যুক্তরাষ্ট্রে ৫ পরিবারের হাতে বিশ্বের পরিচিত সব ব্র্যান্ড, সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারগুলোর নিট সম্পদের পরিমাণ শত শত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও অনেকের কাছেই তাদের নামগুলো বেশ অজানা। দশকের পর দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবসার প্রসারের মাধ্যমে তারা এই বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছে। বছরে শত বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় করা এই পরিবারগুলো কেবল যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই গভীর প্রভাব রাখছে। ওয়ালমার্টের মতো রিটেইল জায়ান্ট থেকে শুরু করে বিশ্বজুড়ে জনপ্রিয় সব ক্যান্ডি উৎপাদনকারী মার্স পরিবারের মতো রাজবংশগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপুল ধনসম্পদ রেখে যাচ্ছে। নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসায় সক্রিয় থেকে তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কাঠামোকেই বদলে দিয়েছে।
৫২০ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারের তালিকায় সবার ওপরে রয়েছে ওয়ালটন পরিবার। তারা বিশ্বের বৃহত্তম রিটেইল বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা। ১৯৬২ সালে স্যাম ওয়ালটনের হাত ধরে যাত্রা শুরু করা ওয়ালমার্টের বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৬০০টির বেশি শাখা রয়েছে। একইসঙ্গে তারা স্যামস ক্লাব প্রতিষ্ঠা করেছে, যার শাখা রয়েছে বিশ্বজুড়ে। পরিবারের সদস্যরা এখনও ওয়ালমার্টের পরিচালনা পর্ষদে যুক্ত আছেন এবং ২০২২ সালে তারা ৪.৬৫ বিলিয়ন ডলারে এনএফএলের ডেনভার ব্রঙ্কস নামে একটি স্পোর্টস টিম কিনেছেন।
১৫৭ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোচ পরিবার। ১৯৪০ সালে রাসায়নিক প্রকৌশলী ফ্রেড সি কোচ একটি তেল শোধনাগার কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এই সাম্রাজ্যের ভিত্তি গড়েন, যা পরবর্তীতে কোচ ইন্ডাস্ট্রিজ (বর্তমানে শুধু কোচ) নামে পরিচিতি পায়। তাঁর ছেলে চার্লস কোচ বর্তমানে এর কো-সিইও এবং চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি তেল, গ্যাস, রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেছে এবং বর্তমানে ৫০টিরও বেশি দেশে এর কার্যক্রম চলমান।
১২৯ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী মার্স পরিবার মূলত ক্যান্ডি ও পোষা প্রাণীর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্স ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা। ১৯১১ সালে ফ্র্যাঙ্কলিন ক্ল্যারেন্স মার্সের হাত ধরে ওয়াশিংটনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তীতে থ্রি মাস্কেটিয়ার্স, স্নিকার্স, এমঅ্যান্ডএমস ও স্কিটলস-এর মতো বিশ্বখ্যাত সব ক্যান্ডি ব্র্যান্ড তৈরি করেছে। সম্প্রতি তারা পোষা প্রাণীর যত্নের ক্ষেত্রেও বড়সড় বিনিয়োগ করেছে।
৬৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে আছে জনসন পরিবার। ১৯৪৬ সালে এডওয়ার্ড সি জনসন দ্বিতীয়-এর প্রতিষ্ঠিত ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ কোম্পানিটি আর্থিক পরিষেবা, মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশাল শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে ফিডেলিটি ইনভেস্টমেন্টস বিশ্বের অন্যতম বৃহত্তম মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যারা ৪.৪ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করছে এবং ৪ কোটিরও বেশি মানুষকে আর্থিক সেবা দিচ্ছে।
৬৭.৯ বিলিয়ন ডলারের সম্পদের মালিক কারগিল-ম্যাকমিলান পরিবারের ব্যবসার শুরুটা হয়েছিল ১৮৬৫ সালে ছোট একটি শস্য মজুদের কোম্পানি হিসেবে। পরবর্তীতে উইলিয়াম ওয়ালেস কারগিল এবং তাঁর জামাতা জন এইচ ম্যাকমিলান সিনিয়রের হাত ধরে এটি বিশ্বজুড়ে কৃষিপণ্য উৎপাদন ও বিতরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কারগিল ইনকর্পোরেটেডে পরিণত হয়। ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে তারা কাজ করছে। বর্তমানে ৭০টি দেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করে আশ্রয় চাওয়ার সুযোগ সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আইনি লড়াই শুরু হতে যাচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতে। ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের বৈধতা পর্যালোচনা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। অ্যাসোসিয়েটেড প্রেসের ১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের করা আবেদনের পর আদালত মামলাটি শুনতে রাজি হয়েছে। আগামী ২০২৭ সালের বসন্তে শুনানি হওয়ার কথা এবং জুনের শেষ নাগাদ এ বিষয়ে রায় আসতে পারে। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প দক্ষিণ সীমান্তে প্রবেশকারী আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ সীমিত করার নির্বাহী আদেশ জারি করেন। প্রশাসনের যুক্তি, সীমান্তে চাপ কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং আশ্রয় আবেদনের দীর্ঘ জট কমাতে এই পদক্ষেপ প্রয়োজন। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, নিজ দেশে নির্যাতন, নিপীড়ন বা প্রাণনাশের হুমকি থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয় চাওয়ার আইনি অধিকার রয়েছে। নির্বাহী আদেশের মাধ্যমে সেই অধিকার পুরোপুরি বন্ধ করা যায় না। মামলাটিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন বলছে, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা রয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছেন, আশ্রয়প্রার্থীদের আবেদন বিবেচনার জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয়প্রার্থীদের ভবিষ্যৎ এবং অভিবাসন নীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আদালত ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে সীমান্তে আশ্রয় চাওয়ার সুযোগ আরও সীমিত হতে পারে। বিপরীত সিদ্ধান্ত এলে প্রশাসনের নীতিতে পরিবর্তন আনতে হতে পারে। বাংলাদেশি অভিবাসীদের জন্যও বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করার কথা ভাবলে কিংবা ইতিমধ্যে কোনো অভিবাসন প্রক্রিয়ায় থাকলে এই মামলার অগ্রগতি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তবে মামলাটি এখনো বিচারাধীন; এর কারণে যুক্তরাষ্ট্রে থাকা সব আশ্রয়প্রার্থীর আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়নি। অভিবাসন আইনজীবীদের পরামর্শ ছাড়া কোনো আবেদন প্রত্যাহার বা আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয়। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত বর্তমান নিয়ম ও আদালতের নির্দেশনা অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।
স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকিতে থাকা লাখো মানুষকে সাময়িক স্বস্তি, সময় বাড়াল ট্রাম্প প্রশাসন
ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন আলোচনা, বৈধতার আশা দেখলেও অনিশ্চয়তায় বাংলাদেশিরা
ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি অভিবাসী
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় বিমান উড্ডয়ন বন্ধ থাকার দুই দিন পর রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, বাইডেন প্রশাসন বিপুল অর্থ ব্যয় করেও পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করতে পারেনি। বরং তাদের অব্যবস্থাপনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট তদন্ত প্রতিবেদন প্রকাশ করেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগ ও রাডার ব্যবস্থায় গুরুতর সমস্যা দেখা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিকেল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটের দিকে প্রত্যাহার করা হয়। তবে ততক্ষণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। শুক্রবারই চার হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া যায়। শনিবারও বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তি অব্যাহত থাকে। রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রশাসনের অধীনে এফএএ পরিচালনায় বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছিল। তাঁর অভিযোগ, আগের প্রশাসন ভুলভাবে বিপুল অর্থ ব্যয় করেছে এবং পুরোনো ব্যবস্থাকে আরও দুর্বল করে রেখে গেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার অনেক সরঞ্জাম প্রায় ৫০ বছরের পুরোনো। পুরো ব্যবস্থা দ্রুত আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, ধাপে ধাপে সংস্কার না করে একসঙ্গে বড় পরিসরে আধুনিকায়ন করা প্রয়োজন। তবে সরকারি তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসনের সময় ২০২১ সালের অবকাঠামো আইনে বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা উন্নয়নের জন্য ২ হাজার ৫০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছিল। অন্যদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও কংগ্রেস এফএএর আধুনিকায়নে ১ হাজার ২৫০ কোটি ডলার অনুমোদন করেছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আরও কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন। ফলে বর্তমান বিপর্যয়ের সম্পূর্ণ দায় আগের প্রশাসনের ওপর চাপানোর বিষয়টি স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। শনিবারের সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এফএএর দীর্ঘদিনের ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ স্থাপনের কাজ করছিল। এ সময় একটি রাউটারে ত্রুটি কিংবা স্থাপনের সমস্যার কারণে অতিরিক্ত সংযোগের চাপ সৃষ্টি হয়। এর প্রভাব অন্য রাউটারেও ছড়িয়ে পড়ে এবং বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটে। তবে সমস্যাটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে, নাকি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে হয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলা বা ইচ্ছাকৃত নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে রোববারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা অব্যাহত রয়েছে। নিউইয়র্কের জেএফকে, লাগার্ডিয়া এবং নিউজার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন। এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, পরিস্থিতির বড় অংশ নিয়ন্ত্রণে এসেছে এবং রোববারের শেষ নাগাদ অথবা সোমবারের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক সক্ষমতায় ফেরার আশা করা হচ্ছে। তবে বিমান ও ক্রুদের অবস্থান পরিবর্তিত হওয়ায় স্বাভাবিক সূচি ফিরিয়ে আনতে আরও সময় লাগতে পারে। এ পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
দুই বছর ধরে বিছানায় শিকলবন্দি সাবেক স্ত্রী, মেরামতকর্মীর কানে পৌঁছাল আর্তচিৎকার
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২৮ বছর পর ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, গভর্নর হলেন জনাথন
১২ বছরেও অ্যাসাইলাম শুনানি হয়নি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী
মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে সফলভাবে ধরা পড়েছে স্টারশিপ মহাকাশযান। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রায় সাড়ে ২২ ঘণ্টার অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মহাকাশযানটি। সফল প্রত্যাবর্তনের মুহূর্তে স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়োট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বাস করতে পারছেন?’ তবে অভিযানের প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে স্পেসএক্স। প্রায় ৪০৭ ফুট উচ্চতার রকেটটির দুটি প্রধান অংশ রয়েছে। নিচের অংশ সুপার হেভি বুস্টার এবং ওপরের অংশ স্টারশিপ মহাকাশযান। উৎক্ষেপণের পর দুটি অংশ আলাদা হয়ে যায়। স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে। পরে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে স্টারশিপ। শনিবার কক্ষপথ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে এটি ধীরে ধীরে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রের দিকে এগিয়ে আসে। শেষ পর্যায়ে ইঞ্জিনের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে প্রায় ১৭১ ফুট দীর্ঘ মহাকাশযানটি। এরপর উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু, যা ‘চপস্টিকস’ নামে পরিচিত, সেটিকে মাঝ আকাশে ধরে ফেলে। এর আগে স্পেসএক্স সুপার হেভি বুস্টার উদ্ধার করলেও কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশ প্রথমবারের মতো এভাবে উদ্ধার করতে সক্ষম হলো। তবে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়নি। উৎক্ষেপণের পর সুপার হেভি বুস্টারটিরও টাওয়ারে ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু ফেরার পথে এর ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণব্যবস্থা সমস্যা শনাক্ত করার পর বুস্টারটিকে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নেওয়া হয়। পরে সেটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ফলে একই অভিযানে রকেটের দুটি অংশই সফলভাবে উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বুস্টারের ব্যর্থতার কারণ তদন্ত করছে স্পেসএক্স। স্টারশিপের সফল প্রত্যাবর্তন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্পেসএক্সের লক্ষ্য, একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করে উৎক্ষেপণের খরচ কমানো। কক্ষপথে পাঠানো মহাকাশযানকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। তবে উদ্ধার করা স্টারশিপটি আবার উৎক্ষেপণ করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন। এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সাফল্যকে স্বাগত জানিয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতে ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে স্পেসএক্সের। তবে এসব অভিযানের আগে মহাকাশে জ্বালানি স্থানান্তর, নিরাপদ অবতরণ এবং একই মহাকাশযান পুনরায় ব্যবহারের সক্ষমতা প্রমাণ করতে হবে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে
অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার দুই নারী