- প্রচ্ছদ
- Topic
নামাজ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি মসজিদে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের চ্যালেঞ্জে বিজয়ী ৩২ জন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। শিশুদের মসজিদমুখী করতে এবং জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ গ্রহণ করে পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্যাহ ভূঁইয়া জামে মসজিদ কমিটি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিশুদের হাতে এই আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি শামসুদ্দোহা নূরী। সভাপতি নজরুল ইসলাম হেলালী জানান, ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা, মসজিদে নিয়মিত উপস্থিতিতে উৎসাহ দেওয়া এবং একটি মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক জীবনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুরস্কার হিসেবে নতুন বাইসাইকেল পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিশু-কিশোররা। তারা জানিয়েছে, আগামী দিনেও তারা নিয়মিত জামাতে নামাজ আদায় করবে এবং নিজেদের বন্ধুদেরও মসজিদে আসতে উৎসাহিত করবে। স্থানীয়রা মসজিদ কমিটির এই উদ্যোগকে ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের চমৎকার আয়োজন শিশুদের ধর্মীয় চর্চা, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে মসজিদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
যুক্তরাজ্যের বার্মিংহামে ফজরের নামাজ শেষে সাইকেলে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ১৬ বছর বয়সী মুহাম্মদ ইসমাইল আলুমের মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট ভোরে স্মল হিথ এলাকায় ক্যাটেল রোড ও টেম্পলফিল্ড স্ট্রিটের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরদিন তিনি মারা যান। ইসমাইল ফজরের নামাজ আদায়ের জন্য বার্মিংহামের গ্রিন লেন মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন। নামাজ শেষে সাইকেলে বাড়ি ফেরার সময় বার্মিংহাম সিটির ফুটবল স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। দুর্ঘটনার ঘটনায় ৪৭ বছর বয়সী ক্লাইড কেরিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়া, দুর্ঘটনাস্থলে না থামা এবং বিমাহীন গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। ৩১ আগস্ট তিনি বার্মিংহাম ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হন এবং তাকে ২৮ সেপ্টেম্বর ক্রাউন কোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ইসমাইলের মৃত্যুতে তার স্কুল দারুল উলুম বার্মিংহাম ইসলামিক হাই স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের ডেপুটি হেড শিক্ষক হাম্মাদ আজহার তাকে অসাধারণ প্রতিভার অধিকারী, দায়িত্বশীল, দৃঢ়চেতা ও অন্যের প্রতি গভীরভাবে যত্নশীল একজন শিক্ষার্থী হিসেবে স্মরণ করেছেন। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ১৬ বছর বয়সেই ইসমাইল পুরো কোরআন মুখস্থ করেছিলেন। তিনি কোরআন তিলাওয়াদের দক্ষতার স্বীকৃতি হিসেবে দুটি ইজাজাহ বা আনুষ্ঠানিক সনদ অর্জন করেছিলেন এবং মসজিদে তারাবির নামাজেও ইমামতি করেছিলেন। পাশাপাশি জিসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের পাশাপাশি অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন তহবিল সংগ্রহ কার্যক্রমেও অংশ নিতেন। তবে শিক্ষকদের কাছে ইসমাইলের সবচেয়ে বড় পরিচয় ছিল তার বিনয় ও মানবিকতা। হাম্মাদ আজহারের ভাষ্য অনুযায়ী, এত অল্প বয়সে অনেক অর্জন করেও তিনি কখনো অহংকারী হয়ে ওঠেননি। বরং সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, করমর্দন করতেন এবং কেউ কথা বললে পূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন। শিক্ষকেরা জানান, ইসমাইলের এমন স্বাভাবিক সৌজন্য ছিল, যা অন্যদের তার কাছে গুরুত্বপূর্ণ ও সম্মানিত মনে করাত। পড়াশোনা, ধর্মীয় শিক্ষা ও মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং খেলাধুলাতেও তার আগ্রহ ছিল। মাত্র ১৬ বছর বয়সে এমন একজন শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার স্কুল। পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, ইসমাইলের অর্জন এবং মানুষের প্রতি তার সদয় আচরণ তার রেখে যাওয়া স্মৃতি হয়ে থাকবে।
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসের ভেতরের সড়কে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির জেলা সহসভাপতি হাজি মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। পুলিশ জানিয়েছে, জনসাধারণের চলাচলে বাধা ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ও ২৯২ ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর মোরাদাবাদের সরকারি সার্কিট হাউসে সমাজবাদী পার্টির নেতাদের একটি বৈঠক হয়। সেখানে উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবও অবস্থান করছিলেন। বৈঠক শেষে উসমান সার্কিট হাউসের বাইরে একটি গাড়ির পাশে নামাজ পড়েন বলে অভিযোগ। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার অভিযোগে বলা হয়েছে, উসমান তার গাড়িটি সার্কিট হাউসে প্রবেশ ও বের হওয়ার পথে রেখে গাড়িটির পেছনে নামাজ পড়ছিলেন। এতে যানবাহন ও মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়। মোরাদাবাদের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ধারা জনসাধারণের চলাচলের পথে বিপদ বা বাধা সৃষ্টি এবং ২৯২ ধারা জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। হাজি মোহাম্মদ উসমান বিলারি আসনের সমাজবাদী পার্টির বিধায়ক মোহাম্মদ ফহিম ইরফানের চাচা। এ ঘটনায় উসমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি ইবাদতের বিষয় এবং তিনি কোনো অপরাধ করেননি। ঘটনার ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। তবে পুলিশ যে অভিযোগের ভিত্তিতে মামলা করেছে, তা এখন তদন্তাধীন এবং আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে উসমানকে দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ ও নজরদারি উপেক্ষা করে এক লাখেরও বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) রমজানের শেষদিকের এক বিশেষ আবহে এই বিশাল জনসমাগম ঘটে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ও ওয়াকফ কাউন্সিলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভোর থেকেই জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আল-আকসা অভিমুখে যাত্রা শুরু করেন। তবে ওল্ড সিটি এলাকায় ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে অনেককেই বাধার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে চেকপোস্টগুলোতে তল্লাশি ও পরিচয়পত্র যাচাইয়ের নামে কড়াকড়ি আরোপ করা হয়। নামাজ শেষে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার পবিত্রতা রক্ষার পক্ষে স্লোগান দেন। সাম্প্রতিক সময়ে গাজা ও পশ্চিম তীরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের জুমার নামাজকে ফিলিস্তিনিদের ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাস এবং জুমার নামাজকে কেন্দ্র করে আল-আকসা প্রাঙ্গণে বিশেষ সতর্কতা অবলম্বন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে বাধা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, ধর্মীয় আবেগ ও জাতীয় অধিকার রক্ষায় ফিলিস্তিনিরা আপসহীন। এদিকে, জুমার নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আল-আকসার প্রবেশপথগুলোতে এখনো মোতায়েন রয়েছে অতিরিক্ত ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পাঠ করার পর দরূদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যা সুন্নাতে মুয়াক্কাদা কিংবা মতান্তরে ওয়াজিব হিসেবে গণ্য হয়। সাধারণত নামাজের মধ্যে দরূদে ইবরাহিম পাঠ করা অধিক উত্তম কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিগণকে এটি বিশেষভাবে শিক্ষা দিয়েছেন। তবে অনেকেরই এই বিশেষ দরূদটি পুরোপুরি মুখস্থ না থাকায় তারা কেবল ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করেন এবং এতে নামাজ হবে কি না তা নিয়ে দ্বিধায় থাকেন। ইসলামি ফকিহ ও আলেমদের মতে নামাজের শেষ বৈঠকে যেকোনো স্বীকৃত ও সঠিক দরূদ পাঠ করলেই নামাজের এই সুন্নাতটি পুরোপুরি আদায় হয়ে যাবে। বিখ্যাত আলেম ইবনে হাজার হাইতামি রহ. ও হানাফি ফকিহগণের বক্তব্য অনুযায়ী দরূদে ইবরাহিম সর্বোত্তম হলেও অন্য যেকোনো শব্দে দরূদ পড়লে নামাজের কোনো ক্ষতি হয় না। যেহেতু ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ একটি স্বীকৃত ও পূর্ণাঙ্গ দরূদ তাই নামাজে এটি পাঠ করাকেও ধর্মীয় আইন অনুযায়ী যথেষ্ট বলে মনে করা হয়। তবে একজন সচেতন মুসলিমের জন্য নামাজের প্রতিটি দোয়া ও বিশেষ করে দরূদে ইবরাহিম সহিহভাবে শিখে নেওয়া অত্যন্ত জরুরি ও ভাগ্যের বিষয়। ইবাদতের পূর্ণ সওয়াব ও মর্যাদা নিশ্চিত করতে দরূদে ইবরাহিম মুখস্থ না থাকলে তা অবহেলা না করে দ্রুত মুখস্থ করে নেওয়া প্রত্যেক মুমিনের নৈতিক দায়িত্ব। ধর্মীয় এই বিধানটি সঠিকভাবে পালনের মাধ্যমে নামাজের একাগ্রতা বাড়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করা সম্ভব হয়। নামাজ, দরূদে ইবরাহিম, ইসলাম ও জীবন, নামাজের দোয়া, মাসয়ালা, দরূদ পাঠের নিয়ম, ইসলামি প্রশ্ন উত্তর, ইবাদত, নামাজের বিধান, সুন্নাত, রাসূলের দরূদ, নামাজের মাসায়েল, ইসলামি শিক্ষা, ধর্মীয় জিজ্ঞাসা, নামাজের ফজিলত।
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) মুসলিমরা উদ্যাপন করবেন পবিত্র ঈদুল ফিতর। আনন্দঘন এই দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহসহ বিভিন্ন মসজিদে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। দীর্ঘ সময় বিরতির কারণে অনেকেই ঈদের নামাজের নিয়ত, নিয়ম এবং তাকবির ভুলে যান। তাই এখানে ঈদের দিন যথাযথভাবে নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো— ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবি: نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَر বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তা’আলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার। অর্থ: “আমি ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি — ‘আল্লাহু আকবার।’” ঈদের নামাজ পড়ার নিয়ম ঈমামের তাকরিরে তাহরিমা “আল্লাহু আকবার” বলে হাত বাঁধা শুরু করতে হবে। তাকবিরে তাহরিমার পর ছানা পড়তে হবে: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।” এরপর অতিরিক্ত ৩ তাকবির প্রদান করা হবে, প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত তুলে ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবিরে হাত তাকবিরে তাহরিমার মতো বাঁধতে হবে। এরপর আউজুবিল্লাহ-বিসমিল্লাহসহ সুরা ফাতিহা পড়া এবং আরেকটি সুরা সংযোজন করে প্রথম রাকাত সম্পন্ন করতে হবে। দ্বিতীয় রাকাতে একইভাবে বিসমিল্লাহ, ফাতিহা ও আরেকটি সুরা পড়া হবে এবং ৩ অতিরিক্ত তাকবির দেওয়া হবে। তারপর নিয়মিত রুকু-সিজদা সম্পন্ন করে বৈঠকে বসা, তাশাহহুদ, দরূদ ও দোয়া পড়ার মাধ্যমে নামাজ শেষ হবে। নামাজের পর তাকবির ঈদের নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়তে হয়। আরবি ও বাংলা উচ্চারণ নিম্নরূপ: আরবি: اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد বাংলা: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া-লিল্লাহিল হামদ্।” এ সময় ইমাম দু’টি খুতবা দেবেন। মুসল্লিদের মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে।