- প্রচ্ছদ
- Topic
চুরি
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর নিজেকে নির্দোষ প্রমাণে অদ্ভুত এক যুক্তি দিয়েছেন এক নারী। পুলিশের কাছে তার দাবি ছিল, যেহেতু তার কাঁধে তিন হাজার ডলার মূল্যের একটি দামি পার্স রয়েছে, তাই তার পক্ষে সাধারণ পোশাক চুরি করা একেবারেই অসম্ভব। ওক লন পুলিশের বডি-ক্যামেরায় ধারণকৃত ২০২৫ সালের ৯ মার্চের এই গ্রেপ্তারের ভিডিওটি সম্প্রতি ইউটিউবে নতুন করে ভাইরাল হয় এবং রাতারাতি লাখ লাখ দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়। ঘটনার দিন ওই নারী দাবি করেন, তিনি কোনো কিছু চুরি করার চেষ্টা করেননি। মূলত তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল এবং কেনাকাটার বিল মেটানোর জন্য ‘অ্যাপল পে’ সুবিধা থাকা তার এক কাজিনকে খুঁজছিলেন। তিনি বারবার পুলিশকে বলছিলেন, "আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমার কাছে তিন হাজার ডলারের পার্স আছে। আমি চুরি করি না, টার্গেট আমার প্রিয় দোকান।" প্রথমদিকে একজন পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করেছিলেন যে তাদের গ্রেপ্তার করা হবে না, কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু টার্গেটের লস-প্রিভেনশন বা চুরি প্রতিরোধ বিভাগের কর্মীরা ভিন্ন বিবরণ দিলে পরিস্থিতি পাল্টে যায়। স্টোর কর্মীদের অভিযোগ, ওই নারী অন্য এক ক্রেতার ফেলে রাখা একটি ব্যাগে পোশাক ভরেন এবং মূল্য পরিশোধ ছাড়াই দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইলিনয় রাজ্যের আইন অনুযায়ী, মূল্য পরিশোধ না করে কোনো পণ্য লুকিয়ে রাখা এবং শেষ পেমেন্ট স্টেশন অতিক্রম করাকে চুরির উদ্দেশ্য হিসেবে গণ্য করা হতে পারে। এক্ষেত্রে মূল দরজা দিয়ে বের হওয়া বাধ্যতামূলক নয়। যদিও ওই নারী বারবার দাবি করছিলেন যে তিনি দোকান থেকে বের হননি এবং কর্মীদের ডাকে সাড়া দিয়ে ফিরে এসেছিলেন, শেষ পর্যন্ত তাকে খুচরা চুরির (রিটেইল থেফট) অভিযোগে গ্রেপ্তার হতে হয়। গ্রেপ্তারের সময় তিনি হতাশ হয়ে পড়েন এবং পোশাকগুলোর বিল পরিশোধের প্রস্তাবও দেন। এ সময় তার সঙ্গীকে ছেড়ে দেওয়া হলেও তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। দামি পার্স থাকার কারণে চুরির প্রয়োজন নেই—নারীর এই যুক্তির বিষয়ে অপরাধ বিজ্ঞানীদের ভিন্ন মত রয়েছে। ২০০১ ও ২০০২ সালের এক জাতীয় জরিপে দেখা গেছে, আর্থিকভাবে সচ্ছল ও উচ্চ আয়ের ব্যক্তিদের মধ্যেও চুরির প্রবণতা রয়েছে। এর সবচেয়ে আলোচিত উদাহরণ হলেন হলিউড অভিনেত্রী উইনোনা রাইডার। ২০০১ সালে বেভারলি হিলসের একটি দোকান থেকে তিন হাজার ডলারের কেনাকাটা করার পাশাপাশি তিনি প্রায় সাড়ে পাঁচ হাজার ডলারের পণ্য চুরি করেছিলেন, যার দায়ে পরবর্তীতে তিনি দোষী সাব্যস্ত হন। এই ঘটনাটি স্পষ্ট করে দেয় যে, দামি পণ্য ব্যবহারের সক্ষমতা থাকলেই কেউ চুরির উদ্দেশ্য থেকে মুক্ত—এমনটা নিশ্চিত করে বলা যায় না। ফলে নিজের দামি পার্সের যুক্তি আদালতে ওই নারীকে নির্দোষ প্রমাণ করতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।
নিউইয়র্ক সিটির ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসের ছয়টি মসজিদে প্রায় দুই বছর ধরে ধারাবাহিক চুরির ঘটনায় ৪৮ বছর বয়সী নাবিল কারতাহকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। পুলিশের দাবি, এসব ঘটনায় নগদ অর্থ, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র মিলিয়ে ১০ হাজার ডলারের বেশি চুরি হয়েছে। একই কৌশলে মসজিদে ঢুকে মুসল্লিদের অরক্ষিত জ্যাকেট ও ব্যাগ থেকে জিনিসপত্র নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এনওয়াইপিডি জানিয়েছে, চুরির ঘটনাগুলো ঘটে ব্রুকলিনের দুটি, কুইন্সের তিনটি এবং ব্রঙ্কসের একটি মসজিদে। তদন্তকারীদের মতে, প্রতিটি ঘটনায় প্রায় একই ধরনের প্যাটার্ন দেখা গেছে। সন্দেহভাজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের অরক্ষিত অবস্থায় রাখা জ্যাকেট বা ব্যাকপ্যাক থেকে মানিব্যাগ ও নগদ অর্থ নিয়ে চলে যান। পরে কয়েকজন ভুক্তভোগী তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অনুমোদনহীন লেনদেনও দেখতে পান। পুলিশের তথ্য অনুযায়ী, ধারাবাহিক চুরির প্রথম ঘটনা ঘটে ২০২৪ সালের ১৮ অক্টোবর। ওই দিন ব্রুকলিনের মিডউড এলাকার মাক্কি মসজিদ মুসলিম কমিউনিটি সেন্টারে একটি অরক্ষিত জ্যাকেট থেকে মানিব্যাগ চুরি করা হয়। ওই ঘটনায় নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ২ হাজার ২৮০ ডলারের ক্ষতি হয় বলে জানিয়েছে পুলিশ। এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর আবারও ব্রুকলিনে চুরির ঘটনা ঘটে। সাইপ্রেস হিলস এলাকার আল আমান মসজিদের ভেতরে রাখা একটি অরক্ষিত ব্যাকপ্যাক থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কারতাহর বিরুদ্ধে। ওই ঘটনায় প্রায় ৯৩০ ডলারের সম্পদ চুরি হয়। সর্বশেষ মসজিদে চুরির ঘটনা ঘটে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি ব্রঙ্কসের গ্র্যান্ড কনকোর্স এলাকার ওমর মসজিদে। তদন্তকারীদের দাবি, সেখানে একটি জ্যাকেট থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যান সন্দেহভাজন ব্যক্তি। ওই ঘটনায় নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৪ হাজার ৪৪০ ডলারের ক্ষতি হয়। এনওয়াইপিডি জানিয়েছে, বাকি তিনটি চুরির ঘটনা কুইন্সের বিভিন্ন মসজিদে ঘটেছে। তবে সেসব ঘটনার নির্দিষ্ট স্থান ও বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি। মসজিদে চুরির ছয়টি ঘটনার বাইরে আরও একটি চুরির ঘটনায় কারতাহ জড়িত বলে দাবি করছে পুলিশ। ২০২৬ সালের জুলাইয়ে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে একটি পার্ক করা তালাবিহীন গাড়ি থেকে প্রায় ৫ হাজার ডলার চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাধিক বরোতে সংঘটিত এসব ঘটনার তদন্ত করছে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্কফোর্স। তবে কারতাহকে এসব ঘটনার জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে এমন কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি। নাবিল কারতাহ সম্পর্কে কোনো তথ্য থাকলে এনওয়াইপিডির ক্রাইম স্টপারস হটলাইনে ১-৮০০-৫৭৭-টিপস (৮৪৭৭) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে একই অটোজোন দোকানে টানা দুই রাতে সংঘবদ্ধভাবে ঢুকে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতে মোট ২৭ জনের ছবি প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ। শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট ভোররাতে। রাত প্রায় ২টা ২০ মিনিটে সাউথ আটলান্টিক বুলেভার্ডের ১১০০ ব্লকের ওই অটোজোন-এ অননুমোদিতভাবে প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেপুটিরা। তদন্তকারীরা জানান, একজন অজ্ঞাত ব্যক্তি প্রথমে দোকানের কাচের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর আরও প্রায় ১০ জন তার সঙ্গে যোগ দেয়। কর্তৃপক্ষ ঘটনাটিকে সমন্বিত ‘মব-সদৃশ’ লুটপাট হিসেবে বর্ণনা করেছে। এতে দোকানের উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানটির ক্ষতি হয়। প্রথম হামলার সময় ওই এলাকায় একটি স্ট্রিট টেকওভার চলছিল। স্ট্রিট টেকওভারের সময় সাধারণত বিপুলসংখ্যক মানুষ ও গাড়ি সড়কে জড়ো হয় এবং অবৈধভাবে গাড়ি চালানো, ড্রিফটিং ও বিভিন্ন ধরনের স্টান্ট করা হয়। প্রথম ঘটনার তদন্তে দোকানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজনদের ছবি সংগ্রহ করে শেরিফ বিভাগ। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচ পুরুষ ও ছয় নারীর ছবি প্রকাশ করা হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই একই দোকানে আবারও হামলার ঘটনা ঘটে। ৯ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে কিছু একই সন্দেহভাজনসহ আরও কয়েকজন দোকানটিতে ঢুকে আগের মতোই সংঘবদ্ধভাবে লুটপাট চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ঘটনার সময়ও এলাকায় আরেকটি স্ট্রিট টেকওভার চলছিল। শেরিফ বিভাগের দাবি, দ্বিতীয়বারের হামলাতেও দোকানের পণ্য লুট করা হয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানটির ক্ষতি করা হয়। দুই ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্বিতীয় দফায় আরও সন্দেহভাজনের ছবি সংগ্রহ করা হয়। সব মিলিয়ে কর্তৃপক্ষ ১১ জন পুরুষ ও ১৬ জন নারীর—মোট ২৭ জনের ছবি প্রকাশ করেছে। শেরিফ বিভাগ জানিয়েছে, প্রকাশিত ছবিগুলো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্ধার করা ভিডিও ফুটেজের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। এসব ব্যক্তিকে ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হলেও আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ। কারও কাছে এ বিষয়ে তথ্য থাকলে ইস্ট লস অ্যাঞ্জেলেস স্টেশনের গোয়েন্দা কর্মকর্তা লু অথবা দায়িত্বপ্রাপ্ত ওয়াচ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, প্রকাশিত ছবির ব্যক্তিদের শনাক্ত করা গেলে টানা দুই রাতের এই সংঘবদ্ধ লুটপাটের তদন্ত এগিয়ে নেওয়া সহজ হবে।
যুক্তরাষ্ট্রের ওরেগনে এক অভাবনীয় ও অদ্ভুত আইনি লড়াইয়ের খবর প্রকাশ্যে এসেছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে মালিকের হাতে গুলিবিদ্ধ হওয়া এক গৃহহীন ব্যক্তি এখন উল্টো ওই মালিকের কাছেই ১০ মিলিয়ন বা এক কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। কেনেথ ভয়েলস নামের ওই ব্যক্তির অভিযোগ, এই ঘটনার কারণে তিনি চরম ‘মানসিক আঘাত’ বা ইমোশনাল ডিস্ট্রেসের শিকার হয়েছেন। চলতি বছরের মে মাসে পোর্টল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান 'টাচস্টোন গ্রানাইট অ্যান্ড মার্বেল ইনকর্পোরেটেড' এবং এর মালিক জেমস গ্রান্টের বিরুদ্ধে ব্যাটারি, হামলা, অবহেলা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক আঘাত দেওয়ার অভিযোগ এনে তিনি এই মামলাটি দায়ের করেন। মাল্টনোমাহ কাউন্টির আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের ৬ মার্চ ভোরে কেনেথ ভয়েলস একটি ড্রিল মেশিনের ব্যাগ চুরির উদ্দেশ্যে জেমস গ্রান্টের বন্ধ দোকানে অনুপ্রবেশ করেছিলেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে চুরি করাই তার প্রধান উদ্দেশ্য ছিল। ভয়েলসের দাবি, মালিক জেমস গ্রান্ট হঠাৎ দোকানে চলে এলে তিনি ভয় পেয়ে ক্ষমা চান এবং দরজার দিকে দৌড় দেন। এ সময় ক্ষুব্ধ গ্রান্ট তার দিকে কফির মগ ও ভারী টাইলস ছুড়ে মারেন এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালান। তবে মালিক জেমস গ্রান্ট এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, ভয়েলস একটি বোল্ট কাটার হাতে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে তেড়ে আসছিলেন। নিজের প্রাণ বাঁচাতে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই তিনি বাধ্য হয়ে গুলি চালিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। মামলার এজাহারে ভয়েলস উল্লেখ করেছেন, তিনটি গুলি লাগার কারণে তিনি মারাত্মকভাবে আহত হন। তার ফুসফুস ফুটো হয়ে যায়, বুকে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ডান হাতের হাড় ভেঙে যায়, যার জন্য তাকে ভাস্কুলার মেরামতসহ একাধিক জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তিনি ৫ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ৫ মিলিয়ন ডলার দাবি করেছেন। একইসঙ্গে প্রতিষ্ঠানে অনুপ্রবেশকারীদের মোকাবিলার জন্য কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগও তুলেছেন তিনি। তবে চুরির উদ্দেশ্যে ঢুকে উল্টো মালিকের বিরুদ্ধে এমন মামলার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা একে একটি 'ভিত্তিহীন ও হাস্যকর' মামলা হিসেবে আখ্যা দিয়ে বলছেন, যে ব্যক্তি নিজেই চুরির কথা স্বীকার করেছেন, তার এমন আইনি পদক্ষেপ নেওয়াটা আইনের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির ঘটনায় ২৩ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি চারটি পৃথক ঘটনায় ৯ হাজার ১০০ ডলারেরও বেশি মূল্যের প্রসাধনী, রান্নাঘরের সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম CBS12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট লডারডেলের বাসিন্দা লিয়ানা প্লাউ-এর বিরুদ্ধে পাম বিচ কাউন্টির বিভিন্ন উল্টা বিউটি (Ulta Beauty), লোয়েজ হোম ইমপ্রুভমেন্ট (Lowe's) এবং হোম ডিপো (Home Depot) শাখায় সংঘটিত চারটি চুরির ঘটনার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে গত ৮ জুলাই তাকে পাম বিচ কাউন্টি কারাগারে নেওয়া হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১১ নভেম্বর ওয়েলিংটনের একটি উল্টা বিউটি স্টোরে। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লিয়ানা প্লাউ ও তার সঙ্গে থাকা আরেক নারী দোকানে প্রবেশ করে বিভিন্ন প্রসাধনী ও তিনটি উচ্চমূল্যের চুলের স্টাইলিং যন্ত্র ব্যাগে ভরে মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যান। চুরি হওয়া পণ্যের মোট মূল্য ছিল ১ হাজার ৮৭৩ দশমিক ৮৯ ডলার। পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় একটি ডাইসন এয়ারর্যাপ স্টাইলিং যন্ত্র মাটিতে পড়ে যায়, যার মূল্য ছিল ৬৪৯ দশমিক ৯৯ ডলার। পরে সেটি উদ্ধার করা হয়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী ছবি দেখে লিয়ানা প্লাউকে শনাক্ত করেন। এ ছাড়া তদন্তে উঠে এসেছে, ৫ ডিসেম্বর বোকা রাটনের একটি লোয়েজ স্টোর থেকে তিনি দুই সহযোগীকে নিয়ে ১০টি কোহলার ব্র্যান্ডের রান্নাঘরের কল চুরি করেন। তদন্তকারীদের দাবি, তারা একটি ট্রলিতে কলগুলো তুলে বাগান বিভাগের বের হওয়ার পথ ব্যবহার করে মূল্য পরিশোধ ছাড়াই দোকান ছেড়ে যান। চুরি হওয়া পণ্যের মূল্য ছিল ৩ হাজার ৪০ ডলার। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পরে এসব পণ্য একটি হোন্ডা সিআর-ভি গাড়িতে তোলা হয়। ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব কারেকশনের এক প্রবেশন কর্মকর্তা নজরদারির ছবি দেখে লিয়ানা প্লাউকে শনাক্ত করেন। তিনি আগে থেকেই গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তদারকির সময় প্লাউকে চিনতেন বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে। পরে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তার পরিচয় নিশ্চিত করে। এর মাত্র নয় দিন পর, ১৪ ডিসেম্বর, রয়্যাল পাম বিচের আরেকটি লোয়েজ স্টোরে একই ধরনের আরেকটি চুরির ঘটনা ঘটে। তদন্তকারীদের ভাষ্য, দোকানের পেছনের জরুরি বহির্গমন পথের অ্যালার্ম বেজে ওঠার পর কর্মীরা বিষয়টি টের পান। নজরদারি ফুটেজে দেখা যায়, লিয়ানা প্লাউ ও তার সহযোগী একাধিক কোহলার রান্নাঘরের কল নিয়ে সব ধরনের বিক্রয় কাউন্টার এড়িয়ে দোকান থেকে বেরিয়ে যান। পরে সেগুলো একটি রুপালি রঙের টয়োটা ক্যামরি গাড়িতে তোলা হয়। চুরি হওয়া পণ্যের মূল্য ছিল ৩ হাজার ৬৯৮ ডলার। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের দাবি, এই ঘটনাটি সংঘবদ্ধ খুচরা পণ্য চুরির একটি বড় চক্রের অংশ হতে পারে। এ ঘটনায় তার বিরুদ্ধে বড় অঙ্কের চুরি এবং প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তদন্তের আরেকটি ঘটনায় দেখা যায়, ৮ ডিসেম্বর লান্টানার একটি হোম ডিপো শাখা থেকে লিয়ানা প্লাউ ও তার সহযোগী প্রবেশমুখের কাছে রাখা মিলওয়াকি ব্র্যান্ডের পাঁচটি বৈদ্যুতিক যন্ত্র নিয়ে মূল্য পরিশোধ ছাড়াই দোকান ছেড়ে যান। এসব পণ্যের মূল্য ছিল ৪৯৫ ডলার। এ ঘটনায় তার বিরুদ্ধে ছোট পরিসরের চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ল্যাট্রিস হোয়াইট নামে ৪৭ বছর বয়সী এক নারীকে একাধিক মামলায় সহ-আসামি হিসেবে শনাক্ত করেছেন তদন্তকারীরা। তাদের দাবি, বিভিন্ন দোকান থেকে উচ্চমূল্যের পণ্য পরিকল্পিতভাবে চুরি করার ক্ষেত্রে একই ধরনের কৌশল ও একই ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তদন্তকারীরা বলছেন, নজরদারি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীর শনাক্তকরণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্যের ভিত্তিতেই লিয়ানা প্লাউকে চারটি পৃথক চুরির মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলাগুলোর বিচারিক কার্যক্রম এখন আদালতে চলবে।
ক্যালিফোর্নিয়া, ৮ জুলাই: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অগ্ন্যাশয়ের ক্যানসারের অস্ত্রোপচারের সময় হাসপাতালের কক্ষ থেকে ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি তদন্ত করছে সান দিয়েগো পুলিশ বিভাগ। ভুক্তভোগী সাহারা মোরকুয়েচো স্টেজ-৪ প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি ইউসি সান দিয়েগো হেলথের হিলক্রেস্ট মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার চলাকালে হাসপাতালের কক্ষ থেকে পার্স, মানিব্যাগ, পরিচয়পত্র, নগদ অর্থ, গয়না, এয়ারপডস এবং তার প্রয়াত বাবার কিছু স্মৃতিবিজড়িত ছবি চুরি হয়ে যায় বলে পরিবারের অভিযোগ। সাহারার বোন কালিনা মোরকুয়েচো স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, অস্ত্রোপচার শেষে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও শুরুতে কোনো আনুষ্ঠানিক ঘটনা প্রতিবেদন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। পরিবারের দাবি, পরে সাহারা মোবাইল ফোন ব্যবহার করতে সক্ষম হলে ‘ফাইন্ড মাই’ অ্যাপের মাধ্যমে তার হারিয়ে যাওয়া এয়ারপডসের অবস্থান সান দিয়েগো কাউন্টির লেমন গ্রোভ এলাকার একটি বাড়িতে শনাক্ত হয়। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তদন্তের দায়িত্ব নেয় সান দিয়েগো পুলিশ বিভাগ। পরিবার আরও জানায়, অনুসন্ধানের সময় তারা জানতে পারেন, যে ঠিকানায় এয়ারপডসের অবস্থান শনাক্ত হয়েছে সেখানে বসবাসকারী একজন ব্যক্তি ইউসি সান দিয়েগো হেলথের কর্মী। তবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়নি। ইউসি সান দিয়েগো হেলথ এক বিবৃতিতে জানিয়েছে, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা এবং ব্যক্তিগত সম্পদের সুরক্ষাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। তবে গোপনীয়তা আইন এবং চলমান তদন্তের কারণে নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। সান দিয়েগো পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। ভুক্তভোগী পরিবারের ভাষ্য, হারিয়ে যাওয়া অর্থ বা গয়নার চেয়েও তাদের কাছে বেশি মূল্যবান ছিল সাহারার প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত ছবিগুলো। সেগুলো উদ্ধার হওয়াই এখন তাদের সবচেয়ে বড় প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি এই ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম। উল্লেখযোগ্য বিষয় হলো, ভবনের এই একই তলায় প্রধানমন্ত্রীর আরেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের গুরুত্বপূর্ণ দপ্তরও অবস্থিত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, দুপুরে একান্ত সচিব নিজের কক্ষে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই টেবিলের ওপর থেকে ল্যাপটপটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষটিতে বেশ কিছু মানুষের উপস্থিতিও ছিল। পরবর্তীতে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও ল্যাপটপটির কোনো সন্ধান মেলেনি। তবে সিসিটিভি ফুটেজের বরাতে দাবি করা হয়েছে, খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান। মন্ত্রণালয়ের একাধিক সূত্রের ধারণা, ওই ব্যক্তির ব্যাগের ভেতরেই চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই চাঞ্চল্যকর ঘটনার পর মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা নিয়ে কর্মকর্তাদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ তলার মতো সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। দর্শনার্থীরা সেখানে অবাধে চলাফেরা করতে পারেন এবং লিফট থেকে নামার পর কোনো ধরনের নিরাপত্তা বলয় ছাড়াই সরাসরি দপ্তর এলাকায় প্রবেশ করা যায়, যা যেকোনো গুরুত্বপূর্ণ দপ্তরের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সার্বিক বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম জানান, চুরির ঘটনার পরপরই সেখানে উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছিল। তিনি নিরাপত্তা ব্যবস্থায় লোকবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, বিশাল এই ভবনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র ২২ জন আনসার সদস্য, যা পুরো ভবনের তুলনায় একেবারেই অপ্রতুল। জনবল বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও জোরদার করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে, চুরি যাওয়া ল্যাপটপের মালিক মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি আর সাড়া দেননি।
প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে পেট্রল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এই দুঃসাহসিক চুরির শিকার হয়েছেন স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেন। শনিবার দুপুরে উপজেলার সোনাপুর চৌরাস্তা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন তার মোটরসাইকেলটি সোনাপুর চৌরাস্তা-চিতোষী সড়কের পাশে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের সামনে পার্ক করে রেখেছিলেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ফিরে এসে তিনি দেখেন, তার প্রিয় যানের জ্বালানি ট্যাংকির তালাটি ভাঙা। ভেতরে থাকা প্রায় ১৩ লিটার পেট্রল সম্পূর্ণ উধাও। ব্যস্ততম এই মোড়ে দিনের আলোতে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও বিস্ময় ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, প্রয়োজনীয় কাজে তিনি গাড়িটি সেখানে রেখেছিলেন, কিন্তু ফিরে এসে দেখেন চোরচক্র সব তেল বের করে নিয়ে গেছে।