ফ্লক ক্যামেরায় স্ত্রীর গাড়ি ৭১৭ বার ট্র্যাক, এক মাসেই ২৮০ বার খুঁজেছেন পুলিশ কর্মকর্তা
আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ তদন্তে ব্যবহৃত ফ্লক ক্যামেরা সিস্টেমে নিজের সেপারেটেড স্ত্রীর গাড়ির লাইসেন্স প্লেট ৭১৭ বার সার্চ করার অভিযোগ উঠেছে ফ্লোরিডার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তদন্তকারীদের অভিযোগ, এসব সার্চকে বৈধ পুলিশি অনুসন্ধান হিসেবে দেখাতে তিনি মাদক, ওয়ান্টেড ব্যক্তি ও গাড়িসংক্রান্ত অপরাধের মতো কারণও উল্লেখ করেছিলেন।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ক্রিস্টোফার গুডসন। ৩১ বছর বয়সী গুডসন হেইন্স সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত। আদালতে জমা দেওয়া প্রোবেবল কজ অ্যাফিডেভিট অনুযায়ী, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ফ্লক ডেটাবেসে স্ত্রীর গাড়ির লাইসেন্স প্লেট ৭১৭ বার সার্চ করেন। এর মধ্যে শুধু ২০২৫ সালের সেপ্টেম্বরেই তিনি ২৮০ বার গাড়িটি খুঁজেছেন।
তদন্তে বলা হয়েছে, ওই সময় গুডসনের সেপারেটেড স্ত্রী কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতায় ছিলেন না। তার গাড়িও কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত ছিল না। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ডেটাবেসে এতবার তার অবস্থান খোঁজার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।
বিষয়টি সামনে আসার পর গুডসন কর্তৃপক্ষকে জানান, সন্তানরা যখন তাদের মায়ের সঙ্গে থাকত তখন তারা কোথায় আছে, তা জানতেই তিনি এসব সার্চ করেছিলেন।
কিন্তু তদন্তকারীদের নজর পড়ে সার্চ করার সময় দেওয়া কারণগুলোর দিকে। অ্যাফিডেভিট অনুযায়ী, বিভিন্ন সময় তিনি ‘ক্রিমিনাল মোটর ভেহিকল অফেন্স’, ‘ওয়ান্টেড পারসন’ এবং ‘ড্রাগস/নারকোটিকস’সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন কারণ নির্বাচন করেছিলেন। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত উদ্দেশ্যে করা সার্চগুলোকে অফিসিয়াল পুলিশি কাজ হিসেবে দেখাতেই এসব কারণ ব্যবহার করা হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পেছনেও রয়েছে ভিন্ন ঘটনা। পুলিশি নথি অনুযায়ী, ১০ আগস্ট গুডসনের সেপারেটেড স্ত্রী তাকে জানান, ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক ফ্লক ডেটাবেসের সম্ভাব্য অপব্যবহার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এরপর গুডসন তার এক সুপারভাইজারকে জানান, তিনি স্ত্রীর গাড়ি নিয়ে ডেটাবেসে একাধিকবার অনুসন্ধান করেছিলেন।
এরপর তার সার্চ হিস্ট্রি পর্যালোচনা শুরু হয় এবং মোট ৭১৭টি অনুসন্ধানের তথ্য পাওয়া যায়।
ঘটনায় গুডসনের বিরুদ্ধে অফিসিয়াল মিসকন্ডাক্ট এবং কম্পিউটার সিস্টেম ব্যবহারসংক্রান্ত অপরাধের একটি করে অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলাকালে তাকে বেতনসহ অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি চাকরি থেকে পদত্যাগের ইচ্ছাও জানিয়েছেন।
হেইন্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, গুডসন ২০২২ সালের মার্চ থেকে বিভাগটিতে কর্মরত।
পুলিশ প্রধান আইজ্যাক জ্যাকসন জানিয়েছেন, তদন্ত বা আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশ কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি তাদের বিভাগ সহ্য করে না। এসব সিস্টেম কেবল বৈধ অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়।
ঘটনার পর ফ্লকসহ বিভিন্ন তদন্তমূলক ডেটাবেস কর্মকর্তারা যথাযথ উদ্দেশ্যে ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করতে অতিরিক্ত তদারকির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ফ্লক ক্যামেরা মূলত অটোমেটেড লাইসেন্স প্লেট রিডার প্রযুক্তি। সড়কে থাকা ক্যামেরাগুলো গাড়ির লাইসেন্স প্লেটসহ বিভিন্ন তথ্য ধারণ করে এবং অনুমোদিত আইনশৃঙ্খলা সংস্থা অপরাধ তদন্ত বা সন্দেহভাজন গাড়ি শনাক্ত করতে সেই তথ্য ব্যবহার করতে পারে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অপরাধ তদন্তে এই প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক গাড়ির চলাচলের তথ্য সংগ্রহ এবং সেই তথ্য কারা, কী উদ্দেশ্যে ব্যবহার করতে পারছেন, তা নিয়ে প্রাইভেসি ও নজরদারি সংক্রান্ত বিতর্কও বাড়ছে।
ফ্লোরিডার এই ঘটনা সেই উদ্বেগকে নতুন করে সামনে এনেছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে, অপরাধ তদন্তের জন্য তৈরি একটি শক্তিশালী নজরদারি ব্যবস্থা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হিসেবে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিজের দীর্ঘদিনের বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও গয়না চুরির অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বন্ধুর ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে তাঁর বাসায় প্রবেশ করেন ওই কর্মকর্তা। এর আগে পুলিশ বিভাগের নিজস্ব কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে বন্ধুর গাড়ির অবস্থানও শনাক্ত করেছিলেন তিনি। চুরির অভিযোগ ওঠার পর নিজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্কের কার্যালয়ের তথ্য এবং আদালতের নথির বরাত দিয়ে পিক্স১১ ও নিউজ ১২ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম লুইস ট্রিউনফেল। ৩১ বছর বয়সী এই কর্মকর্তাকে গত ১৮ নভেম্বর বুধবার একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীদের দাবি, ভুক্তভোগী বন্ধু তাঁকে ছুটিতে যাওয়ার কথা জানানোর পর ট্রিউনফেল এনওয়াইপিডির লাইসেন্স প্লেট শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে ওই ব্যক্তির গাড়ির অবস্থান খুঁজে বের করেন। এর উদ্দেশ্য ছিল, বন্ধুটি ওই এলাকায় নেই, তা নিশ্চিত হওয়া। অভিযোগ অনুযায়ী, বন্ধুটি এলাকা ছেড়ে যাওয়ার পর তাঁর বাসায় প্রবেশ করেন ট্রিউনফেল। সেখান থেকে একটি সেফ বা লকার নিয়ে যান তিনি। এতে প্রায় ৩০ হাজার ডলার নগদ অর্থ, গয়না এবং বিভিন্ন ব্যক্তিগত নথি ছিল। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নম্বরের কার্ড, পাসপোর্ট ও স্থায়ী বসবাসের অনুমতিপত্রও ছিল বলে নিউজ ১২ জানিয়েছে। ছুটি শেষে বাসায় ফিরে এসব জিনিসপত্র খুঁজে না পেয়ে ভুক্তভোগী তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তদন্তকারীদের আরও অভিযোগ, চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর ট্রিউনফেল নিজের পুলিশি পরিচয় ও বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তদন্তকারীরা তাঁকে সন্দেহ করছেন কি না, তা জানার চেষ্টা করেন তিনি। এমনকি পরে আবার ওই বাসায় গিয়ে নজরদারি ক্যামেরার ব্যবস্থায় থাকা ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আদালতের নথিতে এসব কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্ক বলেন, অভিযুক্ত ব্যক্তি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিজের পদমর্যাদার অপব্যবহার করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘদিনের বন্ধুর বাসায় চুরি করার পাশাপাশি পরবর্তী সময়ে তদন্তের গতিবিধিও পর্যবেক্ষণ করেছেন ট্রিউনফেল। ক্লার্ক বলেন, জনসাধারণের আস্থার এমন লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং এ জন্য অভিযুক্তকে জবাবদিহি করতে হবে। ট্রিউনফেলের বিরুদ্ধে বাসায় অবৈধভাবে প্রবেশ, বড় অঙ্কের অর্থ ও সম্পদ চুরি, কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশের ১১টি অভিযোগ এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, তদন্ত চলাকালে তাঁকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: পিক্স১১, নিউজ ১২
যুক্তরাষ্ট্রের সব হাইস্কুলের সেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা উপহার দেবে নাইকি
ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ
মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ, দাবি আইসিইর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার কোনো অতীত অভিযোগ রয়েছে কি না, তা যাচাই না করার বিষয়টি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শার্লটসভিল সদর দপ্তরভুক্ত ‘অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস’ (Albemarle County Public Schools) ২৯টি স্কুল ও বিশেষায়িত কেন্দ্র পরিচালনা করে; এই ডিস্ট্রিক্টে ১৪ হাজারের বেশি শিক্ষার্থী এবং ২ হাজার ৮০০-এর বেশি কর্মী রয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলতে বৃহস্পতিবার থেকে থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বুধবার। ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট চন্দ্র হেইস বুধবার এক বিবৃতিতে জানান, নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে ফৌজদারি পটভূমি যাচাই করা হলেও ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস পরিচালিত ‘চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস সেন্ট্রাল রেজিস্ট্রি’তে (শিশু সুরক্ষা সেবার কেন্দ্রীয় তালিকা) তাদের নাম যাচাই করা হয়নি। তিনি বলেন, “নির্দিষ্টভাবে বলতে গেলে, গত তিন বছরে এই ডিস্ট্রিক্টে ৫০০-এর বেশি মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা ফৌজদারি পটভূমি যাচাইয়ে উত্তীর্ণ হলেও সোশ্যাল সার্ভিসেস রেজিস্ট্রি পর্যালোচনার জন্য তাঁদের তথ্য কখনোই জমা দেওয়া হয়নি। আমরা বিষয়টি তদন্ত করেছি এবং দ্রুত পদক্ষেপ নিয়েছি।” হেইসের ভাষ্য অনুযায়ী, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে তথ্য পাঠানোর দায়িত্বে থাকা কর্মীরা নির্ধারিত নিয়ম ধারাবাহিকভাবে অনুসরণ করেননি। প্রভাবিত কর্মীরা ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল ও বিভাগে কর্মরত রয়েছেন। হেইস বলেন, “এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আমি নিয়েছি।” তিনি জানান, বিষয়টি ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে অবহিত করা হয়েছে এবং তারা একমত হয়েছে যে, যেসব কর্মী সরাসরি শিশুদের সংস্পর্শে আসেন, শিক্ষার্থীদের কাছে ফেরার আগে তাঁদের সোশ্যাল সার্ভিসেস যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্রুত স্কুল খোলার লক্ষ্যে ওই কর্মীদের অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের কাজ করছে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস। কোনো কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার প্রমাণিত অভিযোগ পাওয়া গেলে শিক্ষার্থীদের সুরক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে যেসব কর্মীর তথ্য সোশ্যাল সার্ভিসেসে পাঠানো হয়নি, তাঁদের বিরুদ্ধে নির্যাতন, অবহেলা বা তথ্য গোপনের অভিযোগে চলমান কোনো তদন্ত বা ফৌজদারি অভিযোগ আছে কি না, তা ডিস্ট্রিক্ট খতিয়ে দেখেছে এবং এমন কাউকে পাওয়া যায়নি বলে জানান হেইস। অঙ্গরাজ্যের সুপারিনটেনডেন্ট অব পাবলিক ইনস্ট্রাকশন জেনা কনওয়ে জানান, সোমবার ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা দপ্তরকে অবহিত করে। নিজেরাই বিষয়টি সামনে আনার প্রশংসা করলেও তিনি বলেন, পূর্ণাঙ্গ পটভূমি যাচাই নিশ্চিত করা ভার্জিনিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক এবং ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর প্রতি স্কুল বিভাগের নৈতিক দায়িত্ব। স্কুল সাময়িক বন্ধের সিদ্ধান্তকে শিক্ষা দপ্তর সমর্থন জানায় এবং এই কাঠামোগত ব্যর্থতার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে ডিস্ট্রিক্টকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান কনওয়ে। এদিকে, গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার বুধবার মন্তব্য করেন যে, ডিস্ট্রিক্টের পূর্ববর্তী নেতৃত্ব “তাঁদের সেবার আওতাধীন শিশু ও পরিবারগুলোর সঙ্গে ব্যর্থতার পরিচয় দিয়েছে।” আইন মেনে বাধ্যতামূলক পটভূমি যাচাই না করা এবং কমনওয়েলথের আস্থা রক্ষায় ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, কনওয়ে ও অঙ্গরাজ্যের শিক্ষাসচিব অন্তর্বর্তী নেতৃত্বকে পরিস্থিতি সংশোধনে সহায়তা করছেন, যার মধ্যে একজন বহিরাগত তদন্তকারী নিয়োগও রয়েছে। ভার্জিনিয়ার প্রতিটি শিশুর শিক্ষা ও নিরাপত্তায় তাঁর প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ব্যর্থতা শুধরে জবাবদিহিতা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গভর্নর। আগামী ৩০ নভেম্বর স্কুলগুলো পুনরায় খোলার কথা রয়েছে।
হুয়াংয়ের পদত্যাগের দুই মাস আগে এনভিডিয়ার শেয়ারে পাঁচ দফা লেনদেন ট্রাম্পের
আইসিই এজেন্টদের মাস্ক নিষিদ্ধ ও পরিচয় প্রকাশের আইন বাতিলের পথে, স্থায়ী নিষেধাজ্ঞা আদালতের
এড শিরানের সঙ্গে একই ভবনে বসবাসের সুযোগ, ফ্ল্যাটের দাম ১২.৫ মিলিয়ন ডলার
মহাকাশের অসীম অন্ধকারে কয়েক দশক ধরে পথ চলেছে নাসার ভয়েজার ১ ও ভয়েজার ২ মহাকাশযান। প্রায় ৪৯ বছর পেরিয়ে এখন এ দুটি যান সৌরজগতের সীমানা ছাড়িয়ে ইন্টারস্টেলার স্পেসে বা আন্তঃনাক্ষত্রিক পরিসরে বিচরণ করছে। সদ্য এক আলোকবর্ষ বা আলোক-দূরত্বের মাইলফলক পেরোনোর প্রেক্ষাপটে ভয়েজারকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিশ্বজুড়ে। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভয়েজারের ভেতরে রাখা বিশেষ ‘টাইম ক্যাপসুল’ এবং তাতে মানুষের অবয়ব ও জীবনের ছবি যুক্ত করার পেছনের কারণ। কেন রাখা হয়েছিল মানুষের ছবি? পৃথিবীর ইতিহাসে বহু প্রজাতি এসেছে ও হারিয়ে গেছে—যেমন ডাইনোসরেরা কোটি কোটি বছর রাজত্ব করলেও আজ কেবল তাদের জীবাশ্ম বা হাড়গোড়ই অবশিষ্ট রয়েছে। বিজ্ঞানীদের ভাবনায় ছিল, সুদূর ভবিষ্যতে মহাকাশের কোনো বুদ্ধিমান প্রাণী বা ভিন্ন সভ্যতার কাছে যদি কখনো ভয়েজার মহাকাশযান পৌঁছায়, তবে তারা যেন জানতে পারে এই নীল গ্রহে ঠিক কী ধরনের প্রাণীর বসবাস ছিল। ভয়েজারের গোল্ডেন রেকর্ড ও সংশ্লিষ্ট বার্তাগুলোতে মানুষের শারীরিক গঠন, দৈনন্দিন জীবন, প্রকৃতি ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। নারী ও পুরুষের অবয়ব যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল কোনো রকম কৃত্রিম আড়াল বা সাংস্কৃতিক সীমারেখা ছাড়া মানবজাতির প্রকৃত জৈবিক ও স্বাভাবিক রূপটি মহাবিশ্বের সামনে তুলে ধরা। ইন্টারস্টেলার যাত্রায় ‘টাইম ক্যাপসুল’ দীর্ঘ অভিযানে ভয়েজারের কাছে সূর্য এখন আকাশের অসংখ্য তারার মাঝে একটি ক্ষীণ আলোর বিন্দুমাত্র। তবুও মানুষের কল্পনা, বিজ্ঞান ও অস্তিত্বের স্মারক হয়ে মহাকাশে ভেসে চলেছে এই দুই যান। ভবিষ্যতের কোনো অজানা গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনাকে সামনে রেখেই একে সাজানো হয়েছে এক চিরকালীন বার্তাবাহক হিসেবে। সূত্র: দ্য জার্নাল।
যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

