সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

মেয়র জোহরান মামদানি

ঈদে মিলাদুন্নবীতে নিউইয়র্কের মুসলিমদের শুভেচ্ছা জানালেন মেয়র মামদানি
ঈদে মিলাদুন্নবীতে নিউইয়র্কের মুসলিমদের শুভেচ্ছা জানালেন মেয়র মামদানি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নিউইয়র্ক সিটি ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘মাওলিদ আল-নবী মোবারক’।   বার্তায় মামদানি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও দীর্ঘস্থায়ী আদর্শের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহানবীর দয়া, উদারতা, ন্যায়বিচার, বিশ্বাস ও মানুষের সেবার শিক্ষা ১ হাজার ৪০০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সম্প্রদায়কে অনুপ্রাণিত করে আসছে।   নিউইয়র্কের প্রসঙ্গ তুলে মামদানি বলেন, মহানবীর আদর্শ একে অপরের যত্ন নেওয়া, বৈচিত্র্যকে গ্রহণ করা এবং নিজেদের কমিউনিটির সেবায় কাজ করার কথা মনে করিয়ে দেয়। এসব মূল্যবোধ সবার জন্য আরও ভালো নিউইয়র্ক সিটি গড়ে তুলতে মানুষকে শক্তি জোগায় বলেও উল্লেখ করেন তিনি।   মামদানি তার বার্তার শেষাংশে মিলাদুন্নবী পালনকারী সবার জন্য আনন্দ, শান্তি ও বরকাময় জীবনের শুভকামনা জানান।   মিলাদুন্নবী মুসলিমদের কাছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করে থাকেন।

নীলুফা নিশাত আগস্ট ২৫, ২০২৬ ১৪:০
নিউইয়র্কে হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের অনুষ্ঠান নিয়ে মামদানির আপত্তি
নিউইয়র্কে হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের অনুষ্ঠান নিয়ে মামদানির আপত্তি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আগামী শনিবার ম্যানহাটানে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার অনুষ্ঠানের বিরোধিতা করেছেন। তবে অনুষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হওয়ায় এটি বাতিল করার ক্ষেত্রে সিটি প্রশাসনের আইনগত ক্ষমতা আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।   ২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানি বলেন, তিনি এই অনুষ্ঠান সমর্থন করেন না। তবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন বাতিল করার এখতিয়ার নিউইয়র্ক সিটির আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।   আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠেয় এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’। এতে যুক্তরাষ্ট্রজুড়ে ২০০টির বেশি হিন্দু আমেরিকান সংগঠন অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানের মূল লক্ষ্য ঐক্য, সামাজিক সম্প্রীতি, নাগরিক দায়িত্ব ও বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপ জোরদার করা।   অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যুক্তরাষ্ট্রে তার এ সফরকে সংগঠনটির শতবর্ষ উদযাপন এবং বৈশ্বিক সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।   মামদানি বলেন, ভারতে বেড়ে ওঠার সময় তিনি যে দেশের ধারণার সঙ্গে পরিচিত হয়েছেন, সেটি ছিল বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ একটি সমাজ, যেখানে ভারতের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও অন্তর্ভুক্তির জায়গা রয়েছে। সেই দৃষ্টিভঙ্গির বিপরীতে কোনো দেশকে বাদ দেওয়ার বা বিভাজনের ভিত্তিতে পরিচালিত করার ধারণার উত্থান তাকে উদ্বিগ্ন করে বলেও জানান তিনি।   আরএসএসকে ঘিরে যুক্তরাষ্ট্রেও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন সংগঠনটির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা ও সহিংসতার অভিযোগ তুলে মোহন ভাগবতের সফর নিয়ে আপত্তি জানিয়েছে। তবে আরএসএস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেদের একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন হিসেবে তুলে ধরে।   মামদানির অবস্থানের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও নাগরিক অধিকার সংগঠনও ভাগবতের নিউইয়র্ক সফর ও অনুষ্ঠানের বিরোধিতা করেছে। অন্যদিকে আয়োজক হিন্দু আমেরিকান সংগঠনগুলো অনুষ্ঠানটিকে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেওয়ার একটি উদ্যোগ হিসেবে বর্ণনা করছে।   এদিকে অনুষ্ঠানটি বাতিল করার দাবি উঠলেও এখন পর্যন্ত নিউইয়র্ক সিটি প্রশাসন এটি বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি। মামদানির বক্তব্য অনুযায়ী, ব্যক্তিগতভাবে আয়োজিত একটি অনুষ্ঠানে হস্তক্ষেপ করার আইনগত এখতিয়ার সিটির রয়েছে কি না, সেটিই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

নীলুফা নিশাত আগস্ট ২৫, ২০২৬ ১৪:০
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি
মামদানির সরকারি গ্রোসারি স্টোর পরিকল্পনার বিরুদ্ধে মামলা অভিবাসী ব্যবসায়ীদের

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সরকারি গ্রোসারি স্টোর চালুর পরিকল্পনার বিরুদ্ধে মামলা করেছেন অভিবাসী মালিকানাধীন গ্রোসারি ও বডেগা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারি অর্থ ও ভর্তুকির সুবিধায় পরিচালিত এসব স্টোর স্থানীয় ছোট ব্যবসার সঙ্গে অন্যায্য প্রতিযোগিতা তৈরি করবে।   মামদানির পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্কের পাঁচ বরোতে পাঁচটি সরকারি গ্রোসারি স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্দিষ্ট একটি তালিকা বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে বিক্রির পরিকল্পনা রয়েছে।   শহর কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য নিউইয়র্কের বাসিন্দাদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় থেকে কিছুটা স্বস্তি দেওয়া। বিশেষ করে যেসব পরিবার খাদ্যপণ্যের বাড়তি দামের কারণে চাপে রয়েছে, তারা এসব স্টোর থেকে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।   এই পরিকল্পনা বাস্তবায়নে নিউইয়র্ক সিটি প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ করেছে। প্রথম সরকারি গ্রোসারি স্টোরটি ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় ২০২৭ সালের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পাঁচ বরোতেই একটি করে স্টোর চালুর লক্ষ্য রয়েছে।   তবে এই উদ্যোগের বিরোধিতা করছেন অভিবাসী ও সংখ্যালঘু মালিকানাধীন ছোট ব্যবসার প্রতিনিধিরা। মাল্টিকালচারাল বিজনেস কোয়ালিশন-এর অধীনে থাকা ব্যবসায়ীদের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।   মামলাকারীদের অভিযোগ, সরকারি সহায়তা ও ভর্তুকি পাওয়া স্টোরের সঙ্গে সাধারণ ছোট ব্যবসার পক্ষে প্রতিযোগিতা করা কঠিন হবে। কারণ বেসরকারি দোকানগুলোকে ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও অন্যান্য পরিচালন ব্যয় নিজেদের বহন করতে হয়।   ব্যবসায়ীদের আশঙ্কা, সরকারি গ্রোসারি স্টোরগুলো যদি দীর্ঘমেয়াদে কম দামে পণ্য বিক্রি করে, তাহলে আশপাশের ছোট গ্রোসারি ও বডেগাগুলো ক্রেতা হারাতে পারে। এতে দীর্ঘদিন ধরে অভিবাসী পরিবারগুলোর মালিকানায় পরিচালিত ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে।   মামলাকারীরা এই উদ্যোগকে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্টের সঙ্গে তুলনা করেছেন। তাদের যুক্তি, বড় প্রতিষ্ঠানের সঙ্গে ছোট দোকানের প্রতিযোগিতা যেমন কঠিন, তেমনি সরকারি অর্থে পরিচালিত কম দামের স্টোরও স্থানীয় ব্যবসার জন্য একই ধরনের চাপ তৈরি করতে পারে।   অন্যদিকে, মামদানির প্রশাসনের বক্তব্য, সরকারি গ্রোসারি স্টোরের উদ্দেশ্য ছোট ব্যবসা ধ্বংস করা নয়; বরং নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী দামে স্বাস্থ্যকর ও প্রয়োজনীয় খাদ্যপণ্য নিশ্চিত করা।   পরিকল্পনার আরেকটি দিক হলো, স্টোরগুলোর দৈনন্দিন কার্যক্রম সরাসরি সরকারি কর্মীদের দিয়ে পরিচালনার বদলে অভিজ্ঞ বেসরকারি গ্রোসারি অপারেটরদের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।   ফলে মামদানির এই উদ্যোগ এখন একদিকে কম দামে খাদ্যপণ্য সরবরাহের প্রতিশ্রুতি, অন্যদিকে ছোট ও অভিবাসী মালিকানাধীন ব্যবসা রক্ষার দাবির মধ্যে নতুন বিতর্ক তৈরি করেছে।   সরকারি গ্রোসারি স্টোরগুলো শেষ পর্যন্ত নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে কতটা সফল হবে, আর একই সঙ্গে স্থানীয় ছোট ব্যবসার ওপর কী প্রভাব ফেলবে—আদালতের মামলার পাশাপাশি এখন সেটিই বড় প্রশ্ন হয়ে উঠেছে।

বায়জিদ হাসান আগস্ট ২৩, ২০২৬ ১৪:০
ছবি: বাম থেকে টেড ক্রুজ, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানি।
২০২৮ এ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, মামদানি কোন পদে: ভবিষ্যদ্বাণী টেড ক্রুজের

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে। তবে এরই মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তার দাবি, নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন। আর নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি ভবিষ্যতে দীর্ঘদিনের সিনেটর চাক শুমারের জায়গা নিতে পারেন।   বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে এসব মন্তব্য করেন ক্রুজ।   ক্রুজ বলেন, তার ধারণা আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন এবং মামদানি নিউইয়র্ক থেকে সিনেটে চাক শুমারের স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করবেন। তবে এগুলো ক্রুজের রাজনৈতিক পূর্বাভাস। আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেননি এবং মামদানিও শুমারের সিনেট আসনে লড়ার কোনো ঘোষণা দেননি।   ক্রুজের বক্তব্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের উত্থান নিয়ে কিছু রিপাবলিকানের উচ্ছ্বাসের সমালোচনা করেন।   ক্রুজ বলেন, রাজনৈতিকভাবে প্রতিপক্ষের দুর্বলতা রিপাবলিকানদের জন্য সুবিধাজনক মনে হলেও দেশের স্বার্থে দুটি কার্যকর রাজনৈতিক দল থাকা প্রয়োজন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এমন দুটি দল প্রয়োজন, যারা দেশকে ভালোবাসে।   আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং দলের প্রগতিশীল ধারার অন্যতম পরিচিত মুখ। জাতীয় রাজনীতিতে তার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি এখনো আনুষ্ঠানিক কোনো প্রার্থিতা ঘোষণা করেননি।   অন্যদিকে জোহরান মামদানি বর্তমানে নিউইয়র্ক সিটির মেয়র। ২০২৬ সালের ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্সের একটি এলাকার প্রতিনিধিত্ব করেছেন।   ক্রুজ আলাদা একটি পোস্টে সিনেটর চাক শুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তার দাবি, শুমারের পক্ষে ভবিষ্যতে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পাওয়া কঠিন হবে। এমনকি রসিকতা করে তিনি বলেন, শুমার হয়তো আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের প্রথম সদস্য হবেন।   চাক শুমার ১৯৯৯ সাল থেকে নিউইয়র্কের মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ। ফলে তার সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারেন, তা নিউইয়র্কের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন।   তবে ২০২৮ সালের রাজনৈতিক সমীকরণ এখনো অনিশ্চিত। আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, জোহরান মামদানি বা চাক শুমারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্রুজ যে চিত্র তুলে ধরেছেন, সেটি কোনো ঘোষিত নির্বাচনী সিদ্ধান্ত নয়। আপাতত এটি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন এবং ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে টেড ক্রুজের রাজনৈতিক পূর্বাভাস।

নীলুফা নিশাত জুলাই ২৩, ২০২৬ ১৪:০
‘আমেরিকা ২৫০’ উদযাপনে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আলোকসজ্জা উদ্বোধনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী | ছবি: গেটি ইমেজেস
ভবিষ্যতের করদাতাদের ঋণী বানিয়ে নিউইয়র্কে রেকর্ড বাজেট পাস করলেন মেয়র মামদানী

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী এবং সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন যৌথভাবে ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ১২৫.৮ বিলিয়ন ডলারের একটি বাজেট চুক্তি ঘোষণা করেছেন। বাজেট ঘোষণার পর সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মেয়র মামদানী দাবি করেন, পুঁজিবাদীদের চেয়ে সমাজতন্ত্রীরা অর্থনীতি ভালো বোঝেন এবং পূর্বসূরিদের অর্থনৈতিক অব্যবস্থাপনা তাঁরা সহজেই সমাধান করতে পারেন।   তবে ম্যানহাটন ইনস্টিটিউটের পরিচালক ও আইনি নীতি বিষয়ক গবেষক জন কেচাম মেয়রের এই দাবিকে নিছক সস্তা প্রচারণা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সিটির এই নতুন বাজেটটি মোটেও টেকসই কাঠামোর ওপর দাঁড়িয়ে নেই। আপাতদৃষ্টিতে বাজেটটিকে ভারসাম্যপূর্ণ মনে হলেও এটি মূলত কিছু সাময়িক কৌশল ও আর্থিক কারচুপির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আগামী বছরগুলোতে সিটির জন্য বড় সংকট ডেকে আনবে।   বিশ্লেষকদের মতে, মেয়র মামদানী তাঁর সম্ভাব্য দুই মেয়াদের পেনশনের কিস্তি বাবদ প্রতি বছর ২ বিলিয়ন ডলার দেওয়া থেকে বাঁচতে বর্তমানের বিলটি ভবিষ্যতের করদাতাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। বর্তমানের কিস্তি ফাঁকি দেওয়ার এই হঠকারী সিদ্ধান্তের কারণে আগামী ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে সিটিকে অতিরিক্ত প্রায় ৭ বিলিয়ন ডলার সুদ গুনতে হবে। বর্তমানের দায় এড়াতে গিয়ে সিটির ভবিষ্যৎ অর্থনীতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।   সিটির এই চূড়ান্ত বাজেটে গত বছরের তুলনায় ব্যয় প্রায় ৮.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা গত বছর ছিল ১১৬ বিলিয়ন ডলার। মে মাসের প্রস্তাবিত খসড়া থেকে শুরু করে চূড়ান্ত চুক্তি হওয়া পর্যন্ত বিভিন্ন এজেন্সির কর্মসূচিতে মাত্র কয়েক দিনের ব্যবধানে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সিটির অভ্যন্তরীণ অর্থ প্রবাহ বা নগদ তহবিলের অবস্থা ক্রমশ মন্থর হয়ে পড়েছে, যেখানে ব্যয়ের তুলনায় রাজস্ব আয়ের প্রবৃদ্ধি খুবই নগণ্য।   বর্তমান বাজেটে সংকট এড়ানো গেলেও আগামী জানুয়ারি মাসেই মেয়রকে আবারও বড় ধরনের ঘাটতির মুখোমুখি হতে হবে। মেয়রের নিজস্ব হিসাব অনুযায়ী আগামী অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬.৪ বিলিয়ন ডলার, যা সিটির হিসাব নিয়ন্ত্রকের মতে ৮.৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আগামী বছর সিটির সরকারি কর্মচারীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেতন বাড়ানোর জন্য ইউনিয়নগুলোর পক্ষ থেকে বড় ধরনের চাপ আসবে, যা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল সিটির হাতে নেই।   তাছাড়া সমাজতান্ত্রিক এবং পুলিশ-বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর চাপে মেয়র মামদানী সিটির পুলিশ বাহিনীতে নতুন করে ৫৮০ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা বাতিল করেছেন, যা নিয়ে স্পিকারের সাথে তাঁর তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল। একই সাথে হাউজিং ভাউচার কর্মসূচির মতো ব্যয়বহুল প্রকল্পে খরচ বাড়ানোর ফলে সিটির ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, কোনো রকম সমাজতান্ত্রিক ব্যাখ্যা দিয়ে অর্থনীতির এই কঠিন বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয়।   সূত্র: নিউইয়র্ক পোস্ট

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ৫, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
আমেরিকার নির্বাচনে মেয়র মামদানির চমক, বড় নেতাদের হারিয়ে নতুনদের ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কংগ্রেসনাল ডেমোক্র্যাট প্রাইমারি বা অভ্যন্তরীণ প্রাথমিক বাছাই নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। নিউইয়র্ক সিটির প্রগতিশীল ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানির সমর্থনে লড়াকু তিন বামপন্থী প্রার্থী এক বিশাল জয় পেয়েছেন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, মেয়রের সমর্থনপুষ্ট এই তিন প্রার্থী—ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভালদেজ এবং দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে দুজন প্রার্থী সরাসরি ডেমোক্র্যাট দলের বর্তমান ও দীর্ঘদিনের প্রভাবশালী কংগ্রেস সদস্যদের পরাজিত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।   ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শের মেয়র জোহরান মামদানির জন্য এটি একটি বিশাল রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় মামদানি স্পষ্ট করে বলেছিলেন, এটি শুধু বেশি সংখ্যায় ডেমোক্র্যাট নির্বাচিত করার বিষয় নয়, বরং আরও যোগ্য ও ভালো ডেমোক্র্যাট নির্বাচিত করার লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের সাধারণ ভোটাররা ঐতিহ্যবাহী ও প্রচলিত ধারার রাজনীতির ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তাঁরা নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন বা বাড়ি সাফ করতে প্রস্তুত। মেয়রের প্রার্থীরা মূলত ভোটারদের সেই পরিবর্তনকামী মনোভাব ও ক্ষোভকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে এনেছেন।   এবারের নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ডেমোক্র্যাট দলের বড় বড় নীতি-নির্ধারক ও প্রতিষ্ঠিত নেতাদের ওপর। বিশেষ করে গভর্নর ক্যাথি হোকুল এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিসের মতো শীর্ষ নেতাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। ভোটাররা ওয়াশিংটনের রাজনৈতিক নিষ্ক্রিয়তা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের দুর্বল প্রতিরোধে ক্লান্ত হয়ে পড়েছেন। এই ফলাফলের কারণে সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের মতো দীর্ঘ ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা বাঘা বাঘা নেতারা ২০২৮ সালের পরবর্তী নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি এই জয়ের সূত্র ধরে প্রগতিশীল নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আগামীতে চাক শুমারকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারেন।   তিনটি আসনের ভোটের চিত্রে দেখা যায়, ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশ নিয়ে গঠিত আসনে অবসর নেওয়া প্রবীণ কংগ্রেসওম্যান নিদিয়া ভেলাজকুয়েজের উত্তরসূরি হিসেবে জয়ী হয়েছেন ক্লেয়ার ভালদেজ। তিনি বর্তমান মেয়রের সমর্থনে লড়ে অন্য সব বড় প্রার্থীকে পেছনে ফেলেছেন। অন্যদিকে, ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে লোয়ার ম্যানহাটন ও ব্রুকলিনের এই আসনে নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার সরাসরি হারিয়ে দিয়েছেন বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে। গত বছরের মেয়র নির্বাচনে মামদানি ও ল্যান্ডার একে অপরকে পারস্পরিক সমর্থন দিয়েছিলেন।   তবে এই রাতের সবচেয়ে বড় ও চমকপ্রদ ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে। এখানে ওয়াশিংটন হাইটস ও হারলেম এলাকায় মেয়র মামদানির সমর্থনে জয়ী হয়েছেন দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। তিনি ২০১৭ সাল থেকে টানা ক্ষমতায় থাকা এবং কংগ্রেসনাল হিস্পানিক ককাসের চেয়ারম্যান আদ্রিয়ানো এস্পাইলাতকে সরাসরি ভোটে হারিয়ে দিয়েছেন। অথচ পরাজিত এই হেভিওয়েট প্রার্থীকে স্বয়ং গভর্নর ক্যাথি হোকুল ও দলের শীর্ষ নেতারা সমর্থন করেছিলেন।   নভেম্বরের চূড়ান্ত নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের এই বামপন্থী বা প্রগতিশীল মোড় রিপাবলিকানদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। রিপাবলিকানরা সাধারণ মধ্যপন্থী ডেমোক্র্যাট ভোটারদের নিজেদের দিকে টানতে এই বিষয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। তবে সব মিলিয়ে নিউইয়র্কের এই অভ্যন্তরীণ ভোট প্রমাণ করেছে যে, আমেরিকার মূলধারার রাজনীতিতে প্রগতিশীল ও তরুণ প্রজন্মের এক নতুন ঢেউ আছড়ে পড়ছে।

তাবাস্সুম জুন ২৩, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ২-কে চাইল্ড কেয়ারের আবেদন শুরু, দুই বছর বয়সীদের জন্য বিনামূল্যে সেবা চালু

নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার কর্মসূচি ‘২-কে’-র আবেদন প্রক্রিয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেয়র জোহরান মামদানির সাশ্রয়ী ও সর্বজনীন চাইল্ড কেয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে শহরের সব শ্রেণির পরিবারের শিশুদের বিনামূল্যে সেবা দেওয়া হবে, যা শহরের ইতিহাসে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে।   শহর প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নিউইয়র্কে কেন্দ্রভিত্তিক চাইল্ড কেয়ার সেবার জন্য পরিবারগুলোকে গড়ে বছরে ২৩ হাজার ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে। কার্যক্রম অনুযায়ী, আগ্রহী পরিবারগুলো শিক্ষা বিভাগের অনলাইন পোর্টাল ‘মাইস্কুলস’-এ আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ৪ আগস্টের মধ্যে নির্বাচিত শিশুদের আসন বরাদ্দের তথ্য জানানো হবে।   প্রাথমিক পর্যায়ে চলতি বছরের সেপ্টেম্বরে পাঁচটি বরো থেকে বাছাই করা উচ্চ-চাহিদাসম্পন্ন পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে মোট ২ হাজার আসন নিয়ে এই কার্যক্রম শুরু হবে। নির্বাচিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস ও ইনউড, ব্রুকলিনের ব্রাউনসভিল ও ক্যানার্সি, ব্রঙ্কসের ফোর্ডহ্যাম ও বেলমন্ট এবং কুইন্সের ওজোন পার্ক ও রকঅ্যাওয়েজ অঞ্চল।   পরিকল্পনা অনুযায়ী আগামী বছরে আসন সংখ্যা বাড়িয়ে ১২ হাজারে উন্নীত করা হবে। মেয়র মামদানি তার প্রথম মেয়াদের শেষ নাগাদ এই সুবিধা পুরো শহরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সময়সূচি কাঠামো। প্রচলিত ৩-কে ও প্রি-কে প্রোগ্রামে যেখানে সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত সেবা দেওয়া হয়, সেখানে ২-কে কর্মসূচিতে ডিফল্ট সময় হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং এটি সারা বছর ১২ মাস চালু থাকবে।   এর ফলে স্কুল-পরবর্তী ও গ্রীষ্মকালীন চাইল্ড কেয়ার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার চলতি বছরে ৭৩ মিলিয়ন ডলার এবং আগামী বছরের জন্য ৪২৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

তাবাস্সুম জুন ২, ২০২৬ ১৪:০
তরুণদের ক্ষোভের মুখে মেয়র জোহরান মামদানি
“ভাড়া অসম্ভব বেশি”: ব্রঙ্কসের গণশুনানিতে তরুণদের ক্ষোভের মুখে মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির তীব্র আবাসন সংকট এবং লাগামহীন ভাড়া বৃদ্ধির কারণে ব্রঙ্কসের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা কীভাবে নিজেদের চেনা শহর থেকে ছিটকে পড়ছে, সেই বাস্তবতা সরাসরি শুনেছেন সিটির নতুন মেয়র জোহরান মামদানি।   গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে আয়োজিত এক বিশেষ গণশুনানিতে কয়েক শ শিক্ষার্থী, ভাড়াটে, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় বাসিন্দা মেয়রের মুখোমুখি হন।   অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘মোর পারফেক্ট ইউনিয়ন’-এর উচ্চশিক্ষা শাখা ‘মোর পারফেক্ট ইউনিভার্সিটি’ এবং মেয়রের কার্যালয়ের যৌথ উদ্যোগে। আয়োজিত এই “স্টুডেন্টস রেন্টাল রিপঅফ হিয়ারিং”-এ অংশগ্রহণকারীরা সরাসরি আবাসন সংকট, উচ্ছেদ, নিরাপত্তাহীনতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন।   অনুষ্ঠানের শুরু থেকেই মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত অনেক শিক্ষার্থীর মাথায় ছিল মেয়রের সিগনেচার রঙ হলুদ ও লালে লেখা স্লোগান “দি রেন্ট ইজ টু ড্যাম হাই”। শুনানিতে একের পর এক শিক্ষার্থী ও তরুণ ভাড়াটে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।   সাউথ ব্রঙ্কসে জন্ম নেওয়া এক কলেজ সিনিয়ার ও ভাড়াটে সংগঠক জানান, ভাড়া বৃদ্ধির কারণে তার পরিবার চেনা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ‘সিইউএনডব্লিউ কেয়ার্স’-এর লিড অ্যাডভোকেট ব্রিটানি লাঞ্জানো জানান, ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ২৫০০ ডলারে পৌঁছানোর পর চার বছর আগে তিনি কুইন্সে চলে যান, যেখানে ভাড়া প্রায় এক হাজার ডলার কম ছিল।   ন্যাশনাল ক্লিন ওয়াটার কালেক্টিভ ইয়ুথ কাউন্সিলের এক শিক্ষক প্রশ্ন তোলেন, সিটির ইতিহাসে সর্বোচ্চ ভাড়া পরিশোধের পরও কেন নিরাপদ পানির মতো মৌলিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না।   গণশুনানির দুই দিন আগে মেয়র মামদানির প্রশাসন সিটির নতুন আবাসন এজেন্ডা “ব্লক বাই ব্লক: দ্য হাউজিং প্ল্যান ফর আ নিউ এরা” ঘোষণা করে। শুনানিতে তিনি পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরেন।   পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২২ বিলিয়ন ডলারের পুঁজি বিনিয়োগের মাধ্যমে ২ লাখ সাশ্রয়ী ও স্থায়ী রেন্ট-স্ট্যাবিলাইজড আবাসন নির্মাণ এবং আরও ২ লাখ আবাসন সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।   এছাড়া ভাড়াটেদের অধিকার শক্তিশালী করতে ‘টেন্যান্ট ইউনিয়ন’ কাঠামো জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। কোনো ভবনের সংখ্যাগরিষ্ঠ ভাড়াটে সংগঠিত হলে সিটি এজেন্সিগুলো পুরো ভবনে সমন্বিত পরিদর্শন ও ব্যবস্থা নিতে পারবে বলে জানান মেয়র। অসৎ বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে “ফিক্স দ্য সিটি” নামে নতুন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করা হয়। এর মাধ্যমে ইতিমধ্যে ৬৫ মিলিয়ন ডলার জরিমানা আদায় করা হয়েছে বলে জানানো হয়।   তিনি বলেন, শহরের প্রশাসন এখন ভাড়াটেদের বৃহৎ অংশকে অবহেলার চোখে দেখবে না এবং আবাসন সংকট সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা হবে।   আবাসনের গুণগত মান নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, সংকট শুধু উচ্চ ভাড়ার নয়, বরং জরাজীর্ণ ও অনিরাপদ বাসস্থানেরও। এ সমস্যা সমাধানে পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়ম ভঙ্গকারী বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।   তিনি আরও বলেন, গুরুতর অনিয়মকারী মালিকদের সম্পত্তি প্রয়োজনে অলাভজনক সংস্থা বা ভাড়াটেদের নিয়ন্ত্রণে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সহজ করা হবে।   হোসটোস কমিউনিটি কলেজ দীর্ঘদিন ধরে ব্রঙ্কসের সামাজিক ও নাগরিক আন্দোলনের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। আগামী ৮ জুন সেখানে নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ডের বার্ষিক ব্রঙ্কস পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ভাড়ার হার ও আবাসন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।  

নীলুফা নিশাত জুন ২, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Top week

ওমরা করতে গিয়ে মসজিদে নববীর সাউন্ড ঠিক করতে ১০ বছর কাটালেন প্রকৌশলী

ওমরা করতে গিয়ে মসজিদে নববীর সাউন্ড ঠিক করতে ১০ বছর কাটালেন প্রকৌশলী

নীলুফা নিশাত আগস্ট ৩১, ২০২৬ ১৪:০