দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আন্তর্জাতিক বাস রুট ঢাকা–আগরতলা–কলকাতা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে ‘Royal Maitree’ সার্ভিসের একটি বাস যাত্রা শুরু করে।
বাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রবেশ করে। সার্ভিসটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেন রয়্যাল মৈত্রী সার্ভিসের কর্মকর্তা প্রশান্ত শীল।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতি এবং দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে এই আন্তর্জাতিক রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পরিবেশে এই বাস পরিষেবা দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন এই রুটে বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে পরিষেবাটি নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে আগরতলার উদ্দেশে বাস ছাড়বে এবং আগরতলা থেকে ফিরতি বাস ছাড়বে রবিবার, বুধবার ও শুক্রবার। পাশাপাশি ঢাকা থেকে কলকাতা রুটে বাস চলবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
এই আন্তর্জাতিক বাস পরিষেবা চালুর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যাত্রীদের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমবে। সাধারণত আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছাতে প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ঢাকা হয়ে সরাসরি বাসে এই দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসবে, যা সময় ও ব্যয় সাশ্রয় করবে।
এদিকে বাস পরিষেবা পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মাণিক সাহা। ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গণমাধ্যমকে জানান, এই উদ্যোগ দুই দেশের মৈত্রী ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক। তিনি বলেন, এই যোগাযোগ ব্যবস্থা শুধু যাতায়াত সহজ করবে না, বরং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবচালু এই আন্তর্জাতিক বাস পরিষেবা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।