সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

শিক্ষা বৃত্তি

মেলানিয়া ট্রাম্প
ফস্টার কেয়ারের শিক্ষার্থীদের বৃত্তি ঘোষণা করলেন মেলানিয়া ট্রাম্প, তহবিলে ৭২ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে ফস্টার কেয়ারে থাকা অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির (এলএসইউ) সঙ্গে ৭২ লাখ ডলারের স্থায়ী বৃত্তি তহবিল ঘোষণা করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) লুইজিয়ানার ব্যাটন রুজে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়েড রুসের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার’ কর্মসূচির আওতায় এলএসইউর শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া হবে।   হোয়াইট হাউসের চূড়ান্ত ঘোষণা অনুযায়ী, ব্যাটন রুজভিত্তিক বৈদ্যুতিক ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমআর গ্রুপ তহবিলে ৫০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এলএসইউ ফাউন্ডেশনের অন্য দাতাদের অনুদান মিলিয়ে মোট অঙ্ক দাঁড়িয়েছে ৭২ লাখ ডলারে। এর আগে ৪ নভেম্বর হোয়াইট হাউস ৫০ লাখ ডলারের কথা জানিয়েছিল। নতুন ঘোষণায় সব দাতার অনুদান মিলিয়ে তহবিলের পূর্ণ অঙ্ক জানানো হয়।    মেলানিয়া জানান, চলতি সেমিস্টারে এলএসইউতে ১৪ জন এবং ইউনিভার্সিটি অব আলাবামায় নয়জন শিক্ষার্থী ‘ফস্টারিং দ্য ফিউচার’ কর্মসূচির সহায়তা পাচ্ছেন। সারা দেশে ২৬টি প্রতিষ্ঠানে সহায়তা পাওয়া ১০০ শিক্ষার্থীর মধ্যে তাঁরা রয়েছেন। এলএসইউর নতুন তহবিল থেকে একজন শিক্ষার্থী কত টাকা পাবেন, কোন খরচ বৃত্তির আওতায় পড়বে বা পরবর্তী দফায় কবে আবেদন নেওয়া হবে, সে তথ্য হোয়াইট হাউসের ঘোষণায় উল্লেখ করা হয়নি।    ফস্টার কেয়ার ব্যবস্থায় শিশুরা নিজ পরিবারের বাইরে অনুমোদিত পরিবার বা অন্য পরিচর্যা ব্যবস্থায় থাকে। এলএসইউর প্রেসিডেন্ট ওয়েড রুস বলেন, শিক্ষার্থীর পারিবারিক পরিস্থিতি যেন উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পথে বাধা না হয়, সে বিষয়টিকে বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিচ্ছে। মেলানিয়া বলেন, বৃত্তির মাধ্যমে ফস্টার কেয়ার থেকে আসা তরুণদের পড়াশোনার ভিত্তি মজবুত করার পাশাপাশি কর্মজীবনে প্রবেশ ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতিতে সহায়তা দেওয়াই কর্মসূচির লক্ষ্য।   মেলানিয়া ২০২১ সালে তাঁর ‘বি বেস্ট’ উদ্যোগের অংশ হিসেবে ‘ফস্টারিং দ্য ফিউচার’ চালু করেন। ২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে ফস্টার কেয়ার থেকে বেরিয়ে আসা তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও আবাসনের সুযোগ বাড়াতে সরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে কংগ্রেসে মেলানিয়া বলেন, আবাসন ও যাতায়াতের সমস্যা এসব তরুণের পড়াশোনা এবং পরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বাধা তৈরি করে। তাঁদের জন্য সহায়তা বাড়ানোর প্রস্তাবগুলো হাউসে পাস হয়েছে। সেগুলো এখন সিনেটে বিবেচনার অপেক্ষায় রয়েছে।    সংবাদসূত্র — হোয়াইট হাউস, অ্যাসোসিয়েটেড প্রেস, লুইজিয়ানা ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৭, ২০২৬ ১৩:০ 0
পরিবারের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার বা তার কম হলে যোগ্য শিক্ষার্থীদের টিউশন, আবাসন ও খাবারের খরচ বহন করবে বোস্টন ইউনিভার্সিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
৭৫ হাজার ডলারের কম আয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়তে পারবেন বোস্টন ইউনিভার্সিটিতে

যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বোস্টন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির নতুন ‘বিইউ প্রমিজ’ কর্মসূচির আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী যেসব পরিবারের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার বা তার কম, তাদের সন্তানরা টিউশন ফি, আবাসন ও খাবারের খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাবেন। অন্যদিকে, ২ লাখ ডলারের কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ আর্থিক সহায়তা। পরিবারের আয় ও সম্পদের ভিত্তিতে এসব সুবিধা নির্ধারণ করা হবে।   বোস্টন ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২ লাখ ডলারের কম আয়ের পরিবারের যোগ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় টিউশন ফি সম্পূর্ণ বহন করবে। পাশাপাশি আবাসন ও খাবারের খরচের একটি অংশও আর্থিক সহায়তার আওতায় আসবে। ফলে পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ডলারের মধ্যে হলে শিক্ষাবাবদ বছরে সর্বোচ্চ ২০ হাজার ডলার দিতে হবে। ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার আয়ের পরিবারের জন্য এই ব্যয় ১৫ হাজার ডলারের মধ্যে এবং ৭৫ হাজার ১ ডলার থেকে ১ লাখ ডলার আয়ের পরিবারের জন্য ১০ হাজার ডলারের মধ্যে সীমিত থাকবে।   বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে শুধু টিউশন ফি ৭৩ হাজার ২৪ ডলার। আবাসন, খাবার ও অন্যান্য খরচ যুক্ত হলে একজন আবাসিক শিক্ষার্থীর মোট বার্ষিক ব্যয় প্রায় ৯৮ হাজার ৪১৯ ডলারে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ৭৫ হাজার ডলার বা তার কম আয়ের পরিবারের জন্য সম্পূর্ণ শিক্ষাব্যয় বহনের এই উদ্যোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করছে।   এই কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজন পূরণের জন্য যে সহায়তা দেবে, তাতে কোনো শিক্ষার্থী ঋণ অন্তর্ভুক্ত করা হবে না। অর্থাৎ আর্থিক সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন ঋণ নিতে বাধ্য করা হবে না। তবে যোগ্য শিক্ষার্থীরা চাইলে আলাদাভাবে ফেডারেল শিক্ষাঋণ গ্রহণ করতে পারবেন। সেটি সম্পূর্ণ ঐচ্ছিক। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। বিইউ প্রমিজ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যারা প্রথমবার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হবেন। স্থানান্তরিত শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই নির্দিষ্ট কর্মসূচির আওতায় পড়বেন না। পাশাপাশি পরিবারের আয়ের সঙ্গে সঞ্চয়, বিনিয়োগ, ব্যবসায়িক সম্পদ এবং নিজস্ব বাড়ি ছাড়া অন্যান্য স্থাবর সম্পদের পরিমাণও বিবেচনা করা হবে। তাই শুধু আয়ের সীমা পূরণ করলেই সুবিধা নিশ্চিত হবে না।   বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেল স্টুডেন্ট এইডের জন্য আবেদনপত্র (এফএএফএসএ) এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আর্থিক তথ্যসংক্রান্ত আবেদনপত্র (সিএসএস প্রোফাইল) জমা দিতে হবে। প্রথম বর্ষে আর্থিক যোগ্যতা নির্ধারিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সহায়তা চার বছর পর্যন্ত বজায় রাখার ব্যবস্থাও রয়েছে। টিউশন ফি বাড়লে বিশ্ববিদ্যালয়ের বৃত্তির পরিমাণও একই হারে বাড়বে।   উচ্চশিক্ষার ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ ধরনের উদ্যোগ নিয়েছে। হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এমআইটি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আয়ভিত্তিক আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য ব্যয় কমানোর সুযোগ দিচ্ছে। বোস্টন ইউনিভার্সিটির নতুন উদ্যোগও সেই ধারাকে আরও বিস্তৃত করল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তানদের জন্যও এই ঘোষণা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, তাদের পরিবারের আর্থিক পরিকল্পনায় এই ধরনের সহায়তা বড় ভূমিকা রাখতে পারে। তবে আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যোগ্যতা ও সম্পদের শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ১, ২০২৬ ১৩:০ 0
স্নাতক ডিগ্রি নিয়েই যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ
যুক্তরাষ্ট্রের পাঁচ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ছাড়াই পিএইচডির সুযোগ, জানুন বিস্তারিত তালিকা

মাস্টার্স না করেও স্নাতক ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যায়। এসব প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতা সহকারী হিসেবে কাজ কিংবা ফেলোশিপের মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। তবে ভর্তির যোগ্যতা ও ফান্ডিং বিভাগভেদে আলাদা। ফল ২০২৭ সেশনে সব প্রোগ্রামে নিশ্চিত পূর্ণ অর্থায়ন পাওয়া যাবে, এমন সাধারণ ঘোষণা হিসেবে বিষয়টি দেখার সুযোগ নেই।   সুযোগ থাকা প্রতিষ্ঠানগুলো হলো পারডিউ ইউনিভার্সিটি, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইন এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটি। প্রচারিত পোস্টে দ্বিতীয় প্রতিষ্ঠানটির নাম ‘জর্জিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি’ লেখা হলেও সঠিক নাম জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, যা জর্জিয়া টেক নামে পরিচিত। পারডিউ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি নির্দেশনায় স্নাতক ডিগ্রিধারীদের সরাসরি পিএইচডিতে বিবেচনার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, বিশেষভাবে ভালো স্নাতক ফল থাকা শিক্ষার্থীরা সরাসরি পিএইচডিতে আবেদন করতে পারেন। পারডিউ ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, অধিকাংশ পিএইচডি শিক্ষার্থী অ্যাসিস্ট্যান্টশিপ বা ফেলোশিপের মাধ্যমে ফান্ডিং পান। তবে এটি প্রত্যেক আবেদনকারীর জন্য অর্থায়নের নিশ্চয়তা নয়।  জর্জিয়া টেকের রোবোটিকস পিএইচডি প্রোগ্রামে স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়ে আবেদন করা যায়। অন্যদিকে, কম্পিউটার সায়েন্সের পিএইচডি ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের সাধারণত রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয়। এতে স্টাইপেন্ড ও টিউশন মওকুফের সুবিধা থাকে। পিএইচডি করতে আগ্রহীদের সরাসরি ডক্টরাল প্রোগ্রামেই আবেদন করতে বলা হয়েছে।  মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি পিএইচডি প্রোগ্রামে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সেখানে একজন উপযুক্ত শিক্ষকের গবেষণা তত্ত্বাবধানে নেওয়ার সম্মতিও প্রয়োজন। বিশ্ববিদ্যালয়টির নিয়মেই উল্লেখ রয়েছে, কিছু বিভাগ পিএইচডিতে ভর্তির আগে মাস্টার্স চাইতে পারে। ফলে একটি বিভাগের সুযোগকে পুরো বিশ্ববিদ্যালয়ের অভিন্ন নিয়ম ধরে নেওয়া ঠিক হবে না।  ফল ২০২৭ নিয়ে মিশিগান স্টেটের গণিত শিক্ষা বিষয়ক ডক্টরাল প্রোগ্রামের ওয়েবসাইটে আবেদন চালু থাকার তথ্য রয়েছে। ওই প্রোগ্রামে শর্তসাপেক্ষে অ্যাসিস্ট্যান্টশিপের সঙ্গে স্টাইপেন্ড, নির্ধারিত সীমার টিউশন সুবিধা ও হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়। সহায়তা অব্যাহত থাকা নির্ভর করে শিক্ষার্থীর অগ্রগতি, কাজের মান ও অর্থের প্রাপ্যতার ওপর। এটি ওই নির্দিষ্ট প্রোগ্রামের ঘোষণা।  ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইনের সিবেল স্কুল অব কম্পিউটিং অ্যান্ড ডেটা সায়েন্সের গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য চার বছরের স্নাতক বা গ্রহণযোগ্য সমমানের ডিগ্রি প্রয়োজন। তাদের পিএইচডির কাঠামোয় আগে মাস্টার্স না থাকা শিক্ষার্থীদের জন্যও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্কুলটির তথ্য অনুযায়ী, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া পিএইচডি শিক্ষার্থীরা রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পান, যার মধ্যে স্টাইপেন্ড ও পুরো টিউশন মওকুফ অন্তর্ভুক্ত।  ওহাইও স্টেট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্সেস গ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রাসঙ্গিক বিষয়ে চার বছরের স্নাতক বা উচ্চতর ডিগ্রি নিয়ে আবেদন করা যায়। ভর্তির আগে গবেষণা তত্ত্বাবধায়ক নিশ্চিত করতে হয়। প্রোগ্রামটি জানিয়েছে, পিএইচডি শিক্ষার্থীদের এক বছরের অর্থায়ন তারা দেয় এবং বাকি সময়ের অর্থায়ন তত্ত্বাবধায়ক বহন করেন। তবে উভয় পক্ষের বাজেটের ওপর এই সহায়তা নির্ভরশীল।  এসব তথ্য থেকে স্পষ্ট, মাস্টার্স ছাড়াই পিএইচডিতে আবেদনের সুযোগ এবং পূর্ণ অর্থায়ন দুটি আলাদা বিষয়। ফল ২০২৭ সেশনের জন্য আবেদন করতে হলে নির্বাচিত বিভাগের বিজ্ঞপ্তি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা, আবেদনের শেষ সময় এবং অর্থায়নের লিখিত শর্ত মিলিয়ে নিতে হবে। টিউশন মওকুফের পাশাপাশি স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স ও অর্থায়নের মেয়াদ কতটুকু থাকবে, সেটিও সংশ্লিষ্ট অফারের শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

অলিনা রহমান অক্টোবর ২০, ২০২৬ ১৪:০ 0
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ বৃত্তির ঘোষণা সৌদি আরবের
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ বৃত্তির ঘোষণা সৌদি আরবের

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।   রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং বিশেষ করে শিক্ষাব্যবস্থার উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছে।   শিক্ষাবৃত্তির পাশাপাশি বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ এবং শ্রমবাজারে প্রবেশ আরও সহজ করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে বিদ্যমান যেকোনো নিয়মতান্ত্রিক জটিলতা দ্রুত দূর করতে উভয় পক্ষই সম্মতি প্রকাশ করেছে। এছাড়া হজ ও ওমরাহ পালন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির বিষয়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।   বর্তমানে সৌদি আরবে বসবাসরত প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি সে দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো বিপুল রেমিট্যান্স বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও বড় ভূমিকা পালন করছে। দীর্ঘদিনের এই পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে উভয় দেশের সরকারই বিশেষ গুরুত্বারোপ করেছে। সাক্ষাতকালে সৌদি প্রতিনিধিদলের পক্ষে ভাইস অ্যাম্বাসাডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং কনস্যুলার সেকশনের ডেপুটি হেড মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

ইসতিয়াক আহমেদ জুলাই ১৭, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
আটলান্টিক সিটিতে মেয়রের শিক্ষাবৃত্তি কর্মসূচি ঘোষণা, আবেদন ১৫ জুন পর্যন্ত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে মেয়রের শিক্ষাবৃত্তি কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার (১০ জুন) সকালে লেফট্যানেন্ট গভর্নর শিলা অলিভার প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র চলতি বছরের স্কলারশিপের অর্থের পরিমাণ ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন।   ২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় এবার মোট ৫২টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে ২০২৬ সালের হাইস্কুল সিনিয়র শিক্ষার্থীদের জন্য ৪০টি এবং ট্রেড স্কুল, মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য ১২টি স্কলারশিপ বরাদ্দ রাখা হয়েছে। যোগ্য শিক্ষার্থীরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বৃত্তি পেতে পারেন।   বৃত্তির শর্ত অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া শিক্ষার্থীকে ২০২৬ সালের গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য অথবা সম্প্রতি মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া থাকতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে যারা এই স্কলারশিপ পেয়েছেন, তারা এবার নতুন করে আবেদনের জন্য যোগ্য হবেন না। বৃত্তির অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।   সিটি প্রশাসন জানায়, সিটি কর্মচারী ও কমিউনিটির সদস্যদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন বৃত্তি কমিটি আবেদনপত্র মূল্যায়ন করবে। সম্পূর্ণ প্রতিযোগিতামূলক স্কোরিং প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।   সংবাদ সম্মেলনে সিটি কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ এবং কাউন্সিলর এট লার্জ স্টিফেনি মার্শালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী সোমবার (১৫ জুন) বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে।

তাবাস্সুম জুন ১০, ২০২৬ ১৪:০ 0
ছবি: আমেরিকা বাংলা
১৭ কোটি টাকার বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা, মিশিগানে বাঙালি কমিউনিটিতে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাঙালি কমিউনিটির জন্য গর্বের এক নতুন অধ্যায় রচনা করেছেন অনন্যা চন্দ জেসি। ডেট্রয়েটের ক্যাস টেক হাইস্কুলের এই শিক্ষার্থী প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭ কোটি টাকার শিক্ষা বৃত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয় এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।   অনন্যা মিশিগানপ্রবাসী বিশ্বেশ্বর চন্দ ও শেলী শীল দম্পতির দ্বিতীয় কন্যা। তার এই সাফল্যের খবরে স্থানীয় বাঙালি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।   নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনন্যা জানান, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘প্রি-মেড’ বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এই অর্জন তাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।   অনন্যা বলেন, পড়াশোনা শেষ করে তিনি মেট্রো ডেট্রয়েট অঞ্চলের মানুষের সেবায় কাজ করতে চান।   শিক্ষাজীবনে অনন্যা একাডেমিক কৃতিত্বের পাশাপাশি নেতৃত্বমূলক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি ‘ন্যাশনাল অনার সোসাইটি’র সভাপতি এবং ‘অ্যাকাডেমিক গেমস’-এর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।   এ ছাড়া তিনি মিশিগান মেডিসিনের অ্যাডোলেসেন্ট হেলথ ইনিশিয়েটিভের রিচ বোর্ড এবং ‘ওমেন অব বাংলাটাউন ইউথ অ্যাডভাইজরি কাউন্সিল’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।   মেধার স্বীকৃতি হিসেবে অনন্যা ‘পালাজো স্ট্রজি’ পুরস্কারও অর্জন করেছেন। এই পুরস্কারের আওতায় ইতালিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে তার সামনে। তবে সব সুযোগের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেই নিজের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি।   নিজের এই সাফল্যের পেছনে বাবা-মা ও মেন্টরদের অবদানের কথা উল্লেখ করে অনন্যা বলেন, তাদের সমর্থন ও অনুপ্রেরণাই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।   কনিষ্ঠ শিক্ষার্থীদের উদ্দেশে অনন্যার বার্তা, “কখনো নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখবে না। মনে রাখবে, সাময়িক ব্যর্থতাও ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।”  

Unknown মে ১০, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০