- প্রচ্ছদ
- Topic
নতুন রাজনৈতিক দল
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৯০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করে এই কমিটি গঠন করা হয়েছে। আত্মপ্রকাশের শুরুতেই দলটি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে ‘সামাজিক গণতন্ত্র’ ভিত্তিক নতুন রাষ্ট্রকাঠামো ও সংবিধান প্রণয়নের জোরালো দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন সংবিধান অপরিহার্য। তিনি বর্তমান সংবিধানের ‘মৌলিক কাঠামো’ (Basic Structure) তত্ত্বের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, কেবল সংশোধনের মাধ্যমে মৌলিক পরিবর্তন আনা ঝুঁকিপূর্ণ ও সাময়িক। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ। জেডিপি তাদের রাজনৈতিক দর্শনে ‘সমাজতন্ত্র’-এর পরিবর্তে ‘সামাজিক গণতন্ত্র’ এবং ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর বদলে ‘বাংলাদেশপন্থা’ বা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। একইসঙ্গে দলটি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবার জন্য ইনসাফভিত্তিক ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে বিচার কোনোভাবেই প্রহসনে পরিণত না হয়। সংবাদ সম্মেলনে আগামী এক মাসের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসজুড়ে সদস্য সংগ্রহ অভিযান, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণসংযোগ এবং মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন করার পরিকল্পনা রয়েছে দলটির। নবঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।