সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে ধনীদের দ্বিতীয় বাড়ি থেকে ৫০ কোটি ডলার তুলতে চান মামদানি, ১৭ হাজার মালিককে নোটিশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ৪:১৪
নিউইয়র্কে ধনীদের দ্বিতীয় বাড়ি থেকে ৫০ কোটি ডলার তুলতে চান মামদানি
নিউইয়র্কে ধনীদের দ্বিতীয় বাড়ি থেকে ৫০ কোটি ডলার তুলতে চান মামদানি

নিউইয়র্ক সিটির অর্থ বিভাগ জুলাইয়ের শেষ দিকে প্রায় ১৭ হাজার ঠিকানায় চিঠি পাঠায়, যেগুলো সম্পত্তির মূল্য ও সরকারি রেকর্ড অনুযায়ী সম্ভাব্য দ্বিতীয় বাড়ি হতে পারে। একই সময়ে শহর কর্তৃপক্ষ ৯ লাখের বেশি সম্পত্তির মূল্যসহ একটি তালিকা প্রকাশ করে। এরপর কিছু নিউইয়র্কবাসী অভিযোগ করেন, যে বাড়িতে তারা স্থায়ীভাবে বসবাস করছেন, সেটিও সম্ভাব্য করের আওতায় দেখানো হয়েছে। 

 

মামদানি প্রশাসন অবশ্য বলছে, ১৭ হাজার চিঠি পাওয়া মানেই সংশ্লিষ্ট বাড়ির মালিককে কর দিতে হবে - বিষয়টি এমন নয়। অর্থ বিভাগের কমিশনার রিচার্ড লি সিটি কাউন্সিলে দেওয়া লিখিত বক্তব্যে বলেছেন, প্রকাশিত সম্পূরক তালিকাটিও কারা শেষ পর্যন্ত কর দেবেন, তার চূড়ান্ত তালিকা নয়। বরং বাড়ির মালিকদের সম্পত্তির মূল্য বা করযোগ্যতার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ দিতেই প্রক্রিয়াটি করা হয়েছে। 

 

নতুন নিয়ম অনুযায়ী, এই কর মূলত উচ্চমূল্যের এমন আবাসিক সম্পত্তির ওপর প্রযোজ্য হবে, যেগুলো মালিকের প্রধান বাসস্থান নয়। এক থেকে তিন পরিবারের বাড়ির ক্ষেত্রে নির্ধারিত মূল্যসীমা কমপক্ষে ৫০ লাখ ডলার। অন্যদিকে কন্ডো ও কো-অপের ক্ষেত্রে মূল্যসীমা ১০ লাখ ডলার থেকে শুরু। করটি ধাপে ধাপে বাড়বে এবং উচ্চমূল্যের সম্পত্তির ক্ষেত্রে হারও বেশি হবে। 

 

আইনটি চলতি বছরের মে মাসে অনুমোদিত হয়। মামদানি প্রশাসনের হিসাবে, নতুন কর থেকে নিউইয়র্ক সিটি বছরে প্রায় ৫০ কোটি ডলার রাজস্ব পেতে পারে। এই অর্থ স্কুল, পার্ক, পরিচ্ছন্নতা, জননিরাপত্তাসহ বিভিন্ন সরকারি সেবায় ব্যবহারের কথা বলছে সিটি হল। 

 

কিন্তু বাস্তবায়ন শুরু হতেই ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের কাউন্সিল সদস্য গেল ব্রিউয়ার জানিয়েছেন, উদ্বিগ্ন বাসিন্দাদের কাছ থেকে তার কার্যালয়ে বিপুলসংখ্যক অভিযোগ এসেছে। কারা কর দেবেন, কীভাবে প্রধান বাসস্থান প্রমাণ করতে হবে এবং ভুলভাবে তালিকাভুক্ত হলে কীভাবে আপত্তি জানাতে হবে - এসব নিয়ে সিটি কাউন্সিল সদস্যরা প্রশাসনের কাছে বহু প্রশ্ন তুলেছেন। 

 

১৮ আগস্ট সিটি কাউন্সিলে বিষয়টি নিয়ে জনশুনানি অনুষ্ঠিত হয়। তবে মামদানি প্রশাসনের কর্মকর্তারা সরাসরি উপস্থিত হয়ে প্রশ্নের উত্তর দেননি। অর্থ কমিশনার রিচার্ড লি লিখিত বক্তব্য জমা দিয়ে জানান, চলমান মামলার কারণে তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নিচ্ছেন না। মামলা নিষ্পত্তি হলে সিটি কাউন্সিলের সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি। 

 

বিতর্কের আরেকটি বড় জায়গা হলো ৯ লাখের বেশি সম্পত্তির তথ্য প্রকাশ। প্রশাসনের বক্তব্য, এসব সম্পত্তির মূল্য ও ঠিকানাসংক্রান্ত তথ্য নতুন বা গোপন কিছু নয় - বহু বছর ধরেই করসংক্রান্ত রেকর্ড হিসেবে সাধারণ মানুষের নাগালে রয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, নতুন করের প্রেক্ষাপটে এত বড় তালিকা প্রকাশ করায় অনেক বাড়ির মালিক অপ্রয়োজনীয়ভাবে বিভ্রান্তি ও নজরদারির মুখে পড়েছেন। 

 

বিষয়টি এখন আদালতেও গড়িয়েছে। ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকজন বাসিন্দা মামদানি প্রশাসনের বাস্তবায়ন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। প্রথমে একজন বিচারক করটির বাস্তবায়ন সাময়িকভাবে আটকে দিয়েছিলেন। পরে আপিল আদালত সেই সাময়িক নিষেধাজ্ঞা তুলে দিলে সিটি আবার বাস্তবায়ন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে মূল আইনি লড়াই এখনো শেষ হয়নি। 

 

এর মধ্যেই মামলায় আরও চারজন বাদী যুক্ত হয়েছেন। তাদের অভিযোগ, তারা নিউইয়র্কে নিয়মিত বসবাস করলেও ভুলভাবে সম্ভাব্য করদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন অথবা নোটিশ পৌঁছানোর প্রক্রিয়ায় গুরুতর সমস্যা হয়েছে। ফলে নতুন করটির উদ্দেশ্যের পাশাপাশি সেটি বাস্তবায়নের পদ্ধতিই এখন বড় রাজনৈতিক ও আইনি বিতর্কে পরিণত হয়েছে। 

 

যেসব বাড়ির মালিক মনে করেন তাদের সম্পত্তি এই করের আওতায় পড়ার কথা নয়, তাদের আপত্তি জানানোর সময়সীমা বাড়িয়ে ১৮ সেপ্টেম্বর করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুন কর ২০২৭ সালের বিলগুলোতে দেখা যেতে শুরু করবে। বাসিন্দাদের প্রশ্ন ও আপিল সামলাতে অতিরিক্ত কর্মীও নিয়োগ করেছে শহরের অর্থ বিভাগ। 

 

ফলে নিউইয়র্কের বাড়ির মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো - ১৭ হাজার নোটিশ পাওয়া মানেই ১৭ হাজার মালিকের ওপর চূড়ান্তভাবে নতুন কর বসে গেছে, এমন নয়। করটি মূলত উচ্চমূল্যের দ্বিতীয় বা প্রধান বাসস্থান নয় এমন সম্পত্তিকে লক্ষ্য করে তৈরি হয়েছে। কিন্তু কার সম্পত্তি সত্যিই সেই সংজ্ঞার মধ্যে পড়ে, সেটি নির্ধারণের প্রক্রিয়া নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক চলছে। 

 

মামদানি প্রশাসনের জন্যও বিষয়টি এখন শুধু নতুন একটি কর কার্যকর করার প্রশ্নে সীমাবদ্ধ নেই। ধনীদের উচ্চমূল্যের দ্বিতীয় বাড়ি থেকে বছরে প্রায় ৫০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করতে গিয়ে প্রশাসনকে এখন একই সঙ্গে বাড়ির মালিকদের ক্ষোভ, সিটি কাউন্সিলের প্রশ্ন এবং আদালতের আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আগামী ৩১ আগস্ট মামলার পরবর্তী আদালত কার্যক্রম এবং ১৮ সেপ্টেম্বর আপত্তি জানানোর সময়সীমা - এই দুই তারিখের পর নতুন করটির ভবিষ্যৎ আরও পরিষ্কার হতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
অনন্ত মহাকাশে ভেসে চলেছে ভয়েজার: মানুষের স্বপ্নযানে কেন ন গ্ন নারী-পুরুষের ছবি
অনন্ত মহাকাশে ভেসে চলেছে ভয়েজার: মানুষের স্বপ্নযানে কেন ন গ্ন নারী-পুরুষের ছবি?

মহাকাশের অসীম অন্ধকারে কয়েক দশক ধরে পথ চলেছে নাসার ভয়েজার ১ ও ভয়েজার ২ মহাকাশযান। প্রায় ৪৯ বছর পেরিয়ে এখন এ দুটি যান সৌরজগতের সীমানা ছাড়িয়ে ইন্টারস্টেলার স্পেসে বা আন্তঃনাক্ষত্রিক পরিসরে বিচরণ করছে। সদ্য এক আলোকবর্ষ বা আলোক-দূরত্বের মাইলফলক পেরোনোর প্রেক্ষাপটে ভয়েজারকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিশ্বজুড়ে। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভয়েজারের ভেতরে রাখা বিশেষ ‘টাইম ক্যাপসুল’ এবং তাতে মানুষের অবয়ব ও জীবনের ছবি যুক্ত করার পেছনের কারণ।   কেন রাখা হয়েছিল মানুষের ছবি? পৃথিবীর ইতিহাসে বহু প্রজাতি এসেছে ও হারিয়ে গেছে—যেমন ডাইনোসরেরা কোটি কোটি বছর রাজত্ব করলেও আজ কেবল তাদের জীবাশ্ম বা হাড়গোড়ই অবশিষ্ট রয়েছে। বিজ্ঞানীদের ভাবনায় ছিল, সুদূর ভবিষ্যতে মহাকাশের কোনো বুদ্ধিমান প্রাণী বা ভিন্ন সভ্যতার কাছে যদি কখনো ভয়েজার মহাকাশযান পৌঁছায়, তবে তারা যেন জানতে পারে এই নীল গ্রহে ঠিক কী ধরনের প্রাণীর বসবাস ছিল।   ভয়েজারের গোল্ডেন রেকর্ড ও সংশ্লিষ্ট বার্তাগুলোতে মানুষের শারীরিক গঠন, দৈনন্দিন জীবন, প্রকৃতি ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। নারী ও পুরুষের অবয়ব যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল কোনো রকম কৃত্রিম আড়াল বা সাংস্কৃতিক সীমারেখা ছাড়া মানবজাতির প্রকৃত জৈবিক ও স্বাভাবিক রূপটি মহাবিশ্বের সামনে তুলে ধরা।   ইন্টারস্টেলার যাত্রায় ‘টাইম ক্যাপসুল’ দীর্ঘ অভিযানে ভয়েজারের কাছে সূর্য এখন আকাশের অসংখ্য তারার মাঝে একটি ক্ষীণ আলোর বিন্দুমাত্র। তবুও মানুষের কল্পনা, বিজ্ঞান ও অস্তিত্বের স্মারক হয়ে মহাকাশে ভেসে চলেছে এই দুই যান। ভবিষ্যতের কোনো অজানা গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনাকে সামনে রেখেই একে সাজানো হয়েছে এক চিরকালীন বার্তাবাহক হিসেবে। সূত্র: দ্য জার্নাল।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৬:১০
যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি

যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি

নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ভিসা, মাস্টারকার্ড ও জেপিমরগ্যানে সাইবার হামলা, ফাঁস হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য

২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনয়ন দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দুই অঙ্কের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন জাতীয় জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে, যা ঠিক এক বছর আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।   গত বছরের নভেম্বরে এমারসন কলেজের একই জরিপের ওপেন-এন্ডেড অংশে ভ্যান্স যেখানে রুবিওর চেয়ে প্রায় ৫০ পয়েন্টে এগিয়ে ছিলেন (৫৪ শতাংশ বনাম ৬ শতাংশ), এবার সেখানে বড় ধরনের উল্টোচিত্র দেখা গেছে।   ১৪ থেকে ১৬ নভেম্বর ১ হাজার ভোটারের ওপর পরিচালিত এমারসন কলেজের জরিপে (যার ত্রুটির মার্জিন প্লাস-অর-মাইনাস ৩ শতাংশ) দেখা গেছে, নির্দিষ্ট তালিকা থেকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রিপাবলিকান প্রাইমারি ভোটারদের ৪৪ শতাংশ মার্কো রুবিওকে সমর্থন দিয়েছেন।   বিপরীতে জেডি ভ্যান্স পেয়েছেন ২৪ শতাংশ, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ৯ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ৬ শতাংশ এবং সঞ্চালক টাকার কার্লসন পেয়েছেন ৫ শতাংশ সমর্থন। অন্যদিকে, ওপেন-এন্ডেড প্রশ্নের ক্ষেত্রেও রুবিও ৩৬ শতাংশ সমর্থন নিয়ে সবার ওপরে রয়েছেন; ভ্যান্স পেয়েছেন ২০ শতাংশ এবং ডিস্যান্টিস, রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (যদিও তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য) প্রত্যেকে ৭ শতাংশ করে সমর্থন পেয়েছেন।   ভ্যান্স প্রার্থী হলে অনেক বিশ্লেষকই এখনো তাঁকে রিপাবলিকান মনোনয়নের অন্যতম ফেভারিট হিসেবে দেখেন। ভ্যান্স জানিয়েছেন, আগামী বছর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন; ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৭ সালের বসন্তের শেষ দিকে তিনি এ ঘোষণা দিতে পারেন। তবে গত সপ্তাহে ‘সিএনএন’ জানিয়েছিল, ভ্যান্স এই দৌড়ে না থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবছেন। এর আগে গত বছর ‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, ভ্যান্স প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সরে দাঁড়াবেন এবং প্রথম সারির সমর্থকদের একজন হবেন।   ডেমোক্র্যাটিক শিবিরে নির্দিষ্ট প্রার্থীর তালিকায় ১৭ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। এরপর রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (১৬ শতাংশ), প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (১৫ শতাংশ), সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেগ (১৪ শতাংশ) এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম (১১ শতাংশ)। ওপেন-এন্ডেড জরিপেও ১৭ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে জন অসফ; যেখানে ওকাসিও-কর্টেজ ১২ শতাংশ, নিউজম ৮ শতাংশ, বুটিজেগ ও হ্যারিস ৬ শতাংশ করে, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ৪ শতাংশ এবং অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ৩ শতাংশ সমর্থন পেয়েছেন।   জরিপে দুই দলের জনপ্রিয়তার চিত্রেও ঠিক এক বছর আগের উল্টো প্রতিফলন দেখা গেছে। বর্তমানে ৪৪ শতাংশ মার্কিন ভোটার ডেমোক্র্যাটদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, আর রিপাবলিকানদের প্রতি ইতিবাচক রয়েছেন মাত্র ৩৫ শতাংশ ভোটার—যা ২০২৫ সালের নভেম্বরের ঠিক বিপরীত।   বর্তমানে ৫৬ শতাংশ ভোটার রিপাবলিকানদের প্রতি নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন, যেখানে গত বছর এই হার ছিল ৪৪ শতাংশ; অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রতি নেতিবাচক মনোভাব ৪৭ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। আগামী ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেস শুরুর পর আইনপ্রণেতাদের প্রথম অগ্রাধিকার কী হওয়া উচিত—এমন প্রশ্নে ৫৭ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন।   পাশাপাশি ৪৯ শতাংশ করে ভোটার ইরানের যুদ্ধ বন্ধ এবং কংগ্রেস সদস্যদের শেয়ার লেনদেন নিষিদ্ধ করার বিষয়টিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন, আর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তকে প্রথম অগ্রাধিকার বলেছেন মাত্র ২৮ শতাংশ ভোটার।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৪:৫
বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

পরিচিত মুখ হয়ে যাচ্ছে রাক্ষসের! বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

নিউইয়র্ক সিটিতে ঘোড়ায় টানা গাড়ি নিষিদ্ধ করার একটি বিতর্কিত বিলে সই করেছেন মেয়র জোহরান মামদানি, যার ফলে সেন্ট্রাল পার্কের শতবর্ষী একটি ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে সিটি হলের ব্লু রুমে এই আইনে সই করেন তিনি। চলতি বছরের শুরুতে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় নিহত ১৮ বছর বয়সী পর্যটক রোমান্চ মহাজানের স্মরণে আইনটির নামকরণ করা হয়েছে ‘রোমান্চ’স ল’ (Romanch's Law)। নতুন এই আইন অনুযায়ী, ২০২৮ সালের ১ জুনের মধ্যে নিউইয়র্ক সিটি থেকে ধাপে ধাপে ঘোড়ার গাড়ি পুরোপুরি তুলে দেওয়া হবে।   দায়িত্ব গ্রহণের পর এটি মেয়র মামদানির মাত্র তৃতীয় প্রকাশ্য বিল স্বাক্ষর অনুষ্ঠান। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন এবং সাবেক মেয়র বিল ডি ব্লাসিও, যিনি বহু বছর ধরে এই পরিবর্তনের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন। বিলটিতে সই করার সময় মামদানি বলেন, “আমাদের শহর বদলে গেছে, আর এখন আমাদের আইন বদলানোরও সময় এসেছে।   সে কারণেই আজ আমি রোমান্চ’স ল’-তে সই করছি।” এই খাতের সঙ্গে জড়িত ২০০-এর বেশি নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়া আটকাতে আদালতে মামলা করার অঙ্গীকার করেছে সংশ্লিষ্ট শ্রমিকদের প্রতিনিধিত্বকারী প্রভাবশালী সংগঠন ট্রান্সপোর্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ)।   আইন অনুযায়ী, এই খাতের প্রায় ২০০ শ্রমিকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সিটি কাউন্সিলের সঙ্গে যৌথভাবে একটি পরিকল্পনা তৈরি করবে সিটি হল। মামদানি প্রশাসন জানিয়েছে, মালিকদের মেডালিয়ন ফিরিয়ে নেওয়ার বিনিময়ে অর্থ দেওয়া হবে এবং চালক ও স্থিতিশীল কর্মীদের কর্মদক্ষতা প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা সহায়তার পাশাপাশি উপবৃত্তি (স্টাইপেন্ড) প্রদান করা হবে।   টিডব্লিউইউ-এর সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির জন্য আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন আইনপ্রণেতারা। প্রশাসনের পক্ষ থেকে এ সপ্তাহের শুরুতে একটি প্রাথমিক কাঠামো প্রকাশ করা হলেও চালকদের নগদ অর্থ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানানো হয়নি।   অনুষ্ঠানে ঘোড়াগুলোর পুনর্বাসন বা এই আইনের সম্ভাব্য ব্যয় নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি মেয়র। অন্যদিকে, কাউন্সিলের মাধ্যমে বিলটি পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্পিকার জুলি মেনিন বলেন, রোমান্চ মহাজানের মৃত্যু যেন বৃথা না যায়, সেজন্যই এই আইন প্রয়োজন ছিল এবং তাঁর নামেই বিলটির নামকরণ করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১২:১৬
ইসরায়েলকে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয়ে পরিচিত রাষ্ট্র হওয়া উচিত নয়—মন্তব্য আবদুল এল-সায়েদের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফের আলোচনায় সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ

মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতা আবদি দাইসানের স্ত্রীর অভিবাসন অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছবি সংগৃহীত

স্ত্রীর বিরুদ্ধে অবৈধ অভিবাসন ও জালিয়াতির অভিযোগ, বিতর্কের মুখে মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...