সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

স্ত্রীকে না জানিয়ে পাকিস্তানে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তালাক, টেক্সাসে স্বীকৃতি পেল না

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১, ২০২৬ ১৩:৪০
স্ত্রীকে না জানিয়ে পাকিস্তানে নেওয়া একটি তালাকের রায় টেক্সাসে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
স্ত্রীকে না জানিয়ে পাকিস্তানে নেওয়া একটি তালাকের রায় টেক্সাসে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট স্ত্রীকে যথাযথভাবে না জানিয়ে পাকিস্তানে নেওয়া একটি তালাকের রায় টেক্সাসে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। হিউস্টনের ব্যবসায়ী মোহাম্মদ আলী চৌধুরী ও হিরা আজহারের মামলায় আদালত বলেছে, স্ত্রী তালাকের প্রক্রিয়া সম্পর্কে সময়মতো জানার এবং নিজের বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। গত শুক্রবার, ২৫ সেপ্টেম্বর দেওয়া রায়ে আগের আদালতগুলোর সিদ্ধান্ত বাতিল করে মামলাটি পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হয়েছে। 

 

আদালতের নথি অনুযায়ী, ২০০৮ সালে পাকিস্তানে তাঁদের বিয়ে হয়। পরে তাঁরা হিউস্টনে বসবাস শুরু করেন। ২০১২ সালে ভিসা নবায়নের জন্য আজহার পাকিস্তানে যান। সেখানে থাকা অবস্থায় ২০১৩ সালে চৌধুরী ‘তালাক’ পদ্ধতিতে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন। আজহারের দাবি, তাঁকে এ বিষয়ে জানানো হয়নি; বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার প্রায় দুই বছর পর তিনি তা জানতে পারেন। 

 

চৌধুরীর পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের একটি স্থানীয় সংবাদপত্রে তালাকের প্রক্রিয়ার পাঁচ দিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু টেক্সাস সুপ্রিম কোর্টের মতে, এই মামলায় শুধু ওই বিজ্ঞপ্তি যথেষ্ট ছিল না। স্ত্রীকে ফোন, বার্তা, ইমেইল বা অন্য মাধ্যমে জানানোর সুযোগ ছিল না, এমন কোনো প্রমাণও আদালতে দেওয়া হয়নি। 

 

২০১৫ সালে হিউস্টনে ফিরে আজহার টেক্সাসের আদালতে বিবাহবিচ্ছেদ ও বৈবাহিক সম্পত্তি ভাগের আবেদন করেন। নিম্ন আদালত পাকিস্তানের বিচ্ছেদকে স্বীকৃতি দিয়ে তাঁর আবেদন খারিজ করেছিল; আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রেখেছিল। মামলার নথিতে দাম্পত্যকালে অর্জিত যৌথ সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি বলে উল্লেখ আছে। 

 

সুপ্রিম কোর্টের নতুন রায়ে আজহারকে কোনো সম্পত্তির অংশ দেওয়া হয়নি। রায়ের ফল হলো, পাকিস্তানের ওই বিচ্ছেদকে ভিত্তি করে তাঁর টেক্সাসের আবেদন খারিজ রাখার সিদ্ধান্ত আর বহাল থাকছে না। মামলাটি এখন নিম্ন আদালতে ফিরে যাবে। 

 

আদালত আরও স্পষ্ট করেছে, বিদেশে দেওয়া সব বিবাহবিচ্ছেদের রায় বা সব তালাক টেক্সাসে অগ্রহণযোগ্য বলে তারা সিদ্ধান্ত দেয়নি। এই মামলার নির্দিষ্ট কারণ ছিল যথাযথ নোটিশ ও বক্তব্য দেওয়ার সুযোগের অভাব। 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
এইচ-১বি ভিসার মেয়াদ বাড়ানো কঠিন করতে পারে
এইচ-১বি ভিসার মেয়াদ বাড়ানো কঠিন করতে পারে ডিএইচএসের নতুন প্রস্তাব, বাড়তে পারে যাচাই

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। আগের অনুমোদিত আবেদনকে পরবর্তী আবেদনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার নিয়ম বাতিলের প্রস্তাব করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হলে বিশেষ করে এইচ-১বি ভিসাধারী কর্মী এবং তাঁদের নিয়োগকর্তাদের নতুন করে বিস্তারিত যাচাইয়ের মুখোমুখি হতে হতে পারে।   ২০২৬ সালের ১৪ অক্টোবর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) আগের অনুমোদনের ওপর নির্ভর করার বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা জানিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো কর্মীর আগের ভিসা বা কর্মসংস্থানসংক্রান্ত আবেদন অনুমোদিত হয়ে থাকলে এবং পরবর্তী আবেদনে একই পক্ষ ও একই মৌলিক তথ্য বহাল থাকলে ইউএসসিআইএস সাধারণত আগের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। তবে আগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভুল, পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন কিংবা নতুন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ পুনরায় যাচাই করতে পারে।   ডিএইচএসের নতুন প্রস্তাবে এই সুবিধা বাতিল করে প্রতিটি আবেদন নতুন করে যাচাইয়ের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ, কোনো কর্মীর আগের আবেদন অনুমোদিত হলেও পরবর্তী মেয়াদ বাড়ানোর আবেদনে সেই অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুবিধা দেবে না। এই পরিবর্তন শুধু এইচ-১বি ভিসার মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়োগকর্তাদের মাধ্যমে করা আই-১২৯ ফরমের আওতাভুক্ত এল-১, ও-১, টি-এন, ইসহ বিভিন্ন অস্থায়ী কর্মী ভিসার আবেদনও প্রস্তাবটির আওতায় পড়তে পারে।   অভিবাসন আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রস্তাবটি চূড়ান্ত হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনে অতিরিক্ত প্রমাণ চাওয়ার নোটিশ বা আরএফই বাড়তে পারে। এতে আবেদন নিষ্পত্তিতে বেশি সময় লাগার আশঙ্কাও রয়েছে। তবে কতসংখ্যক আবেদন প্রত্যাখ্যাত হবে বা প্রক্রিয়াকরণে ঠিক কতটা সময় বাড়বে, তা এখনো নিশ্চিত নয়।   বিশেষ করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ এসব প্রতিষ্ঠানের পক্ষে প্রতিটি আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, আইনি সহায়তা নেওয়া এবং অতিরিক্ত যাচাইয়ের খরচ বহন করা তুলনামূলক কঠিন হতে পারে। ডিএইচএসের যুক্তি, আগের অনুমোদন থাকলেও আবেদনকারী ও নিয়োগকর্তাকে প্রত্যেকবার যোগ্যতার প্রমাণ দিতে হবে। সংস্থাটির মতে, নতুন নিয়ম চালু হলে ভুল বা যথেষ্ট তথ্য ছাড়া দেওয়া আগের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী সুবিধা পাওয়ার ঝুঁকি কমবে।   প্রস্তাবটির ওপর জনমত গ্রহণের সময়সীমা ছিল ১৩ নভেম্বর ২০২৬। ফলে সেই সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে প্রস্তাবটি চূড়ান্ত নিয়মে পরিণত না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মের অবস্থান পরিবর্তিত হচ্ছে না। বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের ভিসা অনুমোদন বাতিল হয়ে যাচ্ছে—এমন নয়। একইভাবে নতুন প্রস্তাবের কারণে সব এইচ-১বি মেয়াদ বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান হবে, এমনও নয়। তবে নিয়মটি চূড়ান্ত হলে আগের অনুমোদনের ওপর নির্ভর করার সুযোগ কমে গিয়ে প্রতিটি আবেদনে যোগ্যতার প্রমাণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মী, বিশেষ করে এইচ-১বি ভিসাধারীদের জন্য তাই নিজেদের চাকরির দায়িত্ব, বেতন, নিয়োগকর্তা এবং যোগ্যতাসংক্রান্ত নথিপত্র হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়াও সহায়ক হতে পারে। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ফ্র্যাগোমেন অভিবাসন আইনবিষয়ক প্রতিষ্ঠান।  

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৮:৪৬
সুপারমার্কেট সিনড্রোমে ভুগছেন ক্রেতারা

সুপারশপে ঢুকলেই মাথা ঘোরা, বমিভাব! অজানা ‘সুপারমার্কেট সিনড্রোমে’ ভুগছেন ক্রেতারা

যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম চুরি হয় টেসলা মডেল

যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম চুরি হয় টেসলা মডেল ৩, গড়ের চেয়ে ঝুঁকি ৯৯ শতাংশ কম

আবদুল আল-সাঈদ ছবি : সংগৃহীত।

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করে শিশুদের কল্যাণে অর্থ ব্যয়ের আহ্বান আবদুল আল-সাঈদের

নিউইয়র্কে হোমকেয়ারে পরিবারের সদস্যদেরও আয়ের সুযোগ
নিউইয়র্কে হোমকেয়ারে পরিবারের সদস্যদেরও আয়ের সুযোগ, অপব্যবহার রোধে জোরদার হচ্ছে তদারকি

নিউইয়র্কে বয়স্ক বাবা-মা ও অসুস্থ স্বজনের পরিচর্যা করে পারিশ্রমিক পাওয়ার সুযোগ রয়েছে পরিবারের সদস্যদেরও। মেডিকেইডের আওতায় পরিচালিত কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপিএপি) এর মাধ্যমে যোগ্য রোগীরা নিজেদের পছন্দের ব্যক্তিকে পরিচর্যাকারী হিসেবে নিয়োগ করতে পারেন। তবে ২০২৬ সালে এই কর্মসূচির অর্থ ব্যবস্থাপনা, কর্মীদের বেতন এবং পরিচর্যার সময় নিয়ে নতুন করে নজরদারি জোরদার করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। সরকারি নিরীক্ষা, ফেডারেল মামলা এবং নতুন নীতিমালায় উঠে এসেছে কর্মসূচিটির বিভিন্ন সমস্যা ও সংস্কারের উদ্যোগ।   বাংলাদেশি কমিউনিটির অনেক পরিবারের জন্য এই সেবা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব পরিবারের বয়স্ক বাবা-মা, পক্ষাঘাতগ্রস্ত কিংবা গুরুতর অসুস্থ সদস্য রয়েছেন, তাঁদের পরিচর্যার দায়িত্ব অনেক সময় পরিবারের সদস্যদেরই পালন করতে হয়। সিডিপিএপি কর্মসূচির মাধ্যমে যোগ্য রোগীরা পরিবারের সদস্য বা পরিচিত কাউকে পরিচর্যাকারী হিসেবে নিয়োগ করতে পারেন। নির্ধারিত শর্ত পূরণ করলে পরিচর্যাকারী পারিশ্রমিক পান। তবে শুধু বয়স্ক হলেই কেউ এই সুবিধার যোগ্য হন না। রোগীর মেডিকেইড যোগ্যতা এবং চিকিৎসাগত মূল্যায়নে পরিচর্যার প্রয়োজনীয়তা প্রমাণিত হতে হয়। স্বামী বা স্ত্রীসহ নির্দিষ্ট কিছু সম্পর্কের ক্ষেত্রে পরিচর্যাকারী নিয়োগের বিধিনিষেধ রয়েছে।   অতিরিক্ত কাজের সময় যাচাইয়ে নতুন নিয়ম: ২০২৬ সালের ২২ জুলাই নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগ হোমকেয়ার কর্মীদের অতিরিক্ত কাজের সময় পর্যবেক্ষণে নতুন নির্দেশনা জারি করে। এতে একজন পরিচর্যাকারী সপ্তাহে ১১২ ঘণ্টা বা তার বেশি কাজ করলে সেটিকে অতিরিক্ত কর্মঘণ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।   নতুন নির্দেশনা অনুযায়ী, পিপিএলকে এখন প্রতি মাসের পরিবর্তে প্রতি দুই সপ্তাহে অতিরিক্ত কর্মঘণ্টার প্রতিবেদন দিতে হবে। সপ্তাহে ৮৪ থেকে ১১১ ঘণ্টা কাজের তথ্য পর্যবেক্ষণের জন্য তালিকাভুক্ত হবে। ১১২ থেকে ১৬৭ ঘণ্টা কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিকল্পনাকে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। আর সপ্তাহে ১৬৮ ঘণ্টা কাজ দেখানো হলে তিন কর্মদিবসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে। ১১২ ঘণ্টা বা তার বেশি কাজের ঘটনাগুলো মেডিকেইড ইন্সপেক্টর জেনারেলের দপ্তরে তদন্তের জন্য পাঠানোর বিধানও রয়েছে।   স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, একজন পরিচর্যাকারীর ওপর অতিরিক্ত নির্ভরতা রোগীর নিরাপত্তা ও পরিচর্যার মানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী একাধিক পরিচর্যাকারী নিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ১০ বিলিয়ন ডলারের কর্মসূচি নিয়ে ফেডারেল মামলা: ২০২৬ সালের ১৬ জুন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ, মেডিকেইড পরিচালক আমির বাসিরি এবং কর্মসূচির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পাবলিক পার্টনারশিপস এলএলসির (পিপিএল) বিরুদ্ধে মামলা করে।   বিচার বিভাগের অভিযোগ, প্রায় ১০ বিলিয়ন ডলারের এই কর্মসূচির ব্যবস্থাপনার জন্য পিপিএলকে নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চুক্তির নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে। তবে নিউইয়র্ক কর্তৃপক্ষ ও পিপিএল এসব অভিযোগ অস্বীকার করেছে। মামলাটি এখনো বিচারাধীন। ফলে অভিযোগগুলোকে আদালতে প্রমাণিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।   ২ লাখ কর্মীর জন্য ১৬২ মিলিয়ন ডলারের সমঝোতা: এদিকে, ২০২৬ সালের ১০ নভেম্বর নিউইয়র্কের ফেডারেল আদালত পিপিএলের বিরুদ্ধে দায়ের করা পৃথক একটি মজুরি-সংক্রান্ত মামলায় ১৬২ মিলিয়ন ডলারের সমঝোতা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার এলাকার প্রায় দুই লাখ বর্তমান ও সাবেক হোমকেয়ার কর্মী সুবিধা পাওয়ার আওতায় এসেছেন।   মামলায় অভিযোগ ছিল, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত কর্মীদের যথাসময়ে ও সঠিকভাবে বেতন দেওয়া হয়নি এবং কিছু ক্ষেত্রে মজুরি ও কর্মী-সুবিধা সংক্রান্ত আইন মানা হয়নি। পিপিএল সমঝোতায় সম্মত হলেও কোনো অন্যায় স্বীকার করেনি। প্রতিষ্ঠানটির বক্তব্য, দীর্ঘ আইনি লড়াই এড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এটি কর্মীদের বেতন-সংক্রান্ত মামলা, রোগীদের পরিচর্যার বিল নিয়ে জালিয়াতির মামলা নয়।   ২০২৬ সালেও মেডিকেইড জালিয়াতি ঠেকাতে বিশেষ নজরদারি: নিউইয়র্কের মেডিকেইড ইন্সপেক্টর জেনারেলের দপ্তর ২০২৬ সালের কর্মপরিকল্পনায় সিডিপিএপি ও ব্যক্তিগত পরিচর্যা সেবার ওপর নিরীক্ষা অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে উন্নত তথ্য বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে সন্দেহজনক বিল, অস্বাভাবিক কাজের সময় এবং অর্থ পরিশোধের অসংগতি শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।   বাংলাদেশি কমিউনিটির পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকৃত অসুস্থ ব্যক্তিরা যেন এই সেবা থেকে বঞ্চিত না হন এবং পরিবারের সদস্যরা নিয়ম মেনে পরিচর্যার পারিশ্রমিক পান। পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে সুবিধা গ্রহণ, পরিচর্যা না করেও বিল জমা দেওয়া কিংবা অতিরিক্ত কর্মঘণ্টা দেখিয়ে অর্থ নেওয়া বন্ধে কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৫:৪৪
গ্রিন কার্ড

গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বিদেশি কর্মী নিয়োগে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

ডেভিড অ্যাগটস্টেরিব (৫৮)

নিউইয়র্কে ভুয়া যুদ্ধাহত সেনা সেজে ৮১ হাজার ডলার আত্মসাৎ, গ্রেপ্তার এক ব্যক্তি

নিউইয়র্কে না গিয়েই পাসপোর্ট-এনআইডি সেবা, বস্টনে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

নিউইয়র্কে না গিয়েই পাসপোর্ট-এনআইডি সেবা, বস্টনে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

মাত্র ৪ দিনের নোটিশে ডিপোর্টেশন শুনানি
যুক্তরাষ্ট্রে ৪ দিনের নোটিশে ডিপোর্টেশন শুনানি, ৯৪ শতাংশ আবেদনই বাতিল

যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতে আশ্রয়প্রার্থীদের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর নির্ধারিত শুনানির তারিখ হঠাৎ এগিয়ে আনা, বিচারক পরিবর্তন এবং ভিন্ন অঙ্গরাজ্যের আদালতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার মতো ঘটনা সামনে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে শুনানির প্রস্তুতির জন্য মাত্র কয়েক দিন সময় পাচ্ছেন অভিবাসীদের আইনজীবীরা। সম্প্রতি নিউ অরলিন্সের ছয় সদস্যের একটি পরিবারের আশ্রয় মামলায় এমন ঘটনা ঘটেছে। পরিবারটির ২০২৮ সালের জন্য নির্ধারিত শুনানি এগিয়ে এনে আইনজীবীকে মাত্র চার দিনের নোটিশ দেওয়া হয়। ১৬ নভেম্বর ২০২৬ প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।   ২০২৮ সালের শুনানি এগিয়ে এনে চার দিনের নোটিশ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নিউ অরলিন্সের ওই ছয় সদস্যের পরিবারের আশ্রয় আবেদনের শুনানি আগে ২০২৮ সালের জুলাই মাসে নির্ধারিত ছিল। কিন্তু মামলাটিকে অগ্রাধিকারভিত্তিক হিসেবে চিহ্নিত করার পর শুনানির তারিখ এগিয়ে আনা হয়। অক্টোবরের শেষ দিকে পরিবারটির আইনজীবী কোরিন বেথ জানতে পারেন, মামলাটি অন্য বিচারকের কাছে স্থানান্তর করা হয়েছে। নতুন বিচারক ছিলেন ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের। একই সঙ্গে পরবর্তী সোমবার ভার্চুয়াল শুনানির সময় নির্ধারণ করা হয়। ফলে পরিবারটির পক্ষে মামলা প্রস্তুত করার জন্য আইনজীবীর হাতে সময় ছিল মাত্র চার দিন।   প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষে অংশ নেওয়া আইনজীবী পূর্ণাঙ্গ সাক্ষ্য-প্রমাণের শুনানি ছাড়াই পরিবারটির আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের প্রস্তাব দেন। এ ধরনের প্রক্রিয়াকে আইনি ভাষায় ‘প্রিটারমিটিং’ বলা হয়। তবে পরিবারটির আইনজীবী শুনানির তারিখ পরিবর্তনের জন্য বিচারকের কাছে আবেদন করেন। পরে শুনানি নতুন তারিখে নির্ধারণ করা হয়। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, নতুন তারিখেও মামলার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া কঠিন ছিল।   হঠাৎ বদলে যাচ্ছে শুনানির তারিখ ও বিচারক: শুধু নিউ অরলিন্সের ওই পরিবার নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মরত অভিবাসন আইনজীবীরাও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, আগে থেকে নির্ধারিত শুনানি কয়েক সপ্তাহ বা কয়েক মাস এগিয়ে আনা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে শুনানি বাতিল করে অন্য বিচারকের কাছে মামলা পাঠানো হচ্ছে। এমনকি যে অঙ্গরাজ্যে মামলা পরিচালিত হচ্ছিল, সেখান থেকে দূরবর্তী অন্য অঙ্গরাজ্যের বিচারকের কাছেও মামলা স্থানান্তরের ঘটনা ঘটছে।   কানসাস সিটিতে কর্মরত অভিবাসন আইনজীবী জেনেভরা আলবার্তি প্রতিবেদনে বলেন, মামলার শুনানির সময়সূচি ও বিচারক পরিবর্তনের ক্ষেত্রে ধারাবাহিক কোনো নিয়ম বা পূর্বানুমানযোগ্যতা দেখা যাচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে অভিবাসীদের পাশাপাশি তাদের আইনজীবীরাও অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। বিশেষ করে যাদের নিজস্ব আইনজীবী নেই, তাদের জন্য অল্প সময়ের মধ্যে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং মামলার প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে উঠছে।   এক বছরে ২৭৯ অভিবাসন বিচারকের পদত্যাগ বা চাকরিচ্যুতি: যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতের পরিস্থিতি নিয়ে উদ্বেগের আরেকটি বড় কারণ বিচারকসংখ্যায় পরিবর্তন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাকসেস ক্লিয়ারিংহাউসের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত মোট ২৭৯ জন অভিবাসন বিচারক পদত্যাগ করেছেন অথবা চাকরি হারিয়েছেন। এই সংখ্যা ২০২৪ অর্থবছরের শেষে কর্মরত ৭৩৫ জন বিচারকের প্রায় ৩৮ শতাংশ।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে সাবেক সামরিক আইনজীবী, অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার আইনজীবী এবং সরকারি কৌঁসুলিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশাসনের কিছু নিয়োগসংক্রান্ত প্রচারসামগ্রীতে নতুন বিচারক পদের জন্য ‘ডিপোর্টেশন জাজেস’ শব্দটিও ব্যবহার করা হয়েছে। বিচারকদের এই পরিবর্তন এবং আদালতের দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়ে অভিবাসন আইনজীবীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।   আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের হার ৯৪ শতাংশ: অভিবাসন আদালতের পরিস্থিতির পাশাপাশি আশ্রয়ের আবেদন নিষ্পত্তির পরিসংখ্যানও নতুন করে আলোচনায় এসেছে। ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাকসেস ক্লিয়ারিংহাউসের ৩১ আগস্ট ২০২৬ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিচারকেরা ৯৪ দশমিক ১ শতাংশ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছেন। একই সময়ে আশ্রয় পেয়েছেন মাত্র ৫ দশমিক ৫ শতাংশ আবেদনকারী। বাকি শূন্য দশমিক ৪ শতাংশ আবেদনকারী আশ্রয় না পেলেও অন্য ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন।   ট্র্যাকের তথ্য অনুযায়ী, ওই মাসে মোট ৭৭১ জন ব্যক্তি আশ্রয় পেয়েছেন। তিন বছর আগের একই সময়ের তুলনায় এই সংখ্যা চার ভাগের এক ভাগেরও কম। গবেষণা সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, বিচারক পরিবর্তন, নতুন বিচারক নিয়োগ, মামলার ধরন এবং আবেদনকারীদের আইনি প্রতিনিধিত্বসহ বিভিন্ন বিষয় আশ্রয়ের আবেদনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে ৯৪ শতাংশ প্রত্যাখ্যানের হার বলতে ওই মাসে নিষ্পত্তি হওয়া আশ্রয়ের আবেদনগুলোর ফলাফল বোঝানো হয়েছে; যুক্তরাষ্ট্রে থাকা সব আশ্রয়প্রার্থীর সামগ্রিক অবস্থা নয়।   শিশু অভিবাসীদের মামলাও দ্রুত শুনানির আওতায়: দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে অভিভাবক ছাড়া যুক্তরাষ্ট্রে আসা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের মামলার বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শিশুর মামলা এমন বিচারকদের কাছে পাঠানো হচ্ছে, যারা অন্য অঙ্গরাজ্য বা ভিন্ন সময় অঞ্চল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি পরিচালনা করছেন। অন্যদিকে, শিশুদের নিজেদের নির্ধারিত স্থানীয় আদালতে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে।   আইনজীবীদের অভিযোগ, শিশুদের আশ্রয় মামলার শুনানি দ্রুত নির্ধারণ করায় তাদের অতীতের নির্যাতন, সহিংসতা কিংবা নিজ দেশে নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা নিয়ে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা অল্প বয়সে যুক্তরাষ্ট্রে এসেছে এবং মানসিক আঘাতের অভিজ্ঞতা নিয়ে আশ্রয় চেয়েছে, তাদের জন্য এ ধরনের দ্রুত বিচারপ্রক্রিয়া আরও জটিল পরিস্থিতি তৈরি করছে।   অভিবাসন আদালতের কার্যক্রম নিয়ে বাড়ছে বিতর্ক: যুক্তরাষ্ট্রের প্রশাসন দীর্ঘদিনের অভিবাসন মামলার জট কমিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। তবে সেই প্রক্রিয়ায় শুনানির তারিখ হঠাৎ পরিবর্তন, বিচারক বদল, দূরবর্তী আদালতে মামলা স্থানান্তর এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের উচ্চ হার নিয়ে প্রশ্ন তুলছেন অভিবাসন আইনজীবীরা। তাদের মতে, দ্রুত শুনানির কারণে অনেক আবেদনকারী নিজেদের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং বক্তব্য উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না।   অন্যদিকে, দ্রুত ও আইনসম্মতভাবে মামলার জট কমানো প্রশাসনের ঘোষিত লক্ষ্য। ফলে অভিবাসন আদালতের কার্যক্রমে গতি বাড়ানোর উদ্যোগ এবং আশ্রয়প্রার্থীদের ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত করার প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে।   তবে চার দিনের নোটিশের ঘটনাটি একটি নির্দিষ্ট পরিবারের অভিজ্ঞতা। এটিকে যুক্তরাষ্ট্রের সব অভিবাসন মামলার ক্ষেত্রে প্রযোজ্য কোনো নতুন সাধারণ নিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। দেশটির অভিবাসন আদালতে চলমান পরিবর্তন এবং আশ্রয়প্রার্থীদের মামলার ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ১৬ নভেম্বর ২০২৬।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১২:৫৬
যুক্তরাষ্ট্রে মুসলিম-অধ্যুষিত একমাত্র শহর ডিয়ারবর্ন

যুক্তরাষ্ট্রে মুসলিম-অধ্যুষিত একমাত্র শহর ডিয়ারবর্ন এখন ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুরোনো যন্ত্রপাতির ‘হার্ট অ্যাটাকে’ যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, ট্রাম্পের ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবারের থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় ৫৫০ কোটি ডলার মূল্যের শেয়ার চারটি দাতব্য ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত

ওয়ারেন বাফেটের ৫৫০ কোটি ডলার দান, থ্যাংকসগিভিংয়ে দিলেন মানবতার বার্তা

0 Comments