ম্যাট্রেসের নিচে লুকিয়েও রক্ষা হলো না, পুলিশ দেখে মাকে ডাকায় অফিসারকে মায়ের ঘুষি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ম্যাট্রেসের নিচে লুকিয়ে ছিলেন ২৪ বছর বয়সী এক যুবক। পুলিশ তাকে খুঁজে বের করার পর তিনি মাকে ডাকতে শুরু করেন। এরপর তার মা ঘরে ঢুকে এক পুলিশ কর্মকর্তাকে পেছন থেকে ধরে ফেলেন এবং আরেক কর্মকর্তাকে ঘুষি মারার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে উইন্টার হ্যাভেন পুলিশ। ঘটনায় ছেলে ও মা দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
উইন্টার হ্যাভেন পুলিশ জানিয়েছে, শনিবার ৫ম স্ট্রিট এসই এলাকার একটি বাড়িতে সেগ্রে নোমব্রে নামের ওই যুবক অবস্থান করছেন বলে তথ্য পেয়ে কর্মকর্তারা সেখানে যান। তার বিরুদ্ধে ফেলনি ব্যাটারির একটি সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নোমব্রের মা মিয়া জোনস প্রথমে কর্মকর্তাদের জানান, তার ছেলে বাড়িতে নেই। তবে তিনি বাড়িটি তল্লাশি করার অনুমতি দেন। একটি বেডরুমে মেঝেতে রাখা ম্যাট্রেসের মাঝখানে অস্বাভাবিকভাবে উঁচু অংশ দেখতে পান কর্মকর্তারা। ম্যাট্রেসটি তুলে তারা নোমব্রেকে নিচে লুকিয়ে থাকতে দেখেন।
পুলিশ তাকে হাত দেখাতে নির্দেশ দিলে নোমব্রে মাকে ডাকতে শুরু করেন। এরপর জোনস দ্রুত ঘরে ঢুকে এক কর্মকর্তাকে পেছন থেকে ধরে ফেলেন বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা এক সার্জেন্ট তাকে সরিয়ে দিলে তিনি আবার কর্মকর্তাকে ধরার চেষ্টা করেন এবং সার্জেন্টকে ঘুষি মারার জন্য হাত চালান বলে পুলিশ জানিয়েছে।
একপর্যায়ে সার্জেন্ট জোনসের ওপর টেজার ব্যবহার করেন। প্রথমবারেও তিনি প্রতিরোধ চালিয়ে যান বলে পুলিশের দাবি। দ্বিতীয়বার টেজার ব্যবহারের পর তিনি নিয়ন্ত্রণে আসেন। পরে চিকিৎসাগত পরীক্ষার জন্য তাকে উইন্টার হ্যাভেন হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে পরীক্ষা চলাকালে জোনসের শরীর থেকে মেথামফেটামিনসহ একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে বাড়িতে পুলিশ পৌঁছানোর সময় রেইনালদো গার্সিয়া নামের আরেক ব্যক্তিকেও সেখানে পাওয়া যায়। তাকে ওই সম্পত্তি থেকে চলে যেতে বলা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি কাচের পাইপ এবং মেথামফেটামিন বলে শনাক্ত হওয়া পদার্থসহ একটি ছোট ব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সেগ্রে নোমব্রেকে তার আগের ফেলনি ব্যাটারি ওয়ারেন্টে পোলক কাউন্টি জেলে নেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মেথামফেটামিন রাখা, সহিংসভাবে পুলিশকে বাধা দেওয়া, আইনশৃঙ্খলা কর্মকর্তার ওপর ব্যাটারি ও অ্যাসল্ট এবং ড্রাগ প্যারাফারনেলিয়া রাখার অভিযোগও আনা হয়েছে।
রেইনালদো গার্সিয়ার বিরুদ্ধে মেথামফেটামিন রাখা, ড্রাগ প্যারাফারনেলিয়া রাখা এবং ট্রেসপাসিংয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
উইন্টার হ্যাভেন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়েই ঘটনাটি ঘটে। ম্যাট্রেসের নিচে লুকিয়ে থাকা সন্দেহভাজনকে খুঁজে পাওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করতে হয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিজের দীর্ঘদিনের বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও গয়না চুরির অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বন্ধুর ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে তাঁর বাসায় প্রবেশ করেন ওই কর্মকর্তা। এর আগে পুলিশ বিভাগের নিজস্ব কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে বন্ধুর গাড়ির অবস্থানও শনাক্ত করেছিলেন তিনি। চুরির অভিযোগ ওঠার পর নিজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্কের কার্যালয়ের তথ্য এবং আদালতের নথির বরাত দিয়ে পিক্স১১ ও নিউজ ১২ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম লুইস ট্রিউনফেল। ৩১ বছর বয়সী এই কর্মকর্তাকে গত ১৮ নভেম্বর বুধবার একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীদের দাবি, ভুক্তভোগী বন্ধু তাঁকে ছুটিতে যাওয়ার কথা জানানোর পর ট্রিউনফেল এনওয়াইপিডির লাইসেন্স প্লেট শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে ওই ব্যক্তির গাড়ির অবস্থান খুঁজে বের করেন। এর উদ্দেশ্য ছিল, বন্ধুটি ওই এলাকায় নেই, তা নিশ্চিত হওয়া। অভিযোগ অনুযায়ী, বন্ধুটি এলাকা ছেড়ে যাওয়ার পর তাঁর বাসায় প্রবেশ করেন ট্রিউনফেল। সেখান থেকে একটি সেফ বা লকার নিয়ে যান তিনি। এতে প্রায় ৩০ হাজার ডলার নগদ অর্থ, গয়না এবং বিভিন্ন ব্যক্তিগত নথি ছিল। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নম্বরের কার্ড, পাসপোর্ট ও স্থায়ী বসবাসের অনুমতিপত্রও ছিল বলে নিউজ ১২ জানিয়েছে। ছুটি শেষে বাসায় ফিরে এসব জিনিসপত্র খুঁজে না পেয়ে ভুক্তভোগী তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তদন্তকারীদের আরও অভিযোগ, চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর ট্রিউনফেল নিজের পুলিশি পরিচয় ও বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তদন্তকারীরা তাঁকে সন্দেহ করছেন কি না, তা জানার চেষ্টা করেন তিনি। এমনকি পরে আবার ওই বাসায় গিয়ে নজরদারি ক্যামেরার ব্যবস্থায় থাকা ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আদালতের নথিতে এসব কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্ক বলেন, অভিযুক্ত ব্যক্তি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিজের পদমর্যাদার অপব্যবহার করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘদিনের বন্ধুর বাসায় চুরি করার পাশাপাশি পরবর্তী সময়ে তদন্তের গতিবিধিও পর্যবেক্ষণ করেছেন ট্রিউনফেল। ক্লার্ক বলেন, জনসাধারণের আস্থার এমন লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং এ জন্য অভিযুক্তকে জবাবদিহি করতে হবে। ট্রিউনফেলের বিরুদ্ধে বাসায় অবৈধভাবে প্রবেশ, বড় অঙ্কের অর্থ ও সম্পদ চুরি, কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশের ১১টি অভিযোগ এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, তদন্ত চলাকালে তাঁকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: পিক্স১১, নিউজ ১২
যুক্তরাষ্ট্রের সব হাইস্কুলের সেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা উপহার দেবে নাইকি
ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ
মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ, দাবি আইসিইর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার কোনো অতীত অভিযোগ রয়েছে কি না, তা যাচাই না করার বিষয়টি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শার্লটসভিল সদর দপ্তরভুক্ত ‘অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস’ (Albemarle County Public Schools) ২৯টি স্কুল ও বিশেষায়িত কেন্দ্র পরিচালনা করে; এই ডিস্ট্রিক্টে ১৪ হাজারের বেশি শিক্ষার্থী এবং ২ হাজার ৮০০-এর বেশি কর্মী রয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলতে বৃহস্পতিবার থেকে থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বুধবার। ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট চন্দ্র হেইস বুধবার এক বিবৃতিতে জানান, নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে ফৌজদারি পটভূমি যাচাই করা হলেও ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস পরিচালিত ‘চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস সেন্ট্রাল রেজিস্ট্রি’তে (শিশু সুরক্ষা সেবার কেন্দ্রীয় তালিকা) তাদের নাম যাচাই করা হয়নি। তিনি বলেন, “নির্দিষ্টভাবে বলতে গেলে, গত তিন বছরে এই ডিস্ট্রিক্টে ৫০০-এর বেশি মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা ফৌজদারি পটভূমি যাচাইয়ে উত্তীর্ণ হলেও সোশ্যাল সার্ভিসেস রেজিস্ট্রি পর্যালোচনার জন্য তাঁদের তথ্য কখনোই জমা দেওয়া হয়নি। আমরা বিষয়টি তদন্ত করেছি এবং দ্রুত পদক্ষেপ নিয়েছি।” হেইসের ভাষ্য অনুযায়ী, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে তথ্য পাঠানোর দায়িত্বে থাকা কর্মীরা নির্ধারিত নিয়ম ধারাবাহিকভাবে অনুসরণ করেননি। প্রভাবিত কর্মীরা ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল ও বিভাগে কর্মরত রয়েছেন। হেইস বলেন, “এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আমি নিয়েছি।” তিনি জানান, বিষয়টি ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে অবহিত করা হয়েছে এবং তারা একমত হয়েছে যে, যেসব কর্মী সরাসরি শিশুদের সংস্পর্শে আসেন, শিক্ষার্থীদের কাছে ফেরার আগে তাঁদের সোশ্যাল সার্ভিসেস যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্রুত স্কুল খোলার লক্ষ্যে ওই কর্মীদের অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের কাজ করছে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস। কোনো কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার প্রমাণিত অভিযোগ পাওয়া গেলে শিক্ষার্থীদের সুরক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে যেসব কর্মীর তথ্য সোশ্যাল সার্ভিসেসে পাঠানো হয়নি, তাঁদের বিরুদ্ধে নির্যাতন, অবহেলা বা তথ্য গোপনের অভিযোগে চলমান কোনো তদন্ত বা ফৌজদারি অভিযোগ আছে কি না, তা ডিস্ট্রিক্ট খতিয়ে দেখেছে এবং এমন কাউকে পাওয়া যায়নি বলে জানান হেইস। অঙ্গরাজ্যের সুপারিনটেনডেন্ট অব পাবলিক ইনস্ট্রাকশন জেনা কনওয়ে জানান, সোমবার ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা দপ্তরকে অবহিত করে। নিজেরাই বিষয়টি সামনে আনার প্রশংসা করলেও তিনি বলেন, পূর্ণাঙ্গ পটভূমি যাচাই নিশ্চিত করা ভার্জিনিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক এবং ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর প্রতি স্কুল বিভাগের নৈতিক দায়িত্ব। স্কুল সাময়িক বন্ধের সিদ্ধান্তকে শিক্ষা দপ্তর সমর্থন জানায় এবং এই কাঠামোগত ব্যর্থতার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে ডিস্ট্রিক্টকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান কনওয়ে। এদিকে, গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার বুধবার মন্তব্য করেন যে, ডিস্ট্রিক্টের পূর্ববর্তী নেতৃত্ব “তাঁদের সেবার আওতাধীন শিশু ও পরিবারগুলোর সঙ্গে ব্যর্থতার পরিচয় দিয়েছে।” আইন মেনে বাধ্যতামূলক পটভূমি যাচাই না করা এবং কমনওয়েলথের আস্থা রক্ষায় ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, কনওয়ে ও অঙ্গরাজ্যের শিক্ষাসচিব অন্তর্বর্তী নেতৃত্বকে পরিস্থিতি সংশোধনে সহায়তা করছেন, যার মধ্যে একজন বহিরাগত তদন্তকারী নিয়োগও রয়েছে। ভার্জিনিয়ার প্রতিটি শিশুর শিক্ষা ও নিরাপত্তায় তাঁর প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ব্যর্থতা শুধরে জবাবদিহিতা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গভর্নর। আগামী ৩০ নভেম্বর স্কুলগুলো পুনরায় খোলার কথা রয়েছে।
হুয়াংয়ের পদত্যাগের দুই মাস আগে এনভিডিয়ার শেয়ারে পাঁচ দফা লেনদেন ট্রাম্পের
আইসিই এজেন্টদের মাস্ক নিষিদ্ধ ও পরিচয় প্রকাশের আইন বাতিলের পথে, স্থায়ী নিষেধাজ্ঞা আদালতের
এড শিরানের সঙ্গে একই ভবনে বসবাসের সুযোগ, ফ্ল্যাটের দাম ১২.৫ মিলিয়ন ডলার
মহাকাশের অসীম অন্ধকারে কয়েক দশক ধরে পথ চলেছে নাসার ভয়েজার ১ ও ভয়েজার ২ মহাকাশযান। প্রায় ৪৯ বছর পেরিয়ে এখন এ দুটি যান সৌরজগতের সীমানা ছাড়িয়ে ইন্টারস্টেলার স্পেসে বা আন্তঃনাক্ষত্রিক পরিসরে বিচরণ করছে। সদ্য এক আলোকবর্ষ বা আলোক-দূরত্বের মাইলফলক পেরোনোর প্রেক্ষাপটে ভয়েজারকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিশ্বজুড়ে। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভয়েজারের ভেতরে রাখা বিশেষ ‘টাইম ক্যাপসুল’ এবং তাতে মানুষের অবয়ব ও জীবনের ছবি যুক্ত করার পেছনের কারণ। কেন রাখা হয়েছিল মানুষের ছবি? পৃথিবীর ইতিহাসে বহু প্রজাতি এসেছে ও হারিয়ে গেছে—যেমন ডাইনোসরেরা কোটি কোটি বছর রাজত্ব করলেও আজ কেবল তাদের জীবাশ্ম বা হাড়গোড়ই অবশিষ্ট রয়েছে। বিজ্ঞানীদের ভাবনায় ছিল, সুদূর ভবিষ্যতে মহাকাশের কোনো বুদ্ধিমান প্রাণী বা ভিন্ন সভ্যতার কাছে যদি কখনো ভয়েজার মহাকাশযান পৌঁছায়, তবে তারা যেন জানতে পারে এই নীল গ্রহে ঠিক কী ধরনের প্রাণীর বসবাস ছিল। ভয়েজারের গোল্ডেন রেকর্ড ও সংশ্লিষ্ট বার্তাগুলোতে মানুষের শারীরিক গঠন, দৈনন্দিন জীবন, প্রকৃতি ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। নারী ও পুরুষের অবয়ব যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল কোনো রকম কৃত্রিম আড়াল বা সাংস্কৃতিক সীমারেখা ছাড়া মানবজাতির প্রকৃত জৈবিক ও স্বাভাবিক রূপটি মহাবিশ্বের সামনে তুলে ধরা। ইন্টারস্টেলার যাত্রায় ‘টাইম ক্যাপসুল’ দীর্ঘ অভিযানে ভয়েজারের কাছে সূর্য এখন আকাশের অসংখ্য তারার মাঝে একটি ক্ষীণ আলোর বিন্দুমাত্র। তবুও মানুষের কল্পনা, বিজ্ঞান ও অস্তিত্বের স্মারক হয়ে মহাকাশে ভেসে চলেছে এই দুই যান। ভবিষ্যতের কোনো অজানা গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনাকে সামনে রেখেই একে সাজানো হয়েছে এক চিরকালীন বার্তাবাহক হিসেবে। সূত্র: দ্য জার্নাল।
যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

