ফোবানা নির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচন করছেন মেরিল্যান্ডের কমিউনিটি লিডার মোহাম্মদ কাজল
উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানার পরবর্তী নির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচন করছেন মেরিল্যান্ডের কমিউনিটি লিডার মোহাম্মদ কাজল। দীর্ঘদিন ধরে ফোবানার কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা এবং মেরিল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকেই এবার ফোবানার নেতৃত্বে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়েছেন বলে আমেরিকা বাংলাকে জানিয়েছেন তিনি।
ফোবানার ৪০তম কনভেনশন ২০২৬ সালের ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনভেনশনকে ঘিরেই সংগঠনটির পরবর্তী নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। ফোবানার বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ ২০২৫-২০২৬ এবং বর্তমান কমিটিতে মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রতিনিধি হিসেবে মোহাম্মদ কাজল নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।
আমেরিকা বাংলাকে মোহাম্মদ কাজল বলেন, দীর্ঘদিন ধরে ফোবানার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সংগঠনটির কার্যক্রম, সম্ভাবনা এবং কমিউনিটির প্রত্যাশা সম্পর্কে তাঁর ভালো ধারণা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফোবানাকে আরও শক্তিশালী ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবার তিনি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
কাজল বলেন, “আমি যেহেতু অনেকদিন ধরে ফোবানার সঙ্গে জড়িত রয়েছি, তাই ফোবানাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। উত্তর আমেরিকার আরও বেশি বাংলাদেশি কমিউনিটিকে ফোবানার সঙ্গে সম্পৃক্ত করা এবং সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এবার সভাপতি পদে নির্বাচন করছি।”
তিনি বলেন, ফোবানার কার্যক্রমে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। বিশেষ করে বিভিন্ন বাংলাদেশি সংগঠনের মধ্যে যোগাযোগ বাড়ানো, কমিউনিটির নতুন প্রজন্মকে যুক্ত করা এবং ফোবানার কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্ব দিতে চান।
ফোবানার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের উদ্দেশে কাজল বলেন, যারা ফোবানার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা তাঁর প্রার্থিতা ও পরিকল্পনা বিবেচনা করে তাকে সমর্থন করবেন বলে তিনি আশা করেন। ভোটার সদস্য সংগঠনগুলোর সমর্থন পেলে ফোবানার নেতৃত্বে থেকে সংগঠনটিকে আরও গতিশীল করার জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।
মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা: মোহাম্মদ কাজল মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের একজন। সংগঠনটি মেরিল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। ফোবানার অফিসিয়াল তালিকাতেও মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একটি সদস্য সংগঠন হিসেবে রয়েছে এবং বর্তমান নির্বাহী কমিটিতে এই সংগঠনের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ কাজলের নাম উল্লেখ করা হয়েছে।
নোয়াখালীর সন্তান কাজল দীর্ঘদিন ধরে মেরিল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠান ও কমিউনিটি উদ্যোগেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।
কমিউনিটি কর্মকাণ্ডের পাশাপাশি মেরিল্যান্ডের বাংলাদেশি রাজনৈতিক পরিসরেও তিনি সক্রিয়। তিনি মেরিল্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ফোবানায় তাঁর প্রার্থিতার বিষয়ে তিনি রাজনৈতিক পরিচয়ের চেয়ে কমিউনিটি সংগঠন ও ফোবানার কার্যক্রমকে সামনে রেখে কাজ করার লক্ষ্যকেই গুরুত্ব দিয়েছেন।
ফোবানার নেতৃত্বে নতুন পরিকল্পনার প্রত্যাশা: ফোবানার সভাপতি পদে নিজের প্রার্থিতা সম্পর্কে কাজল বলেন, তাঁর উদ্দেশ্য শুধু একটি পদে দায়িত্ব নেওয়া নয়। বরং উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি সংগঠন ও কমিউনিটিকে আরও কার্যকরভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা।
তিনি মনে করেন, ফোবানার মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি তরুণ প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও কমিউনিটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও ফোবানা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
ফোবানার বর্তমান কাঠামো অনুযায়ী, সংগঠনটির নির্বাহী কমিটিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারি, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি ও ট্রেজারারসহ বিভিন্ন পদ রয়েছে। সদস্য সংগঠনগুলোর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী কমিটির নেতৃত্ব নির্ধারিত হয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন তাঁর সাবেক চিফ অব স্টাফ জো ক্যাসপার। তাঁর অভিযোগ, হেগসেথের ব্যক্তিগত অহংবোধ, নেতৃত্বের ধরন এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে পেন্টাগনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা এবং কংগ্রেসের আইনপ্রণেতাদের সঙ্গে সম্পর্ক রক্ষায় প্রতিরক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। তবে পেন্টাগন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে হেগসেথের পদত্যাগের আহ্বান জানান ক্যাসপার। ক্যাসপার বলেন, হেগসেথের কার্যকর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দ্রুত কমে আসছে। তাঁর মতে, প্রতিরক্ষামন্ত্রী নিজের আচরণ ও সিদ্ধান্তের মাধ্যমে কংগ্রেসের সঙ্গে এমনভাবে সম্পর্ক নষ্ট করেছেন, যা সহজে পুনরুদ্ধার করা সম্ভব নয়। সাবেক এই কর্মকর্তা মন্তব্য করেন, হেগসেথ শুধু সম্পর্কের সেতু ভেঙে দেননি, বরং সেগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তাঁর অভিযোগ, হেগসেথ পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক সদস্যদের স্বার্থের চেয়ে নিজের ভাবমূর্তি এবং ব্যক্তিগত প্রচারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ক্যাসপারের ভাষ্য অনুযায়ী, একজন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব হলো সামরিক বাহিনীর সদস্যদের সেবা করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু হেগসেথের নেতৃত্বে বিনয়, দায়িত্ববোধ ও সেবার মানসিকতার ঘাটতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ক্যাসপার। তাঁর অভিযোগ, যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পেন্টাগনের নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সামরিক অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে বলে দাবি করেন তিনি। ক্যাসপার আরও অভিযোগ করেন, যুদ্ধ চলাকালে অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে পরিবর্তন আনার কারণে সামরিক বাহিনীর কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। তাঁর মতে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে। হেগসেথের বিরুদ্ধে নারী ও কৃষ্ণাঙ্গ সামরিক কর্মকর্তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন ক্যাসপার। তবে এসব অভিযোগের পক্ষে পূর্ণাঙ্গ নথি বা স্বাধীন তদন্তের ফল প্রকাশ করা হয়নি। জো ক্যাসপার ২০২৫ সালে প্রায় তিন মাস হেগসেথের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিশেষ সরকারি কর্মী হিসেবে পেন্টাগনের সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব ছাড়ার সময় হেগসেথ তাঁর কাজের প্রশংসা করেছিলেন। কিন্তু এখন সেই সাবেক ঘনিষ্ঠ সহযোগীই প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। ক্যাসপার ২০২৫ সালে পেন্টাগনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তথ্য ফাঁসের সন্দেহে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ওই কর্মকর্তারা গোপন তথ্য ফাঁস করেছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। অন্যদিকে পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাসপারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা দাবি করেন, ক্যাসপার একজন অসন্তুষ্ট সাবেক কর্মী। পেন্টাগনে নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর তিনি ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, হেগসেথ বর্তমানে সামরিক বাহিনীর প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা এবং সামরিক সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কাজে মনোযোগ দিচ্ছেন। এদিকে হেগসেথের পদত্যাগের দাবি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক চলছে। ইরানের সঙ্গে যুদ্ধ, সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপসারণ এবং সংবেদনশীল সামরিক তথ্য আদান-প্রদান নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে রয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনেন। ১০ নভেম্বর প্রতিনিধি পরিষদে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হয়। এতে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ আটকে যায়। তবে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর অর্থ হেগসেথের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে বা কংগ্রেসে প্রমাণিত কিংবা সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে, এমন নয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ডেমোক্র্যাটরা আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে তাঁর নেতৃত্ব ও বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্তের পরিকল্পনা করছেন। বিশেষ করে ইরান যুদ্ধের ব্যয়, সামরিক অভিযানের আইনগত ভিত্তি এবং প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে কংগ্রেসে নতুন করে প্রশ্ন উঠতে পারে। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়েও রাজনৈতিক মতবিরোধ রয়েছে। এতসব সমালোচনা ও রাজনৈতিক চাপের মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হেগসেথের প্রতি সমর্থন বজায় রেখেছেন। হেগসেথ নিজেও দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ঘোষণা করেননি। এর আগে তিনি জানিয়েছিলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দিতে চান। ফলে সাবেক চিফ অব স্টাফের পদত্যাগের দাবি নতুন রাজনৈতিক চাপ তৈরি করলেও হেগসেথকে সরিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। সংবাদসূত্র পলিটিকো, মার্কিন কংগ্রেস
নিউইয়র্কে ছয় ধরনের পদে নিয়োগের উদ্যোগ, ঘণ্টায় বেতন ২৫ ডলার পর্যন্ত
স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের
গাজার সমর্থনে নতুন প্রতিবাদী গান প্রকাশ করলেন মার্কিন র্যাপার, আয় যাবে ত্রাণে
যুক্তরাষ্ট্রে গর্ভবতী নারীদের কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ফেডারেল আইন নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। দেশটির পঞ্চম সার্কিট আপিল আদালত আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে। এতে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যে কর্মজীবী নারীদের অধিকার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ৯-৮ ভোটে দেওয়া এই রায়ে আদালত বলেছে, ২০২২ সালে আইনটি পাস করার সময় প্রতিনিধি পরিষদে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সরাসরি উপস্থিত ছিলেন না। করোনা মহামারির সময় চালু হওয়া প্রক্সি ভোটিং ব্যবস্থায় অনুপস্থিত সদস্যদের ভোট গ্রহণ করা হয়েছিল। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, সংবিধানের কোরামসংক্রান্ত শর্ত পূরণে এ ধরনের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০২২ সালে পাস হওয়া প্রেগন্যান্ট ওয়ার্কার্স ফেয়ারনেস অ্যাক্ট। এই আইনের মাধ্যমে গর্ভবতী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যুক্তিসংগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। আইন অনুযায়ী, গর্ভাবস্থায় কোনো কর্মীর প্রয়োজন হলে নিয়োগকর্তাকে পরিস্থিতি অনুযায়ী কাজের সময় পরিবর্তন, ভারী জিনিস তোলা থেকে অব্যাহতি, বসে কাজের সুযোগ, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সময় এবং অন্যান্য যুক্তিসংগত সুবিধা দিতে হয়। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ২০২৩ সালে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা করেছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি পঞ্চম সার্কিট আপিল আদালতে যায়। পূর্ণাঙ্গ আদালতের সাম্প্রতিক রায়ে আগের তিন বিচারকের প্যানেলের সিদ্ধান্ত উল্টে দেওয়া হয়েছে। তবে আদালতের আটজন বিচারক এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, আইন পাসের সময় প্রতিনিধি পরিষদে কোরামের অভাব নিয়ে কোনো আইনপ্রণেতা আপত্তি তোলেননি। ফলে আইনটির বৈধতা নিয়ে এভাবে প্রশ্ন তোলা উচিত নয়। আইনটির পক্ষে কাজ করা অধিকার সংগঠন এ বেটার ব্যালান্স জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা দেখছে।এই সিদ্ধান্তের প্রভাব বিশেষ করে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপিতে কর্মরত নারীদের জন্য গুরুত্বপূর্ণ। এসব অঙ্গরাজ্যেই পঞ্চম সার্কিট আপিল আদালতের এখতিয়ার রয়েছে। তবে মামলার সরাসরি নিষেধাজ্ঞা টেক্সাসকে কেন্দ্র করে হওয়ায় অন্য অঙ্গরাজ্যে আইনের প্রয়োগের বিষয়টি নিয়ে আইনি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কর্মজীবী নারীদেরও বিষয়টি জানা প্রয়োজন। বিশেষ করে গর্ভাবস্থায় কাজের পরিবেশ, চিকিৎসার সময় এবং দায়িত্ব পরিবর্তনের মতো সুবিধা নিয়ে কোনো সমস্যা হলে স্থানীয় শ্রম অধিকার সংস্থা বা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স।
কর সংস্কারের ধাক্কা: ফ্লোরিডার বড়দিনের ঐতিহ্যবাহী প্যারেড ও উৎসব বাতিল
বাবা-মাকে আমেরিকায় নিতে চান? গ্রিন কার্ডধারী ও নাগরিকদের জন্য আলাদা নিয়ম
শিক্ষার্থীদের আসক্তির দায়ে মার্কিন স্কুলগুলোকে ৩০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব!
‘আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। টাকা বাঁচাতে এখনই ব্যবস্থা নিন।’ এমন ফোন বা মেসেজ পেলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। সেই উদ্বেগকেই কাজে লাগায় প্রতারকেরা। ব্যাংক, সরকারি সংস্থা কিংবা পরিচিত প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে তারা টাকা পাঠাতে, অ্যাকাউন্টের তথ্য জানাতে অথবা পাঠানো লিংকে ঢুকতে বলে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এ ধরনের পরিচয়ভিত্তিক প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে। প্রতারকের কথায় সাধারণত দুটি বিষয় থাকে: একটি বিপদের খবর, অন্যটি দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, টাকা হারিয়ে যাবে কিংবা আইনি ঝামেলা হবে বলে ভয় দেখানো হতে পারে। আবার ‘নিরাপদ’ অ্যাকাউন্টে টাকা সরিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়। এফটিসি বলছে, যাচাই করার সময় না দিয়ে সিদ্ধান্ত আদায় করাই এই চাপ তৈরির উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য ব্যাংক বা সরকারি সংস্থার নামে আসা এমন বার্তা যাচাই করা বিশেষভাবে জরুরি। ফোনে প্রতিষ্ঠানটির নাম বলা হলেও সেটিকে পরিচয়ের প্রমাণ হিসেবে ধরা যায় না। সন্দেহ হলে কল শেষ করে ব্যাংক কার্ডের পেছনে থাকা নম্বরে ফোন করতে হবে। ব্যাংকের অ্যাপ বা নিজে খুঁজে নেওয়া আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকেও তথ্য মিলিয়ে দেখা যায়। মেসেজে দেওয়া নম্বর বা লিংক ব্যবহার করে যাচাই করতে গেলে আবার প্রতারকের কাছেই পৌঁছানোর ঝুঁকি থাকে। টাকা ‘সুরক্ষিত’ রাখতে ব্যাংক ট্রান্সফার, পেমেন্ট অ্যাপ বা ক্রিপ্টোকারেন্সিতে পাঠাতে বলা হলে সেটি প্রতারণার বড় লক্ষণ। একইভাবে ফোন না কাটতে, পরিবারের কাউকে কিছু না বলতে কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে চাপ দেওয়াও সন্দেহজনক। এফটিসির পরামর্শ হলো, এমন অবস্থায় লেনদেনের আগে কথোপকথন থামিয়ে দাবিটি স্বাধীনভাবে যাচাই করা। ইতিমধ্যে টাকা পাঠিয়ে থাকলে দেরি না করে ব্যাংক বা ব্যবহৃত পেমেন্ট সেবায় অভিযোগ জানাতে হবে এবং লেনদেন ফেরানোর অনুরোধ করতে হবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে থাকলে তা বদলে দুই ধাপের নিরাপত্তা চালু করা উচিত। সোশ্যাল সিকিউরিটি নম্বরের তথ্য দিয়ে থাকলে IdentityTheft.gov-এ পরবর্তী করণীয় জানা যায়। প্রতারণার অভিযোগ করা যায় ReportFraud.ftc.gov-এ। সংবাদসূত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন
নিউইয়র্ক ও নিউজার্সির তিন বিমানবন্দরে চাকরির সুযোগ, বেতন ঘণ্টায় ২১.২৫ ডলার
যুক্তরাষ্ট্রে ঘরে বসে ফেডারেল চাকরির সুযোগ, বছরে বেতন ৭৩ হাজার ডলার পর্যন্ত, জেনে নিন আবেদনের শর্ত

