সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৪:৫
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনয়ন দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দুই অঙ্কের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন জাতীয় জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে, যা ঠিক এক বছর আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

 

গত বছরের নভেম্বরে এমারসন কলেজের একই জরিপের ওপেন-এন্ডেড অংশে ভ্যান্স যেখানে রুবিওর চেয়ে প্রায় ৫০ পয়েন্টে এগিয়ে ছিলেন (৫৪ শতাংশ বনাম ৬ শতাংশ), এবার সেখানে বড় ধরনের উল্টোচিত্র দেখা গেছে।

 

১৪ থেকে ১৬ নভেম্বর ১ হাজার ভোটারের ওপর পরিচালিত এমারসন কলেজের জরিপে (যার ত্রুটির মার্জিন প্লাস-অর-মাইনাস ৩ শতাংশ) দেখা গেছে, নির্দিষ্ট তালিকা থেকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রিপাবলিকান প্রাইমারি ভোটারদের ৪৪ শতাংশ মার্কো রুবিওকে সমর্থন দিয়েছেন।

 

বিপরীতে জেডি ভ্যান্স পেয়েছেন ২৪ শতাংশ, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ৯ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ৬ শতাংশ এবং সঞ্চালক টাকার কার্লসন পেয়েছেন ৫ শতাংশ সমর্থন। অন্যদিকে, ওপেন-এন্ডেড প্রশ্নের ক্ষেত্রেও রুবিও ৩৬ শতাংশ সমর্থন নিয়ে সবার ওপরে রয়েছেন; ভ্যান্স পেয়েছেন ২০ শতাংশ এবং ডিস্যান্টিস, রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (যদিও তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য) প্রত্যেকে ৭ শতাংশ করে সমর্থন পেয়েছেন।

 

ভ্যান্স প্রার্থী হলে অনেক বিশ্লেষকই এখনো তাঁকে রিপাবলিকান মনোনয়নের অন্যতম ফেভারিট হিসেবে দেখেন। ভ্যান্স জানিয়েছেন, আগামী বছর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন; ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৭ সালের বসন্তের শেষ দিকে তিনি এ ঘোষণা দিতে পারেন। তবে গত সপ্তাহে ‘সিএনএন’ জানিয়েছিল, ভ্যান্স এই দৌড়ে না থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবছেন। এর আগে গত বছর ‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, ভ্যান্স প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সরে দাঁড়াবেন এবং প্রথম সারির সমর্থকদের একজন হবেন।

 

ডেমোক্র্যাটিক শিবিরে নির্দিষ্ট প্রার্থীর তালিকায় ১৭ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। এরপর রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (১৬ শতাংশ), প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (১৫ শতাংশ), সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেগ (১৪ শতাংশ) এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম (১১ শতাংশ)। ওপেন-এন্ডেড জরিপেও ১৭ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে জন অসফ; যেখানে ওকাসিও-কর্টেজ ১২ শতাংশ, নিউজম ৮ শতাংশ, বুটিজেগ ও হ্যারিস ৬ শতাংশ করে, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ৪ শতাংশ এবং অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ৩ শতাংশ সমর্থন পেয়েছেন।

 

জরিপে দুই দলের জনপ্রিয়তার চিত্রেও ঠিক এক বছর আগের উল্টো প্রতিফলন দেখা গেছে। বর্তমানে ৪৪ শতাংশ মার্কিন ভোটার ডেমোক্র্যাটদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, আর রিপাবলিকানদের প্রতি ইতিবাচক রয়েছেন মাত্র ৩৫ শতাংশ ভোটার—যা ২০২৫ সালের নভেম্বরের ঠিক বিপরীত।

 

বর্তমানে ৫৬ শতাংশ ভোটার রিপাবলিকানদের প্রতি নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন, যেখানে গত বছর এই হার ছিল ৪৪ শতাংশ; অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রতি নেতিবাচক মনোভাব ৪৭ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। আগামী ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেস শুরুর পর আইনপ্রণেতাদের প্রথম অগ্রাধিকার কী হওয়া উচিত—এমন প্রশ্নে ৫৭ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন।

 

পাশাপাশি ৪৯ শতাংশ করে ভোটার ইরানের যুদ্ধ বন্ধ এবং কংগ্রেস সদস্যদের শেয়ার লেনদেন নিষিদ্ধ করার বিষয়টিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন, আর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তকে প্রথম অগ্রাধিকার বলেছেন মাত্র ২৮ শতাংশ ভোটার।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

নিউইয়র্ক সিটি কাউন্সিলের বিবেচনাধীন একটি ডেলিভারি সুরক্ষা বিল পাস হলে শহরটিতে প্রতিটি অর্ডারে খরচ ৫ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। একই সঙ্গে এই আইন কার্যকর হলে শহরটির বাইরে নিজেদের কার্যক্রম সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।   বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় অ্যামাজন জানায়, আলোচিত ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ বা ইন্ট্রো ৫১৮ বিলটি পাস হলে শেষ মাইল বা ডোরস্টেপ ডেলিভারি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শহরের লাইসেন্স নিতে হবে এবং তৃতীয় পক্ষের সাব-কন্ট্রাক্টর বা ঠিকাদারের পরিবর্তে চালকদের সরাসরি নিজেদের কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। ২০১৮ সাল থেকে অ্যামাজন যে হাজারো ক্ষুদ্র ডেলিভারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে আসছে, এই নিয়ম চালু হলে তাদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে দাবি প্রতিষ্ঠানটির।   অ্যামাজনের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিউইয়র্ক সিটির বাইরে স্থানান্তর করতে হলে লাখ লাখ ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে আগের চেয়ে বেশি সময় লাগবে এবং ডেলিভারি খরচও বেড়ে যাবে। পাশাপাশি ক্ষুদ্র ডেলিভারি প্রতিষ্ঠানগুলোর হাজারো কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে তারা। বিলটির বিরোধিতায় অ্যামাজন নিজেদের শপিং অ্যাপ ও ওয়েবসাইটে পপ-আপ এবং ব্যানারের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের কাছে বার্তা পৌঁছাচ্ছে এবং কাউন্সিল সদস্যদের সঙ্গে আলোচনার পাশাপাশি ডেলিভারি স্টেশন পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছে।   অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে উত্থাপিত বিলটি বর্তমানে সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিনের দপ্তরে পর্যালোচনাধীন রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত আগস্টে বিলটিতে সমর্থন দিয়ে যুক্তি তুলে ধরেন যে, সাব-কন্ট্রাকটিং ব্যবস্থার কারণে ডেলিভারি কর্মীরা ঝুঁকির মুখে পড়েন এবং অনিরাপদ কর্মপরিবেশের দায় এড়ানোর সুযোগ তৈরি হয়। শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার্স বিলটির পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, এতে কর্মীদের সুরক্ষা ও শ্রম অধিকার আরও শক্তিশালী হবে। স্পিকার জুলি মেনিনের দপ্তর বিলটি পাসের লক্ষ্যে কাজ করছে এবং আইনি আপত্তি মোকাবিলায় সংশোধনী তৈরির কাজ চলছে বলে জানা গেছে, যদিও ব্যবসায়ী সংগঠনগুলো আইনি চ্যালেঞ্জের হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৪:৪৯
গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ভিসা, মাস্টারকার্ড ও জেপিমরগ্যানে সাইবার হামলা, ফাঁস হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য

২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

পরিচিত মুখ হয়ে যাচ্ছে রাক্ষসের! বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না
এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

একসময় সিলিকন ভ্যালির বিস্ময়বালিকা ভাবা হতো তাঁকে। মাত্র এক ফোঁটা রক্ত দিয়ে শত শত রোগ নির্ণয়ের যুগান্তকারী প্রযুক্তির স্বপ্ন দেখিয়ে মার্কিন রাজনীতি ও কর্পোরেট জগতের বাঘা বাঘা বিনিয়োগকারীদের নিজের কব্জায় এনেছিলেন এলিজাবেথ হোমস। কিন্তু ভুয়া প্রযুক্তির সেই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর প্রতারণার দায়ে এখন ১১ বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন থেরানোস (Theranos)-এর এই প্রতিষ্ঠাতা। সম্মোহনী ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষার শুরু: ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্ম নেওয়া এলিজাবেথ ২০০২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। প্রথম বর্ষ শেষে সিঙ্গাপুরে সার্স ভাইরাস শনাক্তকরণ গবেষণায় যুক্ত থাকার পর চিকিৎসা প্রযুক্তিতে তাঁর আগ্রহ বেড়ে যায়। ২০০৩ সালে শরীরে পরার উপযোগী ওষুধ সরবরাহ প্যাচের প্রথম পেটেন্টের আবেদন করেন এবং মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ছেড়ে নিজের গবেষণা সংস্থা গড়ে তোলেন।   সিলিকন ভ্যালিতে তিনি পরিচিত হয়ে ওঠেন প্রায় প্রতিদিন কালো পোলো-নেক শার্ট ও ট্রাউজার্স, পেছনে আঁচড়ানো সোনালি চুল আর লাল লিপস্টিকে। দৃঢ় আত্মবিশ্বাস আর একদৃষ্টে তাকানোর ভঙ্গিতে তিনি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।   কোটি কোটি ডলারের তহবিল ও প্রভাবশালী বোর্ড: আঙুলের ডগা থেকে সামান্য রক্ত নিয়ে থাইরয়েড ও ভিটামিনের মতো অসংখ্য পরীক্ষা করার যন্ত্র বানানোর প্রতিশ্রুতি দিয়ে ২০০৪ সালের ডিসেম্বরের মধ্যেই ৬০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেন হোমস। ২০১০ সালের শেষ নাগাদ ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে তাঁর সংস্থায় আসে ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি অর্থ।   ২০১১ সালের জুলাইয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলৎজের সঙ্গে বৈঠকের পর তাঁকে পরিচালনা পর্ষদে যুক্ত করতে সক্ষম হন তিনি। এরপর মার্কিন প্রশাসন, রাজনীতি ও কর্পোরেট জগতের প্রভাবশালী ব্যক্তিরা থেরানোসের বোর্ডে আসেন। মিডিয়া মোগল রুপার্ট মার্ডকও ১২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। এভাবে প্রায় ১৬০ কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ে ওঠে।   ফাঁস হয় ‘এডিসন’-এর জালিয়াতি: ২০১৫ সালে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারিরু থেরানোসের ‘এডিসন’ নামের রক্ত পরীক্ষার যন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, যন্ত্রটি প্রচার অনুযায়ী নির্ভরযোগ্যভাবে কাজ করছিল না; প্রদর্শনীতেও যন্ত্রের যান্ত্রিক ত্রুটি ও খুলে পড়ার মতো ঘটনা ঘটত।   কর্মীদের অভিযোগ দমাতে কঠোর পদক্ষেপ ও বরখাস্তের পাশাপাশি প্রতিবেদন ঠেকাতে আইনজীবী ডেভিড বয়েসের মাধ্যমে আইনি চাপ ও ক্ষতিপূরণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। তবে অনুসন্ধান থেমে থাকেনি। তদন্তে ল্যাব রিপোর্টে নকল লোগো ব্যবহার, নিয়ন্ত্রক সংস্থায় ভুয়া ফলাফল পাঠানো, এক বছরে ১০ কোটি ডলার আয়ের ভুয়া পূর্বাভাস এবং পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রে যন্ত্র ব্যবহারের মিথ্যা দাবির তথ্য সামনে আসে।   মনোবিজ্ঞানের ভাষায় কেউ কেউ এ আচরণকে ‘ডানিং-ক্রুগার প্রভাব’-এর সঙ্গে তুলনা করেছেন—যেখানে সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও নিজের যোগ্যতা বাস্তবের চেয়ে অনেক বড় বলে মনে করা হয়।   আদালত, কারাদণ্ড ও সর্বশেষ পরিস্থিতি: ২০১৮ সালে এলিজাবেথ হোমস ও থেরানোসের সাবেক প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার রমেশ বলওয়ানির বিরুদ্ধে মামলা হয়। ২০২২ সালের ৩ জানুয়ারি আদালত বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চারটি অভিযোগে হোমসকে দোষী সাব্যস্ত করে (যদিও রোগীদের সঙ্গে প্রতারণা সংক্রান্ত কয়েকটি অভিযোগে তিনি খালাস পান)। ওই বছরের নভেম্বরে তাঁকে ১১ বছর ৩ মাসের কারাদণ্ড এবং প্রায় ৪৫ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কারাদণ্ড কমানোর আবেদন করেন, তবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১২:৫১
দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

ইসরায়েলকে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয়ে পরিচিত রাষ্ট্র হওয়া উচিত নয়—মন্তব্য আবদুল এল-সায়েদের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফের আলোচনায় সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ
যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংক জেপিমরগ্যান চেজের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকের সঙ্গে কাজ করা তৃতীয় পক্ষের কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানা হামলাকারীদের হাতে যাওয়ার আশঙ্কা পাওয়া গেছে। তবে ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে দেশজুড়ে ব্যাংকিং সেবায় যে বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক নেই।   বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেপিমরগ্যান চেজ এক বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স, এবিসি নিউজ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ব্যাংকটির বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে।   চেজ জানিয়েছে, তাদের সরাসরি ব্যাংকিং ব্যবস্থায় হামলার প্রমাণ পাওয়া যায়নি। বরং যেসব বাইরের প্রতিষ্ঠান ব্যাংকের জন্য বিভিন্ন সেবা পরিচালনা করে, সেগুলোর কয়েকটি সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।   ব্যাংকটির প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলাকারীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে সংরক্ষিত কিছু বিপণনসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকতে পারে। এসব তথ্যের মধ্যে গ্রাহকদের নাম ও ইমেইল ঠিকানা থাকার আশঙ্কা রয়েছে।   তবে কতজন গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন সেবাদানকারী প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে এবং হামলাকারীরা ঠিক কী পরিমাণ তথ্য সংগ্রহ করেছে, তা এখনো প্রকাশ করা হয়নি।   চেজ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে যেসব গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পাওয়া যাবে, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ক্রেডিট মনিটরিং সেবাসহ অন্যান্য সহায়তাও দেওয়া হবে।   ব্যাংকটির বক্তব্য অনুযায়ী, বর্তমানে তাদের ব্যাংকিং সেবায় সাইবার হামলার কারণে কোনো বিঘ্ন ঘটছে না। গ্রাহকেরা স্বাভাবিকভাবে ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারছেন।   এদিকে গত সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। হাজার হাজার গ্রাহক চেজের অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ, অর্থ স্থানান্তর এবং জেলের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যার অভিযোগ করেন।   চেজ ছাড়াও ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকেরা লেনদেনে বিলম্বের কথা জানান। তবে সব ব্যাংকের নিজস্ব প্রযুক্তিব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল, এমন তথ্য পাওয়া যায়নি।   চেজের ব্যাখ্যা অনুযায়ী, তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থায় থাকা সফটওয়্যার ত্রুটির কারণে কিছু লেনদেন স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় নিচ্ছিল। অন্য ব্যাংকের সঙ্গে চেজের লেনদেন সম্পৃক্ত থাকায় কিছু গ্রাহক পরোক্ষভাবে সমস্যায় পড়েন।   জেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, তাদের মূল অর্থ স্থানান্তরব্যবস্থা সচল ছিল। তবে সংশ্লিষ্ট ব্যাংকের প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু অর্থ স্থানান্তর বিলম্বিত হয়েছে।   মঙ্গলবার (১৭ নভেম্বর) চেজ জানায়, সফটওয়্যার ত্রুটির সমস্যাটি সমাধান করা হয়েছে এবং ব্যাংকিং সেবা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।   এর দুই দিন পর তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে সাইবার হামলার তথ্য প্রকাশ করায় গ্রাহকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে চেজ স্পষ্টভাবে জানিয়েছে, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং সোমবারের বিভ্রাট সাইবার হামলার কারণে হয়নি।   এদিকে যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা এবং ট্রেজারি বিভাগ ব্যাংকিং বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। সমস্যার প্রভাব, সমাধানের অগ্রগতি এবং গ্রাহকদের অবহিত করার বিষয়গুলো সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।   বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ অনুযায়ী, এ ধরনের তথ্য ফাঁসের ঘটনায় গ্রাহকদের সন্দেহজনক ইমেইল ও বার্তা সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। কারণ নাম ও ইমেইল ঠিকানা ব্যবহার করে প্রতারকেরা ব্যাংকের পরিচয়ে ভুয়া বার্তা পাঠানোর চেষ্টা করতে পারে।   গ্রাহকদের ব্যাংকের আনুষ্ঠানিক অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে অ্যাকাউন্টের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।   তবে এই ঘটনায় গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হয়েছে বা পাসওয়ার্ড ও কার্ডের তথ্য ফাঁস হয়েছে, এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।   সংবাদসূত্র দ্য ইন্ডিপেনডেন্ট, অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১১:৯
মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতা আবদি দাইসানের স্ত্রীর অভিবাসন অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছবি সংগৃহীত

স্ত্রীর বিরুদ্ধে অবৈধ অভিবাসন ও জালিয়াতির অভিযোগ, বিতর্কের মুখে মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতা

ট্রাম্পকে গ্র্যান্ড থেফট অটো গেমের আদলে স্টার বানিয়ে ভিডিও প্রকাশ, নীতির প্রচারণা দাবি হোয়াইট হাউসের

ট্রাম্পকে গ্র্যান্ড থেফট অটো গেমের আদলে স্টার বানিয়ে ভিডিও প্রকাশ, নীতির প্রচারণা দাবি হোয়াইট হাউসের

ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান উইলসনের সাধারণ জীবনযাপন ও স্বাবলম্বী হয়ে ওঠার সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

বিলিয়নেয়ার বাবা ইলন মাস্কের মেয়ে থাকেন তিন রুমমেটের সঙ্গে, নিজেই গড়ছেন নিজের জীবন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...