সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

গ্রিন কার্ডের আবেদন চলার মধ্যেই স্ত্রী আইসের হাতে বন্দি, তবু ট্রাম্পের ৮০ শতাংশ কাজের প্রতি সমর্থন স্বামীর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ১৪:৭
৭৭ বছর বয়সী মাউঙ্ক বারাজোনের স্ত্রী ৪৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক গ্লোরিয়া বারাজোন
৭৭ বছর বয়সী মাউঙ্ক বারাজোনের স্ত্রী ৪৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক গ্লোরিয়া বারাজোন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা জানিয়েছেন, তার স্ত্রীর গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা তাকে আটক করলেও ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য তার কোনো অনুশোচনা নেই। ৭৭ বছর বয়সী মাউঙ্ক "মঙ্ক" বারাজোনের স্ত্রী ৪৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক গ্লোরিয়া বারাজোনকে গত জুলাই মাসে নিউজার্সি থেকে মিয়ামি যাওয়ার পথে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) গ্রেপ্তার করে।

 

সম্প্রতি মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রীদের এ ধরনের আটকের ঘটনা বেশ বেড়েছে। তবে নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো আক্ষেপ আছে কি না—নিউজউইকের এমন প্রশ্নের জবাবে বারাজোন স্পষ্ট জানিয়েছেন, "না, একেবারেই না। বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকলে আমাদের দেশের অবস্থা আরও খারাপ হতো।"

 

বারাজোন জানান, তার স্ত্রী ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং ১৫ বছর আগে তাদের বিয়ের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করেন। গত তিন বছর ধরে তারা ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আটকের সময় গ্লোরিয়ার গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বরের আবেদন প্রক্রিয়াধীন ছিল। এমনকি তিনি ফ্লোরিডার রিয়েল আইডি ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন।

 

গ্লোরিয়াকে প্রথমে নিউজার্সিতে রাখা হলেও পরে লুইজিয়ানা এবং সাউথ টেক্সাস আইস প্রসেসিং সেন্টারে স্থানান্তর করা হয়। বারবার এই স্থানান্তরের ফলে আইনি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং আইনজীবীদের খরচ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন বারাজোন।

 

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) একজন মুখপাত্র জানিয়েছেন, গত ৩০ জুলাই একটি সুনির্দিষ্ট ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযানের সময় গ্লোরিয়াকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির দাবি, ভিসার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করে তিনি দেশের আইন লঙ্ঘন করেছেন। তবে স্ত্রীর এমন পরিস্থিতির শিকার হওয়া সত্ত্বেও ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানিয়ে বারাজোন বলেন, তিনি ট্রাম্পের ৮০ শতাংশ কাজের সাথে একমত।

 

তিনি অপরাধী ও গ্যাং সদস্যদের গ্রেপ্তারের শতভাগ পক্ষে, তবে মার্কিন নাগরিকদের স্ত্রীদের এভাবে আটক করা অনুচিত বলে মনে করেন। তিনি এ ঘটনার জন্য ট্রাম্পকে নয়, বরং 'কিছু খারাপ আইস কর্মকর্তার' দায় দেখছেন।

 

স্ত্রীর মুক্তির জন্য আইনি লড়াই চালাতে গিয়ে বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই প্রবীণ ব্যবসায়ী। আইনি খরচ মেটাতে তাকে নিজের মাসিক সোশ্যাল সিকিউরিটি ভাতার ওপর নির্ভর করতে হচ্ছে এবং আত্মীয়দের কাছ থেকেও হাজার হাজার ডলার ঋণ নিতে হয়েছে। পাশাপাশি তিনি হৃদরোগসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

 

রিপাবলিকান সিনেটর ও প্রতিনিধিদের কাছে সাহায্য চেয়েও বন্দি স্ত্রীর স্বাক্ষরিত সম্মতিপত্রের অভাবে আইনি প্রক্রিয়ায় তেমন কোনো সহায়তা পাননি তিনি। সবশেষে বারাজোন বলেন, অবৈধ অভিবাসী বিশেষ করে অপরাধীদের জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে যেমন কড়াকড়ি থাকা উচিত, তেমনি মার্কিন নাগরিকদের স্বামী-স্ত্রীদের জন্য একটি সম্পূর্ণ আলাদা মানদণ্ড থাকা প্রয়োজন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউ ইয়র্ক সিটিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর দুই মাসের বেশি সময় পার হলেও নির্ধারিত স্কুল বাস পায়নি ৪৬৭ শিক্ষার্থী। ছবি সংগৃহীত
নিউ ইয়র্কে তিন মাসেও স্কুল বাস পায়নি ৪৬৭ শিক্ষার্থী, বিপাকে অভিভাবকেরা

নিউ ইয়র্ক সিটিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর দুই মাসের বেশি সময় পার হলেও এখনো নির্ধারিত স্কুল বাস পায়নি ৪৬৭ শিক্ষার্থী। তাদের অধিকাংশই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, যাদের স্কুলে যাতায়াতের জন্য আলাদা পরিবহন সুবিধা প্রয়োজন। বাসের ব্যবস্থা না হওয়ায় সন্তানদের স্কুলে পৌঁছে দিতে বিপাকে পড়ছেন অভিভাবকেরা। অনেকের চাকরি ও দৈনন্দিন কাজেও এর প্রভাব পড়ছে।   বুধবার (১৮ নভেম্বর) নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের শিক্ষা কমিটির শুনানিতে এসব তথ্য তুলে ধরেন নগরীর শিক্ষা বিভাগের কর্মকর্তারা। তাঁরা জানান, চলতি শিক্ষাবর্ষের শুরুতে প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য কোনো স্কুল বাসের ব্যবস্থা ছিল না। পরে অধিকাংশ শিক্ষার্থীকে পরিবহন সুবিধার আওতায় আনা হলেও এখনো ৪৬৭ জনের জন্য নির্ধারিত বাস রুট চালু করা সম্ভব হয়নি।   নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগের ডেপুটি চ্যান্সেলর কেভিন মোরান জানান, শিক্ষার্থীদের পরিবহন চাহিদা বেড়ে যাওয়ায় বাসের ব্যবস্থা করতে চাপ তৈরি হয়েছে। নতুন শিক্ষার্থী ভর্তি, স্কুল পরিবর্তন এবং বাসা বদলের কারণে অনেকের পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে হচ্ছে। কিছু ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে আবেদন আসায় বাস রুট নির্ধারণে বিলম্ব হয়েছে।   নগরীর স্কুল পরিবহন ব্যবস্থায় প্রতিদিন প্রায় দেড় লাখ শিক্ষার্থী যাতায়াত করে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে। অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা অনুযায়ী স্কুলে যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ নির্ধারিত বাস না পাওয়ায় এসব শিক্ষার্থীর পরিবারকে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।   পরিবহনসংকটে পড়া কয়েকটি পরিবারকে সাময়িকভাবে রাইডশেয়ার গাড়ির সুবিধা দেওয়া হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে অনেক ক্ষেত্রে অভিভাবককেও যাতায়াত করতে হয়। এতে কর্মজীবী বাবা-মায়ের জন্য বাড়তি সমস্যা তৈরি হচ্ছে। একজন অভিভাবক জানিয়েছেন, সন্তানের দেখাশোনা ও স্কুলে যাতায়াত নিশ্চিত করতে তাঁকে চাকরি ছেড়ে দিতে হয়েছে।   শুধু বাসের সংকট নয়, প্রয়োজনীয় সহকারীর অভাবও রয়েছে। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ৩৫০ জনের বেশি শিক্ষার্থী এখনো বাসে তাঁদের জন্য নির্ধারিত সহকারীর অপেক্ষায় রয়েছে। এসব সহকারী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদে স্কুলে যাতায়াতের জন্য প্রয়োজন।   সিটি কাউন্সিলের শুনানিতে স্কুল বাসের সময়সূচি নিয়েও প্রশ্ন ওঠে। কাউন্সিল সদস্য লিংকন রেস্টলার জানান, গত শিক্ষাবর্ষে প্রায় ৯০ হাজার বাস রুটে বিলম্ব হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার শিক্ষার্থীকে এক ঘণ্টার বেশি দেরির মুখে পড়তে হয়েছে। এ পরিস্থিতিতে বাসের বিলম্ব, নির্ধারিত সময়ের আগে পৌঁছানো এবং যাত্রা বাতিলের তথ্য নিয়মিত প্রকাশের প্রস্তাব দিয়েছেন কাউন্সিল সদস্যরা। শিক্ষা বিভাগের কর্মকর্তারা সমস্যার কথা স্বীকার করে পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন।   সূত্র: সিবিএস নিউজ নিউ ইয়র্ক

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২৩:৫৭
নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) অপারেশনস অ্যানালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে এমটিএতে অপারেশনস অ্যানালিস্ট নিয়োগ, স্নাতক ডিগ্রি ছাড়াও আবেদনের সুযোগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার দাবি করে অর্থ সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মেরিল্যান্ডের লেক্সি থমাস। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

১০ বছর ধরে ক্যানসারের ভুয়া গল্প সাজিয়ে ২ লাখ ডলার সংগ্রহ, যুক্তরাষ্ট্রে নারী গ্রেপ্তার

অনিরাপদ ই-বাইক ও ব্যাটারি বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন বিল উত্থাপন করেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কে অনিরাপদ ই-বাইক বিক্রির দোকান বন্ধের ক্ষমতা বাড়ছে

গাড়ির দাম ও ঋণের সুদ বাড়ায় যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় দাম প্রথমবারের মতো ৫০ হাজার ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি কেনার খরচ আরও বেড়েছে। প্রথমবারের মতো দেশটিতে নতুন গাড়ির গড় লেনদেনমূল্য ৫০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। গাড়ির বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এডমন্ডসের অক্টোবর ২০২৬-এর তথ্য অনুযায়ী, নতুন গাড়ির গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৭ ডলারে। আগের মাস সেপ্টেম্বরে এই মূল্য ছিল ৪৯ হাজার ৬৩৯ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে গড় দাম বেড়েছে প্রায় ৪৫০ ডলার।   এডমন্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। বছরের শেষ দিকে বিলাসবহুল গাড়ি বিক্রি বাড়ছে। পাশাপাশি ২০২৭ মডেলের নতুন গাড়িও ডিলারদের শোরুমে আসতে শুরু করেছে। গাড়ি নির্মাতাদের উৎপাদন খরচও তুলনামূলক বেশি রয়েছে। এসব কারণে বাজারে নতুন গাড়ির গড় লেনদেনমূল্য বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তবে এটি এডমন্ডসের নিজস্ব তথ্যভান্ডারের হিসাব, সব গাড়ি নির্মাতার সরাসরি বিক্রির তথ্য এতে অন্তর্ভুক্ত নয়।   এডমন্ডসের হিসাবে, অক্টোবর মাসে নতুন গাড়ির গড় প্রস্তুতকারক-নির্ধারিত খুচরা মূল্য ছিল ৫২ হাজার ৪৯৩ ডলার। ক্রেতারা গড়ে ২ হাজার ৪০৬ ডলার ছাড় পাওয়ার পর গাড়ি কিনেছেন ৫০ হাজার ৮৭ ডলারে। গাড়ির ধরন অনুযায়ী দামের পার্থক্যও উল্লেখযোগ্য। হাইব্রিড গাড়ির গড় দাম ছিল ৪৪ হাজার ৮৫৫ ডলার। অন্যদিকে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির গড় দাম সবচেয়ে বেশি, ৬৬ হাজার ৩৫৫ ডলার। সাধারণ জ্বালানিচালিত গাড়ির গড় দাম ৫০ হাজার ৭৫১ ডলার এবং সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির গড় দাম ৫৬ হাজার ৮০৯ ডলার।   তবে সব ধরনের গাড়ির দাম একই হারে বাড়েনি। গত বছরের অক্টোবরের তুলনায় সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির দাম কমেছে ১১ দশমিক ৮ শতাংশ। প্লাগ-ইন হাইব্রিড গাড়ির দাম কমেছে ৫ শতাংশ। বিপরীতে পেট্রল বা ডিজেলচালিত গাড়ির দাম বেড়েছে ২ শতাংশ এবং সাধারণ হাইব্রিড গাড়ির দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। সব ধরনের নতুন গাড়ির সম্মিলিত গড় দাম এক বছরে বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।   গাড়ির বাড়তি দামের পাশাপাশি ঋণের সুদের হারও ক্রেতাদের জন্য বড় চাপ তৈরি করছে। এডমন্ডসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলেস এলাকায় নতুন গাড়ির ঋণের গড় বার্ষিক সুদের হার বেড়ে ৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। সেখানে নতুন গাড়ির মাসিক কিস্তি গড়ে প্রায় ৮০০ ডলার। ফলে গাড়ি কেনার সময় শুধু প্রাথমিক মূল্য নয়, দীর্ঘ মেয়াদে ঋণের সুদ পরিশোধের বিষয়টিও ক্রেতাদের বাজেটে বড় প্রভাব ফেলছে।   এডমন্ডসের বিশ্লেষকরা বলছেন, গাড়ির উচ্চমূল্য ও ঋণের বাড়তি খরচের কারণে অনেক ক্রেতা মাসিক কিস্তি সামলাতে দীর্ঘ মেয়াদের ঋণ নিচ্ছেন। প্রতিষ্ঠানটির ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, নতুন গাড়ির ঋণগ্রহীতাদের ২৫ দশমিক ৫ শতাংশ এখন ৮৪ মাস বা তার বেশি মেয়াদের ঋণ নিচ্ছেন। আগের প্রান্তিকে এই হার ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। দীর্ঘ মেয়াদের ঋণে মাসিক কিস্তি কিছুটা কমলেও শেষ পর্যন্ত সুদ বাবদ মোট খরচ বেড়ে যায়। ফলে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি কেনার সামর্থ্য সাধারণ ক্রেতাদের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।   সূত্র: এডমন্ডস, ফক্স বিজনেস

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২১:২৫
নিউ ইয়র্কের সরকারি খাদ্য কর্মসূচিতে হালাল ও কোশার খাবারের সুযোগ বাড়াতে নির্বাহী আদেশে সই করেছেন মেয়র জোহরান মামদানি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কে হালাল ও কোশার খাবার সহজলভ্য করতে মেয়র মামদানির নির্বাহী আদেশ

বন্ধুর বাসায় চুরির অভিযোগে একাধিক মামলার মুখে নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বন্ধুর বাসায় ঢুকে ৩০ হাজার ডলার ও গয়না চুরির অভিযোগ নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হাইস্কুলের শ্রেণিসেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা দেওয়ার উদ্যোগ নিয়েছে নাইকি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের সব হাইস্কুলের সেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা উপহার দেবে নাইকি

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দক্ষিণ ফ্লোরিডার আবাসিক এলাকাগুলোতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাধারণত শুষ্ক মৌসুম শুরু হয় নভেম্বর মাসে। এ সময় বৃষ্টিপাত কমে আসার কথা থাকলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। মৌসুমের শুরুতেই ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকা। বিশেষ করে দক্ষিণ ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে ভয়াবহ বৃষ্টিতে সড়ক, বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো প্লাবিত হয়েছে। এতে নতুন করে সামনে এসেছে যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের বন্যা বীমার ঘাটতি এবং সম্পত্তি সুরক্ষার বিষয়টি।   বুধবার, ১৮ নভেম্বর ব্রোওয়ার্ড কাউন্টির পশ্চিমাঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় ১৫ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওয়েস্ট হলিউড এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। আশপাশের কয়েকটি এলাকায় প্রায় ১০ ইঞ্চি বা তার বেশি বৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের রাডারভিত্তিক প্রাথমিক হিসাবেও ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের বিষয়টি উঠে এসেছে। কোথাও কোথাও পানি জমে যানবাহন আটকে যায়, সড়কে চলাচল ব্যাহত হয় এবং ট্রাফিক সংকেতও অকার্যকর হয়ে পড়ে।   পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রোওয়ার্ড কাউন্টি কর্তৃপক্ষ স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করে। হলিউড শহর কর্তৃপক্ষও জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘরে অবস্থান এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেয়। বন্যার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে, পানিতে ডুবে থাকা সড়কে গাড়ি নিয়ে প্রবেশ করা বিপজ্জনক।   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর প্রকাশিত জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ফ্লোরিডায় বন্যার সতর্কতা শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। উপকূলীয় এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা থাকলেও শুক্রবার বিকেল থেকে সামগ্রিক বন্যার ঝুঁকি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনার কথাও জানায় সংস্থাটি। তবে আগে থেকে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।  ফ্লোরিডার এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বন্যা বীমার ঘাটতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। Realtor.com-এর ২০২৬ সালের হাউজিং অ্যান্ড ক্লাইমেট রিস্ক প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৬ শতাংশের বেশি বাড়ি গুরুতর বন্যার ঝুঁকিতে রয়েছে। এসব বাড়ির মোট সম্পত্তিমূল্য প্রায় ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। অথচ ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের (এনএফআইপি) সক্রিয় বীমা পলিসির সংখ্যা ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময়ে পলিসির সংখ্যা ৩৬ লাখ ২০ হাজার থেকে কমে ৩৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে।  শুধু উপকূলীয় এলাকাই নয়, দেশের অভ্যন্তরীণ অঞ্চলেও বন্যার আর্থিক ঝুঁকি রয়েছে। মুডিসের ২০২৬ সালের এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রতি ১০০ বছরে একবার ঘটতে পারে এমন মাত্রার বন্যার একটি মডেল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আবাসিক সম্পত্তির সম্ভাব্য বীমাবিহীন ক্ষতির পরিমাণ ৩৭৫ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বন্যা বীমার ঘাটতি প্রায় ৬৫ শতাংশ। তবে এই অঙ্ক কোনো একক বন্যায় সম্ভাব্য ক্ষতির হিসাব নয়, বরং বিভিন্ন এলাকার সম্মিলিত ঝুঁকির একটি মডেলভিত্তিক মূল্যায়ন।  বীমা বিশেষজ্ঞদের মতে, বাড়ির মালিকদের পর্যাপ্ত বন্যা বীমা না থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। অনেকেই মনে করেন, তাঁদের বাড়ি বন্যাপ্রবণ এলাকায় নয়, তাই আলাদা বীমার প্রয়োজন নেই। আবার বীমার বাড়তি খরচের কারণে অনেকে এই সুরক্ষা নিতে চান না। যেসব বাড়ি সরকারি নির্ধারিত উচ্চ ঝুঁকির বন্যাপ্রবণ এলাকায় নেই, সেগুলোর ক্ষেত্রে সাধারণত ঋণদাতা প্রতিষ্ঠানও বন্যা বীমা বাধ্যতামূলক করে না। ফলে বাড়ির মালিকেরা অতিরিক্ত খরচ বাঁচাতে বন্যা বীমা এড়িয়ে যান।   এ ছাড়া ফেডারেল সরকারের বন্যা বীমা কর্মসূচির আওতায় বাড়ির ভবনের জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার এবং বাড়ির আসবাবপত্র ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর জন্য আলাদা সর্বোচ্চ ১ লাখ ডলারের সুরক্ষা পাওয়া যায়। বাড়ি পুনর্নির্মাণে এর চেয়ে বেশি অর্থ প্রয়োজন হলে শুধু সরকারি কর্মসূচির বীমা যথেষ্ট নাও হতে পারে। এ ক্ষেত্রে বেসরকারি বীমা প্রতিষ্ঠানের বিকল্প এবং অতিরিক্ত সুরক্ষার সুযোগ যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।  বাড়ির মালিকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ বাড়ির বীমা পলিসিতে বন্যার কারণে সৃষ্ট ক্ষতি সাধারণত অন্তর্ভুক্ত থাকে না। তাই সড়ক, উঠান কিংবা আশপাশের এলাকা থেকে পানি বাড়িতে প্রবেশ করলে সেই ক্ষতির জন্য আলাদা বন্যা বীমা প্রয়োজন হতে পারে। ফ্লোরিডার অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বন্যা বীমা কার্যকর হতে সাধারণত ৩০ দিন সময় লাগে। তবে ঋণসংক্রান্ত কিছু পরিস্থিতিসহ নির্দিষ্ট ক্ষেত্রে এই অপেক্ষার সময় প্রযোজ্য হয় না। ফলে বন্যার আশঙ্কা দেখা দেওয়ার পর নয়, আগেই বীমা নেওয়া ও পলিসির শর্ত যাচাই করা জরুরি।  বন্যার ক্ষতি কমাতে বাড়ির মালিকদের আগাম কিছু প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বীমা বিশেষজ্ঞরা। বাড়ির ছাদের পানি নিষ্কাশনের নালা পরিষ্কার রাখা, কাছাকাছি পানি নিষ্কাশনের পথ থেকে আবর্জনা সরানো এবং নর্দমার পানি উল্টো দিকে বাড়িতে প্রবেশ ঠেকাতে বিশেষ ভালভ স্থাপন করা যেতে পারে। সম্ভব হলে বৈদ্যুতিক প্যানেল, পানির হিটার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার যন্ত্রপাতি সম্ভাব্য পানির স্তরের ওপরে রাখতে হবে। বাড়ির চারপাশের মাটি এমনভাবে প্রস্তুত করা প্রয়োজন, যাতে বৃষ্টির পানি ভিত্তির দিকে না গিয়ে বাইরে সরে যায়।   এ ছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি, মূল্যবান জিনিসপত্র ও পারিবারিক স্মৃতিচিহ্ন নিচতলা থেকে সরিয়ে উঁচু স্থানে রাখতে হবে। প্রয়োজনীয় নথির ডিজিটাল কপিও সংরক্ষণ করা উচিত। বালুর বস্তা বা অস্থায়ী বন্যা প্রতিরোধক ব্যবস্থা প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি অবস্থায় কোথায় আশ্রয় নিতে হবে, সে সম্পর্কেও আগে থেকে পরিকল্পনা থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এসব ব্যবস্থা বন্যার ঝুঁকি পুরোপুরি দূর করতে না পারলেও সম্পত্তির ক্ষতি কমাতে এবং পরবর্তী সময়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে। সূত্র: Realtor.com, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৯:৪৪
মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ, দাবি আইসিইর

মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ, দাবি আইসিইর

যুক্তরাষ্ট্রে শিশু সুরক্ষা বিভাগের রেকর্ড যাচাই ছাড়াই ৫০০ কর্মী নিয়োগ, ভার্জিনিয়ায় বন্ধ ২৯ স্কুল

যুক্তরাষ্ট্রে শিশু সুরক্ষা বিভাগের রেকর্ড যাচাই ছাড়াই ৫০০ কর্মী নিয়োগ, ভার্জিনিয়ায় বন্ধ ২৯ স্কুল

হুয়াংয়ের পদত্যাগের দুই মাস আগে এনভিডিয়ার শেয়ারে পাঁচ দফা লেনদেন ট্রাম্পের

হুয়াংয়ের পদত্যাগের দুই মাস আগে এনভিডিয়ার শেয়ারে পাঁচ দফা লেনদেন ট্রাম্পের

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...