সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

জনসংখ্যা

অভিবাসন নিয়ন্ত্রণে আসার পর আবার পরিকল্পিতভাবে জনসংখ্যা বাড়ানোর পথে কানাডা
কানাডায় আবারও অভিবাসন বাড়াতে চায় সরকার, নভেম্বরে আসছে নতুন পরিকল্পনা

কানাডায় টানা কয়েক বছর অভিবাসনের হার কমানোর পর আবার নিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বাড়ানোর পথে যেতে পারে দেশটির সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, অভিবাসন ব্যবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফলে সরকারের সামনে নতুন প্রশ্ন হলো, কখন থেকে আবার পরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি শুরু করা হবে।   এই আলোচনা এমন সময় সামনে এসেছে, যখন কানাডা ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন তিন বছরের ইমিগ্রেশন লেভেলস প্ল্যান প্রস্তুত করছে। পরিকল্পনাটি আগামী নভেম্বরে প্রকাশ করার কথা রয়েছে। এতে নতুন পার্মানেন্ট রেসিডেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি কর্মীদের জন্য ভবিষ্যৎ টার্গেট নির্ধারণ করা হবে।  গত কয়েক বছরে কানাডায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, হাউজিং সংকট, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবার ওপর চাপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার অভিবাসনের বিভিন্ন ক্যাটাগরিতে প্রবেশের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের সংখ্যা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।  বর্তমান ২০২৬ থেকে ২০২৮ সালের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে কানাডা ৩ লাখ ৮০ হাজার নতুন পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৭ ও ২০২৮ সালেও এই সংখ্যা ৩ লাখ ৮০ হাজার করে রাখার পরিকল্পনা রয়েছে। একই সময়ে ২০২৬ সালে নতুন টেম্পোরারি রেসিডেন্টের টার্গেট রাখা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার, যা ২০২৭ ও ২০২৮ সালে ৩ লাখ ৭০ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।  সরকারের আরেকটি বড় লক্ষ্য হলো, ২০২৭ সালের শেষ নাগাদ কানাডার মোট জনসংখ্যার মধ্যে নন পার্মানেন্ট রেসিডেন্টের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা। একই সঙ্গে ২০২৭ সালের পর নতুন পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণের সংখ্যা মোট জনসংখ্যার ১ শতাংশের নিচে রাখার প্রতিশ্রুতিও রয়েছে।  তবে সাম্প্রতিক বক্তব্যে কার্নি ইঙ্গিত দিয়েছেন, অভিবাসন নিয়ন্ত্রণের বর্তমান ধাপ সফলভাবে এগোলে ভবিষ্যতে আবার জনসংখ্যা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ কানাডা স্থায়ীভাবে অভিবাসনের দরজা সংকুচিত রাখবে, এমন ধারণা এখনই নিশ্চিত নয়। বরং অর্থনীতি, শ্রমবাজার এবং অবকাঠামোর সক্ষমতা বিবেচনায় রেখে ধীরে ধীরে অভিবাসনের হার বাড়ানোর সম্ভাবনাই আলোচনায় এসেছে।  কানাডার বর্তমান ইমিগ্রেশন নীতিতে অর্থনৈতিক অভিবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬ সালের জন্য মোট ৩ লাখ ৮০ হাজার পার্মানেন্ট রেসিডেন্টের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৮০০ জনকে অর্থনৈতিক ক্যাটাগরিতে নেওয়ার লক্ষ্য রয়েছে। এর পাশাপাশি ফ্যামিলি রিইউনিফিকেশন, শরণার্থী ও মানবিক বিবেচনার বিভিন্ন ক্যাটাগরিও চালু রয়েছে।  সরকার ইতোমধ্যে কানাডায় থাকা এবং কাজ করা কিছু টেম্পোরারি রেসিডেন্টকে পার্মানেন্ট রেসিডেন্সির পথে নেওয়ার উদ্যোগও রেখেছে। বর্তমান পরিকল্পনায় ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার টেম্পোরারি ওয়ার্কারকে পার্মানেন্ট রেসিডেন্সিতে নেওয়ার বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে। এর লক্ষ্য হলো কানাডায় ইতোমধ্যে প্রতিষ্ঠিত এবং অর্থনীতিতে অবদান রাখা কর্মীদের অগ্রাধিকার দেওয়া।  আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও আগের তুলনায় লক্ষ্য উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ২০২৬ সালে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর টার্গেট ১ লাখ ৫৫ হাজার এবং ২০২৭ ও ২০২৮ সালে বছরে ১ লাখ ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন পরিকল্পনায় শিক্ষার্থী ও টেম্পোরারি ওয়ার্কারদের সংখ্যা কতটা বাড়বে বা বর্তমান সীমা বহাল থাকবে, সেটিই এখন অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।  বাংলাদেশিসহ কানাডায় পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য আগামী ইমিগ্রেশন লেভেলস প্ল্যান গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কার্নির বক্তব্যকে এখনই অভিবাসন ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা হিসেবে দেখা ঠিক হবে না। তিনি মূলত ভবিষ্যতে নিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছেন। নতুন টার্গেট ও কোন ক্যাটাগরিতে কতজন নেওয়া হবে, তার স্পষ্ট চিত্র পাওয়া যাবে সরকারের ২০২৭ থেকে ২০২৯ সালের আনুষ্ঠানিক ইমিগ্রেশন পরিকল্পনা প্রকাশের পর।

অলিনা রহমান অক্টোবর ৪, ২০২৬ ১৪:০ 0
ইউরোপে মুসলিম জনসংখ্যা বাড়ছে ধারাবাহিকভাবে
ইউরোপে মুসলিম জনসংখ্যা বাড়ছে ধারাবাহিকভাবে, মোট জনসংখ্যা ৪৬ মিলিয়ন

ইউরোপজুড়ে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ জনমিতিক গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের হিসাব অনুযায়ী ইউরোপে প্রায় ৪ কোটি ৬০ লাখ মুসলিম বসবাস করছেন, যা মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। জনসংখ্যাগত এই পরিবর্তনের ফলে মুসলিমরা ইউরোপের অন্যতম বড় ধর্মীয় সম্প্রদায় হিসেবে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।    পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে ইউরোপে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬ শতাংশ বেড়েছে। গবেষকদের মতে, অভিবাসন, তুলনামূলকভাবে কম বয়সী জনগোষ্ঠী এবং স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই এ প্রবণতার প্রধান কারণ। একই সময়ে ইউরোপে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা কমেছে।    দেশভিত্তিক হিসাব অনুযায়ী, ফ্রান্সে ইউরোপের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর বসবাস। দেশটিতে প্রায় ৬০ লাখ মুসলিম রয়েছেন, যাদের বড় একটি অংশ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসী পরিবার বা তাদের উত্তরসূরি।    জার্মানিতে মুসলিম জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তুর্কি বংশোদ্ভূত। কয়েক দশক ধরে দেশটির শিল্প, উৎপাদন ও শ্রমবাজারে এই জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।    অন্যদিকে যুক্তরাজ্যে প্রায় সাড়ে ৪০ লাখ মুসলিম বসবাস করেন। দেশটির মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশি কমিউনিটির মানুষ। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাজনীতি ও সরকারি বিভিন্ন খাতে তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।    বিশ্লেষকদের মতে, ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন অব্যাহত থাকলে এবং বর্তমান জনমিতিক প্রবণতা বজায় থাকলে আগামী বছরগুলোতেও মুসলিম জনসংখ্যা বাড়তে পারে। তবে ভবিষ্যতে এই বৃদ্ধির হার অভিবাসন নীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশের জনসংখ্যাগত পরিবর্তনের ওপরও নির্ভর করবে।

নীলুফা নিশাত আগস্ট ৩, ২০২৬ ১৪:০ 0
আমেরিকার কোন স্টেটে বসবাস করলে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
আমেরিকার কোন স্টেটে বসবাস করলে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? জেনে নিন

যুক্তরাষ্ট্রে সিরিয়াল কিলারের সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি হলেও দেশটির সব রাজ্যে ঝুঁকি সমান নয়। জনসংখ্যার অনুপাতে পরিচালিত এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, সিরিয়াল কিলারের ঘনত্বের দিক থেকে সবার ওপরে রয়েছে ওয়াইওমিং। ফলে জনসংখ্যার তুলনায় এ রাজ্যে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো রাজ্যের চেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।   সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পরিচিত সিরিয়াল কিলারের সংখ্যা, জনসংখ্যা এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ওয়াইওমিংয়ে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে প্রায় ১৩ দশমিক ৫৯ জন পরিচিত সিরিয়াল কিলারের রেকর্ড রয়েছে। অর্থাৎ গড় হিসাবে প্রতি ৭৩ হাজার ৫৮৪ জনে একজন পরিচিত সিরিয়াল কিলারের অনুপাত দাঁড়ায়।  তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলাস্কা, যেখানে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১২ দশমিক ২১ জন পরিচিত সিরিয়াল কিলারের তথ্য রয়েছে। এরপর রয়েছে ওরেগন, মন্টানা ও মিসৌরি। বিশ্লেষকদের মতে, পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতেই তুলনামূলক বেশি ঘনত্ব লক্ষ্য করা গেছে।    অন্যদিকে মোট সংখ্যার বিচারে চিত্রটি ভিন্ন। ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ১২৮ জন পরিচিত সিরিয়াল কিলারের রেকর্ড রয়েছে। এরপর রয়েছে টেক্সাস (৯০) ও ফ্লোরিডা (৭৬)। তবে এসব রাজ্যের জনসংখ্যা অনেক বেশি হওয়ায় মাথাপিছু হিসাবে তাদের অবস্থান শীর্ষে নয়। একইভাবে নিউইয়র্কে ৩৯ জন পরিচিত সিরিয়াল কিলার ও শত শত ভুক্তভোগীর রেকর্ড থাকলেও জনসংখ্যার কারণে মাথাপিছু হিসাবে রাজ্যটির অবস্থান নিচের দিকে।    বিশ্লেষণে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইতিহাসজুড়ে পরিচিত সিরিয়াল কিলারের সংখ্যা ৩ হাজার ৬০০-এর বেশি, যা বিশ্বের মোট পরিচিত সিরিয়াল কিলারের প্রায় দুই-তৃতীয়াংশ। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, এই পরিসংখ্যান ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং বর্তমানে সক্রিয় সিরিয়াল কিলারের সংখ্যা বোঝায় না।    গবেষকরা সতর্ক করে বলেছেন, এমন তথ্য সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত আতঙ্ক তৈরির জন্য নয়। বাস্তবে একজন আমেরিকানের সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনও অত্যন্ত কম। পাশাপাশি অপরাধবিজ্ঞানীরা মনে করিয়ে দিয়েছেন, আধুনিক ফরেনসিক প্রযুক্তি, ডিএনএ বিশ্লেষণ, নজরদারি ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ফলে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে সিরিয়াল হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

নীলুফা নিশাত আগস্ট ২, ২০২৬ ১৪:০ 0
বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, তবু নেই বিশৃঙ্খলা
বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, তবু নেই বিশৃঙ্খলা

বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় বেরোলেই যানজট আর ট্রাফিক সিগন্যালের লাল-সবুজ বাতির লুকোচুরি আমাদের নিত্যদিনের সঙ্গী। বিপুল জনসংখ্যার এই ব্যস্ত শহরে ট্রাফিক সিগন্যাল ছাড়া যান চলাচল এক মুহূর্তও কল্পনা করা কঠিন। অথচ বিশ্বের বুকেই এমন একটি দেশ রয়েছে, যার রাস্তায় কোনো ট্রাফিক লাইট বা স্বয়ংক্রিয় সিগন্যাল নেই। শান্ত, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই দেশটির নাম ভুটান।   হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই দেশের রাজধানী থিম্পুতে কোনো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দেখা যায় না। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে বিশ্বের প্রতিটি শহর ট্রাফিক লাইটনির্ভর, সেখানে থিম্পুর রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ। শহরের ব্যস্ত মোড়গুলোতে সুদৃশ্য বুথে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং বিশেষ শৈল্পিক ভঙ্গিমায় হাতের ইশারা দিয়ে তারা যানবাহন পরিচালনা করেন। চালক কখন থামবেন, কখন রাস্তা ছাড়বেন আর কখন চলবেন—সবটাই নির্ভর করে দায়িত্বরত পুলিশের নির্দেশনার ওপর। স্থানীয়রাও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই নিয়ম মেনে চলেন।   অবাক করা বিষয় হলো, থিম্পুতে একসময় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ যন্ত্রের এই যান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটি খুব একটা পছন্দ করেননি। তাদের কাছে যন্ত্রের লাল-সবুজ আলোর চেয়ে মানবিক উপস্থিতিতে যানজট নিরসন অনেক বেশি স্বাভাবিক, সুন্দর ও আপন মনে হয়েছিল। জনগণের অনীহার কারণেই পরবর্তীতে সেই সিগন্যাল সরিয়ে নিয়ে আবারও পুলিশ নিয়ন্ত্রিত পুরনো ব্যবস্থাতেই ফিরে যায় ভুটান কর্তৃপক্ষ।   ভুটানে ট্রাফিক সিগন্যাল না থাকার পেছনে তাদের তুলনামূলক কম জনসংখ্যা এবং সুশৃঙ্খল জীবনযাপনের ভূমিকাও অনেক। এখানকার চালকরা অত্যন্ত ধৈর্যশীল এবং তারা হর্ন বাজানো বা ওভারটেক করার মতো প্রতিযোগিতায় জড়ান না। বড় শহরের মতো তীব্র যানজট না থাকায় পুলিশের হাতের ইশারাই সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। আধুনিকতার দৌড়ে যন্ত্রকে সরিয়ে মানবিক পদ্ধতিকে টিকিয়ে রাখার এই অভিনব দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও থিম্পুর রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধ বিস্ময়ে ট্রাফিক পুলিশের কাজ উপভোগ করেন।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৫, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
জন্মহার কমে ইতিহাসের সর্বনিম্ন: বড় সংকটের মুখে যুক্তরাষ্ট্র

আশঙ্কাজনকভাবে কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের (NCHS) সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫ সালে জন্মহার রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে এবং ২০২৬ সালেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মহার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট এবং ক্যারিয়ার নিয়ে তরুণ প্রজন্মের অতিরিক্ত সচেতনতাই এই পরিস্থিতির প্রধান কারণ। নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতি ১,০০০ জন প্রজননক্ষম নারীর বিপরীতে জন্মহার ছিল ইতিহাসের সর্বনিম্ন। এই হার ২০০৭ সালের তুলনায় প্রায় ২০ শতাংশের বেশি কম। বিশেষ করে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে মা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি কমেছে। অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীদের মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে সন্তান লালন-পালনের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও, দেরিতে বিয়ে করা এবং ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব বেড়ে যাওয়াও জন্মহার কমার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যদি এই ধারা চলতে থাকে তবে ভবিষ্যতে দেশটিতে শ্রমশক্তির চরম সংকট দেখা দিতে পারে। জনসংখ্যা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জন্মহার এভাবে কমতে থাকলে প্রবীণ জনসংখ্যার ভার বহন করা তরুণ প্রজন্মের জন্য কঠিন হয়ে পড়বে। এটি দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের প্রথম কয়েক মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জন্মহার বাড়ার কোনো লক্ষণ নেই, বরং তা আরও সংকুচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার এই সংকট মোকাবিলায় বিভিন্ন ধরণের পারিবারিক সুবিধা ও ভর্তুকি দেওয়ার কথা চিন্তা করলেও, বাস্তবে এর প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। উল্লেখ্য, শুধু যুক্তরাষ্ট্র নয়, একই ধরণের নিম্নমুখী জন্মহার দেখা যাচ্ছে পূর্ব এশিয়া এবং ইউরোপের অনেক উন্নত দেশগুলোতেও। তবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই পতন বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে।

তাবাস্সুম এপ্রিল ৮, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০