সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ৯:৫৮
মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত
মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত

মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে সফলভাবে ধরা পড়েছে স্টারশিপ মহাকাশযান। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রায় সাড়ে ২২ ঘণ্টার অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মহাকাশযানটি। সফল প্রত্যাবর্তনের মুহূর্তে স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়োট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বাস করতে পারছেন?’ তবে অভিযানের প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি উদ্ধার করা সম্ভব হয়নি।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে স্পেসএক্স। প্রায় ৪০৭ ফুট উচ্চতার রকেটটির দুটি প্রধান অংশ রয়েছে। নিচের অংশ সুপার হেভি বুস্টার এবং ওপরের অংশ স্টারশিপ মহাকাশযান। উৎক্ষেপণের পর দুটি অংশ আলাদা হয়ে যায়। স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে।


পরে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে স্টারশিপ। শনিবার কক্ষপথ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে এটি ধীরে ধীরে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রের দিকে এগিয়ে আসে। শেষ পর্যায়ে ইঞ্জিনের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে প্রায় ১৭১ ফুট দীর্ঘ মহাকাশযানটি। এরপর উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু, যা ‘চপস্টিকস’ নামে পরিচিত, সেটিকে মাঝ আকাশে ধরে ফেলে। এর আগে স্পেসএক্স সুপার হেভি বুস্টার উদ্ধার করলেও কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশ প্রথমবারের মতো এভাবে উদ্ধার করতে সক্ষম হলো।


তবে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়নি। উৎক্ষেপণের পর সুপার হেভি বুস্টারটিরও টাওয়ারে ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু ফেরার পথে এর ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণব্যবস্থা সমস্যা শনাক্ত করার পর বুস্টারটিকে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নেওয়া হয়। পরে সেটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ফলে একই অভিযানে রকেটের দুটি অংশই সফলভাবে উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বুস্টারের ব্যর্থতার কারণ তদন্ত করছে স্পেসএক্স।


স্টারশিপের সফল প্রত্যাবর্তন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্পেসএক্সের লক্ষ্য, একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করে উৎক্ষেপণের খরচ কমানো। কক্ষপথে পাঠানো মহাকাশযানকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। তবে উদ্ধার করা স্টারশিপটি আবার উৎক্ষেপণ করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।


এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সাফল্যকে স্বাগত জানিয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতে ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে স্পেসএক্সের। তবে এসব অভিযানের আগে মহাকাশে জ্বালানি স্থানান্তর, নিরাপদ অবতরণ এবং একই মহাকাশযান পুনরায় ব্যবহারের সক্ষমতা প্রমাণ করতে হবে।


সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন আলোচনা
ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন আলোচনা, বৈধতার আশা দেখলেও অনিশ্চয়তায় বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার সুযোগ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর অভিবাসন আইন সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হলেও বৈধতা দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।   ১৫ নভেম্বর প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা অনিবন্ধিত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট নেতারা নতুন করে উদ্যোগ নিতে চান। বিশেষ করে যারা বহু বছর ধরে দেশটিতে বসবাস করছেন, কাজ করছেন এবং পরিবার গড়ে তুলেছেন, তাঁদের জন্য স্থায়ী বৈধতার পথ তৈরির দাবি জানানো হচ্ছে।   নির্বাচনের পর ট্রাম্পও অভিবাসন নীতি নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছিলেন। ৮ নভেম্বর প্রচারিত সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং কাজ করা কিছু মানুষের বৈধতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাঁর এই বক্তব্য অভিবাসী অধিকারকর্মী ও ব্যবসায়ী মহলে নতুন আশার সৃষ্টি করে।   তবে কয়েক দিনের মধ্যেই তাঁর বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা যায়। ৯ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা বা ‘অ্যামনেস্টি’ দেওয়া হবে না। তিনি আরও বলেন, তাঁর অভিবাসন নীতির পরিবর্তন হয়নি এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের বিষয়টি অগ্রাধিকার পাবে।   যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনও ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনিও বলেছেন, অনিবন্ধিত অভিবাসীদের সাধারণ ক্ষমা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর মতে, অভিবাসন আইন সংস্কারের জন্য দুই দলের সমর্থন প্রয়োজন।   এ আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘ডাকা’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় শৈশবে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা কিছু অভিবাসী নির্দিষ্ট শর্তে সাময়িকভাবে বহিষ্কার থেকে সুরক্ষা ও কাজের অনুমতি পেয়ে থাকেন। মুলিন বলেছেন, তাঁদের স্থায়ী আইনি মর্যাদা বা নাগরিকত্বের পথ তৈরি করা হবে কি না, তা কংগ্রেসের সিদ্ধান্তের বিষয়।   অন্যদিকে, ডেমোক্র্যাট নেতারা শুধু বৈধতার সুযোগ নয়, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে আরও জবাবদিহি নিশ্চিত করার দাবিও তুলেছেন। তাঁদের প্রস্তাবের মধ্যে রয়েছে অভিবাসন কর্মকর্তাদের অভিযান পরিচালনায় নতুন নিয়ম, প্রশিক্ষণ বাড়ানো এবং গণবহিষ্কারের জন্য বরাদ্দ অর্থের ওপর কংগ্রেসের নজরদারি জোরদার করা।   তবে ডেমোক্র্যাটরা কংগ্রেসে প্রভাব বাড়ালেও তাঁদের সব প্রস্তাব বাস্তবায়ন সহজ হবে না। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো আইন অনুমোদনে ভেটো দিতে পারেন। পাশাপাশি অভিবাসন নীতির কঠোর অবস্থানের অন্যতম প্রধান উদ্যোক্তা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করার সিদ্ধান্ত আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।   ১৫ নভেম্বরের প্রতিবেদনে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। কারণ, ট্রাম্প ও মুলিন আলোচনার আগ্রহ দেখালেও মিলারের নিয়োগ প্রশাসনের কঠোর অভিবাসন নীতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।   তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বৈধতার আবেদন বা নতুন গ্রিন কার্ডের সুযোগসংক্রান্ত অযাচাইকৃত প্রচারণায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রের সরকারি ঘোষণা ছাড়া কোনো আবেদন জমা দেওয়া বা মধ্যস্থতাকারীকে অর্থ দেওয়ার আগে সতর্ক থাকা জরুরি।   সার্বিকভাবে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন সংস্কার নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হলেও বাংলাদেশি অভিবাসীদের জন্য এখনই বৈধতার দরজা খুলে যায়নি। কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে এই আলোচনার ভবিষ্যৎ।   সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস, ফক্স নিউজ।

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১২:৩৪
বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি অভিবাসী

ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি অভিবাসী

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বিপর্যয়, বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প

৪০ বছর বয়সী আর্তুরো কালজাদা-বেসেরিল এবং ৪১ বছর বয়সী এরেন্দিরা আমোলেস

দুই বছর ধরে বিছানায় শিকলবন্দি সাবেক স্ত্রী, মেরামতকর্মীর কানে পৌঁছাল আর্তচিৎকার

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের তিন প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জনাথন ক্রাইস-টমকিন্স। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২৮ বছর পর ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, গভর্নর হলেন জনাথন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রায় ২৮ বছর পর গভর্নর নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের তিন প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জনাথন ক্রাইস-টমকিন্স। পরাজিত প্রার্থীদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া বার্নাডেট উইলসনও রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোটের ফলাফল বিশ্লেষণ করে ক্রাইস-টমকিন্সকে বিজয়ী ঘোষণা করে অ্যাসোসিয়েটেড প্রেস। শনিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে আলাস্কার গভর্নর নির্বাচিত হলেন তিনি।   অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আলাস্কার সাবেক আইনপ্রণেতা ক্রাইস-টমকিন্স নির্বাচনে রিপাবলিকান দলের বার্নাডেট উইলসন, অ্যাঙ্করেজের সাবেক মেয়র ডেভ ব্রনসন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ট্রেগ টেইলরকে পরাজিত করেন। ভোট গণনায় তিনি প্রথম পছন্দের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় অতিরিক্ত ধাপের র‍্যাঙ্কড চয়েস ভোট গণনার প্রয়োজন হয়নি। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি স্কুলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর কাছ থেকে কর আদায়ের ওপর গুরুত্ব দেন তিনি।   মাত্র ৩৭ বছর বয়সে গভর্নর নির্বাচিত হয়ে আলাস্কার ইতিহাসে সর্বকনিষ্ঠ গভর্নর হওয়ার রেকর্ডও গড়েছেন ক্রাইস-টমকিন্স। তিনি এর আগে প্রায় এক দশক অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে আইনসভা ছাড়ার তিন বছর পর আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসেন। এবারের প্রচারণায় আলাস্কার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৪০ হাজার মাইলের বেশি ভ্রমণ করেছেন বলে জানিয়েছে তাঁর প্রচার দল। দুর্গম এলাকাগুলোতে নৌকা ও স্নোমোবাইল ব্যবহার করেও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।   ক্রাইস-টমকিন্সের জয়ের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিপাবলিকান সিনেটর লিসা মুরকাওস্কি নির্বাচনের আগে তাঁকে সমর্থন জানান। এ ছাড়া সাবেক রিপাবলিকান গভর্নর ফ্রাঙ্ক মুরকাওস্কি, স্বতন্ত্র সাবেক গভর্নর বিল ওয়াকার এবং ডেমোক্র্যাট সাবেক গভর্নর টনি নোলসও তাঁর পক্ষে অবস্থান নেন। বিজয়ের পর ক্রাইস-টমকিন্স জানিয়েছেন, তিনি শুধু ডেমোক্র্যাটদের নিয়ে নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ব্যক্তিদের নিয়েও প্রশাসন গঠন করতে চান।   ১৯৯৮ সালে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে আলাস্কার গভর্নর নির্বাচিত হয়েছিলেন টনি নোলস। তিনি ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাননি। বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করায় এবার আর নির্বাচনে অংশ নিতে পারেননি। আগামী ৭ ডিসেম্বর নতুন গভর্নর হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ক্রাইস-টমকিন্সের। তাঁর সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেবেন স্বতন্ত্র প্রার্থী জ্যাক জনসন।   এদিকে আলাস্কার এই জয় যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এবারের নির্বাচনে টেক্সাস, জর্জিয়া, আইওয়া ও ওহাইওসহ কয়েকটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যেও গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল। আলাস্কাসহ মোট ৩০টি অঙ্গরাজ্যের গভর্নরের পদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাচ্ছে। তবে আলাস্কার নির্বাচন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ফল প্রত্যয়ন করেনি। সরকারি সময়সূচি অনুযায়ী, ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের ফল প্রত্যয়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১০:৪৪
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষার পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ছবি: সংগৃহীত

১২ বছরেও অ্যাসাইলাম শুনানি হয়নি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী

মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে

অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার নারী
অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার দুই নারী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার অ্যাবারডিনে চুরি হওয়া একটি ডেবিট কার্ড ব্যবহার করে অন্য এক নারীর পানির বিল পরিশোধের অভিযোগে আরও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিয়ান্না রেনে লাকি (৩১) নামের ওই নারীর বিরুদ্ধে চুরি করা কার্ডটি সামান্থা সাবরিনা আইজ্যাক (৩২) নামের আরেক নারীর হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে, যা দিয়ে সামান্থা তার ১০২.৬৬ ডলারের পানির বিল পরিশোধ করেছিলেন।   এছাড়া তিয়ান্না ওই কার্ড ব্যবহার করে পাপা জনস-এ খাবারের অর্ডার দেওয়ারও চেষ্টা করেছিলেন বলে তার গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় তিয়ান্নার বিরুদ্ধে মোট ১০টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।   অ্যাবারডিন পুলিশের বরাত দিয়ে গত ১০ নভেম্বর স্যান্ডহিলস সেন্টিনেল এই গ্রেফতারের খবর প্রকাশ করে। পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর জার্সি মাইকস রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় এক গ্রাহকের ডেবিট কার্ড চুরি যায়। ওই গ্রাহক পুলিশকে তার কার্ডের লেনদেনের হিসাব সরবরাহ করেন, যেখানে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে ৮টি সফল বা ব্যর্থ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। এরপর রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দেখেন যে, ওই দুই গ্রাহক (তিয়ান্না ও সামান্থা) মিলে কার্ডটি চুরি করেছিলেন।   এই ঘটনার জেরে গত ৩১ অক্টোবর সামান্থা সাবরিনা আইজ্যাককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও একই তদন্তের আওতায় অভিযোগ গঠন করা হয়। এর আগে ওয়েলথ অফ গিকস সামান্থার বিরুদ্ধে পানির বিল পরিশোধের অভিযোগটি প্রকাশ করেছিল। তবে গত ৩ নভেম্বর তিয়ান্নার নামে জারি করা ৬ পৃষ্ঠার গ্রেফতারি পরোয়ানায় এই জালিয়াতিতে তার সরাসরি জড়িত থাকার বিষয়টিও উঠে আসে।   পরোয়ানায় বলা হয়েছে, তিয়ান্না জেনেশুনে সামান্থাকে ওই চুরি করা কার্ডটি দিয়েছিলেন, যাতে সামান্থা প্রতারণার মাধ্যমে তার পানির বিল পরিশোধ করতে পারেন। এছাড়া সামান্থার সাথে যোগসাজশ করে কার্ড চুরির একটি আলাদা অভিযোগও তিয়ান্নার বিরুদ্ধে আনা হয়েছে। পাশাপাশি তিয়ান্নার বিরুদ্ধে পূর্বে থাকা চুরির ৪টি রেকর্ড উল্লেখ করে তাকে 'অভ্যাসগত চোর' বা হ্যাবিচুয়াল লার্সেনির দায়েও অভিযুক্ত করা হয়েছে।   আদালতের নথিপত্র অনুযায়ী, গত ৪ নভেম্বর ৫০ হাজার ডলারের সিকিউরড বন্ড বা জামানত জমা দেওয়ার মাধ্যমে তিয়ান্না লাকিকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বরের আদালতের সারাংশ অনুযায়ী মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মুর কাউন্টি কোর্টরুম ৩২৭-এ এর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী, চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত দুজনকেই নির্দোষ বলে গণ্য করা হবে।

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ৯:২৮
মেডিকেয়ার জালিয়াতিতে ১২৭ মিলিয়ন ডলার আত্মসাৎ, ডে-কেয়ার পরিচালকের দোষ স্বীকার

৮১ জনের ডে-কেয়ারে প্রতিদিন ৭০০ জনের বিল, নিউইয়র্কে ১২৭ মিলিয়ন ডলারের জালিয়াতি

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনায় এক নারী নিহত এবং এক পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুক হামলায় এক নারী নিহত, সোয়াট অভিযানে সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ব্যবহারের জন্য চালকবিহীন সাইবারক্যাব গাড়ি কেনার সুযোগ দিতে শুরু করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ছবি: সংগৃহীত

প্রায় ৩০ হাজার ডলারে সাইবারক্যাব বিক্রি শুরু করল টেসলা, শর্তসাপেক্ষে কিনতে পারবে যে কেউ

0 Comments