- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
স্মৃতির জুলাই থেকে বর্তমানের অচলাবস্থা! আজ ৫ আগস্ট, ২০২৬। ঠিক দুই বছর আগে এই দিনে বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল এক অভূতপূর্ব পরিবর্তন। রক্তক্ষয়ী রাজপথ, শতশত মানুষের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছরের শাসনব্যবস্থার পতন ঘটেছিল। গোটা দেশ দেখেছিল এক নতুন ভোরের স্বপ্ন—যেখানে থাকার কথা ছিল বৈষম্যহীনতা, বাকস্বাধীনতা আর ইনসাফ। কিন্তু দুই বছর পর আজ আমরা কোথায় দাঁড়িয়ে? যে স্বপ্ন নিয়ে তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই বাংলাদেশে আজ তৈরি হয়েছে গভীর রাজনৈতিক বিভাজন, নতুন ক্ষমতার দ্বন্দ্ব, আর একের পর এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান কি তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে, নাকি বাংলাদেশ আবার ঘুরেফিরে পুরোনো রাজনৈতিক ঘূর্ণাবর্তেই আটকা পড়েছে? ২০২৪-এর রাজপথ ও ক্ষমতার আকস্মিক পতন! ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুলাই মাসে। একটি সাধারণ কোটা সংস্কার আন্দোলন হঠাৎ করেই রূপ নেয় এক নজিরবিহীন গণঅভ্যুত্থানে। তৎকালীন সরকারের কঠোর দমন-পীড়ন, গুলির ঘটনা এবং শত শত প্রাণহানি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া। যার ফলশ্রুতিতে ৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ কোরে একপ্রকার আকস্মিকভাবেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সেই সাথে পতন হয় আওয়ামীলীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক কর্তৃত্ববাদের পতন দেখে গোটা দেশ। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা পূরণে সামনে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার, সংস্কারের ধীরগতি ও দুর্নীতির ছায়া! বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল—প্রশাসনিক সংস্কার, অপরাধীদের বিচার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু সময়ের সাথে সাথে অন্তর্বর্তী সরকারের যাত্রাপথ সহজ থাকেনি। বিচার প্রক্রিয়ায় ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত বাজার সাধারণ মানুষের মাঝে অসন্তোষ সৃষ্টি করে। শুধু তা-ই নয়, সংস্কারের নামে বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে আমলাতান্ত্রিক জটিলতা এবং কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠার স্বজনপ্রীতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ ড. ইউনুসের সরকারের ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয়। গণমাধ্যমের খবরে উঠে আসে অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বন্দ্বের কথা। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে—পরিবর্তনের স্বপ্ন কি তবে সুদূর পরাহত? তারেক রহমানের প্রত্যাবর্তন ও ২০২৬-এর নির্বাচনী ঝড়! রাজনৈতিক পটপরিবর্তনের অন্যতম প্রধান মাইলফলক ছিল দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরা। তার প্রত্যাবর্তন দলীয় কর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা তৈরি করে এবং বিএনপির ক্ষমতা পুনর্দখলের পথকে সুগম করে। পরবর্তীতে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও নানা বিতর্কের পর আয়োজিত হয় বহুল প্রতীক্ষিত ২০২৬ সালের জাতীয় নির্বাচন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আবার দেখা দেয় বিভাজন। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের আসন ভাগাভাগি, ইসি গঠন নিয়ে বিতর্ক এবং নির্বাচনকালীন সময়সূচি নিয়ে বিএনপি ও অন্যান্য মিত্রদের মধ্যে তৈরি হয় তুমুল সংঘাত। নির্বাচন কতটা নিরপেক্ষ হয়েছে, তা নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। নতুন দল এনসিপির জন্ম, রাজনীতি ও জামায়াত-জোট বিতর্ক! জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় বাই-প্রোডাক্ট ছিল তরুণ ছাত্রনেতাদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল—ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিকল্প রাজনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে তারা আত্মপ্রকাশ করেছিল। তবে রাজনীতিতে পা দিয়েই দ্রুত বিতর্কের মুখে পড়ে এনসিপি। আদর্শগত অবস্থান স্পষ্ট করার আগেই তারা নির্বাচনে সুবিধাজনক অবস্থানে যেতে বাংলাদেশের বিতর্কিত রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর সাথে রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনী জোট গঠন করে। এক সময়ের প্রগতিশীল ও বৈষম্যবিরোধী স্লোগান দেওয়া তরুণদের সাথে জামায়াতের এই জোটকে কেন্দ্র করে সুশীল সমাজ ও সাধারণ তরুণদের একাংশের মধ্যে গভীর হতাশা ও সমালোচনার ঝড় ওঠে। এনসিপি কি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে—এই প্রশ্ন উঠে আসে রাজনীতির টেবিলে। ক্ষমতায় বিএনপি: সাফল্য, ব্যর্থতা ও দুর্নীতির পুরোনো চক্র! বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ক্ষমতায় আসার পর প্রথম দিকে তারা বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এরপরই সামনে দলটির জন্য নানা চ্যালেঞ্জ। প্রথম সারির প্রধান প্রধান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ আমলের টেন্ডারবাজি, দখলদারিত্ব এবং প্রশাসনিক দুর্নীতির সিন্ডিকেট ভেঙে ফেলার বদলে কেবল হাতবদল হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা নতুন সরকারকে তীব্র সমালোচনার মুখে ফেলে। জনগণ আবারও দেখতে পায়—নেতৃত্ব বদলালেও ক্ষমতার চরিত্র অপরিবর্তিতই রয়ে গেছে। দিল্লি থেকে শেখ হাসিনার আকস্মিক প্রেস কনফারেন্স! ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই, আজ—৫ আগস্ট ২০২৬—অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে হঠাৎ করেই নতুন বোমা ফাটানোর মত অবস্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই বছর পর নজিরবিহীনভাবে দিল্লী থেকে গত ৩ আগস্ট এক আকস্মিক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি ২০২৪-এর অভ্যুত্থানকে 'পরিকল্পিত ষড়যন্ত্র' এবং বর্তমান বিএনপি সরকারের বৈধতা নিয়েও কথা বলবেন বলে জানিয়েছেন। এছাড়া প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অবিলম্বে তার দলের রাজনীতি করার অধিকার ফেরানোর ব্যাপারেও জানান তিনি। অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই নয়াদিল্লি থেকে সরাসরি তার জনসম্মুখে আসাকে ঢাকার রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক কূটনৈতিক ও রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছে। বিএনপি এবং এনসিপি উভয় দলই একে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? জুলাই অভ্যুত্থানের দুই বছর পার হয়ে গেল। শহীদের রক্তে ভেজা রাজপথ আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু দুই বছর পর আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আছে গভীর রাজনৈতিক সংকট, অর্থনৈতিক মন্দা, দুর্নীতির পুনরাবৃত্তি আর নিত্যনতুন ক্ষমতার বিভাজন। অভ্যুত্থানের চেতনা কি তবে রাজনীতির সমীকরণে হারিয়ে গেল? নাকি এই সংকট কাটিয়ে বাংলাদেশ আবার তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরতে পারবে?
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে নিজ বাড়ির ভেতর থেকে এক বাবা ও তার দুই কিশোরী মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উইনেকনে পুলিশ বিভাগ এবং উইনেবাগো কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে একটি মেডিকেল ইমার্জেন্সি ও ওয়েলফেয়ার চেকের (নিরাপত্তা তল্লাশি) কল পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা বাড়ির ভেতর তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন ৫৭ বছর বয়সী বাবা জেফরি মানকে এবং তার দুই মেয়ে, ১১ বছর বয়সী লিনোরা মানকে ও ১৬ বছর বয়সী জায়েইলিন মানকে। মর্মান্তিক এই মৃত্যুর খবরে নিহতদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। শোকসন্তপ্ত এই পরিবারের এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে এরই মধ্যে স্থানীয় কমিউনিটি এগিয়ে এসেছে। আর্থিকভাবে বা অন্য কোনো উপায়ে সাহায্য করতে আগ্রহীদের জন্য 'গিভসেন্ডগো' (GiveSendGo) নামের একটি ফান্ডরেইজার পেজ এবং 'মিল ট্রেইন' (Meal Train) সাইন-আপের ব্যবস্থা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
ইরানের সঙ্গে একটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা এবং নিরস্ত্রীকরণই হচ্ছে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত সেই চূড়ান্ত চুক্তি বা লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং এর ভেতর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াত স্বাভাবিকভাবেই অব্যাহত আছে। তবে এই জলপথটি ব্যবহার করে কীভাবে আরও বেশি সংখ্যক জাহাজ সম্পূর্ণ নিরাপদে এবং নির্বিঘ্নে অতিক্রম করতে পারে, তা নিশ্চিত করতে ওয়াশিংটন একটি নতুন ও কার্যকর চুক্তি নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। মার্কো রুবিও আরও জানান, স্বল্প মেয়াদে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ও ওমানের সাথে আলোচনা এবং দরকষাকষিতে সরাসরি যুক্ত রয়েছে। মার্কিন প্রশাসনের প্রত্যাশা, নিরাপত্তা বিষয়ক এই স্বল্পমেয়াদী আলোচনাগুলোই পরবর্তীতে একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রক্রিয়ার পথ প্রশস্ত করবে। আর সেই দীর্ঘমেয়াদী আলোচনারই মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যু, যা মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি অভিবাসন আটক কেন্দ্রে থাকা এক সালভাদোরীয় অভিবাসীর মৃত্যু হয়েছে। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই জানিয়েছে, চিকিৎসাজনিত জরুরি অবস্থার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। মৃত ব্যক্তির নাম এডউইন লোপেজ-কর্নেজো। তার বয়স ৪১ বছর। তিনি নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত ডেলানি হল ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক ছিলেন। আইসিই জানিয়েছে, শনিবার তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইসিইর তথ্য অনুযায়ী, লোপেজ-কর্নেজো যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়ার অপেক্ষায় আটক ছিলেন। সংস্থাটি জানিয়েছে, তার আগের বহিষ্কার আদেশ পুনর্বহালের ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। তবে লোপেজ-কর্নেজোর পরিবার তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। অভিবাসী অধিকারকর্মী একটি সংগঠনের প্রকাশ করা ভিডিওতে তার মা মারিয়া কর্নেজো জানান, তার ছেলে খিঁচুনি, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ গ্রহণ করতেন। মারিয়া কর্নেজো বলেন, মৃত্যুর আগে শুক্রবার তিনি ছেলের সঙ্গে শেষবার কথা বলেছিলেন। তখন তার ছেলে মুখের ডান পাশ ও ডান হাতে অসাড়তার কথা জানিয়েছিলেন। তার আরও কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল বলেও তিনি জানান। আইসিই এক বিবৃতিতে বলেছে, আটক অবস্থায় লোপেজ-কর্নেজো যথাযথ চিকিৎসা পেয়েছেন এবং তাকে চিকিৎসা পেশাজীবীরা পর্যবেক্ষণ করেছেন। সংস্থাটি জানিয়েছে, আটক ব্যক্তিদের নিরাপদ, সুরক্ষিত ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার পর নিউ জার্সির গভর্নর মিকি শেরিল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের প্রাপ্য হলো ঘটনার বিষয়ে পূর্ণ তথ্য জানা। তার প্রশাসন কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কাজ করে মৃত্যুর বিষয়ে সব তথ্য সংগ্রহ করছে বলেও জানান তিনি। নিউ জার্সির ডেমোক্র্যাট প্রতিনিধি রব মেনেনডেজ জানিয়েছেন, লোপেজ-কর্নেজো ডেলানি হল কেন্দ্রে তার শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং পরে সেখানে পড়ে যান। তাকে বাঁচানোর চেষ্টা করা হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান। আইসিইর তথ্য অনুযায়ী, লোপেজ-কর্নেজো ২০০৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। পরে আদালতের আদেশে তাকে সালভাদরে ফেরত পাঠানো হয়। এরপর তিনি আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে সংস্থাটি জানিয়েছে। লোপেজ-কর্নেজোর মৃত্যুর পর ডেলানি হল আটক কেন্দ্রের কার্যক্রম নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। নিউ জার্সির গভর্নর ও নিউয়ার্কের মেয়র রাস জে বারাকা কেন্দ্রটির কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ডেলানি হল কেন্দ্রে আটক হাইতির নাগরিক জিন উইলসন ব্রুটাসের মৃত্যু হয়েছিল। আইসিই তখন জানিয়েছিল, তিনি স্বাভাবিক কারণে মারা গেছেন। এবিসি নিউজের হিসাব অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে আইসিই হেফাজতে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
কিউবার বাড়িঘর ও জরুরি সেবাকেন্দ্রগুলোর জন্য ৫,০০০টি ২ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম অনুদান দিয়েছে বেইজিং। পাশাপাশি আরও বেশ কয়েকটি নতুন সোলার পার্ক নির্মাণের জন্যও দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারি মুখপত্র 'গ্রানমা'-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট নাগাদ এই সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ ও প্যানেল স্থাপনের প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে। তীব্র লোডশেডিং বা ব্ল্যাকআউট এবং জ্বালানি তেলের চরম সংকটে ধুঁকতে থাকা কিউবার জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের দেওয়া এই ২ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেমগুলো মূলত দেশের পলিক্লিনিক, নার্সিং হোম, প্রসূতি সদন এবং প্রত্যন্ত বা বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে স্থাপন করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডের ওপর থেকে যেমন চাপ কমছে, তেমনি দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি স্বাস্থ্যসেবা ও অন্যান্য অত্যাবশ্যকীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে পারছে। বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি পৌঁছানো কঠিন বা আগে কখনোই বিদ্যুৎ সুবিধা ছিল না, সেখানে এই সৌরবিদ্যুৎ সিস্টেমগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনছে। চীনের প্রত্যক্ষ সহায়তায় কিউবার সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে প্রায় ১ গিগাওয়াট নতুন সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে দেশটিতে আরও ৯২টি নতুন সোলার পার্ক নির্মাণের মাধ্যমে এই সক্ষমতা ২ গিগাওয়াটে উন্নীত করার বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে সৌর খাতে এত বড় অগ্রগতি সত্ত্বেও কিউবার চরম বিদ্যুৎ ঘাটতি রাতারাতি মেটানো সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ১০ শতাংশ আসছে সৌরশক্তি থেকে। জাতীয় গ্রিডের পুরোনো অবকাঠামো এবং ব্যাটারি স্টোরেজের অভাবের মতো নানাবিধ সীমাবদ্ধতা থাকলেও, চীনের এই সৌর সহায়তা কিউবার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একটি অত্যন্ত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ধনী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হলেও তাদের আয়ু ইউরোপের কিছু দেশের দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় কম হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা, বেশি সম্পদ মানেই দীর্ঘ ও সুস্থ জীবন, এই গবেষণার ফলাফলে নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৭৩ হাজারের বেশি বয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় ১০ বছর ধরে তাদের বেঁচে থাকার হার ও মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, একই অর্থনৈতিক স্তরের মানুষের তুলনা করলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুঝুঁকি ইউরোপের অনেক দেশের মানুষের তুলনায় বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ২৫ শতাংশ মানুষের বেঁচে থাকার হার উত্তর ও পশ্চিম ইউরোপের কয়েকটি দেশের সবচেয়ে দরিদ্র ২৫ শতাংশ মানুষের কাছাকাছি। গবেষণায় জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ কয়েকটি ইউরোপীয় দেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদ স্তরের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি তুলনা করা হয়েছে। গবেষকদের মতে, অর্থনৈতিক অবস্থার সঙ্গে সাধারণত ভালো স্বাস্থ্যের সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রে সেই সুবিধা অনেকাংশে সীমিত হয়ে যাচ্ছে। গবেষকরা যুক্তরাষ্ট্রের এই পার্থক্যের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী রোগের তুলনামূলক বেশি হার, স্বাস্থ্যসেবার উচ্চ খরচ, দীর্ঘ কর্মঘণ্টা এবং দৈনন্দিন জীবনের বাড়তি চাপ। গবেষকদের মতে, ইউরোপের অনেক দেশে শক্তিশালী সরকারি অবকাঠামো, সবার জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা কাঠামো থাকায় মানুষের আয় ও আয়ুর পার্থক্য তুলনামূলক কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যক্তিগত অর্থনৈতিক সক্ষমতার ভূমিকা বেশি হওয়ায় ধনী ও দরিদ্রের পার্থক্য স্বাস্থ্য ফলাফলেও প্রভাব ফেলছে। গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মানুষের আয়ু বাড়াতে শুধু ব্যক্তিগত সম্পদ অর্জনের ওপর নির্ভর করলে হবে না। এর জন্য প্রয়োজন বৃহত্তর সামাজিক ও নীতিগত পরিবর্তন, যাতে স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার সুযোগ আরও কার্যকরভাবে সবার কাছে পৌঁছানো যায়। গবেষকদের মতে, সম্পদ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে, তবে দীর্ঘায়ুর ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং সামগ্রিক জীবনযাত্রার পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমুদ্রের পাশে বাড়ি কেনার স্বপ্ন দেখা ক্রেতাদের জন্য যুক্তরাষ্ট্রের ১০টি সম্ভাবনাময় উপকূলীয় শহরের তালিকা প্রকাশ করেছেন আবাসন খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, এসব শহরে বর্তমানে তুলনামূলক কম দামে সম্পত্তি কেনার সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে এসব এলাকার চাহিদা বাড়তে পারে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, কোনো উপকূলীয় এলাকার ভবিষ্যৎ সম্ভাবনা বোঝার ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, অবকাঠামো বৃদ্ধি এবং জীবনযাত্রার সুবিধার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলীয় এলাকার মধ্যে ১০টি শহর বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ, ফ্লোরিডার ভেরো বিচ, দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচ, মিসিসিপির প্যাসকাগোলা, আলাবামার গালফ শোরস, ফ্লোরিডার ভিলানো বিচ, নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ, নিউ জার্সির আটলান্টিক সিটি, রোড আইল্যান্ডের পোর্টসমাউথ এবং ফ্লোরিডার জ্যাকসনভিল বিচ। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ শহরটি তালিকার প্রথম দিকের একটি জায়গা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ব্যয়বহুল উপকূলীয় এলাকার তুলনায় এখানে কিছুটা সাশ্রয়ী দামে বাড়ি কেনার সুযোগ রয়েছে। শহরটিতে সমুদ্রসৈকত, বাইরের বিনোদন, প্রাণবন্ত শহরকেন্দ্র এবং শক্তিশালী কমিউনিটি রয়েছে। সিলিকন ভ্যালি ও বে এরিয়ার কাছাকাছি হওয়ায় শহরটির চাহিদা ধরে থাকার সম্ভাবনা রয়েছে। ফ্লোরিডার ভেরো বিচকে রাজ্যের অন্যতম সম্ভাবনাময় উপকূলীয় শহর হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পাম বিচের মতো ব্যয়বহুল এলাকার ক্রেতারা এখন ভেরো বিচের দিকে আগ্রহ দেখাচ্ছেন। এখানে ব্যক্তিগত সৈকত সুবিধা, গলফ এবং সমুদ্রঘেঁষা জীবনযাপনের সুযোগ তুলনামূলক কম খরচে পাওয়া যায়। শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার ডলার। দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচও তালিকায় রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়ন, পর্যটন এবং পারিবারিক বসবাসের উপযোগী পরিবেশের কারণে শহরটির প্রতি আগ্রহ বাড়ছে। এখানকার গড় বাড়ির মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার ডলার। মিসিসিপির প্যাসকাগোলাকে উপকূলীয় এলাকার একটি কম পরিচিত বাজার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখানে এখনো তুলনামূলক কম দামে বাড়ি কেনার সুযোগ রয়েছে। শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার ডলার। তবে ঘূর্ণিঝড়ের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলাবামার গালফ শোরস শহর পর্যটন, সমুদ্রসৈকত, নৌযান সুবিধা এবং বাড়তে থাকা অবকাঠামোর কারণে তালিকায় জায়গা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় জীবনযাপন এবং বাড়তে থাকা জনসংখ্যার কারণে শহরটির ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। এখানকার গড় বাড়ির মূল্য প্রায় ৪ লাখ ৫৫ হাজার ডলার। ফ্লোরিডার ভিলানো বিচকে দ্রুত উন্নয়নশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন কম পরিচিত থাকা এই এলাকায় এখন বড় ধরনের উন্নয়ন হচ্ছে। ভিলানো বিচে বাড়ির মধ্যম বিক্রয়মূল্য প্রায় ৭ লাখ ৫৫ হাজার ৫৪৮ ডলার। নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ ঐতিহাসিক পরিবেশ, সমুদ্রঘেঁষা অবস্থান, হাঁটার উপযোগী শহর এবং শক্তিশালী কমিউনিটির কারণে তালিকায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিউ ইংল্যান্ডের পরিচিত ও ব্যয়বহুল উপকূলীয় এলাকার তুলনায় এখানে তুলনামূলক ভালো সুযোগ পাওয়া যায়। শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ৮ লাখ ডলার। নিউ জার্সির আটলান্টিক সিটি সমুদ্রসৈকত, বিনোদন ব্যবস্থা, যোগাযোগ সুবিধা এবং নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার কাছাকাছি অবস্থানের কারণে সম্ভাবনাময় হিসেবে উঠে এসেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার ডলার। রোড আইল্যান্ডের পোর্টসমাউথ নিউপোর্টের কাছাকাছি অবস্থিত একটি উপকূলীয় এলাকা। বিশেষজ্ঞদের মতে, এখানে সমুদ্রসৈকত, নৌযান সুবিধা এবং উপকূলীয় পরিবেশ পাওয়া যায়। শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ৭ লাখ ডলার, যা নিউপোর্টের তুলনায় কম। ফ্লোরিডার জ্যাকসনভিল বিচও তালিকায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে শহরটিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এখনো কিছু এলাকায় ৮ লাখ ডলারের নিচে সংস্কার করা ভালো বাড়ি পাওয়া যেতে পারে। শহরটির গড় বাড়ির মূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার ডলার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাড়ি কেনার আগে সম্পত্তির দাম, এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ছাড়ার দুই বছর পূর্তির প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে আবারও রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি সাউথ এশিয়া) আয়োজনে “Sheikh Hasina’s Homecoming” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে আয়োজকদের প্রকাশিত কর্মসূচিতে জানানো হয়েছে। আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি বক্তব্য রাখবেন তাঁর ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া আলোচক হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার পরিচালক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার। পোস্টার অনুযায়ী, অনুষ্ঠানটি ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক সংকটের মধ্যে ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে দিল্লির অনুষ্ঠানের শিরোনামে “হোমকামিং” বা “স্বদেশে প্রত্যাবর্তন” শব্দটি ব্যবহার করা হলেও, এর অর্থ শেখ হাসিনার তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ফিরে আসা নয়। এখন পর্যন্ত তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনো সরকারি সময়সূচি বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। এদিকে শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনাও শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে এ বিষয়ে তাদের অবস্থান জানতে চেয়েছে। একই সঙ্গে দেশের গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ না করার নির্দেশনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত সরকার স্পষ্ট করেছে, নয়াদিল্লির এই অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং অনুষ্ঠানে প্রকাশিত কোনো মতামত বা বক্তব্যকেও তারা সরকারি অবস্থান হিসেবে সমর্থন করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশত্যাগের পর এটিই শেখ হাসিনার সবচেয়ে আলোচিত প্রকাশ্য ভার্চুয়াল উপস্থিতিগুলোর একটি। বিশেষ করে সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসানসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের অংশগ্রহণের ঘোষণায় অনুষ্ঠানটি নতুন করে রাজনৈতিক ও জনমনে আগ্রহ তৈরি করেছে। তবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা জোরালো হলেও, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে শুধু তাঁর ৫ আগস্টের ভার্চুয়াল বক্তব্য; বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো ঘোষিত পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
ব্রিটিশ উদ্যোক্তা জেমস ড্যাকোম্ব মাত্র ১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন। নয় বছর পর তার প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ওলিক্সের মূল্যায়ন পৌঁছেছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারে। লন্ডনভিত্তিক ওলিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর ও প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করে। সম্প্রতি নতুন বিনিয়োগ সংগ্রহের পর প্রতিষ্ঠানটির মূল্য আগের তুলনায় তিন গুণ বেড়েছে। এআই চিপের বাজারে বর্তমানে এনভিডিয়ার আধিপত্য থাকলেও, সেই বাজারে বিকল্প তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে ওলিক্স। মাত্র ২৫ বছর বয়সী জেমস ড্যাকোম্ব দুই বছর আগে ওলিক্স প্রতিষ্ঠা করেন। এর আগে ১৭ বছর বয়সে তিনি কো-মাইন্ড নামে আরেকটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন। কলেজ ছাড়ার পর পিটার থিয়েলের দাতব্য ফেলোশিপের সহায়তায় তিনি ওই উদ্যোগ শুরু করেন। পিটার থিয়েল ফেলোশিপ একটি প্রতিযোগিতামূলক অনুদান কর্মসূচি, যেখানে নির্বাচিত ব্যক্তিদের দুই বছরের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়, যাতে তারা প্রচলিত উচ্চশিক্ষার পরিবর্তে নিজেদের প্রকল্প বা ব্যবসা নিয়ে কাজ করতে পারেন। প্রযুক্তি খাতের আরও কয়েকজন পরিচিত উদ্যোক্তাও এই ফেলোশিপের সঙ্গে যুক্ত ছিলেন। জেমস ড্যাকোম্বের আগের প্রতিষ্ঠান কো-মাইন্ড বর্তমানে মস্তিষ্কের কার্যক্রম পরিমাপের মাধ্যমে রোগী পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রযুক্তি নিয়ে কাজ করছে। পাশাপাশি তিনি ব্লেচলি ইন্ডাস্ট্রিজ নামে একটি হোল্ডিং প্রতিষ্ঠানও পরিচালনা করছেন, যার মাধ্যমে ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বা নতুন প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি ওলিক্স ৩১২ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। এই বিনিয়োগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম এবং নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংসসহ কয়েকজন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটির মূল্য ছিল প্রায় ১ বিলিয়ন ডলার, যা ছয় মাসের মধ্যে বেড়ে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে ওলিক্সে ১৪০ জনের বেশি কর্মী কাজ করছেন। লন্ডন, ব্রিস্টল ও যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে। জেমস ড্যাকোম্ব জানিয়েছেন, ওলিক্সের বিশেষায়িত চিপ প্রযুক্তি বড় আকারের এআই মডেল দ্রুত ও কম খরচে পরিচালনায় সহায়তা করতে পারে। ওলিক্সের তৈরি চিপগুলো এনভিডিয়ার প্রচলিত চিপের তুলনায় ভিন্ন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কাজের জন্য উপযোগী চিপ তৈরি করে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। আগামী বছর গ্রাহকদের কাছে প্রথম তৈরি চিপ সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এআই খাতে বর্তমানে এনভিডিয়া সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। তবে ওলিক্সের মতো নতুন প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে এই খাতে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। যুক্তরাজ্য সরকারের সার্বভৌম এআই তহবিলও ওলিক্সে বিনিয়োগ করেছে। দেশটির এআই মন্ত্রী কানিশকা নারায়ণ বলেন, ভবিষ্যতের এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপ তৈরিতে ওলিক্সের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওলিক্স কর্মীদের জন্য কিছু ভিন্ন ধরনের নীতিও চালু করেছে। প্রতিষ্ঠানটি কর্মীরা নিজেদের উপযুক্ত মনে না করলে চাকরি ছাড়ার জন্য ১৮ সপ্তাহের বেতন দেওয়ার ব্যবস্থা রেখেছে। এছাড়া যারা কর্মস্থলের ২০ মিনিটের মধ্যে বসবাস করেন, তাদের অতিরিক্ত মাসিক বেতন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংগঠনের পূর্বের সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে শিহাব রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা আহত শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগের ভিত্তিতে জাকিরকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংঘর্ষের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে তাদের দেশের নাম পরিবর্তন করেছে। দেশটির নতুন নাম রাখা হয়েছে রিপাবলিক অব নাওয়েরো। স্থানীয় জাতীয় ভাষার বানান ও উচ্চারণ অক্ষুণ্ন রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। সরকার জানিয়েছে, এই পরিবর্তনের ফলে দেশটির আন্তর্জাতিক কোড এনআরইউ-এর পরিবর্তে এনআরও ব্যবহার করা হবে। পাশাপাশি, দেশটির নাগরিকরা নাউরুয়ান নয়, এখন থেকে দে-নাওয়েরো নামে পরিচিত হবেন। আন্তর্জাতিকভাবে প্রচলিত উচ্চারণের পরিবর্তে স্থানীয় ভাষার সঠিক উচ্চারণ অনুযায়ী নতুন নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং চলতি বছরের জানুয়ারিতে পার্লামেন্টে এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, এই পরিবর্তনের উদ্দেশ্য দেশের ঐতিহ্য, ভাষা এবং জাতীয় পরিচয়কে যথাযথ সম্মান জানানো। পরে সংবিধান সংশোধনের প্রস্তাবটি প্রয়োজনীয় দুই দফা ভোটে অনুমোদন পায়। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অতীতে বিদেশিদের উচ্চারণের সুবিধার জন্য দেশটির স্থানীয় নাম সংক্ষিপ্ত করে নাউরু ব্যবহার করা হয়েছিল। তবে নাওয়েরো নামটি কখনো হারিয়ে যায়নি। এটি জাতীয় প্রতীক এবং স্থানীয় জনগণের দৈনন্দিন ব্যবহারে দীর্ঘদিন ধরেই রয়েছে। তাই এ পরিবর্তনের জন্য আলাদা গণভোটের প্রয়োজন নেই বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র ১২ হাজার জনসংখ্যার এই দেশটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। জার্মান উপনিবেশ এবং পরে অস্ট্রেলিয়ার প্রশাসনের অধীনে থাকার পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে নাউরু। সরকার জানিয়েছে, নতুন নাম গ্রহণের ফলে জাতীয় বিমান, নৌযান এবং বিভিন্ন আন্তর্জাতিক নথিতে ধাপে ধাপে নাওয়েরো নাম ব্যবহার করা হবে। ইতোমধ্যে জাতিসংঘসহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নথিতে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক নারী প্রতারকদের ফাঁদে পড়ে ৪ লাখ ৩৩ হাজার ডলার হারিয়েছেন। একই সঙ্গে তিনি ৩০ হাজার ডলারের ঋণের বোঝাও কাঁধে নিয়েছেন। পরিচয় চোরদের হাত থেকে নিজের অর্থ সুরক্ষিত করছেন, এমন বিশ্বাসেই তিনি প্রতারকদের নির্দেশনা অনুসরণ করেছিলেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সবকিছুর শুরু হয় একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে, যা তার আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বলে মনে হয়েছিল। এরপর তার কম্পিউটার নিয়ন্ত্রণে নিয়ে এক ব্যক্তি নিজেকে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন। পরবর্তী তিন মাস ধরে প্রতারকরা নিজেদের কখনো সরকারি কর্মকর্তা, কখনো বেটার বিজনেস ব্যুরোর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। তারা ভুয়া নথিপত্র দেখায়, একটি ভুয়া ব্যাংক হিসাব তৈরি করে এবং তার অর্থ নিরাপদ রাখতে বিভিন্ন পদক্ষেপ নিতে বলেন। প্রতারকদের কথামতো তিনি ১ লাখ ৩১ হাজার ডলার মূল্যের স্বর্ণের মুদ্রা কিনে একটি খামে ভরে এক কুরিয়ারের হাতে তুলে দেন। পরে তাকে বড় অঙ্কের নগদ অর্থ উত্তোলন, শত শত উপহার কার্ড কেনা এবং ডিজিটাল মুদ্রা কেনার জন্যও প্ররোচিত করা হয়। এসব অর্থ শেষ পর্যন্ত প্রতারকদের কাছেই চলে যায়। ভুক্তভোগী জানান, প্রতারকরা তাকে একটি গোপনীয়তা চুক্তিতে সই করিয়েছিল। ফলে তিনি সন্তান, বন্ধু কিংবা পুলিশ—কারও কাছে বিষয়টি জানাতে পারেননি। প্রতারকরা তাকে আরও জানায়, তার ফোন ও কম্পিউটার নজরদারিতে রয়েছে। পাশাপাশি তাকে অস্ত্র পাচার ও অর্থপাচারের একটি মামলার সন্দেহভাজন বলেও দাবি করা হয়। ভুক্তভোগী জানান, প্রতারকরা শেষবার যোগাযোগ করবে—এমন অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সেই ফোন আর আসেনি। পরে তিনি নিজেই ফোন করলে নম্বরটি বিচ্ছিন্ন পাওয়া যায়। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। উইসকনসিনে বেটার বিজনেস ব্যুরো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে স্বর্ণ কেনার নামে প্রতারণার শিকার হওয়া তিনজনের মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার। সংস্থাটি সতর্ক করে বলেছে, কেউ যদি স্বর্ণ কিনতে, অর্থ স্থানান্তর করতে বা কোনো কুরিয়ারের হাতে মূল্যবান জিনিস তুলে দিতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা উচিত। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত করছে। ভুক্তভোগী তার ক্ষতি কাটিয়ে উঠতে একটি অনলাইন সহায়তা তহবিলও খুলেছেন। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রতারণায় হারানো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
নিউইয়র্ক শহরে ই-বাইকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নিচ্ছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এ লক্ষ্যে প্রায় এক ডজন আইনগত উদ্যোগ নিয়ে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে আগামী মাসে একটি তদারকি শুনানির আয়োজন এবং শহরে ই-বাইক ব্যবস্থাপনা, নজরদারি ও আইন প্রয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা করা হবে। সিটি কাউন্সিল জানিয়েছে, বর্তমানে ই-বাইক নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ হচ্ছে না। তাই বিদ্যমান আইন কার্যকর করার পাশাপাশি জননিরাপত্তা বাড়াতে নতুন আইন প্রয়োজন কি না, সেটিও পর্যালোচনা করা হবে। এ বিষয়ে পথচারী, সাইকেল আরোহী, খাবার সরবরাহকর্মী, পরিবহন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংগঠন এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। এ বছরের শুরু থেকেই ই-বাইক নিয়ন্ত্রণে একাধিক বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে খাবার সরবরাহকারী তৃতীয় পক্ষের অ্যাপগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর শহর প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগের সুযোগ আরও বাড়বে। আরেকটি প্রস্তাবে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের চালকদের বিস্তারিত তথ্য সংরক্ষণ এবং শহরজুড়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণের বাধ্যবাধকতা আরোপের কথা বলা হয়েছে। এর ফলে দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করছেন আইনপ্রণেতারা। সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ নেতা শন আব্রেউ বলেন, প্রত্যেক নিউইয়র্কবাসীর নিরাপদে রাস্তা পার হওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে প্রতিটি চালকের নিরাপদ যান ব্যবহারের নিশ্চয়তা এবং খাবার সরবরাহকর্মীদেরও ঝুঁকিপূর্ণভাবে চলাচল না করেই জীবিকা নির্বাহের সুযোগ থাকা উচিত। তার মতে, নতুন আইনগত উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত গতির জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা, অবৈধ দ্রুতগতির ই-বাইক সরিয়ে দেওয়া এবং বৈধ ই-বাইককে আরও নিরাপদ করা সম্ভব হবে। আইনপ্রণেতারা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে আরও কয়েকটি বিল উত্থাপন করা হবে। এসব প্রস্তাবে ধীরগতির ই-বাইকের জন্য অবকাঠামোগত উন্নয়ন, বীমা বাধ্যতামূলক করা এবং আইন প্রয়োগ আরও জোরদারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২১–২০২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ নিজেদের শুধু বাংলাদেশি হিসেবে পরিচয় দেন। আর ২০২৩ সালের মার্কিন আদমশুমারির হিসাব অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত মোট জনসংখ্যা প্রায় ৩ লাখে পৌঁছেছে। সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস নিউইয়র্ক অঙ্গরাজ্যে। একাই দেশটির মোট বাংলাদেশি-একক জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ বা প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষের আবাস নিউইয়র্কে। এর বাইরে উল্লেখযোগ্য বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউ জার্সিতে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য ও বিভিন্ন জনসংখ্যাগত অনুমানের ভিত্তিতে বাংলাদেশিদের উপস্থিতির দিক থেকে শীর্ষ ১০ অঙ্গরাজ্য ও অঞ্চল হলো: ১. নিউইয়র্ক — প্রায় ১,১৫,০০০ ২. মিশিগান — প্রায় ২০,০০০ ৩. ক্যালিফোর্নিয়া — প্রায় ১৮,০০০ ৪. টেক্সাস — প্রায় ১৭,০০০ ৫. নিউ জার্সি — প্রায় ১২,০০০ ৬. জর্জিয়া — আনুমানিক ১৫,০০০ (বিভিন্ন কমিউনিটি অনুমান) ৭. ফ্লোরিডা — আনুমানিক ৮,০০০–১০,০০০ ৮. পেনসিলভানিয়া — আনুমানিক ৭,০০০–৮,০০০ ৯. নর্থ ক্যারোলাইনা — আনুমানিক ৫,০০০–৭,০০০ ১০. ম্যাসাচুসেটস — কয়েক হাজার বাংলাদেশির বসবাস, কমিউনিটি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকা প্রায় ১৫ হাজার বাংলাদেশির আবাস হলেও এটি কোনো একক অঙ্গরাজ্য নয়। এই সংখ্যা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডিসি—এই তিনটি প্রশাসনিক এলাকার সম্মিলিত হিসাব। তাই অঙ্গরাজ্যভিত্তিক তালিকায় এটিকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয় না। গবেষণায় আরও দেখা গেছে, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-একক জনসংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। ২০২৩ সালে তা বেড়ে প্রায় ২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে, যা প্রায় ৫৬৯ শতাংশ প্রবৃদ্ধি। বর্তমানে বাংলাদেশিদের ৭১ শতাংশই অভিবাসী এবং তাদের মধ্যে ৫৫ শতাংশের বেশি ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্নাতক মিফতাহুল জান্নাত একই সঙ্গে বিশ্বের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয়—হার্ভার্ড, কেমব্রিজ ও অক্সফোর্ড, থেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত পূর্ণ স্কলারশিপ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিফতাহুল জানান, কেবল একাডেমিক ফল নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যই তার আবেদনকে আরও শক্তিশালী করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বস্তি এলাকার শিশুদের শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন উদ্যোগে কাজ করেছেন। পাশাপাশি ফ্রান্সে শিক্ষাবিনিময় কর্মসূচি এবং হংকংয়ে ইন্টার্নশিপের অভিজ্ঞতা তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করেছে। তার ভাষ্য অনুযায়ী, হার্ভার্ডের শিক্ষাবিষয়ক স্নাতকোত্তর কর্মসূচি তার দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তিনি এই বিশ্ববিদ্যালয়কেই বেছে নিয়েছেন। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য মিফতাহুলের পরামর্শ, আবেদন করার আগে প্রতিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এবং নিজের জীবন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্যকে কেন্দ্র করে আলাদা আলাদা স্টেটমেন্ট অব পারপাস তৈরি করা। তার মতে, বাস্তব সামাজিক কাজের অভিজ্ঞতা, সুস্পষ্ট লক্ষ্য এবং শিক্ষকদের শক্তিশালী সুপারিশপত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হার্ভার্ডে পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন মিফতাহুল। তিনি চান, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, রোহিঙ্গা শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে, যেখানে সামাজিক বা অর্থনৈতিক অবস্থানের কারণে কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। চট্টগ্রামভিত্তিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা এবং নারী নেতৃত্ব বিকাশে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টির বহু শিক্ষার্থী ইতোমধ্যে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া ২৫ জনের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে ফেডারেল সরকার। তাদের মধ্যে নিউ জার্সির এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি অতীতে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেড হওয়ার তথ্য গোপন রেখে প্রতারণার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব ও পাসপোর্ট অর্জন করেছেন। বিষয়টি সামনে আসার পর অভিবাসী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ডোমিনিকান রিপাবলিকের নাগরিক। ২০১৩ সালে মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি ভিন্ন পরিচয় ব্যবহার করে আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং আগের বহিষ্কারের তথ্য গোপন রেখে নাগরিকত্ব ও মার্কিন পাসপোর্ট সংগ্রহ করেন বলে অভিযোগ করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা তার বিরুদ্ধে অবৈধভাবে নাগরিকত্ব অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার মার্কিন নাগরিকত্ব বাতিল হওয়ার পাশাপাশি কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। একই সময়ে মার্কিন বিচার বিভাগ আরও জানায়, বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ২৫ জনের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে অভিবাসন জালিয়াতি, নাগরিকত্ব আবেদনের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা, শিশু যৌন নির্যাতন, মাদক পাচার, স্বাস্থ্যসেবা জালিয়াতি ও অন্যান্য গুরুতর অপরাধ। মার্কিন আইনে, কেউ যদি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব অর্জন করেন, তাহলে আদালতের মাধ্যমে সেই নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। তবে প্রতিটি মামলায় সরকারের অভিযোগ আদালতে প্রমাণ করতে হয় এবং আদালতের চূড়ান্ত আদেশ ছাড়া কারও নাগরিকত্ব বাতিল করা যায় না। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ডিন্যাচারালাইজেশন কার্যক্রমগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। তবে নাগরিক অধিকারকর্মীদের একটি অংশের আশঙ্কা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অভিবাসন নীতি নিয়ে আরও বিস্তৃত বিতর্কের জন্ম দিতে পারে।
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগে সুপ্রিম কোর্টে পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কী কী আইনি ও রাজনৈতিক পথ খোলা রয়েছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদালতের রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল হলেও প্রশাসনের হাতে এখনও কিছু সীমিত বিকল্প রয়েছে। গত ৩০ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের সেই নির্বাহী আদেশ বাতিল করে, যেখানে অবৈধভাবে বা অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা অভিভাবকদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার প্রস্তাব ছিল। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে বলেন, সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুই নাগরিকত্ব পাওয়ার অধিকারী। রায়ের পর ট্রাম্প শুরুতে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করার ঘোষণা দিলেও নির্ধারিত সময়সীমার মধ্যে তার প্রশাসন কোনো আবেদন জমা দেয়নি। ফলে আদালতের রায় কার্যকরভাবে বহাল থাকে। বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন গ্রহণের নজির অত্যন্ত বিরল। তবে আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের সামনে এখনও কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেসের মাধ্যমে নতুন আইন প্রণয়নের চেষ্টা, ভবিষ্যতে ভিন্ন আইনি যুক্তিতে নতুন মামলা করা অথবা সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া। তবে সংবিধানের ১৪তম সংশোধনী পরিবর্তন করতে হলে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন এবং অঙ্গরাজ্যগুলোর তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন, যা বাস্তবে অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে ১৮৬৮ সাল থেকে কার্যকর রয়েছে। ১৮৯৮ সালে ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্টও এই নীতিকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে। সাম্প্রতিক রায়ে আদালত সেই দীর্ঘদিনের সাংবিধানিক ব্যাখ্যাই পুনর্ব্যক্ত করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে আরও দক্ষ করে তুলতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লাখ লাখ বই কিনে সেগুলো স্ক্যান করার পর ধ্বংস করছে, এমন অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরোনো ও বিরল বই সংগ্রহ করে সেগুলোর মলাট কেটে দ্রুতগতির যন্ত্রে স্ক্যান করার পর মূল কপিগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ঠিকাদারদের মাধ্যমে বিপুল পরিমাণ বই সংগ্রহ করছে। বিশেষ করে ২০২২ সালের আগে প্রকাশিত বইগুলোর চাহিদা বেশি, কারণ এসব বইয়ে এআই-সৃষ্ট লেখা থাকার সম্ভাবনা নেই। ফলে মানবসৃষ্ট উচ্চমানের লেখার মাধ্যমে নতুন এআই মডেল প্রশিক্ষণ দেওয়া সহজ হয় এবং তথাকথিত ‘মডেল কলাপস’ বা নিম্নমানের এআই-নির্ভর কনটেন্টে প্রশিক্ষিত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ‘প্রজেক্ট পানামা’ নামে একটি গোপন প্রকল্পে লাখো বই কিনে তাদের মলাট কেটে স্ক্যান করে ‘ক্লড’ চ্যাটবটের প্রশিক্ষণে ব্যবহার করেছিল। আদালতে উপস্থাপিত নথিতে প্রকল্পটির লক্ষ্য ছিল বিশ্বের বিপুলসংখ্যক বই ধ্বংসাত্মক পদ্ধতিতে স্ক্যান করে ডিজিটাল ডেটায় রূপান্তর করা। এই প্রকল্পকে ঘিরে লেখকদের করা কপিরাইট মামলায় যুক্তরাষ্ট্রের বিচারক উইলিয়াম আলসাপ রায় দেন, বৈধভাবে কেনা বই স্ক্যান করে ডিজিটাল কপি তৈরি এবং সেই কপি দিয়ে এআই প্রশিক্ষণ দেওয়া ‘ফেয়ার ইউজ’-এর আওতায় পড়তে পারে, যদি সেগুলো প্রকাশ বা বাণিজ্যিকভাবে বিতরণ না করা হয়। তবে একই মামলায় অ্যানথ্রপিকের কাছে সংরক্ষিত লাখো পাইরেটেড বই কপিরাইট লঙ্ঘনের শামিল বলে আদালত মন্তব্য করে। পরে প্রতিষ্ঠানটি লেখক ও প্রকাশকদের সঙ্গে ১৫০ কোটি ডলারে সমঝোতায় পৌঁছায়। বই ধ্বংসের এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ব্র্যাড কারসন বলেছেন, বর্তমান আইনি কাঠামো বই সংরক্ষণের পরিবর্তে ধ্বংসকে উৎসাহিত করছে। স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও জানিয়েছেন, বিরল বই থাকলে সেগুলো ধ্বংস না করে বিকল্প উপায়ে স্ক্যান ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি। ফ্যাক্টরি এআইয়ের প্রধান নির্বাহী মাতান গ্রিনবার্গের মতে, যান্ত্রিকভাবে বই ধ্বংসের মধ্যে মানবসভ্যতাবিরোধী একটি দিক রয়েছে এবং ইতিহাস কখনোই বই ধ্বংসকারীদের ইতিবাচকভাবে মূল্যায়ন করেনি। অন্যদিকে লেখকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ফেয়ারলি ট্রেইনড’-এর প্রতিষ্ঠাতা এড নিউটন-রেক্স প্রশ্ন তুলেছেন, মাত্র কয়েক ডলারে একটি ব্যবহৃত বই কিনে সেটি দিয়ে বাণিজ্যিক এআই মডেল প্রশিক্ষণ দেওয়া কতটা নৈতিক, যদি সেই মডেল পরবর্তীতে লেখকের সঙ্গেই প্রতিযোগিতা করে। এদিকে বিতর্কের পর আইএসবিএনডিবি এক বিবৃতিতে জানিয়েছে, তারা কখনো এআই প্রশিক্ষণের জন্য বই কেনা, স্ক্যান বা বিক্রির সেবা চালু করেনি। প্রতিষ্ঠানটির দাবি, ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট পৃষ্ঠাটি ছিল কেবল বাজারের আগ্রহ যাচাইয়ের একটি পরীক্ষামূলক উদ্যোগ। সেটি কখনো বাস্তবে চালু করা হয়নি এবং ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমজীবন নিয়ে বহু বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত রসিকতা প্রচলিত ছিল—তিনি নাকি কখনোই ২৫ বছরের বেশি বয়সী কোনো নারীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্কে জড়ান না। দীর্ঘদিনের সেই আলোচিত ‘ইন্টারনেট মিম’ এবার ভেঙে গেল তাঁর বর্তমান প্রেমিকা ইতালীয় সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তিকে ঘিরে। বর্তমানে ৫১ বছর বয়সী ডিক্যাপ্রিওর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তির বয়স ২৭। ফলে প্রকাশ্যে পরিচিত ডিক্যাপ্রিওর সঙ্গীদের মধ্যে তিনিই প্রথম, যিনি ২৫ বছরের সীমা অতিক্রম করেও অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন। দুজনের বয়সের ব্যবধান প্রায় ২৪ বছর হলেও তাঁদের সম্পর্ক অব্যাহত রয়েছে। ভিত্তোরিয়া চেরেত্তি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ। তিনি ভোগ, ডব্লিউ ম্যাগাজিন ও আই-ডিসহ একাধিক শীর্ষস্থানীয় ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেয়েছেন। পাশাপাশি ভার্সাচে, ডিওর, লুই ভিতোঁ, প্রাডাসহ বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডিক্যাপ্রিও ও চেরেত্তির সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। এরপর থেকে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা দিলেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন। ২০২৬ সালের অস্কার অনুষ্ঠানেও চেরেত্তিকে ডিক্যাপ্রিওর পাশে দেখা যায়। অনুষ্ঠানের উপস্থাপক কনান ও’ব্রায়েন মঞ্চে ডিক্যাপ্রিওকে ঘিরে বহুদিনের সেই ‘২৫ বছরের মিম’ নিয়েও রসিকতা করেন। ডিক্যাপ্রিওর অতীত সম্পর্কগুলো নিয়েও দীর্ঘদিন ধরে জনমনে আলোচনা ছিল। বিশেষ করে তাঁর একাধিক সম্পর্ক ২৫ বছর বয়সের কাছাকাছি সময়ে শেষ হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বহুল আলোচিত মিমে পরিণত হয়েছিল। তবে বর্তমান সম্পর্ক সেই ধারণার ব্যতিক্রম হিসেবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদের বরাত দিয়ে বলা হয়, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের সময় লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় আরও দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ায় তিনজনে। পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের কারণ কিংবা হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।