সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চাকরি করলে কী কী সুবিধা মেলে, আবেদন করবেন কীভাবে?
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চাকরি করলে কী কী সুবিধা মেলে, আবেদন করবেন কীভাবে?

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চাকরি শুধু একটি পেশা নয়; অনেকের জন্য এটি উচ্চশিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বাড়ি কেনার বিশেষ সুযোগ এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পথও। প্রতি বছর হাজারো মার্কিন নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক শাখায় যোগ দেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই জানতে চান, সামরিক বাহিনীতে যোগ দিলে কী কী সুবিধা পাওয়া যায় এবং আবেদন করার প্রক্রিয়াটি কী।   যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীতে কর্মরত সদস্য ও যোগ্য ভেটেরানদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, চাকরি এবং অবসরকালীন জীবনে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। তবে এসব সুবিধার অনেকগুলোই চাকরির ধরন, দায়িত্ব পালনের সময়কাল এবং ব্যক্তির যোগ্যতার ওপর নির্ভর করে।   বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ছয়টি প্রধান শাখা রয়েছে। এগুলো হলো আর্মি, নেভি, এয়ার ফোর্স, মেরিন কোর, কোস্ট গার্ড এবং স্পেস ফোর্স। এ ছাড়া ন্যাশনাল গার্ড ও বিভিন্ন রিজার্ভ ইউনিটেও খণ্ডকালীন দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।   সামরিক বাহিনীতে যোগ দেওয়ার অন্যতম আকর্ষণ প্রতিযোগিতামূলক বেতন ও বিভিন্ন ধরনের ভাতা। মূল বেতনের পাশাপাশি যোগ্য সদস্যরা হাউজিং অ্যালাউন্স, খাবার ভাতা, বিশেষ দায়িত্ব ভাতা এবং কিছু ক্ষেত্রে সাইনিং বোনাস পেতে পারেন। পদোন্নতি ও চাকরির অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বেতনও বৃদ্ধি পায়।   উচ্চশিক্ষার সুযোগও সামরিক পেশার বড় একটি সুবিধা। যোগ্য সদস্য ও ভেটেরানরা জিআই বিলের আওতায় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বই, প্রশিক্ষণ এবং নির্দিষ্ট ক্ষেত্রে আবাসন ব্যয়ের সহায়তা পেতে পারেন। অনেক সামরিক শাখায় চাকরির পাশাপাশি টিউশন অ্যাসিস্ট্যান্স কর্মসূচির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।   স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। সক্রিয় দায়িত্বে থাকা সদস্য ও নির্ধারিত যোগ্যতার আওতাভুক্ত পরিবারের সদস্যরা ট্রাইকেয়ার স্বাস্থ্যসেবা কর্মসূচির সুবিধা পান। অন্যদিকে যোগ্য ভেটেরানদের জন্য রয়েছে ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগের হাসপাতাল ও চিকিৎসাসেবা। তবে এসব সুবিধা ব্যক্তির সামরিক সেবার ধরন ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হয়।   বাড়ি কেনার ক্ষেত্রে সামরিক সদস্য ও যোগ্য ভেটেরানদের জন্য সবচেয়ে পরিচিত সুবিধাগুলোর একটি হলো ভিএ হোম লোন। এই কর্মসূচির আওতায় অনেক যোগ্য আবেদনকারী ডাউন পেমেন্ট ছাড়াই বাড়ি কেনার সুযোগ পান। পাশাপাশি অনেক ক্ষেত্রে তুলনামূলক অনুকূল শর্তে মর্টগেজ ঋণ পাওয়ার সুযোগও থাকে। তবে এ সুবিধা পেতে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হয়।   চাকরির ক্ষেত্রেও কিছু বাড়তি সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অনেক চাকরিতে যোগ্য ভেটেরানদের জন্য ভেটেরানস প্রেফারেন্স নীতি প্রযোজ্য। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়। যদিও এই সুবিধা সব সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।   দীর্ঘ সময় সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকারীরা অবসরকালীন পেনশন, সঞ্চয় কর্মসূচি এবং অন্যান্য আর্থিক সুবিধার জন্য যোগ্য হতে পারেন। পাশাপাশি পরিবারের জন্যও স্বাস্থ্যসেবা, জীবনবীমা, কাউন্সেলিং, স্থানান্তর সহায়তা এবং নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে।   অনেকের ধারণা, সামরিক বাহিনীতে শুধু যুদ্ধ বা অস্ত্র পরিচালনার কাজই করতে হয়। বাস্তবে বিষয়টি অনেক বিস্তৃত। বর্তমানে সামরিক বাহিনীতে সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা, গোয়েন্দা কার্যক্রম, বিমান পরিচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, লজিস্টিকস, প্রশাসন এবং আরও শতাধিক পেশায় কাজের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা পরবর্তীতে বেসামরিক চাকরির বাজারেও মূল্যবান হিসেবে বিবেচিত হয়।   সাধারণভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বৈধ স্থায়ী বাসিন্দারা, অর্থাৎ গ্রিন কার্ডধারীরা, সামরিক বাহিনীতে আবেদন করতে পারেন। তবে প্রতিটি শাখার জন্য নির্ধারিত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা, চিকিৎসা পরীক্ষা এবং এএসভিএবি পরীক্ষার শর্ত রয়েছে। আবেদনকারীদের প্রথমে সংশ্লিষ্ট সামরিক শাখার রিক্রুটারের সঙ্গে যোগাযোগ করতে হয়। এরপর যোগ্যতা যাচাই, চিকিৎসা পরীক্ষা, এএসভিএবি পরীক্ষা, নথিপত্র যাচাই এবং বেসিক মিলিটারি ট্রেনিং সম্পন্ন করার পর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যায়।   তবে এই পেশার কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। দায়িত্বের প্রয়োজনে সদস্যদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য কিংবা বিদেশে দীর্ঘ সময়ের জন্য মোতায়েন হতে পারে। অনেক ক্ষেত্রে পরিবার থেকে মাসের পর মাস দূরে থাকতে হয়। আন্তর্জাতিক পরিস্থিতি বা জাতীয় নিরাপত্তার প্রয়োজনে সংঘাতপূর্ণ অঞ্চল কিংবা যুদ্ধক্ষেত্রেও দায়িত্ব পালন করতে হতে পারে। বিশেষ কিছু মিশনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে অবস্থান বা অপারেশন-সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা সম্ভব হয় না। পাশাপাশি এই পেশায় কঠোর শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।   ক্যরিয়ার নিয়ে কাজ করেন তাদের মতে, সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু বেতন বা সুযোগ-সুবিধা নয়, দায়িত্ব, সম্ভাব্য মোতায়েন, পারিবারিক জীবন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কারণ এটি শুধু একটি চাকরি নয়, বরং একটি জীবনধারা।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি তরুণ-তরুণীদের জন্য সামরিক বাহিনী একটি সম্ভাবনাময় ক্যারিয়ারের পথ হতে পারে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট সামরিক শাখার সরকারি যোগ্যতার শর্ত, সুবিধা এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ২০:০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক দুই শিক্ষার্থী ইরফান আল-হুসাইনি ও ফাবিয়া ফারলিন অ্যাথেনা
দুজনেই বুয়েটের শিক্ষার্থী, তবু ছিলেন অপরিচিত; যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে পরিচয়, প্রেম, তারপর বিয়ে

একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, একই ক্যাম্পাসে হেঁটেছেন, একই সময়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেছেন। অথচ কখনও দেখা হয়নি, পরিচয়ও নয়। ভাগ্যের অদ্ভুত এক পরিক্রমায় হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে প্রথম দেখা। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, তারপর প্রেম, বিয়ে এবং শেষ পর্যন্ত একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক দুই শিক্ষার্থী ইরফান আল-হুসাইনি ও ফাবিয়া ফারলিন অ্যাথেনার গল্প যেন বাস্তবের এক অনুপ্রেরণার কাহিনি।   বাংলাদেশে বুয়েটে পড়ার সময় দুজনই ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তাদের কখনও পরিচয় হয়নি। উচ্চশিক্ষার জন্য আলাদাভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। কাকতালীয়ভাবে দুজনেরই গন্তব্য হয় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (জর্জিয়া টেক)।   জর্জিয়া টেকের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানেই প্রথম পরিচয় হয় ইরফান ও ফাবিয়ার। গবেষণাগারের ব্যস্ততা, ক্লাস, গবেষণা এবং নতুন দেশে নিজেদের প্রতিষ্ঠিত করার পথচলায় ধীরে ধীরে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়।   সম্পর্কের পরিণতিতে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় বিয়ে করেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করেন এই বাংলাদেশি দম্পতি।   বিয়ের পরও থেমে থাকেনি তাদের একাডেমিক যাত্রা। নিজ নিজ গবেষণা সফলভাবে সম্পন্ন করে জর্জিয়া টেক থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন দুজন। একই সমাবর্তনে ডক্টরেট ডিগ্রি গ্রহণের সেই মুহূর্তটি পরে বিশ্ববিদ্যালয়ও তুলে ধরে, যা অনেকের কাছে উচ্চশিক্ষা ও ব্যক্তিগত জীবনের সুন্দর সমন্বয়ের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।   বর্তমানে ইরফান আল-হুসাইনি বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ায় সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। অন্যদিকে ফাবিয়া ফারলিন অ্যাথেনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্ট্যানফোর্ড এনার্জি পোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণা করছেন। উচ্চক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টর ও জ্বালানি প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা ইতোমধ্যে একাডেমিক অঙ্গনে পরিচিতি পেয়েছে।   প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। তাদের অনেকের গল্প জনসমক্ষে আসে না। তবে ইরফান ও ফাবিয়ার যাত্রা মনে করিয়ে দেয়, উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি বা পেশাগত সাফল্যের পথ নয়; কখনও কখনও এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, নতুন স্বপ্ন এবং নতুন ভবিষ্যতেরও সূচনা হতে পারে।   একই বিশ্ববিদ্যালয়ে পড়েও যাদের কখনও পরিচয় হয়নি, তারা পৃথিবীর অন্য প্রান্তে এসে একে অপরকে খুঁজে পেয়েছেন। গবেষণার দীর্ঘ ও কঠিন পথ একসঙ্গে অতিক্রম করে আজ দুজনই বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের এই গল্প শুধু একটি ভালোবাসার গল্প নয়; এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধ্যবসায়, মেধা, সম্ভাবনা এবং জীবনের অপ্রত্যাশিত সৌন্দর্যের এক অনুপ্রেরণামূলক উদাহরণ।   আপডেট: এই প্রতিবেদনটি প্রকাশের পর ড. ইরফান আল-হুসাইনির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর অকাল প্রয়াণে বুয়েট, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (জর্জিয়া টেক), এনভিডিয়া এবং দেশ-বিদেশের প্রযুক্তি ও গবেষণা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ২১:৫৯
ফ্লোরিডায় গ্রাহকের ২,৬০০ ডলারের লটারির টিকিট পৌঁছে না দিয়ে পুরস্কারের টাকা তুলে নিলেন ডাককর্মী নিজেই
ফ্লোরিডায় গ্রাহকের ২,৬০০ ডলারের লটারির টিকিট পৌঁছে না দিয়ে পুরস্কারের টাকা তুলে নিলেন ডাককর্মী নিজেই

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় ডাকবাক্স থেকে গ্রাহকের ২,৬০০ ডলারের বিজয়ী লটারির টিকিট চুরির অভিযোগে এক ডাককর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএসপিএস) কর্মী। তিনি গ্রাহকের চিঠি থেকে অত্যন্ত সুকৌশলে টিকিটটি চুরি করে নিজেই সেই লটারির অর্থ তুলে নিয়েছিলেন। গত ২৩ জুলাই ফ্লোরিডা লটারি এবং ইউএসপিএস-এর স্পেশাল এজেন্টদের এক যৌথ তদন্তের পর ২৮ বছর বয়সী লাকায়শা লকার্ট নামের ওই কর্মীকে হলিউড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুরুতর চুরি, চোরাই সম্পত্তি লেনদেন, অর্থ আদায়ের জন্য মিথ্যা দাবি এবং ডাক চুরির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।   আদালতের নথি ও ফ্লোরিডা লটারির প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে টাম্পা শহরের এক নারী 'পিক ফোর' (Pick 4) লটারির একটি টিকিট কিনে ২,৬০০ ডলার জেতেন। এক আত্মীয়ের শেষকৃত্যের খরচ বহনে সাহায্য করার জন্য তিনি ওই বিজয়ী টিকিটটি ফোর্ট লডারডেলের ঠিকানায় চিঠির মাধ্যমে পাঠিয়েছিলেন। কিন্তু সেটি আর গন্তব্যে পৌঁছায়নি। টিকিটটি যথাসময়ে না পৌঁছালে ওই নারী সন্দেহজনক মনে করে ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার মূল রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়।   তদন্তে ফ্লোরিডা লটারির এক পরিদর্শক দেখতে পান যে, গত ১৯ জুন লটারির মিয়ামি জেলা অফিস থেকে টিকিটটি ভাঙানো হয়েছে। আর এই কাজটি করেছেন খোদ লাকায়শা লকার্ট, যিনি ২০২৫ সালের এপ্রিলে ইউএসপিএস-এ যোগ দিয়েছিলেন এবং ওকল্যান্ড পার্কের একটি ডাকঘরে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর লকার্ট নিজেই টিকিট চুরি এবং ভাঙানোর কথা স্বীকার করেছেন বলে ফ্লোরিডা লটারির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। চুরি এবং প্রতারণার ঘটনাটি দুটি ভিন্ন কাউন্টিতে ঘটায় ফ্লোরিডার ব্রোওয়ার্ড এবং মিয়ামি-ডেড—উভয় স্থানেই তার বিচারকাজ চলবে বলে জানা গেছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৯:৪৮
আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন
আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন

আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জন্য পেমেন্টের সময়সূচি মূলত স্বাভাবিক নিয়মেই চলবে। তবে যারা 'সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম' (এসএসআই) গ্রহণ করেন, তারা ইতিমধ্যেই গত ৩১ জুলাই তাদের আগস্ট মাসের অর্থ পেয়ে গেছেন, কারণ ১ আগস্ট সাপ্তাহিক ছুটির দিন পড়েছিল। আগাম অর্থ প্রদান করার কারণে চলতি মাসে আর কোনো আলাদা এসএসআই পেমেন্ট পাঠানো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী এসএসআই পেমেন্ট দেওয়া হবে আগামী ১ সেপ্টেম্বর।   অন্যান্য সুবিধাভোগীদের ক্ষেত্রে অর্থ প্রদানের নির্দিষ্ট দিনগুলো নির্ভর করবে তাদের জন্মতারিখ এবং সুবিধা গ্রহণের সময়কালের ওপর। যারা ১৯৯৭ সালের মে মাসের আগে থেকে সোশ্যাল সিকিউরিটি গ্রহণ করছেন অথবা যারা একই সঙ্গে এসএসআই সুবিধাও পেয়ে থাকেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩ আগস্ট অর্থ জমা হবে। এরপর মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী সুবিধাভোগীরা ১২ আগস্ট তাদের পেমেন্ট পাবেন। যাদের জন্মতারিখ ১১ থেকে ২০ তারিখের মধ্যে, তাদের অর্থ দেওয়া হবে ১৯ আগস্ট। সর্বশেষ, মাসের ২১ থেকে ৩১ তারিখের মধ্যে যাদের জন্ম, তারা আগামী ২৬ আগস্ট তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।   সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) বর্তমানে কাগজের চেকের ব্যবহার পর্যায়ক্রমে পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে কাজ করছে এবং সুবিধাভোগীদের ডাইরেক্ট ডিপোজিট বা অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, বর্তমানে এক শতাংশেরও কম মানুষ কাগজের চেকের মাধ্যমে অর্থ গ্রহণ করে থাকেন। কোনো সুবিধাভোগী যদি নির্ধারিত সময়ে তাদের প্রত্যাশিত অর্থ না পান, তবে তাদের প্রথমেই নিজ নিজ ব্যাংকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান না হলে সরাসরি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় এসএসএ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৯:১৪
মেডিকেয়ার পার্ট ডি ভর্তুকি বন্ধের ঘোষণা, বাড়তে পারে মাসিক প্রিমিয়াম ও ওষুধের খরচ
মেডিকেয়ার পার্ট ডি ভর্তুকি বন্ধের ঘোষণা, বাড়তে পারে মাসিক প্রিমিয়াম ও ওষুধের খরচ

যুক্তরাষ্ট্রের প্রবীণ নাগরিকদের প্রেসক্রিপশন ওষুধের খরচ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা ভর্তুকি কর্মসূচি বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস)-এর প্রশাসক মেহমেত ওজ জানিয়েছেন, এই কর্মসূচির সুবিধা মূলত কর্পোরেট বীমা কোম্পানিগুলো ভোগ করছে। 'মেডিকেয়ার পার্ট ডি' নামের এই কর্মসূচিটি মূলত সরকারি স্বাস্থ্য বীমার একটি অংশ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েক কোটি প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিক ওষুধের সুবিধা পেয়ে থাকেন।   ট্রাম্প প্রশাসন গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, চলতি বছরের শেষেই এই ভর্তুকির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন এই সিদ্ধান্ত আগামী ২০২৭ সাল থেকে পুরোপুরি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে এবং আসন্ন শরতেই গ্রাহকদের নতুন খরচের হিসাব জানিয়ে দেওয়া হবে।   প্রশাসনের এক কর্মকর্তার মতে, এই পদক্ষেপের ফলে প্রায় অর্ধেক গ্রাহকের ওষুধের দাম ও মাসিক প্রিমিয়ামের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নীতি বিষয়ক অলাভজনক সংস্থা কেএফএফ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে সরকার বীমা কোম্পানিগুলোকে শত শত কোটি ডলার ভর্তুকি দেয়, যাতে জনপ্রতি ওষুধের প্রিমিয়াম গড়ে ৩৬ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়া হলে অনেকের ক্ষেত্রেই মাসিক প্রিমিয়াম ২০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে যোগ্য প্রবীণরা ওজন কমানোর জন্য মাসে মাত্র ৫০ ডলারে জিএলপি-১ (GLP-1) ওষুধ পাওয়ার সুবিধাটি উপভোগ করতে পারবেন।   অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)-এর ভর্তুকির মেয়াদ শেষ হওয়া এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ যখন মার্কিন ভোটারদের কাছে একটি বড় ইস্যু, ঠিক তখনই এই সিদ্ধান্ত সামনে এল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বাইডেন প্রশাসনের স্বাক্ষরিত 'ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট'-এর তীব্র সমালোচনা করে দাবি করেছেন যে, এর মাধ্যমে বীমা কোম্পানিগুলোকে আর্থিকভাবে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত আমেরিকানদের প্রিমিয়ামের বোঝাই ভারী হয়েছে। অন্যদিকে, ওই সময় বাইডেন প্রশাসন দাবি করেছিল যে এই আইনের ফলেই সরকার সবচেয়ে দামি কিছু ওষুধের দাম নিয়ে কোম্পানিগুলোর সাথে দরকষাকষির সুযোগ পেয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত এই খবরের পর স্বাস্থ্য খাতে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।   তবে সিএমএস প্রশাসক মেহমেত ওজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাধারণ মানুষকে আশ্বস্ত করে লিখেছেন যে, তারা বাজার পরিস্থিতি স্থিতিশীল করছেন বলে বীমা কোম্পানিগুলোকে আর আর্থিক সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। তাঁর দাবি, বেশিরভাগ মেডিকেয়ার গ্রাহকের প্রিমিয়াম ১০ ডলারেরও কম বাড়বে এবং অনেকে উল্টো কম খরচে সেবা পাবেন। প্রবীণদের জন্য মাসে ৫০ ডলারে জিএলপি-১ ওষুধ নিশ্চিত করাসহ অন্যান্য দেশের সমমূল্যে মার্কিনিদের ওষুধ পাওয়ার সুযোগ তৈরি করতে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রশাসনের দাবি, প্রায় অর্ধেক গ্রাহক ১০ ডলারেরও কম প্রিমিয়াম বৃদ্ধি বা প্রিমিয়াম হ্রাসের সুবিধা পাবেন এবং বেশিরভাগের জন্যই ১০ ডলার বা তার কম মূল্যের প্ল্যান উপলব্ধ থাকবে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৮:৫০
নিউ জার্সিতে ১১ বছরের বোনকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেল ১০ বছরের ভাই, দুই দিন পর মিলল মরদেহ I ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউ জার্সিতে ১১ বছরের বোনকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেল ১০ বছরের ভাই, দুই দিন পর মিলল মরদেহ

যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাসেক নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার প্যাসেক শহরের মেয়র হেক্টর লোরা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নদীর তীরবর্তী একটি ভবনের এক দম্পতি পানিতে সন্দেহজনক কিছু ভাসতে দেখে দ্রুত ৯১১ নম্বরে কল করেন। এরপরই উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।   ঘটনার সূত্রপাত হয় গত বুধবার, যখন ওই কন্যাশিশু তার দুই বন্ধুর (এক ভাই ও বোন) সঙ্গে পুলাস্কি পার্কের কাছে নদীতে নেমেছিল। মেয়র জানান, সাঁতার কাটার একপর্যায়ে ১১ বছর বয়সী বোনটি পানিতে হাবুডুবু খেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে ১০ বছর বয়সী ভাইটিও পানিতে তলিয়ে যায়। বোনটি কোনোমতে পানি থেকে উঠে এসে তার বাবা-মায়ের কাছে ফিরতে সক্ষম হলেও ভাইটি নিখোঁজ হয়। নদীতে নামার স্থান থেকে প্রায় ৫০ ফুট দূরে, ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।   এই মর্মান্তিক ঘটনার সময় এক সহৃদয় ব্যক্তি শিশুদের বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে তিনি তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। প্যাসেক ফায়ার ডিপার্টমেন্টের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়, যেখানে প্যাসেক কাউন্টি শেরিফ অফিসের নৌকা ও স্কুবা ডাইভ দলও অংশ নিয়েছিল। তবে ঝড়ের কারণে নদীর পানি বেড়ে যাওয়া এবং অন্ধকারের কারণে নিখোঁজ কন্যাশিশুটির অনুসন্ধান কাজ চরমভাবে ব্যাহত হয়েছিল। নিহত শিশুদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মেয়র হেক্টর লোরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে তাদের জন্য প্রার্থনা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৮:৩৪
ড. ফজলুর রহমান খান: যার উদ্ভাবনে বদলে গেছে আমেরিকা সহ বিশ্বের সুউচ্চ ভবন নির্মাণের ইতিহাস
বাংলাদেশের গর্ব: যার উদ্ভাবনে বদলে গেছে আমেরিকা সহ বিশ্বের সুউচ্চ ভবন নির্মাণের ইতিহাস

আজ বিশ্বের যেসব শহরের আকাশরেখা সুউচ্চ ভবনের সারিতে সাজানো, সেসব ভবনের নকশা ও নির্মাণ প্রযুক্তির পেছনে রয়েছে এক বাংলাদেশি প্রকৌশলীর যুগান্তকারী অবদান। তিনি ড. ফজলুর রহমান খান, যাকে বিশ্বের প্রকৌশল মহলে আধুনিক আকাশচুম্বী ভবন নির্মাণের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাঁর উদ্ভাবিত কাঠামোগত প্রযুক্তি শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নগর স্থাপত্যের ইতিহাসই বদলে দিয়েছে।   ১৯২৯ সালের ৩ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন ফজলুর রহমান খান। শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করার পর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন থেকে সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা এবং পিএইচডি সম্পন্ন করে তিনি শিকাগোভিত্তিক বিশ্বখ্যাত স্থাপত্য ও প্রকৌশল প্রতিষ্ঠান স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল (এসওএম)-এ যোগ দেন।   সেখানেই তিনি এমন একটি কাঠামোগত নকশা পদ্ধতি উদ্ভাবন করেন, যা পরবর্তীকালে আকাশচুম্বী ভবন নির্মাণে বৈপ্লবিক পরিবর্তন আনে। তাঁর উদ্ভাবিত ‘টিউব স্ট্রাকচারাল সিস্টেম’ ভবনের ওজন কমিয়ে, স্টিলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং আগের তুলনায় অনেক বেশি উচ্চতার ভবন নিরাপদ ও সাশ্রয়ীভাবে নির্মাণের সুযোগ তৈরি করে। আজ বিশ্বের অধিকাংশ আধুনিক সুউচ্চ ভবনের নকশায় এই ধারণার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে।   ড. খানের সবচেয়ে বিখ্যাত কাজগুলোর একটি হলো শিকাগোর ১১০ তলা সিয়ার্স টাওয়ার, যা বর্তমানে উইলিস টাওয়ার নামে পরিচিত। ১৯৭৩ সালে নির্মিত এই ভবন দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রেখেছিল। এর ‘বান্ডলড টিউব’ কাঠামো ছিল তাঁরই উদ্ভাবন, যা পরবর্তীকালে সুপারটল ভবন নির্মাণের নতুন মানদণ্ডে পরিণত হয়।   এর আগে তিনি শিকাগোর জন হ্যানকক সেন্টারের নকশাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভবনটির ‘ট্রাসড টিউব’ কাঠামো সে সময় প্রকৌশল জগতে নতুন দিগন্ত উন্মোচন করে। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত অসংখ্য সুউচ্চ ভবনে তাঁর ধারণা অনুসরণ করা হয়। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাসহ আধুনিক সুপারটল ভবনের প্রকৌশল দর্শনেও তাঁর উদ্ভাবনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।   বিশ্বখ্যাত সাময়িকী টাইম এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ফজলুর রহমান খানের উদ্ভাবন ছাড়া আধুনিক স্কাইস্ক্র্যাপারের যুগ কল্পনা করা কঠিন। একই কারণে তাঁকে অনেক প্রকৌশলী ‘আধুনিক স্কাইস্ক্র্যাপারের জনক’ বলেও অভিহিত করেন।   তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট (সিটিবিইউএইচ) তাঁর নামে ‘ফজলুর খান লাইফটাইম অ্যাচিভমেন্ট মেডেল’ চালু করেছে। আকাশচুম্বী ভবন নির্মাণে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়।   ২০১৭ সালে গুগলও তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ ‘গুগল ডুডল’ প্রকাশ করে বিশ্বজুড়ে তাঁকে শ্রদ্ধা জানায়। সেখানে তাঁর উদ্ভাবনকে আধুনিক নগর স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়।   মাত্র ৫২ বছর বয়সে, ১৯৮২ সালের ২৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ড. ফজলুর রহমান খান। কিন্তু তাঁর উদ্ভাবিত প্রকৌশল দর্শন আজও বিশ্বের শহরগুলোর আকাশরেখায় জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের জন্য ড. ফজলুর রহমান খানের গল্প শুধু ব্যক্তিগত সাফল্যের ইতিহাস নয়; এটি বাংলাদেশের মেধা, উদ্ভাবন এবং বিশ্বমঞ্চে অবদানের এক অনন্য প্রতীক। আজও যখন শিকাগোর উইলিস টাওয়ার কিংবা বিশ্বের অন্য কোনো আকাশচুম্বী ভবনের দিকে মানুষ তাকায়, তখন সেই প্রকৌশল বিপ্লবের পেছনে থাকা বাংলাদেশি প্রতিভার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় ড. ফজলুর রহমান খান।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৮:১৩
শতকোটি ডলারের শুল্ক ফেরত পেল অ্যাপল, কিন্তু গ্রাহকদের জন্য নেই মূল্যছাড়ের ইঙ্গিত
শতকোটি ডলারের শুল্ক ফেরত পেল অ্যাপল, কিন্তু গ্রাহকদের জন্য নেই মূল্যছাড়ের ইঙ্গিত

সম্প্রতি বাতিল হওয়া একটি শুল্ক নীতি থেকে শতকোটি ডলার ফেরত পেয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে কোম্পানিটি অপ্রত্যাশিতভাবে বিপুল এই অর্থ লাভ করলেও, এর কোনো সুবিধা সাধারণ গ্রাহকদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গত বৃহস্পতিবার প্রকাশিত অ্যাপলের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটি ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।   অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক একে তাদের ‘সর্বকালের সেরা জুন প্রান্তিক’ হিসেবে অভিহিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপলের নিট বিক্রি আগের বছরের তুলনায় ১৫ বিলিয়ন ডলার বেড়েছে এবং ত্রৈমাসিক নিট আয় বেড়ে ২৯.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৯ শতাংশ বেড়ে ২.০২ ডলার হয়েছে, যার মধ্যে শুল্ক ফেরত বাবদ ০.১১ ডলারের ইতিবাচক প্রভাব রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।   গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিল করে দেয়। আদালত জানায়, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অতিরিক্ত ও অযৌক্তিক প্রয়োগের মাধ্যমে এই শুল্কগুলো আরোপ করা হয়েছিল।   কাস্টমস কর্মকর্তাদের মতে, প্রায় ৩ লাখ ৩০ হাজার আমদানিকারক এই বাতিল হওয়া শুল্ক বাবদ প্রায় ১৬৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিলেন, যা এখন সরকারকে ফেরত দিতে হচ্ছে। জুন মাসের শেষ নাগাদ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক ফেরতের অনুমোদন দেওয়া হলেও আইনি জটিলতার কারণে এর একটি বড় অংশ এখনো আটকে আছে। সিএনবিসি-এর তথ্যমতে, ট্রাম্পের আরোপিত শুল্ক বাবদ অ্যাপল প্রায় ৩.৩ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল। অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো অ্যাপল সেসময় পণ্যের দাম বাড়ায়নি, বরং তারা লবিংয়ের মাধ্যমে ছাড় পাওয়া, সরবরাহ ব্যবস্থা বহুমুখী করা এবং খুচরা মূল্য না বাড়িয়ে নিজেদের মুনাফার হার কিছুটা কমানোর কৌশল নিয়েছিল।   শুল্ক ফেরত পেতে অন্য অনেক বড় কোম্পানি আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করলেও, অ্যাপলের প্রধান নির্বাহী শুরু থেকেই প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণের কথা বলেছিলেন। তবে শুল্ক ফেরত পেলেও তারা পণ্যের দাম কমিয়ে গ্রাহকদের সুবিধা দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। গত এপ্রিলে এবং বৃহস্পতিবারের আয়ের হিসাবে টিম কুক পরিষ্কার জানিয়েছেন, ফেরত পাওয়া শুল্কের পুরো অর্থ যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং উন্নত উৎপাদন খাতে পুনরায় বিনিয়োগ করা হবে। এটি মূলত তাদের চার বছর মেয়াদি ৬০০ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ কৌশলের একটি অংশ। অথচ কস্টকো, ইউপিএস এবং ফেডেক্স-এর মতো অন্যান্য কোম্পানিগুলো তাদের শুল্ক ফেরতের একটি অংশ গ্রাহকদের সাথে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যারা মূলত পণ্যের বর্ধিত মূল্য হিসেবে এই শুল্কের বোঝা বহন করেছিলেন। ওয়ালমার্টও তাদের ফেরত পাওয়া অর্থ পণ্যের দাম কমানোর মাধ্যমে গ্রাহকদের স্বস্তি দিতে ব্যবহার করার ঘোষণা দিয়েছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৮:২
রেকর্ড-ব্রেকিং ইউএস অ্যারেনা ট্যুর শেষ করেই নতুন গান ‘আ হা’ প্রকাশ করলেন কার্ডি বি
রেকর্ড-ব্রেকিং ইউএস অ্যারেনা ট্যুর শেষ করেই নতুন গান ‘আ হা’ প্রকাশ করলেন কার্ডি বি

গ্র্যামিজয়ী র‍্যাপার কার্ডি বি তাঁর ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন গ্রীষ্মকালীন চমক। রেকর্ড-ব্রেকিং ইউএস অ্যারেনা ট্যুর শেষ করার পর, শুক্রবার (৩১ জুলাই) তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন একক গান ‘আ হা’ (AH HA)। প্রকাশের কয়েকদিন আগেই সৈকতে র‍্যাপ করার একটি টিজার ভিডিও অনলাইনে শেয়ার করেছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা, যা মুহূর্তেই ৮ কোটি ১৬ লাখেরও বেশি ভিউ ছাড়িয়ে যায়। নতুন এই গানে কার্ডি বেশ মজার ছলে তাঁর নিন্দুকদের (haters) কড়া জবাব দেওয়ার পাশাপাশি নিজের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেছেন। গানটির লিরিক ভিডিওতে কার্ডির একটি অ্যানিমেটেড রূপকে সৈকতে দেখা গেছে, যেখানে তাঁর পরনে ছিল নিজ দেশ ডোমিনিকান রিপাবলিকের পতাকার নকশা করা বিকিনি।   কার্ডি বি-র এই নতুন গানটি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘অ্যাম আই দ্য ড্রামা?’এর প্রায় এক বছর পর বাজারে এল। গত ১৮ এপ্রিল তিনি তাঁর সম্পূর্ণ সোল্ড-আউট ‘দ্য লিটল মিস ড্রামা ট্যুর’ শেষ করেছেন। উত্তর আমেরিকায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে এটি কোনো নারী র‍্যাপারের সর্বোচ্চ আয়কারী ডেবিউ অ্যারেনা ট্যুর হিসেবে রেকর্ড গড়েছে। গত বছরের (২০২৫) সেপ্টেম্বরে প্রকাশিত তাঁর দ্বিতীয় অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান দখল করেছিল। ২০১৮ সালে ‘ইনভেশন অফ প্রাইভেসি’-এর পর এটি তাঁর দ্বিতীয় নম্বর ওয়ান অ্যালবাম, যা তাঁকে প্রথম নারী র‍্যাপার হিসেবে প্রথম দুটি অ্যালবামেই শীর্ষস্থান দখলের অনন্য মাইলফলক এনে দিয়েছে। তাছাড়া, অ্যালবামটি বিশ্বব্যাপী ১৪ বিলিয়নেরও বেশি বার স্ট্রিম করা হয়েছে এবং বিলবোর্ড হট ১০০-এর ইতিহাসে যেকোনো নারী র‍্যাপারের অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি চার্ট-টপিং গানের রেকর্ড গড়েছে।   সাম্প্রতিক সময়ে কার্ডি বি-র সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হয়েছে। ২০২৬ সালের জুনে তিনি তৃতীয়বারের মতো বিইটি (BET) অ্যাওয়ার্ডে ‘সেরা ফিমেল হিপ হপ আর্টিস্ট’-এর পুরস্কার জিতে নেন। সেখানে তিনি তাঁর সর্বশেষ অ্যালবামের "Errtime," "Hello," "Check Please," এবং "Pretty & Petty"-এর মতো জনপ্রিয় গানগুলোর এক অনবদ্য পারফর্ম্যান্স দিয়ে দর্শক মাতিয়েছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাই নিউইয়র্ক সিটির পচা নাইটক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানেও এক রাতের জন্য বিশেষ পারফর্ম করেন এই তারকা। হট পিংক রঙের করসেট বডিস্যুট, মানানসই টাইটস ও হিল এবং আইসি ব্লু বব হেয়ারস্টাইলে তাঁর নজরকাড়া উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৭:৪৫
জিরো প্রিমিয়ামের আড়ালে কমছে মেডিকেয়ার অ্যাডভান্টেজের সুবিধা, বিপাকে মার্কিন প্রবীণরা
জিরো প্রিমিয়ামের আড়ালে কমছে মেডিকেয়ার অ্যাডভান্টেজের সুবিধা, বিপাকে মার্কিন প্রবীণরা

২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার অ্যাডভান্টেজ (এমএ) প্ল্যানগুলোতে এক নীরব পরিবর্তন আসতে শুরু করেছে। কাগজে-কলমে মাসিক প্রিমিয়াম শূন্য ডলার (০$) থাকলেও, নীরবে কমিয়ে দেওয়া হচ্ছে প্রবীণদের জন্য বরাদ্দকৃত গ্রোসারি কার্ড এবং ডেন্টাল ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূরক সুবিধাগুলো। এর ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে নির্দিষ্ট আয়ে চলা লাখ লাখ অবসরপ্রাপ্ত মার্কিন নাগরিক চরম বিপাকে পড়তে যাচ্ছেন। আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনগুলো নিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে।   নতুন বছরের পরিসংখ্যান অনুযায়ী, মেডিকেয়ার অ্যাডভান্টেজের বাজার প্রায় ৯ শতাংশ সংকুচিত হয়েছে। শুধু তাই নয়, ১৩ শতাংশ ব্যক্তিগত এমএ-পিডি গ্রাহক সরাসরি প্ল্যান বাতিলের শিকার হয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সুবিধা কমার একটি বাস্তব উদাহরণ দেখা যায় ওহাইও অঙ্গরাজ্যের এক প্রবীণ নাগরিকের ক্ষেত্রে; যার ত্রৈমাসিক গ্রোসারি কার্ডের ভাতা ১২৫ ডলার থেকে কমিয়ে ৭৫ ডলার করা হয়েছে এবং ডেন্টাল ভাতা ৩,০০০ ডলার থেকে এক ধাক্কায় নেমে এসেছে মাত্র ১,৫০০ ডলারে। বীমা প্রতিষ্ঠানগুলো মূলত চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং নিজেদের ওপর আর্থিক চাপের অজুহাতে এসব সুবিধা কাটছাঁট করছে। জিরো প্রিমিয়াম বা পার্ট বি (Part B) প্রিমিয়াম কমানোর মতো চটকদার অফারগুলো বহাল থাকলেও এর পেছনের আসল সুবিধাগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে।   সুবিধা কমার কারণে অনেকেই বিরক্ত হয়ে 'অরিজিনাল মেডিকেয়ার'-এ ফিরে যাওয়ার কথা ভাবছেন। তবে বিশেষজ্ঞদের মতে, না বুঝে এই সিদ্ধান্ত নেওয়াটা একটি ভয়াবহ ফাঁদ হতে পারে। অরিজিনাল মেডিকেয়ারে নিজস্ব খরচের (আউট-অফ-পকেট) কোনো নির্দিষ্ট সীমা থাকে না, তাই সাধারণত মেডিক্যাপ (Medigap) পলিসির মাধ্যমে এই ঘাটতি পূরণ করা হয়। কিন্তু নির্দিষ্ট ওপেন-এনরোলমেন্ট সময়ের বাইরে মেডিক্যাপ কিনতে গেলে বীমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের স্বাস্থ্যগত ইতিহাসের ওপর ভিত্তি করে কভারেজ দিতে অস্বীকৃতি জানাতে পারে অথবা অতিরিক্ত মূল্য ধার্য করতে পারে। ফলে অনেককেই বাধ্য হয়ে আনক্যাপড ২০ শতাংশ কো-ইন্স্যুরেন্সের বিশাল ব্যয়ের বোঝা টানতে হতে পারে।   এই জটিল পরিস্থিতিতে গ্রাহকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৬ সালের জন্য এমএ প্ল্যানগুলোতে আউট-অফ-পকেট সর্বোচ্চ সীমা সামান্য কমিয়ে ৯,২৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী ৭ ডিসেম্বরের (ওপেন এনরোলমেন্টের শেষ দিন) আগে গ্রাহকদের তাদের 'অ্যানুয়াল নোটিশ অফ চেঞ্জ' অত্যন্ত সতর্কতার সঙ্গে লাইন ধরে পড়তে হবে। অরিজিনাল মেডিকেয়ারে ফিরে যাওয়ার আগে অবশ্যই লিখিতভাবে মেডিক্যাপ অনুমোদন নিশ্চিত করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কোনো রকম তাড়াহুড়ো না করে বর্তমান এমএ প্ল্যানের ভেতরেই তুলনামূলক ভালো কোনো বিকল্প বেছে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৭:২৬
যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে

যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থায় পরিচালিত নতুন এক সাইবার হামলায় আধুনিক মনিটরিং ও নিয়ন্ত্রণ প্রযুক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনেসোটা ও মিশিগানসহ একাধিক অঙ্গরাজ্যের পানি শোধনাগার ও ইউটিলিটি সেন্টারগুলোতে স্বয়ংক্রিয় ব্যবস্থা অচল হয়ে পড়ায় বাধ্য হয়ে হস্তচালিত বা ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালনা করতে হচ্ছে। মার্কিন তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে যে, এই নাশকতামূলক সাইবার হামলার পেছনে ইরানি হ্যাকারদের হাত রয়েছে কি না। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কর্মকর্তারা। তদন্তকারীরা এটিও ক্ষতিয়ে দেখছেন যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার সুযোগ নিয়ে অন্য কোনো গোষ্ঠী ইরানের নাম ভাঙিয়ে বিভ্রান্তি তৈরি করছে কি না।   তথ্য অনুযায়ী, কেবল মিনেসোটাতেই ৩০টিরও বেশি এলাকার স্থানীয় পানি সরবরাহ কেন্দ্রের ‘প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার’ (পিএলসি) প্রযুক্তি হামলার শিকার হয়েছে। তবে সময়মতো স্থানীয় টেকনিশিয়ানদের পদক্ষেপে পানীয় জলের সরবরাহ, মান বা চাপে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। ঘটনার পর ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং অ্যানভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) থেকে যৌথভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্টারনেট-সংযুক্ত সব পিএলসি ডিভাইস অবিলম্বে জনসমক্ষে উন্মুক্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে সিআইএসএ। উল্লেখ্য, ২০২৩ সালেও ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পানি শোধনাগারগুলোকে এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে নিশানা করেছিল।   সাইবার হামলার উৎস নিয়ে তদন্ত চলার মধ্যেই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। এক ভার্চুয়াল কেবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় ইরানের সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে দিয়ে সরাসরি মিনেসোটার ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, স্থানীয় প্রশাসনের চরম অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে এবং ইরানকে অহেতুক জড়ানো হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণের তীব্র বিরোধিতা করে সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী গভর্নর টিম ওয়ালজ সামাজিক মাধ্যমে জানান, ট্রাম্প প্রশাসন সিআইএসএ-র ওপর আঘাত হেনে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্র এখন সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়েছে। আধুনিক এই অদৃশ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ওয়াশিংটন সংকট সমাধানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও তোপ দাগেন তিনি।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৭:৭
ক্যালিফোর্নিয়ার কিংবদন্তি রেডিও স্টেশন কেসিএএল-এর সব সম্প্রচার কর্মী ছাঁটাই
ক্যালিফোর্নিয়ার কিংবদন্তি রেডিও স্টেশন কেসিএএল-এর সব সম্প্রচার কর্মী ছাঁটাই

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিংবদন্তি ক্লাসিক রক রেডিও স্টেশন ‘কেসিএএল ৯৬.৭’ (KCAL 96.7) তাদের সম্প্রচার কার্যক্রমে এক অভাবনীয় পরিবর্তন এনেছে। পুরোপুরি স্বয়ংক্রিয় এবং শুধুমাত্র মিউজিক-নির্ভর ফরম্যাটে যাওয়ার লক্ষ্যে স্টেশনের অন-এয়ার বা সম্প্রচারের সঙ্গে যুক্ত সকল কর্মীকে (ডিজে) একসঙ্গে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ইনল্যান্ড এম্পায়ারের রেডিও শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই স্টেশনে এই ব্যাপক পরিবর্তন গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। মূল প্রতিষ্ঠান অ্যানাহেইম ব্রডকাস্টিং কর্পোরেশনের দাবি, এর মাধ্যমে শ্রোতারা এখন থেকে সারা দিন শুধু বিরতিহীন গান উপভোগ করতে পারবেন।   স্টেশনটির চিফ অপারেটিং অফিসার কেলি স্যান্ডার্স জানিয়েছেন, ডিজে-বিহীন এই নতুন ফরম্যাটের অর্থ হলো সম্প্রচারে কোনো বাধা বা কথার বিরতি থাকবে না, চলবে নন-স্টপ ক্লাসিক রক মিউজিক। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "ইনল্যান্ড এম্পায়ারে কেসিএএল-এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। স্টেশনের এই নতুন অধ্যায়টি তার শক্তিশালী রক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।" তিনি আরও যোগ করেন, শ্রোতারা যেসব গান ও শিল্পীদের শুনে বড় হয়েছেন, সেসব ক্লাসিক রক মিউজিক দিয়েই স্টেশনটিকে নতুনভাবে সাজানো হয়েছে, যা শ্রোতা ও বিজ্ঞাপনদাতা উভয়ের জন্যই আরও বেশি ধারাবাহিক ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে।   কর্তৃপক্ষের এমন আকস্মিক সিদ্ধান্তে জন ডিস্যান্টিস, নিকি প্রেস্টন এবং প্যাট্রিক টিশের মতো এক ডজনেরও বেশি জনপ্রিয় অন-এয়ার ট্যালেন্ট রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। ছাঁটাইয়ের এই ঘটনাকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে ডিজে ডিস্যান্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "অবশেষে আমাদের পালাও এল। আজ সকালে কেসিএএল কর্তৃপক্ষ সকল সম্প্রচার কর্মীকে অব্যাহতি দিয়েছে। তারা একটি স্বয়ংক্রিয়, মানুষ্যবিহীন ফরম্যাটের দিকে এগোচ্ছে, যাকে বিস্ময়কর বললেও কম বলা হয়।" তবে দীর্ঘদিন কেসিএএল পরিবারের অংশ হতে পেরে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।   ছাঁটাইয়ের এই দীর্ঘ তালিকায় রয়েছেন স্টেশনের ৪২ বছরের প্রবীণ ও জনপ্রিয় ডিজে ড্যারিল নরসেলও। টানা ৩৬ বছর বিকালের শো সঞ্চালনা করা এই প্রবীণ বিদায়বেলায় দীর্ঘ পথচলার জন্য কর্তৃপক্ষের প্রতি কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন। পাশাপাশি উইকেন্ড ক্রু এবং ফিল-ইন স্টাফ হিসেবে কাজ করা সৈয়দা জাফরি, জেরেমিয়াহ পল, স্টিভ ব্রাজিলসহ আরও অনেকেই চাকরি হারিয়েছেন। দীর্ঘ ২০ বছর ধরে স্টেশনের সঙ্গে যুক্ত থাকা সৈয়দা জাফরি আক্ষেপের সুরে জানান, এই দীর্ঘ সময়ে তিনি বহু বিখ্যাত রক তারকার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, তবে রেডিওরও যে একটি নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে তা এবার প্রমাণিত হলো। সব মিলিয়ে ঠিক কতজন কর্মী এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৬:৪৮
নিউইয়র্কবাসীর জন্য সুখবর, ইউটিলিটি বিলের খরচে মিলবে ২০০ ডলারের রিবেট চেক
নিউইয়র্কবাসীর জন্য সুখবর, ইউটিলিটি বিলের খরচে মিলবে ২০০ ডলারের রিবেট চেক

বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের খরচ বেড়ে যাওয়ায় নিউইয়র্ক স্টেটের বাসিন্দাদের আর্থিক স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগের আওতায় যোগ্য বাসিন্দাদের ১০০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক পাঠানো হবে। গভর্নর ক্যাথি হোকুলের ঘোষণা করা নতুন এই ‘পাওয়ার চেক’ কর্মসূচির অধীনে আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডাকযোগে প্রাপকদের ঠিকানায় চেকগুলো পৌঁছে যাবে। মূলত ক্রমবর্ধমান জ্বালানি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়।   রাজ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সহায়তার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যাঁরা ২০২৪ করবর্ষের নিউইয়র্ক স্টেট রেসিডেন্ট আয়কর রিটার্ন জমা দিয়েছেন, পুরো বছর নিউইয়র্কে বসবাস করেছেন এবং নির্ধারিত আয়ের সীমার মধ্যে রয়েছেন, কেবল তাঁরাই এই চেক পাবেন। তবে অন্য কোনো করদাতার রিটার্নে নির্ভরশীল বা 'ডিপেন্ডেন্ট' হিসেবে অন্তর্ভুক্ত থাকলে এই অর্থ পাওয়া যাবে না। আয়ের সীমার ক্ষেত্রে যৌথভাবে কর রিটার্ন জমা দেওয়া দম্পতির সম্মিলিত আয় দেড় লাখ ডলারের কম হলে তাঁরা সর্বোচ্চ ২০০ ডলার পাবেন। আর তাঁদের আয় দেড় লাখ থেকে তিন লাখ ডলারের মধ্যে হলে মিলবে ১৫০ ডলার। অন্যদিকে, এককভাবে রিটার্ন জমা দেওয়া ব্যক্তিদের আয় দেড় লাখ ডলারের কম হলে তাঁরা ১০০ ডলার পাবেন।   সবচেয়ে বড় সুবিধা হলো, রিবেট হিসেবে পাওয়া এই অর্থ যে শুধু ইউটিলিটি বিল পরিশোধেই ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রাপকরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য যেকোনো কাজেও এই অর্থ ব্যয় করতে পারবেন। নাগরিকদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর পাশাপাশি রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও কিছু বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউটিলিটি বিলে থাকা বিভিন্ন গোপন ফি বা হিডেন চার্জ বাতিল করা, কোম্পানির নির্বাহীদের বেতন সাশ্রয়ী সেবা নিশ্চিত করার সঙ্গে যুক্ত করা এবং মূল্যস্ফীতির নিচে ব্যয় সীমিত রেখে বিকল্প বাজেট উপস্থাপনের বিধান কার্যকর করা।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৬:২৫
রানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
'দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই', ইরানিদের বীর আখ্যা পেজেশকিয়ানের

ইরানের ভবিষ্যৎ কোনো পরাশক্তি নয়, বরং দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত ও উত্তেজনার সময়ে চরম ধৈর্য এবং দৃঢ়তার পরিচয় দেওয়ায় নিজ দেশের জনগণকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই মন্তব্য করেন।   এক্সে দেওয়া ওই বার্তায় পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, নিরবচ্ছিন্ন যুদ্ধ, আন্তর্জাতিক চাপ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের সাধারণ মানুষ অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেশের পাশে দাঁড়িয়েছে। এই চলমান সংঘাতের সূত্রপাত হিসেবে তিনি ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের তৎকালীন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন। উল্লেখ্য, পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতেই ওই সময় তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।   ইরানের প্রেসিডেন্ট আরও জানান, হানিয়া হত্যাকাণ্ডের পর থেকে ইরানকে লাগাতার বহুমুখী যুদ্ধ, নানাবিধ ভূ-রাজনৈতিক চাপ এবং অবিরাম শত্রুতার মুখোমুখি হতে হয়েছে। তবে এত সব চরম প্রতিকূলতা ও সংকটের মধ্যেও দেশের জনগণ কখনো পিছপা হয়নি, বরং তারা ঐক্যবদ্ধভাবে মাতৃভূমির প্রতি সমর্থন জুগিয়েছে। জনগণের এই অটল মানসিকতা ও ত্যাগের প্রশংসা করে তিনি জোর দিয়ে বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে ইরানের ভবিষ্যৎ শেষ পর্যন্ত এর জনগণই নিজেদের হাতে গড়ে তুলবে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৫:৫৯
জর্জিয়ায় অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মৃত্যু হলো ৬ বছরের শিশুর
জর্জিয়ায় অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মৃত্যু হলো ৬ বছরের শিশুর

প্রথম শ্রেণিতে ওঠার আনন্দ নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল ছয় বছরের ছোট্ট শিশু এমারসন 'এমি' ব্রিজার্সের। কিন্তু একটি সাধারণ টনসিল অপারেশনের ঠিক আগেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় স্কুল ও কমিউনিটিতে। বার্টো কাউন্টি করোনার অফিস জানিয়েছে, এমির টনসিল সার্জারি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর করা সম্ভব হয়নি।   ঠিক কী কারণে অপারেশনের আগেই শিশুটির মৃত্যু হলো, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। করোনার জোয়েল গায়টন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর আগে এমিকে কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল, তা জানতে তারা মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ময়নাতদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।   সম্প্রতি ইউহার্লি এলিমেন্টারি স্কুল থেকে কিন্ডারগার্টেন শেষ করে প্রথম শ্রেণিতে ওঠার অপেক্ষায় ছিল এমি। স্কুল কর্তৃপক্ষের এক আবেগঘন শোকবার্তায় বলা হয়, "এমি ছিল অন্য সবার চেয়ে আলাদা, তার অভাব গভীরভাবে অনুভূত হবে।" অন্যদের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল আচরণের কারণে কিন্ডারগার্টেন শিক্ষিকা মিসেস রোজ ভালোবেসে তার নাম দিয়েছিলেন 'লিটল মামা'। স্কুলের ওপেন হাউস অনুষ্ঠানের জন্য সে গোলাপের থিমযুক্ত একটি বিশেষ পোশাকও পছন্দ করে রেখেছিল। স্কুল কর্তৃপক্ষের আক্ষেপ, "নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ওর শূন্য আসন এবং না পরা পোশাকটির কথা ভাবাই আমাদের জন্য চরম যন্ত্রণাদায়ক।"   এমির পরিবারের সহায়তায় খোলা একটি 'গোফান্ডমি' ক্যাম্পেইনের সংগঠক হিদার স্মিথ জানান, মঙ্গলবার শিশুটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে স্থানীয় একটি ফিউনারেল হোম শেষকৃত্যের সব খরচ বহনের ঘোষণা দিয়েছে। ছোট্ট এমিকে স্মরণ করতে একটি বিশেষ মোটরসাইকেল রাইডের আয়োজন করা হবে, যেখানে তার প্রিয় রঙের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই গোলাপি রঙের পোশাক পরে অংশগ্রহণ করবেন।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৫:৩৮
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

ধর্মীয় কট্টরপন্থীদের লাগাতার বিক্ষোভের মুখে ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দীর্ঘ ১৯ বছর পর অবশেষে শুক্রবার (৩১ জুলাই) সেই চেনা শহরেই ফিরে এলেন তিনি। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত তসলিমা বলেন, "আমার খুব ভালো লাগছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ"।   মূলত ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আয়োজিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই কলকাতা সফর। 'সেকুলার মিশন ট্রাস্ট' এবং 'হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটারস ফাউন্ডেশন (এইচআরবিএফএফ)'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।   প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রকাশিত তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস 'লজ্জা'-কে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও একাধিক ফতোয়া জারির পর ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হন তসলিমা। এরপর ইউরোপ ও আমেরিকায় বেশ কয়েক বছর কাটিয়ে এবং সুইডিশ নাগরিকত্ব লাভের পর তিনি কলকাতায় থিতু হন।   প্রায় ১৪ বছর সেখানে বসবাসের পর ২০০৭ সালে তাঁর উপস্থিতি নিয়ে ইসলামি সংগঠনগুলোর তীব্র ও সহিংস বিক্ষোভের জেরে তিনি কলকাতা ছাড়তে বাধ্য হন। এর আগে ২০০৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'দ্বিখণ্ডিত' নিষিদ্ধ করেছিল, যদিও দুই বছর পর কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এমনকি ২০০৬ সালে এক ইমাম তসলিমার মুখে কালি মাখানোর জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিলেন, যার ধারাবাহিকতায় পরের বছর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৫:২৩
ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রার পারদ ১১০ ডিগ্রিতে, বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা
ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রার পারদ ১১০ ডিগ্রিতে, বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা

জুলাই মাসের শেষ ভাগের অস্বস্তিকর গরমের পর এবার পুরো ক্যালিফোর্নিয়াজুড়ে শুরু হয়েছে ভয়াবহ গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে, যা রাজ্যের জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। মূলত রোববারে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূল থেকে দূরের অভ্যন্তরীণ এলাকাগুলোতে তাপমাত্রা ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করা হয়েছে।   লস অ্যাঞ্জেলেস মূল শহরে তাপমাত্রা ৮০-এর কোঠার ওপরের দিক থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলেও, সান ফার্নান্দো ভ্যালির বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ভ্যালি অঞ্চলে তাপমাত্রা অনায়াসেই তিন অঙ্কের ঘরে (ট্রিপল ডিজিট) পৌঁছে যাওয়ার কারণে পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) তাদের এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক ও চরম ক্লান্তির মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল বা সন্ধ্যার আগে বাড়ির বাইরে যেকোনো ধরনের পরিশ্রমের কাজ থেকে বিরত থাকা এবং প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রবিবার রাত ৮টা পর্যন্ত এই চরম আবহাওয়া সতর্কতা বহাল থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের হাইড্রেটেড থাকার পাশাপাশি শিশু, বয়স্ক ও প্রতিবেশী দুর্বল সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখার আহ্বান জানিয়েছে।   ইতিমধ্যে গত বৃহস্পতিবার ল্যাঙ্কাস্টার ও পামডেলের মতো অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রি অতিক্রম করেছে এবং শুক্রবার পাম স্প্রিংসে তা ১১০ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। শনিবারের জন্য পূর্ব সান গ্যাব্রিয়েল পর্বতমালায় ৯১ থেকে ১০১ ডিগ্রি তাপমাত্রার সতর্কতা জারি করা হয়। পিছিয়ে নেই উত্তর ক্যালিফোর্নিয়াও; স্যাক্রামেন্টোসহ বিভিন্ন শহরে বড় ধরনের তাপমাত্রার সতর্কতা জারি করেছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছে যে, স্যাক্রামেন্টো ভ্যালির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৯০-এর কোঠায় থাকলেও উত্তরাংশে তা ১০০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।   অস্বাভাবিক এই তাপমাত্রা ও শুষ্ক বাতাসের সংমিশ্রণ পুরো ক্যালিফোর্নিয়াজুড়ে বড় ধরনের দাবানলের ঝুঁকি তৈরি করেছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা দমকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ইঞ্জিন ও কর্মী মোতায়েন করছে। সপ্তাহান্তের পর গরমের তীব্রতা সামান্য কমার পূর্বাভাস থাকলেও, আগামী পুরো সপ্তাহজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মাত্রায় বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৪:৫৯
ক্যালিফোর্নিয়ায় সাগরে নামার পর নিখোঁজ, এক সপ্তাহ পর মিলল হাঙরের শিকার ট্রায়াথলেটের মরদেহ
ক্যালিফোর্নিয়ায় সাগরে নামার পর নিখোঁজ, এক সপ্তাহ পর মিলল হাঙরের শিকার ট্রায়াথলেটের মরদেহ

ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপকূলে সাঁতার কাটার সময় নিখোঁজ হওয়া এক নারী ট্রায়াথলেটের মৃত্যুর মর্মান্তিক কারণ প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ৫৫ বছর বয়সী এরিকা ফক্স একটি হাঙরের ভয়ংকর হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। গত ২০২৫ সালের ডিসেম্বরে ১৪ জন সঙ্গীর সাথে মন্টেরে-এর বরফশীতল জলে সাঁতার কাটার সময় তিনি নিখোঁজ হন। এক সপ্তাহ পর সান্তা ক্রুজ কাউন্টির ডেভেনপোর্ট বিচের কাছে প্রায় ২৫ মাইল দূরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে থাকা কালো রঙের ওয়েটসুটটি আংশিক ছেঁড়া অবস্থায় ছিল।   সান্তা ক্রুজ কাউন্টির শেরিফ-করোনার অফিস চলতি সপ্তাহে জানিয়েছে, হাঙরের কামড়ের ফলে সৃষ্ট গভীর ক্ষত ও পানিতে ডুবে যাওয়ার কারণেই এরিকার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের মতে, তার পেট থেকে হাঁটু পর্যন্ত হাঙরের দাঁতের অর্ধবৃত্তাকার ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। হাঙরের একটিমাত্র কামড়ে তার পেলভিস বা শ্রোণিচক্র ভেঙে যায় এবং একটি প্রধান ধমনী বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শার্ক ল্যাবের মেরিন বায়োলজির অধ্যাপক ক্রিস লোয়ে ধারণা করছেন, হাঙরটি হয়তো এরিকাকে কোনো সিল বা সি লায়ন ভেবে ভুল করেছিল। তার মতে, হাঙরের বিশাল আকারের কারণে প্রথম আঘাতেই এরিকা সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।   স্বামী জিন-ফ্রান্সিস ভ্যানরিউসেলের সাথে প্যাসিফিক গ্রোভে 'কেল্প ক্রলারস' নামের একটি সুইমিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন এরিকা। মর্মান্তিক ওই ঘটনার দিন তিনি এই ক্লাবের সাপ্তাহিক সাঁতারে অংশ নিচ্ছিলেন। হঠাৎ পানিতে বিশাল একটি শব্দ (স্প্ল্যাশ) শুনে সাঁতারুরা হাঙরের আক্রমণের আশঙ্কা করেন। বাকিরা নিরাপদে তীরে ফিরতে পারলেও এরিকার আর খোঁজ মেলেনি। কোস্টগার্ডের তথ্যমতে, সে সময় প্রত্যক্ষদর্শীরা একটি হাঙরকে তার মুখে মানুষের শরীর নিয়ে পানিতে ডুব দিতে দেখেছিলেন, যা ময়নাতদন্তের রিপোর্টের সাথে পুরোপুরি মিলে যায়।   আশ্চর্যের বিষয় হলো, এরিকা ফক্স একসময় তার সোশ্যাল মিডিয়ায় গ্রেট হোয়াইট শার্কের পাশে একজন ডুবুরির সাঁতার কাটার ছবি শেয়ার করে মজা করে লিখেছিলেন, 'এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী (মানুষ), আর তার পাশেই একটি হাঙর শান্তভাবে সাঁতার কাটছে।' তার মৃত্যুর পর কেল্প ক্রলারসের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অনেকেই শোক প্রকাশ করার পাশাপাশি হাঙরের আক্রমণ থেকে বাঁচতে শিকারের মতো দেখতে কালো ওয়েটসুটের বদলে ভিন্ন রঙের বা ওর্কা (কিলার হোয়েল) প্যাটার্নের ওয়েটসুট তৈরির দাবি তুলেছেন। কেউ কেউ আবার এলইডি লাইট ব্যবহার করে হাঙর তাড়ানোর আধুনিক বৈজ্ঞানিক গবেষণার কথাও উল্লেখ করেছেন। ২০২২ সালের জুনের পর লাভার্স পয়েন্টে এটি তৃতীয় হাঙরের আক্রমণ। এর আগে কেল্প ক্রলারসের আরেক সদস্য ৬২ বছর বয়সী স্টিভ ব্রুমার হাঙরের হামলায় গুরুতর আহত হলেও সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৪:৩৭
১২ ঘণ্টার ব্যবধানে ৩৩তম বিসিএসের দুই স্বাস্থ্য ক্যাডারের মৃত্যু
১২ ঘণ্টার ব্যবধানে ৩৩তম বিসিএসের দুই স্বাস্থ্য ক্যাডারের মৃত্যু, শোক প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের দুই কর্মকর্তা। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত এবং শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়। চিকিৎসা অঙ্গনের এই দুই মেধাবী কর্মকর্তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।   প্রয়াত এই দুই চিকিৎসক হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের কিউরেটর ডা. আবু ঈসা মো. আরাফাত ইমাম এবং নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোমেনুল ইসলাম। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. আরাফাত ইমাম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।   মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।   অন্যদিকে, শনিবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ডা. মোমেনুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন এই শিক্ষার্থীর বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। মৃত্যুকালে তিনিও স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুই চিকিৎসকের অকাল মৃত্যুতে শনিবার বিকেলে এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৪:৮
নিউইয়র্কে আবাসন সংকটের সমাধানে পড়ে থাকা সরকারি জমিতে ৫০ হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা মামদানির I কোলাজ: আমেরিকা বাংলা
নিউইয়র্কে আবাসন সংকটের সমাধানে পড়ে থাকা সরকারি জমিতে ৫০ হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা মামদানির

নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় একটি ডাবল-ডেকার বাসে চড়ে সম্প্রতি নগরবাসীকে এমন কিছু দেখিয়েছেন মেয়র মামদানি, যা সাধারণত আগের মেয়ররা আড়াল করতেই পছন্দ করতেন। বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিগুলোকে এবার আবাসনের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি। নগরীর প্রায় ১০০টি এমন স্থানে সব মিলিয়ে ৫০ হাজার বাড়ি নির্মাণের বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে এমন কিছু জায়গাও রয়েছে, যার জন্য ২০১৮ সালে জমি পুনঃনির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কখনোই আলোর মুখ দেখেনি।   নিউইয়র্কের পূর্ববর্তী দুই মেয়র আবাসন সংকট মেটাতে অব্যবহৃত সরকারি জমি চিহ্নিত করলেও সেখানে কোনো ভবন নির্মাণ করে যেতে পারেননি। তবে মেয়র মামদানি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ক্রমবর্ধমান ব্যয়ের কারণে নিউইয়র্কবাসী যখন শহর ছাড়তে বাধ্য হচ্ছেন, তখন এই টাস্কফোর্সের একমাত্র কাজ ছিল শহরের পড়ে থাকা প্রতিটি সরকারি জমি খুঁজে বের করা। সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র জানান, দীর্ঘকাল ধরে পড়ে থাকা বা বিলম্বিত হওয়া এই জায়গাগুলোর উন্নয়নকাজ কীভাবে দ্রুততর করা যায়, সেটাই এখন তাদের মূল লক্ষ্য।   দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় মামদানির প্রশাসন একটি অনলাইন ট্র্যাকার চালু করেছে। এর মাধ্যমে নিউইয়র্কবাসী এখন নিজ চোখেই এসব প্রকল্পের অগ্রগতি দেখতে পারবেন। এটি কেবল কোনো সংবাদ বিজ্ঞপ্তির ফাঁকা বুলি নয়। পূর্ববর্তী প্রশাসনগুলোর আমলে প্রায় এক দশক ধরে পড়ে থাকা জমিগুলোতে অবশেষে কাজ শুরু হতে যাচ্ছে। প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে যে, প্রতি বছর অন্তত পাঁচটি নতুন সাইটের জন্য তারা উন্নয়নের প্রস্তাবনা প্রকাশ করবে।   এখন আর নগরবাসীকে সিটি হলের কথার ওপর অন্ধবিশ্বাস রাখতে হবে না। ট্র্যাকারের মাধ্যমে যে কেউ রিয়েল-টাইমে দেখতে পারবেন তাদের পাশের রাস্তার পড়ে থাকা জমিটির কী অবস্থা। মেয়রের আবাসন বিষয়ক ডেপুটি স্পষ্টভাবে জানিয়েছেন, শহরে এখন আর সহজে কাজ করার মতো খালি জায়গা খুব একটা অবশিষ্ট নেই; আগের প্রশাসনগুলোর ফেলে রাখা জটিল জায়গাগুলো নিয়েই তাদের কাজ করতে হচ্ছে। কোনো ডেভেলপারকে বছরের পর বছর জমি ফেলে রাখার সুযোগ না দিয়ে, সরকারি জমিকে সত্যিকার অর্থে জনগণের সম্পদ হিসেবে কীভাবে ব্যবহার করতে হয়, মেয়র মামদানির এই ৫০ হাজার বাড়ির উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রকাশ : আগস্ট ১, ২০২৬ ১৩:৫১