মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমা কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং ভুয়া আর্থিক তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি গৃহঋণ (মর্টগেজ) নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে ২৪টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৩৬ বছর বয়সী খেমরাজ রবি নারাইন সেসিল মেরিল্যান্ডের মন্টগোমারি ভিলেজের বাসিন্দা।
গত ২০ নভেম্বর মন্টগোমারি কাউন্টি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের সঙ্গে যৌথভাবে গত মার্চ মাসে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে দুটি পৃথক মামলায় এসব অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় দুই দশকে সেসিল ও তার আত্মীয়দের নামে জমা দেওয়া ৭০টিরও বেশি বিমা দাবি শনাক্ত করেছেন গোয়েন্দারা। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া তিনটি সন্দেহভাজন দাবির মাধ্যমে একটি জাতীয় অটোমোবাইল বিমা কোম্পানির ১১ হাজার ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
পুলিশের অভিযোগ, সেসিল একাধিক বিমা দাবির ক্ষেত্রে একজন মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করেছেন এবং গাড়িতে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, মজুরি হারানো ও চিকিৎসার ভুয়া নথিপত্র তৈরি করেছেন। এ ছাড়া ভুয়া ছবি, গাড়ি মেরামতের ব্যয় বিবরণী ও চিকিৎসা বিলের কাগজপত্র জমা দিয়ে বিমার অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।
বিমা জালিয়াতি সংক্রান্ত প্রথম মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান, পরিচয় চুরি, জালিয়াতি, চুরির পরিকল্পনা, বিমার অর্থ আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বা সাজানো গাড়ি দুর্ঘটনা ঘটানো এবং ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াসহ মোট ১৪টি অভিযোগ আনা হয়েছে।
বিমা জালিয়াতির পাশাপাশি ফ্লোরিডায় একটি সম্পত্তি কেনার জন্য ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন (এফএইচএ) ঋণের আবেদনেও গুরুতর প্রতারণার আশ্রয় নিয়েছিলেন সেসিল। তদন্তকারীদের মতে, তিনি নিজের বৈবাহিক অবস্থা, কর্মসংস্থান, আয়, কর প্রদান এবং ব্যাংক হিসাবের স্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি মর্টগেজ ঋণ অনুমোদন করিয়ে নেন।
২০২৫ সালের ৭ মে থেকে ১০ জুনের মধ্যে সংঘটিত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা দ্বিতীয় মামলায় তার বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতি, নথিপত্র জালকরণ, চুরি, চুরির চেষ্টা এবং পরিচয় চুরিসহ আরও ১০টি অভিযোগ যুক্ত করা হয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, গত ৩০ অক্টোবর মেরিল্যান্ডে তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পরপরই ১ নভেম্বর ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ তাকে গ্রেফতার করে। সে সময় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে ৬ নভেম্বর প্রত্যর্পণ প্রক্রিয়ায় আপত্তি না জানানোর নথি দাখিল করলে ১৭ নভেম্বর তাকে ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে ফিরিয়ে আনা হয়।
১৯ নভেম্বর বিচারক কারেন ফেরেত্তি প্রতিটি মামলায় ৫০ হাজার ডলারের ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন এবং ২০ নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। আইনজীবী কুশ অরোরার মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়া সেসিলের বিরুদ্ধে রকভিল আদালতে আগামী ১৮ ডিসেম্বর মর্টগেজ মামলার প্রাথমিক শুনানি এবং ২৮ ডিসেম্বর বিমা জালিয়াতি মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। এদিকে মৃত ব্যক্তির পরিচয় চুরি রোধে ক্রেডিট ব্যুরোগুলোকে দ্রুত মৃত্যুসনদ পাঠানো এবং সন্দেহজনক বিমা জালিয়াতির তথ্য কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব সেবা (আইআরএস) ও মেরিল্যান্ড ইনস্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেশন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনাকে অনেকেই আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পদ গড়ার অন্যতম উপায় হিসেবে বিবেচনা করেন। দীর্ঘদিন ভাড়া দেওয়ার পরিবর্তে নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে অনেকে বছরের পর বছর সঞ্চয় করেন। কিন্তু বাড়ি কেনার সময় অধিকাংশ ক্রেতার হিসাব থাকে মূলত ডাউন পেমেন্ট ও মাসিক বন্ধকী ঋণের কিস্তি ঘিরে। বাড়ি কেনার পর নিয়মিত যে অতিরিক্ত খরচগুলো বহন করতে হয়, সেগুলো অনেক সময় হিসাবের বাইরে থেকে যায়। নতুন দুটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের বন্ধকী ঋণের বাইরে বছরে ১৬ হাজার ৫৬৬ ডলার থেকে ২১ হাজার ৪৬৬ ডলার পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ মাসে প্রায় ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৮৯ ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বাড়ির অবস্থান, আয়তন, বিমার ধরন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন অনুযায়ী এই খরচ আরও বেশি হতে পারে। জিলোর ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন সাধারণ বাড়ির মালিককে বন্ধকী ঋণের বাইরে বছরে গড়ে ১৬ হাজার ৫৬৬ ডলার ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে বাড়ির রক্ষণাবেক্ষণে বছরে ১১ হাজার ১৭১ ডলার, সম্পত্তি কর বাবদ ৩ হাজার ১২৯ ডলার এবং বাড়ির বিমার জন্য ২ হাজার ২৬৬ ডলার খরচ হয়। গবেষণায় আরও দেখা গেছে, গত পাঁচ বছরে বাড়ির বিমার খরচ বেড়েছে ৫৪ শতাংশ। একই সময়ে বাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে ৩২ শতাংশ এবং সম্পত্তি কর বেড়েছে ১৯ শতাংশ। অর্থাৎ বাড়ির মালিকদের জন্য শুধু ঋণের কিস্তি নয়, নিয়মিত অন্যান্য খরচও বড় আর্থিক চাপ তৈরি করছে। অন্যদিকে, ইনসুরিফাইয়ের হিসাব অনুযায়ী, বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ আরও বেশি। প্রতিষ্ঠানটির হিসাবে, নিয়মিত বাড়ি রক্ষণাবেক্ষণে বছরে গড়ে ৭ হাজার ৩৭৪ ডলার, বিদ্যুৎ, পানি ও অন্যান্য পরিষেবায় ৫ হাজার ৬৪৯ ডলার, সম্পত্তি কর বাবদ ৪ হাজার ৪২৭ ডলার, বাড়ির বিমায় ৩ হাজার ১২ ডলার এবং বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষার বিমায় ১ হাজার ৪ ডলার ব্যয় হতে পারে। সব মিলিয়ে এই হিসাব বছরে ২১ হাজার ৪৬৬ ডলার। এর অর্থ, কোনো বাড়ির মাসিক বন্ধকী ঋণের কিস্তি যদি প্রায় ২ হাজার ডলার হয়, তাহলে অন্যান্য খরচ যুক্ত করে মোট মাসিক ব্যয় প্রায় ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে। বাড়ির মালিকদের সবচেয়ে বড় নিয়মিত ব্যয়ের একটি হলো রক্ষণাবেক্ষণ। ছাদের ক্ষতি, পানির পাইপে সমস্যা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হওয়া, বৈদ্যুতিক ত্রুটি কিংবা রান্নাঘরের যন্ত্রপাতি পরিবর্তনের প্রয়োজন হলে একবারেই কয়েক হাজার ডলার খরচ হতে পারে। ভাড়া বাসায় এসব সমস্যার অনেক দায়িত্ব বাড়ির মালিক বা বাড়িওয়ালা বহন করলেও নিজের বাড়িতে সব খরচের দায়িত্ব নিতে হয় বাসার মালিককেই। এর পাশাপাশি সম্পত্তি করও বড় একটি বিষয়। বাড়ির অবস্থান, স্থানীয় সরকারের করনীতি এবং সম্পত্তির মূল্যায়নের ওপর এই কর নির্ভর করে। সময়ের সঙ্গে সম্পত্তির মূল্য বাড়লে অনেক এলাকায় করের পরিমাণও বাড়তে পারে। বাড়ির বিমার খরচও ক্রমাগত বাড়ছে। বিশেষ করে বন্যা, ঝড়, দাবানল কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বিমার প্রিমিয়াম বেশি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ বাড়ির বিমার বাইরে আলাদা বন্যা বিমাও প্রয়োজন হয়। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়োনিষ্কাশন, আবর্জনা অপসারণ, ইন্টারনেট এবং বাড়ির মালিক সমিতির (এইচওএ) ফি থাকলে সেটিও মাসিক বাজেটে যুক্ত হয়। জিলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর মধ্যে নিউইয়র্কে বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ সবচেয়ে বেশি, প্রায় ২৫ হাজার ১১১ ডলার। সান ফ্রান্সিসকোতে ২৪ হাজার ৩৮৩ ডলার, বোস্টনে ২২ হাজার ৯৬ ডলার এবং সিয়াটলে ২১ হাজার ৩৫৪ ডলার। অন্যদিকে, এই গবেষণায় বিশ্লেষণ করা শহরগুলোর মধ্যে ফিনিক্সে তুলনামূলক কম, বছরে ১৪ হাজার ১৮৭ ডলার। বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এসব খরচ বিবেচনা না করায় অনেক পরিবার পরবর্তী সময়ে আর্থিক চাপে পড়ে। ইনসুরিফাইয়ের একটি জরিপে ৪৫ শতাংশ বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি কেনার সময় তাঁরা বিমার খরচ হিসাব করেননি। একই জরিপে ৩৩ শতাংশ বলেছেন, কেনার আগে সম্পত্তি করের বিষয়টি বিবেচনায় নেননি। এদিকে বাড়ি কেনা ও ভাড়া থাকার মধ্যে আর্থিক সুবিধা তুলনা করতেও নতুন করে ভাবতে হচ্ছে ক্রেতাদের। জিলোর ভাড়া বনাম বাড়ি কেনার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে একটি বাড়ি কেনার পর সেই বিনিয়োগের আর্থিক সুবিধা ভাড়া থাকার তুলনায় সমান পর্যায়ে আসতে অন্তত আট বছর সময় লাগতে পারে। কিছু বড় শহরে এই সময় আরও দীর্ঘ। শিকাগোতে প্রায় ১২ বছর, মায়ামি ও ফিলাডেলফিয়ায় প্রায় ১৪ বছর এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ২০ বছরের বেশি সময় লাগতে পারে। বাড়ি কেনা এখনো দীর্ঘমেয়াদি সম্পদ গড়ার সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু মাসিক ঋণের কিস্তি দেখে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাড়ির সম্ভাব্য মেরামত, কর, বিমা, ইউটিলিটি বিল এবং জরুরি পরিস্থিতির জন্য আলাদা সঞ্চয় রাখাও জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর বাড়ি কেনার আগে স্থানীয় সম্পত্তি কর, বিমার প্রিমিয়াম, বাড়ির অবস্থা এবং সম্ভাব্য রক্ষণাবেক্ষণ ব্যয়ের হিসাব করা প্রয়োজন। কারণ বাড়ির মালিকানা অর্জনের পরও সেই বাড়ি সচল ও নিরাপদ রাখতে নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।নিজের বাড়ি থাকা নিঃসন্দেহে অনেকের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগে বাড়ির দাম ও বন্ধকী ঋণের পাশাপাশি বাড়ি ধরে রাখার প্রকৃত খরচ জানাও সমান গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: USA Today, Zillow Research, Insurify।
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার এক গোছা চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রায় ২২৭ বছর আগের এই স্মৃতিচিহ্নটি একসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ পরিচিত জন গ্যাডসবির সংগ্রহে ছিল। পরে কয়েক হাত ঘুরে এটি একজন সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে নিলামে কেনা নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রিচমন্ড অকশনস আয়োজিত নিলামে চুলের গোছাটি বিক্রি হয়। এর দাম উঠেছে ৪ হাজার ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৮ পাউন্ড। নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন জন গ্যাডসবি। সেই সময় তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার স্মারক হিসেবে গ্যাডসবি ওয়াশিংটনের এক গোছা চুল সংগ্রহ করেন বলে পারিবারিক বিবরণে উল্লেখ রয়েছে। গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে জানান, তাঁর দাদা ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো বাঁধাই করে তাঁদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক গ্যাডসবির বংশধরের কাছ থেকে চুলের গোছাটি সংগ্রহ করেন। সেখান থেকেই এটি সাম্প্রতিক নিলামে ওঠে। তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা তিনটি চুলের গোছা একটি লকেটসহ প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ১৭৩২ সালে জন্ম নেওয়া জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের নেতৃত্ব দেন। পরে মার্কিন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৭৮৯ সালে তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৯৭ সালে দুই মেয়াদ পূর্ণ করে তিনি ক্ষমতা ছাড়েন। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংগ্রহের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। ভার্জিনিয়ায় তাঁর সাবেক বাসভবন মাউন্ট ভার্নন বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে সংরক্ষিত সংগ্রহে তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। মাউন্ট ভার্ননের এক নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে বন্ধু ও স্বজনদের চুল স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের প্রচলন বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে বিত্তশালী পরিবারগুলোতে এ ধরনের স্মারক রাখার রীতি দেখা যেত। এদিকে ওয়াশিংটনের অন্যান্য স্মৃতিচিহ্নও নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরযুক্ত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ওই চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে আরও সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গাড়িচাপায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। গত ১৬ মে ফ্লোরিডার পানামা সিটি বিচে অবস্থিত ‘পাবলিক্স’ গ্রোসারি স্টোরের বাইরে গাড়ি পেছনে নেওয়ার সময় ডেবোরা মারফি নামের ওই বৃদ্ধাকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে ২৬ বছর বয়সী ভেনেজুয়েলান নাগরিক কার্লোস সুয়ারেজ-কনট্রেরাসের বিরুদ্ধে। তবে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের না করার ঘোষণা দেওয়ায় নিহতের পরিবারে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা শেষে সংক্ষিপ্ত বিরতির পর হাতে ব্যাগ নিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন ডেবোরা মারফি। ঠিক সে সময় পেছন দিকে চলতে থাকা একটি ‘টয়োটা ফোররানার’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে ভেনেজুয়েলা থেকে আসা নথিপত্রহীন অভিবাসী কার্লোস সুয়ারেজ-কনট্রেরাস ফৌজদারি তদন্তের আওতায় ছিলেন। তবে ফ্লোরিডার ১৪তম জুডিশিয়াল সার্কিটের স্টেট অ্যাটর্নি ল্যারি বাসফোর্ড মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ ডিজিটাল’-কে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি। তিনি স্বীকার করেন যে চালকের আচরণ ছিল অসতর্ক ও অবহেলাপূর্ণ, তবে প্রতিটি ট্র্যাজেডিই আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয় না। তদন্তকারীদের পর্যবেক্ষণ তুলে ধরে ওই প্রসিকিউটর আরও জানান, সুয়ারেজ-কনট্রেরাস গাড়িটি এতটা দ্রুতগতিতে পেছনে নিচ্ছিলেন না যাতে সেটিকে আইনি ভাষায় ‘বেপরোয়া ড্রাইভিং’ হিসেবে প্রমাণ করা যায়। রাষ্ট্রপক্ষের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহত ডেবোরা মারফির মেয়ে অ্যামি এজ। ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তাদের মায়ের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তে তারা চরমভাবে প্রতারিত বোধ করছেন এবং মনে হচ্ছে যেন মাকে হারানোর শোক আবার নতুন করে ফিরে এসেছে। দুর্ঘটনার সময় মা সম্পূর্ণ সুস্থ ছিলেন উল্লেখ করে অ্যামি এজ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর সামান্যতম অনুশোচনাও দেখাননি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ওই ব্যক্তিই তার মাকে হত্যা করেছেন; দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নামেননি, সাহায্যের জন্য এগিয়ে আসেননি, এমনকি গাড়ি থামাননি পর্যন্ত—বরং পার্কিং স্পট থেকে স্বাভাবিকভাবে বের হওয়ার বদলে তিনি সরাসরি পেছনের দিকে গাড়ি চালিয়েছিলেন।
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

