- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মোট ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা আরোপ করা হয়েছে। ডিএইচএসের তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি আদালতের চূড়ান্ত বহিষ্কার আদেশ (Final Order of Removal) পাওয়ার পরও যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি, তাঁদের লক্ষ্য করেই এই জরিমানাগুলো জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বহিষ্কার আদেশ অমান্য করে দেশে অবস্থান করলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা করার বিধান রয়েছে। সেই আইনের আওতায় দীর্ঘদিনের বকেয়া জরিমানা হিসাব করেই মোট অঙ্কটি নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অভিবাসন আইন কার্যকর করা এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের জবাবদিহির আওতায় আনা। অন্যদিকে, অভিবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, অধিকাংশ অভিবাসীর পক্ষেই এত বড় অঙ্কের জরিমানা পরিশোধ করা বাস্তবে সম্ভব নয়। ফলে এটি কার্যকর আর্থিক শাস্তির চেয়ে ভীতির পরিবেশ তৈরির কৌশল হিসেবেই বেশি ব্যবহৃত হতে পারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, গণহারে আটক অভিযান, দ্রুত বহিষ্কার কার্যক্রম এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আর্থিক শাস্তি—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা চলছে।
বাংলাদেশের ই-পাসপোর্টের লেখা ও নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন সংস্করণে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের জলছাপে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের প্রতীকী ছবি। এ বিষয়ে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।’ ই-পাসপোর্ট চালুর পর ২০২১ সালে নতুন পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটি বাদ দেওয়া হয়। তখন সরকার জানিয়েছিল, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতেই ভাষাগত পরিবর্তনটি করা হয়েছে। তবে ইসরায়েল ভ্রমণের ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞা বহাল ছিল। নতুন সিদ্ধান্তে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহাল করা হচ্ছে। বাংলাদেশ এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং দেশটির সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্কও নেই। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে আসছে। পাসপোর্টের জলছাপেও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রতিফলন ঘটানো হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরার আজমপুরে পানি হাতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার নকশার পোশাক পরা ওয়াসিম আকরামের ছবি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। আন্দোলনের মধ্যে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার তাঁর ছবি দেশজুড়ে প্রতিবাদের অন্যতম প্রতীক হয়ে ওঠে। মুগ্ধ আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর চট্টগ্রামে আন্দোলনের সময় নিহত হন শিক্ষার্থী ওয়াসিম আকরাম। নতুন জলছাপে তাঁদের তিনজনের প্রতীকী চিত্র একসঙ্গে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ নামে স্থান পাবে। পরিবর্তিত নকশায় জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, দোয়েল, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, পাট ও চা-বাগানের মতো জাতীয় ও ঐতিহাসিক নিদর্শনও রাখা হচ্ছে। এ ছাড়া কান্তজিউ মন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ষাটগম্বুজ মসজিদ এবং হলি রোজারি চার্চসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার ছবি থাকবে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্মও নতুন জলছাপের নকশায় অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে যাঁদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাঁদের এখনই পাসপোর্ট পরিবর্তন করতে হবে না। বিদ্যমান পাসপোর্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। মেয়াদ শেষে নবায়ন কিংবা নতুন পাসপোর্টের আবেদন করলে পর্যায়ক্রমে পরিবর্তিত নকশার ই-পাসপোর্ট দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় হুমকি তৈরি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইরান-সমর্থিত এই গোষ্ঠী ঘোষণা দিয়েছে, তারা লোহিত সাগর হয়ে সৌদি আরবের বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা সেখান থেকে পণ্য পরিবহন করতে দেবে না। এই হুমকি বাস্তবায়িত হলে বিশ্বের তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। হুথিদের দাবি, সৌদি বন্দর লক্ষ্য করে এই পদক্ষেপের মাধ্যমে তারা আঞ্চলিক সংঘাতে চাপ বাড়াবে। এতে সৌদি আরবের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হুথিরা সত্যিই লোহিত সাগরে নৌ চলাচলে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাঁর ভাষায়, “হুথিদের বিরুদ্ধে আমরা আগেও ব্যবস্থা নিয়েছি, প্রয়োজনে আবারও নেব।” হুথিরা দীর্ঘদিন ধরেই সৌদি নেতৃত্বাধীন জোট এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলা মোকাবিলা করে টিকে আছে। তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজবিধ্বংসী অস্ত্রের সক্ষমতা রয়েছে, যা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথকে হুমকির মুখে ফেলতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একই সময়ে ইরান, ইরাক, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগরে সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। এর মধ্যেই নতুন করে হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে হলে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও বিস্তৃতভাবে ব্যবহার করতে হতে পারে। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ। ইউরোপ ও এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ পণ্য এবং জ্বালানি এই পথেই পরিবহন হয়। অতীতে হুথিদের হামলার কারণে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি এই রুট এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করতে বাধ্য হয়েছিল। এতে পরিবহন ব্যয় ও সময়—দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অন্যদিকে, ইরানের ওপর চলমান অবরোধের কারণে হুথিদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহও আগের তুলনায় সীমিত হয়ে পড়তে পারে। তবুও হুথিদের এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্যও এটি নতুন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। তবে হোয়াইট হাউস কিংবা ইনফান্তিনোর পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তাঁর উত্তরসূরি ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। জাতিসংঘের পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইনফান্তিনোর পরিচিতি, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং বৃহৎ একটি বৈশ্বিক সংস্থা পরিচালনার অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে অভিন্ন লক্ষ্যে একত্র করার বিশেষ দক্ষতা ইনফান্তিনোর রয়েছে বলে মনে করেন ট্রাম্প। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় আয়োজিত ২০২৬ সালের বিশ্বকাপ ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। ২০২৫ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন ইনফান্তিনো। তবে জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনো আগ্রহী কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সরাসরি কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ইনফান্তিনোর পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলি সম্ভাব্য এই মনোনয়নের পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত ফিফা পরিচালনার অভিজ্ঞতা ১৯৩ সদস্যের জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইনফান্তিনোকে সহায়তা করতে পারে। তবে কোনো দেশের সমর্থন পেলেই জাতিসংঘের মহাসচিব হওয়া যায় না। প্রার্থীকে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে মহাসচিব নিয়োগ চূড়ান্ত হয়। পরবর্তী মহাসচিব পদের জন্য ইতোমধ্যে কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং জাতিসংঘের কর্মকর্তা ভার্জিনিয়া গাম্বা। ভৌগোলিক আবর্তনের অলিখিত রীতি অনুযায়ী এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচনের প্রত্যাশা রয়েছে। সর্বশেষ ওই অঞ্চল থেকে জাতিসংঘের নেতৃত্ব দিয়েছিলেন পেরুর হাভিয়ের পেরেজ দে কুয়েলার। তিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ইউরোপের দেশ সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতা তাই প্রচলিত আঞ্চলিক প্রত্যাশার বাইরে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এর মধ্যেই ফিফা সভাপতির দায়িত্ব ধরে রাখার পরিকল্পনা জানিয়েছেন ইনফান্তিনো। তিনি ২০২৭ সালের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ফিফার ৭৭তম কংগ্রেস ও সভাপতি নির্বাচন ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে জাতিসংঘের শীর্ষ পদ নিয়ে জল্পনা তৈরি হলেও আপাতত তাঁর ঘোষিত লক্ষ্য ফিফার নেতৃত্বে আরও এক মেয়াদ থাকা।
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনায় বসতে ওয়াশিংটন প্রস্তুত থাকলেও তেহরান এখনো আন্তরিকতা দেখাচ্ছে না। সিএনএনের ‘দ্য সিচুয়েশন রুম’ অনুষ্ঠানে উপস্থাপক উলফ ব্লিটজারের সঙ্গে আলাপকালে পেন্স বলেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি মনে করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পেন্স বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বর্তমান প্রেসিডেন্টের আগ্রহ তিনি বুঝতে পারেন। তবে তাঁর মতে, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো কিংবা হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে ইরানের সদিচ্ছা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পেন্সের বক্তব্যের সঙ্গে মিল রেখে ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, মতপার্থক্য কমানো এবং সংঘাতের সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র এখনো আলোচনার জন্য প্রস্তুত। রুবিও বলেন, ইরান আন্তরিকভাবে আলোচনায় এগিয়ে এলে যুক্তরাষ্ট্রও একই মনোভাব দেখাবে। তবে তেহরান কূটনৈতিক উদ্যোগে সাড়া না দিলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইরান এখনো আলোচনাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। তবে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে কি না কিংবা নতুন কোনো যুদ্ধবিরতির উদ্যোগ চলছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই অবস্থান এমন সময় সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে টানা সামরিক সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর তার প্রভাব পড়তে পারে। ম্যানিলায় আঞ্চলিক বৈঠকেও মধ্যপ্রাচ্যের সংঘাত অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় দীর্ঘস্থায়ী সংঘাত তাদের অর্থনীতি, মূল্যস্ফীতি এবং সরবরাহব্যবস্থায় চাপ বাড়াতে পারে। ওয়াশিংটন একদিকে আলোচনার দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানও চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা থেকে নিজেদের এবং মিত্রদের রক্ষার জন্য অভিযান প্রয়োজন। তবে তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন সামরিক হামলা ও চাপের মধ্যে অর্থবহ আলোচনা সম্ভব নয়। ফলে উভয় পক্ষ প্রকাশ্যে কূটনীতির কথা বললেও সংঘাত বন্ধের কার্যকর পথ এখনো স্পষ্ট হয়নি।
প্রায় ৪০ বছর পর লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন–এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন, যেন দেশের সব দেশীয় এয়ারলাইনকে লেবাননে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লেবাননে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। যুক্তরাষ্ট্র ১৯৮৫ সালে লেবাননের উদ্দেশে সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছিল। ওই বছর গ্রিসের এথেন্স থেকে ইতালির রোমগামী টিডব্লিউএ ফ্লাইট ৮৪৭ ছিনতাই করে বৈরুতে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন ধরে চলা সেই জিম্মি সংকটে একজন মার্কিন নৌবাহিনীর ডুবুরি নিহত হন। এরপর থেকেই লেবাননে সরাসরি মার্কিন ফ্লাইট বন্ধ হয়ে যায়। তবে ট্রাম্পের ঘোষণার পরও তাৎক্ষণিকভাবে ফ্লাইট চালু হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়ন এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরই কোনো মার্কিন এয়ারলাইন এই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। এফএএ আরও জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নে তারা সংশ্লিষ্ট সংস্থা ও বিমান পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবে, যাতে নিরাপদভাবে লেবাননে ফ্লাইট পুনরায় চালু করা যায়। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনো লেবাননের জন্য ‘ডু নট ট্রাভেল’ বা ভ্রমণ না করার সতর্কতা বহাল রেখেছে। মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছরও নিরাপত্তাজনিত কারণে অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণেই মার্কিন তিনটি বড় এয়ারলাইন—আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ার লাইন্স—এখনো ইসরায়েলের তেলআবিবে ফ্লাইট স্থগিত রেখেছে। এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর আরোপিত দীর্ঘদিনের বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নেয়। প্রায় সাত বছর পর মায়ামি থেকে কারাকাসে আবারও মার্কিন বাণিজ্যিক ফ্লাইট চালু হয়। লেবাননের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যদিও নিরাপত্তা মূল্যায়নের ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে সরাসরি ফ্লাইট কবে থেকে শুরু হবে।
ইউক্রেনের ড্রোন হামলায় আবারও লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ (Wildberries)–এর লজিস্টিক অবকাঠামো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাতিয়ানা কিম জানিয়েছেন, ক্রাসনোদার ও নেভিনোমিস্ক শহরে অবস্থিত দুটি বড় গুদামে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং আগুন লাগার ঘটনাও ঘটেছে। এর আগেও জুলাই মাসে ওয়াইল্ডবেরিজের গুদামগুলো একাধিকবার হামলার শিকার হয়। ১৮ জুলাই তামবভ অঞ্চলের কোতোভস্ক ও মস্কোর পূর্বে ইলেকট্রোস্টাল–এ অবস্থিত দুটি লজিস্টিক কেন্দ্রে ড্রোন হামলায় কয়েকজন কর্মী নিহত ও বহু মানুষ আহত হন। একই সময়ে একটি তেল ডিপোতেও আগুন লাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, হামলার লক্ষ্য ছিল এমন লজিস্টিক কেন্দ্র, যেখান থেকে রাশিয়ার ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের জন্য বিভিন্ন উপাদান সরবরাহ করা হতো। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওয়াইল্ডবেরিজ একটি বেসামরিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওয়াইল্ডবেরিজ বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস। প্রতিষ্ঠানটির সঙ্গে ১০ লাখেরও বেশি বিক্রেতা যুক্ত এবং প্রতিদিন কোটি কোটি অর্ডার প্রক্রিয়াজাত হয়। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার ই-কমার্স খাত দ্রুত সম্প্রসারিত হওয়ায় এর লজিস্টিক নেটওয়ার্ক দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোর ফলে শুধু গুদাম নয়, হাজারো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর পণ্য সরবরাহও ব্যাহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, প্রতিষ্ঠানটি পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে দুই পক্ষই এখন একে অপরের জ্বালানি, পরিবহন ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এর ফলে যুদ্ধের প্রভাব সামরিক স্থাপনার পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামোতেও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক শিক্ষার্থী নীলাওয়ান রাখাইন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ অর্জন করেছেন। ক্লেমসন ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষা–সম্পর্কিত বিষয়ে পিএইচডির সুযোগ পাওয়ার মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগের নাম নয়, বরং দক্ষতা, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতাই উচ্চশিক্ষার সবচেয়ে বড় শক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর নীলাওয়ান রাখাইন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ধারাবাহিকভাবে কাজ করে নিজের একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেন। তিনি ইংরেজি ভাষার শিক্ষক, 10 Minute School–এর কনটেন্ট ক্রিয়েটর, টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কক্সবাজারে নিজের সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে প্রতিষ্ঠা করেন ‘চালুং একাডেমি’, যেখানে প্রান্তিক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু শ্রেণিকক্ষের অভিজ্ঞতাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি নীলাওয়ান। ভাষা, শিক্ষা, সংস্কৃতি ও কমিউনিটি উন্নয়নকে একসঙ্গে যুক্ত করে তিনি একটি শক্তিশালী একাডেমিক প্রোফাইল গড়ে তুলেছেন। সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ক্লেমসন ইউনিভার্সিটিতে Teaching and Learning, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনে Curriculum and Instruction এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে Curriculum and Instruction বিষয়ে ভর্তি ও অর্থায়নের সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে এসব পিএইচডি প্রোগ্রাম গবেষণাভিত্তিক পূর্ণাঙ্গ ডক্টরাল ডিগ্রি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য গবেষণা সহকারী বা ফেলোশিপভিত্তিক অর্থায়নের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মানবিক বা ভাষাভিত্তিক বিষয়ে পড়াশোনা করলেও গবেষণা, শিক্ষাদান, নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে ধারাবাহিক অভিজ্ঞতা অর্জন করলে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নীলাওয়ান রাখাইনের অর্জন সেই বাস্তবতারই একটি উল্লেখযোগ্য উদাহরণ। তাঁর এই সাফল্য এমন শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা, যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দিষ্ট বিভাগ ভবিষ্যতের পথ নির্ধারণ করে দেয়। বাস্তবে লক্ষ্যভিত্তিক প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং গবেষণামুখী অভিজ্ঞতা থাকলে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার দরজা যে উন্মুক্ত হতে পারে, নীলাওয়ান রাখাইনের যাত্রা তারই প্রমাণ।
ইরান সংকটের কূটনৈতিক সমাধানে এখনো প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান এখনো আলোচনাকে গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে রুবিও বলেন, ওয়াশিংটন যুদ্ধের পরিবর্তে আলোচনার পথেই সমাধান চায়। কিন্তু ইরানের পক্ষ থেকে এখনো সেই আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়নি। রুবিওর এই মন্তব্য এমন সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটেও পড়তে শুরু করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতেও ইরানের হুমকির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইরানের কাছে একটি ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগের অন্তর্বর্তী সমঝোতা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নতুন সমঝোতার ঘোষণা দেয়নি। মার্কিন প্রশাসন একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে, যা বিশ্ববাজারে তেলের দামের ওপরও চাপ সৃষ্টি করছে। রুবিও স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথ বন্ধ করেনি। তবে তাঁর ভাষায়, আলোচনায় অগ্রগতি আনতে হলে ইরানকেও বাস্তবসম্মত অবস্থান নিতে হবে।
ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের গ্রাহক আচরণ নিয়ে গবেষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল নিউমা চৌধুরীর একাডেমিক পথচলা। সময়ের সঙ্গে সেই গবেষণার পরিধি ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের সংস্কৃতি, বিচারব্যবস্থা, অধিকার ও উন্নয়ননীতিতে। দীর্ঘদিনের সেই প্রস্তুতির ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট শার্লটে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি করতে যাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ফেলোশিপপ্রাপ্তদের তালিকায় পাবলিক পলিসির পিএইচডি শিক্ষার্থী হিসেবে নিউমার নাম রয়েছে। একই সঙ্গে তিনি পেয়েছেন ওয়েল্যান্ড এইচ. কেটো জুনিয়র ফার্স্ট-ইয়ার ডক্টরাল ফেলোশিপ। পার্বত্য চট্টগ্রামে বেড়ে ওঠা নিউমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করার সময় তিনি সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ এবং একাডেমিক লেখার অভিজ্ঞতা অর্জন করেন। এই সময় বাংলাদেশের পেশাজীবীদের ব্যাংক নির্বাচনের কারণ এবং দেশের সেলুলার শিল্পে তরুণ গ্রাহকদের ধরে রাখার প্রভাবক নিয়ে তাঁর সহলেখক হিসেবে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়। গবেষণা-সংক্রান্ত তথ্যভান্ডার রিসার্চগেটেও তাঁর এই দুই প্রকাশনার তথ্য রয়েছে। গ্রাহকের পছন্দ ও সিদ্ধান্ত বিশ্লেষণের সেই অভিজ্ঞতা তাঁকে মানুষের আচরণ বোঝার একটি প্রাথমিক ভিত্তি দেয়। তবে পরবর্তী সময়ে তাঁর গবেষণার কেন্দ্রে আসে নিজের জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা। অর্থনীতি ও বাজারের পাশাপাশি সংস্কৃতি, অধিকার এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রান্তিক মানুষের অবস্থান নিয়ে কাজ শুরু করেন তিনি। ইউনিভার্সিটি অব জুরিখের এথনোগ্রাফিক মিউজিয়ামের একটি প্রকল্পে মারমা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন নিউমা। সেখানে বহু দশক আগে সংগ্রহ করা মারমা প্রবাদ ও পুরোনো অডিও রেকর্ডের অর্থ উদ্ধারে তিনি প্রবীণ ব্যক্তি, সংস্কৃতিবিদ ও ভাষাজ্ঞানসম্পন্ন মানুষের সঙ্গে কাজ করেন। পরে অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির সঙ্গে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিচারব্যবস্থা নিয়ে মাঠপর্যায়ের গুণগত গবেষণায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়টির গবেষণাপোর্টালে থাকা সংশ্লিষ্ট গবেষণায় তথ্য সংগ্রহ ও স্থানীয় জ্ঞান সংরক্ষণে নিউমার অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। থিংকার্স প্যানেলে গবেষণা ফেলো হিসেবে তথ্য বিশ্লেষণ, গবেষণা প্রস্তাব ও অনুদানের আবেদন তৈরির পাশাপাশি নীতিবিষয়ক গবেষণায় যুক্ত হন তিনি। সেখানে তাঁর গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল খাগড়াছড়ির মারমা জনগোষ্ঠীর জীবনযাত্রায় ক্ষুদ্রঋণের প্রভাব। ইয়ুথ পলিসি ফোরামে পলিসি এনভয় হিসেবেও কাজ করেছেন নিউমা। আদিবাসী অধিকার, ক্ষুদ্রঋণ, খাদ্যনিরাপত্তা এবং পার্বত্য চট্টগ্রামের উপযোগী উন্নয়ননীতি নিয়ে কাজ করতে গিয়ে তাঁর গবেষণার মূল প্রশ্ন আরও নির্দিষ্ট হয়—যাদের জন্য নীতি তৈরি করা হয়, তাদের অভিজ্ঞতা ও কণ্ঠস্বর সেই নীতিতে কতটা প্রতিফলিত হয়। গবেষণার পাশাপাশি মারমা স্কুল ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সঙ্গে ভাষা সংরক্ষণ, শিক্ষা, নারী ক্ষমতায়ন, মানবাধিকার এবং শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের শিক্ষা সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। করোনা মহামারির সময় শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক স্বেচ্ছাসেবার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ইনস্পায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যেও তাঁর নাম ছিল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন নিউমা। সেখানে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওয়েস ওয়াটকিন্স সেন্টার ফর ইন্টারন্যাশনাল ট্রেড ডেভেলপমেন্টে গ্লোবাল ট্রেড ইন্টার্ন হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যে তাঁকে গ্লোবাল ট্রেড ইন্টার্নদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। নিউমার একাডেমিক যাত্রা তাই মার্কেটিং ছেড়ে হঠাৎ অন্য বিষয়ে চলে যাওয়ার ঘটনা নয়। গ্রাহকের সিদ্ধান্ত বিশ্লেষণ থেকে শুরু করে নিজ জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, বিচারব্যবস্থা, অর্থনৈতিক জীবন ও অধিকার নিয়ে কাজ—প্রতিটি পর্যায় তাঁকে জননীতি গবেষণার দিকে এগিয়ে নিয়েছে। তাঁর পথচলা দেখায়, একজন শিক্ষার্থীর ছোট গবেষণা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ কিংবা সংগঠনের কাজও ভবিষ্যতের বড় একাডেমিক লক্ষ্যের ভিত্তি হয়ে উঠতে পারে। নিজের শিকড়কে কেবল পরিচয়ের অংশ হিসেবে না দেখে গবেষণার প্রশ্নে রূপান্তর করতে পারলে স্থানীয় মানুষের অভিজ্ঞতাও আন্তর্জাতিক জ্ঞানচর্চা ও নীতিনির্ধারণে জায়গা করে নিতে পারে।
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ দেশটির দক্ষিণ, পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইরান যুদ্ধের বর্তমান ও সম্ভাব্য ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার রাতের অভিযান শেষ হয়েছে। হামলায় ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় শত শত নাবিকের জীবন ঝুঁকিতে পড়েছে এবং নৌ চলাচলের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। সংস্থাটির তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমে সহায়তা করেছে। ইরানের আধা-সরকারি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের আশপাশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরেও অন্তত দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। তবে ওই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গিয়েছিল। ইরানের যৌথ সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সতর্ক করেছে, পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে। হামাদান প্রদেশের কাবুদারাহাং এলাকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে। বন্দরনগরী কোনারাক ও চাবাহারের আকাশে যুদ্ধবিমান দেখা গেছে এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই হিসাবে ইতোমধ্যে হওয়া ব্যয়ের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পেন্টাগন কীভাবে এই হিসাব নির্ধারণ করেছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগে ট্রাম্প প্রশাসনের একটি হিসাবে যুদ্ধের প্রথম ছয় দিনেই অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ের কথা বলা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় ৯০ বিলিয়ন ডলার চেয়েছেন, যার বড় অংশ ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এ নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা অভিযোগ করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে প্রশাসন যুদ্ধের লক্ষ্য, পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেয়নি। চলমান যুদ্ধ পেন্টাগনের প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের ওপরও চাপ সৃষ্টি করেছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শুনানিতে বলেন, সামরিক সদস্যদের বেতন দেওয়া সম্ভব হলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতায় বিনিয়োগ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠতে পারে। হেগসেথ কংগ্রেসকে ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই প্রায় প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে উঠেছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরের নৌপথ ঘিরে ঝুঁকি বাড়ায় তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি পরিবহনের সময় ও ব্যয় আরও বাড়তে পারে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান অব্যাহত থাকার মধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রেখেছেন। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতিই কার্যকর রাখলেন। এ সিদ্ধান্ত বার্নহ্যামের দায়িত্ব গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানসংক্রান্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার পর ব্রিটিশ সরকারের করণীয় নির্ধারণে গত শুক্রবার শীর্ষ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা আগের নীতি বহাল রাখার সুপারিশ করেন এবং পরে নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম সেই সিদ্ধান্তে সম্মতি দেন। সিদ্ধান্ত অনুযায়ী, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি আগের মতোই মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলা এবং হরমুজ প্রণালিকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এসব ঘাঁটি ব্যবহার করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে পার্লামেন্টে দেওয়া এক লিখিত উত্তরে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে ডিয়েগো গার্সিয়া ও আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি নির্দিষ্ট প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে চলমান সামরিক অভিযানের বিষয়ে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত প্রকাশ করা হয় না এবং প্রতিটি অনুরোধ পৃথকভাবে বিবেচনা করা হয়। বার্নহ্যাম ২০ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা শুরু করেন। ইরান ইস্যুতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রাখার সিদ্ধান্তকে তাঁর সরকারের প্রথম দিকের গুরুত্বপূর্ণ বৈদেশিক ও প্রতিরক্ষা নীতিগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান গত ১৯ জুলাই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ১৭ জুলাই শুরু হওয়া এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেম-উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, ইসলামী বক্তা ও সম্মানিত অতিথিরা অংশ নেন। তাঁদের কুরআন তিলাওয়াত, ইসলামী আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা। এতে ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী মাহফিলকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রবাসে এক টুকরো বাংলাদেশি আবহ। পরিবার-পরিজন, বন্ধু ও কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে এটি পরিণত হয় মিলনমেলায়। পাশাপাশি বাংলাদেশি খাবার ও নাস্তার বিভিন্ন স্টলও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আলেম-উলামা এবং কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন যুক্তরাষ্ট্রে ইসলামী দাওয়াহ, ধর্মীয় শিক্ষা এবং প্রবাসী বাংলাদেশি মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃহৎ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকদের মতে, ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিন দিনের এই মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
তীব্র তাপপ্রবাহ ও রেকর্ড বিদ্যুৎ চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ১৪টি অঙ্গরাজ্যে ঘূর্ণায়মান লোডশেডিংয়ের ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দায়িত্বে থাকা সংস্থা সাউথওয়েস্ট পাওয়ার পুল (এসপিপি) জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসপিপি সোমবার সন্ধ্যায় সর্বোচ্চ পর্যায়ের ‘লেভেল থ্রি এনার্জি অ্যালার্ট’ জারি করে। এই সতর্কতার অর্থ হলো, বিদ্যুতের চাহিদা মেটাতে সংস্থাটি তাদের প্রায় সব পরিচালন রিজার্ভ ব্যবহার করেছে। যদিও এখন পর্যন্ত কোনো এলাকায় পরিকল্পিত ঘূর্ণায়মান লোডশেডিং কার্যকর করতে হয়নি, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি। কয়েক ঘণ্টা পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়। এসপিপির বিদ্যুৎ সেবা আংশিক বা সম্পূর্ণভাবে যেসব অঙ্গরাজ্যে রয়েছে, সেগুলো হলো আরকানসাস, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, মিনেসোটা, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা, টেক্সাস ও ওয়াইওমিং। সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র অনাকাঙ্ক্ষিতভাবে উৎপাদন বন্ধ করে দেওয়ায় রিজার্ভ সক্ষমতা দ্রুত কমে যায় এবং পুরো বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ আরও বেড়ে যায়। এসপিপি বলেছে, প্রয়োজন হলে নিয়ন্ত্রিত বা ঘূর্ণায়মান লোডশেডিংয়ের মাধ্যমে বৃহত্তর বিদ্যুৎ বিপর্যয় ঠেকানোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হলো পুরো গ্রিড ধসে পড়া রোধ করা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাট এড়ানো। এদিকে চলতি জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের আরও একটি বড় আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা মিডকন্টিনেন্ট ইন্ডিপেনডেন্ট সিস্টেম অপারেটর (এমআইএসও) একই ধরনের জরুরি সতর্কতা জারি করেছিল। সেখানে তাপপ্রবাহ, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক সমস্যা এবং চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বিদ্যুতের দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে। তাই এসপিপি সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে, যাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, পাকিস্তানি রুপির ওপর চাপ কমানো এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন মার্কিন ডলারের একটি ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা বিনিময় হার স্থিতিশীলতা সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে সাম্প্রতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইসলামাবাদের জন্য এটি হবে অন্যতম বড় আন্তর্জাতিক আর্থিক সহায়তা। সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে পাঠানো এক আবেদনে পাঁচ বছর মেয়াদি এই দ্বিপক্ষীয় তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান সরকার। তহবিলের অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ব্যবহার করা হবে, যাতে রুপির ওপর চাপ কমে এবং আন্তর্জাতিক ঋণের ওপর নির্ভরশীলতাও কিছুটা হ্রাস পায়। জানা গেছে, ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনা শুরু করতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছিল, তার পরপরই যুক্তরাষ্ট্রের কাছে এই সহায়তার অনুরোধ জানানো হয়। ইসলামাবাদের আশা, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ফলে ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাত বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। সেই কর্মসূচির শর্ত পূরণে সরকার কর বৃদ্ধি, সরকারি ব্যয় কমানো এবং বিভিন্ন কাঠামোগত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছে। রাজনৈতিকভাবে এসব পদক্ষেপ বিতর্কিত হলেও অর্থনীতি স্থিতিশীল রাখতে এগুলো প্রয়োজনীয় বলে দাবি করছে সরকার। প্রস্তাবিত তহবিল অনুমোদন হলেও আইএমএফের কর্মসূচির আওতায় কঠোর রাজস্ব ও মুদ্রানীতি অব্যাহত থাকবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড’ থেকে এ ধরনের সহায়তা খুবই বিরল। সাধারণত কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ডলার, কারেন্সি সুয়াপ বা আর্থিক নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়। তবে এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে পরিচালিত স্থায়ী ডলার সুয়াপ ব্যবস্থার অংশ নয়। এর আগে ২০২৫ সালে আর্জেন্টিনা এবং ২০০২ সালে উরুগুয়ে একই ধরনের সহায়তা পেয়েছিল। এছাড়া মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পৃথক ডলার সুয়াপ ব্যবস্থার বর্তমান আকার প্রায় ৯ বিলিয়ন ডলার।
একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এখন বৈশ্বিক তালিকার দশম স্থানে নেমে এসেছে। ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে মার্কিন নাগরিকরা আগাম ভিসা ছাড়া বা পৌঁছানোর পর ভিসা নিয়ে ১৭৯টি গন্তব্যে যেতে পারছেন। দুই দশক আগে তালিকার শীর্ষে থাকা দেশটির জন্য এটি বৈশ্বিক ভ্রমণসুবিধায় দীর্ঘমেয়াদি পিছিয়ে পড়ার চিত্র। হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে যুক্তরাষ্ট্র তালিকার প্রথম স্থানে ছিল। দুই দশক পর দেশটি দশম স্থানে অবস্থান করছে। সমান স্কোরের কারণে দশম অবস্থানের আগে মোট ৩৬টি দেশের পাসপোর্ট রয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি গন্তব্যে যেতে পারেন। জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। গত ২০ বছরে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য; দেশটি ১৪৯টি নতুন ভিসামুক্ত গন্তব্য যোগ করে র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ এগিয়েছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টের সুবিধা পুরোপুরি কমে যায়নি। বরং অন্যান্য দেশ দ্রুত নতুন ভিসামুক্ত সুবিধা অর্জন করায় তুলনামূলক অবস্থানে পিছিয়ে পড়েছে দেশটি। হেনলির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র খুব অল্পসংখ্যক দেশের সঙ্গে নতুন ভিসামুক্ত প্রবেশাধিকার যোগ করতে পেরেছে। একই সময়ে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ কূটনৈতিক সমঝোতা ও শিথিল ভিসানীতির মাধ্যমে নিজেদের নাগরিকদের ভ্রমণসুবিধা বাড়িয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি আন্তর্জাতিক গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশবিধি যাচাই করে তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হয়। তবে পাসপোর্টের ক্ষমতা নিয়ে সব প্রতিষ্ঠানের তালিকা এক নয়। আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে ভিসামুক্ত ও আগমনী ভিসার সুবিধা আলাদাভাবে হিসাব করা হয়। সেই তালিকায় ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাত প্রথম এবং যুক্তরাষ্ট্রের অবস্থান হেনলির তালিকা থেকে কিছুটা ভিন্ন। পদ্ধতিগত পার্থক্যের কারণে একই পাসপোর্টের অবস্থান একেক সূচকে একেক রকম হতে পারে। বিশ্বজুড়ে ভ্রমণের সুযোগ গত দুই দশকে সামগ্রিকভাবে বেড়েছে। ২০০৬ সালে একটি পাসপোর্টে গড়ে ৫৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া যাওয়া যেত। ২০২৬ সালে সেই গড় বেড়ে ১০৮টিতে পৌঁছেছে। তবে শীর্ষ ও নিচের দেশগুলোর মধ্যে ব্যবধান এখনো বড়, যা নাগরিকদের আন্তর্জাতিক চলাচলের সুযোগে বৈষম্য তুলে ধরে।
জাপানের নাগোয়া শহরে একটি ১২ তলা আবাসিক ভবন থেকে এক যুবক নিচে পড়ে এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ওপর থেকে পড়া ২৯ বছর বয়সী যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুবক ভবন থেকে পড়ে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা—উভয় দিক থেকেই তদন্ত চলছে। জাপানি গণমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাত প্রায় ১টার দিকে নাগোয়া শহরের সাকায়ে এলাকার ইয়াবাচো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিহত তরুণী হৌরা ইনাবা (২৩) এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় শিনসেই তাগুচি (২৯) নামের এক ব্যক্তি ১২ তলা ভবন থেকে নিচে পড়ে সরাসরি তাঁর ওপর আছড়ে পড়েন। ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু জরুরি সেবায় ফোন করে জানান, একজন ব্যক্তি ওপর থেকে পড়ে তাঁর বন্ধুকে গুরুতর আহত করেছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণজনিত শকে (হেমোরেজিক শক) ভোর সাড়ে ৫টার দিকে ইনাবার মৃত্যু হয়। অন্যদিকে তাগুচি এখনো অচেতন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আইচি প্রিফেকচার পুলিশ জানিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি তাগুচি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে ভবন থেকে ঝাঁপ দিয়েছিলেন। তিনি ভবনের ঠিক কোন তলা থেকে পড়েছেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা তাৎক্ষণিকভাবে সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলটি নাগোয়া শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা, যেখানে অফিস, আবাসিক ভবন, দোকানপাট এবং বিনোদনকেন্দ্র রয়েছে। গভীর রাত হলেও এলাকায় পথচারীদের চলাচল ছিল। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাপানে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামায় একটি ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রী নিচে থাকা এক নারী পথচারীর ওপর পড়লে ওই পথচারীর মৃত্যু হয়। এর আগে ২০২০ সালে ওসাকায়ও বহুতল ভবন থেকে ঝাঁপ দেওয়া এক কিশোরের সঙ্গে নিচে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এ ধরনের দুর্ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে একটি শাহেদ ড্রোনের গায়ে স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের একটি ছবি সংযুক্ত অবস্থায় দেখা যায়। ছবিতে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে ড্রোনে ছবিটি কেন লাগানো হয়েছিল বা এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রেস টিভির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উৎক্ষেপণের জন্য প্রস্তুত একটি শাহেদ ড্রোনের সামনের অংশে ইয়ামালের ছবি লাগানো রয়েছে। ভিডিওতে ড্রোনটির লক্ষ্যবস্তু বা হামলার স্থান সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একইভাবে স্বাধীন কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থাও ভিডিওটির প্রতীকী বার্তা বা প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। ভিডিওতে ব্যবহৃত ছবিটি চলতি বছরের মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদ্যাপনের সময় তোলা বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সে সময় লামিন ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় এবং ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি রাজনৈতিক আলোচনায়ও স্থান পায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইয়ামালের ওই অবস্থানের সমালোচনা করেছিলেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে ইয়ামালের অধিকারকে সমর্থন জানান। গাজা যুদ্ধের পর থেকে স্পেন ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই বিতর্ক আরও আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার সময় প্রতীকী ছবি বা বার্তা ব্যবহার করে বিভিন্ন পক্ষ জনমত প্রভাবিত করার চেষ্টা করে থাকে। তবে এই নির্দিষ্ট ভিডিওতে ব্যবহৃত ইয়ামালের ছবির উদ্দেশ্য বা এর সঙ্গে কোনো সামরিক সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক রয়েছে এমন দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে শাহেদ ড্রোন ব্যবহারের একাধিক ভিডিও ইরানি রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব ভিডিওর অনেক ক্ষেত্রেই অবস্থান, সময় কিংবা নির্দিষ্ট সামরিক দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় সামরিক শক্তির পাশাপাশি প্রতীকী ও প্রচারমূলক বার্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ ধরনের ভিডিওর ক্ষেত্রে প্রেক্ষাপট ও উৎস যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তারা।
ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলায় এক মুসলিম নারীকে প্রকাশ্যে হেনস্তা এবং জোরপূর্বক তাঁর নিকাব খুলে সিঁদুর পরানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে তদন্ত শুরু করে পুলিশ। এখন পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি নওয়াদা জেলার চরকি পাহাড় এলাকার মাধোপুরের কাছে ঘটে। পরীক্ষা শেষে এক মুসলিম নারী তাঁর এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড গরমের কারণে তারা রাস্তার পাশে একটি গাছের নিচে বিশ্রাম নিতে থামলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের ঘিরে ফেলেন। অভিযোগ রয়েছে, তারা ওই নারীকে মুখের নিকাব খুলতে বাধ্য করেন এবং তাঁর সঙ্গে থাকা পুরুষ আত্মীয়কে জোর করে নারীর কপালে একাধিকবার সিঁদুর পরাতে বলেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারী বারবার হাতজোড় করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। তবে উপস্থিত ব্যক্তিদের কয়েকজন তার আবেদন উপেক্ষা করে ভিডিও ধারণ চালিয়ে যান। অভিযোগ রয়েছে, ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেলে চলে যাওয়ার চেষ্টা করলেও তাদের অনুসরণ করা হয়। নওয়াদা সদর-২ মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) রাহুল সিং জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে তদন্তকারীরা অভিযুক্তদের শনাক্ত করেন। এ ঘটনায় ধর্মেন্দ্র কুমার ও বাহাদুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তি একই পরিবারের আত্মীয়। তদন্তে তাদের পরিচয় যাচাই করে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ফলে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিন্ন ধর্মের নারী-পুরুষকে ঘিরে বিভিন্ন দাবি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ভাইরাল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার ভিডিও প্রকাশের পর মানবাধিকারকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে মামলাটির তদন্ত এখনো চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া বাকি।
ইরানের সাম্প্রতিক হামলায় নিহত তৃতীয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত সেনা হলেন ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাড, নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তিনি নিখোঁজ ছিলেন। পরে সেনাবাহিনী জানায়, তাকে মৃত বলে ধারণা করা হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে চলমান সংঘাতে ইরানের হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, র্যাম্পারসাড জার্মানিভিত্তিক ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অধীনে কর্মরত ছিলেন। একই ইউনিটে দায়িত্ব পালন করতেন নিহত আরেক সেনা প্রাইভেট ইসাবেলা গনজালেসও। এর আগে পেন্টাগন জর্ডানের ওই হামলায় নিহত আরও দুই সেনার পরিচয় প্রকাশ করেছিল। তারা হলেন ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। দুজনই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হন। এদিকে একই সপ্তাহান্তে ইরাকের এরবিল বিমানঘাঁটিতে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় আরও এক মার্কিন সেনা, সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন নিহত হন। ওই ঘটনায় আরেক সেনা সামান্য আহত হন। সুইন্টনের মৃত্যুর ঘটনাটি আলাদা একটি সামরিক অভিযানে ঘটলেও সেটিও একই সপ্তাহান্তের সংঘাতের অংশ হিসেবে নিশ্চিত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে মোতায়েন সেনারা ইসলামিক স্টেটবিরোধী অভিযানে অংশ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন। হামলার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মরদেহের অবশিষ্টাংশ পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতেই র্যাম্পারসাডকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর একাধিক হামলা হয়েছে। পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন, যদিও তাদের অধিকাংশ চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরে গেছেন।