- প্রচ্ছদ
- Topic
উত্তর আফ্রিকা
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির জন্য সর্বোচ্চ লেভেল-৪ ‘ডু নট ট্রাভেল’ সতর্কতা বহাল রেখে সম্ভাব্য ভ্রমণকারীদের উইল ও মৃত্যুর পরের নির্দেশনা প্রস্তুত করা, বীমার সুবিধাভোগী নির্ধারণ এবং প্রয়োজনে ডিএনএ নমুনা রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, লিবিয়ায় সন্ত্রাসবাদ, অপহরণ, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি, সশস্ত্র সংঘাত এবং স্থলমাইনের মতো গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ যেকোনো সময় শুরু হতে পারে এবং দেশটিতে অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। সতর্কতায় মার্কিন নাগরিকদের লিবিয়ায় কোনো কারণেই ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপহরণের ঝুঁকিকে গুরুতর হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এর আগে মার্কিন নাগরিকরাও অপহরণের শিকার হয়েছেন। লিবিয়ায় বর্তমানে কোনো মার্কিন দূতাবাস নেই। ফলে জরুরি পরিস্থিতিতে মার্কিন সরকারের পক্ষে দেশটিতে থাকা নাগরিকদের সরাসরি সহায়তা করা সম্ভব নাও হতে পারে। তাই কেউ সতর্কতা উপেক্ষা করে সেখানে গেলে মার্কিন সরকারি সহায়তার ওপর নির্ভর না করে জরুরি অবস্থায় দেশ ছাড়ার নিজস্ব পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অপহরণের আশঙ্কা বিবেচনায় ভ্রমণকারীদের পরিবারের সঙ্গে একটি ‘প্রুফ অব লাইফ’ প্রোটোকল ঠিক করে রাখতেও বলা হয়েছে। কেউ জিম্মি হলে পরিবারের সদস্যরা তার পরিচয় ও জীবিত থাকার বিষয়টি যাচাই করতে এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর ব্যবহার করতে পারবেন। সবচেয়ে অস্বাভাবিক পরামর্শগুলোর একটি হলো - ভ্রমণের আগে নিজের চিকিৎসকের কাছে ডিএনএ নমুনা রেখে যাওয়া। পররাষ্ট্র দপ্তর বলছে, কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনায় পরিচয় শনাক্ত করার প্রয়োজন হলে পরিবারের জন্য এই নমুনা কাজে লাগতে পারে। পরিবারের কাছে ডেন্টাল রেকর্ড রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ নথি ও প্রয়োজনীয় লগইন তথ্য বিশ্বস্ত স্বজনের সঙ্গে শেয়ার করা, যোগাযোগের পরিকল্পনা তৈরি করা এবং প্রয়োজন হলে পেশাদার নিরাপত্তা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। সরকারের ভ্রমণ সতর্কতার তালিকায় লিবিয়া বর্তমানে লেভেল-৪: ডু নট ট্রাভেল পর্যায়ে রয়েছে। একই স্তরের সতর্কতায় থাকা দেশ বা অঞ্চলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সাধারণত ভ্রমণকারীদের সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলে। সোর্স: U.S. State Department Travel Advisories
উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতা আবারও ইউরোপের অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে মরক্কো থেকে হাজার হাজার মানুষ সমুদ্র সাঁতরে, রাবারের টিউব ব্যবহার করে এবং স্থলসীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা করেছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঢলে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং সীমান্ত এলাকায় নজিরবিহীন মানবিক সংকট সৃষ্টি হয়েছে। সিউতা আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও এটি স্পেনের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত। ফলে সেখানে পৌঁছাতে পারলেই ইউরোপে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে—এমন বিশ্বাস বহু বছর ধরেই আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের আকৃষ্ট করে আসছে। তবে এবারের ঢল অতীতের অনেক ঘটনাকেও ছাড়িয়ে গেছে। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, এই সংকটের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করেছে। মরক্কোর অর্থনৈতিক সংকট, উচ্চ বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার প্রবণতা আগেই ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মানবপাচারকারী চক্র বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালায় যে, সিউতায় পৌঁছাতে পারলে স্পেন আর দ্রুত কাউকে ফেরত পাঠাতে পারবে না। এই তথ্যের সত্যতা না থাকলেও হাজারো মানুষ সেই প্রচারণায় বিশ্বাস করে ঝুঁকিপূর্ণ যাত্রায় নামেন। স্পেনের একটি আদালতের সাম্প্রতিক রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে এই গুজব আরও ছড়িয়ে দেওয়া হয়। অনেক অভিবাসী মনে করেন, সীমান্ত অতিক্রম করতে পারলেই তারা ইউরোপে থেকে যাওয়ার সুযোগ পাবেন। বাস্তবে স্পেন সরকার জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যেক অভিবাসীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং অবৈধভাবে প্রবেশকারীদের অনেককেই মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সীমান্তে অতিরিক্ত সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করা হবে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনার পর ইউরোপজুড়ে অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সীমান্তে কড়াকড়ি বাড়ালেই সমস্যার সমাধান হবে না। আফ্রিকার বিভিন্ন দেশে দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং মানবপাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ না হলে মানুষ জীবন বাজি রেখে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়েই যাবে। সিউতার সাম্প্রতিক সংকট আবারও দেখিয়ে দিল, ইউরোপের অভিবাসন সমস্যা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়; এটি মানবিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সহযোগিতারও বড় একটি চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অভিবাসনের মূল কারণগুলো মোকাবিলা এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দিচ্ছেন নীতিনির্ধারক ও অভিবাসন বিশেষজ্ঞরা।
উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ মরক্কো শুধু ভৌগোলিক অবস্থানের কারণেই নয়, ইসলামি ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও সুপরিচিত। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার উত্থান-পতনের সাক্ষী হয়েছে। তবে সপ্তম শতাব্দীতে ইসলামের আগমন মরক্কোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, আরবি ভাষায় মরক্কোকে ‘আল-মাগরিব’ বলা হয়, যার অর্থ ‘দূরতম পশ্চিম’। ইসলাম আগমনের আগে এই অঞ্চল বারবার, ফোনেশীয়, রোমান, ভ্যান্ডাল ও বাইজেন্টাইনদের শাসনের অধীনে ছিল। বিশেষ করে বাইজেন্টাইন শাসনের শেষ দিকে স্থানীয় বারবার জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও বৈষম্য বেড়ে যায়। খোলাফায়ে রাশেদার যুগের পর উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া (রা.) মুসলিম রাষ্ট্রকে প্রশাসনিকভাবে বিভিন্ন প্রদেশে ভাগ করেন। সে সময় উত্তর আফ্রিকার দায়িত্ব দেওয়া হয় মুসলিম সেনাপতি হজরত উকবা ইবনে নাফে (রা.)-কে এবং মিসরের শাসনভার ছিল হজরত আমর ইবনে আস (রা.)-এর হাতে। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, রোমান ও বাইজেন্টাইনদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে উত্তর আফ্রিকার বারবার জনগোষ্ঠী মুসলিম শাসকদের কাছে সহায়তা চায়। এরপর খলিফা মুয়াবিয়া (রা.) উকবা ইবনে নাফে (রা.)-এর নেতৃত্বে একটি সুসজ্জিত বাহিনী উত্তর আফ্রিকায় পাঠান। দীর্ঘ অভিযানের পর ৬৮৩ খ্রিস্টাব্দে উকবা ইবনে নাফে (রা.)-এর নেতৃত্বে মরক্কোতে মুসলিম বাহিনী প্রবেশ করে এবং সেখানে মুসলিম শাসনের সূচনা হয়। এরপর মরক্কো উমাইয়া খিলাফতের অধীনে ইফ্রিকিয়া প্রদেশের অন্তর্ভুক্ত হয়। ইতিহাসবিদদের মতে, মুসলিম শাসন প্রতিষ্ঠার পর স্থানীয় জনগণকে জোরপূর্বক ধর্মান্তরিত করার কোনো প্রমাণ নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে পাওয়া যায় না। বরং মুসলিম প্রশাসনের ন্যায়বিচার, সুশাসন, মানবিক আচরণ এবং ইসলামের সহজ-সরল জীবনব্যবস্থায় আকৃষ্ট হয়ে অনেক বারবার স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। এর ফলে মরক্কোতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে এবং বারবার জনগোষ্ঠী মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। পরবর্তী সময়ে উত্তর আফ্রিকা ও আন্দালুসে মুসলিম সভ্যতার বিকাশেও মরক্কোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মরক্কো শুধু মুসলিম শাসনের জন্যই নয়, জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ৮৫৯ খ্রিস্টাব্দে ফেস শহরে ফাতিমা আল-ফিহরি প্রতিষ্ঠা করেন আল-কারাউইন বিশ্ববিদ্যালয়, যাকে বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম পর্যটক ও ভ্রমণকারী ইবনে বতুতা-র জন্মও মরক্কোর তাঞ্জিয়ার শহরে। তাঁর বিখ্যাত ভ্রমণগ্রন্থ ‘আর-রিহলা’ মধ্যযুগীয় বিশ্বের ইতিহাস ও ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। বর্তমানেও মরক্কো ইসলামি ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসেবে পরিচিত।