- প্রচ্ছদ
- Topic
ভাড়া বাসা
চীনে একসময় একটা কথা খুব প্রচলিত ছিল নিজের বাড়ি না থাকলে জীবনে পুরোপুরি স্থির হওয়া যায় না। বিশেষ করে বড় শহরগুলোতে চাকরি, বিয়ে কিংবা সামাজিক মর্যাদার সঙ্গে বাড়ির মালিক হওয়ার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন চীনের অনেক তরুণই বাড়ি কেনার চেয়ে ভাড়া বাসায় থাকাকে বেশি স্বস্তিদায়ক মনে করছেন। তাদের যুক্তি, অনিশ্চিত অর্থনীতির এই সময়ে দীর্ঘমেয়াদি ঋণের বোঝা কাঁধে নেওয়ার চেয়ে স্বাধীনভাবে থাকা ভালো। সংবাদমাধ্যম রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের আবাসন বাজার এখনো বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছর নতুন বাড়ি বিক্রি নেমে এসেছে ২০১৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। ২০২১ সালে যেখানে নতুন বাড়ি বিক্রির পরিমাণ ছিল প্রায় ১৬ ট্রিলিয়ন ইউয়ানের বেশি, সেখানে এখন তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। বেইজিংয়ের ৩৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার কাই ইয়োচেংও আপাতত বাড়ি কেনার চিন্তা বাদ দিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, আগে মনে হতো নিজের একটা ফ্ল্যাট থাকতেই হবে। কিন্তু এখন হিসাব-নিকাশ করলে ভাড়ায় থাকাই তার কাছে বেশি বাস্তবসম্মত মনে হয়। চীনের বড় শহরগুলোতে এই মানসিক পরিবর্তন এখন বেশ চোখে পড়ছে। আগে তরুণদের মধ্যে যত দ্রুত সম্ভব বাড়ি কেনার চাপ থাকলেও এখন অনেকে সেটাকে জরুরি মনে করছেন না। কেউ ক্যারিয়ার নিয়ে ভাবছেন, কেউ আয় স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছেন, আবার কেউ ইচ্ছা করেই দীর্ঘমেয়াদি ঋণের ঝুঁকি এড়িয়ে চলছেন। বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি অনেকটাই যুক্তরাষ্ট্রের নগরজীবনের মতো হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই বড় শহরগুলোর তরুণদের বড় একটি অংশ ভাড়া বাসায় থাকেন। উচ্চ বাড়িমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং ঋণের চাপের কারণে সেখানে বাড়ি কেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এখন চীনের তরুণদের মধ্যেও একই ধরনের বাস্তবতা তৈরি হচ্ছে। চীনের আবাসন খাত একসময় দেশটির অর্থনীতির অন্যতম বড় শক্তি ছিল। নির্মাণ কোম্পানিগুলো ব্যাপক হারে ঋণ নিয়ে নতুন নতুন প্রকল্প তৈরি করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক এলাকায় চাহিদার চেয়ে বেশি ফ্ল্যাট তৈরি হয়। পরে সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং দুর্বল অর্থনীতির কারণে পুরো খাত ধাক্কা খেতে শুরু করে। বিশ্বজুড়ে আলোচিত নির্মাতা প্রতিষ্ঠান এভারগ্রাণ্ডের আর্থিক সংকট সেই সমস্যাকে সামনে নিয়ে আসে। পরে কান্ট্রি গার্ডেনের মতো আরও কয়েকটি বড় কোম্পানিও চাপে পড়ে। অনেক ক্রেতা সময়মতো ফ্ল্যাট বুঝে পাননি। এতে সাধারণ মানুষের মধ্যেও আস্থার সংকট তৈরি হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক তরুণ এখন বড় শহর ছেড়ে ছোট শহরে চলে যাচ্ছেন। কেউ কম খরচে জীবনযাপন করতে চাইছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় বিনিয়োগ এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞদের মতে, চীনের নতুন প্রজন্ম এখন আগের তুলনায় জীবনকে অন্যভাবে দেখছে। তাদের কাছে শুধু সম্পত্তি নয়, মানসিক স্বস্তি, স্বাধীনতা এবং আর্থিক নমনীয়তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একসময় যে দেশে নিজের বাড়িকে সফল জীবনের প্রধান প্রতীক মনে করা হতো, সেই দেশেই এখন অনেক তরুণ বলছেন “এই মুহূর্তে ভাড়াতেই ভালো আছি।”