বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরদেহ রাষ্ট্রীয় ব্যয়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নুরুল হক নুর। তিনি বলেন, প্রবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা, যা বাস্তবায়নের বিষয়ে সরকার কাজ করছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ পরিবহনে আগের ব্যবস্থা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও তা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মরদেহ পরিবহনের জন্য তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু ছিল, যার মাধ্যমে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মরদেহ পৌঁছে দেওয়া হতো। নতুন করে আরও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়েছে, যা সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
প্রবাসীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসফেরত কর্মীদের স্বাবলম্বী করতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ব্যবসা ও কর্মসংস্থানের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হয়। ভবিষ্যতে এই ঋণের পরিমাণ আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে সরকার ভাবছে।
এছাড়া তিনি জানান, শিক্ষার্থী ভিসায় বিদেশে গমনকারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা রয়েছে। বিশেষ করে জাপানসহ কয়েকটি দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।