- প্রচ্ছদ
- Topic
চীন পালানো
ফ্লোরিডার ম্যাকডিল বিমানঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরক রাখার দায়ে অভিযুক্ত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যিনি বর্তমানে চীনে পলাতক রয়েছেন। অভিযুক্ত যুবক এলেন ঝেং গত ১০ মার্চ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির দর্শনার্থী কেন্দ্রের সামনে একটি হাতে তৈরি বোমা পেতে রাখেন। ঘটনার পরপরই অজ্ঞাত পরিচয়ে জরুরি সেবায় ফোন করে বোমার কথা জানানো হলেও দীর্ঘ ছয় দিন পর গত ১৬ মার্চ গোপন এলাকা থেকে সেই জীবন্ত বোমাটি উদ্ধার করে এফবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, এলেন তার বোন অ্যান মেরি ঝেং-এর সহায়তায় অপরাধ আড়াল করে চীনে পালিয়ে যান। তবে তার বোন পরে যুক্তরাষ্ট্রে ফিরে এলে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। সরকারি প্রসিকিউটরদের দাবি, এলেন ঝেং এর বোন তাকে দেশ ছাড়তে এবং প্রমাণ লোপাট করতে ব্যবহৃত গাড়িটি বিক্রি করে দিয়ে সরাসরি সহায়তা করেছেন যা জঘন্য অপরাধের শামিল। তদন্তে এলেনের বাসা থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং গাড়িতে বোমার অবশিষ্টাংশ পাওয়া গেছে। অভিযুক্তের মা-ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাকে বর্তমানে নির্বাসনের জন্য হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য যে, এই ম্যাকডিল বিমানঘাঁটি থেকেই বর্তমানে ইরান বিরোধী যৌথ সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়া হচ্ছে। তবে এই ঘটনার সাথে কোনো বিদেশি রাষ্ট্রের সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি। অভিযুক্ত এলেন ঝেং-এর বোন বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে তাদের মা ও বোন দুজনেই এলেনের এই নাশকতামূলক পরিকল্পনার কথা আগে থেকেই জানতেন বলে স্বীকার করেছেন। বর্তমানে এলেন ঝেংকে ফিরিয়ে আনতে জোর আইনি তৎপরতা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সরকারি সম্পত্তি ধ্বংসের চেষ্টা ও বিস্ফোরক রাখার তিনটি গুরুতর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।