যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে
যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থায় পরিচালিত নতুন এক সাইবার হামলায় আধুনিক মনিটরিং ও নিয়ন্ত্রণ প্রযুক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনেসোটা ও মিশিগানসহ একাধিক অঙ্গরাজ্যের পানি শোধনাগার ও ইউটিলিটি সেন্টারগুলোতে স্বয়ংক্রিয় ব্যবস্থা অচল হয়ে পড়ায় বাধ্য হয়ে হস্তচালিত বা ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালনা করতে হচ্ছে। মার্কিন তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে যে, এই নাশকতামূলক সাইবার হামলার পেছনে ইরানি হ্যাকারদের হাত রয়েছে কি না। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কর্মকর্তারা। তদন্তকারীরা এটিও ক্ষতিয়ে দেখছেন যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার সুযোগ নিয়ে অন্য কোনো গোষ্ঠী ইরানের নাম ভাঙিয়ে বিভ্রান্তি তৈরি করছে কি না।
তথ্য অনুযায়ী, কেবল মিনেসোটাতেই ৩০টিরও বেশি এলাকার স্থানীয় পানি সরবরাহ কেন্দ্রের ‘প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার’ (পিএলসি) প্রযুক্তি হামলার শিকার হয়েছে। তবে সময়মতো স্থানীয় টেকনিশিয়ানদের পদক্ষেপে পানীয় জলের সরবরাহ, মান বা চাপে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। ঘটনার পর ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং অ্যানভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) থেকে যৌথভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্টারনেট-সংযুক্ত সব পিএলসি ডিভাইস অবিলম্বে জনসমক্ষে উন্মুক্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে সিআইএসএ। উল্লেখ্য, ২০২৩ সালেও ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পানি শোধনাগারগুলোকে এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে নিশানা করেছিল।
সাইবার হামলার উৎস নিয়ে তদন্ত চলার মধ্যেই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। এক ভার্চুয়াল কেবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় ইরানের সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে দিয়ে সরাসরি মিনেসোটার ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, স্থানীয় প্রশাসনের চরম অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে এবং ইরানকে অহেতুক জড়ানো হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণের তীব্র বিরোধিতা করে সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী গভর্নর টিম ওয়ালজ সামাজিক মাধ্যমে জানান, ট্রাম্প প্রশাসন সিআইএসএ-র ওপর আঘাত হেনে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্র এখন সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়েছে। আধুনিক এই অদৃশ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ওয়াশিংটন সংকট সমাধানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও তোপ দাগেন তিনি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ১৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে এক বছরে ৫ হাজার ২২৩ জন শিক্ষার্থী কমেছে। ২০২৬ সালের শরৎকালীন ভর্তি পরিসংখ্যান অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১০৭ জনে। আগের বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৫৯ হাজার ৩৩০। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিক্ষার্থী ভর্তির হার কমেছে প্রায় ২ শতাংশ। মিশিগান অ্যাসোসিয়েশন অব স্টেট ইউনিভার্সিটিজের (এমএএসইউ) প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের ১৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটিতে শিক্ষার্থীসংখ্যা কমেনি। এগুলো হলো ইউনিভার্সিটি অব মিশিগান, ইউনিভার্সিটি অব মিশিগান-ফ্লিন্ট এবং ওয়েইন স্টেট ইউনিভার্সিটি। বাকি ১২টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা কমেছে। গত কয়েক বছর ধরে ভর্তি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ২০২৬ সালের এই পতনে সাম্প্রতিক অগ্রগতি অনেকটাই ম্লান হয়ে গেছে। ২০২২ সালে এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ২ লাখ ৫৬ হাজার ৩৯৬ জন, যা ২০২৫ সালে বেড়ে ২ লাখ ৫৯ হাজার ৩৩০ জনে পৌঁছেছিল। শিক্ষার্থী হারানোর সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় পতন হয়েছে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে। গত বছরের তুলনায় সেখানে ৮৯৭ জন শিক্ষার্থী কমেছে, যা প্রায় ১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে, শতকরা হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী হারিয়েছে লেক সুপিরিয়র স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীসংখ্যা ১ হাজার ৪৪০ থেকে কমে ১ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে, যা ১৪ দশমিক ৪ শতাংশের পতন। নর্দার্ন মিশিগান ইউনিভার্সিটি ও ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটিতেও প্রায় ৬ শতাংশ করে শিক্ষার্থী কমেছে। অন্যদিকে, ইউনিভার্সিটি অব মিশিগানে শিক্ষার্থী বেড়েছে ৬৯৩ জন বা প্রায় ১ দশমিক ৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীসংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ১৮১ জনে। ইউনিভার্সিটি অব মিশিগান-ফ্লিন্টে শিক্ষার্থী বেড়েছে ১৩৯ জন, যা প্রায় ২ শতাংশ। ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে ১৪ জন শিক্ষার্থী বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮২ জনে। তবে এই সামান্য বৃদ্ধিকে বড় ধরনের সম্প্রসারণ না বলে প্রায় স্থিতিশীল পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। মিশিগানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীসংখ্যা কমার পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। মিশিগান অ্যাসোসিয়েশন অব স্টেট ইউনিভার্সিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান হার্লির মতে, উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীর সংখ্যা দীর্ঘদিন ধরে কমে আসা এই সংকটের অন্যতম কারণ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ভ্রমণ ও শিক্ষার্থী ভিসাসংক্রান্ত নীতির প্রভাবেও আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বাধা তৈরি হয়েছে। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীসংখ্যা প্রায় ৫ শতাংশ কমেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও প্রবেশসংক্রান্ত বিধিনিষেধের প্রভাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়েস্টার্ন ইন্টারস্টেট কমিশন ফর হায়ার এডুকেশনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ থেকে ২০৪১ সালের মধ্যে মিশিগানে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ শতাংশ কমতে পারে। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শিক্ষার্থী ধরে রাখা, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ এবং আর্থিক সহায়তার সুযোগ বাড়ানো আগামী বছরগুলোতে মিশিগানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সূত্র: হায়ার এড ডাইভ, মিশিগান অ্যাসোসিয়েশন অব স্টেট ইউনিভার্সিটিজ এবং ব্রিজ মিশিগান।
নিউ ইয়র্কে সন্ধ্যায় জগিংয়ে বেরিয়ে হামলার শিকার নারী, হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে
বাবার চিকিৎসার খরচ জোগাতে না খেয়ে থাকতেন নিউ ইয়র্কের তরুণী, শেষ পরিণতি হাসপাতালে
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলকে হত্যার হুমকি, মিশিগান থেকে এক ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বোটক্স চিকিৎসা জালিয়াতির ঘটনায় ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ফেডারেল আদালত। ভুয়া চিকিৎসা দেখিয়ে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ ডলারের বেশি আদায়ের অভিযোগে দোষী সাব্যস্ত হন ভায়োলেটা মাইলিয়ান (৪৫)। জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি টেসলা সাইবারট্রাক, বিলাসবহুল বাড়ি, দামি শিল্পকর্মসহ নানা সম্পদ কিনেছিলেন। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার তাকে এই সাজা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার ৩০ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার গ্লেনডেল শহরে হেলদি ওয়ে মেডিকেল সেন্টার পরিচালনা করতেন মাইলিয়ান। সেখানে বোটক্স চিকিৎসার নামে মেডিকেয়ারের কাছে হাজার হাজার ভুয়া বিল জমা দেন তিনি। অথচ এসব চিকিৎসার অনেকগুলোই বাস্তবে দেওয়া হয়নি। কিছু ক্ষেত্রে সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে বোটক্স ইনজেকশন দেওয়া হলেও সেগুলোকে চিকিৎসাগত প্রয়োজন হিসেবে দেখানো হয়। যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার নির্দিষ্ট চিকিৎসাগত শর্ত পূরণ সাপেক্ষে দীর্ঘস্থায়ী মাইগ্রেনের চিকিৎসায় বোটক্সের খরচ বহন করে। কিন্তু মাইলিয়ান এই নিয়মের অপব্যবহার করে ভুয়া রোগনির্ণয় ও চিকিৎসার নথি তৈরি করে অর্থ আদায় করেন। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চিকিৎসাকেন্দ্র বন্ধ থাকার দিনগুলোতেও তিনি রোগীদের বোটক্স চিকিৎসা দেওয়ার দাবি করে মেডিকেয়ারে বিল জমা দিয়েছেন। এ ধরনের ভুয়া বিলের পরিমাণ ছিল ১ কোটি ৯০ লাখ ডলারের বেশি। শুধু তাই নয়, মেক্সিকোর কাবো, হাওয়াই, লাস ভেগাস, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে ছুটি কাটানোর সময়ও ক্যালিফোর্নিয়ায় রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি করেছেন তিনি। একবার মেক্সিকোর কাবো সমুদ্রসৈকতে অবস্থান করার সময়ও গ্লেনডেলের চিকিৎসাকেন্দ্রে রোগীদের বোটক্স দেওয়ার কথা উল্লেখ করে বিল জমা দেন। ওই সময়ে ২ লাখ ডলারের বেশি মূল্যের চিকিৎসাসেবা দেওয়ার দাবি করা হয়েছিল। জালিয়াতির ঘটনা আড়াল করতে তদন্তকারীদের কাছেও ভুয়া তথ্য উপস্থাপন করেন মাইলিয়ান। সরকারি তদন্ত সংস্থার অনুসন্ধান শুরু হলে তিনি রোগীদের চিকিৎসার নথি পরিবর্তন করেন এবং মেডিকেয়ার সুবিধাভোগীদের স্বাক্ষর জাল করেন। এমনকি একজন ফেডারেল কারাগারে বন্দি ব্যক্তির নামেও বোটক্স চিকিৎসা দেওয়ার নথি তৈরি করেন। অথচ যে সময়ে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার দাবি করা হয়, তখন তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে এসব জাল নথি তদন্তকারীদের কাছে জমা দিয়ে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করেন। জালিয়াতির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন এই চিকিৎসক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, তিনি দুটি টেসলা গাড়ি কেনেন, যার মধ্যে রয়েছে একটি সাইবারট্রাক ও একটি মডেল এক্স। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় পাঁচটি আবাসন সম্পত্তি কেনার পেছনেও জালিয়াতির অর্থ ব্যবহার করা হয়। তার কেনাকাটার তালিকায় ছিল সপ্তদশ শতাব্দীর একটি প্রাচীন ক্রসবো, যার দাম ১২ হাজার ডলার, এবং ৩ হাজার ডলারের একটি চিত্রকর্ম। এসব সম্পদ ও বিলাসী কেনাকাটার তথ্য তদন্তে উঠে আসার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মেডিকেয়ারের অর্থপ্রাপ্তির অস্বাভাবিক হিসাব থেকেই প্রথমে সন্দেহ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, চার বছরে মাইলিয়ান মেডিকেয়ার থেকে ২ কোটি ৪০ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছিলেন। বোটক্স চিকিৎসার জন্য অর্থপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে তার অবস্থান ছিল সবার ওপরে। পরবর্তী সর্বোচ্চ অর্থপ্রাপ্ত চিকিৎসকগোষ্ঠীর তুলনায় তার প্রাপ্ত অর্থ ছিল প্রায় ছয় গুণ। তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়। ২০২৬ সালের মে মাসে ছয় দিনব্যাপী বিচার শেষে ফেডারেল জুরি বোর্ড তাকে প্রতারণার নয়টি এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অপরাধের তদন্তে বাধা দেওয়ার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১ কোটি ৬০ লাখ ডলারের বেশি মূল্যের জব্দ করা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মেডিকেয়ারকে ৩ কোটি ২৯ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মহাপরিদর্শকের কার্যালয় এবং ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই যৌথভাবে এই জালিয়াতির তদন্ত পরিচালনা করে। সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎ এবং করদাতাদের অর্থের অপব্যবহারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকছে এই ঘটনা।
খুলনার শেখ আল আমিন এখন মার্কিন সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার
আজীবন সমুদ্রভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে বন্ধ ক্রুজ, বিপুল অর্থ হারিয়েও অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট দুই বোন
পিটিশনকারী মারা গেলেও তিন ক্ষেত্রে চলতে পারে গ্রিন কার্ডের আবেদন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নারী সহকর্মীদের অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগে চার্লস ‘চাক’ উইলিয়াম স্টার্নস তৃতীয় (৫২) নামের এক সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর ইউএস মার্শালের একটি দল গার্ডেন গ্রোভ পুলিশ বিভাগের সাবেক এই সার্জেন্টকে গ্রেপ্তার করে। অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ ও একাধিক যৌন নিপীড়নসহ মোট চারটি গুরুতর (ফেলোনি) অভিযোগ আনা হয়েছে। ঘটনাগুলো এক দশকেরও বেশি সময় ধরে ঘটেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ২০০৭ সালের মার্চ মাসে। স্টার্নস তখন একজন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ ইউনিয়নের সভাপতি ছিলেন। অভিযোগ অনুযায়ী, স্ট্যানটনের একটি বারের রেস্টরুম থেকে বের হওয়ার সময় তিনি এক নারী সহকর্মীকে অপহরণ করে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্কিং লটে নিয়ে যান। সেখানে অপর দুই পুলিশ কর্মকর্তা এসে বাধা দেওয়ার আগ পর্যন্ত তিনি ওই নারীর ওপর নিপীড়ন চালান। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২০ সালের মার্চ মাসে। লং বিচ এলাকার একটি বার থেকে পুলিশের একটি লাউঞ্জে ফেরার পথে গাড়ির ভেতরেই তিনি বিভাগের আরেক নারী কর্মীকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে। অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "পুলিশের ব্যাজ কোনোভাবেই জবাবদিহি থেকে বাঁচার ঢাল হতে পারে না। আমরা আনন্দিত যে এই জঘন্য অপরাধগুলো অবশেষে প্রকাশ্যে এসেছে এবং নীরবতা ভেঙে ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে যাচ্ছেন।" জানা গেছে, ২০০৫ সালে গার্ডেন গ্রোভ পুলিশ বিভাগে যোগ দেওয়া স্টার্নস পরবর্তীতে পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হন এবং ২০২৫ সালে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান। তবে যৌন হয়রানির অভিযোগে তদন্ত চলাকালে প্রশাসনিক ছুটিতে থাকা অবস্থায় চলতি বছরের মে মাসে তিনি অবসরে যান।
যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম আবেদনকারীদের বাড়ি কেনার অর্থায়ন কীভাবে কাজ করে?
ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জোয়ার, পানির নিচে বে এরিয়ার বিস্তীর্ণ এলাকা