সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ইসরাইলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিরোধিতা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২২:৩৫
ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা ও দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে জনমত ক্রমেই বদলাচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং মার্কিন অর্থে ইসরাইলের প্রতিরক্ষা ব্যয়ের বিষয়টি দেশটির রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করেছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। এ পরিস্থিতিকে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষক রামজি বারুদ। এশিয়া টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে তিনি দাবি করেছেন, ইসরাইলকে নিঃশর্ত সমর্থনের বিষয়ে মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

 

নির্বাচনের দিন ৩ নভেম্বর ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরাইলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। তবে ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ট্রাম্পের বক্তব্যে রাজনৈতিক বিবেচনার বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, ইসরাইলকে দেওয়া অর্থের বিষয়টি ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে। তবে কীভাবে এবং কোন আইনি প্রক্রিয়ায় সহায়তা বন্ধ করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। নির্বাচনের পরদিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরান যুদ্ধই রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ। তিনি আরও উল্লেখ করেন, অনেক ভোটার জীবনযাত্রার ব্যয়, যুদ্ধ বন্ধ করা, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন পরিবর্তনের প্রত্যাশা থেকে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। পরে ট্রাম্পও স্বীকার করেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে।

 

ইসরাইলের প্রতি মার্কিন জনমতের পরিবর্তনের পক্ষে একটি জরিপের তথ্য তুলে ধরেছেন রামজি বারুদ। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, ২০২৬ সালে ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে একই প্রশ্নে এমন মত দিয়েছিলেন মাত্র ১৬ শতাংশ ভোটার। ২০২৬ সালের সেপ্টেম্বরের আরেক জরিপেও ৪৮ শতাংশ ভোটার যুক্তরাষ্ট্রের সমর্থনকে অতিরিক্ত বলে মনে করেছেন। তবে এই জরিপের অর্থ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে সংখ্যাগরিষ্ঠের অবস্থান নয়। বরং দেশটিকে দেওয়া মার্কিন সমর্থনের মাত্রা নিয়ে অসন্তোষের বিষয়টি এতে উঠে এসেছে।

 

ইসরাইল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা পাওয়া দেশগুলোর একটি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের হিসাব অনুযায়ী, ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে দেশটিকে দেওয়া মার্কিন অর্থনৈতিক ও সামরিক সহায়তার মূল্য মুদ্রাস্ফীতি সমন্বয় করে ৩০০ বিলিয়ন ডলারের বেশি। দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ অর্থবছর পর্যন্ত প্রতিবছর ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার কথা। এর বাইরে ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জরুরি বরাদ্দের মাধ্যমে আরও ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করে। এর মধ্যে ৩৫০ কোটি ডলার ছিল সামরিক সরঞ্জাম কেনার অর্থায়নে এবং ৫২০ কোটি ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়।

 

এশিয়া টাইমসের নিবন্ধে লেখক রামজি বারুদ যুক্তি দিয়েছেন, শুধু সরাসরি বৈদেশিক সহায়তা বন্ধ করলেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সম্পর্কের অবসান হবে না। অস্ত্র বিক্রি, যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক গবেষণায় সহযোগিতার মাধ্যমে সম্পর্কটি অব্যাহত থাকতে পারে। তাঁর মতে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বাড়লেও ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে দুই দলেই প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী রয়েছে। ফলে নির্বাচনের ফলাফলকে দুই দেশের সম্পর্ক ছিন্নের পক্ষে সরাসরি গণরায় হিসেবে দেখা ঠিক হবে না। বরং ইসরাইলকে মার্কিন সহায়তার ধরন ও পরিমাণ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, সেটিই এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

 

সংবাদসূত্র: Asia Times, Reuters, Associated Press, Quinnipiac University, Council on Foreign Relations


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
বাফেলো ও টোনাওয়ান্ডায় হালাল রেস্টুরেন্টে চাকরির সুযোগ, চলছে নিয়োগ
বাফেলো ও টোনাওয়ান্ডায় হালাল রেস্টুরেন্টে চাকরির সুযোগ, চলছে নিয়োগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো ও টোনাওয়ান্ডায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে হালাল খাবারের রেস্টুরেন্ট চেইন হালাল ফিস্টো (Halal Feasto)। প্রতিষ্ঠানটি তাদের দুটি লোকেশনের জন্য ম্যানেজার ও রেস্টুরেন্ট ক্রু পদে কর্মী খুঁজছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।   সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেস্টুরেন্ট পরিচালনা ও গ্রাহকসেবার জন্য নতুন কর্মী প্রয়োজন। ম্যানেজার ও রেস্টুরেন্ট ক্রু পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজন কর্মী নেওয়া হবে, বেতন কত, কাজের সময়সূচি এবং আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।   হালাল ফিস্টোর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাফেলো শাখা ৩২৬৪ মেইন স্ট্রিট, বাফেলো, নিউইয়র্ক ১৪২১৪ ঠিকানায় অবস্থিত। অন্যদিকে টোনাওয়ান্ডা শাখার ঠিকানা ২১ মেইন স্ট্রিট, টোনাওয়ান্ডা, নিউইয়র্ক ১৪১৫০। দুটি শাখাতেই বর্তমানে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে।   প্রতিষ্ঠানটি মূলত হালাল বার্গার, চিকেন, গাইরো, রাইস প্ল্যাটার, চিজস্টেকসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে। নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে, তাদের খাবার শতভাগ জবিহা হালাল। বাফেলো ও টোনাওয়ান্ডার পাশাপাশি ভার্জিনিয়ার ডামফ্রিসেও নতুন একটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে।   প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের halalfeasto@gmail.com ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া HFO চাকরির সুযোগের বিষয়ে দেওয়া পৃথক নিয়োগ বার্তায় Tnotek@tnotekbusinesssolutions.com ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে দ্বিতীয় ইমেইল ঠিকানাটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা যায়নি।   প্রতিষ্ঠানটির অনলাইন ক্যারিয়ার পেজেও চাকরির আবেদনের ব্যবস্থা রয়েছে। সেখানে আবেদনকারীরা নিজেদের তথ্য, রেজিউমে এবং সংক্ষিপ্ত পরিচয় জমা দিতে পারেন। আবেদন করার আগে সংশ্লিষ্ট শাখায় পদটির প্রাপ্যতা, বেতন, কাজের শিফট, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।   বাফেলো ও আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশিসহ চাকরিপ্রার্থীদের জন্য এটি রেস্টুরেন্ট খাতে কাজের একটি সুযোগ হতে পারে। তবে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার যোগ্যতাসহ নিয়োগের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।   সংবাদসূত্র: Halal Feasto, প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ক্যারিয়ার পেজ

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২৩:২০
নিউ জার্সির হান্টারডন কাউন্টিতে বাবার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মর্মান্তিক ঘটনা, মাকে শ্বাসরোধের পর বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরাইলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিরোধিতা

নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মিসিসিপির ২৫ বছর বয়সী জ্যানটেল শ্যারন জর্ডান; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যার অভিযোগ, যুক্তরাষ্ট্রে মা গ্রেপ্তার

চিনাবাদামের মাখন মাখানো চিঠি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার ফ্লোরিডার ৬৮ বছর বয়সী জোসেফ ক্যানসেলার; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
অ্যালার্জিতে ভোগা নারীকে মাখন মাখানো চিঠি পাঠিয়ে বিপদে ফেলার চেষ্টা, ফ্লোরিডায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিনাবাদামে মারাত্মক অ্যালার্জি রয়েছে, এমন এক নারীর কাছে চিনাবাদামের মাখন মাখানো শুভেচ্ছা কার্ড ডাকযোগে পাঠানোর অভিযোগে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জোসেফ জেরার্ড ক্যানসেলার জুনিয়র। পুলিশের দাবি, ওই নারীর অ্যালার্জির বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। গত ১৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র ব্যবহারের মাধ্যমে গুরুতর আঘাত এবং অন্যকে ক্ষতির ঝুঁকিতে ফেলার মতো অবহেলার অভিযোগ আনা হয়েছে।   প্ল্যানটেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৪ আগস্ট। ওই দিন কর্মস্থল থেকে বাড়ি ফিরে নিজের ডাকবাক্সে একটি নীল খাম দেখতে পান ওই নারী। খামটি খুলে ভেতরে থাকা শুভেচ্ছা কার্ডের ওপর বাদামি রঙের একটি পদার্থ ছড়ানো দেখতে পান তিনি। পরে সেটি চিনাবাদামের মাখন বলে শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে খামটি হাত থেকে ফেলে দিয়ে হাত পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু এরপরও তাঁর দুই হাতে চাকা ওঠা, লালচে ভাব, চুলকানি ও ঝিনঝিনে অনুভূতির মতো অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। তাঁর হাতে ঝিনঝিনে অনুভূতি প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে তদন্ত নথিতে উল্লেখ রয়েছে।   তদন্তে ডাকটিকিটের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের নথি অনুযায়ী, খামে ব্যবহৃত দুটি ‘ফরএভার’ ডাকটিকিটের সঙ্গে যুক্ত ১৫ সংখ্যার একটি কোড বিশ্লেষণ করে সেগুলো কোথা থেকে কেনা হয়েছিল, তা বের করেন তদন্তকারীরা। ডাকটিকিট দুটি ২০২৫ সালের ৮ আগস্ট ডেভি শহরের একটি ডাকঘরের স্বয়ংক্রিয় যন্ত্র থেকে কেনা হয়েছিল। ওই যন্ত্রে ডাকটিকিট কেনার সময় ক্রেতার ছবি ধারণ করা হয়। লেনদেনে ব্যবহৃত ভিসা কার্ডটি ক্যানসেলারের নামে ছিল। ডাকঘরের ক্যামেরায় পাওয়া ছবিও তাঁকে শনাক্ত করতে সহায়তা করে।   পুলিশের দাবি, অভিযুক্ত ও ওই নারী প্রায় ২০ বছর ধরে পরস্পরকে চিনতেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং একসঙ্গে রেস্তোরাঁয় খাওয়ার সময় ওই নারীর চিনাবাদামে অ্যালার্জির বিষয়টি ক্যানসেলারের জানা ছিল। তদন্তকারীরা আরও দাবি করেছেন, খামটিতে ভুয়া প্রেরকের নাম ও ঠিকানা ব্যবহার করা হয়েছিল। অভিযুক্তের বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে পরিচিতজনদের মধ্যে বিরোধের বিষয়টিও তদন্ত নথিতে উঠে এসেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।   এক বছরের বেশি সময় ধরে তদন্তের পর গত ১৩ নভেম্বর প্ল্যানটেশন পুলিশ ক্যানসেলারকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে শারীরিক পরীক্ষা শেষে তাঁকে ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের কারাগারে পাঠানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে গুরুতর আঘাত ও অবহেলাজনিত ক্ষতির অভিযোগ রয়েছে। অন্যদিকে এবিসি নিউজ জানিয়েছে, অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্ল্যানটেশন পুলিশ বলেছে, এ ধরনের কাজ মানুষের জন্য গুরুতর, এমনকি জীবনহানিকর পরিণতি ডেকে আনতে পারে।   সংবাদসূত্র: ABC News, CBS News Miami

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২১:৮
মাইক্রোসফটের পর যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও বিমান চলাচল ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত সমস্যা; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, আকাশপথের পর ব্যাংকিং খাতে বিভ্রাটে ভোগান্তিতে লাখো গ্রাহক

ওয়াশিংটনে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন গোয়েন্দাদের সতর্কতার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পেন্টাগনের ছবি; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ICE-এর হেফাজতে থাকা ডাচ মডেল ভেরা ডাইকমান্স; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে আটক ডাচ মডেল, ডিটেনশন সেন্টারে ভোগান্তির অভিযোগ

মাইক্রোসফটের সেবা বিভ্রাট ও FAA-এর গ্রাউন্ড স্টপের পর যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত বিঘ্ন; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মার্কিন প্রযুক্তি ব্যবস্থায় একের পর এক ধস, এবার অচল ব্যাংকিং সেবা

যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের গ্রাহক সোমবার (১৬ নভেম্বর) অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ, অর্থ স্থানান্তর ও ডিজিটাল পেমেন্টে সমস্যার কথা জানান। তবে ঘটনাটিকে পুরো ব্যাংকিং খাত অচল হয়ে পড়া হিসেবে দেখার সুযোগ নেই। Associated Press-এর তথ্য অনুযায়ী, সমস্যার মূল কেন্দ্র ছিল JPMorgan Chase-এর নিজস্ব প্রযুক্তিগত ত্রুটি; অন্য ব্যাংকের কিছু গ্রাহক Chase-এর সঙ্গে লেনদেন করতে গিয়ে বিলম্বের মুখে পড়েন।   অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Downdetector-এ Chase, Bank of America, Wells Fargo, U.S. Bank ও Truist-এর গ্রাহকদের অভিযোগ জমা পড়ে। সোমবার দুপুর ২টা পর্যন্ত Chase-এর সমস্যা নিয়ে প্রায় ৪ হাজার ৮০০টি অভিযোগ নথিভুক্ত হয় বলে CBS News জানায়। Chase-এর মুখপাত্র জানান, ব্যাংকের নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারজনিত ত্রুটি দেখা দিয়েছিল। এতে কিছু লেনদেন স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছিল, তবে গ্রাহকেরা তাঁদের অ্যাকাউন্ট ও অর্থে প্রবেশাধিকার বজায় রেখেছিলেন। ব্যাংকটি জানায়, সমস্যাটি সাইবার হামলার কারণে নয়।   Chase জানায়, তাদের সঙ্গে লেনদেনের সময় অন্য প্রতিষ্ঠানের গ্রাহকেরা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে Bank of America ও Citigroup-এর নিজস্ব ব্যাংকিং সেবা সচল ছিল। U.S. Bank জানায়, তাদের ব্যবস্থা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে Zelle-এ অর্থ পাঠানো বা গ্রহণে বিলম্ব হতে পারে। Zelle পরিচালনাকারী প্রতিষ্ঠান Early Warning Services বলেছে, তাদের নেটওয়ার্ক সচল ছিল; অংশগ্রহণকারী ব্যাংকের সমস্যার কারণে কিছু পেমেন্টে দেরি হতে পারে। Capital One-ও তাদের সেবা স্বাভাবিক থাকার কথা জানিয়েছে।   ব্যাংকিং সেবার এই বিঘ্নের কয়েক দিন আগে, ১২ নভেম্বর বৃহস্পতিবার, Microsoft-এর বিভিন্ন সেবায় বৈশ্বিক সমস্যা দেখা দেয়। Outlook, Teams ও Copilot-সহ Microsoft 365-এর একাধিক সেবা কয়েক ঘণ্টা ব্যাহত হয়। Microsoft জানায়, নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর আগের কাজের সঙ্গে সম্পর্কিত একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল। প্রতিষ্ঠানটি সাইবার হামলার সংশ্লিষ্টতা অস্বীকার করে।   এর আগে ১৩ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের Federal Aviation Administration (FAA) দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বা গ্রাউন্ড স্টপ জারি করে। FAA জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে যোগাযোগ ও রাডার-তথ্য ব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ১৫ মিনিটে উড়োজাহাজ চলাচল আবার শুরু হয়। সংস্থাটি জানায়, তাদের এই সমস্যার সঙ্গে Microsoft-এর বিভ্রাটের কোনো সম্পর্ক ছিল না।   তিনটি ঘটনা কাছাকাছি সময়ে ঘটলেও এগুলোর মধ্যে অভিন্ন কোনো কারণের প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রতিটি ক্ষেত্রে আলাদা প্রযুক্তিগত ত্রুটি কীভাবে ব্যাংকিং, যোগাযোগ ও বিমান চলাচলের মতো জরুরি সেবায় প্রভাব ফেলতে পারে, তা সামনে এসেছে। প্রযুক্তিনির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা ও জরুরি অবস্থায় সেবা চালু রাখার পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।   সংবাদসূত্র: Associated Press, CBS News

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৯:২২
এইচ-১বি ভিসার মেয়াদ বাড়ানো কঠিন করতে পারে

এইচ-১বি ভিসার মেয়াদ বাড়ানো কঠিন করতে পারে ডিএইচএসের নতুন প্রস্তাব, বাড়তে পারে যাচাই

সুপারমার্কেট সিনড্রোমে ভুগছেন ক্রেতারা

সুপারশপে ঢুকলেই মাথা ঘোরা, বমিভাব! অজানা ‘সুপারমার্কেট সিনড্রোমে’ ভুগছেন ক্রেতারা

যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম চুরি হয় টেসলা মডেল

যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম চুরি হয় টেসলা মডেল ৩, গড়ের চেয়ে ঝুঁকি ৯৯ শতাংশ কম

0 Comments