- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ আসনে নিজেদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিয়ে এক নতুন রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আইওয়া ও টেক্সাসের এই নির্বাচনগুলোতে তাদের দেওয়া এই সমর্থনকে নিজ নিজ দলের ওপর তাদের প্রভাব ও জনপ্রিয়তার এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই লড়াই প্রমাণ করবে ট্রাম্প নিজে ব্যালটে না থেকেও তার রিপাবলিকান ভোটারদের ভোটকেন্দ্রে টেনে আনতে পারেন কি না, এবং একইসঙ্গে ওবামা ডেমোক্র্যাটদের সেই হারানো ভোটারদের পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম কি না, যারা একসময় তাকে ভোট দিলেও সাম্প্রতিক সময়ে রিপাবলিকানদের দিকে ঝুঁকেছেন। আসন্ন এই নির্বাচনে এখন পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ আসনে নিজেদের ডেমোক্র্যাট প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন বারাক ওবামা। তারা হলেন—আইওয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে স্টেট রিপ্রেজেন্টেটিভ জশ টুরেক, টেক্সাস সিনেট নির্বাচনে জেমস ট্যালারিকো এবং টেক্সাসের গভর্নর পদে জিনা হিনোজোসা। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে শত শত প্রার্থীকে সমর্থন দেওয়া ডোনাল্ড ট্রাম্প এই তিন আসনেই ওবামার প্রার্থীদের কট্টর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের বেছে নিয়েছেন। এই আসনগুলোতে ট্রাম্পের সমর্থিত প্রার্থীরা হলেন—আইওয়া সিনেটে রিপ্রেজেন্টেটিভ অ্যাশলি হিনসন, টেক্সাস সিনেটে বর্তমান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এবং টেক্সাসের বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবট। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প আইওয়া ও টেক্সাস—উভয় রাজ্যেই ডাবল ডিজিটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক উদ্বেগের কারণে বর্তমান প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের সুযোগকে কাজে লাগিয়ে এবার এই রাজ্যগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইছে ডেমোক্র্যাট শিবির। তাদের বিশ্বাস, ওবামার মতো প্রভাবশালী নেতার সমর্থন দলের প্রার্থীদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসন শুস্টার এক বিবৃতিতে ট্রাম্পের সমর্থনকে মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে 'শক্তিশালী সমর্থন' হিসেবে দাবি করেছেন। তার মতে, ১৮৫টি আসনের মধ্যে ১৮৩টিতে জিতে ট্রাম্পের সাফল্যের হার যেখানে ৯৯ শতাংশ, সেখানে অন্য কিছু দাবি করাটা চরম বোকামি। অন্যদিকে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) জাতীয় প্রেস সেক্রেটারি নাটালি বালদাসারে কটাক্ষ করে বলেছেন, টেক্সাস ও আইওয়ার মতো ঘোর লাল (রিপাবলিকান) রাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের জন্য ওবামার সমর্থন জুলাই মাসে বরফ সরানোর বেলচার মতোই অপ্রয়োজনীয়। আগামী নভেম্বরের নির্বাচনে এই দুই রাজ্যেই রিপাবলিকানরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ ১৬৭.৩ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে যাওয়া জেমস ফার্দিং আবারও খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার কোনো দাতব্য কাজ বা ইতিবাচক অর্জনের জন্য নয়, লটারি জেতার এক বছরের মাথায় চতুর্থবারের মতো পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি সংবাদের শিরোনামে এসেছেন। পারিবারিক সহিংসতার গুরুতর অভিযোগে রোববার তাকে স্কট কাউন্টি জেল হাজতে পাঠানো হয়। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ৫১ বছর বয়সী জেমস ফার্দিং একটি বোট ভ্রমণ শেষে ফেরার পর এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ওই নারীর গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা চালান। ভুক্তভোগী নারীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির স্ট্র্যাঙ্গুলেশন (শ্বাসরোধ) এবং পারিবারিক নির্যাতনের মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতে জেমস নিজেকে নির্দোষ দাবি করলে বিচারক ১৫ হাজার ডলারের মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন এবং ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করে তার পায়ে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরানোর নির্দেশ দেন। অথচ ২০২৫ সালের এপ্রিলে জ্যাকপট জেতার পর নিজের মায়ের সমস্ত ঋণ পরিশোধ ও অর্থ ভাগ করে নেওয়ার ঘোষণা দিয়ে সংবাদমাধ্যমে প্রশংসিত হয়েছিলেন তিনি। বিশাল অঙ্কের এই লটারি জেতার পর থেকেই একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়েন জেমস। জ্যাকপট পাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় ২০২৫ সালের মে মাসে ফ্লোরিডার এক রিসোর্টে পুলিশ কর্মকর্তাকে লাথি মেরে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এক নারীকে ভয়ভীতি প্রদর্শন ও বাড়িতে অবৈধ অস্ত্র-মাদক রাখার অভিযোগে দ্বিতীয়বার এবং মার্চ মাসে ১২ হাজার ডলার চুরির অভিযোগে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হন তিনি। ১৯৯৪ সাল থেকেই তার বিরুদ্ধে চুরি ও মাদকের পুরোনো অপরাধের রেকর্ড থাকলেও, লটারি বিজয়ী হওয়ার পরও তার জীবনে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো লাগাম টানা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার পার্ট ডি-এর একটি গুরুত্বপূর্ণ ভর্তুকি কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী আমেরিকানদের প্রেসক্রিপশন ওষুধের ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুলনামূলকভাবে কম রাখা হতো। প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ২০২৭ সাল থেকে অনেক সুবিধাভোগীর মাসিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যেতে পারে। মঙ্গলবার সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস)-এর প্রশাসক ডা. মেহমেত ওজ জানান, চলতি বছরের শেষেই ভর্তুকি কর্মসূচির মেয়াদ শেষ হবে এবং এটি আর নবায়ন করা হবে না। তার দাবি, এই কর্মসূচি এখন আর প্রয়োজনীয় নয় এবং এটি মূলত বড় বেসরকারি স্বাস্থ্যবীমা কোম্পানিগুলোকেই আর্থিকভাবে লাভবান করছিল। মেডিকেয়ার পার্ট ডি হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্যবীমা কর্মসূচির একটি অংশ, যা ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং নির্দিষ্ট প্রতিবন্ধী ব্যক্তিদের প্রেসক্রিপশন ওষুধের খরচ বহনে সহায়তা করে। কয়েক কোটি আমেরিকান এই কর্মসূচির আওতায় ওষুধের ইন্স্যুরেন্স সুবিধা পান। প্রশাসনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ভর্তুকি বন্ধ হওয়ার প্রভাব ২০২৭ সালের পরিকল্পনাগুলোতে দেখা যাবে। চলতি বছরের শরৎ মৌসুমে মেডিকেয়ার ওপেন এনরোলমেন্টের আগে সুবিধাভোগীরা তাদের নতুন মাসিক প্রিমিয়ামের তথ্য জানতে পারবেন। স্বাস্থ্যনীতি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান কেএফএফ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে সরকার বীমা কোম্পানিগুলোকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দেয়, যাতে মেডিকেয়ার পার্ট ডি-এর গড় মাসিক প্রিমিয়াম প্রায় ৩৬ ডলারের মধ্যে রাখা যায়। ভর্তুকি প্রত্যাহারের ফলে কিছু গ্রাহকের মাসিক প্রিমিয়াম সর্বোচ্চ ২০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে কেএফএফের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, অধিকাংশ সুবিধাভোগীর ওপর এর প্রভাব সীমিত থাকবে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, প্রায় অর্ধেক নিবন্ধিত ব্যক্তি হয় মাসে ১০ ডলারের কম প্রিমিয়াম বৃদ্ধি দেখবেন, নয়তো তাদের প্রিমিয়াম অপরিবর্তিত থাকবে বা কমে যেতে পারে। এছাড়া অধিকাংশের জন্য কম খরচের বিকল্প পরিকল্পনাও উপলব্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডা. মেহমেত ওজ বলেন, “আমরা বাজারকে স্থিতিশীল করছি, তাই এই বেইলআউটের আর প্রয়োজন নেই। অধিকাংশ মেডিকেয়ার সুবিধাভোগীর প্রিমিয়াম ১০ ডলারেরও কম বাড়বে, আর অনেকেই কম প্রিমিয়াম পরিশোধ করবেন।” এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন স্বাস্থ্যসেবার ব্যয় এবং প্রেসক্রিপশন ওষুধের দাম যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় চালু হওয়া এই ভর্তুকি কর্মসূচি মূলত বীমা কোম্পানিগুলোর জন্য আর্থিক সহায়তায় পরিণত হয়েছিল। অন্যদিকে, বাইডেন প্রশাসনের অবস্থান ছিল ভিন্ন। তাদের দাবি, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মাধ্যমে সরকার প্রথমবারের মতো কিছু ব্যয়বহুল ওষুধের দাম নিয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি দরকষাকষির ক্ষমতা পায়, যা দীর্ঘমেয়াদে প্রবীণ নাগরিকদের ওষুধের ব্যয় কমাতে সহায়ক হবে। নতুন সিদ্ধান্তের ফলে আগামী বছরগুলোতে মেডিকেয়ার পার্ট ডি-এর আওতাভুক্ত অনেক প্রবীণ ও প্রতিবন্ধী আমেরিকানকে তাদের প্রেসক্রিপশন ওষুধের ইন্স্যুরেন্স পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করতে হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, ওপেন এনরোলমেন্টের সময় বিভিন্ন পরিকল্পনার প্রিমিয়াম, ওষুধের কভারেজ এবং ব্যক্তিগত চিকিৎসা ব্যয় তুলনা করে উপযুক্ত পরিকল্পনা নির্বাচন করা উচিত।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের মাউন্ট ব্লু স্কাইয়ের চূড়ায় বজ্রপাতের হাত থেকে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। ক্লিয়ার ক্রিক কাউন্টির শেরিফ অফিস ও নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ওই কিশোরের নাম লেভি স্ট্রবেল। রোববার দুপুর ১টা ২২ মিনিটে ক্লিয়ার ক্রিক কাউন্টির জননিরাপত্তা সংস্থাগুলো মাউন্ট ব্লু স্কাইয়ের চূড়ায় বজ্রপাতের কারণে হতাহতের ঘটনার খবর পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ক্লিয়ার ক্রিক ফায়ার অথরিটি, ক্লিয়ার ক্রিক ইএমএস, ডেনভার মাউন্টেন পার্ক, আলপাইন রেসকিউ টিম এবং ক্লিয়ার ক্রিক কাউন্টি শেরিফ অফিস। ডেনভার মাউন্টেন পার্কের রেঞ্জাররা তাৎক্ষণিকভাবে লেভিকে বাঁচানোর চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে ক্লিয়ার ক্রিক কাউন্টির করোনার অফিস নিহত কিশোরকে লেভি স্ট্রবেল হিসেবে শনাক্ত করে। শেরিফ অফিস জানিয়েছে, এই ঘটনায় আহত লেভির ছোট ভাইকে 'ফ্লাইট ফর লাইফ কলোরাডো'র একটি হেলিকপ্টারে করে দ্রুত ডেনভার এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য জানা যায়নি। এক শোকবার্তায় স্ট্রবেল পরিবার জানিয়েছে, "মাউন্ট ব্লু স্কাইতে বজ্রপাতে আমাদের প্রিয় লেভির আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শেষ মুহূর্তে লেভি তার ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করে তার জীবনের চিরচেনা সাহস ও নিঃস্বার্থতার চরম উদাহরণ রেখে গেছে।" শেরিফ অফিস জানিয়েছে, দুই ভাই পাঁচজনের একটি দলের সঙ্গে পাহাড়ে হাইকিংয়ে গিয়েছিল। দলের অন্য দুই প্রাপ্তবয়স্ক সদস্যও সামান্য আহত হয়েছেন, তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
লেখিকা ই. জিন ক্যারলের দায়ের করা যৌন হেনস্থা ও মানহানির মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন খারিজ হওয়ার মাত্র দুই সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার লক্ষ্য ক্যারলের পক্ষে দেওয়া ৮৩.৩ মিলিয়ন ডলারের আরেকটি মানহানির রায় বাতিল করা। ২০২৩ এবং ২০২৪ সালের দুটি পৃথক দেওয়ানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। প্রথম মামলায় জুরিরা রায় দিয়েছিলেন যে, ১৯৯০-এর দশকে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ক্যারলকে যৌন হেনস্থা করেছিলেন ট্রাম্প এবং ২০১৯ সালে ক্যারল বিষয়টি প্রকাশ্যে আনার পর ট্রাম্প তাকে মানহানি করেছেন। এই মামলায় ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা সুদসহ ৫.৬ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে, ২০২৪ সালের দ্বিতীয় মামলায় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ক্যারলের অভিযোগ অস্বীকার করে মানহানিকর মন্তব্য করার কারণে ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেয় আদালত। সেসময় ট্রাম্প ক্যারলকে "অস্বাভাবিক" (whack job) বলে উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন যে ক্যারলের সঙ্গে তার কখনোই দেখা হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে, আপিল আদালত এই মন্তব্যগুলো করার সময় ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি (প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা) ছিল কি না, তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। আইনজীবীরা আবেদনে উল্লেখ করেন, "আমাদের দেশের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে একজন প্রেসিডেন্টকে তার পদে থাকাকালীন কাজের জন্য ক্ষতিপূরণ দিতে বলা হচ্ছে।" বর্তমান বিচার বিভাগও (যার নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের সাবেক অ্যাটর্নি টড ব্ল্যাঞ্চ) সুপ্রিম কোর্টে ট্রাম্পের এই আপিলের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, হোয়াইট হাউস থেকে দেওয়া ওই বক্তব্যগুলো ফেডারেল কর্মকর্তা হিসেবে তার দায়িত্বের আওতাভুক্ত ছিল। উল্লেখ্য, বছরের পর বছর ধরে ট্রাম্প এই রায়গুলো বাতিলের চেষ্টা করলেও নিম্ন আদালত তার আপিল খারিজ করে দিয়েছে। ২০২৪ সাল থেকে আদালতের নিয়ন্ত্রিত একটি অ্যাকাউন্টে জমা থাকা ৮৩.৩ মিলিয়ন ডলারের ওপর এখন পর্যন্ত ঠিক কত পরিমাণ সুদ জমা হয়েছে, তা স্পষ্ট নয়।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অনুষ্ঠিত বিখ্যাত ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল থেকে ২৮ বছর বয়সী এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কায়লা বোইসভার্ট নামের ওই তরুণী পেশায় একজন ইভেন্ট প্যারামেডিক বা চিকিৎসাকর্মী। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) দেওয়া তথ্যমতে, সোমবার রাত সোয়া ২টার দিকে সালমো শহরের শাম্ভালা মিউজিক ফেস্টিভ্যালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে জোর তল্লাশি ও তদন্ত শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, অন্টারিওর ট্রেনটনের বাসিন্দা কায়লা কেবল এই উৎসবে যোগ দেওয়ার জন্যই ব্রিটিশ কলাম্বিয়ায় এসেছিলেন। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, রবিবার বিকেলে 'থ্রেডস'-এ এক বন্ধুর সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, অবশেষে এই রত্নের (বন্ধুর) সঙ্গে আনন্দ করতে ব্রিটিশ কলাম্বিয়ায় এসে পৌঁছেছেন। উৎসবস্থলে তার সঙ্গে থাকা এক বন্ধু জানিয়েছেন, রাত ৩টার দিকে কায়লার সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে কায়লার ফোন বন্ধ বা সংযোগের বাইরে রয়েছে। কায়লার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ওই বন্ধু ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তিনি স্থানীয় সব হাসপাতালে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও কায়লার কোনো নাম বা তথ্য নেই। নিখোঁজ হওয়ার সময় কায়লার পরনে একটি গ্রাফিক টি-শার্ট ও সাইকেডেলিক বা রঙিন প্যাটার্নের প্যান্ট ছিল এবং তার পিঠে একটি ব্যাকপ্যাক ছিল। জনসাধাণের সাহায্যে তাকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায়, সেজন্য ওই বন্ধু কায়লার সর্বশেষ পরিহিত পোশাকের ছবিও অনলাইনে শেয়ার করেছেন।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি দক্ষিণ ফ্রান্সে দারুণ রোমান্টিক সময় কাটাচ্ছেন। মঙ্গলবার বন্ধুদের একটি দলের সঙ্গে নৌবিহারে গিয়ে এই জুটিকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। পেজ সিক্সের হাতে আসা কিছু ছবিতে দেখা যায়, হালকা নীল রঙের একটি স্প্যাগেটি-স্ট্র্যাপ পোশাক পরিহিত কেটি পেরির বুকে পরম যত্নে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছেন ট্রুডো। চোখে রোদচশমা এবং কানে বড় দুল পরা ‘ফায়ারওয়ার্ক’ খ্যাত এই গায়িকা তখন বেশ ফুরফুরে মেজাজে খালি পায়ে বিশ্রাম নিচ্ছিলেন। পরে দুজনকে নৌকায় দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলতেও দেখা যায়। শনিবার সুইজারল্যান্ডে পারফর্ম করার মাধ্যমে নিজের ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ ট্যুর শেষ করেছেন কেটি পেরি। মূলত দীর্ঘ এই কনসার্ট ট্যুরের ক্লান্তি দূর করতেই তিনি এই অবকাশ যাপনে বের হয়েছেন। গত মাসেই একটি সূত্র জানিয়েছিল যে, কাজের ফাঁকে প্রেমিক এবং সম্ভব হলে সন্তানদের নিয়ে ইয়টে করে সুন্দর কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছেন এই পপ তারকা। নৌবিহার শেষে এই জুটিকে ডক ধরে হাঁটতেও দেখা যায়। সে সময় ৪১ বছর বয়সী পেরির চোখ ছিল মোবাইল ফোনে এবং ৫৪ বছর বয়সী ট্রুডোর কাঁধে ছিল একটি বড় টোট ব্যাগ। ক্যাজুয়াল এই আউটিংয়ে ট্রুডোর পরনে ছিল জলপাই রঙের লম্বা হাতার শার্ট, খাকি রঙের প্যান্ট এবং বাদামি স্যান্ডেল। দীর্ঘ এক বছর ধরে প্রেম করছেন ট্রুডো ও পেরি এবং নিজেদের সম্পর্ক নিয়ে তাদের কোনো রাখঢাক নেই। গত মাসে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি রোমান্টিক পিকনিকের সময় তাদের আবেগঘন চুম্বনের ছবিও প্রকাশ্যে এসেছিল। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্ট্রিয়লে প্রথম ডেটের পর থেকেই তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। সূত্রটি আরও জানায়, দুজনেই তাদের আগের সিরিয়াস সম্পর্ক থেকে সদ্য বেরিয়ে এসেছিলেন এবং পেরি নিজেও ভাবেননি যে তিনি এত দ্রুত কারও প্রেমে পড়বেন। কেটি পেরি তার প্রাক্তন বাগদত্ত অরল্যান্ডো ব্লুমের ৫ বছর বয়সী মেয়ে ডেইজির মা। অন্যদিকে, জাস্টিন ট্রুডো তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ারের ঘরের তিন সন্তান—জেভিয়ার (১৮), এলা-গ্রেস (১৭) এবং হ্যাড্রিয়েন (১২)-এর বাবা। আগের সম্পর্কের তিক্ততা ভুলে বর্তমানে তারা দুজন দারুণ সময় পার করছেন। পেরির মতে, জীবনসঙ্গীর মধ্যে তিনি যা যা খুঁজছিলেন, ট্রুডোর মধ্যে তার সবই আছে। কানাডার সাবেক এই প্রধানমন্ত্রীর দুর্দান্ত রসবোধ, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং পুরোদস্তুর ভদ্রোচিত আচরণের কারণেই পেরি তার প্রতি ভীষণ মুগ্ধ।
বিশ্বজুড়ে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান রেখে বহু বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত বাংলাদেশি জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকী। তার দীর্ঘ গবেষণা-জীবন, বৈজ্ঞানিক নেতৃত্ব এবং বাংলাদেশে শুরু হওয়া একটি গবেষণা উদ্যোগের বৈশ্বিক প্রভাবকে নতুন করে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ। গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের ‘আইএইচ লিগ্যাসি সিরিজ’-এ প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে বাংলাদেশের সিলেটে শুরু হওয়া ‘প্রজাহ্নমো’ উদ্যোগ বিশ্বের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। জনস হপকিন্সের ওই বিশেষ প্রকাশনায় অধ্যাপক বাকীর কাজকে শুধু একজন গবেষকের ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং বাংলাদেশে গড়ে ওঠা একটি গবেষণা উদ্যোগ কীভাবে আন্তর্জাতিক অংশীদারত্ব, স্থানীয় নেতৃত্ব এবং বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আনতে পারে, তার একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মতে, প্রজাহ্নমোর যাত্রা প্রমাণ করে যে উন্নয়নশীল দেশ থেকেও বিশ্বমানের গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যনীতিতে প্রভাব বিস্তার করা সম্ভব। অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকী বর্তমানে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ম্যাটার্নাল অ্যান্ড নিউবর্ন হেলথের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি জনস হপকিন্স থেকেই এমপিএইচ এবং ডক্টর অব পাবলিক হেলথ (ডিআরপিএইচ) ডিগ্রি অর্জন করেন। গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি মাতৃ, নবজাতক ও শিশুর স্বাস্থ্য নিয়ে গবেষণা করে আসছেন এবং এ ক্ষেত্রের বিশ্বের অন্যতম প্রভাবশালী গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার গবেষণা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ২০০১ সালে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইসিডিডিআর,বি এবং দেশি-বিদেশি গবেষকদের সহযোগিতায় সিলেটে যাত্রা শুরু করে ‘প্রজাহ্নমো’ গবেষণা উদ্যোগ। ছোট একটি গবেষণা প্রকল্প হিসেবে শুরু হলেও এটি ধীরে ধীরে বাংলাদেশি নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে প্রজাহ্নমো রিসার্চ ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় গবেষণা, প্রশিক্ষণ ও জনস্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। প্রজাহ্নমোর অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণায় প্রমাণিত হয়, প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নবজাতকের পরিচর্যা নিশ্চিত করলে জন্মের প্রথম মাসে মৃত্যুহার প্রায় ৩৪ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। গবেষণাটি ২০০৮ সালে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নবজাতক স্বাস্থ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ প্রণয়নে এই গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধ্যাপক বাকী ও তার সহকর্মীদের আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা যায়, নবজাতকের নাভিতে ক্লোরহেক্সিডিন ব্যবহার করলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। এছাড়া হাসপাতালে নেওয়া সম্ভব না হলে গুরুতর অসুস্থ নবজাতকের জন্য সহজীকৃত অ্যান্টিবায়োটিক চিকিৎসাও কার্যকর হতে পারে বলে তার গবেষণায় উঠে আসে। এসব গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নবজাতক স্বাস্থ্যসেবার নির্দেশিকা হালনাগাদ করে। গবেষণার পাশাপাশি বাংলাদেশে দক্ষ জনস্বাস্থ্য গবেষক তৈরি এবং স্থানীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করাকেও সমান গুরুত্ব দিয়েছেন অধ্যাপক বাকী। তার উদ্যোগে গড়ে ওঠা প্রজাহ্নমো রিসার্চ ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশি নেতৃত্বে পরিচালিত একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এখনও প্রতিষ্ঠানটির কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে। অধ্যাপক বাকীর প্রকাশিত পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক গবেষণাপত্রের সংখ্যা প্রায় ৩০০। তার গবেষণা বিশ্বের বিভিন্ন দেশে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যনীতি প্রণয়নে ব্যবহৃত হয়েছে। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ ‘কার্ল ই. টেলর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণায় অবদানের জন্য তিনি আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২৩ জুন প্রকাশিত জনস হপকিন্সের ‘আইএইচ লিগ্যাসি সিরিজ’-এর বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকীর নেতৃত্বে বাংলাদেশে শুরু হওয়া একটি ছোট গবেষণা উদ্যোগ আজ এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার গবেষণা বিশ্বের কোটি কোটি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, উন্নয়নশীল দেশের বিজ্ঞানী ও গবেষকেরাও বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে নেতৃত্ব দিতে পারেন এবং টেকসই পরিবর্তন আনতে সক্ষম। বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণার ইতিহাসে অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকীর অবদান শুধু একজন সফল গবেষকের ব্যক্তিগত অর্জনের গল্প নয়; এটি বাংলাদেশের বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পাওয়ারও এক অনন্য অধ্যায়।
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস সংগীতাঙ্গনের মর্যাদাপূর্ণ সম্মাননা 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' বয়কটের এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। গ্র্যামির আয়োজক প্রতিষ্ঠান 'রেকর্ডিং একাডেমি' ২০২৭ সালের আসরের জন্য 'বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স' নামে একটি নতুন ক্যাটাগরি চালুর ঘোষণা দেওয়ার পরই মূলত এই প্রতিবাদের পথ বেছে নেয় জনপ্রিয় এই ব্যান্ডটি। বুধবার বিটিএসের সাত সদস্য— জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জংকুক— নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তায় জানান, তারা চলতি যোগ্যতার মেয়াদে গ্র্যামির কোনো ক্যাটাগরিতেই নিজেদের কাজ জমা দেবেন না। কোরিয়ান ভাষায় দেওয়া সেই বার্তায় বিটিএস সদস্যেরা স্পষ্ট করেন যে, অঞ্চল বা ভাষার ভিত্তিতে সংগীতকে বিভক্ত না করে, সুরকে যেন স্বাধীনভাবে শোনা ও ভালোবাসা হয়। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের অগণিত ভক্ত বা 'আর্মি' এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নেন। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া তাদের ব্যাপক জনপ্রিয় অ্যালবাম 'আরিরাং'-এর জন্য বিটিএস একাধিক গ্র্যামি মনোনয়ন পেতে পারে বলে জোর গুঞ্জন ছিল। তবে ব্যান্ডটির এই ঐতিহাসিক বয়কটের সিদ্ধান্ত বিশ্বজুড়ে তাদের কোটি কোটি ভক্তকে হতাশ করার পাশাপাশি বড় এক আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে 'ডাইনামাইট' গানের মাধ্যমে প্রথম কে-পপ গোষ্ঠী হিসেবে গ্র্যামি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছিল বিটিএস। পরবর্তীতে 'বাটার', কোল্ডপ্লে-র সঙ্গে যৌথ গান 'মাই ইউনিভার্স', 'ইয়েট টু কাম'সহ মোট পাঁচটি বিভাগে তারা মনোনয়ন পায় এবং তিনবার গ্র্যামির জমকালো মঞ্চে সরাসরি পারফর্ম করেছে। অন্যদিকে, রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী হার্ভি মেসন জুনিয়র এশীয় পপসহ নতুন ক্যাটাগরিগুলোকে বিশ্ব সংগীতের বিস্তৃতির প্রতিফলন হিসেবে দাবি করলেও, বিটিএসের এই অবস্থান সংগীতকে ভৌগোলিক সীমারেখায় আটকে রাখার নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রশ্ন তুলে দিল।
নিজেকে ‘রাশিয়ার এজেন্ট’সহ একাধিক মানহানিকর মন্তব্যের শিকার দাবি করে এক ব্লগারের বিরুদ্ধে ১ কোটি ডলারের মানহানি মামলা করেছিলেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। তবে নেভাদার একটি ফেডারেল আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, এ মামলার শুনানি করার জন্য নেভাদা আদালতের ব্যক্তিগত এখতিয়ার প্রতিষ্ঠিত হয়নি। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে কাশ প্যাটেল ব্লগার ও সাবস্ট্যাক লেখক জিম স্টুয়ার্টসনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, স্টুয়ার্টসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং সাবস্ট্যাকে প্রকাশিত বিভিন্ন পোস্টে প্যাটেলকে ‘রাশিয়ার এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তিনি অভিযোগ করেন, প্যাটেল ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সরকার উৎখাতের প্রচেষ্টায় ভূমিকা রেখেছিলেন। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তার সুনাম ক্ষুণ্ন করেছে বলে মামলায় দাবি করেন প্যাটেল। মামলায় কাশ প্যাটেল ১ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেন। তবে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান্ড্রু গর্ডন রায়ে বলেন, স্টুয়ার্টসনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কাশ প্যাটেলকে ট্যাগ করা হলেও, তা নেভাদার জনগণ বা নেভাদা অঙ্গরাজ্যকে লক্ষ্য করে প্রকাশ করা হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে নেভাদা আদালতের ব্যক্তিগত এখতিয়ার প্রতিষ্ঠিত হয় না এবং এ কারণে মামলাটি খারিজ করা হয়। বিচারক আরও উল্লেখ করেন, এই রায়ে স্টুয়ার্টসনের মন্তব্য সত্য না মিথ্যা, সে বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। মামলাটি খারিজের কারণ ছিল সম্পূর্ণ আইনি প্রক্রিয়াগত, অর্থাৎ কোন আদালতে মামলাটি বিচারযোগ্য—সেই প্রশ্ন। রায়ের পর জিম স্টুয়ার্টসন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিজয়ের দাবি জানিয়ে প্রতিক্রিয়া জানান। অন্যদিকে কাশ প্যাটেলের পক্ষ থেকে রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। কাশ প্যাটেল বর্তমানে যুক্তরাষ্ট্রের এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়ের করা এই মানহানি মামলার রায় যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য এবং আদালতের এখতিয়ার সংক্রান্ত আইনি আলোচনায় নতুন করে গুরুত্ব পেয়েছে।
বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে নিজেদের সামরিক শক্তি জোরদারে বিকল্প পথে হাঁটছে যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে গভীর রাত পর্যন্ত পার্টি বা পড়াশোনায় অভ্যস্ত, সেখানে একদল শিক্ষার্থী ভোরে উঠেই অংশ নিচ্ছেন ব্রিটিশ সেনাবাহিনীর খণ্ডকালীন প্রশিক্ষণে। ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কর্পস (ইউওটিসি) নামের এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ১ হাজার ৪০০ তরুণ-তরুণী সামরিক প্রশিক্ষণে যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্যের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে চলমান এই কর্মসূচিতে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বছরে ৩৮ দিন সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করেন। বিনিময়ে তারা বার্ষিক ১ হাজার ৬০০ পাউণ্ড সম্মানী, নতুন দক্ষতা এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ পান। মূলত যুদ্ধ শুরু হলে দেশে যেন যোগ্য সেনা কর্মকর্তাদের একটি প্রস্তুত দল থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণরত শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতেও ব্যাপক পরিবর্তন আনছে এই কর্মসূচি। ২১ বছর বয়সী ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী এসমে বেকলি জানান, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঘোর বিরোধী ছিলেন, কিন্তু এই প্রশিক্ষণ তাকে ভবিষ্যতের জন্য নতুন করে ভাবতে শিখিয়েছে। অফিসার ক্যাডেটরা সপ্তাহে একদিন বিকেল এবং বছরে পাঁচটি সাপ্তাহিক ছুটি ও দুই সপ্তাহের বিশেষ অনুশীলনে অংশ নেন, যেখানে তাদের রাইফেল চালানো থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা এবং টিকে থাকার কৌশল শেখানো হয়। এই কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ প্রায় ৩০ শতাংশ, যা মূল সামরিক বাহিনীর (১২ শতাংশ) চেয়ে দ্বিগুণেরও বেশি। এছাড়া কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থীদের অংশগ্রহণের হারও মূল বাহিনীর সমান। ১৯ বছর বয়সী আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী ডিলান ক্রোমার্টি এবং ২৪ বছর বয়সী কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ডিলান বেঙ্গির মতো তরুণরা এই প্রশিক্ষণ থেকে কেবল সামরিক জ্ঞানই নয়, বরং আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দারুণ দক্ষতা অর্জন করছেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও এর ভবিষ্যৎ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। প্রশিক্ষণ শেষে প্রায় ৪০ শতাংশ ক্যাডেট নিয়মিত বা সংরক্ষিত বাহিনীতে যোগ দিলেও, এর পেছনে ব্যয় হওয়া বিপুল অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাছাড়া দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, ক্যাডেটরা নিজেরা সংরক্ষিত বা নিয়মিত বাহিনীতে যোগ না দিলে তাদের জোরপূর্বক যুদ্ধে পাঠানো যায় না, ফলে জাতীয় নিরাপত্তায় এর সরাসরি অবদান পরিমাপ করা কঠিন। তবে সাবেক মন্ত্রী স্যার জুলিয়ান ব্রেজিয়ারের মতো বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাজ্যের সক্ষমতা ধরে রাখতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী মন্টি ওয়াকার বা অলিভিয়া হাচিনসনের মতো অনেকেই সামরিক পরিবারের সন্তান হয়েও শুরুতে অনাগ্রহী ছিলেন, কিন্তু এখন তারা কর্পোরেট জীবনের পাশাপাশি সামরিক রণকৌশল ও 'সফট স্কিল' শেখার এই দুর্দান্ত সুযোগটি দারুণভাবে উপভোগ করছেন।
নতুন মার্কিন পাসপোর্ট হাতে পাওয়ার পর নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে ভুলবেন না। দীর্ঘদিনের এই নিয়মটি আবারও নাগরিকদের স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, পাসপোর্ট হাতে পাওয়ার পর সেটিতে সঠিকভাবে স্বাক্ষর করা প্রত্যেক পাসপোর্টধারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন পাসপোর্টের নির্ধারিত “Signature of Bearer” অংশে নীল বা কালো কালি দিয়ে নিজের স্বাক্ষর করতে হবে। অন্যদিকে, ১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পাসপোর্টে শিশুর পরিবর্তে বাবা, মা অথবা আইনগত অভিভাবক স্বাক্ষর করবেন। এ সময় প্রথমে স্বাক্ষরের লাইনে শিশুর নাম লিখতে হবে। এরপর অভিভাবক নিজের স্বাক্ষর করবেন এবং শিশুর সঙ্গে নিজের সম্পর্ক, যেমন বাবা, মা অথবা গার্ডিয়ান উল্লেখ করবেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন পাসপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পন্ন করা উচিত। নির্ধারিত স্থানে স্বাক্ষর না থাকলে আন্তর্জাতিক ভ্রমণের সময় অপ্রয়োজনীয় জটিলতার মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই ভ্রমণের আগে পাসপোর্টে স্বাক্ষর করা হয়েছে কি না, তা একবার যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া পাসপোর্টে শুধুমাত্র নির্ধারিত স্বাক্ষরের স্থানেই সই করতে বলা হয়েছে। অন্য কোনো পৃষ্ঠায় অপ্রয়োজনীয় লেখা, স্বাক্ষর বা চিহ্ন না দেওয়ার পরামর্শও দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১৬ বছর বা তার বেশি বয়সীদের পাসপোর্ট সাধারণত ১০ বছরের জন্য এবং ১৬ বছরের কম বয়সী শিশুদের পাসপোর্ট ৫ বছরের জন্য ইস্যু করা হয়। আন্তর্জাতিক ভ্রমণের আগে পাসপোর্টের মেয়াদ ও স্বাক্ষর—দুই বিষয়ই নিশ্চিত করে নেওয়া হলে ভ্রমণের সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সম্ভব।
জাপানের জনসংখ্যা সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যানে একটি বড়সড় ও উদ্বেগজনক পরিবর্তনের চিত্র উঠে এসেছে। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত বুধবারের তথ্য অনুযায়ী, দেশটিতে বসবাসরত জাপানি নাগরিকদের সংখ্যা ১২ কোটির নিচে নেমে এসেছে। ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, জাপানি বাসিন্দাদের সংখ্যা গত বছরের তুলনায় ৯ লাখ ১৬ হাজার ৭৪৪ জন (০.৭৬ শতাংশ) কমে ১১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে। বিগত ১৭ বছর ধরে দেশটিতে ধারাবাহিকভাবে জনসংখ্যা কমছে এবং এটিই রেকর্ডকৃত সবচেয়ে বড় পতন। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের সংখ্যা কমলেও, জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, দেশটিতে বিদেশি নাগরিকের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৬৯৬ জন (৯.৬২ শতাংশ) বেড়ে ৪০ লাখ ৩১ হাজার ১৫৯-এ পৌঁছেছে, যা ২০১৩ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। বিশেষ করে, কোভিড-১৯ মহামারির পর ২০২৩ সাল থেকে জাপানে বিদেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেবল ২০২৫ সালেই রেকর্ড ৭ লাখ ২০ হাজার ৯৮৮ জন মানুষ বিদেশ থেকে দেশটিতে স্থানান্তরিত হয়েছেন। জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ৪৬টিতেই জাপানি নাগরিকের সংখ্যা কমেছে। এর মধ্যে আকিটায় সর্বোচ্চ ১.৯৫ শতাংশ পতন দেখা গেছে। একমাত্র টোকিওতেই টানা তৃতীয় বছরের মতো জাপানি বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা হ্রাসের এই সংকটের পেছনে মূল কারণ হলো জন্মহার কমা এবং মৃত্যুহার বৃদ্ধি। ২০২৫ সালে জাপানে জন্ম নিয়েছে মাত্র ৬ লাখ ৭০ হাজার ৪৬৭ জন শিশু, যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ১৫ লাখ ৯৩ হাজার ৪৭৫। ফলে স্বাভাবিক জনসংখ্যা হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ২৩ হাজার ৮ জনে। দেশটিতে জাপানি ও বিদেশি মিলিয়ে মোট জনসংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৬৪২-এ নেমে এসেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণায় এশিয়া মহাদেশের অভাবনীয় সাফল্যের চিত্র উঠে এসেছে সদ্য প্রকাশিত ইউএস নিউজের ২০২৬–২০২৭ সালের 'বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ' সাবজেক্ট র্যাঙ্কিংয়ে। এই তালিকায় বিশ্বের শীর্ষ দশটি এআই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরের দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বৈশ্বিক এই তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। অন্যদিকে, আগের চেয়ে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কেবল সিঙ্গাপুরই শীর্ষ দশে অবস্থান করতে পেরেছে। এই অঞ্চলের অপর দেশ হিসেবে মালয়েশিয়ার চারটি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ১৬৫ থেকে ২৪১তম স্থানের মধ্যে রয়েছে। তালিকায় চীন এককভাবে তাদের সুস্পষ্ট আধিপত্য বিস্তার করেছে। শীর্ষ দশে কোনো মার্কিন বা ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের নাম না থাকলেও, আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকায় দাপট দেখাচ্ছে মূল ভূখণ্ডের চীন। চীনের স্বনামধন্য সিংহুয়া বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া তালিকায় নবম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। ইউএস নিউজের এই র্যাঙ্কিং তৈরিতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কমপক্ষে ২০০টি এআই গবেষণাপত্র প্রকাশ করেছে এমন প্রতিষ্ঠানগুলোকে বিবেচনায় নিয়ে বিশ্বের ২,২৫০টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এআই ছাড়াও এনটিইউ এবং এনইউএস কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স ও ফিজিক্সের মতো বিষয়গুলোতেও বৈশ্বিকভাবে শীর্ষ স্থানগুলোতে অবস্থান করছে। সার্বিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এনইউএস এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে ১৬তম এবং এনটিইউ এশিয়ায় চতুর্থ ও বিশ্বে ২৭তম স্থান লাভ করেছে।
চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে এবং তার আরও পাঁচ সহযোগীকে পৃথক অভিযানে আটক করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে পরিচালিত এই ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী নজরদারির সফল পরিণতি হিসেবে পুলিশের জালে ধরা পড়ল এই দুর্ধর্ষ সন্ত্রাসী। পুলিশ সুপার মো. মাসুদ আলম নিজেই ফোর্সের সঙ্গে এই অভিযানে সরাসরি অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাত দিন ধরে ডেভিড ইমনের গতিবিধির ওপর নিবিড় নজরদারি চালানোর পর বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে পুলিশ ইতিমধ্যেই যশোর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। তবে এই সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী রায়হানকে ধরার জন্য একই সময়ে অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পলাতক রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র-সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরেই ডেভিড ইমনকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি গত ১৩ জুলাই দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে এক ভয়াবহ সশস্ত্র হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় তার নাম নতুন করে আলোচনায় আসে। প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, হামলার মাত্র দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে নিজেকে 'ডেভিড ইমন' পরিচয়ে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ফোনে ভয়ভীতি দেখিয়ে বলা হয়েছিল, চাঁদা না দিলে প্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করার জের ধরেই কার্যালয়ে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
ইলেকট্রনিক পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির এই সময়ে গ্রাহকদের স্বস্তি দিতে নতুন একটি দীর্ঘমেয়াদী 'লিজ' বা ভাড়ার কর্মসূচি চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর ফলে গ্রাহকদের এখন আর এককালীন বড় অঙ্কের টাকা খরচ করে আইফোন বা ম্যাক কিনতে হবে না; বরং নির্দিষ্ট মেয়াদে সাশ্রয়ী ভাড়ায় এসব ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন তারা। জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম 'ক্লার্না'-এর সঙ্গে যৌথ উদ্যোগে মঙ্গলবার 'অ্যাপল আপগ্রেড' নামের এই নতুন সেবাটির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোর, অনলাইন এবং অ্যাপল স্টোর অ্যাপের মাধ্যমে এই যুগান্তকারী সুবিধা উপভোগ করা যাবে। এই কর্মসূচির আওতায় গ্রাহকরা আইফোন ও অ্যাপল ওয়াচ ১২ থেকে ২৪ মাসের জন্য লিজ নিতে পারবেন। অন্যদিকে, ম্যাক এবং আইপ্যাডের ক্ষেত্রে এই মেয়াদ হবে ২৪ থেকে ৩৬ মাস। লিজের জন্য নির্ধারিত পণ্যগুলোর মধ্যে রয়েছে সদ্য আসা আইফোন ১৭ সিরিজ, আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, আইম্যাক, ম্যাক স্টুডিওসহ আইপ্যাডের প্রিমিয়াম মডেলগুলো। তবে তুলনামূলক সাশ্রয়ী দামের আইফোন ১৬, ম্যাকবুক নিও, বেজ আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ এসই-কে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। নতুন এই পরিকল্পনাটি অ্যাপলের পুরোনো 'আইফোন আপগ্রেড প্রোগ্রাম'-এর স্থলাভিষিক্ত হতে যাচ্ছে। অ্যাপলের ওয়েবসাইট থেকে জানা যায়, আইফোন লিজ নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক কিস্তির পরিমাণ শুরু হবে মাত্র ১৭ দশমিক ৯৯ ডলার থেকে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমোর মতে, এই উদ্যোগের ফলে গ্রাহকরা অ্যাপল পণ্যকে বড় কোনো ক্রয়ের বদলে একটি সাবস্ক্রিপশন বা নিয়মিত সেবার অংশ হিসেবে দেখার সুযোগ পাবেন। গত বছরের এক জরিপে দেখা গেছে, সাধারণ ব্যবহারকারীরা এখন প্রায় ২২ মাস পর্যন্ত একই ফোন ব্যবহার করছেন, যা ক্রেতাদের প্রতি বছর নতুন ফোন কেনার প্রবণতাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এদিকে, বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন যে, ডাটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার কারণে মেমোরি চিপের যে সংকট তৈরি হয়েছে, তাতে আগামী প্রজন্মের আইফোনের দাম দেড় হাজার ডলারে গিয়ে ঠেকতে পারে। তাছাড়া আগামী সেপ্টেম্বরে বাজারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রথম ফোল্ডেবল আইফোন আসার গুঞ্জন রয়েছে। পণ্যের দাম অতিরিক্ত বাড়লে ক্রেতারা যেন ডিভাইস বদলানোর চক্র থেকে পিছিয়ে না আসেন, সেই দিকটি বিবেচনা করেই ঠিক মোক্ষম সময়ে এই লিজ কর্মসূচিটি হাতে নিয়েছে অ্যাপল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহে ইসরায়েলের দুই নারী সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্য দিয়ে চলমান বছরের প্রথম সাত মাসেই আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র হারেৎজ-এর সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে মিসর-ইসরায়েল সীমান্তে মোতায়েন করা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর মাত্র কয়েকদিন আগে, রোববার মধ্য ইসরায়েলের রামাত হাশারনের কাছে গ্লিলট সামরিক ঘাঁটিতে কর্মরত ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের আরেক নারী সেনা আত্মহত্যা করেন। জানা গেছে, ওই নারী সেনা সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপনীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরপর ঘটা এই দুই আত্মহত্যার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই সামরিক পুলিশের মাধ্যমে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হারেৎজ-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৬ জন কর্মরত সেনাসদস্যের পাশাপাশি যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ ফোর্সের অন্তত আরও ৯ জন সেনা ছুটিতে বা দায়িত্বে না থাকা অবস্থায় আত্মহননের পথ বেছে নিয়েছেন। সেনাবাহিনীতে এই মানসিক বিপর্যয় ও আত্মহত্যার প্রবণতা গত বছরও বেশ প্রকট ছিল। হারেৎজ-এর আগের একটি প্রতিবেদনের তথ্যমতে, ২০২৫ সালে মোট ২২ জন কর্মরত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছিলেন। গত ১৫ বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীতে এক বছরে এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার ঘটনা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটার পর পুরো এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, ওই এলাকার কারও খোঁজখবর নেওয়ার জন্য (ওয়েলফেয়ার চেক) পুলিশের একটি দল রাত সাড়ে ১১টার দিকে কাহুয়েঙ্গা বুলেভার্ডের কাছে উইলকক্স অ্যাভিনিউয়ের ওই অ্যাপার্টমেন্টে যায়। কিন্তু ভেতরে প্রবেশ করার পরই তারা তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে তিন প্রাপ্তবয়স্ক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হলেও, পুলিশ এখন পর্যন্ত নিহতদের বয়স বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। একসাথে তিনজনের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকাটিতে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তার পেছনের পরিস্থিতি উদ্ঘাটন করতে রাতভর ঘটনাস্থলে অবস্থান করে নিবিড় তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
৭১ বছর বয়সী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সাম্প্রতিক মৃত্যু এবং ৮৪ বছর বয়সী সিনেটর মিচ ম্যাককনেলের অসুস্থতার পর মার্কিন রাজনীতিতে প্রবীণ নেতাদের বয়স নিয়ে চলমান বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। গত জুনে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে ম্যাককনেল ভোটদান থেকে বিরত রয়েছেন। বর্তমানে মার্কিন কংগ্রেস দেশটির ইতিহাসের অন্যতম বয়স্ক কংগ্রেসে পরিণত হয়েছে। সিএনএনের এক নতুন জরিপে দেখা গেছে, কংগ্রেসের এমন প্রবীণ জনসংখ্যাকে দেশের বেশিরভাগ মানুষ একটি বড় সমস্যা হিসেবে দেখছেন এবং তারা নির্বাচিত কর্মকর্তাদের শারীরিক সুস্থতার বিষয়ে আরও বেশি স্বচ্ছতা দাবি করছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচন মার্কিন ভোটারদের জন্য কংগ্রেসের এই বয়স কাঠামোর ওপর প্রভাব ফেলার একটি বড় সুযোগ হতে পারে। সিএনএনের জরিপ অনুযায়ী, ৫৮ শতাংশ মার্কিনি মনে করেন কংগ্রেসের বয়স্ক আইনপ্রণেতাদের এই আধিক্য একটি বড় সমস্যার কারণ। ৩৫ বছরের কম বয়সী নাগরিকদের মধ্যে এই হার আরও বেশি, প্রায় ৬৮ শতাংশ। এছাড়া প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, নির্বাচিত কর্মকর্তাদের এমন সব মেডিকেল তথ্য প্রকাশ করা উচিত যা তাদের দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে। যেখানে ২০০৪ সালে ৬১ শতাংশ মানুষ বিশ্বাস করত যে প্রেসিডেন্টদের মেডিকেল রেকর্ড গোপন রাখার অধিকার রয়েছে, সেখানে বর্তমানে মাত্র ৩৫ শতাংশ মানুষ মনে করেন যে রাজনৈতিক নেতাদের তাদের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখার অধিকার রয়েছে। রাজনীতিতে প্রবীণদের আধিপত্য নিয়ে অসন্তোষ এখন দলীয় সীমানা ছাড়িয়ে গেছে। জরিপে দেখা গেছে, উভয় প্রধান দলের ৭০ শতাংশ সমর্থকই ৭০ বছরের বেশি বয়সী কাউকে দলের প্রার্থী হিসেবে দেখলে অস্বস্তি বা হতাশা প্রকাশ করবেন। গত জুলাইয়ে ফক্স নিউজের এক জরিপে দেখা যায়, ৮৫ শতাংশ নিবন্ধিত ভোটার আইনপ্রণেতাদের জন্য একটি বাধ্যতামূলক অবসরের বয়স নির্ধারণের পক্ষে মত দিয়েছেন এবং তাদের অর্ধেকই চান এই বয়সসীমা ৭০ বছরের নিচে হোক। বর্তমানে কংগ্রেসের এক-তৃতীয়াংশের বেশি সিনেটরের বয়স ৭০-এর ঊর্ধ্বে। আসন্ন নভেম্বরের নির্বাচনে ২০ জন বর্তমান সিনেটর পুনরায় লড়ছেন, যাদের বয়স ৩৯ থেকে ৮৩ বছরের মধ্যে। যদি তারা সবাই জয়ী হন, তবে ২০৩৩ সালে তাদের মেয়াদ শেষ হওয়ার সময় অর্ধেকের বেশি সিনেটরের বয়স ৭০ ছাড়িয়ে যাবে। তবে আশার বিষয় হলো মিচ ম্যাককনেল, ডিক ডারবিন (৮১) এবং জিন শাহিন (৭৯)-এর মতো কয়েকজন প্রবীণ সিনেটর এ বছরই অবসর নিচ্ছেন। সাধারণ মার্কিন জনসংখ্যার সঙ্গে কংগ্রেসের বয়সের এই ব্যবধান বেশ স্পষ্ট। মার্কিন সংবিধান অনুযায়ী হাউসের সদস্যদের বয়স অন্তত ২৫ এবং সিনেটরদের বয়স অন্তত ৩০ হতে হয়, যার ফলে কংগ্রেসের গড় বয়স স্বাভাবিকভাবেই কিছুটা বেশি থাকে। তবে ২০২৫ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, যেখানে মাত্র ১৯ শতাংশ সাধারণ আমেরিকানের বয়স ৬৫ বছরের বেশি, সেখানে বর্তমান মার্কিন সিনেটরদের গড় (মিডিয়ান) বয়স ৬৬ বছর। অর্থাৎ প্রায় অর্ধেক সিনেটরই ৬৫ বছরের ঊর্ধ্বে অবস্থান করছেন। বর্তমানে ৯২ বছর বয়সী আইওয়ার রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি হলেন সিনেটের সবচেয়ে বয়স্ক সদস্য। প্রেসিডেন্ট প্রো টেম্পোর হিসেবে তিনি প্রেসিডেন্টের উত্তরাধিকারের সারিতে তৃতীয় অবস্থানে রয়েছেন, যা গত মে মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সময় তার অনুপস্থিতির কারণে নতুন করে আলোচনায় আসে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ বিয়ারে পাহাড়ে আরোহণ (ক্লাইম্বিং) করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৩ বছর বয়সী এক যুবক। নিহত ওই যুবকের নাম অ্যান্ডি ফেরারোন, যার বাড়ি সান দিয়েগোতে। এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, বিশেষ করে তার আট সপ্তাহের অন্তঃসত্ত্বা স্ত্রী নিনা এখন দিশেহারা। স্বামীর এই অকাল প্রস্থানে অনাগত সন্তানকে এখন তাকে একাই পৃথিবীতে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে হচ্ছে। জানা গেছে, বিগ বিয়ারে ক্লাইম্বিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অ্যান্ডি। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত ১৫ জুলাই মৃত্যুর কাছে হার মানেন তিনি। এই দুঃসময়ে শোকসন্তপ্ত স্ত্রী নিনার পাশে এসে দাঁড়িয়েছেন অ্যান্ডির বন্ধুরা। চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া এবং অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর্থিক সহায়তা সংগ্রহের জন্য তারা 'গোফান্ডমি' (GoFundMe)-তে একটি পেজ খুলেছেন।