিকের ফলাফল বাজারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, টেসলার বিক্রি বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করেছে। ইউরোপে বৈদ্যুতিক গাড়ির চাহিদা পুনরুদ্ধার, চীনের বাজারে ধারাবাহিক বিক্রি বৃদ্ধি, নতুন সংস্করণের মডেল ওয়াইয়ের জনপ্রিয়তা এবং বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য সরকারি প্রণোদনা কোম্পানিটির বিক্রি বাড়াতে সহায়ক হয়েছে। একই সঙ্গে কিছু অঞ্চলে জ্বালানির উচ্চ মূল্যও অনেক ক্রেতাকে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে। চীনের বাজারেও টেসলার ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। জুন মাসে সাংহাই কারখানায় তৈরি টেসলার গাড়ির বিক্রি ও রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা কোম্পানির বৈশ্বিক বিক্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তবে শক্তিশালী ডেলিভারি প্রতিবেদন প্রকাশের পরও শেয়ারবাজারে টেসলার শেয়ারদরে কিছুটা চাপ দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, ভালো ফলাফলের প্রত্যাশা আগেই শেয়ারের দামে প্রতিফলিত হয়েছিল। এখন বিনিয়োগকারীদের নজর কোম্পানির আসন্ন আর্থিক প্রতিবেদন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, স্বয়ংচালিত সফটওয়্যার এবং রোবোট্যাক্সি প্রকল্পের অগ্রগতির দিকে। আগামী ২২ জুলাই টেসলা তাদের দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তখন কোম্পানির আয়, মুনাফা এবং বছরের বাকি সময়ের ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
নিউইয়র্ক সিটির ফুটপাত থেকে আবর্জনার স্তূপ সরিয়ে শহরকে আরও পরিচ্ছন্ন করা এবং ইঁদুরের উপদ্রব কমাতে বড় ধরনের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক বছরে শহরের পাঁচটি বরোজুড়ে প্রায় ৩০ হাজার রাস্তার পার্কিং স্পট তুলে দিয়ে সেখানে বসানো হবে বিশেষ আবর্জনার কনটেইনার ‘এম্পায়ার বিন’। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্যানিটেশন প্রকাশিত খসড়া পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩২ সালের মধ্যে শহরজুড়ে প্রায় ৬৬ হাজার ‘এম্পায়ার বিন’ স্থাপন করা হবে। এ জন্য ২৯ হাজার ৮৪২টি বৈধ রাস্তার পার্কিং স্পট সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা শহরের মোট অন-স্ট্রিট পার্কিংয়ের প্রায় ১ দশমিক ৫২ শতাংশ। ‘এম্পায়ার বিন’ হলো তালাবদ্ধ বড় আকারের আবর্জনার কনটেইনার, যা মূলত বড় আবাসিক ভবনের জন্য বরাদ্দ থাকবে। ভবনের অনুমোদিত কর্মীরা নির্দিষ্ট কার্ড ব্যবহার করে এসব কনটেইনারে বর্জ্য ফেলবেন। পরে নতুন সাইড-লোডিং স্যানিটেশন ট্রাকের মাধ্যমে সেগুলো সংগ্রহ করা হবে। এতে ফুটপাতে আবর্জনার ব্যাগের স্তূপ থাকবে না এবং ইঁদুরের খাদ্যের উৎসও উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পরিকল্পনার সবচেয়ে বড় প্রভাব পড়বে ম্যানহাটনে। বরো হিসেবে সেখানে পার্কিং স্পটের প্রায় ৬ দশমিক ৪২ শতাংশ কমে যেতে পারে। আপার ইস্ট সাইড ও আপার ওয়েস্ট সাইড—দুই এলাকায়ই প্রায় ১০ শতাংশ পার্কিং স্পট হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে ব্রঙ্কসে ২ দশমিক ৪৯ শতাংশ, ব্রুকলিনে ১ দশমিক ৬৫ শতাংশ, কুইন্সে ০ দশমিক ৫৮ শতাংশ এবং স্ট্যাটেন আইল্যান্ডে মাত্র ০ দশমিক ১০ শতাংশ পার্কিং স্পট কমবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নগর কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাতে সারিবদ্ধভাবে আবর্জনার ব্যাগ ফেলে রাখার কারণে দুর্গন্ধ, নোংরা পরিবেশ এবং ইঁদুরের উপদ্রব বেড়েছে। তাই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ‘কনটেইনারাইজেশন’ পদ্ধতি চালু করা হচ্ছে, যা ইতোমধ্যে ওয়েস্ট হারলেমে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে। আগামী বছরগুলোতে পর্যায়ক্রমে আরও এলাকায় এটি সম্প্রসারণ করা হবে। তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। অনেক বাসিন্দা ও গাড়িচালকের অভিযোগ, নিউইয়র্কে আগে থেকেই রাস্তার পার্কিং সংকট তীব্র। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গাড়ি পার্কিং আরও কঠিন হয়ে পড়বে এবং অনেককে অতিরিক্ত অর্থ খরচ করে ব্যক্তিগত পার্কিং ব্যবহার করতে হতে পারে। অন্যদিকে ডিপার্টমেন্ট অব স্যানিটেশনের কর্মকর্তারা বলছেন, শহরকে পরিচ্ছন্ন রাখা, ইঁদুরের উপদ্রব কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু পার্কিং স্পট হারানো একটি “অত্যন্ত মূল্যবান সমঝোতা”। খসড়া পরিকল্পনাটি বর্তমানে জনমত গ্রহণ ও পরিবেশগত পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। চূড়ান্ত অনুমোদনের পর ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৪ মাস বয়সী এক শিশুকন্যাকে ডে-কেয়ারে নামিয়ে দিতে ভুলে সারাদিন গরম গাড়ির ভেতরে রেখে দেওয়ার ঘটনায় তার বাবাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মারিজুয়ানার প্রভাবে ছিলেন। নর্থ্যাম্পটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ড্যানিয়েল জেফরি মোইস্ট (৩৮)। তার বিরুদ্ধে থার্ড-ডিগ্রি মার্ডার, শিশুর জীবন বিপন্ন করা, বেপরোয়া আচরণ এবং মোটরযানে শিশুকে অরক্ষিত অবস্থায় ফেলে রাখার অভিযোগ আনা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টিফেন জি. বারাটা এক সংবাদ সম্মেলনে বলেন, তদন্তে প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে যে ড্যানিয়েল মোইস্ট মারিজুয়ানার প্রভাবে ছিলেন। সেই অবস্থায় তিনি নিজের দায়িত্বে মেয়েকে নিরাপদে ডে-কেয়ারে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তা করেননি। তদন্তে জানা যায়, গত ১১ জুন সকালে মোইস্ট তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি বড় সন্তানকে একটি সামার ক্যাম্পে নামিয়ে দিলেও ১৪ মাস বয়সী কন্যাশিশুটিকে ডে-কেয়ারে পৌঁছে দিতে ভুলে যান। ফলে শিশুটি পুরো কর্মদিবসজুড়ে গরম গাড়ির ভেতরেই আটকে ছিল। বিকেল প্রায় ৪টার দিকে শিশুটির মা ফোন করে জানান যে তাদের মেয়েকে ডে-কেয়ারে নেওয়া হয়নি। এরপর মোইস্ট গাড়িতে গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে ৯১১-এ ফোন করেন এবং শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা বলছেন, গরমে দীর্ঘ সময় বন্ধ গাড়ির ভেতরে থাকায় শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত কারণ ও অন্যান্য বিষয় এখনও তদন্তাধীন। এ ঘটনায় স্থানীয় আদালতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার এলাকা থেকে প্রাইমারি নির্বাচনে জয়ী সমাজতান্ত্রিক কংগ্রেস প্রার্থী মেলাত কিরোস এক সাক্ষাৎকারে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কারণেই বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী সাধারণ ইহুদিরা চরম বিপদের মুখে পড়ছেন এবং তাদের ওপর হামলা বাড়ছে। তাঁর এই মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতিতে নতুন করে তোলপাড় ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটিক পার্টির কট্টর বামপন্থী ও ইসরায়েল-বিরোধী শিবিরের অন্যতম উদীয়মান মুখ মেলাত কিরোস চলতি সপ্তাহের প্রাইমারি নির্বাচনে দীর্ঘদিনের কংগ্রেস সদস্য ডায়ানা ডিগেটকে পরাজিত করে চমক দেখান। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে গত বছর কলোরাডোর বোল্ডারে এক ইসরায়েল-পন্থী সমাবেশে হওয়া প্রাণঘাতী বোমা হামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। কিরোস বলেন, "বোল্ডারে যা ঘটেছিল তা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা ইহুদিদের ওপর এক ভয়াবহ ও নৃশংস হামলা ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি, খোদ ইসরায়েলের কর্মকাণ্ডই সাধারণ ইহুদিদের বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে যে ইহুদি-বিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) বাড়ছে, তা মোকাবিলা করাই আমার প্রধান লক্ষ্য।" উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুন বোল্ডারে ইসরায়েল-পন্থী বিক্ষোভকারীদের লক্ষ্য করে মোহামেদ সোলিমান নামের এক ব্যক্তি ছদ্মবেশে এসে পেট্রোল বোমা হামলা চালায়। ওই হামলায় ৮২ বছর বয়সী কারেন ডায়মন্ড নামের এক বৃদ্ধা নিহত হন এবং আরও ডজনখানেক মানুষ আহত হন। গত মে মাসে আদালতের রায়ে সোলিমানকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও সোলিমান দাবি করেছে সে ইহুদিদের প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং ‘জায়নবাদ’-এর বিরোধিতার অংশ হিসেবে এই হামলা চালিয়েছিল। মেলাত কিরোস তাঁর নির্বাচনী প্রচারণায় ইসরায়েল-বিরোধী অবস্থানকে প্রধান হাতিয়ার করেছিলেন এবং জয়ের পর দেওয়া ভাষণে প্যালেস্টাইনে চলমান ‘গণহত্যা’ বন্ধ করাকে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেন। তবে ওই বোমা হামলাকে সরাসরি ‘ইহুদি-বিদ্বেষী’ বলতে কিরোসের দ্বিধাবোধ করায় ডেমোক্রেটিক পার্টির হবু গভর্নর প্রার্থী ফিল ওয়াইজারসহ অনেক শীর্ষ নেতাই তাঁর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।
তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো মানুষের ভিড়ের মধ্যেও সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে একটি ছোট্ট কফিন। সেটিই ছিল তাঁর ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহবাহী কফিন। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছোট্ট কফিনটি বড় বড় কফিনের পাশে রাখা হয়। পাশে ছিল শিশুটির একটি ছবি। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিশাল আয়োজনের মধ্যেও এই ছোট্ট কফিন অনেকের চোখে জল এনে দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষ নীরবে শিশুটির প্রতি শ্রদ্ধা জানান। অনেককে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার রাজনৈতিক গুরুত্বের বাইরে, ছোট্ট জাহরার কফিন মানবিক ক্ষতির একটি গভীর প্রতীক হিসেবে সামনে আসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জাহরা মোহাম্মাদী গোলপায়গানি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনির পরিবারের সদস্যদের একজন। শেষ বিদায় অনুষ্ঠানে তাঁর কফিন অন্য পরিবারের সদস্যদের কফিনের পাশেই রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে। অনেকেই মন্তব্য করেছেন, একটি শিশুর ছোট্ট কফিন যুদ্ধের মানবিক মূল্যকে সবচেয়ে নির্মমভাবে স্মরণ করিয়ে দেয়। জাহরার বিদায় তাই শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোকের ঘটনা নয়; বরং সংঘাতের মধ্যে নিরীহ মানুষের প্রাণহানির এক মর্মান্তিক স্মারক হিসেবেও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে। তাঁর ছোট্ট কফিন যেন মনে করিয়ে দেয়—প্রতিটি শিশুর জীবন অমূল্য, আর যুদ্ধের সবচেয়ে বড় মূল্য অনেক সময় নিরপরাধরাই দিয়ে থাকে।
হলিউড তারকা রিচার্ড ড্রেফাসের সাবেক স্ত্রী এবং সাবেক অভিনেত্রী ও চিত্রনাট্যকার জেরেমি রেইন ড্রেফাস বাস্তব জীবনের পুরুষদের ওপর থেকে সম্পূর্ণ ভরসা হারিয়ে ফেলেছেন। এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে ডেটিং করার চেষ্টা করেও মনের মতো কোনো মানুষ খুঁজে না পেয়ে এবার তিনি শেষ জীবনটা কাটাতে চান একটি হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে ‘রোবট’-এর সঙ্গে। জেরেমির মেয়ে এমিলি ড্রেফাস এক সাক্ষাৎকারে জানান, তাঁর মায়ের শেষ বয়সের একমাত্র অদ্ভুত ইচ্ছা হলো একটি ‘সেক্স রোবট’ বা ‘লাভ রোবট’ (ভালোবাসার রোবট) কেনা। জেরেমি রেইন অবশ্য ‘সেক্স রোবট’ শব্দটিতে আপত্তি জানিয়ে বলেন, তিনি মূলত এমন একটি ‘লাভ রোবট’ চান, যে ঘরের টুকটাক কাজ করে দেবে, যার ঠোঁট দুটো সুন্দর হবে এবং দিনশেষে বিছানায় তাঁর পাশে শুয়ে তাঁকে জড়িয়ে ধরবে। ৭৮ বছর বয়সী জেরেমি রেইনের এই অদ্ভুত ইচ্ছার পেছনে রয়েছে তাঁর অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা। হলিউডের প্রথম সারির কয়েকজন তারকার সঙ্গে তাঁর প্রেম ও বিয়ের সম্পর্ক ছিল চরম যন্ত্রণাদায়ক। অভিনেতা রিচার্ড ড্রেফাসের সঙ্গে এক দশকেরও বেশি সময় সংসার করার পাশাপাশি তিনি হলিউডের নামী তারকা জ্যাক নিকোলসন এবং বিখ্যাত গায়ক বব ডিলানের সঙ্গেও প্রেম করেছেন। কিন্তু প্রতিবারই পুরুষদের ক্যারিয়ারের অহংকার এবং প্রতারণার শিকার হতে হয়েছে তাঁকে। জেরেমি আক্ষেপ করে বলেন, "রোবট কখনো আমার সঙ্গে ঝগড়া করবে না, ধোঁকা দেবে না, কিংবা আমাকে ছেড়ে চলে যাবে না। সে আমাকে কখনো বুড়ো বা কুৎসিতও ভাববে না, আমার রোবট শুধু আমাকেই ভালোবাসবে।" বর্তমানে বাজারে অ্যামাজনে প্রায় ১৮ হাজার ডলারে মানুষের মতো দেখতে অ্যাডভান্সড রোবট কিনতে পাওয়া গেলেও সেগুলো এখনো মানুষের মতো ভালোবাসতে শেখেনি। তবে আগস্টে ৭৯ বছরে পা দিতে যাওয়া সাবেক এই অভিনেত্রী তাঁর জীবনের শেষ সময়টা কোনো মানুষের চেয়ে একটি রোবটের সঙ্গেই বেশি নিরাপদ মনে করছেন।
সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও বসবাসের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল করতে ২০২৬ সালে ভিসা নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অন-অ্যারাইভাল ভিসা, পর্যটন ভিসা, আবাসন সুবিধা থেকে শুরু করে জনস্বাস্থ্য সুরক্ষা—সব ক্ষেত্রেই নতুন এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে। ফলে প্রবাসী, পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত অন্তত ছয়টি বড় পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থায়। ১৪ দিন ও ৬০ দিনের এন্ট্রি ভিসার সুযোগ এখন আরও বিস্তৃত করা হয়েছে। আগে নির্দিষ্ট শর্তে এই সুবিধা প্রধানত ভারতীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন নিয়মে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়া আবেদনকারীদের বসবাসের দেশের তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বাসিন্দারাও এ সুবিধা পাবেন। পর্যটকদের জন্যও প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। দুবাই ভ্রমণ করতে ইচ্ছুকরা অনুমোদিত পর্যটন সংস্থার মাধ্যমে আবেদন করলে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসা পেয়ে যাচ্ছেন। এই ভিসার মেয়াদ ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত হতে পারে। আবাসন খাতে বিনিয়োগকারীদের জন্যও নিয়মে এসেছে বড় পরিবর্তন। দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির সঙ্গে যুক্ত দুই বছরের রেসিডেন্সি পারমিটের শর্ত শিথিল করেছে। একক মালিকানার ক্ষেত্রে আগে নির্ধারিত ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। অন্যদিকে যৌথ মালিকানার ক্ষেত্রে প্রতিটি অংশীদারের শেয়ারের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। এদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের (ওভারস্টে) জরিমানার ক্ষেত্রে দেওয়া সাময়িক ছাড়ও শেষ হতে যাচ্ছে। আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও ফ্লাইট জটিলতার কারণে যাদের এই সুবিধা দেওয়া হয়েছিল, তাদের জন্য আইসিপি ৩০ দিনের বিশেষ সময়সীমা নির্ধারণ করেছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাদের ভিসা নবায়ন বা বৈধ করতে হবে, নতুবা দেশ ত্যাগ করতে হবে। স্বাস্থ্যখাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দুবাইয়ে চিকিৎসা নিতে আসা বিদেশি রোগীদের জন্য চালু করা হচ্ছে ‘স্মার্ট মেডিকেল ভিসা’। জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির যৌথ উদ্যোগে এই ব্যবস্থায় রোগীদের ভিসা প্রক্রিয়া, চিকিৎসা এবং পরবর্তী সেবাকে একক ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে। এতে চিকিৎসা পর্যটন আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ, জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ইবোলা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আইসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে একদিকে যেমন বিদেশি বিনিয়োগ ও পর্যটনকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্য ও অভিবাসন ব্যবস্থাপনাকেও আরও কার্যকর করার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের ফেয়ারলেন টাউন সেন্টার শপিং মলে সংঘটিত গোলাগুলির ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্রেতারা প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে যান। ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ঘটনাটি কোনো এলোমেলো হামলা ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, একে অপরের পরিচিত দুই তরুণ দলের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আগ্নেয়াস্ত্র বের করলে পরিস্থিতি গোলাগুলিতে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোলাগুলির পরপরই শপিং মলটি খালি করে দেওয়া হয় এবং পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় একজন পথচারী একটি গাড়ির ধাক্কায় আহত হন। তবে এই ব্যক্তি গুলিবিদ্ধ হননি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তা করছে মিশিগান স্টেট পুলিশ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য অতিরিক্ত কোনো হুমকি নেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শপিং মলটি বন্ধ রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র আলোচনায় সাময়িক বিরতি দিয়েছিল। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসা করে বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমরা দুটি বিশ্বযুদ্ধে জয়ী হয়েছি।” স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের ‘ইতিহাসের অতল গহ্বরে’ পাঠানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমরা একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে কঠিন শিক্ষা দিয়েছি। তারা এখন আপস করতে মরিয়া। আমরা মানবিকতার কারণে তাদের নেতার দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছিলাম।” যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘প্রাচীনতম প্রজাতন্ত্র’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকানরা বিশ্বের সবচেয়ে স্বাধীন মানুষ এবং মানবকল্যাণ, ক্ষুধা মোকাবিলা ও রোগ নিরাময়ে তাদের অবদান অনন্য। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সতর্কবার্তা দেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে ‘কমিউনিস্ট চিন্তার’ পুনরুত্থান ঘটছে, যা দেশের জীবনধারা ও সাফল্যের পরিপন্থী। তিনি কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ৯/১১ হামলার চেয়েও বড় হুমকি হতে পারে।” আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প বলেন, “আমেরিকা কখনো কমিউনিস্ট রাষ্ট্র হবে না। আমরা যদি নিজেরা পরাজয় মেনে না নিই, তবে হারার কোনো সুযোগ নেই।” এ সময় তিনি আরও দাবি করেন, ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ আইন পাস হলে রিপাবলিকান পার্টি আগামী এক শতাব্দী পর্যন্ত নির্বাচনে পরাজিত হবে না। ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ—দুই ক্ষেত্রেই উত্তেজনা ও বিতর্ক চলছে।
তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বিদায় অনুষ্ঠানকে ঘিরে শোকের পাশাপাশি প্রবল রাজনৈতিক আবহও দেখা গেছে। রাজধানীর প্রধান শোকানুষ্ঠানে অংশ নেওয়া হাজারো মানুষের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। অনুষ্ঠানজুড়ে বারবার ধ্বনিত হয় ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ চাই’ স্লোগান, যা পুরো পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। রাষ্ট্রের আয়োজনে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ তেহরানে জড়ো হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কালো শোকপতাকা এবং খামেনির প্রতিকৃতি। শোক প্রকাশের পাশাপাশি উপস্থিত অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগানে নিজেদের অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত জনতার কণ্ঠে আরও শোনা যায়, ‘আমাদের স্লোগান একটাই—প্রতিশোধ’ এবং ‘আমাদের নেতার রক্ত বৃথা যাবে না’—এ ধরনের স্লোগান। এসব স্লোগান শোকানুষ্ঠানকে শুধু ধর্মীয় বা রাষ্ট্রীয় আচারেই সীমাবদ্ধ রাখেনি; বরং তা রাজনৈতিক বার্তারও রূপ নেয়। বিদায় অনুষ্ঠান উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় এবং অনুষ্ঠানস্থলের আশপাশে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিপুল জনসমাগমের কারণে পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন ধরে চলবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মরদেহ বিভিন্ন শহরে নেওয়ার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে খামেনির বিদায় অনুষ্ঠানে উচ্চারিত যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শোকানুষ্ঠানের দৃশ্য ও স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় চলতি সপ্তাহে আঘাত হানা প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো) জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতদের মধ্যে রাজধানী আক্রাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সংস্থাটির পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে বলেন, নিখোঁজদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। উদ্ধার অভিযানে নতুন করে মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় টেলিভিশন টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জরুরি উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে তৎপর রয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ন্যাডমোর সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এর পরেই রয়েছে সেন্ট্রাল অঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন। এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি, ওয়েস্টার্ন নর্থ এবং ইস্টার্ন অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছেন। তবে ইস্টার্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অতিবৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি বিভিন্ন সংস্থা যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই দেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি থাকে। তবে এবারের বন্যার ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
দীর্ঘদিনের আলোচিত প্রেমের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমন্ত্রিত তারকাদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত, তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই তা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ভক্ত নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তাদের বিয়ের খবর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতির বাইরে কিছু ব্যতিক্রমী আয়োজনও ছিল। টেইলর সুইফটের ভাই বিশেষ সম্মানসূচক দায়িত্ব পালন করেন এবং ট্রাভিস কেলসির ভাই ছিলেন বরের প্রধান সহকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়া অঙ্গনের বহু পরিচিত তারকা। ২০২৩ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট এবং জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হওয়ার মাধ্যমে তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। সেই সম্পর্কের পরিণতি হিসেবে ২০২৬ সালের ৩ জুলাই তারা আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবনে পা রাখলেন। বিয়ের আয়োজনকে ঘিরে অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের বেশিরভাগ অংশ গণমাধ্যমের বাইরে রাখা হলেও, বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। আন্তর্জাতিক বিনোদন ও ক্রীড়া অঙ্গনের অন্যতম জনপ্রিয় এই জুটির বিয়ে চলতি বছরের সবচেয়ে আলোচিত তারকাবিষয়ক ঘটনাগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যেখানে এমন অভিযোগ প্রমাণিত হবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা করা হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই কঠোর ব্যবস্থা। শুধু বদলি দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। আমি ট্রান্সফারে বিশ্বাস করি না—দোষ করলে চাকরি যাবে। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ঘুষ ও অনিয়মের কোনো স্থান নেই, এসবের বিরুদ্ধে আমরা কোনো ছাড় দেব না।” স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে পর্যায়ক্রমে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকেও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, “আমরা চাই এ বছর থেকেই স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তনের সূচনা হোক। নতুন নতুন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। আমাদের লক্ষ্য—স্বাস্থ্যসেবায় উন্নতির মাধ্যমে দেশকে বিশ্ব মানচিত্রে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া।” এ সময় তিনি চলতি অর্থবছরের বাজেটকে ‘আদর্শের বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, এই বাজেটের প্রতিটি উদ্যোগ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। সভার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। স্বাস্থ্যখাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রীর এই কঠোর বার্তা সংশ্লিষ্ট মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় স্বাধীনতা দিবস প্যারেড শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আয়োজক কমিটি এ ঘোষণা দেয়। আয়োজকদের ভাষ্য, তীব্র তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই প্যারেড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউয়ের তৃতীয় স্ট্রিট থেকে দ্বাদশ স্ট্রিট পর্যন্ত প্যারেডটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে অনুভূত তাপমাত্রা ১১০ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করা হয়, যা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থানকারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ বাসিন্দা ও দর্শনার্থীদের অপ্রয়োজনীয়ভাবে রোদে না থাকার, পর্যাপ্ত পানি পান করার, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং অসুস্থতা অনুভব করলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে তাপপ্রবাহের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আরও কয়েকটি অনুষ্ঠানেও পরিবর্তন আনা হয়েছে। কোথাও অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে, কোথাও সময় পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী এই প্যারেড বাতিল হওয়ায় রাজধানীতে জড়ো হওয়া হাজারো দর্শনার্থী ও অংশগ্রহণকারীর পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তবে আয়োজকদের মতে, মানুষের নিরাপত্তাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। শুক্রবার (৩ জুলাই) দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় পুতিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্য নেন। সেখানে কস্তিয়ানতিনিভকা দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। রাশিয়ার দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরেই দোনেৎস্ক অঞ্চলে তাদের অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চলছিল। অবশেষে সেটি তাদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। যুদ্ধক্ষেত্রের তথ্য যাচাই করা কঠিন হওয়ায় উভয় পক্ষের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, দক্ষিণাঞ্চলীয় রুশ বাহিনী পুরো দোনেৎস্ক অঞ্চল ‘মুক্ত’ করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কস্তিয়ানতিনিভকা প্রতিরক্ষা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। এর আগেও রাশিয়া জানিয়েছিল, শহরটির বিভিন্ন অংশ তাদের দখলে রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থায় কস্তিয়ানতিনিভকা একটি গুরুত্বপূর্ণ দুর্গনগরী হিসেবে বিবেচিত হয়ে থাকে, যা পূর্বাঞ্চলের প্রতিরক্ষা লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে, পুতিন বলেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলা—বিশেষ করে রাশিয়ার তেলশিল্পকে লক্ষ্য করে হামলা—বাড়তে থাকায় নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি কস্তিয়ানতিনিভকাকে ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও শিল্পকেন্দ্র হিসেবেও উল্লেখ করেন। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ডনবাস অঞ্চল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াকে মস্কো অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে আসছে। কস্তিয়ানতিনিভকার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ তাই যুদ্ধের সামগ্রিক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের জনপ্রিয় সমুদ্রসৈকত জোন্স বিচ স্টেট পার্কে সাঁতার কাটতে নেমে এক ব্যক্তি হাঙরের সন্দেহভাজন কামড়ে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় সৈকতে অবস্থানরত শত শত দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সৈকতের পানিতে নামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তি সমুদ্রে সাঁতার কাটার সময় হঠাৎ তার একটি পায়ে তীব্র আঘাত অনুভব করেন। তিনি দ্রুত তীরে ফিরে আসার চেষ্টা করলে লাইফগার্ডরা ঘটনাটি বুঝতে পেরে পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে সৈকতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। নিউইয়র্ক স্টেট পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তির পায়ের ক্ষতচিহ্ন পর্যালোচনা করে এটি হাঙরের সন্দেহভাজন কামড় বলে ধারণা করা হচ্ছে। তবে কোন প্রজাতির হাঙর ছিল, তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ড্রোন উড়িয়ে আকাশ থেকে সমুদ্র পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি জেট স্কি, উদ্ধার নৌযান এবং লাইফগার্ডদের বিশেষ টহল চালানো হয়, যাতে আশপাশে কোনো হাঙর বা বিপজ্জনক সামুদ্রিক প্রাণী রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়। কর্তৃপক্ষ জানায়, পর্যবেক্ষণে আর কোনো হাঙরের উপস্থিতির প্রমাণ না পাওয়ায় কিছু সময় পর সীমিত পরিসরে সৈকতে সাঁতারের অনুমতি পুনরায় দেওয়া হয়। তবে লাইফগার্ডদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউইয়র্কের উপকূল এবং লং আইল্যান্ডের বিভিন্ন সৈকতে একাধিকবার হাঙর দেখা যাওয়ার ঘটনা ঘটেছে। উষ্ণ আবহাওয়া, পানির তাপমাত্রার পরিবর্তন এবং ছোট মাছের ঝাঁক উপকূলের কাছাকাছি চলে আসায় হাঙরের উপস্থিতি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গ্রীষ্মকালজুড়ে ড্রোন নজরদারি ও অতিরিক্ত লাইফগার্ড মোতায়েনের ব্যবস্থা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সমুদ্রে নামার আগে সতর্কতামূলক পতাকা ও লাইফগার্ডের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কেউ হাঙর বা অন্য কোনো অস্বাভাবিক সামুদ্রিক প্রাণী দেখতে পেলে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
চীনের ক্রমবর্ধমান শিল্প সক্ষমতা ও কম খরচে উৎপাদনের প্রতিযোগিতায় জার্মানির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলো (মিটেলস্ট্যান্ড) বড় ধরনের চাপের মুখে পড়েছে। এর ফলে বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, উৎপাদন ব্যয় কমাতে বিদেশে কারখানা স্থানান্তর করছে এবং নতুন বিনিয়োগে সতর্ক অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বহু মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এখন দেশীয় উৎপাদন টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। একসময় উচ্চমানের প্রকৌশল, যন্ত্রপাতি ও শিল্প প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য বজায় রাখা এসব প্রতিষ্ঠান এখন চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তীব্র মূল্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মুখোমুখি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু চীনের কম উৎপাদন ব্যয়ই নয়, দেশটির দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি সহায়তাও জার্মান কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতা আরও কঠিন করে তুলেছে। একই সঙ্গে জার্মানিতে জ্বালানি ব্যয়, শ্রম ব্যয় এবং উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেক প্রতিষ্ঠান বিকল্প হিসেবে পূর্ব ইউরোপ, এশিয়া কিংবা উত্তর আমেরিকায় উৎপাদন স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছে। জার্মানির এই মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এসব প্রতিষ্ঠানে লাখো মানুষ কর্মরত এবং রপ্তানি আয়ের বড় অংশও আসে এ খাত থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছে, কোথাও কোথাও কর্মসংস্থান কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে। অর্থনৈতিক সূচকগুলোও দেখাচ্ছে, সাম্প্রতিক সময়ে জার্মানির উৎপাদনশিল্প দীর্ঘ সময় ধরে দুর্বল অবস্থায় রয়েছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, উচ্চ সুদের হার এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা শিল্পখাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।