হেগসেথকে সরানোর পক্ষে জেফরিস, ট্রাম্পের ঘনিষ্ঠদেরও তদন্ত করবে ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগে সমর্থন জানিয়েছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। আলজাজিরার ৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ পরিচালনা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রতি জেফরিস প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
রোববার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাসের সঙ্গে সাক্ষাৎকারে জেফরিস বলেন, হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের পক্ষে তিনি দৃঢ়ভাবে অবস্থান করছেন। তাঁর ভাষায়, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং ইরানে একটি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, পিট হেগসেথের প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকা উচিত নয়।
হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উদ্যোগ নিয়েছেন কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি। তাঁর অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে ৯০ দিনের বেশি সামরিক সংঘাতে যুক্ত থেকে হেগসেথ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের বিধান লঙ্ঘন করেছেন। সরকারি ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব উপেক্ষা করার অভিযোগও তুলেছেন তিনি। গত সেপ্টেম্বরে ম্যাসি এ বিষয়ে প্রতিনিধি পরিষদে ভোট আয়োজনের উদ্যোগের কথা জানান।
হেগসেথ অবশ্য অভিশংসনের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। এক ভিডিও বার্তায় তিনি এটিকে ব্যক্তিগতভাবে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্তের প্রস্তুতি
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে ২০২৭ সালের জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে। নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হবে ৩ জানুয়ারি। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেফরিস।
জেফরিস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের মধ্যেই জীবনযাত্রার ব্যয় কমানো এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় হবে ডেমোক্র্যাটরা। তাঁর ভাষায়, কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রশাসনসহ যেখানেই অনিয়ম পাওয়া যাবে, তা খতিয়ে দেখা হবে।
এদিকে প্রতিনিধি পরিষদের শক্তিশালী তদন্ত কমিটি হাউস ওভারসাইট কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য প্রার্থী হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি, হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের ভূমিকা এবং ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডিওজিইর কার্যক্রম তদন্তের আগ্রহ প্রকাশ করেছেন।
গার্সিয়ার অভিযোগ, অভিবাসননীতির কারণে পরিবার বিচ্ছিন্ন হওয়া এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার মতো বিষয়গুলো তদন্তের দাবি রাখে। একই সঙ্গে ডিওজিইর কার্যক্রমে ফেডারেল কর্মীদের চাকরি হারানো এবং সরকারি ব্যবস্থায় সংরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
পাল্টা অবস্থানে ট্রাম্প প্রশাসন
ডেমোক্র্যাটদের তদন্তের পরিকল্পনার জবাবে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, ডেমোক্র্যাটরা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত বা অভিশংসনের উদ্যোগ নিলে সরকারও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।
এর আগে ৭ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বিচার বিভাগকে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। তাঁর অভিযোগ, ডেমোক্র্যাটরা অভিশংসনসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিয়ে প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখাচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।
তবে ডেমোক্র্যাট শিবিরের মধ্যেও অভিশংসন ও তদন্তের অগ্রাধিকার নিয়ে কিছু মতভেদ রয়েছে। কানসাস থেকে নবনির্বাচিত সিনেটর অ্যাডাম হ্যামিল্টন বলেছেন, অভিশংসনের চেয়ে সরকারের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। সিনেটর বার্নি স্যান্ডার্সও বলেছেন, শুধু ট্রাম্প প্রশাসনের তদন্তে সময় ব্যয় না করে শ্রমজীবী পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে কোনো সরকারি কর্মকর্তাকে অভিশংসন করা যায়। তবে তাঁকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে সিনেটে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হলেও চূড়ান্ত অপসারণের জন্য সিনেটে বড় ধরনের সমর্থন প্রয়োজন হবে।
নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়ে এখন ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনা চলছে।
সংবাদসূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, টমাস ম্যাসির কার্যালয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগে সমর্থন জানিয়েছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। আলজাজিরার ৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ পরিচালনা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রতি জেফরিস প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। রোববার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাসের সঙ্গে সাক্ষাৎকারে জেফরিস বলেন, হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের পক্ষে তিনি দৃঢ়ভাবে অবস্থান করছেন। তাঁর ভাষায়, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং ইরানে একটি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, পিট হেগসেথের প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকা উচিত নয়। হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উদ্যোগ নিয়েছেন কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি। তাঁর অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে ৯০ দিনের বেশি সামরিক সংঘাতে যুক্ত থেকে হেগসেথ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের বিধান লঙ্ঘন করেছেন। সরকারি ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব উপেক্ষা করার অভিযোগও তুলেছেন তিনি। গত সেপ্টেম্বরে ম্যাসি এ বিষয়ে প্রতিনিধি পরিষদে ভোট আয়োজনের উদ্যোগের কথা জানান। হেগসেথ অবশ্য অভিশংসনের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। এক ভিডিও বার্তায় তিনি এটিকে ব্যক্তিগতভাবে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার প্রচেষ্টা বলে উল্লেখ করেন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্তের প্রস্তুতি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে ২০২৭ সালের জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে। নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হবে ৩ জানুয়ারি। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেফরিস। জেফরিস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের মধ্যেই জীবনযাত্রার ব্যয় কমানো এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় হবে ডেমোক্র্যাটরা। তাঁর ভাষায়, কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রশাসনসহ যেখানেই অনিয়ম পাওয়া যাবে, তা খতিয়ে দেখা হবে। এদিকে প্রতিনিধি পরিষদের শক্তিশালী তদন্ত কমিটি হাউস ওভারসাইট কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য প্রার্থী হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি, হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের ভূমিকা এবং ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডিওজিইর কার্যক্রম তদন্তের আগ্রহ প্রকাশ করেছেন। গার্সিয়ার অভিযোগ, অভিবাসননীতির কারণে পরিবার বিচ্ছিন্ন হওয়া এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার মতো বিষয়গুলো তদন্তের দাবি রাখে। একই সঙ্গে ডিওজিইর কার্যক্রমে ফেডারেল কর্মীদের চাকরি হারানো এবং সরকারি ব্যবস্থায় সংরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা অবস্থানে ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাটদের তদন্তের পরিকল্পনার জবাবে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, ডেমোক্র্যাটরা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত বা অভিশংসনের উদ্যোগ নিলে সরকারও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। এর আগে ৭ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বিচার বিভাগকে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। তাঁর অভিযোগ, ডেমোক্র্যাটরা অভিশংসনসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিয়ে প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখাচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প। তবে ডেমোক্র্যাট শিবিরের মধ্যেও অভিশংসন ও তদন্তের অগ্রাধিকার নিয়ে কিছু মতভেদ রয়েছে। কানসাস থেকে নবনির্বাচিত সিনেটর অ্যাডাম হ্যামিল্টন বলেছেন, অভিশংসনের চেয়ে সরকারের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। সিনেটর বার্নি স্যান্ডার্সও বলেছেন, শুধু ট্রাম্প প্রশাসনের তদন্তে সময় ব্যয় না করে শ্রমজীবী পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে কোনো সরকারি কর্মকর্তাকে অভিশংসন করা যায়। তবে তাঁকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে সিনেটে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হলেও চূড়ান্ত অপসারণের জন্য সিনেটে বড় ধরনের সমর্থন প্রয়োজন হবে। নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়ে এখন ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনা চলছে। সংবাদসূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, টমাস ম্যাসির কার্যালয়।
২০৩২ সাল থেকে কমবে সোশ্যাল সিকিউরিটি সুবিধা, কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষা
নিউ ইয়র্কে নিহত দৌড়বিদ কেটি সুয়ারেজ অঙ্গদানে প্রাণ বাঁচল চারজনের
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠোর অভিবাসন নীতি থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের নতুন প্রশাসনে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অনলাইন ওয়েবসাইট ও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পোর্টাল চালু করেছে গভর্নর-নির্বাচিত জিনা হিনোজোসার অন্তর্বর্তীকালীন প্রশাসনিক দল। রাজ্যের বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষকে নতুন সরকারে যুক্ত হওয়ার সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা অনলাইনে নিজেদের জীবনবৃত্তান্ত, আবেদনপত্র ও প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা দিতে পারবেন। আগামী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে আবেদনগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। গত রোববার (৮ নভেম্বর) নতুন এই ওয়েবসাইট চালুর বিষয়টি জানায় হিনোজোসার প্রশাসনিক পরিবর্তনকালীন দল। তাদের লক্ষ্য, টেক্সাসের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের খুঁজে বের করা এবং নতুন প্রশাসনে তাঁদের কাজের সুযোগ তৈরি করা। এ জন্য পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার ভিন্নতা থাকা সত্ত্বেও বিভিন্ন পটভূমির টেক্সানদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। হিনোজোসা বলেন, টেক্সাসের এই প্রশাসনিক পরিবর্তন পুরো অঙ্গরাজ্যের মানুষের জন্য। তাই নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় মানুষের মতামত, পরিকল্পনা ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রাখা হচ্ছে। আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি নতুন প্রশাসনে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাঁর মতে, টেক্সাসে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ মানুষের বড় একটি সম্ভাবনাময় কর্মীভান্ডার রয়েছে। ‘বাই অ্যান্ড ফর দ্য পিপল’ নামে পরিচালিত এই অন্তর্বর্তীকালীন উদ্যোগটি দ্বিদলীয় কাঠামোয় গড়ে তোলা হয়েছে। এর সহসভাপতির দায়িত্বে রয়েছেন আর্নেস্ট বেইলস ও রায়ান পোলক। নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন জো ম্যাডেন এবং জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রয়েছেন তালামা বার্কসডেল। নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের উপযোগী একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। নতুন এই ওয়েবসাইটে আবেদন জমা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক পরিবর্তনকালীন দলের কার্যক্রম সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। আগ্রহীদের আবেদন গ্রহণ ও পর্যালোচনা চলবে ধারাবাহিকভাবে। হিনোজোসা আগামী ২০২৭ সালের জানুয়ারিতে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার এই উদ্যোগকে নতুন সরকার গঠনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: ফক্স ২৬ হিউস্টন, গভর্নর-নির্বাচিত জিনা হিনোজোসার আনুষ্ঠানিক প্রশাসনিক ওয়েবসাইট
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই বাড়ছে ক্রেডিট কার্ডের বকেয়া, বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন মার্কিনিরা
টেক্সাসসহ পাঁচ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্পের অভিবাসননীতি
স্ত্রীর কাছে অবিশ্বস্ততার স্বীকারোক্তি, চীনা গোয়েন্দা সন্দেহে এনভিডিয়া প্রধানকে ঘিরে তোলপাড়
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ইহুদি মালিকানাধীন ছয়টি রেস্তোরাঁ বয়কটের কর্মসূচিকে কেন্দ্র করে ৮ নভেম্বর ব্যাপক বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ হয়েছে। শহরের রিটেনহাউস স্কয়ার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সাইকেল নিয়ে মিছিল করেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা, ইহুদি সম্প্রদায়ের সদস্য এবং বিভিন্ন সমর্থক ওই রেস্তোরাঁগুলোতে গিয়ে খাবার কেনার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ান। মার্কিন সংবাদমাধ্যম ছয়-এবিসি, সিএনএন, এনবিসি টেন এবং ফিলাডেলফিয়া ইনকোয়ারারের প্রতিবেদন অনুযায়ী, ‘ফিলি বাইক অন ইয়োর লেফট’ নামের একটি সংগঠনের নেতৃত্বে এই বয়কট কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়ে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে বয়কটের আহ্বান জানান। তাঁদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের মালিকেরা ইসরায়েলকে সমর্থন করেন। বয়কটের তালিকায় থাকা ছয়টি প্রতিষ্ঠান হলো ম্যাক মার্ট, কাফার ক্যাফে, হুদা, গোল্ডি, ডিজেনগফ এবং শ্লেজিঙ্গারস ডেলি। আয়োজকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারপত্রে প্রতিষ্ঠানগুলোর নাম লাল দাগ দিয়ে চিহ্নিত করে বয়কটের আহ্বান জানানো হয়েছিল। এই কর্মসূচির প্রতিবাদে রিটেনহাউস স্কয়ার ও আশপাশের এলাকায় পাল্টা সমাবেশের আয়োজন করা হয়। অনেক মানুষ বয়কটের তালিকায় থাকা রেস্তোরাঁগুলোতে খাবার কিনতে ভিড় করেন। কাফার ক্যাফে, গোল্ডি এবং ম্যাক মার্টের সামনে দীর্ঘ সারি দেখা যায়। নিউইয়র্ক থেকে ডেভিড এলকিনস নামের এক ব্যক্তি পরিবারসহ ফিলাডেলফিয়ায় এসে এই উদ্যোগে অংশ নেন। শ্লেজিঙ্গারস ডেলির মালিক অ্যালান ডম্বও স্থানীয় মানুষের এই সমর্থনে সন্তোষ প্রকাশ করেন। এদিকে ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে প্রায় ৫০০ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে আনুমানিক ৩০০ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ছিলেন, যাঁদের প্রায় ২০০ জন সাইকেল নিয়ে অংশ নেন। অন্যদিকে প্রায় ২০০ জন ইসরায়েলপন্থী পাল্টা বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। পুলিশ দুই পক্ষকে আলাদা রাখতে নিরাপত্তা জোরদার করে এবং সড়কে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিশেষ করে ১৮তম ও ওয়ালনাট সড়কের সংযোগস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নারীকে হামলার অভিযোগে, একজন পুরুষকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে এবং ১৭ বছর বয়সী এক তরুণকে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। তবে আশপাশের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও রাজনৈতিক মত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ইহুদি হওয়ার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোও কর্মসূচিটির সমালোচনা করেছেন। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডেভ সানডে এবং অন্যান্য জনপ্রতিনিধিও এর বিরোধিতা করেছেন। বয়কট কর্মসূচির সময় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ৯ নভেম্বর জার্মানি ও অস্ট্রিয়ায় ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর সংগঠিত হামলার ৮৮তম বার্ষিকী। ইতিহাসে এই ঘটনা ‘ক্রিস্টালনাখট’ বা ‘ভাঙা কাচের রাত’ নামে পরিচিত। ১৯৩৮ সালের ৯ ও ১০ নভেম্বর ইহুদিদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা চালানো হয়েছিল। সে সময় বহু মানুষ নিহত ও গ্রেপ্তার হন। বিক্ষোভটি ওই বার্ষিকীর আগের দিন হওয়ায় ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এর সময় নির্বাচন নিয়ে উদ্বেগ ও সমালোচনা জানিয়েছে। অন্যদিকে বিক্ষোভের আয়োজকেরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের কর্মসূচিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাঁরা দাবি করেছেন, সব ধরনের বর্ণবাদ ও নিপীড়নের বিরোধিতা করেন এবং ইসরায়েলের প্রতি সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সমর্থনের কারণেই বয়কটের ডাক দিয়েছেন। একই সঙ্গে তাঁরা ইহুদিবিদ্বেষ, ইসলামবিদ্বেষ ও অন্যান্য বৈষম্যের বিরোধিতা করার কথাও জানিয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বয়কটের তালিকায় থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমর্থন জানাতে মানুষকে সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছে। অলাভজনক সংগঠন জিউবিলং ফিলাডেলফিয়া এলাকার ১৪টি স্থানে পাল্টা প্রচারমূলক বিজ্ঞাপনও স্থাপন করেছে। সেখানে বয়কটের পরিবর্তে এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে। ফিলাডেলফিয়ার এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ঘিরে রাজনৈতিক মতপ্রকাশ, ধর্মীয় পরিচয়, ব্যবসায়িক অধিকার এবং সামাজিক সম্প্রীতির প্রশ্ন সামনে নিয়ে এসেছে। একদিকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদের অধিকার, অন্যদিকে কোনো সম্প্রদায়ের পরিচয়ের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ—দুই বিষয় ঘিরেই শহরটিতে বিতর্ক চলছে। আয়োজকেরা আগামী ১৫ নভেম্বর আবারও সাইকেল মিছিলের পরিকল্পনার কথা জানিয়েছেন।
স্কুলপথে গুলিতে নিহত ১৫ বছরের জাভিটস, বিচার চেয়ে কাঁদছে ব্রঙ্কসের ঘানা কমিউনিটি
মাকে ফিরে পেতে চিঠি লিখল শিশু, অভিবাসন নীতির কঠিন বাস্তবতায় আটকে শৈশব