- প্রচ্ছদ
- Topic
লেবানন হামলা
লেবাননে বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলাকে "প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন" হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরায়েলি এই আগ্রাসনকে "প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ" বলে বর্ণনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে। লেবাননের জনগণের প্রতি তেহরানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, "ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।" একইসাথে কঠোর সতর্কবার্তা দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, "আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।" বিশ্লেষকরা মনে করছেন, আগামী শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিক শান্তি আলোচনার প্রাক্কালে পেজেশকিয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। উল্লেখ্য, বুধবার বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর পরও থামেনি ইসরাইলি বাহিনী। সাম্প্রতিক আক্রমণের ধারাবাহিকতায় এবার দেশটির দক্ষিণাঞ্চলেও নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণ লেবাননের আল-দুয়াইর (খিয়ারবেত আল-দুয়ের নামেও পরিচিত) এলাকায় এই হামলা চালানো হয়। এতে সেখানে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এর আগের দিন বুধবার রাতে বড় ধরনের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে লেবাননের জরুরি উদ্ধার সংস্থাগুলো। এ ঘটনার পর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বালবেক, নাবাতিহ, সিডন ও টায়ার এলাকাগুলোতে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির উদ্যোগ চলমান থাকলেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে একাধিকবার তা লঙ্ঘন করা হলেও কার্যকরভাবে তা প্রতিরোধ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিকে তারা মানবিক মূল্যবোধের পরিপন্থী বলেও উল্লেখ করেছে।
লেবাননে একদিনে ইসরায়েলের চালানো ব্যাপক হামলায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞকে ‘নৃশংস’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবার (৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, লেবাননে ওই দিনের হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত ভয়াবহ। তার ভাষায়, এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মাত্রা বর্ণনার অতীত। ভলকার তুর্ক আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক। এতে ভঙ্গুর শান্তি আরও চাপে পড়েছে, যা বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো মানা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুর পার্থক্য নির্ধারণ, আক্রমণের আনুপাতিকতা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন। তিনি সতর্ক করে বলেন, এসব নীতির ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যেকোনো পরিস্থিতিতে এবং যেকোনো সশস্ত্র সংঘাতে এগুলো মেনে চলা অপরিহার্য। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক এক বিমান হামলায় ওই কমান্ডার নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবাননের হাজির এলাকায় পরিচালিত হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশির নিহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইডিএফ জানায়, ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশ ও দেজফুল শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে লেবাননে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সময়ে ইরানের ভেতরেও হামলার দাবি করেছে তারা। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইসরায়েলের এসব হামলাকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।