ক্যালিফোর্নিয়ায় দাবানলের ধ্বংসস্তূপে গড়ে উঠল ১৪ মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়ি
২০২৫ সালের ভয়াবহ দাবানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালিসেডসে নতুন করে প্রাণ ফিরতে শুরু করেছে। আগুন নেভার পর ওই ‘বার্ন স্কার’ বা দাবানলকবলিত এলাকায় গড়ে ওঠা প্রথম দিককার একটি নতুন বাড়ি বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে, যার দাম হাঁকা হচ্ছে ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার (প্রায় ১৪ মিলিয়ন) ডলার। প্যাসিফিক প্যালিসেডসের ৮৩৭ মাস্কিংগাম অ্যাভিনিউতে অবস্থিত পাঁচ বেডরুমের এই বিলাসবহুল বাড়িটি স্থানীয়দের ঘুরে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীরা।
কম্পাস-এর তালিকাভুক্ত ব্রোকার রায়ান জানকুলা জানান, দাবানলের সময় যে সড়কটি তুলনামূলকভাবে বেঁচে গিয়েছিল, সেখানেই বাড়িটি নির্মিত হয়েছে। অ্যালিসন হোয়াইট হোমস-এর ডেভেলপার অ্যালিসন হোয়াইট বর্তমানে এই এলাকায় মোট ১৪টি বাড়ি নির্মাণ করছেন। এর মধ্যে মাস্কিংগাম অ্যাভিনিউয়ের বাড়িটির কাজ সবার আগে শেষ হয়েছে, কারণ দাবানল শুরুর আগেই এর অনুমতিপত্র নেওয়া ছিল।
হোয়াইট জানান, বাকি বাড়িগুলোর বেশিরভাগই ওই দাবানলে গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য তৈরি করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ওই এলাকায় বর্তমানে ১ হাজার ১০০-এর বেশি নতুন বাড়ির নির্মাণকাজ চললেও এখন পর্যন্ত মাত্র ৪৩টি বাড়িকে পুনরায় বসবাসের সনদ বা ‘সার্টিফিকেট অব অকুপেন্সি’ দেওয়া হয়েছে।
প্রায় ১৪ মিলিয়ন ডলারের এই বাড়িটি শুধু বিলাসবহুলই নয়, বরং ভবিষ্যতে যেকোনো ধরনের দাবানল মোকাবিলার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। ৬ হাজার ৫১১ বর্গফুটের এই সুবিশাল বাসভবনে রয়েছে চমৎকার সানরুম, শেফস কিচেন, কাস্টম ওয়েট বার, মুভি থিয়েটার এবং স্পা-সুবিধাযুক্ত বাথরুম। বাইরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন ইনফিনিটি পুল, সনা, কোল্ড প্লাঞ্জ, আউটডোর কিচেন এবং ফায়ার পিট।
নিরাপত্তার কথা বিশেষভাবে মাথায় রেখে এতে অত্যাধুনিক ফায়ার সাপ্রেশন সিস্টেম, ছাদে স্প্রিঙ্কলার এবং আগুন-প্রতিরোধী বিশেষ ভেন্ট ব্যবহার করা হয়েছে, যা ক্লায়েন্টদের বাড়তি স্বস্তি দেবে।
তবে সার্বিক এই পুনর্গঠন প্রক্রিয়া স্থানীয়দের জন্য মোটেও সহজ নয়। অনেক মানুষ যারা ৩০-৪০ বছর ধরে নিজেদের চিরস্থায়ী ঠিকানায় বসবাস করছিলেন, তারা মানসিকভাবে দারুণ বিপর্যস্ত। এর পাশাপাশি প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও শান্তা ইনেজ জলাধারে পানির অভাবের মতো দীর্ঘমেয়াদি সমস্যাগুলো আবাসন বাজারকে বেশ ভাবাচ্ছে।
যে কারণে দাবানলকবলিত এলাকার বাইরে নির্মিত কিছু বিলাসবহুল বাড়ির দাম এরই মধ্যে ২ মিলিয়ন ডলার পর্যন্ত কমানো হয়েছে। এতসব চ্যালেঞ্জ ও শঙ্কার পরও প্রতিনিয়ত নতুন বাড়ির কাজ শুরু হওয়ার দৃশ্য স্থানীয় গৃহহীন বাসিন্দাদের মনে নতুন করে আশা জাগাচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেশনে অবস্থিত ‘মিলেনিয়াম গেট মিউজিয়াম’-এর বিশাল স্মারক তোরণে রাশিয়ার একটি বড় পতাকা স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের প্রতি শ্রদ্ধা জানাতেই ট্রাম্প প্রশাসনের একটি ফেডারেল সংস্থার প্রধানের অনুরোধে এই পতাকাটি টাঙানো হয়েছে। ওয়াশিংটনে রুশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞ কূটনীতিক আলেকজান্ডার দারচিয়েভ ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের শেষের দিকে আনাতোলি আন্তোনভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর দারচিয়েভ তাঁর স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘কমিশন অব ফাইন আর্টস’-এর প্রেসিডেন্ট এবং আটলান্টার স্থানীয় বাসিন্দা রডনি মিমস কুক জুনিয়রের সঙ্গে দারচিয়েভের একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তাঁরা দুজন মিলে দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধার’ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদেই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রডনি কুকই আটলান্টার ওই জাদুঘরে রুশ পতাকা স্থাপনের অনুরোধ জানান। এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, “আমাদের আমেরিকান সহকর্মীর এই সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান
দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকার কাছে এক ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার ওপর পিটবুল প্রজাতির কুকুর লেলিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই নারীর নির্দেশে কুকুরটি লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) এক সার্জেন্টের পা ও কুঁচকিতে কামড়ে ধরেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিক্সথ ও ওয়াল স্ট্রিটের কাছে একটি পুলিশ স্টেশনের ঠিক সামনেই এই নাটকীয় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এলএপিডি সূত্রে জানা গেছে, সেন্ট্রাল এরিয়ার ওই সার্জেন্ট ওয়াল স্ট্রিট দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে এক নারী ও পুরুষকে একটি পিটবুল নিয়ে ধস্তাধস্তি করতে দেখেন। বিষয়টি তদন্তের জন্য তিনি তাদের আলাদা হতে বলেন। এ সময় ওই পুরুষ ব্যক্তি চিৎকার করে দাবি করেন যে কুকুরটি তার, কিন্তু নারীটি পুলিশের নির্দেশ অমান্য করে কুকুরের দড়ি ধরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তা তাকে আটকানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এলএপিডি লেফটেন্যান্ট এলপিডিও ওরোজকো জানান, ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত নারী কুকুরটিকে কর্মকর্তার ওপর আক্রমণ করার নির্দেশ দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই পুরুষ ব্যক্তি বারবার কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নারীটি চিৎকার করে কুকুরটিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে কুকুরটি পুলিশ কর্মকর্তার পায়ে ও কুঁচকিতে কামড়ে দেয় এবং নারীটি কুকুর নিয়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তা তাকে ধাওয়া করেন। ঘটনার পরপরই ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার (অ্যাসল্ট উইথ আ ডেডলি ওয়েপন) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ইতিমধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে এবং তিনি বর্তমানে আদালতে হাজিরার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, আহত পুলিশ কর্মকর্তাকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান, যেখান থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ভিডিও করা এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং থানার ঠিক সামনেই এমন ঘটনা ঘটতে দেখে তিনি হতবাক হয়ে যান। পরবর্তীতে পিটবুল কুকুরটিকে উদ্ধার করে ‘লস অ্যাঞ্জেলেস অ্যানিমেল সার্ভিসেস’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সংস্থাটি বর্তমানে পশুদের ইউথানেশিয়া বা যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার চাপের মধ্যে রয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সংস্থাটি ২ হাজার ১৭২টি কুকুর ও বিড়ালকে ইউথানেশিয়া দিয়েছে, যা গত বছরের একই সময়ের (১ হাজার ৬৩০টি) তুলনায় ৩৩ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে
জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ’ নামের কারণে উবার চালককে সিটবেল্টে শ্বাসরোধ করে হ ত্যাচেষ্টা, আটক যাত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ওভারসাইট কমিটির সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া নতুন কংগ্রেস শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং হোয়াইট হাউসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি শুরু করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১২ জন ব্যক্তির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে সব ধরনের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। চিঠিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, গ্রিসে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এবং হোয়াইট হাউসের বর্তমান চিফ অব স্টাফ স্টিফেন মিলার। ট্রাম্পের দুই ছেলেকে পাঠানো চিঠিতে গার্সিয়া উল্লেখ করেন, সাধারণ আমেরিকানরা যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করছেন, তখন সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ট্রাম্প পরিবারের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার যাওয়ার বিষয়টি ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা খতিয়ে দেখছে। মূলত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামক একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে ট্রাম্পের ছেলেদের অংশীদারিত্ব নিয়ে স্বার্থের সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) অভিযোগ তদন্ত করা হবে, যার টোকেন বিক্রি থেকে প্রেসিডেন্ট ২৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’-কে লাভবান করার অভিযোগ অস্বীকার করেছেন জ্যারেড কুশনার। তার আইনজীবী চ্যাড মিজেলে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, কুশনার কোনো পারিশ্রমিক ছাড়াই আমেরিকার স্বার্থ রক্ষায় এবং যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে নিজের সফল ব্যবসা থেকে স্বেচ্ছায় সরে এসেছিলেন। তদন্তের আওতায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রশাসনের গণবিতাড়ন (ম্যাস ডিপোর্টেশন) অভিযানে আইনবহির্ভূত আচরণের অভিযোগ তুলে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কথিত দুর্নীতি, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, সাবেক চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ফেডারেল ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম কে. মার্শালকেও নথি সংরক্ষণের চিঠি দেওয়া হয়েছে। জেফরি এপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তগুলো খতিয়ে দেখতেই ওয়াইলস, ব্ল্যাঞ্চ ও মার্শালকে তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া, ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’-এর প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ডের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ৬০ কোটি ডলার সংগ্রহের অভিযোগ তদন্ত করা হবে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর থেকেই ১২০তম কংগ্রেসে ওভারসাইট কমিটির নেতৃত্ব পাওয়ার পথে থাকা গার্সিয়া আক্রমণাত্মক তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন। তার দাবি, এই তদন্তগুলো ভবিষ্যতে সব আমেরিকানের কল্যাণে আইন প্রণয়নের ভিত্তি তৈরি করবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের এই তদন্তের উদ্যোগকে ‘সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। অধিকাংশ রিপাবলিকান নেতাও হোয়াইট হাউসের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, প্রশাসন সম্পূর্ণ আইন মেনেই কাজ করেছে। আগামী কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য সংখ্যালঘু নেতা জিম জর্ডান ডেমোক্র্যাটদের এই পদক্ষেপের বিরুদ্ধে রিপাবলিকানদের প্রধান মুখপাত্র হিসেবে লড়াই চালাবেন বলে ধারণা করা হচ্ছে।
দেশের জন্য জীবন উৎসর্গ করা মার্কিন সেনা কর্মকর্তার পরিবারকে ঋণমুক্ত বাড়ি দিল যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন
বর্ণবৈষম্যের ইতিহাস পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হেকিম

