সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
কোলাজ: আমেরিকা বাংলা
যুদ্ধবিরতির অগ্রগতিতে যুক্তরাষ্ট্রে কমলো মর্টগেজ সুদের হার

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন আর্থিক বাজারে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে আবাসন ঋণ বা মর্টগেজের সুদের হার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।   সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৩০ বছরের ফিক্সড-রেট মর্টগেজের গড় সুদের হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশে। আগের সপ্তাহে এ হার ছিল ৬ দশমিক ৫২ শতাংশ। আবাসন অর্থায়ন প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক জানিয়েছে, এক বছর আগে একই সময়ে এই হার ছিল ৬ দশমিক ৮১ শতাংশ।   একই সঙ্গে ১৫ বছরের ফিক্সড মর্টগেজের গড় সুদের হারও কিছুটা কমে ৫ দশমিক ৮১ শতাংশে নেমে এসেছে। আগের সপ্তাহে এই হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ।   অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা কমার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির অগ্রগতি বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে। এর প্রভাব পড়েছে বন্ড মার্কেটে, যা মর্টগেজ সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   ফ্রেডি ম্যাকের প্রধান অর্থনীতিবিদ স্যাম খাটার বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলোতে ভোক্তাদের ব্যয় স্থিতিশীল রয়েছে। পাশাপাশি খুচরা বিক্রয় ও বাড়ি কেনার আগ্রহেও কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। এসব কারণে আবাসন বাজারে ধীরে ধীরে চাহিদা বাড়ছে।   বিশ্লেষকদের ভাষ্য, মর্টগেজের সুদের হার সরাসরি ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী সুদের হারের সঙ্গে সম্পর্কিত না হলেও ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন এবং বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এর ওপর বড় প্রভাব ফেলে।   বর্তমানে ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার ওপরে থাকায় সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে বাজারের অংশগ্রহণকারীরা ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনার দিকেও নজর রাখছেন।   বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইস্যুকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে আর্থিক বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির কারণে তা কিছুটা কমেছে। তবে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং ফেডের ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে আগামী মাসগুলোতে মর্টগেজ হারের ওঠানামা অব্যাহত থাকতে পারে।   তাদের মতে, সুদের হার কিছুটা কমলেও তা এখনো তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার খরচ অনেক সম্ভাব্য ক্রেতার জন্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ৪:২৮
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও বেশ কয়েকটি বিষয় নিয়ে অস্পষ্টতা ও ঝুঁকি রয়েছে
ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

কয়েক সপ্তাহের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে যুদ্ধের অবসান ঘটানো এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা কতটা কঠিন হবে, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, লেবানন ও ইসরায়েল ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এই সমঝোতার সামনে সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।   বুধবার সাংবাদিকদের, যাদের মধ্যে বিবিসিও ছিল, ১৪ অনুচ্ছেদের একটি সমঝোতা স্মারক পড়ে শোনান যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই এতে স্বাক্ষর করেন।   তেহরানও নিশ্চিত করেছে যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তিতে সই করেছেন। সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পথ তৈরি হবে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।   চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহার, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু এবং ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরুর অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। বিনিময়ে তেহরান পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।   তবে চুক্তি স্বাক্ষরের পরও উভয় পক্ষ সতর্ক অবস্থান বজায় রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই সমঝোতা এখনও চূড়ান্ত নয় এবং এটি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযানে ফিরে যেতে পারে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অবিশ্বাস এখনও রয়েছে এবং ইরানের “আঙুল ট্রিগারের ওপরই আছে”।   লেবানন ও ইসরায়েল ইস্যু প্রাথমিক সমঝোতা ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, উভয় পক্ষ লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। সমঝোতা স্মারকেও লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।   তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেও ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বুধবার ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকা এলাকা ও কফর তেবনিতের উপকণ্ঠে হামলা চালিয়েছে।   মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে থাকলেও ইসরায়েলি বাহিনীর লেবানন থেকে প্রত্যাহার এই চুক্তির শর্ত নয়। একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বহাল থাকবে। অন্যদিকে ইরান বলছে, লেবানন যুদ্ধের অবসান যুদ্ধ বন্ধের চুক্তির অবিচ্ছেদ্য অংশ। ইরান-সমর্থিত হেজবুল্লাহও একই অবস্থান নিয়েছে। গোষ্ঠীটির দাবি, পরবর্তী আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে।   ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, দেশটির বাহিনী লেবাননের নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, লেবানন ইস্যুতে ইরান হামলা চালালে ইসরায়েল পূর্ণ শক্তিতে পাল্টা জবাব দেবে।   যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞানী ড. এইচ. এ. হেলিয়ারের মতে, ইসরায়েলি সামরিক অভিযান কূটনৈতিক অগ্রগতির জন্য সবচেয়ে বড় একক হুমকি। তার আশঙ্কা, তেহরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পারমাণবিক ইস্যুতে কার্যকর আলোচনা শুরুর আগেই পুরো প্রক্রিয়া ভেঙে পড়তে পারে।   পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ ও জটিল অংশ হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর পর্যন্ত ইরান প্রায় ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুদ করেছিল। সাধারণভাবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধির প্রয়োজন হয়।   তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। নতুন সমঝোতাতেও তারা পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে বিদ্যমান ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে যে ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনা হবে এবং এই প্রক্রিয়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে সম্পন্ন হবে।   ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ওই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান তাদের কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সাবেক উপপ্রধান ডারিন সেলনিক বলেছেন, যদি ইরান আবার অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে এগোয়, তাহলে ট্রাম্প পুনরায় সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারেন। হরমুজ প্রণালির ভবিষ্যৎ সমঝোতার অন্যতম লক্ষ্য হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা। ফেব্রুয়ারি থেকে প্রায় অচল হয়ে থাকা এই নৌপথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো। চুক্তি অনুযায়ী, স্বাক্ষরের পরপরই প্রণালিটি খুলে দেওয়ার কথা রয়েছে। নিরাপত্তা ও প্রযুক্তিগত বাধা, বিশেষ করে মাইন অপসারণের কাজ শেষ হলে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে।   সমঝোতায় বলা হয়েছে, প্রথম ৬০ দিনের জন্য প্রণালিটি টোলমুক্ত থাকবে। একই সঙ্গে ইরান, ওমানসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জলপথের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবে। তবে ভবিষ্যতে ফি আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে সেবা ফি নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও সেই ফি কী ধরনের সেবার জন্য হবে, তা স্পষ্ট করা হয়নি।   আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ চলাচলের জন্য সরাসরি টোল আরোপ করা না গেলেও নির্দিষ্ট সেবার বিপরীতে ফি নেওয়ার সুযোগ রয়েছে। মার্কিন কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, ভবিষ্যতেও প্রণালিটি কার্যত টোলমুক্ত থাকবে। তাদের মতে, উপসাগরীয় দেশগুলো এমন কোনো ব্যবস্থা সমর্থন করবে না, যা অবাধ নৌ চলাচলকে বাধাগ্রস্ত করে।   তবুও বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে। অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি বলেছেন, মাইন অপসারণে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতির স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানেই থাকবে।   সংকট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইওএস রিস্ক গ্রুপের মার্টিন কেলির ভাষায়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে অত্যন্ত সাহসী কোনো অধিনায়ক প্রয়োজন হবে। ড. হেলিয়ারও সতর্ক করে বলেছেন, বর্তমান সমঝোতা কেবল একটি কাঠামোগত স্মারক, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। তার ভাষায়, কঠিন কাজ এখনো শুরুই হয়নি।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ৪:১৩
নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমর্থকদের সঙ্গে উদযাপন করছেন ডিএসএ-সমর্থিত প্রার্থীরা । ছবি:  সংগৃহীত
কুইন্সে সমাজতান্ত্রিকদের দাপট, একাধিক আসনে জয়ের পথে মামদানিপন্থী প্রার্থীরা

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির রাজনৈতিক প্রভাব এবং তার নেতৃত্বে গড়ে ওঠা প্রগতিশীল আন্দোলনের জোয়ারে ভর করে কুইন্সে কংগ্রেস, স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয়ের পথে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত প্রার্থীরা।   মঙ্গলবার ভোটগ্রহণ শেষে প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, কংগ্রেস প্রার্থী ক্লেয়ার ভালদেজ, অ্যাসেম্বলি প্রার্থী সামান্থা কাট্টান ও ডেভিড অরকিন এবং সিনেট প্রার্থী আবের কাওয়াস নিজেদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।   ফলাফল বিশ্লেষকদের মতে, কুইন্সে ডিএসএ-সমর্থিত রাজনীতির জন্য এটি একটি বড় অর্জন। সংগঠনটির সমর্থিত প্রার্থীরা অন্তত তিনটি নতুন আসন দখলের পথে রয়েছে। শুধু ডিএসএ-সমর্থিত প্রার্থীদের সাফল্যই নয়, এবারের নির্বাচনে ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষাও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দুই বর্তমান জনপ্রতিনিধি, স্টেট সিনেটর জেসিকা রামোস এবং অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার, নিজেদের বামঘেঁষা প্রতিদ্বন্দ্বীদের কাছে পিছিয়ে পড়েছেন।   নিউইয়র্কের ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে অবসর নিতে যাওয়া কংগ্রেসওম্যান নিডিয়া ভেলাজকুয়েজের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পথে থাকা ক্লেয়ার ভালদেজ ভোটের প্রায় ৫৬ শতাংশ পেয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন। ভোটের ৯২ শতাংশ গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেনোসোর ভোট ছিল প্রায় ৩৫ শতাংশ।   স্টেট সিনেটের ১২ নম্বর ডিস্ট্রিক্টে অবসর নিতে যাওয়া সিনেটর মাইকেল জিয়ানারিসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আবের কাওয়াস প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা পেয়েছেন প্রায় ৪০ শতাংশ ভোট।   অন্যদিকে অ্যাসেম্বলি নির্বাচনে সামান্থা কাট্টান তার দুই প্রতিদ্বন্দ্বী পিয়া রহমান ও মেলিসা অরল্যান্ডোর চেয়ে প্রায় ৫০ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।   অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৮-এ আইনজীবী ডেভিড অরকিন প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়ে বর্তমান জনপ্রতিনিধি জেনিফার রাজকুমারকে পরাজয়ের মুখে ঠেলে দেন। ২০২১ সাল থেকে এই আসনের প্রতিনিধিত্ব করে আসছিলেন রাজকুমার।   ব্রুকলিনের ৯৯ স্কট নামের একটি সংগীত ভেন্যুতে ডিএসএ আয়োজিত নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রাথমিক ফলাফল প্রকাশের পর থেকেই সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। ফেব্রুয়ারিতে মামদানির স্থলাভিষিক্ত হয়ে বিশেষ নির্বাচনে জয়ী হওয়া অ্যাসেম্বলি সদস্য ডায়ানা মোরেনো বলেন, “আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যার জন্য কঠোর পরিশ্রম করেছি, আজ তার ফলাফল দেখতে পাচ্ছি। এটি জনগণের শক্তির বিজয়। আমরা দেখিয়ে দিচ্ছি যে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকেও পরাজিত করা সম্ভব।”   নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে আলোচিত মুখ জেসিকা রামোস এবার নিজের আসন ধরে রাখতে ব্যর্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্টেট সিনেট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অ্যাসেম্বলি সদস্য জেসিকা গনজালেজ-রোজাস প্রায় ১০ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।   একসময় প্রগতিশীল রাজনীতির অন্যতম মুখ হিসেবে পরিচিত রামোস মেয়র নির্বাচনে জোহরান মামদানির পরিবর্তে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন দেওয়ার পর অনেক প্রগতিশীল সংগঠনের সমর্থন হারান। এছাড়া কুইন্সে প্রস্তাবিত ক্যাসিনো প্রকল্পে সমর্থন না দেওয়াতেও দলের একটি অংশের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।   অন্যদিকে গনজালেজ-রোজাস সরাসরি মামদানির সমর্থন না পেলেও শহরের অধিকাংশ প্রগতিশীল আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। তার সাবেক চিফ অব স্টাফ ব্রায়ান রোমেরোও অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪-এ জয়ের পথে রয়েছেন। তিনি প্রায় ৬৭ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রোসা সানচেজকে বড় ব্যবধানে পিছনে ফেলেছেন।   কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি সমর্থিত প্রার্থীদের ফলাফল ছিল মিশ্র। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৩-এ দীর্ঘদিনের সরকারি কর্মকর্তা পেসাক ওসিনা প্রায় ২০ শতাংশ পয়েন্ট ব্যবধানে আইনজীবী মাইক স্কালাকে পরাজিত করার পথে ছিলেন। তিনি কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন পেয়েছিলেন।   দক্ষিণ-পূর্ব কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩২-এ অবসর নিতে যাওয়া অ্যাসেম্বলি সদস্য ভিভিয়ান কুকের উত্তরসূরি নির্বাচনের দৌড়ে নাথানিয়েল হেজেকাইয়া তৃতীয়ও এগিয়ে ছিলেন। তবে সব আসনে দলীয় সমর্থিত প্রার্থীরা সফল হননি। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এ কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির সমর্থিত প্রার্থী প্যাট্রিক মার্টিনেজ এবং সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা শামসুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ভোটের প্রায় ৯৯ শতাংশ গণনা শেষে মার্টিনেজ মাত্র ১৩ ভোটে এগিয়ে ছিলেন। ফলে এই আসনের ফল পুনর্গণনার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ৪:৯
ছবি: রয়টার্স
আমেরিকার ২৫০ বর্ষপূর্তিতে নিউইয়র্কে তুলে ধরা হবে অভিবাসীদের অবদান

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে নিউইয়র্ক সিটি কাউন্সিল একটি ধারাবাহিক জনসাধারণের কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শহর ও জাতি গঠনে অবদান রাখা বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো হবে।   বিভিন্ন সাংস্কৃতিক ও কমিউনিটি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিশেষভাবে তুলে ধরা হবে অভিবাসী জনগোষ্ঠী, কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং আদিবাসী সম্প্রদায়ের অবদান। আয়োজকদের মতে, নিউইয়র্ক সিটি ও যুক্তরাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় গঠনে এসব সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।   নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলিয়া মেনিন বলেন, দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ আমেরিকান ও অভিবাসী সম্প্রদায়ের অবদান অনেক ক্ষেত্রেই যথাযথ স্বীকৃতি পায়নি। অথচ যুক্তরাষ্ট্রের ইতিহাস গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমেরিকা ২৫০’ উদযাপনের মাধ্যমে সেই অবদানগুলোকে নতুনভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং নিউইয়র্ক সেই গল্পগুলো উদযাপন করতে গর্বিত।   এই উদ্যোগের অংশ হিসেবে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সিটি হলের কাউন্সিল চেম্বারে ‘লিগেসি কুইল্ট প্রজেক্ট’ প্রদর্শিত হবে। এতে আফ্রিকান আমেরিকানদের খাদ্যসংস্কৃতি এবং জাতীয় খাদ্য ঐতিহ্যে তাদের অবদান তুলে ধরা হবে। ৪০৬টি হাতে তৈরি অংশ নিয়ে গঠিত এই কুইল্টে শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অবদানের ইতিহাস সংরক্ষিত হয়েছে।   এছাড়া ২৫ জুন সিটি হল পার্কে ‘উই দ্য সিটি: কবিতা পাঠ’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে বিখ্যাত কবিতা “দ্য নিউ কলোসাস” বিভিন্ন ভাষায় পাঠ করা হবে, যা নিউইয়র্কের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরবে।   ১ থেকে ৩ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ‘উই দ্য সিটি’ শীর্ষক ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অভিবাসীদের ইতিহাস ও অবদান বিভিন্ন ঐতিহাসিক ছবি এবং গল্পের মাধ্যমে তুলে ধরা হবে। মিউজিয়াম অব মডার্ন আর্ট, স্ট্যাটেন আইল্যান্ড মিউজিয়াম এবং ব্রঙ্কস চিলড্রেনস মিউজিয়ামসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এই প্রদর্শনীর প্রজেকশন দেখানো হবে।   নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নান্তাশা উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে আদিবাসী জনগোষ্ঠী, কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং অভিবাসীদের অবদানকে কেন্দ্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। তার মতে, ইতিহাস, সংস্কৃতি, খাদ্য ও শিল্পের মাধ্যমে এসব কর্মসূচি নতুন প্রজন্মের সামনে সেই অবদানের গল্প তুলে ধরবে।   নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রেসিডেন্ট ও সিইও মুরাদ আওয়াওদেহ বলেন, অভিবাসীরা নিউইয়র্কের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের গল্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, এই উদ্যোগ নিউইয়র্কের অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে এবং শহরের বৈচিত্র্যকে উদযাপন করবে।   আয়োজকদের ভাষ্য, ‘আমেরিকা ২৫০’ শুধু একটি ঐতিহাসিক উদযাপন নয়; এটি যুক্তরাষ্ট্র গঠনে অবদান রাখা সব সম্প্রদায়ের ভূমিকা পুনর্মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ৩:৩৪
ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: যুদ্ধ থামল, লাভের পাল্লা কার দিকে?

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত ১৪ দফার এই স্মারকলিপি বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, চুক্তিটি ভার্সাইতেই স্বাক্ষরিত হয়েছে।   চুক্তি অনুযায়ী, দুই দেশ ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর অঙ্গীকার করেছে, যা পারস্পরিক সম্মতিতে আরও বাড়ানো যেতে পারে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ৬০ দিনের জন্য টোল-মুক্ত নিরাপদ পথ নিশ্চিত করবে।   সমঝোতার সবচেয়ে আলোচিত অংশ অর্থনৈতিক প্যাকেজ। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০ হাজার কোটি ডলারের একটি পরিকল্পনা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-সংক্রান্ত সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।   পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের নিষ্পত্তি আইএইএর তত্ত্বাবধানে হবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও নির্ধারণ করা হয়নি।   চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী চালু রাখা সম্ভব হতো না এবং এর ফলে বিশ্ববাজারে নজিরবিহীন অর্থনৈতিক ধাক্কা লাগতে পারত। যুদ্ধ শুরুর পর তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মার্কিন জনগণের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পেয়েছিল। এর প্রভাব ট্রাম্পের অর্থনৈতিক জনপ্রিয়তার ওপরও পড়েছিল, এমনকি তার সমর্থকগোষ্ঠীর মধ্যেও।   চুক্তি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এস অ্যান্ড পি ৫০০ সূচক ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায় এবং তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। ফলে জ্বালানি মূল্য ও মূল্যস্ফীতি নিয়ে বাড়তে থাকা জনমতের চাপের মধ্যে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বস্তি পেয়েছে বলে মনে করা হচ্ছে।   তবে এই সমঝোতা নতুন বিতর্কও তৈরি করেছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের জেসিপিওএ পরমাণু চুক্তিকে ‘সবচেয়ে খারাপ চুক্তি’ বলে সমালোচনা করেছেন এবং প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহারও করেন। কিন্তু নতুন এই কাঠামোগত সমঝোতায় ইরানকে দেওয়া সম্ভাব্য আর্থিক সুবিধা আগের চুক্তির তুলনায় বেশি বলে সমালোচকদের একটি অংশ দাবি করছে।   ইরান চুক্তিটিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ইরান এই চুক্তিকে একটি বিজয় হিসেবে দেখছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে একে একটি ঐতিহাসিক দলিল আখ্যা দিয়ে বলেছেন, এটি শক্তিশালী ইরানের পক্ষ থেকে একটি বার্তা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করবে।   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিও স্মারকলিপির প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। অর্থনৈতিক দিক থেকে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমায়িত সম্পদ মুক্তির সম্ভাবনা এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি, যা দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।   চুক্তিতে ইসরায়েল কোনো পক্ষ নয়। ফলে দেশটির পক্ষ থেকে সমালোচনাও প্রকাশ্যে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের সমালোচনার জবাবে বলেন, “ট্রাম্পই বিশ্বে তোমাদের একমাত্র মিত্র যিনি বাকি আছেন।” তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে চুক্তি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে অস্বস্তি রয়েছে।   ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও ট্রাম্প বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তারা একমত। তবে একই সময়ে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারেরও কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষও যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান।   বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মূল চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যে তার মিত্র অ-রাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর ভূমিকা অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের অন্যতম প্রধান বিষয় হওয়া সত্ত্বেও এসব প্রশ্ন অমীমাংসিত থাকায় তেল আবিবের অসন্তোষ অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চুক্তিটি বিভাজন তৈরি করেছে। সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, যারা এই চুক্তির বিরোধিতা করছে তারা “দুষ্কৃতিকারী, মূর্খ বা ঈর্ষাকাতর।” তার এই বক্তব্য রিপাবলিকান শিবিরের ভেতরেও মতপার্থক্যের ইঙ্গিত দেয়।   যুদ্ধ চলাকালে বিভিন্ন জনমত জরিপে দেখা গিয়েছিল, অধিকাংশ আমেরিকান ইরানে মার্কিন হামলার পক্ষে ছিল না। একই সঙ্গে ট্রাম্পের অর্থনৈতিক রেটিংও চাপে পড়েছিল। সেই প্রেক্ষাপটে যুদ্ধের অবসান ও বাজারে স্থিতিশীলতা জনমনে স্বস্তি আনলেও ইরানকে দেওয়া বিপুল অর্থনৈতিক সুবিধার প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক থামেনি।   কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সমঝোতা এখনো মূল বিরোধগুলোর সমাধান করেনি। বিশেষজ্ঞ এলিসা ইওয়ার্সের মতে, হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হয়, সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি। কারণ টোল আদায় না করার প্রতিশ্রুতি থাকলেও সার্ভিস ফি বা অন্যান্য আর্থিক ব্যবস্থার বিষয়টি আলোচনায় রয়েছে।   সামগ্রিকভাবে এই চুক্তিতে উভয় পক্ষই তাৎক্ষণিক কিছু অর্জন দেখাতে পারছে। ট্রাম্প যুদ্ধের অবসান ও অর্থনৈতিক স্থিতিশীলতার কৃতিত্ব দাবি করতে পারছেন, আর ইরান পাচ্ছে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ শিথিল হওয়ার প্রতিশ্রুতি। তবে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ এখনো অমীমাংসিত। ফলে আগামী ৬০ দিনের আলোচনা এই সমঝোতার চূড়ান্ত সফলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ৩:২৩
ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতন
ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতন: জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক পদক্ষেপ চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক এক বিবৃতিতে তারা জাতিসংঘের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনের প্রশংসা করে বলেছে, এতে শিশুদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর হামলার সুস্পষ্ট প্রমাণ উঠে এসেছে।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জাতিসংঘের ওই প্রতিবেদনে এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য তুলে ধরা হয়েছে যা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা স্পষ্ট করে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার গুরুতর লঙ্ঘনের বিষয়টি সামনে এনেছে।   বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো নিয়মিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, খাদ্য থেকে বঞ্চিত করা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।   ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের এই প্রতিবেদন কেবল অভিযোগের নথিভুক্তি নয়; বরং দীর্ঘদিন ধরে চলা এসব লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাও এতে প্রতিফলিত হয়েছে। তারা অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করা জরুরি।   বিশ্লেষকদের মতে, গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শিশুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।   এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২:৫৯
সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেন ইস্যুতে ফের আলোচনার ইঙ্গিত, সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া

ইউক্রেনের সঙ্গে পুনরায় শান্তি সংলাপে বসতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, কিয়েভের সদিচ্ছা ও বর্তমান বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই এই আলোচনা এগিয়ে নিতে চায় মস্কো। অতীতে তুরস্কের ইস্তাম্বুল এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে হওয়া দ্বিপক্ষীয় সমঝোতাগুলোকে সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।   মঙ্গলবার (২৪ জুন) ক্রেমলিনে অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন দাবি করেন, পূর্বের শান্তি প্রক্রিয়া ইউক্রেনের একতরফা সিদ্ধান্তে হঠাৎ থেমে যায়। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত—ইস্তাম্বুলে হওয়া চুক্তির ভিত্তিতে। সেই সঙ্গে অ্যাঙ্কোরেজে আলোচিত কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমান মাটির বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এগোতে চাই।”   পুতিনের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত হামলা চালাচ্ছে, যার উদ্দেশ্য হতে পারে সম্ভাব্য আলোচনার আগে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করা।   উল্লেখ্য, গত বছর ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে তিন দফা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়—১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই। এসব বৈঠকের ফল হিসেবে বড় পরিসরে যুদ্ধবন্দী বিনিময় এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়াও তৈরি হয়েছিল।   পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট আলাস্কার অ্যাঙ্কোরেজে এক শীর্ষ বৈঠকে মিলিত হন, যেখানে একটি বিস্তৃত শান্তি পরিকল্পনা প্রস্তাব করা হয়। প্রাথমিকভাবে ২৮ দফার ওই পরিকল্পনা পরে সংশোধন করে ২০ দফায় আনা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, ইউক্রেন তাদের ভূখণ্ড সংক্রান্ত কোনো ছাড় দিতে রাজি না হওয়ায় অগ্রগতি থমকে যায়।   চলতি বছরের শুরুতেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে তিন দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুটি বৈঠক এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সুইজারল্যান্ডের জেনেভায় আরেকটি বৈঠক হয়। এসব আলোচনা কিছুটা অগ্রগতি আনলেও পরে তা স্থবির হয়ে পড়ে।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রাধিকার বদলে যায়, যার প্রভাব পড়ে ইউক্রেন ইস্যুর শান্তি প্রক্রিয়ায়ও।   এর আগে ২০২২ সালের বসন্তেও ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছিল। তবে নানা কারণে সেটিও বাস্তবায়নের মুখ দেখেনি।   আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে আবারও সংলাপ শুরু হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে কিয়েভের অবস্থান ও যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতার ওপর। তবে রাশিয়ার এই ঘোষণাকে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের একটি নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২:২০
অন্তত ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত দক্ষিণ লেবানন, ধ্বংস ১১ হাজারের বেশি ঘরবাড়ি

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে অন্তত ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ২ হাজার ২০০টি ভবন।   নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এসব তথ্য জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারেরই এখন আর ফিরে যাওয়ার মতো কোনো ঘর অবশিষ্ট নেই। ফলে বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট আরও গভীর হয়েছে।   দুজারিকের ভাষায়, চলমান অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকি নিরাপদে ঘরে ফেরা প্রক্রিয়াকে জটিল করে তুলছে। বিশেষ করে যুদ্ধশেষে ফেলে যাওয়া অবিস্ফোরিত অস্ত্র সাধারণ মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।   তবে এসব প্রতিকূলতার মধ্যেও কিছু মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। এর ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে নেমে এসেছে।   এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। ওয়াশিংটনে নতুন দফার সরাসরি সংলাপও শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।   যদিও দক্ষিণ লেবাননে সংঘর্ষের মাত্রা আগের তুলনায় কমেছে, তবুও মাঝে মাঝে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটছে। সোমবার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।   ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের কিছু এলাকায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে। দেশটি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তারা আবারও অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে উত্তেজনা পুরোপুরি কমবে না এবং সাধারণ মানুষের দুর্ভোগও অব্যাহত থাকতে পারে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১:৩৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহুকে ট্রাম্পের তীব্র বার্তা: ‘সবাই অসন্তুষ্ট, ইহুদিরাও ক্ষুব্ধ’

গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন—এমন চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে একটি নতুন বইয়ে। বইটির তথ্য অনুযায়ী, এক গোপন ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে বলেছিলেন, “সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদিই তোমার ওপর বিরক্ত।”   যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত ‘রেজিম চেঞ্জ’ শিরোনামের এই বইটি লিখেছেন দ্য নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বইটি প্রকাশের পর ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।   বইটির বর্ণনা অনুযায়ী, ওই ফোনালাপের সময় ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তার জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ—যারা দুজনই ইহুদি। তাদের উপস্থিতির প্রসঙ্গ টেনেই ট্রাম্প মন্তব্যটি করেছিলেন বলে দাবি করা হয়েছে।   ঘটনার পটভূমি হিসেবে বইয়ে বলা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজা সংকট নিয়ে ট্রাম্প প্রশাসন একটি ২০ দফা শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করে। এর আগে কাতারের রাজধানী দোহায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের এক বিমান হামলায় কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। সেই ঘটনার পর কুশনার ক্ষোভ প্রকাশ করে নিকটজনদের কাছে ইসরায়েলি সিদ্ধান্তকে ‘অতিরিক্ত আগ্রাসী’ বলে মন্তব্য করেছিলেন।   পরবর্তীতে কুশনার এই পরিস্থিতিকে কূটনৈতিক চাপ সৃষ্টির সুযোগ হিসেবে কাজে লাগান এবং একটি শান্তি প্রস্তাব তৈরি করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এ নিয়ে আলোচনা হয়।   বইয়ের দাবি অনুযায়ী, সেই খসড়া পরিকল্পনা নিয়েই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে কড়া ভাষায় জানান, “তুমি এখন আর পিছু হটতে পারবে না। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আমি। সবাই তোমার সমালোচনা করছে, কিন্তু আমি তোমার পাশে থেকেছি। এটি ইসরায়েলের জন্য একটি ভালো চুক্তি।”   এর মাত্র দুই দিন পর, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে ওই শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। পরে নভেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এই পরিকল্পনাকে আনুষ্ঠানিক সমর্থন দেয়।   বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে নেতানিয়াহু ইরানে সরকার পরিবর্তনের উপযুক্ত সময় এসেছে বলে মত দেন। তবে পরবর্তী আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মূল্যায়নকে সরাসরি খারিজ করে দেন বলে দাবি করা হয়েছে।   গোপন বৈঠক, সংবেদনশীল নথি এবং ইরান-সংক্রান্ত অভ্যন্তরীণ আলোচনা ফাঁস হয়ে বইটিতে প্রকাশ পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিশেষ করে সিচুয়েশন রুমের আলোচনার মতো উচ্চপর্যায়ের নিরাপত্তা তথ্য প্রকাশ পাওয়া যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।   ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বরাতে প্রকাশিত এই তথ্যগুলো ইতোমধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের অন্তরালের টানাপোড়েন এই বইয়ের মাধ্যমে নতুনভাবে সামনে এসেছে।  

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১:১০
ইরান ইস্যুতে মিত্রদের আশ্বস্ত করতে উপসাগর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
ইরান ইস্যুতে মিত্রদের আশ্বস্ত করতে উপসাগর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে ঘিরে উপসাগরীয় মিত্রদের উদ্বেগ কমাতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, এই সফরের মূল লক্ষ্যই হলো—সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক মিত্রদের আস্থা পুনর্গঠন এবং নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করা।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালে ইরান ছাড়াও সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে এই তিনটি উপসাগরীয় দেশ। ফলে যুদ্ধবিরতির পরও সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।   পররাষ্ট্র দপ্তরের দায়িত্বের পাশাপাশি বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকাও পালন করছেন রুবিও। সফরকালে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হবে যে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি আগের মতোই অটুট রয়েছে।   ইরানের হামলার সময় এসব দেশের রাজনৈতিক ও কৌশলগত মহলে প্রশ্ন উঠেছিল—সংকটের মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূমিকা কতটা কার্যকর ছিল। সেই প্রেক্ষাপটে তৈরি হওয়া সংশয় দূর করাও রুবিওর সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।   বাহরাইন সফরকালে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ওই বৈঠকে ইরানের সঙ্গে হওয়া চুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং এর সম্ভাব্য সুফল সম্পর্কে মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।   তবে ওয়াশিংটনের ভেতরে ভিন্নমতও রয়েছে। কিছু সূত্রের দাবি, রুবিও ব্যক্তিগতভাবে এই চুক্তিকে খুব ইতিবাচক হিসেবে দেখেন না। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ বিষয়ে রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কোনো মতপার্থক্য নেই।   বিশ্লেষকদের মতে, ইরান-সংক্রান্ত নতুন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের জন্য উপসাগরীয় মিত্রদের আস্থা ধরে রাখা এখন বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এই সফর সেই চ্যালেঞ্জ মোকাবিলারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ০:৫০
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন
২০২৬ বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, ইনফ্যান্তিনোর সঙ্গে দেবেন ট্রফি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন—এমনটাই নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।   রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনি ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এবং দুজন একসঙ্গে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। তার ভাষায়, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময়ই একসঙ্গে আছি।”   ইনফ্যান্তিনোর এই বক্তব্যের একটি অংশ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকেও প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।   ২০২৬ বিশ্বকাপের ফাইনাল আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকায় ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে আগ্রহ ছিল অনেকদিন ধরেই। যদিও ট্রাম্প ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত এবং বিভিন্ন বড় ক্রীড়া আয়োজনে অংশ নেন, এবার বিশ্বকাপের গ্রুপ বা নকআউট পর্বের কোনো ম্যাচে তাকে দেখা যায়নি।   এর আগে ট্রাম্প ও ইনফ্যান্তিনো একাধিকবার একই মঞ্চে উপস্থিত হয়েছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ৩-০ ব্যবধানে পিএসজিকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে এই দুই ব্যক্তিকে একসঙ্গে দেখা যায়।   বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি কেবল ক্রীড়া আয়োজনে নয়, কূটনৈতিক ও প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকছে ফাইনাল ম্যাচটি।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ০:৩৮
হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিক উদ্ধারে জাতিসংঘের বৃহৎ অভিযান শুরু
হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিক উদ্ধারে জাতিসংঘের বৃহৎ অভিযান শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা ১১ হাজারের বেশি আন্তর্জাতিক নাবিক ও সমুদ্রকর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহৎ উদ্ধার অভিযান শুরু করেছে জাতিসংঘ। সংস্থাটির আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের ঘোষণা দিয়েছে।   মঙ্গলবার (২৩ জুন) আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে জানান, ইরান, ওমানসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের উপকূলীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই জটিল অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, অভিযানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা হয়েছে এবং জাহাজ চলাচলের সামগ্রিক পরিস্থিতি সতর্কভাবে মূল্যায়ন করা হয়েছে।   প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পরপরই ইরান নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে শত শত পণ্যবাহী জাহাজ ও তেল ট্যাংকার আটকা পড়ে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে এর প্রভাব পড়ে ব্যাপকভাবে।   তবে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হয়েছে এবং ক্লিপলার শিপিং ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে—যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।   ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার পরিকল্পনাটি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল এবং বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে জাহাজ অপসারণ করা হবে। যুদ্ধপরবর্তী উত্তেজনা ও সীমিত চলাচলের কারণে জাহাজের সংঘর্ষের ঝুঁকি থাকায় পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হচ্ছে।   এদিকে, আন্তর্জাতিক নৌপথটি পুনরায় সচল করার লক্ষ্যে ইউরোপের দেশ ডেনমার্ক ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে করে বহুজাতিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হচ্ছে।   হরমুজ প্রণালিতে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা আগের তুলনায় ইতিবাচক দিকে এগোচ্ছে। ওমান ও ইরান যৌথ বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক করতে কার্যকর প্রক্রিয়া নির্ধারণে কাজ চলছে। তবে বিশ্লেষকদের মতে, পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগতে পারে।   অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, কোনো চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজ প্রণালিতে টোল বা কর আরোপের সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো দেশের এককভাবে ফি আদায়ের অধিকার নেই।   তবে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ভিন্ন সুরে বলেছেন, যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হলেও হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা আর আগের অবস্থায় ফিরবে না।   বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি সচল করতে আন্তর্জাতিক মহল এখনো সতর্ক অবস্থানেই রয়েছে। এরই মধ্যে আটকে থাকা নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার এই উদ্যোগকে মানবিক ও কৌশলগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।   সূত্র: আল জাজিরা

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ০:২২
ছবি: সংগৃহীত
মেসিকে নিয়ে বারবার প্রশ্ন, বিরক্ত হয়ে সংবাদ সম্মেলন ছাড়তে চাইলেন রোনালদো

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা যেন কখনোই থামে না। প্রায় দুই দশক ধরে ফুটবলপ্রেমীদের আবেগ, বিতর্ক ও তুলনার কেন্দ্রে রয়েছেন এই দুই কিংবদন্তি। ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার মেসিকে নিয়ে একের পর এক প্রশ্নের মুখে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে।   উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে পর্তুগালকে জয়ের পথে নেতৃত্ব দেন রোনালদো। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের বড় একটি অংশজুড়ে ছিল লিওনেল মেসির প্রসঙ্গ। আর তাতেই স্পষ্ট অস্বস্তি দেখা যায় পাঁচবারের বিশ্বসেরা এই ফুটবলারের মধ্যে। বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসিও। ইতোমধ্যে দুই ম্যাচে পাঁচ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। ঠিক তার পরদিনই মাঠে নেমে জোড়া গোল করেন রোনালদো। ফলে সংবাদ সম্মেলনে দুই কিংবদন্তিকে নিয়ে তুলনা এবং সম্ভাব্য মুখোমুখি হওয়ার প্রসঙ্গ উঠে আসা ছিল অনেকটাই প্রত্যাশিত।   এক পর্যায়ে এক সাংবাদিক জানতে চান, নকআউট পর্বে যদি মেসির আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালের দেখা হয়, তাহলে সেটি কি দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ হিসেবে বিশেষ কিছু হবে? প্রশ্নের জবাবে রোনালদো বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “এটা এমন একটি প্রশ্ন, যার উত্তর দেওয়া কঠিন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়, পরবর্তী পর্বে ওঠা এবং সামনে থাকা ম্যাচগুলোর জন্য প্রস্তুত হওয়া।”   তিনি আরও বলেন, “আমি গোল করেছি, দলকে সাহায্য করেছি। পুরো দল ভালো খেলেছে। এখন আমাদের সামনে কলম্বিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমাদের মনোযোগ সেদিকেই।” তবে সংবাদ সম্মেলনের শেষ দিকে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। আরেক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, “গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপেও...”   সাংবাদিক বাক্য শেষ করার আগেই রোনালদো পাশের আরেক সাংবাদিকের দিকে তাকিয়ে ইশারা করে বলেন, “চলুন, চলুন, চলুন।” এরপর তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি আরেকটি প্রশ্নের উত্তর দিতে চান? উত্তরে রোনালদো বলেন, “প্রশ্নের ওপর নির্ভর করছে। না হলে আমি উত্তর দেব না।” পরে প্রথম ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গে জানতে চাওয়া হলে রোনালদো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে উত্তর দেন। তিনি বলেন, “আমি সবসময় আমার লক্ষ্যে পৌঁছাই, আগে বা পরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের কাজ করে যাওয়া এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা।”   তিনি আরও বলেন, “আমার পুরো ক্যারিয়ারই এমন ছিল। আমি খুব খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল, সতীর্থদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা এবং যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়া। বাইরের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই।” বিশ্বকাপে এখন পর্যন্ত পর্তুগালের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপ ‘কে’-তে চার পয়েন্ট নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে এসেছে দলটি। তবে কলম্বিয়া তাদের ম্যাচ জিতলে আবারও অবস্থানের পরিবর্তন হতে পারে।   গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার মিয়ামিতে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। একই সময়ে ডিআর কঙ্গো খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্লেষকদের মতে, মেসি-রোনালদো তুলনা ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় আলোচনার বিষয় হলেও, বিশ্বকাপের মতো বড় আসরে খেলোয়াড়রা সাধারণত দলীয় লক্ষ্য ও ফলাফলকেই বেশি গুরুত্ব দিতে চান। রোনালদোর প্রতিক্রিয়াও সেই বাস্তবতারই প্রতিফলন।   দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে শাসন করা এই দুই তারকাকে ঘিরে আগ্রহ কমেনি একটুও। তবে সংবাদ সম্মেলনে রোনালদোর প্রতিক্রিয়া দেখিয়ে দিল, অন্তত এই মুহূর্তে তিনি ব্যক্তিগত তুলনার চেয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযানের দিকেই মনোযোগ রাখতে চান।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২৩:৫৩
ছবি: সংগৃহীত
‘যুক্তরাষ্ট্রকে ছাড়ায় ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’

তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজস্ব সিদ্ধান্তে পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীর। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক অবস্থানের সঙ্গে ইসরায়েলের একটি অংশের নীতিগত মতপার্থক্য রয়েছে।   ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভীর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে বলে যারা বিশ্বাস করেন, তারা বাস্তবতা থেকে দূরে আছেন। তাঁর দাবি, তেহরান শুধু পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না, বরং দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে আসছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকানরা খুবই সরল, যদি তারা মনে করে ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসবে।”   ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর মতে, ইরান থেকে আসা যেকোনো সম্ভাব্য হুমকির মোকাবিলা করা দেশটির নিজস্ব দায়িত্ব। তাই প্রয়োজন হলে ইসরায়েল একাই পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, “ইসরায়েল কোনো দেশের নির্দেশে পরিচালিত হবে না। এমনকি সেই দেশ আমাদের ঘনিষ্ঠ মিত্র হলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরই।”   বেন-গভীরের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা কার্যকর করার আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনার পর ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বর্তমান সরকারে থাকা কট্টরপন্থী নেতাদের একটি অংশ মনে করেন, শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বেন-গভীরের বক্তব্য সেই অবস্থানেরই প্রতিফলন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তা আন্তর্জাতিক আইনের আওতায় রয়েছে।   মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে বেন-গভীরের বক্তব্য নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ভেতরে কূটনৈতিক সমাধান ও সামরিক কৌশল নিয়ে যে মতপার্থক্য রয়েছে, এই মন্তব্য তারও একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরান প্রশ্নে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের সূক্ষ্ম পার্থক্যও সামনে নিয়ে এসেছে।   সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২৩:৩৯
ছবি: সংগৃহীত
১১৮ বিলিয়ন ডলার হারিয়ে ‘ট্রিলিয়নিয়ার’ মর্যাদা হারালেন ইলন মাস্ক?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদে বড় ধাক্কা লেগেছে। মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দর ব্যাপকভাবে কমে যাওয়ার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে তাঁর সম্পদ থেকে উধাও হয়েছে প্রায় ১১৮ বিলিয়ন ডলার। ফলে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে পাওয়া মর্যাদা হারিয়েছেন কি না, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।   আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে স্পেসএক্সের ঐতিহাসিক শেয়ারবাজারে অভিষেকের পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সে সময় প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল। তবে প্রযুক্তি খাতজুড়ে সাম্প্রতিক বিক্রির চাপ এবং বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে স্পেসএক্সের শেয়ারের দাম দ্রুত কমতে শুরু করে। মাত্র তিনটি লেনদেন সেশনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি কমে যায়।   এর সরাসরি প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদের ওপর। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর সম্পদ কমেছে প্রায় ১১৮ বিলিয়ন ডলার। তুলনা করলে দেখা যায়, ভারতের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ মাস্ক যে অর্থ হারিয়েছেন, তা বিশ্বের অনেক শীর্ষ ধনীর পুরো সম্পদের সমান।   যদিও ব্লুমবার্গের হিসাবে মাস্কের সম্পদ এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গেছে, ফোর্বস এখনও তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বলে উল্লেখ করছে। ফলে তিনি এখনও ট্রিলিয়নিয়ার কি না, তা নির্ভর করছে কোন সম্পদ-তালিকা বিবেচনা করা হচ্ছে তার ওপর। মাস্কের সম্পদের সবচেয়ে বড় অংশ স্পেসএক্সে। তিনি প্রতিষ্ঠানটির প্রায় ৩৮ শতাংশ মালিকানা ধরে রেখেছেন। ব্লুমবার্গের হিসাবে স্পেসএক্সে তাঁর অংশীদারির মূল্য বর্তমানে প্রায় ৭৪৪ বিলিয়ন ডলার, যা তাঁর মোট সম্পদের প্রায় ৮০ শতাংশ।   স্পেসএক্সের মূল্য কমার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। কোম্পানিটি মহাকাশভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য আগামী বছরগুলোতে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঘোষিত বন্ড বিক্রির একটি অংশও এই প্রকল্পে ব্যয় করা হবে।   শুধু স্পেসএক্স নয়, মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলাও চাপের মুখে রয়েছে। মঙ্গলবার টেসলার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। এর পেছনে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া নতুন নিরাপত্তা তদন্তকে বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ১৯ জুন টেক্সাসে একটি টেসলা মডেল-৩ গাড়ি একটি বাড়িতে আঘাত করলে ৭৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় গাড়িটির উন্নত চালক-সহায়ক প্রযুক্তি সক্রিয় ছিল বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।   তবে বিপুল সম্পদ হারানোর পরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মাস্কের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ এখনও বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের পরিমাণ প্রায় ২৯৭ বিলিয়ন ডলার। সেই তুলনায় মাস্ক এখনও অনেক এগিয়ে রয়েছেন।   অর্থনীতিবিদ পিটার শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করে বলেন, স্পেসএক্সের শেয়ার দরপতনে কাগজে-কলমে মাস্কের যে ক্ষতি হয়েছে, তা ওয়ারেন বাফেটের পুরো সম্পদের চেয়েও বেশি। তবে তাতেও বিশ্বের শীর্ষ ধনী হিসেবে তাঁর অবস্থান অটুট রয়েছে।   বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের অস্থিরতা এবং শেয়ারবাজারের ওঠানামা মাস্কের সম্পদে বড় প্রভাব ফেললেও তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আকার ও প্রভাব এতটাই বিশাল যে নিকট ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান থেকে তাঁকে সরিয়ে দেওয়া সহজ হবে না।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২৩:৩০
ছবি: সংগৃহীত
টাইটানিকের উদ্ধারকৃত অলংকার ও সামগ্রী নিলামে তোলার পরিকল্পনা

ইতিহাসের সবচেয়ে আলোচিত সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা শতাধিক নিদর্শন নিলামে তোলার পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বলছে, এসব নিদর্শন বিক্রির উদ্যোগ আদালতের নির্দেশনা ও আইনি বাধ্যবাধকতার পরিপন্থী হতে পারে। তবে ধ্বংসাবশেষ উদ্ধার কার্যক্রমের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান দাবি করেছে, তাদের পরিকল্পনা কোনো আইন লঙ্ঘন করছে না।   ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক ১৯১২ সালে ইউরোপ থেকে নিউইয়র্ক যাওয়ার পথে উত্তর আটলান্টিকে একটি হিমশৈলের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যায়। ওই দুর্ঘটনায় ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এক শতাব্দীরও বেশি সময় পরও টাইটানিকের ইতিহাস বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।   টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃত নিদর্শনের একচ্ছত্র উদ্ধার অধিকার রয়েছে আরএমএস টাইটানিক ইনকরপোরেটেডের হাতে। প্রতিষ্ঠানটি এবার শতাধিক নিদর্শন নিলামে তোলার প্রস্তাব দিয়েছে। এসবের মধ্যে রয়েছে যাত্রীদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, অলংকার এবং জাহাজের রান্নাঘর থেকে উদ্ধার করা বিভিন্ন বস্তু।   সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা আদালতের নথি অনুযায়ী, নিলামে তোলার জন্য প্রস্তাবিত সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণখণ্ড দিয়ে তৈরি একটি হার এবং হৃদয় আকৃতির একটি লকেট। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, নিলামের পাশাপাশি এসব নিদর্শন বিশ্বের চারটি শহরে প্রদর্শনীর জন্যও নিয়ে যাওয়া হতে পারে।   তবে এ পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সংস্থাটি টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণ ও তদারকির দায়িত্বে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করে। এনওএএর দাবি, টাইটানিক থেকে উদ্ধার করা প্রায় ৫ হাজার নিদর্শন আদালতের শর্ত অনুযায়ী একটি সমন্বিত সংগ্রহ হিসেবে সংরক্ষণ করতে হবে। সেগুলো আলাদা করে বিক্রি করা বা বিচ্ছিন্ন করা যাবে না।   সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের আদালতের পাশাপাশি ফ্রান্সের আদালতের নির্দেশনাতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উদ্ধার করা নিদর্শনগুলো একক সংগ্রহ হিসেবে রাখতে হবে এবং পৃথকভাবে বিক্রি করা যাবে না। টাইটানিক থেকে উদ্ধার হওয়া প্রথম দিকের কিছু নিদর্শন ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন অভিযানে আরও হাজার হাজার বস্তু উদ্ধার করা হয়। এসব সম্পদের মালিকানা ও সংরক্ষণ নিয়ে বহু বছর ধরেই আদালতে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলেছে।   টাইটানিক ইনকরপোরেটেডের দাবি, তারা দীর্ঘদিন ধরে প্রদর্শনীর মাধ্যমে এসব নিদর্শন জনসাধারণের সামনে তুলে ধরেছে। তবে এখন কিছু নিদর্শন বিক্রির পরিকল্পনা নিয়ে তারা এগোতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান হলো, টাইটানিক কেবল একটি ঐতিহাসিক জাহাজ নয়; এটি হাজারো মানুষের মৃত্যুর সঙ্গে জড়িত একটি স্মৃতিবাহী স্থান। তাই এর ধ্বংসাবশেষ ও উদ্ধারকৃত নিদর্শন সংরক্ষণে বিশেষ দায়িত্বশীলতা প্রয়োজন।   এর আগে টাইটানিক ধ্বংসাবশেষ এলাকায় নতুন অভিযান পরিচালনা নিয়েও যুক্তরাষ্ট্র সরকার আপত্তি জানিয়েছিল। সরকারি কর্মকর্তাদের মতে, এটি মূলত একটি গণকবরের মতো ঐতিহাসিক স্থান, যেখানে যথাযথ সম্মান ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।   এখন আদালত এই বিরোধ নিয়ে কী সিদ্ধান্ত দেয়, তার ওপর নির্ভর করছে টাইটানিকের উদ্ধারকৃত নিদর্শনগুলোর ভবিষ্যৎ। ইতিহাসের এই মূল্যবান স্মারকগুলো কি নিলামে বিক্রি হবে, নাকি একক সংগ্রহ হিসেবেই সংরক্ষিত থাকবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ইতিহাসবিদ, গবেষক ও টাইটানিকপ্রেমীদের মধ্যে।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২৩:১৮
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ইরান দলের ভ্রমণ বিধি শিথিল করল যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে ইরান। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের পর প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে দলটির সামনে। এমন গুরুত্বপূর্ণ সময়ে স্বস্তির খবর পেয়েছে ইরানি ফুটবল দল। তাদের ওপর আরোপিত ভ্রমণসংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের জাতীয় ফুটবল দল এখন তাদের ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর আগে প্রথম দুই ম্যাচের ক্ষেত্রে দলটিকে কেবল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শিথিলতার পরও কিছু বিধিনিষেধ বহাল থাকছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে একই দিন দেশ ছাড়তে হবে ইরান দলকে। ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, দলটি বর্তমানে মেক্সিকোর তিজুয়ানায় অবস্থান করছে। সেখান থেকে বুধবার সিয়াটলের উদ্দেশে যাত্রা করবে তারা। বিশ্বকাপের আগে থেকেই ইরান দলের অংশগ্রহণ ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের কারণে দলটির ভ্রমণ ও লজিস্টিক ব্যবস্থাপনায় একাধিক বাধা দেখা দেয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে। কিন্তু নিরাপত্তা ও প্রশাসনিক কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করে মেক্সিকোতে স্থানান্তর করা হয়। এ ছাড়া ইরান দলের কয়েকজন কর্মকর্তা ও সহায়ক কর্মী যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলটির প্রস্তুতিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিল ইরান ফুটবল ফেডারেশন। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, শুরু থেকেই ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, “প্রথম দুই ম্যাচে তাদের যাতায়াত ও অবস্থান কীভাবে পরিচালিত হয়, তা আমরা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হওয়ায় এখন দীর্ঘ ভ্রমণ সময়ের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে।” এদিকে মাঠের লড়াইয়েও ইরানের সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে পারবে দলটি। ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠের বাইরের অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার মধ্যেও ইরানের পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। বিশেষ করে ভ্রমণসংক্রান্ত সীমাবদ্ধতা, বেস ক্যাম্প পরিবর্তন এবং ভিসা জটিলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেও দলটি প্রতিযোগিতায় নিজেদের সম্ভাবনা ধরে রেখেছে। এখন মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ইরান শিবিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে দলটির প্রস্তুতি কিছুটা সহজ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২৩:৮
ছবি: সংগৃহীত
‘ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো’

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চললেও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইরানও গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যাবে না ইরান।   মঙ্গলবার পাকিস্তান সফরকালে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি দেশটির নিরাপত্তার প্রধান ভিত্তি। তাঁর দাবি, এই সক্ষমতার কারণেই দেশটি সম্ভাব্য বড় ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, “যদি আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকত, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। তারা শিশু, নারী কিংবা বয়স্ক কাউকেই রেহাই দিত না।” তবে তিনি জোর দিয়ে বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তেহরানের অবস্থান অপরিবর্তিত থাকবে।   পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ-পরবর্তী সমঝোতা এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ায় পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারীদের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।   চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সংঘাতের সময় ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র ও বিপুলসংখ্যক ড্রোন নিক্ষেপ করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দেশটির প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রীয় উপাদান হিসেবে আবারও সামনে এসেছে।   ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিহাসও বেশ পুরোনো। ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের সময় আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা উপলব্ধি করে তেহরান। এরপর থেকেই দেশটি নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তোলার দিকে গুরুত্ব দেয়। বছরের পর বছর ধরে সেই কর্মসূচির আওতায় ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুলতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়েছে। বর্তমানে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সক্ষমতা রাখে বলে পশ্চিমা দেশগুলোর দাবি।   ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের এই কর্মসূচিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। তেল আবিবের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ায়। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের উদ্দেশ্যে নয়।   যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তেহরানের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের কাছে যখন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, তখন ইরানকে সীমিত মাত্রায় এমন সক্ষমতা থেকে পুরোপুরি বঞ্চিত করা ন্যায্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।   তবে ইরানের সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট, দেশটির নেতৃত্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে এবং ভবিষ্যৎ আলোচনায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে না।   সূত্র: আল আরাবিয়া

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২২:৫৬
ছবি: সংগৃহীত
মার্কিন নাগরিকত্ব পেতে খরচ বাড়তে পারে প্রায় ১,৪০০ ডলার

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া শিগগিরই আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) নাগরিকত্ব আবেদন এবং সংশ্লিষ্ট আপিল প্রক্রিয়ার ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের আবেদনকারীদের জন্য বিদ্যমান ফি ছাড় ও ফি মওকুফের সুবিধা বাতিলেরও পরিকল্পনা করা হয়েছে।   প্রস্তাবটি কার্যকর হলে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে আগ্রহীদের অতিরিক্ত কয়েকশ ডলার ব্যয় করতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের অভিবাসীদের জন্য এটি বড় আর্থিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অভিবাসন অধিকারকর্মীরা।   বর্তমানে নাগরিকত্বের আবেদনপত্র বা ফরম এন-৪০০ জমা দিতে কাগজে আবেদন করলে ৭৬০ ডলার এবং অনলাইনে আবেদন করলে ৭১০ ডলার ফি দিতে হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই ফি বাড়িয়ে যথাক্রমে ১,৩৩০ ডলার ও ১,২৮০ ডলার করার পরিকল্পনা রয়েছে।   একই সঙ্গে নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যাত হলে পুনর্বিবেচনার জন্য ব্যবহৃত ফরম এন-৩৩৬-এর ফিও বাড়ানো হতে পারে। বর্তমানে কাগজে আবেদন করলে এর ফি ৮৩০ ডলার এবং অনলাইনে ৭৮০ ডলার। নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে কাগজে ১,৪৭৫ ডলার এবং অনলাইনে ১,৪২৫ ডলারে পৌঁছাতে পারে।   এর অর্থ হলো, কিছু ক্ষেত্রে আবেদনকারীদের ব্যয় বর্তমানের তুলনায় ৮০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে।   ডিএইচএস আরও জানিয়েছে, বর্তমানে যেসব আবেদনকারীর পারিবারিক আয় ফেডারেল দারিদ্র্যসীমার ৪০০ শতাংশ বা তার কম, তারা নাগরিকত্ব আবেদনে কম ফি দেওয়ার সুযোগ পান। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই সুবিধা পুরোপুরি তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, নাগরিকত্ব আবেদন এবং সংশ্লিষ্ট আপিল প্রক্রিয়ার ক্ষেত্রে ফি মওকুফের সুযোগও বাতিল করার পরিকল্পনা রয়েছে। ফলে আর্থিক অসচ্ছলতার কারণে আবেদনকারীরা ভবিষ্যতে বিশেষ ছাড় পাবেন না।   তবে বর্তমান ও সাবেক মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিদ্যমান ফি ছাড় বহাল থাকবে বলে জানিয়েছে ডিএইচএস। নতুন ফি বৃদ্ধির যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বিভাগটি বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) আবেদন প্রক্রিয়া পরিচালনা করতে যে ব্যয় বহন করে, নতুন ফি সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি সংস্থাটির আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেও এই পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।   অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ইউএসসিআইএস মূলত আবেদনকারীদের দেওয়া ফি থেকেই পরিচালিত হয়। ফলে কার্যক্রমের ব্যয় বৃদ্ধি পেলে সংস্থাটি প্রায়ই ফি পুনর্নির্ধারণের উদ্যোগ নেয়। তবে নাগরিকত্ব আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে অনেক অভিবাসী আবেদন করতে নিরুৎসাহিত হতে পারেন।   বিশেষ করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নিম্ন ও মধ্যম আয়ের অভিবাসীদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ নাগরিকত্ব অর্জনের পাশাপাশি আবেদন, নথিপত্র সংগ্রহ, ভাষা ও নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিসহ অন্যান্য খরচও বহন করতে হয়।   প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন ফি কাঠামো কার্যকর হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রস্তাবটি ইতোমধ্যেই অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই আশঙ্কা করছেন, নাগরিকত্ব অর্জনের পথ আরও ব্যয়বহুল হয়ে উঠলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী বহু অভিবাসীর জন্য নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২২:২৬
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক প্রাইমারিতে মামদানি-সমর্থিত দুই প্রার্থীর জয়

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির রাজনৈতিক প্রভাবের প্রথম বড় পরীক্ষায় ইতিবাচক ফল দেখা গেছে। ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে তাঁর সমর্থন পাওয়া তিন প্রার্থীর মধ্যে দুজন গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন।   মঙ্গলবার রাতের ভোট গণনায় নিউইয়র্কের ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ক্লেয়ার ভালদেজকে বিজয়ী ঘোষণা করা হয়। একই রাতে ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ব্র্যাড ল্যান্ডারও ডেমোক্র্যাটিক মনোনয়ন নিশ্চিত করেন। সিবিএস নিউজের প্রক্ষেপণে এ ফলাফল উঠে আসে। নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল জোহরান মামদানির সমর্থিত প্রার্থীদের জন্য প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল তাঁর ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।   ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ক্লেয়ার ভালদেজ জয় পেয়েছেন অবসর নিতে যাওয়া কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাজকেজের উত্তরসূরি নির্বাচনের লড়াইয়ে। এই আসনে ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য ভালদেজকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন মেয়র মামদানি। অন্যদিকে বিদায়ী কংগ্রেস সদস্য ভেলাজকেজ সমর্থন দিয়েছিলেন আন্তোনিও রেইনোসোকে।   অন্যদিকে নিউইয়র্কের ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার দুই মেয়াদের বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করে ডেমোক্র্যাটিক মনোনয়ন অর্জন করেন। লোয়ার ম্যানহাটন ও ব্রুকলিনের অংশ নিয়ে গঠিত এই আসনে ল্যান্ডারের জয়কে প্রগতিশীল ডেমোক্র্যাটদের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।   ল্যান্ডার নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি ছাড়াও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন পেয়েছিলেন। নির্বাচনের আগে ইসরায়েল, মধ্যপ্রাচ্য নীতি এবং প্রো-ইসরায়েল লবিং সংগঠন এআইপিএসি নিয়ে গোল্ডম্যান ও ল্যান্ডারের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়।   তবে মামদানির সমর্থন পাওয়া তৃতীয় প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের ফলাফল প্রকাশের সময় পর্যন্ত চূড়ান্ত হয়নি। নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইলাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   এদিকে নিউইয়র্কের অন্যান্য গুরুত্বপূর্ণ আসনেও বেশ কয়েকজন বর্তমান কংগ্রেস সদস্য সহজেই নিজেদের মনোনয়ন ধরে রাখতে সক্ষম হয়েছেন। এর মধ্যে রয়েছেন থমাস সুয়োজি, গ্রেস মেং, ইয়ভেট ক্লার্ক, আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ এবং রিচি টরেস। একই সঙ্গে নিউইয়র্ক সিটির কম্পট্রোলার পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে থমাস ডিনাপোলি বিজয়ী হয়েছেন বলে প্রক্ষেপণ করা হয়েছে।   নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহও দেখা গেছে। নিউইয়র্ক সিটি নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের দিন সন্ধ্যা পর্যন্ত ৪ লাখ ২০ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোটও অন্তর্ভুক্ত রয়েছে।   পর্যবেক্ষকদের মতে, এই প্রাইমারি নির্বাচন শুধু কংগ্রেসের প্রার্থী নির্ধারণের লড়াই নয়; বরং নিউইয়র্কের ডেমোক্র্যাটিক রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনাও নির্ধারণ করতে পারে। বিশেষ করে প্রগতিশীল এবং মূলধারার ডেমোক্র্যাটদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।   মধ্যবর্তী নির্বাচনের আগে নিউইয়র্কের এই ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, মেয়র মামদানির সমর্থিত প্রার্থীদের সাফল্য তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে এবং ভবিষ্যতে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

প্রকাশ : জুন ২৩, ২০২৬ ২২:১৭