- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরানি সাইবার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গত এক বছরে এসব হামলার সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৯ জুন) জার্মানির প্রভাবশালী সংবাদপত্র ডাই ওয়েল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি। তার দাবি, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে প্রায় ১ হাজার ৬০০টি শত্রুভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। তবে ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০টিতে পৌঁছেছে। ইয়োসি কারাদি বলেন, “কিছু হ্যাকিং গোষ্ঠী প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। আমরা তাদের মোকাবিলা করতে সক্ষম হলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতেও কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নেই।” তিনি জানান, এসব হামলার মূল লক্ষ্য ইসরায়েলের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, সরকারি সংস্থা, বিভিন্ন পাবলিক সেক্টর এবং ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠান। বিশেষ করে আইন পরামর্শক প্রতিষ্ঠান ও হিসাবরক্ষণ সংস্থাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তার দাবি, দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় অবকাঠামোর বিরুদ্ধে চালানো সব সাইবার হামলা এখন পর্যন্ত প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে যেসব ছোট বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল, সেসব প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ মুছে ফেলেছে হ্যাকাররা। ইসরায়েলের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে স্কাইডাইভারদের বহনকারী একটি ছোট বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ন্যান্সি শহরের কাছে টমব্লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিমানটিতে একজন পাইলট ও ১০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী স্কাইডাইভার এবং পাঁচজন অভিজ্ঞ প্রশিক্ষক রয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানটিতে থাকা কেউই বেঁচে যাননি। মার্থ-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভ সেগুই বলেন, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের রানওয়ের পাশেই আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানের বাইরে অন্য কোনো ব্যক্তি হতাহত হননি। স্থানীয় একটি প্যারাস্যুট প্রশিক্ষণ স্কুলের পরিচালিত বিমানটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উড়ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে ওঠার পর বিমানটি অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় রানওয়ের কাছে কয়েকজন প্রশিক্ষণার্থীর পরিবারের সদস্য ও স্বজন উপস্থিত ছিলেন। তাদের অনেকেই চোখের সামনে বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন, যা এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি করেছে। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম শুরু করে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে তার দপ্তর জানিয়েছে। এছাড়া দেশটির বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কারিগরি ত্রুটি, যান্ত্রিক সমস্যা নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
দেশের বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। হাসপাতাল সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন আগে ভেন্টিলেটর থেকে সরানোর পর তার অবস্থার সাময়িক উন্নতি হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে পুনরায় ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। এর আগে তার স্ত্রী মেরি মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে তীব্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের চিত্রকলা, শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান এবং সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। টেলিভিশনের মাধ্যমে শিল্পচর্চা ও সৃজনশীলতা ছড়িয়ে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রাণিত করেছেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমান বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতিতে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার কর্ম ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের তথ্য অনুযায়ী, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মাশহাদই তার জন্মস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইরানের পুলিশ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যৌথভাবে কাজ করছে। সম্ভাব্য বিপুল জনসমাগম সামাল দিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে। এদিকে, ইরাকের কারবালায় অবস্থিত একটি শিয়া ধর্মীয় মাজারে খামেনিকে স্মরণ করে পৃথক একটি অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। মেহের নিউজের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার হামলায় তেহরানে সরকারি বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। নিরাপত্তাজনিত কারণে তার জানাজা ও দাফন অনুষ্ঠান একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে কী অর্জন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই নেতা বলেন, ট্রাম্প প্রশাসনের যুদ্ধসংক্রান্ত লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে এবং সংঘাতের ব্যয়ও ক্রমাগত বেড়েছে। তার ভাষায়, মার্কিন জনগণের জানার অধিকার রয়েছে—এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কতটা নিরাপদ করেছে এবং এর বাস্তব অর্জন কী। মিকি শেরিলের দাবি, যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে হোয়াইট হাউস ভিন্ন ভিন্ন লক্ষ্য সামনে এনেছে। কখনও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, কখনও পারমাণবিক কর্মসূচি বন্ধ, আবার কখনও সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা বলা হয়েছে। তার অভিযোগ, প্রশাসন ঘোষিত এসব লক্ষ্যগুলোর কোনোটিই এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ফলে যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য এবং ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। শেরিল আরও বলেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তাই ওই জলপথ পুনরায় চালুর বিষয়টিকে সামরিক অভিযানের সাফল্য হিসেবে দেখানোর সুযোগ নেই। ডেমোক্র্যাট নেতাদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ইরান-নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছেন। তাদের অভিযোগ, সুস্পষ্ট কৌশল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সামরিক পদক্ষেপ নেওয়ায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বেড়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য। তবে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) ওয়ারেন সিটির ভেটার্নস মেমোরিয়াল পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি সপরিবারে অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে এই বনভোজন যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। অনুকূল আবহাওয়ায় ডেট্রয়েট ও আশপাশের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসীরা দিনভর আনন্দ-আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশে সময় কাটান। অনেকের সঙ্গে দীর্ঘদিন পর দেখা-সাক্ষাৎ এবং নতুন প্রবাসীদের সঙ্গে পরিচয়ের সুযোগও তৈরি হয় এই আয়োজনে। দিনের শুরুতেই শিশুদের বিভিন্ন খেলাধুলা, নারীদের ঐতিহ্যবাহী বালিশ খেলা এবং প্রবাসীদের প্রাণবন্ত আড্ডা জমে ওঠে। পাশাপাশি ছিল বারবিকিউর বিশেষ আয়োজন। চলমান ফুটবল বিশ্বকাপের আবহও ছড়িয়ে পড়ে পিকনিকে। অনেকেই প্রিয় দলের জার্সি পরে অংশ নেন এবং প্রীতি ফুটবল ম্যাচে মেতে ওঠেন। দুপুরে অতিথিদের জন্য পরিবেশন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার। খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল রাফেল ড্র। এতে ৬৫ ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ, রেফ্রিজারেটর, অ্যাপল এয়ারপড, সাউন্ড সিস্টেম, মাইক্রোওয়েভ ওভেন, প্রেশার কুকারসহ নানা আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। ডেট্রয়েট দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ জানান, এবার পিকনিকে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। বিশেষ করে বাংলাদেশ থেকে সদ্য আসা অনেক নতুন প্রবাসীও এতে অংশ নিয়েছেন। সফলভাবে অনুষ্ঠান আয়োজন করতে সহযোগিতা করায় তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব যৌথভাবে পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডিরেক্টর ও সাংবাদিক পার্থ সারথী দেব, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর এবং সহসভাপতি নিপেশ সূত্রধর। বর্ণাঢ্য এই আয়োজনে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আসন্ন মিশিগান স্টেটের প্রাথমিক নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থীও অনুষ্ঠানে এসে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
যুক্তরাষ্ট্রে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার (২৮ জুন) সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এই মর্যাদার আওতায় এতদিন যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকটে থাকা দেশগুলো থেকে আসা নাগরিকরা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বৈধভাবে বসবাসের সুযোগ পেয়ে আসছিলেন। মুলিন বলেন, ‘হয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদা অর্জনের চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব। আমরা বিমানের টিকিট দেব, পাশাপাশি নিজ দেশে পুনর্বাসনের জন্য দুই হাজার ১০০ ডলার সহায়তা দেওয়া হবে।’ মার্কিন আইনে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতির কারণে নিজ দেশ ছেড়ে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট সময়ের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) দেওয়া হয়। এ সুবিধার আওতায় তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পান। এতদিন টিপিএসের মেয়াদ নিয়মিত নবায়ন করা হলেও বর্তমানে ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে এই সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনো হাইতি ও সিরিয়ায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি রেখেছে। তাদের মতে, দেশ দুটিতে সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও অপরাধের ঝুঁকি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর প্রথমবারের মতো হাইতির নাগরিকদের জন্য টিপিএস চালু করে যুক্তরাষ্ট্র। পরে ২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর দেশটির নাগরিকদেরও একই ধরনের সুরক্ষা দেওয়া হয়।
কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও করদাতাবান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে ভ্যাট কমানোর পাশাপাশি আয়কর অব্যাহতির সীমা আরও বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভ্যাট কমানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।’ তিনি জানান, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে ব্যক্তিগত করদাতাদের আরও স্বস্তি দিতে তিনি অর্থমন্ত্রীর কাছে এই সীমা আরও বাড়ানোর প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য আয়কর অব্যাহতির সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত করদাতাদের করের চাপ কিছুটা কমিয়ে স্বস্তি দেওয়াই সরকারের লক্ষ্য। প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন-সংক্রান্ত বিধান নিয়েও জনমনে উদ্বেগের কথা উল্লেখ করেন তিনি। বলেন, দেশে অনেকেই জমি নিবন্ধনের সময় প্রকৃত মূল্যের পরিবর্তে মৌজা মূল্য দেখান। ফলে পরবর্তী সময়ে প্রকৃত ক্রয়মূল্য প্রমাণ করতে গিয়ে করদাতাদের নানা জটিলতায় পড়তে হয়। তিনি বলেন, করদাতাদের এই হয়রানি কমানোর উদ্দেশ্যেই বিধানটি প্রস্তাব করা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ এটিকে কালোটাকা সাদা করার সুযোগ হিসেবে ব্যাখ্যা করছেন। জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ওই বিধান প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর চালানো ধারাবাহিক বিমান হামলায় শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের পাক্তিকা, পাক্তিয়া ও কুনার প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বোমাবর্ষণ শুরু করে। গায়ান, চামকানি ও মারাওয়ারা জেলার বিভিন্ন আবাসিক বাড়ি ও মসজিদ লক্ষ্য করে প্রথম দফার হামলা চালানো হয়। সামরিক পরিভাষায় ‘ডাবল-ট্যাপ’ হিসেবে পরিচিত কৌশলে প্রথম হামলার কিছুক্ষণ পর একই স্থানে আবার আঘাত হানা হয়। স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণের পর গ্রামবাসীরা যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে ছুটে আসেন, তখন প্রায় ২৫ মিনিটের ব্যবধানে পাকিস্তানি বিমানগুলো ফিরে এসে দ্বিতীয় দফায় বোমাবর্ষণ করে। এই দ্বিতীয় হামলায় উদ্ধারকাজে অংশ নেওয়া নিরস্ত্র সাধারণ মানুষও হতাহত হন, ফলে নিহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কেন্দ্রীয় মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমরা এই হামলাকে কঠোরভাবে নিন্দা জানাই। এটি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এবং চরম বর্বরতার প্রকাশ।” তালেবান প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৪ থেকে ৯ বছর বয়সী শিশু এবং বেশ কয়েকজন বয়োবৃদ্ধ রয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর ভিডিওচিত্রে রক্তাক্ত শিশুদের চিকিৎসা নিতে দেখা গেছে। চামকানি এলাকার এক বাসিন্দা দাবি করেছেন, সেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ছিল না; সাধারণ গ্রামবাসীরাই হামলার শিকার হয়েছেন। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দাবি করেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও করাচিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাকিস্তানের দাবি, এই অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার এবং ‘ফিতনা আল খওয়ারিজ’-এর ঘাঁটিতে হামলা চালিয়ে ২৯ জন উগ্রবাদীকে হত্যা করা হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে এই সামরিক অভিযানের পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরেও একাধিক ইস্যুতে উত্তেজনা বাড়ছে। করাচিতে রেঞ্জার্স দপ্তরে হামলার ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ‘বিদেশি সংশ্লিষ্টতা’র অভিযোগ তুললেও ভারত তা ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বেলুচিস্তানে মানবাধিকারকর্মী মাহরাং বালোচকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেশের অন্যতম বড় টেলিভিশন নেটওয়ার্ক জিও নিউজের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, সীমান্তে এই হামলা এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতা—দুটিই পাকিস্তানের জন্য নতুন করে কূটনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।
দেশের বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল স্কয়ারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন আগে তার অবস্থার সামান্য উন্নতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। এতে স্বজনদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে পুনরায় ভেন্টিলেটরে নেওয়া হয়। এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে সুস্থ করে তুলতে পারেননি। মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, শিশুতোষ অনুষ্ঠান এবং সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। বিশেষ করে শিশুদের জন্য নির্মিত তার বিভিন্ন অনুষ্ঠান ও সৃজনশীল কাজ প্রজন্মের পর প্রজন্মের কাছে সমাদৃত হয়েছে। শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পবিত্র মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের জেরে পাকিস্তানের অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ জুন সম্প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু ‘ধর্মীয় দৃশ্য’ দেখানো হয়, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সংস্থাটি আরও বলেছে, ওই ধরনের দৃশ্য ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি জনশৃঙ্খলা বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করে। এ ঘটনার পর রোববার এক বিবৃতিতে জিও নিউজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা জানায়, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল এবং এটি চ্যানেলটির সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। একই সঙ্গে বিতর্কিত অংশটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। জিও নিউজের ব্যাখ্যায় বলা হয়েছে, সম্প্রচারিত ফুটেজে ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষের পালন করা কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি প্রদর্শন করা, কোনো নির্দিষ্ট ধর্মীয় মতকে সমর্থন করা নয়। তবে নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এ ক্ষেত্রে চ্যানেলটি যথাযথ সম্পাদকীয় সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে জিও নিউজকে অভ্যন্তরীণ তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি আরও পর্যালোচনার জন্য সংস্থার অভিযোগ কাউন্সিলে পাঠানো হয়েছে। পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং অন্যান্য নবী-রাসুলদের চিত্রায়ণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। অতীতে পশ্চিমা দেশগুলোতে এ ধরনের প্রকাশনা বা কার্টুনকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনাও ঘটেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ধর্মীয় ইস্যু দ্রুত জনরোষে রূপ নিতে পারে বলে আশঙ্কা থাকে। সে কারণে প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে। দেশটিতে বিভিন্ন সময়ে টেলিভিশন চ্যানেলগুলোকে নিয়ন্ত্রক সংস্থার কঠোর পদক্ষেপ, সম্প্রচার স্থগিত এবং নানা বিধিনিষেধের মুখে পড়তে দেখা গেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম, যা দেশটির গণমাধ্যম পরিস্থিতি নিয়ে উদ্বেগেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও উল্টো চিত্র দেখা গেছে মূল্যবান ধাতুর বাজারে। স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধির আশঙ্কা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুটির চাহিদা কিছুটা কমে গেছে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৬১ দশমিক ৩৫ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪,০৭৬ দশমিক ৪০ ডলারে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, টানা চতুর্থ মাসের মতো স্বর্ণের দরপতনের পথে রয়েছে, যেখানে মোট পতন প্রায় ১০ দশমিক ৪ শতাংশ। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এই প্রবণতাকে আরও জটিল করে তুলেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক হামলার ঘটনায় তেলের দাম আবারও বেড়েছে। এতে করে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং সুদহার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান ও ওয়াশিংটন আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের দাম বাড়লে তা বৈশ্বিক মূল্যস্ফীতিকে উসকে দেয়। এর প্রভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়ানোর পথে হাঁটে। আর সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়, যা বাজারে এর দামে প্রভাব ফেলে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। স্পট সিলভারের মূল্য ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫১ ডলারে নেমেছে। তবে অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রবণতা দেখা গেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১,৬৩০ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,২১৮ দশমিক ৯২ ডলারে। বিশ্ববাজারে এই ওঠানামা বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা ও আর্থিক নীতির অনিশ্চয়তা মিলিয়ে আগামী দিনগুলোতে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানের অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, করাচির ঘটনাকে ঘিরে ভারতের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি পাকিস্তানকে উদ্দেশ করে বলেন, “অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত।” ভারতীয় মুখপাত্র আরও দাবি করেন, পাকিস্তানের উচিত তাদের ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার প্রবণতা থেকে ইসলামাবাদের সরে আসা প্রয়োজন। এর আগে করাচিতে হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই এই ঘটনায় ভারতের গোপন সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন। এদিকে করাচির ওই হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের পূর্ব সীমান্তে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে অন্তত ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে নিহত করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পদাতিক বাহিনীর স্থল অভিযানও পরিচালনা করা হয়। পাকিস্তানের দাবি, এই অভিযানে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-আহরারের আস্তানাগুলো লক্ষ্যবস্তু ছিল। গত শনিবার করাচিতে রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় একদল সশস্ত্র হামলাকারী। পরে জামাত-উল-আহরার গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করে জানায়, তাদের নয়জন সদস্য এতে অংশ নেয়। এই হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে রেঞ্জার্সের তিন সদস্য নিহত এবং চারজন আহত হন। পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে এবং একজন আফগান নাগরিককে আহত অবস্থায় আটক করা হয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের বর্তমান তালেবান প্রশাসন তাদের দেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনার জেরে গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত কার্যত বন্ধ রয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। করাচির হামলাকে ঘিরে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি বক্তব্য এবং আফগান সীমান্তে নতুন সামরিক তৎপরতা—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিবেদনটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমিয়ে আনতে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কয়েক দিনের পাল্টাপাল্টি হামলা, হুমকি ও পাল্টা প্রতিক্রিয়ার পর ঝুঁকির মুখে পড়া অন্তর্বর্তীকালীন শান্তি সমঝোতা টিকিয়ে রাখতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, সামরিক উত্তেজনা কমানো এবং এর আগে হওয়া সমঝোতার বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে নিরাপদ ও উন্মুক্ত রাখা ছিল ওই চুক্তির প্রধান লক্ষ্যগুলোর একটি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়ে। এর আগে সুইজারল্যান্ডে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের মধ্যে বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল। সেই ধারাবাহিকতায় ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞাও শিথিল করে। তবে এই ইতিবাচক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় উত্তেজনা দ্রুত বেড়ে যায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কড়া বার্তা দেন। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে সংযত থাকা কঠিন হয়ে যাবে। এর পরপরই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এটি ছিল আগের মার্কিন হামলার প্রতিক্রিয়া। তবে মার্কিন সূত্র জানিয়েছে, ওই হামলায় তাদের কোনো সেনা সদস্য হতাহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও ঘটেনি। অন্যদিকে কুয়েত কর্তৃপক্ষ দাবি করেছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের একটি আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায় দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে। এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যে লেবাননেও পড়েছে। ইসরাইল জানিয়েছে, তারা দেশটিতে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এ বিষয়ে ইরান বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে লেবাননে সামরিক অভিযান বন্ধ করা জরুরি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কাতারে অনুষ্ঠিতব্য বৈঠকটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আলোচনায় অগ্রগতি হলে চলমান উত্তেজনা কমার পাশাপাশি বৃহত্তর সংঘাতের আশঙ্কাও অনেকটাই হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে সোমবার (২৯ জুন) ভোরে স্বল্প মাত্রার একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধানে মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব কম্পন ঘটে, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি করলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে মণিপুরের কাংপোকপি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে। এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায়। এই কম্পনের মাত্রা ছিল ৩ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কিছু এলাকায় বেশি অনুভূত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের একেবারে কাছের মেঘালয় রাজ্যে। পশ্চিম খাসি পাহাড় এলাকায় অনুভূত এই কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পগুলোর মাত্রা কম থাকায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী মানুষদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে। ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। হিমালয় অঞ্চলের ভূতাত্ত্বিক সক্রিয়তার কারণে এখানে মাঝেমধ্যে এমন স্বল্পমাত্রার কম্পন অনুভূত হয়। সাধারণত এই ধরনের ছোট কম্পন বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও নিয়মিত পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন এবং ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলো।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের উসকানি বা চাপ সৃষ্টি করা হলে তার জবাব আরও শক্তি ও কঠোরতার সঙ্গে দেওয়া হবে। রোববার (২৮ জুন) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এই সতর্কবার্তা দেন। তিনি বাহরাইন প্রশাসনকে সতর্ক করে বলেন, নিজেদের সীমাবদ্ধতা মেনে চলা উচিত এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বাহরাইনের শাসকগোষ্ঠী যেন ইরানকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। এর আগে, নিজের ভূখণ্ডে মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে তেহরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে উপসাগরীয় দেশগুলো। বাহরাইনের রাজধানী মানামা এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এমন পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান-বাহরাইন সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বাহরাইনে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি এবং তাদের সঙ্গে ইরানের সম্ভাব্য যোগাযোগ নিয়ে দেশটির সরকারের উদ্বেগ নতুন নয়। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সঙ্গে গোপন সামরিক ও গোয়েন্দা যোগাযোগের অভিযোগে বাহরাইনে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই পরিস্থিতি অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের এই ধারা অব্যাহত থাকলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কনরো শহরে কবরস্থানের একটি মাউসোলিয়াম (সমাধি ভবন) থেকে স্মারক ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে ৩৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ তদন্ত ও নজরদারির পর বুধবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। হ্যারিস কাউন্টি কনস্টেবল প্রিসিঙ্কট-৫-এর কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম রেনি অ্যাম্বার ফেনেল। চলতি মাসের শুরুতে হিউস্টনের একটি কবরস্থানের মাউসোলিয়ামে স্থাপিত নজরদারি ক্যামেরায় তাকে সমাধির কুঠুরি ভেঙে সেখানে রাখা স্মারক ও মূল্যবান সামগ্রী নিয়ে যেতে দেখা যায়। ঘটনার পর প্রিসিঙ্কট-৫-এর গোয়েন্দা, ডেপুটি এবং স্ট্র্যাটেজিক রেসপন্স ইউনিট (এসআরইউ) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্ত শেষে বুধবার কনরো শহরের নর্থ থ্র্যাশার স্ট্রিটের ১৬৭০০ ব্লকে অবস্থিত তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার ছোট সন্তানও সেখানে উপস্থিত ছিল। পরে শিশুটিকে পরিবারের একজন সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেনেলের বিরুদ্ধে চুরি এবং কবরস্থান থেকে চুরির দুটি গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, হ্যারিস কাউন্টিতে তার বিরুদ্ধে এর আগেও জালিয়াতি, চুরি, নিয়ন্ত্রিত মাদক রাখার অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং হামলাসহ একাধিক মামলার রেকর্ড রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মন্টগোমেরি কাউন্টি শেরিফের কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে। ওই কাউন্টির অধিক্ষেত্রে সংঘটিত আরও কয়েকটি অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হ্যারিস কাউন্টি কনস্টেবল প্রিসিঙ্কট-৫-এর কার্যালয় জানিয়েছে, কবরস্থানে রাখা মৃত ব্যক্তিদের স্মারক ও ব্যক্তিগত জিনিসপত্র চুরির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলবে।
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) নিয়ে বসবাসকারী অভিবাসীদের স্থায়ীভাবে বৈধ থাকার ব্যবস্থা করতে হবে, অন্যথায় নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) প্রধান মার্কওয়েন মুলিন। রোববার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টিপিএস কোনো স্থায়ী অভিবাসন মর্যাদা নয়। তাই যাঁরা এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাঁদের উচিত স্থায়ী আবাসনের জন্য প্রয়োজনীয় আবেদন করা। অন্যথায় সরকার তাঁদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করবে। মুলিন বলেন, "যাঁরা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতে চান, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করুন। আর যদি তা না করেন, তাহলে আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।" তিনি আরও জানান, স্বেচ্ছায় ফিরে যাওয়া ব্যক্তিদের জন্য বিমান টিকিটের পাশাপাশি পুনর্বাসনের প্রাথমিক ব্যয় মেটাতে প্রায় ২ হাজার ১০০ মার্কিন ডলার দেওয়া হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের জন্য দেওয়া টিপিএস সুবিধা বাতিলের সুযোগ করে দেয়। এর ফলে প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতির এবং প্রায় ৬ হাজার সিরীয় নাগরিক ভবিষ্যতে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। টিপিএস কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বড় মানবিক সংকট থেকে পালিয়ে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ দেওয়া হয়। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার নাগরিকদের এই সুরক্ষা দেওয়া হয়েছিল। তবে টিপিএস বাতিলের সিদ্ধান্তের মধ্যেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনো হাইতি ও সিরিয়ায় ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি রেখেছে। দুই দেশেই সহিংসতা, সংঘাত, সন্ত্রাসী তৎপরতা, অপহরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অভিবাসী অধিকারকর্মী ও হাইতিয়ান সম্প্রদায়ের নেতারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বহু মানুষ বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন। হঠাৎ করে সুরক্ষা তুলে নেওয়া হলে তাঁদের পরিবার, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে বসবাসকারী হাইতিয়ানরাও এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও অভিবাসীরা বলছেন, গত এক দশকে হাইতিয়ান সম্প্রদায় শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন টিপিএস বাতিল হলে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ সিদ্ধান্তের সমালোচনা শুধু ডেমোক্র্যাটদের পক্ষ থেকেই আসেনি। রিপাবলিকান দলের কয়েকজন নেতাও উদ্বেগ প্রকাশ করেছেন। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে বলেন, বর্তমান হাইতির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য, দুর্বল সরকারি ব্যবস্থা এবং ভেঙে পড়া অর্থনীতির কারণে এখনই মানুষকে ফেরত পাঠানো যুক্তিযুক্ত হবে না। নিউইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এবং নেব্রাস্কার কংগ্রেসম্যান ডন বেকনও হাইতির নাগরিকদের জন্য টিপিএসের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বর্তমানে ১৭টি দেশের প্রায় ১৭ লাখ মানুষ টিপিএস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিবাসন অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে অন্য দেশগুলোর টিপিএস সুবিধাও বাতিলের উদ্যোগ নিতে পারে। সে ক্ষেত্রে ১৯৯০ সালে চালু হওয়া এই মানবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ দাবি করেছে, বর্তমান বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সামরিক হুমকি মোকাবিলায় পারমাণবিক প্রতিরোধক্ষমতা অর্জন ছাড়া তেহরানের সামনে কার্যত আর কোনো বিকল্প নেই। রোববার প্রকাশিত এক মন্তব্যধর্মী নিবন্ধে ফার্স নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের কারণে ইরানের জন্য কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে, কেবল পারমাণবিক প্রতিরোধক্ষমতা অর্জনের মাধ্যমেই ইরান ভবিষ্যৎ সংঘাতের ঝুঁকি কমাতে এবং সম্ভাব্য সামরিক হামলার হুমকি নিরুৎসাহিত করতে পারবে। নিবন্ধে আরও বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে হলে আগে প্রয়োজন একটি স্থিতিশীল কৌশলগত পরিবেশ। আর সেই পরিবেশ তৈরি করতে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধক্ষমতা গড়ে তোলা জরুরি বলে দাবি করা হয়েছে। ফার্স নিউজের ভাষ্য অনুযায়ী, এমন সক্ষমতা অর্জনের পরই ইরান শক্তিশালী অবস্থান থেকে কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পারবে। একই সঙ্গে পারমাণবিক প্রতিরোধক্ষমতা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারে, যা ভবিষ্যতে সংঘাত সৃষ্টি হলেও তার বিস্তার সীমিত রাখতে সহায়ক হতে পারে বলে মন্তব্য করা হয়েছে। তবে এটি ফার্স নিউজের একটি মন্তব্যধর্মী নিবন্ধ, যা ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা নয়। এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেনি। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা এবং আইএইএর তদারকি পুনরায় শুরু করার বিষয়ে উদ্যোগ চললেও তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে, ফার্স নিউজের এই অবস্থান ইরানের অভ্যন্তরে নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে এনেছে। তবে এটি দেশটির সরকারি নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার চার দিন পর এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগের কয়েক দিন পর এই উদ্ধার অভিযান বিপর্যস্ত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করলেও দেশজুড়ে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনাও দিন দিন কমে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর কাতিয়া লা মার এলাকায় উদ্ধারকর্মীরা নিরলসভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি স্বজনদের খোঁজে স্থানীয় বাসিন্দারাও খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। রোববার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭৭৪টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ১৫০ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরনগরী লা গুয়াইরা। প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত এই শহরের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধার অভিযান চলার মধ্যেই বিভিন্ন এলাকায় ফার্মেসি, সুপারমার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভূমিকম্পের পর সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় ধীরগতিতে পৌঁছাচ্ছে। অনেক এলাকায় এখনো পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও আশ্রয়ের সংকট রয়েছে। এদিকে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, সামরিক হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর পুনরায় সচল করতে আরও ২৩০ জন মার্কিন সামরিক সদস্য ভেনেজুয়ায় পৌঁছাচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ২৫০ সদস্যের একটি দুর্যোগ মোকাবিলা দল পাঠিয়েছে। এছাড়া মেক্সিকোসহ বিভিন্ন দেশের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। তবে উদ্ধারকর্মীরা বলছেন, সময় যত এগোচ্ছে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা ততই কমছে। নাম প্রকাশে অনিচ্ছুক এল সালভাদরের এক উদ্ধারকর্মী বলেন, "এ পর্যায়ে ধ্বংসস্তূপ থেকে বেশির ভাগ ক্ষেত্রেই মরদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও আমরা আশা ছাড়ছি না। ঈশ্বরের কৃপায় এখনো কিছু মানুষকে জীবিত পাওয়া যেতে পারে।" ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের ক্ষোভও বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের তানাগুয়ারেনা এলাকায় এক বাসিন্দাকে সেনাদের উদ্দেশে বলতে শোনা যায়, "দেশের এখন আপনাদের প্রয়োজন। অস্ত্র নামিয়ে রাখুন, কোদাল আর শাবল হাতে নিন।" স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ আন্তর্জাতিক সহায়তার জন্য বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ২৪টি দেশ ভেনেজুয়েলায় ৫২১ টন ত্রাণসামগ্রী, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ শনাক্তে প্রশিক্ষিত ৮৬টি অনুসন্ধানী কুকুর এবং ২ হাজার ৭০০ জনের বেশি উদ্ধারকর্মী পাঠিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে সর্বোচ্চ ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং ত্রাণসামগ্রীর প্রয়োজন হবে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায় এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এমন সময় এই বিপর্যয় আঘাত হেনেছে, যখন দেশটি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদি এই সংকটে হাসপাতাল, জনসেবা ও অবকাঠামো ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং লাখো মানুষ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশের সমান। এদিকে নির্বাসিত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ঘোষণা দিয়েছেন, তিনি শিগগিরই ভেনেজুয়েলায় ফিরবেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এখন আমাদের একসঙ্গে থাকার সময়। শোক ভাগাভাগি করার পাশাপাশি এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।"