লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার চীনা গুপ্তচর, অভিযানের আগেই চীনে পালালেন সন্দেহভাজন সহযোগী
যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়ানিং ঝাং নামের এক কথিত চীনা গুপ্তচরকে গ্রেপ্তারের পর এবার তার সম্ভাব্য সহযোগীকে খুঁজছে এফবিআই। ফাটাই মিয়াও নামের ক্যালিফোর্নিয়াভিত্তিক এক চীনা বংশোদ্ভূত নির্মাণ ব্যবসায়ী এই গুপ্তচরবৃত্তিতে সহায়তা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
তবে তিনি দুই সপ্তাহ আগেই একমুখী (ওয়ান-ওয়ে) ফ্লাইটে চীনে পাড়ি জমিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনও মিয়াওয়ের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি, তবে আদালতের নথিতে তাকে 'ব্যক্তি ১' বা 'ইন্ডিভিজুয়াল ওয়ান' হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত রোববার দুপুরে ক্যালিফোর্নিয়ার আরভিনে মিয়াওয়ের ফাঁকা বাড়িতে প্রায় ১০ জন এফবিআই এজেন্ট দরজা ভেঙে তল্লাশি চালায়। মিয়াওয়ের ছেলে জিয়াকি মিয়াও সংবাদমাধ্যমকে জানান, তার বাবা গত দুই সপ্তাহ ধরে চীনে অবস্থান করছেন, যেখানে তার মা পিঠের চিকিৎসার জন্য আগে থেকেই ছিলেন। এফবিআইয়ের অভিযান সম্পর্কে জিয়াকি বলেন, শুরুতে ফোন পেয়ে তিনি বিষয়টিকে স্ক্যাম বা প্রতারণা ভেবেছিলেন।
কিন্তু পরে সিসিটিভি ক্যামেরায় সশস্ত্র সরকারি এজেন্টদের দেখতে পেয়ে রিমোট অ্যাপ দিয়ে দরজা খোলার চেষ্টা করেন। তবে তার আগেই এজেন্টরা বিশেষ সরঞ্জাম দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রতিবেশীদের বর্ণনার সাথেও এই ঝটিকা অভিযানের হুবহু মিল পাওয়া গেছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে সিয়াটলে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালাতে ঝাংকে সহায়তা করেছিলেন মিয়াও। তারা একত্রে একটি এসইউভি ভাড়া করে ওই নেতার ছেলে ও তার পরিবারের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।
এফবিআই স্পেশাল এজেন্ট কেভিন হোল্টের দেওয়া হলফনামা থেকে জানা যায়, গাড়ি ভাড়ার কাগজে মিয়াওয়ের ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়ার একটি বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছিল, যা তিনি ওই মাসেই বিক্রি করে দেন। প্রসিকিউটরদের দাবি, চীনা সরকারি কর্মকর্তাদের নির্দেশে ঝাং এই নজরদারি চালাচ্ছিলেন এবং এর আগে চীনে গিয়ে এই মিশনের বিশদ পরিকল্পনাও করেছিলেন তিনি।
মিয়াওয়ের ছেলে জিয়াকি অবশ্য তার বাবার বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার মতে, তার বাবা ইংরেজি বলতে পারেন না এবং এ ধরনের জটিল কাজ করার মতো চতুরও নন। তিনি বলেন, তার বাবা সব সময় অন্যদের অনুসরণ করতে পছন্দ করেন এবং হয়তো দীর্ঘদিনের বন্ধু হিসেবেই অন্য কোনো শহর ঘোরার উদ্দেশ্যে না বুঝে ঝাংয়ের সাথে সিয়াটলে গিয়েছিলেন।
উল্লেখ্য, মিয়াও ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি কোম্পানির সিইও হিসেবে যুক্ত ছিলেন এবং একমাত্র তিনিই পরিবারের মধ্যে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে, গত বুধবার আদালত ওয়ানিং ঝাংয়ের জামিন আবেদন নাকচ করে দিয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, চীনের একটি অনিবন্ধিত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে তিনি ১ লাখ ৭০ হাজার ডলার জমা করেছেন এবং তার ভাই চীনা সরকারের হয়ে কাজ করেন, তাই তাকে জামিন দিলে যুক্তরাষ্ট্রে থেকে পালিয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এর আগে ২০২৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সান ফ্রান্সিসকো সফরের সময় সরকার-ঘনিষ্ঠ একটি সংগঠনের হয়ে কাজ করারও অভিযোগ রয়েছে ঝাংয়ের বিরুদ্ধে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের অন্যতম বড় উৎসব থ্যাংকসগিভিংয়ের আগমন উপলক্ষে নিউইয়র্কে বার্ষিক ‘হালাল ফুড প্যান্ট্রি’ কর্মসূচির মাধ্যমে চার হাজার টার্কি ও মুরগি বিতরণ করেছে সামাজিক সংগঠন কাউন্সিল অব পিপলস অর্গানাইজেশন (কোপো)। নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড অ্যাভিনিউতে আয়োজিত এই বৃহৎ খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নিম্ন আয়ের পরিবারের মানুষ অংশ নেন। থ্যাংকসগিভিং সামনে রেখে শহরজুড়ে শুরু হওয়া নানা আয়োজনের অংশ হিসেবে কোপোর এই উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে মার্কিন আইনপ্রণেতা, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কোপোর প্রধান মোহাম্মদ রিজভী উপস্থিত চার হাজার মানুষের হাতে হালাল ও সাধারণ টার্কি, মুরগি, তাজা ফলমূল, শাকসবজি এবং দৈনন্দিন জীবনের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুশাসন ও বিশ্বাসের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই হালাল ও সাধারণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কোপো প্রধান মোহাম্মদ রিজভী বলেন, এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানো এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার। সমাজে ঘৃণা ছড়ানোর পরিবর্তে সবার মধ্যে ভালোবাসা ও মমত্ববোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কোপোর এই মানবিক আয়োজনে যোগ দিয়ে কমিউনিটির মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য ববি ক্যারল, অ্যাসেম্বলি সদস্য জয়েস এবং সিটি কাউন্সিল সদস্য ফারাহ লুইসসহ নিউইয়র্ক গভর্নর ও মেয়রের কার্যালয়ের প্রতিনিধিরা। বিভিন্ন সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষকে এক ছাদের নিচে নিয়ে আসার এই উদ্যোগকে এক অনন্য ও অনুকরণীয় প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন মার্কিন কর্মকর্তারা। কোপোর কমিউনিটি সেবার ভূয়সী প্রশংসা করে কাউন্সিল সদস্য ফারাহ লুইস বলেন, আমাদের সবারই উচিত সাধ্যমতো একে অপরকে সহযোগিতা করা। এই হালাল ফুড প্যান্ট্রি উদ্যোগে পাকিস্তানি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, নিউইয়র্কে যেকোনো উৎসব বা সামাজিক আয়োজনে সব সম্প্রদায়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসে, সেটিই এই শহরের প্রকৃত সৌন্দর্য।
প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা
যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে থ্যাংকসগিভিং উপলক্ষে শত শত পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার, ২১ নভেম্বর ফ্ল্যাটবুশ এলাকার সালেম মিশনারি ব্যাপটিস্ট চার্চে আয়োজিত এ কর্মসূচিতে ৮০০ ব্যাগ খাবার এবং ৫০০টি টার্কি বিতরণ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় খাবারের ব্যবসাপ্রতিষ্ঠান রজার্স বার্গার্সের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের খাদ্য সহায়তা প্রতিষ্ঠান, মেয়রের অভিবাসীবিষয়ক কার্যালয় এবং ব্রুকলিনের বিভিন্ন অলাভজনক সংগঠন অংশ নেয়। আয়োজকেরা জানান, স্বেচ্ছাসেবকেরা তাজা শাকসবজি, ফলমূল ও থ্যাংকসগিভিংয়ের প্রয়োজনীয় খাবার পরিবারগুলোর হাতে তুলে দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক সহায়তা ও প্রয়োজনীয় সেবার তথ্যও দেওয়া হয়। এ আয়োজনের পেছনে রয়েছে ফ্ল্যাটবুশ এলাকার সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা। মাত্র ১০ দিন আগে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের একটি ভবন ধসে আটজনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে দুই শিশুও ছিল। ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগও নিয়েছেন স্থানীয় সংগঠনগুলো। আয়োজকদের ভাষ্য, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবারের জন্য উৎসবের খাবার কেনা কঠিন হয়ে পড়েছে। তাই শুধু খাবার বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের পাশে দাঁড়ানোও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি পরিবারগুলোর জন্যও এ ধরনের স্থানীয় উদ্যোগের খবর গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন ও খাদ্য সহায়তা প্রতিষ্ঠানের মাধ্যমে উৎসবের সময় বিনা মূল্যে খাবার পাওয়ার সুযোগ তৈরি হয়। সূত্র: নিউজ টুয়েলভ নিউইয়র্ক।
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন। অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি। ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

