সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

টিকটক

টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’-এর বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও ওই খামারের মালিক ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।   জানা গেছে, খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল। টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধেই খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়। পুলিশ জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়।   হামলায় গুরুতর আহত তালহাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, শুরুতে ইনফ্লুয়েন্সার নোমান দাবি করেছিলেন যে কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।   এই ঘটনার পর লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, "টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।" ওই খামারটিতে বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, পুলিশ এখন তা খতিয়ে দেখছে।   উল্লেখ্য, কনটেন্ট নির্মাতা নোমান হাসান বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য আগে থেকেই পরিচিত। ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত তার একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে তিনি চুমু দেওয়ার চেষ্টা করছেন। অন্য আরেকটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঁচড় দেয়।

ইসতিয়াক আহমেদ নভেম্বর ১২, ২০২৬ ১৩:০ 0
যুক্তরাষ্ট্রের টিকটক শপের পরিচালনায় চীনা প্রযুক্তি ও ই-কমার্স খাতের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অনলাইন টিকটক শপের নিয়ন্ত্রণে চীনা কর্মকর্তাদের বাড়ছে প্রভাব, ফাঁস হওয়া নথিতে অবিশ্বাস্য তথ্য

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম টিকটক শপের পরিচালনায় চীনা প্রযুক্তি ও ই-কমার্স খাতের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোম্পানির ফাঁস হওয়া একটি সাংগঠনিক কাঠামোর নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টিকটক শপের সাতটি প্রধান পণ্য বিভাগের মধ্যে ছয়টির দায়িত্বে রয়েছেন এমন কর্মকর্তারা, যাঁরা আগে চীনে কাজ করেছেন। একই সময়ে প্রতিষ্ঠানটির মার্কিন ই-কমার্স খাতের অভিজ্ঞ বেশ কয়েকজন কর্মকর্তা চাকরি ছেড়েছেন অথবা ছাঁটাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত বিজনেস ইনসাইডারের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।   প্রতিবেদন অনুযায়ী, টিকটক শপের মার্কিন কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মু কিং, যিনি মেসন নামেও পরিচিত। তিনি এর আগে টিকটকের চীনা সংস্করণ ডুইনের ই-কমার্স বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাইটড্যান্সের ই-কমার্স বিভাগের প্রধান বব কাংয়ের অধীনে কাজ করছেন। তাঁর অধীনে থাকা সাতজন পণ্য বিভাগের প্রধানের মধ্যে ছয়জন আগে চীনে বাইটড্যান্স অথবা অন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রে টিকটক শপের কনটেন্ট ক্রিয়েটরদের কার্যক্রম পরিচালনাকারী কর্মকর্তাও আগে ডুইনের ক্রিয়েটর টিমের দায়িত্বে ছিলেন।   বিজনেস ইনসাইডার জানিয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সাংগঠনিক নথি, বর্তমান ও সাবেক কর্মীদের সাক্ষাৎকার এবং কর্মকর্তাদের যাচাই করা লিংকডইন প্রোফাইল পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে টিকটক শপের মার্কিন নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। চীনের ই-কমার্স বাজারে অভিজ্ঞ কর্মকর্তাদের বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় বাজার সম্পর্কে অভিজ্ঞ বেশ কয়েকজন কর্মকর্তা প্রতিষ্ঠান ছেড়েছেন। এর ফলে ব্যবসা পরিচালনার কৌশল এবং মার্কিন ক্রেতাদের চাহিদা বোঝার ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মীরা।   এমন একটি সমস্যার উদাহরণ হিসেবে চলতি বছরের শুরুতে টিকটক শপের শিপিং নীতিতে পরিবর্তনের উদ্যোগের কথা উঠে এসেছে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের বিক্রেতাদের জানিয়েছিল, মার্চের শেষ নাগাদ তাঁদের টিকটকের নিজস্ব পণ্য সংরক্ষণ ও ডেলিভারি ব্যবস্থায় যুক্ত হতে হবে। নতুন নিয়ম কার্যকর হলে বিক্রেতারা নিজেদের ব্যবস্থাপনায় পণ্য পাঠানোর সুযোগ হারাতেন এবং টিকটককে অতিরিক্ত সার্ভিস ফি দিতে হতো। এতে অনেক ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করেন। কয়েকজন বিক্রেতা প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথাও জানান। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ফেব্রুয়ারিতে প্রস্তাবিত নীতিটি বাতিল করে টিকটক।   প্রতিষ্ঠানটির সাবেক কয়েকজন কর্মীর মতে, চীনে সফল হওয়া ব্যবসায়িক কৌশল সরাসরি যুক্তরাষ্ট্রে প্রয়োগের চেষ্টা সব সময় কার্যকর হচ্ছে না। বিশেষ করে লাইভ ভিডিওর মাধ্যমে পণ্য বিক্রির ক্ষেত্রে দুই দেশের ক্রেতাদের আচরণে বড় পার্থক্য রয়েছে। চীনে লাইভস্ট্রিম শপিং অত্যন্ত জনপ্রিয় হলেও যুক্তরাষ্ট্রে এই বাজার এখনো তুলনামূলকভাবে ছোট। ২০২৪ সালে টিকটকের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে লাইভ শপিং জনপ্রিয় করতে কর্মীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ব্র্যান্ডকে সরাসরি ভিডিওতে পণ্য বিক্রিতে উৎসাহিত করেছিলেন। কিন্তু প্রত্যাশিত সাড়া না পাওয়ায় পরবর্তী সময়ে সেই কৌশলে পরিবর্তন আনা হয়।   তবে নেতৃত্বের এই পরিবর্তনের মধ্যেও যুক্তরাষ্ট্রে টিকটক শপের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কনজিউমার এজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মোট অনলাইন খুচরা কেনাকাটার ব্যয়ের প্রায় ২ শতাংশ হয়েছে টিকটক শপে। এক বছর আগে এই হার ছিল প্রায় ১ দশমিক ২ শতাংশ। প্রতিষ্ঠানটির ক্রেডিট ও ডেবিট কার্ড লেনদেনভিত্তিক বিশ্লেষণে এই প্রবৃদ্ধির তথ্য উঠে এসেছে। চীনা বিক্রেতা ও ব্যবসায়িক এজেন্সিগুলোর সঙ্গে টিকটকের কর্মকর্তাদের পূর্বপরিচিতি যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় অংশের উদ্বেগ, টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্সের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের তথ্য বা প্ল্যাটফর্মের অ্যালগরিদমের ওপর চীনা সরকারের প্রভাব বিস্তারের ঝুঁকি থাকতে পারে। এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বাইটড্যান্স মার্কিন কার্যক্রমের বড় একটি অংশের মালিকানা বিনিয়োগকারীদের একটি জোটের কাছে হস্তান্তর করে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টিকটকের ই-কমার্স ও বিজ্ঞাপন ব্যবসার নিয়ন্ত্রণ বাইটড্যান্সের হাতেই রয়েছে।   টিকটকের নেতৃত্বে পরিবর্তনের প্রভাব শুধু ব্যবসায়িক সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই। বর্তমান ও সাবেক কয়েকজন কর্মী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির অফিস সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। বিশেষ করে সিয়াটলের মতো গুরুত্বপূর্ণ অফিসগুলোতে দীর্ঘ সময় কাজ করার চাপ বেড়েছে বলে তাঁদের অভিযোগ। কয়েকজন কর্মীর মতে, চীনের প্রযুক্তি খাতে প্রচলিত সপ্তাহে ছয় দিন, প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করার সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের টিমেও দেখা যাচ্ছে। যদিও এসব অভিযোগ কর্মীদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে উঠে এসেছে।   অন্যদিকে টিকটক এসব পরিবর্তন নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। কোম্পানির একজন মুখপাত্র বিজনেস ইনসাইডারকে বলেছেন, যুক্তরাষ্ট্রে টিকটক শপের নেতৃত্ব গত এক বছরের বেশি সময় ধরে মোটামুটি অপরিবর্তিত রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের ছোট-বড় ব্যবসাগুলোকে অনলাইনে বিক্রি বাড়াতে সহায়তা করা। নিজেদের উদ্যোগে পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্ম ব্যবহারকারী ৮৫ শতাংশ ব্যবসা বিক্রি ও আয় বৃদ্ধির কথা জানিয়েছে। পাশাপাশি ৮১ শতাংশ ব্যবসা জানিয়েছে, টিকটক শপের মাধ্যমে তারা এমন নতুন ক্রেতাদের কাছে পৌঁছাতে পেরেছে, যাঁদের কাছে আগে পৌঁছানো সম্ভব হয়নি।   বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সময় নিজ দেশের অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য অস্বাভাবিক নয়। তবে নতুন বাজারের ক্রেতাদের আচরণ, স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা এবং প্রতিযোগিতার ধরন বিবেচনা না করলে সেই কৌশল সমস্যার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রে টিকটক শপের সাম্প্রতিক অভিজ্ঞতায় এই চ্যালেঞ্জ স্পষ্ট হয়েছে। একই সঙ্গে মার্কিন বাজারে প্রতিষ্ঠানটির ব্যবসা বাড়তে থাকায় ভবিষ্যতে এর পরিচালন কাঠামো, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ এবং বাইটড্যান্সের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আরও গুরুত্ব পেতে পারে।

তাবাস্সুম নভেম্বর ৯, ২০২৬ ১৩:০ 0
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে, বয়স যাচাইয়ে আসছে চার পদ্ধতি

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকরের প্রস্তুতি এগোচ্ছে। ২০২৭ সালের বসন্তে নতুন নিয়ম চালুর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞা কার্যকর হলে টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীরা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তবে কার বয়স কত, তা যাচাই করতে কী পদ্ধতি ব্যবহার করা হবে—এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম।   ২৯ অক্টোবর প্রকাশিত মূল্যায়নে অফকম জানিয়েছে, ১৬ বছর বা তার বেশি বয়স নিশ্চিত করতে চারটি পদ্ধতি কার্যকর হতে পারে। এগুলো হলো ছবি সংবলিত পরিচয়পত্র যাচাই, ব্যাংকিং তথ্যের মাধ্যমে বয়স নিশ্চিত করা, ডিজিটাল পরিচয়পত্র এবং মুখের ছবি বিশ্লেষণ করে বয়স অনুমান করার প্রযুক্তি। সংস্থাটির মতে, এসব পদ্ধতি যথাযথভাবে ব্যবহার করা হলে অপ্রাপ্তবয়স্কদের বয়সসীমা এড়িয়ে যাওয়ার সুযোগ অনেকটাই কমানো সম্ভব। ছবি সংবলিত পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো নথির তথ্য ব্যবহার করা হবে। নথিতে থাকা ছবির সঙ্গে বয়স যাচাইয়ের সময় ব্যবহারকারীর সরাসরি তোলা ছবির মিল পরীক্ষা করা হতে পারে। অফকমের হিসাবে, যুক্তরাজ্যে ১৬ বছর বা তার বেশি বয়সীদের প্রায় ৯৪ শতাংশের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তবে ১৬ ও ১৭ বছর বয়সী প্রায় দেড় লাখ তরুণের কাছে এ দুটির কোনোটিই নেই। ব্যাংকিং পদ্ধতিতে ব্যবহারকারীর সম্মতি নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকা বয়সসংক্রান্ত তথ্য যাচাই করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় সাধারণত পরিচয়পত্র দেখাতে হয়। ফলে ব্যাংকের কাছে সংরক্ষিত তথ্য ব্যবহার করে পরবর্তী সময়ে বয়স যাচাই সহজ হতে পারে। অফকমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সীদের প্রায় ৯০ শতাংশের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে ব্যবহারকারী একবার নিজের পরিচয় ও বয়স নিশ্চিত করতে পারবেন। এরপর প্রতিবার পাসপোর্ট বা অন্য নথি দেখানোর প্রয়োজন নাও হতে পারে। ডিজিটাল পরিচয় যাচাইয়ের এই ব্যবস্থা বিভিন্ন অনলাইন সেবায় ব্যবহার করা সম্ভব। চতুর্থ পদ্ধতিটি হলো মুখের ছবি বিশ্লেষণ করে বয়স অনুমান করা। এ প্রযুক্তি ব্যবহারকারীর মুখের গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করে। তবে ১৬ বছর বয়সের কাছাকাছি ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু প্রযুক্তির অনুমানে কয়েক বছরের ব্যবধান থাকতে পারে। অর্থাৎ ১৬ বছরের একজনকে ১৪ বা ১৮ বছর বয়সী বলে ভুল শনাক্ত করার ঝুঁকি রয়েছে। এ কারণে অফকম ‘চ্যালেঞ্জ এজ’ পদ্ধতির পরামর্শ দিয়েছে। অর্থাৎ মুখের ছবি বিশ্লেষণে কারও বয়স ১৬ বছরের কাছাকাছি মনে হলে দ্বিতীয়বার পরিচয় যাচাই করতে হতে পারে। দোকানে মদ বিক্রির সময় ক্রেতাকে ২৫ বছরের কম মনে হলে পরিচয়পত্র দেখতে চাওয়ার যে পদ্ধতি প্রচলিত, এটি তার অনুরূপ। সব প্রাপ্তবয়স্ককেও যে নতুন করে বয়স প্রমাণ করতে হবে, বিষয়টি এমন নয়। যেসব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের কাছে ব্যবহারকারীর বয়স সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আলাদা যাচাইয়ের প্রয়োজন নাও হতে পারে। তবে অনেক প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে বয়স নিশ্চিত করতে বলা হতে পারে। এ ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য আগে থেকেই নির্ধারিত অন্যান্য যাচাইপদ্ধতিও ব্যবহার করা যেতে পারে। অফকম জানিয়েছে, ক্রেডিট কার্ড যাচাই, মোবাইল নেটওয়ার্ক অপারেটরের তথ্য এবং ইমেইলভিত্তিক বয়স অনুমান ১৮ বছরের বেশি বয়স নিশ্চিত করতে কার্যকর হতে পারে। কিন্তু ১৬ বছর বা তার বেশি বয়স নির্ধারণের জন্য এগুলোকে যথেষ্ট নির্ভরযোগ্য মনে করা হচ্ছে না। একইভাবে, ব্যবহারকারী নিজে বয়স লিখে দিলেই তা গ্রহণযোগ্য হবে না। শুধু স্বঘোষিত বয়সকে কোনো বয়সেই কার্যকর যাচাইপদ্ধতি হিসেবে বিবেচনা করছে না সংস্থাটি। নতুন নিয়ম কার্যকর হলেও কিছু শিশু বয়স যাচাইয়ের বাধা এড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে অফকম। সংস্থাটির মতে, কোনো বয়স যাচাইব্যবস্থাই শতভাগ ফাঁকিমুক্ত নয়। কেউ অন্যের পরিচয় ব্যবহার করতে পারে, আবার কেউ প্রযুক্তিগত উপায়েও বিধিনিষেধ পাশ কাটানোর চেষ্টা করতে পারে। এ ঝুঁকি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত ও রিপোর্ট করার ব্যবস্থা সহজ করতে বলা হতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর অনলাইন আচরণ বিশ্লেষণ করে বয়স অনুমানের প্রযুক্তিও সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে এ ধরনের প্রযুক্তি সরাসরি প্রবেশের অনুমতি বা নিষেধাজ্ঞা নির্ধারণের একমাত্র উপায় হতে পারবে না। কারণ, ব্যবহারকারীকে আগে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয়, এরপর তাঁর আচরণ বিশ্লেষণ করা সম্ভব। অফকমের প্রধান নির্বাহী ডেম মেলানি ডস বলেছেন, এই নিষেধাজ্ঞা অনলাইনে শিশুদের ভবিষ্যৎ ব্যবহারের ধরন বদলে দিতে পারে। তাই এটি সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। তাঁর মতে, শিশুদের বয়স যাচাইয়ে কার্যকর ব্যবস্থা ব্যবহার করলে নিষেধাজ্ঞা কাজ করতে পারে। তবে কিছু শিশু নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে—এটি স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোরও সেই ঝুঁকি কমাতে ব্যবস্থা নিতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত বিধিমালা পার্লামেন্টে উপস্থাপন করা হবে। এরপর অফকম সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য বয়স যাচাইসংক্রান্ত নির্দেশিকার খসড়া প্রকাশ করে পরামর্শ গ্রহণ করবে। নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতিষ্ঠানগুলো নিয়ম মানছে কি না, তা তদারকির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন প্ল্যাটফর্ম থাকবে, তার চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে অস্ট্রেলিয়ার মডেল অনুসরণ করে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক ও এক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং সেবা নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা নেই বলে সরকার জানিয়েছে। নতুন নিয়মে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্যও কিছু সীমাবদ্ধতা থাকবে। তবে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যবহারে সীমা, ওই সময়ে নোটিফিকেশন বন্ধ এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর সুবিধা ডিফল্টভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তের পেছনে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে দেশজুড়ে আলোচনার ভূমিকা রয়েছে। ২০২৬ সালের মার্চ থেকে মে পর্যন্ত সরকারের পরামর্শ গ্রহণ কার্যক্রমে ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ মতামত দেন। তাঁদের মধ্যে অভিভাবক, শিশু-কিশোর, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, মতামত দেওয়া অভিভাবকদের ৯০ শতাংশ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন। তরুণদের প্রায় দুই-তৃতীয়াংশও অন্তত কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমা নির্ধারণের পক্ষে মত দেন। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের বিধিনিষেধ চালু করে। যুক্তরাজ্য সরকারও সেই মডেল অনুসরণের কথা জানিয়েছে। তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, শুধু নিষেধাজ্ঞা জারি করলেই হবে না; বয়স যাচাইয়ের পদ্ধতি নির্ভরযোগ্য করতে হবে এবং নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা শনাক্ত করার ব্যবস্থাও রাখতে হবে। সরকারের লক্ষ্য ২০২৭ সালের বসন্তে নতুন নিয়ম কার্যকর করা। তবে চূড়ান্ত বিধিমালা ও প্ল্যাটফর্মভিত্তিক নির্দেশনা প্রকাশের পরই নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

অলিনা রহমান অক্টোবর ২৯, ২০২৬ ১৪:০ 0
ফ্লোরিডায় বিদ্যুৎ বিল প্রায় ৪০০ ডলার, একই ব্যবহারেও খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকদের
ফ্লোরিডায় বিদ্যুৎ বিল প্রায় ৪০০ ডলার, একই ব্যবহারেও খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকদের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন এক গ্রাহক। টিকটকে অ্যালেক্স মেনেনডেজ নামের ওই ব্যক্তি তাঁর ‘এইচপিএস হোমস্টেড’–এর ৩৯৬ দশমিক ৭২ ডলারের বিদ্যুৎ বিলের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিল আগের চেয়ে কিছুটা কমলেও এটি এখনো অনেক বেশি; কর্তৃপক্ষকে সেবার মান আরও যৌক্তিক করার আহ্বান জানান তিনি। তাঁর এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ফ্লোরিডার আরও অনেক বাসিন্দা নিজেদের অস্বাভাবিক বিলের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।   সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য গ্রাহকেরাও এইচপিএস কর্তৃপক্ষের বিরুদ্ধে মনগড়া বিল চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। মন্তব্যের ঘরে একজন জানান, তাঁর বিল এসেছে ৫০০ ডলারের বেশি, যা হোমস্টেড এলাকায় কোনো দুর্নীতির ইঙ্গিত দেয় বলে তিনি মনে করেন। অন্য একজন জানান, তাঁর ছোট দুই কক্ষের বাসার বিল ২৫০ ডলার এবং এক ডুপ্লেক্স বাড়ির বাসিন্দা তাঁর ৪৩০ ডলার বিল আসার কথা উল্লেখ করেন।   অ্যালেক্সের শেয়ার করা বিলের কাগজে দেখা যায়, ২২৬ দশমিক ০৪ ডলারই এনার্জি চার্জ। এর বাইরে স্যানিটেশন বিল প্রায় ১০০ ডলার এবং বাকি অংশ পানি ও করের জন্য ধার্য করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পরিষেবাগুলোর জন্য প্রায় ৪০০ ডলারের বিল যেকোনো সাধারণ পরিবারের জন্যই একটি বিশাল আর্থিক বোঝা।   গ্রাহকদের দাবি, বিদ্যুতের ব্যবহার না বাড়লেও কোনো ব্যাখ্যা ছাড়াই গত কয়েক মাস ধরে তাঁদের বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক গ্রাহক জানান, গত চার বছর ধরে তিনি ১৯০ থেকে ২২০ ডলার বিল দিয়ে আসলেও, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে গত ছয় মাস ধরে তাঁকে ৩২০ থেকে ৩৫০ ডলার গুনতে হচ্ছে।   পরিস্থিতির কোনো যৌক্তিক ব্যাখ্যা না পাওয়ায় অনেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা ক্লাস-অ্যাকশন মামলার পরামর্শ দিয়েছেন। তবে এই উচ্চ বিলের হাত থেকে বাঁচতে ফ্লোরিডার অনেক বাসিন্দা বিকল্প হিসেবে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন। উদাহরণস্বরূপ, ৭০০ ডলার বিল আসা এক বাড়ির মালিক সোলার প্যানেল ও ব্যাটারি ব্যবহারের পর তাঁর বিল শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন। আরেকজন ৮০০ ডলারের বিলের বদলে সোলার ব্যবহার করে উল্টো ৩০০ ডলার ক্রেডিট পেয়েছেন, যা নবায়নযোগ্য শক্তির দারুণ সম্ভাবনাকেই প্রমাণ করে।

ইসতিয়াক আহমেদ অক্টোবর ১৬, ২০২৬ ১৪:০ 0
প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিভিন্ন মুহূর্তের ছবি টিকটকে প্রকাশের পর চাঞ্চল্যকর তথ্য পান তরুণী মিলাগ্রোস। ছবি: সংগৃহীত
টিকটকে প্রেমিকের ছবি পোস্ট করলেন তরুণী, ২০ জনের বেশি নারীর সাথে সম্পর্কের অভিযোগ

প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিভিন্ন মুহূর্তের ছবি টিকটকে প্রকাশ করেছিলেন মিলাগ্রোস নামের এক তরুণী। এরপর অন্য কয়েকজন নারী তাঁর সঙ্গে যোগাযোগ করে দাবি করেন, একই ব্যক্তির সঙ্গে তাঁদেরও প্রেমের সম্পর্ক রয়েছে। মিলাগ্রোসের ভাষ্য, পোস্টটি ছড়িয়ে পড়ার পর ২০ জনের বেশি নারী নিজেদের অভিজ্ঞতা জানিয়ে তাঁকে বার্তা দিয়েছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।    আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল কানসিয়েরের প্রতিবেদন অনুযায়ী, মিলাগ্রোস রাগবি খেলোয়াড় হুয়ান কারিনির সঙ্গে নিজের সম্পর্কের ছবি প্রকাশ করে টিকটকের একটি ট্রেন্ডে অংশ নেন। এই ট্রেন্ডে সম্পর্ক ধীরে এগিয়ে নেওয়ার ধারণা নিয়ে মজা করে পরিচয় থেকে দ্রুত প্রেমে জড়িয়ে পড়ার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। মিলাগ্রোসও প্রথম দিকের দেখা করা থেকে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ানোর প্রস্তাব পাওয়ার ছবি প্রকাশ করেছিলেন।    তাঁর প্রকাশ করা কথোপকথনের বর্ণনা অনুযায়ী, প্রথম এক নারী দাবি করেন, হুয়ানের সঙ্গে তাঁর দুই বছরের সম্পর্ক রয়েছে এবং তাঁদের পরিচয় হয়েছিল জিমে। আরেক নারী নিজেদের সম্পর্কের প্রমাণ হিসেবে কথোপকথনের স্ক্রিনশট পাঠানোর প্রস্তাব দেন। তৃতীয় একজন জানান, এক সপ্তাহ আগেও হুয়ানের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তিনি একই ধরনের ভালোবাসার বার্তা পেয়েছেন।   তৃতীয় নারীর বার্তার জবাবে মিলাগ্রোস রসিকতার সুরে লেখেন, ‘ওহ না, তুমি তৃতীয়জন।’ পরে তিনি এসব কথোপকথন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তাঁর দাবি, এরপর আরও অনেকে যোগাযোগ করেছেন।    তবে ২০ জনের বেশি নারীর যোগাযোগ করার দাবি থেকে প্রত্যেকের সঙ্গে একই সময়ে প্রেমের সম্পর্ক ছিল বলে নিশ্চিত হওয়া যায় না। ঘটনাটি নিয়ে প্রকাশিত উল্লিখিত প্রতিবেদনগুলোতে হুয়ান কারিনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর পক্ষে স্বাধীন যাচাইয়ের তথ্যও দেওয়া হয়নি।

তাবাস্সুম অক্টোবর ১৫, ২০২৬ ১৪:০ 0
আসক্ত করার অভিযোগে মামলা নিষ্পত্তিতে আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দিতে রাজি হয়েছে টিকটক। ছবি: সংগৃহীত
শিশুদের আসক্তির অভিযোগে আলাবামায় টিকটকের ১০ কোটি ডলারের সমঝোতা

শিশু ও কিশোরদের অতিরিক্ত আসক্ত করার অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে অন্তত ১০ কোটি ডলার দিতে রাজি হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। একই সঙ্গে অঙ্গরাজ্যটির কিশোর ব্যবহারকারীদের জন্য দৈনিক দুই ঘণ্টা ব্যবহারের সীমা, রাতের সময়ে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, কসমেটিক ফিল্টার বন্ধ এবং বয়স যাচাইসহ একাধিক নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি। সমঝোতার ফলে সোমবার শুরু হওয়ার কথা থাকা বিচারও আর হচ্ছে না।   আলাবামা ২০২৫ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে। মামলায় অঙ্গরাজ্যটির অভিযোগ ছিল, তরুণদের দীর্ঘ সময় অ্যাপে ধরে রাখার মতো নকশা ও সুপারিশব্যবস্থা ব্যবহার করা হয়েছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা হয়েছে। অঙ্গরাজ্যটি আরও দাবি করেছিল, টিকটকের কিছু বৈশিষ্ট্য তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হলেও টিকটক কোনো অনিয়মের দায় স্বীকার করেনি।   সমঝোতার সবচেয়ে উল্লেখযোগ্য শর্তগুলোর একটি হলো কিশোরদের দৈনিক ব্যবহারসীমা। আলাবামায় কিশোর ব্যবহারকারীদের জন্য দিনে দুই ঘণ্টার একটি নির্ধারিত সীমা থাকবে। অভিভাবকেরা চাইলে এই সময় আরও কমিয়ে দিতে পারবেন। পাশাপাশি টিকটক ব্যবহারের সময় শিশুদের নিয়মিত বিরতি নিতে উৎসাহিত করতে নির্দিষ্ট সময় পর পর ব্যবহার বন্ধের বার্তাও দেখাবে। টানা ব্যবহারের ১৫, ৬০ ও ৯০ মিনিটের পর্যায়ে এ ধরনের বিরতির ব্যবস্থা থাকবে।   রাতের ব্যবহারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আলাবামায় কিশোরদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অভিভাবকের অনুমতি থাকলে কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও তখন বার্তা আদান-প্রদান ও বিজ্ঞপ্তির মতো কিছু সুবিধা সীমিত থাকবে। স্কুল চলাকালীন সময়েও বিজ্ঞপ্তি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে, যাতে শিক্ষার্থীদের মনোযোগে প্রভাব কমানো যায়।   শিশু ও কিশোরদের জন্য কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ফিল্টার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। একই সঙ্গে বয়স অনুযায়ী উপযোগী বিষয়বস্তু দেখানোর ব্যবস্থা জোরদার করা হবে। কিশোরদের জন্য ব্যক্তিগত পছন্দভিত্তিক সুপারিশের পরিবর্তে অ-ব্যক্তিগতকৃত বিষয়বস্তু দেখার সুযোগও রাখা হবে। এর পাশাপাশি প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত যোগাযোগ ঠেকাতে নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করবে টিকটক।   অভিভাবকদের নিয়ন্ত্রণও বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় তারা সন্তানদের অ্যাকাউন্টে কী ধরনের বিষয়বস্তু দেখা যাবে, কতক্ষণ অ্যাপ ব্যবহার করা যাবে এবং কোন সময়ে ব্যবহার বন্ধ থাকবে, তা নির্ধারণ করতে পারবেন। সন্তানদের টিকটক ব্যবহারের সারসংক্ষেপ দেখার সুযোগও থাকবে। কোনো কিশোরের সঙ্গে বয়সের দিক থেকে অনুপযুক্ত কোনো অ্যাকাউন্টের যোগাযোগ শনাক্ত হলে অভিভাবকদের সতর্ক করার ব্যবস্থাও থাকবে।   বয়স যাচাইয়ের ব্যবস্থাও আরও শক্তিশালী করার শর্ত রয়েছে। টিকটককে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত করার প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করতে হবে। এ ধরনের দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে। ফলে শুধু ব্যবহারসীমা নির্ধারণ নয়, ব্যবহারকারীর বয়স যাচাইয়ের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।   অর্থ পরিশোধের ক্ষেত্রেও সমঝোতায় একাধিক ধাপ রয়েছে। আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাজ্যটি অন্তত ১০ কোটি ডলার পাবে এবং ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। তবে পুরো চুক্তির আর্থিক কাঠামো শুধু এই ১০ কোটিতেই সীমাবদ্ধ নয়। অন্য অঙ্গরাজ্যগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটকের সঙ্গে একই ধরনের সমঝোতায় গেলে আলাবামা অতিরিক্ত অর্থ পেতে পারে। বিভিন্ন শর্ত পূরণ হলে অতিরিক্ত অর্থের পরিমাণ প্রায় ১৮ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত হতে পারে।   আলাবামার মামলাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কারণ এটি টিকটকের বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে বিচার পর্যন্ত গড়ানো প্রথম মামলাগুলোর একটি ছিল। সোমবার থেকে মন্টগোমারি অঙ্গরাজ্য আদালতে বিচার শুরু হওয়ার কথা ছিল এবং তা দুই থেকে তিন সপ্তাহ চলতে পারত। বিচার শুরু হওয়ার ঠিক আগে মধ্যস্থতার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। ফলে টিকটকের অভ্যন্তরীণ নকশা, নিরাপত্তাব্যবস্থা এবং তরুণ ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কিত নথি আদালতে প্রকাশের সম্ভাবনাও আপাতত এড়ানো হলো।   আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের কার্যালয় জানিয়েছে, মামলার মূল অভিযোগগুলোর মধ্যে ছিল টিকটকের আসক্তিমূলক বৈশিষ্ট্য, তরুণদের ওপর সম্ভাব্য মানসিক ক্ষতি এবং প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ। তবে এসব অভিযোগ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার আগেই সমঝোতার মাধ্যমে মামলা শেষ হয়েছে। টিকটকও কোনো দায় স্বীকার না করেই চুক্তিতে সম্মত হয়েছে।   টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের নিরাপত্তা বাড়াতে তাদের বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সমঝোতা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা তাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।   আলাবামার সঙ্গে এই সমঝোতা যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে তরুণদের নিরাপত্তা নিয়ে চলমান বৃহত্তর আইনি লড়াইয়ের একটি নতুন অধ্যায় তৈরি করেছে। অন্যান্য অঙ্গরাজ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, কিশোরদের অতিরিক্ত ব্যবহার এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে বিভিন্ন মামলা চলছে। ফলে আলাবামার চুক্তিতে নেওয়া নিরাপত্তাব্যবস্থাগুলো ভবিষ্যতে অন্য অঙ্গরাজ্যের সঙ্গে টিকটকের আলোচনাতেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।   সূত্র: রয়টার্স

তাবাস্সুম সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৪:০ 0
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে টিকটকের সাথে ৪০ কোটি ডলারের ঐতিহাসিক সমঝোতা করেছে যুক্তরাষ্ট্র সরকার। ছবি: সংগৃহীত
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের অভিযোগে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে ৪০ কোটি ডলারে সমঝোতা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার, ২১ আগস্ট ঘোষণা করা এই সমঝোতাটি শিশুদের অনলাইন গোপনীয়তা সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বড় আর্থিক পুনরুদ্ধারগুলোর একটি।   মামলাটি শুরু হয়েছিল ২০২৪ সালে, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, টিকটক শিশু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করেছে এবং অনেক ক্ষেত্রে তাদের বাবা-মায়ের প্রয়োজনীয় সম্মতি নেয়নি। অভিযোগে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট’ বা কপ্পা আইন লঙ্ঘনের কথা বলা হয়।   সমঝোতা অনুযায়ী, টিকটক ৩০ কোটি ডলার তাৎক্ষণিকভাবে পরিশোধ করবে। আরও ১০ কোটি ডলার দিতে হবে আগের একটি আদালতের সম্মত আদেশ বাতিলের নির্দেশ জারি হওয়ার পর। এই অর্থ পরিশোধের মাধ্যমে মামলাটির নিষ্পত্তি হবে। তবে বিচার বিভাগ স্পষ্ট করেছে, সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হওয়া অভিযোগগুলো কেবল অভিযোগ হিসেবেই রয়েছে। আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ টিকটককে এসব অভিযোগের জন্য আইনগতভাবে দায়ী বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।   মার্কিন বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র বলেন, শিশুদের অনলাইনে সুরক্ষিত রাখা এবং তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো যাতে আইনি বাধ্যবাধকতা মেনে চলে, সেটিই বিভাগের অগ্রাধিকার। তার মতে, এই সমঝোতার মাধ্যমে উল্লেখযোগ্য অর্থ উদ্ধার করার পাশাপাশি পরিবারগুলো যে ধরনের সুরক্ষা আশা করে, সেটিও জোরদার করা হয়েছে।   বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে মামলা করার পর টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা, আইন মেনে চলার কাঠামো এবং গোপনীয়তা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা জোরদার, বয়স যাচাইয়ের ব্যবস্থা উন্নত এবং অভিভাবকদের নজরদারি বাড়াতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।   টিকটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পেছনে রয়েছে শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের কপ্পা আইনে ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার বা প্রকাশের আগে নির্দিষ্ট শর্ত পূরণ এবং অভিভাবকের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালেও টিকটকের পূর্বসূরি মিউজিক্যালি-র বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মার্কিন সরকার মামলা করেছিল এবং আদালতের আদেশে প্রতিষ্ঠানটিকে কিছু নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।   নতুন সমঝোতার বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা ও ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে আলাদা বিতর্কও চলছে। তবে এই ৪০ কোটি ডলারের সমঝোতাটি মূলত শিশুদের অনলাইন গোপনীয়তা সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির সঙ্গে সম্পর্কিত।   এদিকে, সমঝোতার অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে বিচার বিভাগ শুক্রবারের ঘোষণায় নির্দিষ্ট কোনো পরিকল্পনা জানায়নি। তবে এবিসি নিউজের মে মাসের এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের ভেতরে এই ৪০ কোটি ডলার ওয়াশিংটন ডিসির সৌন্দর্যবর্ধন প্রকল্পে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল।   ওই আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছিল, অর্থের একটি অংশ বা পুরো অর্থ স্বরাষ্ট্র বিভাগ, বাণিজ্য বিভাগ অথবা উভয় বিভাগের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ডিসি সৌন্দর্যবর্ধন প্রকল্পে ব্যবহার করা হতে পারে। এর মধ্যে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে ট্রাম্পের প্রস্তাবিত ২৫০ ফুট উচ্চতার ‘ট্রায়াম্ফাল আর্চ’ নির্মাণের প্রকল্পও রয়েছে বলে মে মাসে এবিসি নিউজ জানিয়েছিল।   তবে এখন পর্যন্ত বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে জানায়নি যে সমঝোতা থেকে পাওয়া অর্থ ওই প্রকল্পে ব্যয় করা হবে। ফলে টিকটকের কাছ থেকে পাওয়া ৪০ কোটি ডলার ঠিক কোন খাতে ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। টিকটক শুক্রবারের সমঝোতা ঘোষণার পরপরই এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেনি বলে এবিসি নিউজ জানিয়েছে।   সব মিলিয়ে, শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দীর্ঘ আইনি লড়াইয়ের একটি বড় অধ্যায়ের অবসান হলো এই সমঝোতার মাধ্যমে। একদিকে টিকটককে বিপুল অর্থ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির শিশু ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অভিযোগগুলোর ক্ষেত্রে কোনো চূড়ান্ত দায় নির্ধারণ হয়নি, এটিও আইনি দিক থেকে গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ২১, ২০২৬ ১৪:০ 0
টাইট অ্যাকটিভওয়্যার নিয়ে মন্তব্য করে ভাইরাল হয়েছেন অস্ট্রেলিয়ার টিকটকার পপি। ছবি: সংগৃহীত
ব্যায়ামের পোশাক পরে শপিংমলে নারীরা, 'ভদ্রতা' নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে তরুণী

প্রকাশ্যে নারীদের আঁটসাঁট বা টাইট ব্যায়ামের পোশাক (অ্যাক্টিভওয়্যার) পরা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক নারী। জিমের পোশাক পরে শপিংমল বা রাস্তায় ঘুরে বেড়ানো শালীনতা পরিপন্থি কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো দুই ভাগ তৈরি হয়েছে। অনেকেই যেমন ওই নারীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, তেমনি অনেকেই তাঁর বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগ তুলেছেন।   অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পপি নামের ওই টিকটকার সম্প্রতি কুইন্সল্যান্ডের টাউনসভিলের একটি সুপারমার্কেটের ভেতর থেকে একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে তিনি প্রকাশ্যে নারীদের খুব ছোট শর্টস বা টাইট লেগিংস পরার তীব্র সমালোচনা করেন। পোশাকগুলো নারীদের শারীরিক গঠনকে দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলে বলে দাবি করেন তিনি।   ভিডিওতে পপি বলেন, “যেসব নারী এ ধরনের অ্যাক্টিভওয়্যার বা ছোট শর্টস পরেন, আমি মনে করি এটা দারুণ ব্যাপার। আপনারা আত্মবিশ্বাসী এবং আপনাদের শারীরিক গঠনও সুন্দর। কিন্তু আপনারা কি বুঝতে পারেন যে হাঁটার সময় আপনাদের আঁটসাঁট পোশাকের কারণে গোপনাঙ্গের আকার স্পষ্টভাবে বোঝা যায়? আমাকে এসে বলবেন না যে আমি কেন ওদিকে তাকিয়েছি। কেউ যদি এমন পোশাক পরে আমার দিকে হেঁটে আসে, তাহলে না তাকিয়ে উপায় কী?”   নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে এই টিকটকার পরিস্থিতিটিকে একজন পুরুষের টাইট প্যান্ট পরার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “এটা অনেকটা এমন যে, একজন পুরুষ খুব টাইট প্যান্ট পরে হেঁটে বেড়াচ্ছেন এবং তার গোপনাঙ্গ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না।”   পপির এই স্পষ্টভাষী ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মন্তব্য জমা পড়তে থাকে। দর্শকরা এই ইস্যুতে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একদল তাঁর সাহসিকতার প্রশংসা করে বলেন, জনসমক্ষে শালীনতা বজায় রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন মন্তব্যকারী লেখেন, “তিনি একদম ঠিক কথা বলেছেন জনসমক্ষে ভদ্রতা বলে একটা কথা আছে।” আরেকজন লেখেন, “অবশেষে কেউ একজন সত্যি কথাটা বলল। আমি এই নতুন ট্রেন্ডকে ঘৃণা করি, জিমের পোশাক কেবল জিমেই মানায়।” কেউ কেউ প্রকাশ্যে এমন পোশাক পরাকে ‘জঘন্য’ বলেও আখ্যা দিয়েছেন।   তবে অনেকেই পপির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাঁদের মতে, পপি নিজেই একজন নারী হয়ে অন্য নারীদের পোশাক নিয়ে যে মন্তব্য করেছেন, তা অন্তর্নিহিত নারীবিদ্বেষের লক্ষণ। সমালোচনাকারীদের একজন বলেন, “শারীরিক গঠন দেখা যাওয়ার মধ্যে ভুল কিছু নেই। আমরা সবাই এভাবেই পৃথিবীতে এসেছি।”   অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনার পছন্দ না হলে অন্যদিকে তাকিয়ে থাকুন এবং নিজের কাজে মন দিন। আমি অনেক কষ্ট করে নিজের শরীর এমন সুন্দর করেছি, কারও কথায় আমি আমার পোশাক পরিবর্তন করব না।” অনেকেই আবার জানান, জিমে ব্যায়াম শেষ করার পর নারীদের অনেক সময় কেনাকাটা করতে দোকানে যেতে হয়। এক ব্যবহারকারী প্রশ্ন রাখেন, “জিমে ওয়ার্কআউট করার পর কি আমাদের আগে বাড়ি গিয়ে পোশাক বদলাতে হবে? অনেক মেয়েরই ব্যস্ততা থাকে এবং জিম শেষ করেই বাজার করতে হয়।”   পপির মন্তব্যের সঙ্গে মানুষ একমত হোক বা না হোক, তাঁর এই ভিডিওটি অস্ট্রেলিয়ায় মানুষের পোশাক পরার অভ্যাস নিয়ে একটি বড় আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে 'অ্যাথলিজার' বা ব্যায়াম ও ক্যাজুয়াল পোশাকের মিশ্রণ কীভাবে ধীরে ধীরে দেশটির নাগরিকদের এক প্রকার অঘোষিত দৈনন্দিন পোশাকে পরিণত হয়েছে, সেটিই নতুন করে সামনে এসেছে।   বাণিজ্যিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিবিআরই-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই ট্রেন্ডটি মূলত মানুষের কাজ এবং জীবনযাত্রার পরিবর্তনের প্রতিফলন। বর্তমানে রিমোট এবং হাইব্রিড কাজের সুযোগ বাড়ায় মানুষ এমন পোশাক খুঁজছে, যা পরে জুম মিটিং থেকে শুরু করে সন্তানদের স্কুল থেকে আনা বা দ্রুত কেনাকাটা সবই স্বাচ্ছন্দ্যে করা যায়।   বিখ্যাত ব্র্যান্ড চোবানি-এর উদ্যোগে পরিচালিত একটি জাতীয় জরিপে দেখা গেছে, ৬০ বছরের কম বয়সী ৮২ শতাংশ অস্ট্রেলিয়ান ব্যায়াম, ঘরে অবস্থান বা বাইরে যাওয়ার জন্য সাধারণ পোশাক হিসেবে অ্যাক্টিভওয়্যার পরেন। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে, তাঁরা প্রায় প্রতিদিনই এ ধরনের পোশাক পরেন। তাই বিতর্ক যা-ই হোক না কেন, জিমের পোশাক যে এখন দৈনন্দিন ফ্যাশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তা অস্বীকার করার উপায় নেই।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ৯, ২০২৬ ১৪:০ 0
টিকটক ভিডিওতে টেইলর সুইফটের গান ব্যবহারের পর কপিরাইট দাবিতে অডিও সরিয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট হয়েও রেহাই নেই! টেইলর সুইফটের গান ব্যবহার করে কপিরাইটের খপ্পরে ট্রাম্পের টিম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের পোস্ট করা একটি টিকটক ভিডিওতে টেইলর সুইফটের গান ব্যবহারের পর ভিডিওটির অডিও সরিয়ে দেওয়া হয়েছে। কপিরাইট মালিকের অভিযোগের পর টিকটকে গানটি আর শোনা যাচ্ছে না। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।   ঘটনার শুরু চলতি সপ্তাহে। ট্রাম্পের টিমের টিকটক অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সুইফটের জনপ্রিয় গান ‘অগাস্ট’ ব্যবহার করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে এমন কথাও লেখা হয়েছিল, টেইলর সুইফট এই গান ব্যবহারে নিশ্চয়ই ‘খুব খুশি’ হবেন। পরে ভিডিওটির অডিও নিষ্ক্রিয় হয়ে যায় এবং কপিরাইট মালিকের কারণে গানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে টিকটকে জানানো হয়।   শুধু ওই ভিডিওই নয়, ট্রাম্পের টিমের আরও কয়েকটি টিকটক পোস্টে সুইফটের গান ব্যবহারের পর সেগুলোর অডিওও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে ‘ফাদার ফিগার’ গানটিও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে মজার প্রতিক্রিয়াও দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টিমের পোস্ট করা ভিডিও থেকেও শেষ পর্যন্ত কপিরাইটের কারণে গান সরাতে হওয়ায় অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।   টেইলর সুইফট ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে প্রকাশ্য বিরোধ রয়েছে। সুইফট অতীতে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে সমর্থন করেছিলেন। ট্রাম্পও বিভিন্ন সময়ে সুইফটকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন।   তবে এবারের ঘটনায় সুইফট নিজে সরাসরি কোনো প্রকাশ্য বক্তব্য দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বরং কপিরাইট ব্যবস্থার মাধ্যমে গানগুলোর ব্যবহার বন্ধ হয়ে যাওয়াই এখন পর্যন্ত সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ।   এর আগেও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় শিল্পীদের গান ব্যবহারের ঘটনায় আপত্তি উঠেছে এবং কিছু ক্ষেত্রে কপিরাইটের কারণে অডিও সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ট্রাম্পের টিমের সঙ্গে সংগীতশিল্পীদের কপিরাইট ও রাজনৈতিক ব্যবহারের বিরোধ নতুন কোনো ঘটনা নয়।   এবার সেই তালিকায় যোগ হলো টেইলর সুইফটের গান। প্রেসিডেন্টের টিমের পোস্ট থেকেও কপিরাইটের কারণে গান নীরব হয়ে যাওয়ায় ঘটনাটি রাজনীতির পাশাপাশি বিনোদন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ৮, ২০২৬ ১৪:০ 0
কান্নাকাটি করায় ৬ মাসের শিশুকে ছুড়ে ফেলে টিকটক ও পর্নোগ্রাফিতে মগ্ন মা, প্রাণ গেল শিশুপুত্রের
কান্নাকাটি করায় ৬ মাসের শিশুকে ছুড়ে ফেলে টিকটক ও পর্নোগ্রাফিতে মগ্ন মা, প্রাণ গেল শিশুপুত্রের

৬ মাসের এক অবুঝ শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় জানা গেছে, শিশুটি যখন ব্যথায় কাতরাচ্ছিল, তখন তাকে হাসপাতালে না নিয়ে ওই নারী তার স্মার্টফোনে টিকটক ও পর্নোগ্রাফি দেখায় মগ্ন ছিলেন। মর্মান্তিক এই শিশু নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযুক্ত মা তাতিয়ানা নরম্যানকে গ্রেপ্তার করেছে।   স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ জুন রাত ১১টা ৩৯ মিনিটে পুলিশের কাছে একটি জরুরি কল আসে যে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে রাত ১২টা ৩২ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ প্রধান স্যামি টেলর জুনিয়র জানান, হাসপাতালে পৌঁছানোর সময় শিশুটির শরীরের তাপমাত্রা ছিল ৯৪ ডিগ্রি। পারিপার্শ্বিক প্রমাণ ও শরীরের তাপমাত্রা বিবেচনা করে পুলিশের ধারণা, পুলিশকে খবর দেওয়ার অন্তত কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।   তদন্তের শুরুতে অভিযুক্ত মা তাতিয়ানা নরম্যান পুলিশকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। প্রথমে তিনি দাবি করেন যে, শিশুটি বিছানা থেকে টাইলসের ওপর পড়ে গিয়েছিল। দ্বিতীয়বারের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘুমানোর সময় হয়তো তিনি ভুলবশত শিশুটির ওপর চাপা পড়েছিলেন। এমনকি শিশুটির পায়ে থাকা একটি আঘাতের দাগ নিয়ে তিনি কখনো গরম পানি, কখনো ডিটারজেন্ট, আবার কখনো গরম স্যুপ পড়ার কথা বলেন।   তবে পুলিশের কঠোর জেরার মুখে শেষমেশ তিনি স্বীকার করেন যে, মৃত্যুর দিন শিশুটি কয়েকবার আঘাত পেয়েছিল। প্রথমে তার হাত থেকে ফসকে এবং পরে দোলনা থেকে পড়ে গিয়ে শিশুটি মাথায় চোট পায়। এরপরও শিশুটির ক্রমাগত কান্নায় বিরক্ত হয়ে কয়েক ফুট দূর থেকে তাকে কুশনবিহীন একটি প্লেপেনে ছুড়ে ফেলেন তাতিয়ানা। এতে শিশুটির মাথায় পুনরায় গুরুতর আঘাত লাগে এবং সে ব্যথায় কুঁকড়ে যায়।   পুলিশ জানিয়েছে, এমন গুরুতর আঘাত পাওয়ার পরও ওই পাষণ্ড মা শিশুটিকে কোনো চিকিৎসকের কাছে নেননি। বরং ইন্টারনেটে আঘাতের লক্ষণগুলো সার্চ করার পর তিনি দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে নির্লিপ্তভাবে টিকটক স্ক্রল করেন ও পর্নোগ্রাফি দেখেন। মেডিকেল পরীক্ষকের মতে, মাথার আঘাতের পর অবহেলা না করে সময়মতো চিকিৎসা দেওয়া হলে হয়তো অবুঝ শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হতো।

ইসতিয়াক আহমেদ আগস্ট ২, ২০২৬ ১৪:০ 0
সরকারি ডিভাইসগুলো থেকে টিকটক অপসারণের আইন আর মার্কিন সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানাল বিচার বিভাগ। ছবি: সংগৃহীত
মালিকানা বদলাতেই কাটল নিষেধাজ্ঞা, সরকারি ফোনেও টিকটক চালানোর অনুমতি দিল মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই সপ্তাহে সিদ্ধান্ত জানিয়েছে যে, সরকারি ডিভাইসগুলো থেকে টিকটক অপসারণের যে আইন ছিল, তা অ্যাপটির বর্তমান মার্কিন সংস্করণের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।   বেইজিং-ভিত্তিক বাইটড্যান্সের ১৯.৯% শেয়ার রেখে টিকটকের মার্কিন কার্যক্রমের মালিকানা অধিকাংশ আমেরিকান উদ্যোক্তাদের একটি গ্রুপের কাছে হস্তান্তরিত হওয়ার ছয় মাস পর এই আইনি মতামত সামনে এলো।   জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটক যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে তদন্তের মুখোমুখি হয়েছে, যা প্ল্যাটফর্মটিকে দেশব্যাপী নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলেছিল।   ২০২২ সালের শেষের দিকে, কংগ্রেস একটি দ্বিপাক্ষিক আইন পাস করে যার মাধ্যমে নির্বাহী শাখার সংস্থাগুলোকে ফেডারেল ডিভাইস থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এবিসি নিউজের তথ্য অনুসারে, আইনটি "বাইটড্যান্স লিমিটেড বা বাইটড্যান্স লিমিটেডের মালিকানাধীন কোনো সত্তা দ্বারা তৈরি বা সরবরাহকৃত যেকোনো উত্তরসূরি অ্যাপ্লিকেশন বা পরিষেবার" ক্ষেত্রেও প্রযোজ্য ছিল।   গত বৃহস্পতিবার, বিচার বিভাগের অফিস অফ লিগ্যাল কাউন্সিল রাষ্ট্রপতির ডেপুটি কাউন্সেলকে উদ্দেশ্য করে লেখা একটি ১২ পৃষ্ঠার মতামতে জানিয়েছে যে, আইনটি টিকটকের বর্তমান মার্কিন সংস্করণের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।   অফিসটি তাদের মতামতে বলেছে, "কংগ্রেস শুধুমাত্র টিকটকের সেই সংস্করণটি নিষিদ্ধ করেছিল যা একই রকম সমস্যাযুক্ত মালিকানার বৈশিষ্ট্যগুলো ভাগ করে।"   এই মতামত সত্ত্বেও, ফেডারেল সংস্থাগুলো এখনও উৎপাদনশীলতাসহ কর্মীবাবলী ব্যবস্থাপনার কারণে সরকারি ডিভাইসগুলোতে অ্যাপটি নিষিদ্ধ রাখতে পারে।   মূলত সংবেদনশীল সরকারি তথ্য অ্যাপটির মাধ্যমে চীনা সত্তাগুলো অ্যাক্সেস করতে পারে এমন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে প্রাথমিকভাবে এই বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল।   ২০২৪ সালে, কংগ্রেস একটি আইন পাস করে যা বাইটড্যান্স তার মার্কিন কার্যক্রমের মালিকানা ত্যাগ না করলে দেশব্যাপী টিকটককে কার্যকরভাবে নিষিদ্ধ করত। আইনটি কার্যকর হওয়ার একদিন আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে এটি প্রয়োগ না করার নির্দেশ দেন এবং বলেন যে তাঁর প্রশাসন একটি চুক্তি নিয়ে কাজ করছে।   সেই চুক্তিটি জানুয়ারিতে চূড়ান্ত হয়েছিল, যখন বেশিরভাগ মার্কিন বিনিয়োগকারীদের একটি দল টিকটকের মার্কিন কার্যক্রমের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জন করে, যেখানে বাইটড্যান্স একটি ১৯.৯% অংশীদারিত্ব ধরে রাখে।  

তাবাস্সুম জুলাই ১৮, ২০২৬ ১৪:০ 0
টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের
টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তবে প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান তার এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিলছে না।   হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি টিকটকে ‘এক নম্বর’ অবস্থানে রয়েছেন। বক্তব্যের সময় তিনি মজা করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন, যা উপস্থিতদের মধ্যে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি করে।   তবে এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প যে তথ্যচিত্র প্রকাশ করেছিলেন, তাতে ভিন্ন চিত্র দেখা যায়। ওই তথ্যচিত্রে তাকে টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা এবং সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ এই হিসাবটি কেবল বিশ্বনেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সব ব্যবহারকারী বা বিনোদন জগতের তারকাদের সঙ্গে তুলনা করা হয়নি।   ফলে পপ তারকা টেইলর সুইফটের মতো ব্যক্তিত্ব ওই তালিকার অন্তর্ভুক্ত ছিলেন না। একই সঙ্গে তাকে ১১তম অবস্থানে থাকার কোনো উল্লেখও ওই তথ্যচিত্রে পাওয়া যায়নি।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে দেখানো ৪২৫ বিলিয়ন ভিউ আসলে #ট্রাম্প সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে তার নিজের অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সমর্থনমূলক, সমালোচনামূলক বা নিরপেক্ষ—সব ধরনের কনটেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এই ভিউ সংখ্যা সরাসরি ব্যক্তিগত জনপ্রিয়তার নির্ভরযোগ্য সূচক হিসেবে ধরা যায় না।   অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প উল্লেখযোগ্যভাবে পিছিয়ে আছেন। বর্তমানে টিকটকে তার অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, যেখানে টেইলর সুইফটের অনুসারী সংখ্যা প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট ট্রাম্পের প্রায় দ্বিগুণ এগিয়ে।   অন্যদিকে, টিকটকে সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ইতালিয়ান কনটেন্ট নির্মাতা খাবি লেইম, যার অনুসারী সংখ্যা ১৬ কোটিরও বেশি। তার পরেই অবস্থান করছেন চার্লি ডি’অ্যামিলিও এবং জনপ্রিয় ইউটিউবার মি.বিস্ট।   সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কথা বলেন। তবে বিশ্লেষকদের মতে, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে থাকতে পারেন, কিন্তু টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রিটিদের মধ্যে ‘এক নম্বর’—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।   তথ্যসূত্র: সামা টিভি

নীলুফা নিশাত জুলাই ৮, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
টিকটক করায় স্ত্রীকে হত্যা, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমনা ফেরদৌসী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও পুলিশের প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ।   সোমবার (১৫ জুন) রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। লোহাগড়া থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। নিহত সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের বাসিন্দা লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।   পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় লিমন ও সুমনার পরিচয় হয়। পরে ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটি ছিল লিমনের দ্বিতীয় এবং সুমনার চতুর্থ বিয়ে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে চলে আসেন লিমন। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সুমনাকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই পারিবারিক অস্থিরতা তৈরি হয়। একপর্যায়ে লিমনের প্রথম স্ত্রী তাদের সন্তানকে নিয়ে অন্যত্র চলে যান। এরপর লিমন চায়ের দোকান পরিচালনা এবং শ্রমিকের কাজ করে সংসার চালাতেন।   তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বিরোধ দেখা দিত। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার সময় সুমনা গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্যে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।   ঘটনার পর লিমন প্রতিদিনের মতো কাজে চলে যান বলে জানা গেছে। বিকেলে বাড়ি ফিরে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনার পর পুলিশের সন্দেহ হয় যে এটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা নয়।   লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।   তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।   গৃহবধূর এই মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি নানা প্রশ্নও তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোহাম্মদ ইব্রাহিম জুন ১৫, ২০২৬ ১৪:০ 0
মার্কিন গায়ক ও টিকটক সেনসেশন ডেভিড বার্ক
টেসলা গাড়িতে মিলল কিশোরীর মরদেহ: জনপ্রিয় মার্কিন গায়ক ডেভিড বার্ক গ্রেফতার

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মার্কিন গায়ক ও টিকটক সেনসেশন 'D4vd' (ডেভিড বার্ক)-কে ১৪ বছর বয়সী এক কিশোরী হত্যার দায়ে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। দীর্ঘ সাত মাস তদন্তের পর বৃহস্পতিবার ২১ বছর বয়সী এই অল্টারনেটিভ-পপ তারকাকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি 'টেসলা মডেল ওয়াই' গাড়ি জব্দ করা হয়, যা গায়ক D4vd-এর নামে নিবন্ধিত ছিল। গাড়িটি ডাম্পিং ইয়ার্ডে নেওয়ার পর সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির সামনের স্টোরেজ (Frunk) থেকে দুটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। একটি ব্যাগে ১৪ বছর বয়সী সেলেস্তে রিভাস হার্নান্দেজের মাথা ও ধড় এবং অন্য একটি ব্যাগে তার বিচ্ছিন্ন হাত-পা পাওয়া যায়। নিহত সেলেস্তে ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর থেকে নিখোঁজ হয়েছিল। পরিবারের দাবি অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে ডিভিডির (D4vd) সাথে তার সম্পর্ক ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসাথে ছবিও দেখা গিয়েছিল। নিখোঁজের প্রায় এক বছর পর তার পচন ধরা খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত চললেও পুলিশ আনুষ্ঠানিকভাবে কারো নাম প্রকাশ করেনি। তবে সম্প্রতি ডিভিডির পরিবারের সদস্যদের সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের সমন পাঠানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, বর্তমানে ডেভিড বার্ককে বিনা জামিনে জেলহাজতে রাখা হয়েছে। আগামী সোমবার তাকে আদালতে পেশ করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হতে পারে। এদিকে ডিভিডির আইনজীবীরা এক বিবৃতিতে গায়কের নির্দোষ দাবি করে বলেছেন, "ডেভিড বার্ক সেলেস্তে রিভাসকে হত্যা করেননি এবং তার মৃত্যুর পেছনেও তিনি দায়ী নন। আমরা আদালতে ডেভিডের নির্দোষিতা প্রমাণ করব।" D4vd মূলত ২০২২ সালে টিকটকে তার 'রোমান্টিক হোমিসাইড' (Romantic Homicide) গানটির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। তার এই আকস্মিক গ্রেফতার সংগীত জগতে এবং তার লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইসমাইল হোসাইন এপ্রিল ১৭, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০