সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১১:৯
বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। ছবি: সংগৃহীত
বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। ছবি: সংগৃহীত

বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট প্রতিবছর গ্রীষ্মকালীন মৌসুমে এ ধরনের কাজের জন্য কর্মী নিয়োগ করে। বেতনের পাশাপাশি কর্মীদের বিনামূল্যে থাকা, খাওয়া এবং প্রচণ্ড ঠান্ডায় ব্যবহারের উপযোগী বিশেষ পোশাক দেওয়া হয়। তবে ২০২৬-২৭ মৌসুমের নিয়োগ ইতিমধ্যে শেষ হয়েছে।

 

সংস্থাটির কর্মস্থল অ্যান্টার্কটিকার গুডিয়ার দ্বীপের পোর্ট লকরয় এলাকায়। সেখানে রয়েছে একটি ঐতিহাসিক জাদুঘর, উপহারের দোকান এবং বিশ্বের দক্ষিণতম সচল ডাকঘরগুলোর একটি। নির্বাচিত কর্মীদের পেঙ্গুইন পর্যবেক্ষণের পাশাপাশি পর্যটকদের স্বাগত জানানো, জাদুঘরের কার্যক্রম পরিচালনা এবং পোস্টকার্ড বাছাই ও সিল দেওয়ার কাজও করতে হয়।

 

প্রতিবছর অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত সেখানে কর্মীরা অবস্থান করেন। পদের ধরন অনুযায়ী মাসিক পারিশ্রমিক প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরোর সমপরিমাণ হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক কর্মীদের প্রযোজ্য কর নিজেদেরই পরিশোধ করতে হয়।

 

পেঙ্গুইন গণনার কাজটি মূলত পরিবেশ ও বন্য প্রাণী গবেষণার অংশ। দ্বীপটিতে বসবাসকারী জেন্টু পেঙ্গুইনদের বাসা, ডিম ও ছানার সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এর মাধ্যমে পেঙ্গুইনের প্রজনন পরিস্থিতি এবং পর্যটকদের উপস্থিতি তাদের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলছে কি না, তা বোঝার চেষ্টা করেন গবেষকেরা।

 

২০২৪ সালের ডিসেম্বরে পোর্ট লকরয় এলাকায় ৫৭১টি পেঙ্গুইনের বাসা এবং ৯৩৮টি ডিম গণনা করা হয়েছিল। প্রজনন মৌসুমের শেষ দিকে ছানাগুলো বড় হলে আবার গণনা করা হয়। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার একই কাজ করতে হয়।

 

তবে আকর্ষণীয় বেতনের বিপরীতে সেখানে জীবনযাপন বেশ কঠিন। পোর্ট লকরয়ে নিয়মিত পানির সরবরাহ নেই। খাবার ও ব্যবহারের পানি জাহাজ থেকে সংগ্রহ করতে হয়। ফলে সাধারণত সপ্তাহে একবার গোসলের সুযোগ মেলে। প্রতিকূল আবহাওয়ায় জাহাজ আসতে না পারলে আরও দীর্ঘ সময় গোসল ছাড়াই থাকতে হতে পারে।

 

দ্বীপটিতে সাধারণ মোবাইল নেটওয়ার্ক নেই। যোগাযোগের জন্য সীমিত স্যাটেলাইট ইন্টারনেটের ওপর নির্ভর করতে হয়। কর্মীদের একই কক্ষে ঘুমাতে হয় এবং বরফ পরিষ্কার, মালপত্র বহনসহ নানা শারীরিক পরিশ্রমের কাজ করতে হয়।

 

এই চাকরিতে আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা নেই। বিজ্ঞান বিষয়ে ডিগ্রি বাধ্যতামূলক না হলেও ভালো শারীরিক সক্ষমতা এবং প্রতিকূল পরিবেশে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।

 

বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীর যুক্তরাজ্যে বসবাস এবং সেখানে কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে। সংস্থাটি এ চাকরির জন্য ভিসা স্পন্সর করে না। ফলে শুধু বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করে চাকরিটি পাওয়ার সুযোগ নেই, যদি যুক্তরাজ্যে কাজ করার প্রয়োজনীয় অনুমতি না থাকে।

 

ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের ১৩ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের জন্য মোট ১৪ জনের দল নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন পোর্ট লকরয়ে এবং ছয়জন অ্যান্টার্কটিকার অন্য একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসংক্রান্ত কাজে নিয়োজিত থাকবেন।

 

সংস্থাটির আনুষ্ঠানিক নিয়োগ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। নতুন মৌসুমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আগ্রহীরা যোগ্যতা ও আবেদনের সময়সীমা জানতে পারবেন।

 

সূত্র: ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
ভারতে ট্রেনযাত্রার সময় এক নারীর ব্যাগ থেকে ৫০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
৫০ ভরি স্বর্ণ চুরি, ৬০০ সিসিটিভি ফুটেজেও মেলেনি পরিচয়, ইনস্টাগ্রাম রিলসেই ধরা পড়লো স্বর্ণচোর!

ভারতে ট্রেনযাত্রার সময় এক নারীর ব্যাগ থেকে ৫০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিচয় গোপন করতে মুখে মাস্ক পরা, বারবার পোশাক পরিবর্তন এবং যাতায়াতের পথ বদলানোর পরও শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম রিলসের সূত্র ধরেই পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে।   গ্রেপ্তার ব্যক্তির নাম বালামুরুগান। তিনি তামিলনাড়ুর দিন্দিগুল এলাকার বাসিন্দা। গত ১১ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কেরালা রেলওয়ে পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা প্রায় ৬০০টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।   পুলিশের তথ্য অনুযায়ী, কুমারী নামের এক বয়স্ক নারী চেন্নাই থেকে কেরালার চেঙ্গান্নুরে যাচ্ছিলেন। পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি সঙ্গে করে স্বর্ণালংকার নিয়ে যাচ্ছিলেন। ট্রেনে তাঁর আসনের নিচে রাখা ব্যাগে প্রায় ৫০ ভরি স্বর্ণ ছিল। যাত্রাপথে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে ব্যাগ থেকে স্বর্ণালংকার চুরি করা হয় বলে অভিযোগ।   নারী যাত্রীটি ত্রিশূর এলাকায় পৌঁছানোর পর স্বর্ণালংকার হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ। তদন্তে জানা যায়, অভিযুক্ত বালামুরুগান তামিলনাড়ুর সেলাম থেকে ট্রেনে উঠেছিলেন। পালাক্কাদ এলাকায় পৌঁছানোর আগেই স্বর্ণালংকার নিয়ে তিনি ট্রেন থেকে নেমে পালিয়ে যান বলে পুলিশের ধারণা।   তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অভিযুক্তের পরিচয় শনাক্ত করা। পুলিশের নজর এড়াতে তিনি মুখে মাস্ক ব্যবহার করেন এবং একাধিকবার পোশাক পরিবর্তন করেন। এমনকি বিভিন্ন বাস ও ট্রেনে ওঠার অভিনয় করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে।   অভিযুক্তের গতিবিধি শনাক্ত করতে বিভিন্ন রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার প্রায় ৬০০টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। কিন্তু মুখ ঢাকা থাকায় তাঁর পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যক্রম বিশ্লেষণ করতে গিয়ে গুরুত্বপূর্ণ সূত্র পান তদন্তকারীরা।   পুলিশ জানায়, বালামুরুগানের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত রিলস ভিডিও তাঁর অবস্থান ও পরিচয় শনাক্ত করতে সহায়তা করে। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়ার পর নিশ্চিত হওয়া যায়, সন্দেহভাজন ব্যক্তি তামিলনাড়ুর দিন্দিগুল এলাকার বাসিন্দা।   পরবর্তী সময়ে চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে কোয়েম্বাটুরে আসার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই বালামুরুগানকে গ্রেপ্তার করা হয়। মালয়ালম সংবাদমাধ্যম মনোরমা অনলাইনের ১২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৩৬ দশমিক ৪২ ভরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।   তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, বালামুরুগান এর আগে একই ধরনের অন্য কোনো চুরির ঘটনায় জড়িত ছিলেন কি না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।   সূত্র: মনোরমা অনলাইন

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১১:৩৫
ভারতে নয়বার বিয়ে করা এক নারীর সপ্তম সাবেক স্বামীর বিরুদ্ধে করা নির্যাতনের মামলা খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। ছবি: সংগৃহীত

৯ বার বিয়ে করা নারীর সপ্তম স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা খারিজ করল আদালত

বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাঁটতে বেরিয়ে গ্রিজলি ভাল্লুকের হামলায় প্রাণ হারিয়েছেন জেনিফার বালকারাস ও তাঁর মেয়ে সেলা রিড। ছবি: সংগৃহীত

কানাডায় হাঁটতে বেরিয়ে আর ফিরলেন না মা-মেয়ে, চার গ্রিজলি ভাল্লুককে মেরে ফেলল কর্তৃপক্ষ

যুক্তরাজ্যের বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পর্যাপ্ত চার্জ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে মোবাইল চালু না হলে ফ্লাইটে নেওয়া যাবে না, যাত্রীদের সতর্কতা

যুক্তরাজ্যের বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পর্যাপ্ত চার্জ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা পরীক্ষার সময় কোনো ডিভাইস চালু করতে বলা হলে সেটি চালু করে দেখাতে হবে। তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ডিভাইস বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। যুক্তরাজ্য সরকারের প্রকাশিত বিমানবন্দর নিরাপত্তা নির্দেশনায় এ নিয়মের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেক যাত্রী বিমানবন্দরের লাগেজ ও নিরাপত্তা পরীক্ষার সাধারণ নিয়ম সম্পর্কে জানলেও ইলেকট্রনিক ডিভাইস চালু করে দেখানোর বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন নন। ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর মোবাইল বা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলে অপ্রত্যাশিত সমস্যায় পড়তে পারেন তাঁরা।   যুক্তরাজ্য সরকারের সরকারি নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা প্রয়োজনে যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চালু করতে বলতে পারেন। কোনো ডিভাইস চালু করা সম্ভব না হলে সেটি বিমানে বহনের অনুমতি দেওয়া হবে না। তবে সব যাত্রীর প্রতিটি ডিভাইস চালু করে দেখানো বাধ্যতামূলক নয়। নিরাপত্তা পরীক্ষার প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নির্দেশ দিতে পারেন।   এ ক্ষেত্রে ডিভাইসটি বিমানে নেওয়ার অনুমতি না পাওয়ার অর্থ সেটি স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হওয়া নয়। সংশ্লিষ্ট বিমানবন্দর ও এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নির্ধারিত হতে পারে। তাই যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর আগেই ডিভাইসগুলো সচল রয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।   এদিকে ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি নিয়েও পৃথক নিরাপত্তা নির্দেশনা রয়েছে। যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইস অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত বা ভুলভাবে বহন করা ব্যাটারি থেকে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ কারণে পাওয়ার ব্যাংক ও অতিরিক্ত লিথিয়াম ব্যাটারি চেকড লাগেজে না রেখে কেবিন ব্যাগে বহন করতে হবে।   কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ দুটি অনুমোদিত পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। সাধারণভাবে ১০০ ওয়াট ঘণ্টা পর্যন্ত ক্ষমতার পাওয়ার ব্যাংক বহন করা যায়। এর বেশি ক্ষমতার নির্দিষ্ট ব্যাটারির ক্ষেত্রে এয়ারলাইন্সের অনুমোদন প্রয়োজন হতে পারে। ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক চার্জ করা নিষিদ্ধ। এ ছাড়া পাওয়ার ব্যাংক দিয়ে অন্য ডিভাইস চার্জ করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিধিনিষেধ মেনে চলতে হবে।   যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০২৬ সালের জুন ও আগস্টে প্রকাশিত নিরাপত্তা বার্তায় যাত্রীদের ব্যাটারিচালিত ডিভাইস সঠিকভাবে বহনের গুরুত্ব তুলে ধরে। সংস্থাটি জানিয়েছে, ব্যাটারি অতিরিক্ত গরম হলে বা ধোঁয়া বের হলে দ্রুত কেবিন ক্রুদের জানাতে হবে। ফুলে যাওয়া, ক্ষতিগ্রস্ত কিংবা অতিরিক্ত গরম হওয়ার লক্ষণ রয়েছে এমন ব্যাটারি বিমানে বহন করা উচিত নয়।   বিশেষজ্ঞ নির্দেশনায় আরও বলা হয়েছে, লিথিয়াম ব্যাটারিতে কখনো কখনো থার্মাল রানঅ্যাওয়ে নামে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এতে ব্যাটারির ভেতরে তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়ে আগুন লাগার ঝুঁকি দেখা দেয়। তবে বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষায় ডিভাইস চালু করে দেখানোর নিয়ম এবং ব্যাটারির অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আলাদা বিষয়।   যুক্তরাজ্য থেকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে একাধিক ফ্লাইটে যাতায়াতের ক্ষেত্রে মোবাইল ও ল্যাপটপে পর্যাপ্ত চার্জ রাখা এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের লাগেজ ও ব্যাটারি সংক্রান্ত নিয়ম যাচাই করা জরুরি। এতে বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো সম্ভব হবে।   সূত্র: ব্রিটিশ এয়ারওয়েজ

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১০:৫৪
যেকোনো সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’। ছবি: সংগৃহীত

খাবার আর জরুরি সামগ্রী মজুতের হিড়িক যুক্তরাজ্যে, নিছক আতঙ্ক, নাকি বাস্তব প্রয়োজন?

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যাটোকে দুর্বল করে ইউরোপের সীমানা বদলাতে চান পুতিন, আশঙ্কা জেলেনস্কির

ন্যাটোকে দুর্বল করে ইউরোপের সীমানা বদলাতে চান পুতিন, আশঙ্কা জেলেনস্কির

বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’, বই প্রকাশ করছেন ছেলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে দেশটির বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব ও সংবাদমাধ্যমের একটি অংশ গোপনে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তুলেছেন তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহু। বাবার বিরুদ্ধে কথিত এই ‘ডিপ স্টেট’ ষড়যন্ত্রের বিস্তারিত তুলে ধরে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টারের মাধ্যমে বইটি বাজারে আসার কথা রয়েছে।   বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বইটির নাম ‘টু ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরায়েলস ফাইট ফর সারভাইভাল, অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডোমেস্টিক সাবোটার্স’। এতে ইসরায়েলের বাইরের শত্রুদের পাশাপাশি দেশের অভ্যন্তরে নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।   প্রকাশনা প্রতিষ্ঠানের দেওয়া বিবরণ অনুযায়ী, ইয়াইর নেতানিয়াহু বইটিতে দাবি করেছেন, ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি প্রভাবশালী অংশ দীর্ঘদিন ধরে তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালিয়েছে। বিচারক, সরকারি কৌঁসুলি, গোয়েন্দা কর্মকর্তা, সামরিক নেতৃত্ব, সংবাদমাধ্যম এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোকে এই কথিত প্রচেষ্টার সঙ্গে যুক্ত বলে তুলে ধরা হয়েছে।   বইটির প্রচারসংক্রান্ত বিবরণে আরও দাবি করা হয়েছে, এসব কর্মকাণ্ড শুধু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পশ্চিমা বিশ্বের স্থিতিশীলতা দুর্বল করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশিত হয়েছে বলে জানা যায়নি।   ইয়াইর নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বাবার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। বিশেষ করে এক্সে তিনি ইসরায়েলের রাজনৈতিক বিরোধী দল, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের সমালোচনা করে থাকেন। তাঁর বক্তব্যে প্রায়ই এমন অভিযোগ উঠে আসে যে দেশটির ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলো নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কাজ করছে।   রাজনৈতিক আলোচনায় ‘ডিপ স্টেট’ বলতে সাধারণত এমন একটি কথিত প্রভাবশালী গোষ্ঠীকে বোঝানো হয়, যারা নির্বাচিত সরকারের বাইরে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ করা হয়। তবে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে এ ধরনের কোনো সমন্বিত গোপন ষড়যন্ত্রের অস্তিত্ব স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।   এদিকে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা।   অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন অর্জন করেছে। ফলে নতুন সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   নির্বাচনের পর ইয়াইর নেতানিয়াহু অভিযোগ করেন, তাঁর বাবার বিরুদ্ধে নির্বাচনের ফল প্রভাবিত করতে বিদেশি শক্তি অর্থায়ন করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুষ দিয়ে নির্বাচনের ফল প্রভাবিত করেছে। তবে এসব অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।   ইয়াইরের অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তাঁর বাবার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার চলছে। তিনটি পৃথক দুর্নীতির মামলায় এসব অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহু অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।   ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইর নেতানিয়াহুর বইটির পেছনে রয়েছে র‍্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকার এবং মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার একজন সাক্ষী।   নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগপত্রে জেমস প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেনসহ বিভিন্ন উপহার গ্রহণের বিষয়টিও উল্লেখ রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার চলাকালেই তাঁর ছেলের বই প্রকাশের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে।   বইটি আন্তর্জাতিক বাজারে প্রকাশের প্রস্তুতি চললেও সেখানে উত্থাপিত রাজনৈতিক অভিযোগগুলো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। তবে প্রকাশনার ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েলের রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং নেতানিয়াহু পরিবারের দীর্ঘদিনের বিরোধ আবারও সামনে এসেছে।   সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৮:৪৯
৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

গাজায় বন্যা ও মানবিক সংকট মোকাবিলায় ৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক

ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ, জবাবদিহিতে মোদির দপ্তরের সচিব

ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ, জবাবদিহিতে মোদির দপ্তরের সচিব

ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

0 Comments