সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি জেনে ব্যাগ ফেরত দিল ‘নীতিবান চোর’, সঙ্গে ক্ষমা চেয়ে চিঠি

কাতারের রাজধানী দোহায় এক ফিলিস্তিনি নারীর ব্যাগ চুরি করার পর সেটি আবার ফিরিয়ে দিয়েছে চোর। শুধু ব্যাগ ফেরতই নয়, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে একটি হাতে লেখা চিঠিও রেখে গেছে সে। ব্যতিক্রমী এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই নারী সকালে ঘুম থেকে উঠে নিজের বাড়ির দরজার সামনে চুরি হওয়া ব্যাগটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ব্যাগে থাকা ২৭৫ মার্কিন ডলার নগদ অর্থ, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র—সবই অক্ষত ছিল।   প্রতিবেদনে বলা হয়, ব্যাগটি চুরির পর এর ভেতরের কাগজপত্র দেখার সময় চোর জানতে পারে, ব্যাগের মালিক একজন ফিলিস্তিনি নারী এবং তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এরপরই সে নিজের সিদ্ধান্ত বদলে ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।   ব্যাগের সঙ্গে রাখা হাতে লেখা একটি চিরকুটে চোর লিখেছে, “আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আপনি একজন ফিলিস্তিনি। যদি আগে জানতাম, তবে আমি কখনই আপনার জিনিস চুরি করতাম না।”   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠির আরেকটি সংস্করণে লেখা ছিল, “আমাদের ক্ষমা করবেন। আপনি ফিলিস্তিনি তা জানা থাকলে আমরা কখনই এই কাজ করতাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।”   ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রসিকতার ছলে চোরকে ‘নীতিবান চোর’ বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, চুরি অবশ্যই অপরাধ; তবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়ে ব্যাগ ফিরিয়ে দেওয়ার ঘটনাটি অস্বাভাবিক এবং ব্যতিক্রমী।   সূত্র: আল জাজিরা

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১১:৩০
ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
আর্জেন্টিনাকে বিদায়ের হুঁশিয়ারি হ্যারি কেইনকে ‘কালো জাদু’ করা ঘানার সেই তান্ত্রিকের

বিশ্বকাপ ফুটবলের মেগা মঞ্চে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করে আলোচনায় আসা ঘানার সেই তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার আলবিসেলেস্তে শিবিরে নতুন আতঙ্ক তৈরি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিশ্বকাপের নকআউট পর্বে তথা শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে বিদায় করে দেবে পুচকে দল কেপ ভার্দে। তার এই রহস্যময় মন্তব্যের পর বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   এর আগে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে সাদা পাউডার ছিটিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন এই ঘানার তান্ত্রিক। সেই ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত ও বিতর্কিত দাবি করেছিলেন বোন্সাম। তিনি জোর দিয়ে বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও নির্ভরযোগ্য স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর তিনি এমন এক বিশেষ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে তিনি ঘানার বিপক্ষে ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।   কাকতালীয় কিংবা অলৌকিক মনে হলেও সত্যি যে, ঘানার বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি কেইন কোনো গোল পাননি। শুধু তাই নয়, শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে কোনো শট পর্যন্ত নিতে পারেনি ইংল্যান্ড দল এবং ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। কেইনের ওপর করা জাদুর কার্যকারিতা প্রমাণের পর এবার আর্জেন্টিনার বিপক্ষে ভবিষ্যৎবাণী করে নতুন করে লাইমলাইটে এলেন বিতর্কিত এই তান্ত্রিক।   একটি বিশেষ সাক্ষাৎকারে বোন্সাম আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে লিওনেল মেসির দলের বিপক্ষে তিনি নিজে কোনো কালো জাদু প্রয়োগ করবেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত ও চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।   ইতোমধ্যে চলতি বিশ্বকাপে নিজেদের শক্তিশালী রক্ষণভাগ ও অসাধারণ গোলকিপিং নৈপুণ্য দিয়ে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে এবং ফুটবল পরাশক্তি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অবিশ্বাস্যভাবে শেষ ৩২ নিশ্চিত করে রূপকথার জন্ম দিয়েছে এই নবাগত দলটি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১১:১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বামে) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডানে) | ছবি: আমেরিকা বাংলা
রামের টাকা হরিলুট, ১৪০০ কোটির মহাদুর্নীতি নিয়ে কেন মুখে কুলুপ মোদি-শাহের?

ভারতের অযোধ্যার রাম মন্দির ট্রাস্টে দান করা অর্থ, স্বর্ণালংকার এবং অবকাঠামো নির্মাণে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি), বিরোধী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে এসেছে।   ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচিত অভিযোগ অনুযায়ী, ভক্তদের দেওয়া অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব এবং মন্দির-সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক অনিয়মের দাবি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে।   এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।   অভিযোগে বলা হয়েছে, ভক্তদের দান করা কিছু স্বর্ণ, রুপা ও মূল্যবান সামগ্রীর পরিবর্তে নকল সামগ্রী রাখা হয়েছে। এছাড়া ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, তাদের দেওয়া রুপার ইটের কোনো হিসাব বা রসিদ পাওয়া যায়নি।   আরও অভিযোগ রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লক্ষ্ণৌ শাখা থেকে জাল চেক ব্যবহার করে মন্দিরের অর্থ উত্তোলন করা হয়েছে। রামপথ ও ভক্তিপথ এলাকায় স্থাপিত প্রায় ৫০ লাখ রুপি মূল্যের ৩ হাজার ৮০০টি বিশেষ আলোকসজ্জার সরঞ্জাম চুরির ঘটনাও আলোচনায় এসেছে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন দীনেশ ফালাহারি মহারাজ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেওয়া এক চিঠিতে তিনি দাবি করেন, অর্থ গণনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হতো।   তদন্ত কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা। তাদের অভিযোগ, ঘটনার পরও দ্রুত মামলা না হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।   এদিকে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত প্রবীণ নেতা বিনয় কাটিয়ার এবং বিজেপির জ্যেষ্ঠ নেতা রজনীশ সিং ট্রাস্টের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংও দাবি করেছেন, অযোধ্যার বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন।   বিরোধী দল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে রাম মন্দির ট্রাস্ট, ভারতের কেন্দ্রীয় সরকার অথবা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিচারিক বা তদন্ত-সংশ্লিষ্ট চূড়ান্ত সিদ্ধান্তও এখনো প্রকাশিত হয়নি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১০:৪৩
পরীক্ষায় নকলের নিত্যনতুন মাধ্যম এখন ‘এআই চশমা’ | ছবি: পেক্সেলস
পরীক্ষায় নকলের নতুন মাধ্যম এআই চশমা, প্রশ্ন দেখলেই লেন্সে ভেসে ওঠে উত্তর

বিশ্বজুড়ে পরীক্ষায় নকল বা জালিয়াতির জন্য শিক্ষার্থীরা নিত্যনতুন পদ্ধতি আবিষ্কার করছেন। পূর্বে কাগজের টুকরো বা হাতে লিখে নকল করার প্রবণতা থাকলেও এখন পরীক্ষার হলে জালিয়াতির বড় মাধ্যম হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চশমা। এই আধুনিক চশমাগুলোর লেন্সে সরাসরি প্রশ্নের উত্তর ভেসে ওঠে। বিশেষ করে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এআই চশমা ব্যবহার করে পরীক্ষা পাসের এই অনৈতিক প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।   সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় একটি ইংরেজি পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থীকে এআই চশমাসহ হাতেনাতে আটক করা হয়েছে। দেশটির ইতিহাসে এটিই এআই চশমা দিয়ে জালিয়াতি ধরার প্রথম ঘটনা। অপরদিকে তাইওয়ানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে একইভাবে ধরা হয়। প্রশ্নপত্র পাওয়ার পর ওই শিক্ষার্থী অস্বাভাবিকভাবে চশমার দিকে তাকাচ্ছিলেন এবং পরীক্ষা করে দেখা যায় তার চশমা থেকে অতিরিক্ত তাপ নির্গত হচ্ছিল।   এমন উদ্বেগজনক পরিস্থিতিতে গত মাসে চীন তাদের ঐতিহ্যবাহী ও অত্যন্ত কঠিন কলেজ ভর্তি পরীক্ষায় সব ধরনের চশমা নিবিড়ভাবে পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। উল্লেখ্য, এ বছর চীনের এই মর্যাদাপূর্ণ ভর্তি পরীক্ষায় প্রায় এক কোটি পরীক্ষার্থী অংশ নেয়। জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলের প্রবেশমুখেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে চশমাগুলো যাচাই করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।   বিশ্ববাজারে বর্তমানে এআই চশমার উৎপাদন ও বিক্রি দুটিই জ্যামিতিক হারে বাড়ছে। ২০২৩ সালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ‘রে-ব্যান’ নামের বিশেষ এআই চশমা বাজারে আনার পর এর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। শুধুমাত্র গত বছরই মেটা বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ এআই চশমা বিক্রি করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চশমা দিয়ে পরীক্ষায় জালিয়াতির এই বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সামনে এটি আরও মারাত্মক রূপ নিতে পারে।   হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেং জিল্লি বাজারে প্রচলিত এআই চশমা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। তার গবেষণায় দেখা গেছে, চশমাটি পরে প্রশ্নপত্রের দিকে তাকালেই ভেতরের ক্যামেরা প্রশ্নটিকে রিড করে বৃহৎ এআই মডেলে পাঠিয়ে দেয়। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে উত্তর তৈরি করে চোখের সামনে থাকা চশমার লেন্সে প্রদর্শন করে। তিনি ১০০ জন পরীক্ষার্থীর ওপর এই চশমা দিয়ে পরীক্ষা চালিয়ে দেখেন যে তারা সবাই মেধা তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন।   সূত্র: সিএনএন

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১০:৩৪
ব্রেক্সিটের এক দশক পরও বাণিজ্য, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির চাপে রয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি | ছবি: সংগৃহীত
ব্রেক্সিটের ধাক্কায় এক দশক পরও কেনো ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিটের গণভোটের এক দশক পূর্ণ হলেও এর অর্থনৈতিক অভিঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাজ্য। ২০১৬ সালের ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে গণভোটের ফল প্রকাশের পর যে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার শুরু হয়েছিল, তার প্রভাব এখনো দেশটির প্রবৃদ্ধি, বাণিজ্য, মূল্যস্ফীতি ও জনসেবায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে এবং এর প্রভাব আগামী বছরগুলোতেও বহাল থাকতে পারে।   ব্রেক্সিটের ১০ বছর পূর্তিতে জনমতেও পরিবর্তন এসেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ইইউ ছাড়ার পক্ষে ভোট দেওয়া প্রায় ২৩ শতাংশ ভোটার এখন সেই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত। কেউ ইউরোপ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছেন, আবার কেউ মনে করেন, ব্রেক্সিট বাস্তবায়নের পুরো প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয়নি।   অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমে গেছে। অর্থাৎ, ব্রেক্সিট না হলে দেশটির অর্থনীতি বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় হতে পারত। এর ফলে সরকারের কর আদায়ও কমেছে, যার প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য জনসেবার বাজেটে।   লন্ডনের কিংস কলেজের অর্থনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক জোনাথন পোর্টেস বলেন, অর্থনীতিবিদদের মধ্যে এখন প্রায় স্পষ্ট ঐকমত্য রয়েছে যে ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি করেছে।   স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চের গবেষকেরা দুটি পৃথক পদ্ধতিতে ব্রেক্সিটের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছেন। প্রথম বিশ্লেষণে গত ১০ বছরের প্রবৃদ্ধিকে অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনা করা হয়। সেখানে কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো বৈশ্বিক ঘটনাগুলোর প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকদের মতে, ব্রেক্সিট না হলে যুক্তরাজ্যের অর্থনীতি বর্তমানের তুলনায় প্রায় ৮ শতাংশ বড় হতে পারত। দ্বিতীয় বিশ্লেষণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে ব্যবসা করা ব্রিটিশ কোম্পানিগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। দেখা যায়, এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এই বিশ্লেষণেও অর্থনীতি প্রায় ৬ শতাংশ ছোট হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।   বিশেষজ্ঞদের মতে, ব্রেক্সিটের সবচেয়ে বড় আঘাত লেগেছে বাণিজ্যে। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর সীমান্তে নতুন কাস্টমস বিধি, অতিরিক্ত কাগজপত্র ও প্রশাসনিক জটিলতায় ব্যবসার ব্যয় এবং সময় দুটিই বেড়েছে। বিশেষ করে গাড়ি শিল্প, কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।   চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের পার্লামেন্টের এক শুনানিতে এক লজিস্টিকস ব্যবসায়ী জানান, ব্রেক্সিটের আগে ইউরোপে মাংস রপ্তানিতে একটি কাগজই যথেষ্ট ছিল, অথচ এখন একই পণ্য পাঠাতে প্রয়োজন হয় ২৬টি সরকারি অনুমোদনপত্র।   যদিও যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা কার্যকর হলে দুগ্ধজাত পণ্য, ডিম, মাছ ও তাজা মাংস রপ্তানি সহজ হতে পারে। তবে সেটি কার্যকর হওয়ার সম্ভাব্য সময় ২০২৭ সালের গ্রীষ্ম। এরই মধ্যে অতিরিক্ত ব্যয় ও জটিলতায় অনেক প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিয়েছে।   ব্রিটেনের ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশনের তথ্য অনুযায়ী, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে দেশটির খাদ্যপণ্য রপ্তানি প্রায় ২৫ শতাংশ কমে গেছে।   ব্রেক্সিটের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও স্পষ্ট। গবেষণায় দেখা গেছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কমলার রসের মতো কিছু নিত্যপণ্যের দাম ১৩৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। অর্থনীতিবিদ গ্রেগরি থওয়েটস বলেন, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। তবে তিনি সতর্ক করে বলেন, দারিদ্র্য বা খাদ্য ব্যাংকের ব্যবহার বৃদ্ধির মতো বিষয়গুলোকে শুধু ব্রেক্সিটের ফল হিসেবে দেখা ঠিক হবে না; এর পেছনে আরও নানা সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে।   অর্থনীতিবিদদের মতে, ব্রেক্সিট যুক্তরাজ্যের একমাত্র অর্থনৈতিক সমস্যা নয়। বিনিয়োগের ঘাটতি, ধীর প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতার সংকট আগে থেকেই ছিল। তবে ব্রেক্সিট এসব সমস্যাকে আরও তীব্র করেছে। জিডিপি কমে যাওয়ার ফলে সরকারের কর রাজস্বও কমেছে। এর প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও অন্যান্য জনসেবায়। একই সঙ্গে কারাগার ব্যবস্থা, সড়ক অবকাঠামো ও প্রতিরক্ষা খাতেও আর্থিক চাপ বেড়েছে।   বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব না হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি সংস্কারের মাধ্যমে এর প্রভাব কিছুটা কমানো যেতে পারে। অর্থনীতিবিদ গ্রেগরি থওয়েটসের ভাষায়, বর্তমান ক্ষতির বড় অংশ স্থায়ী হয়ে যেতে পারে এবং ভবিষ্যতেও যুক্তরাজ্যের অর্থনীতি একই ধরনের চাপে থাকতে পারে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১০:২৩
৩২ বছর বয়সী নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ডেল রিওতে তিন নারী গ্রেপ্তার | ছবি: এসবিজি সান আন্তোনিও
টেক্সাসে প্রকাশ্যে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা, দুই বোনসহ তিন নারী গ্রেপ্তার; তদন্ত অব্যাহত

টেক্সাস প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ডেল রিওতে প্রকাশ্য দিবালোকে পাঁচ সন্তানের জননী ৩২ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই বোনসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   ডেল রিও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যস্ত সড়কের পাশে ওই নারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও সেদিন রাতেই তার মৃত্যু হয়।   ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২১ বছর বয়সী এক নারী, তার ১৯ বছর বয়সী বোন এবং তাদের ২১ বছর বয়সী এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে।   পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে কাজ করছেন। নিহত নারীর পরিবার ও ঘনিষ্ঠজনেরা জানান, তিনি অত্যন্ত সহৃদয় ও পরোপকারী ছিলেন। পাঁচ সন্তানের দায়িত্ব পালন করার পাশাপাশি আশপাশের মানুষের প্রয়োজনেও সবসময় এগিয়ে আসতেন। তার আকস্মিক মৃত্যু পরিবার ও পরিচিতদের গভীর শোকের মধ্যে ফেলেছে। অন্যদিকে, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের একজনের হাসিমুখে পুলিশের গাড়িতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১০:১১
ছবি: ট্রুথ সোশ্যাল/সংগৃহীত
নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প,হোয়াইট হাউস বলল ‘দেশপ্রেমিক পাসপোর্ট’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নকশার একটি স্মারক মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। সীমিত সংস্করণের এই পাসপোর্টে ট্রাম্পের একটি গম্ভীর মুখাবয়বের ছবি সংযোজন করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ প্রকাশিত নকশায় আরও লেখা রয়েছে, ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’   নতুন পাসপোর্টটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের স্বাক্ষরসংবলিত একটি প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। ছবিতে তাকে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনের নকশায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ সংযোজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি আলোকচিত্রের ভিত্তিতে তৈরি।   পাসপোর্টের আরেকটি পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ লেখা রয়েছে, যা স্বাধীনতার ২৫০তম বার্ষিকীকে নির্দেশ করে।   হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।   এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট সীমিত পরিসরে বিতরণ করা হবে। গত এপ্রিল মাসে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ট্রাম্প-থিমযুক্ত এসব পাসপোর্ট ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং মজুত থাকা পর্যন্তই বিতরণ করা হবে।   সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতীকী উদ্যোগে নিজের উপস্থিতি আরও দৃশ্যমান করার চেষ্টা করছেন ট্রাম্প। পর্যবেক্ষকদের মতে, নতুন এই স্মারক পাসপোর্টও সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে পাসপোর্টটি নিয়মিত ভ্রমণ নথির বিকল্প নাকি শুধুই স্মারক সংস্করণ সে বিষয়ে হোয়াইট হাউস বা পররাষ্ট্র দপ্তর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১০:১
সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।   সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ১৪ জনই সৌদি নাগরিক। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।   বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী কোম্পানি।   দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ও রপ্তানি ব্যবস্থা নতুন করে আলোচনায় রয়েছে। সম্প্রতি সৌদি আরামকো জানিয়েছিল, হরমুজ প্রণালিতে চলাচলে বিঘ্নের কারণে তারা পাইপলাইনের মাধ্যমে তেলের একটি অংশ বিকল্প পথে রপ্তানি করছে। তবে হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে এ পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।   জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৯:৪৭
শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
এ বছর দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করব: শেখ হাসিনা

ঢাকা/নয়াদিল্লি: আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এ বছরই আমার দেশে ফিরব।” ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। প্রায় দুই বছর পর তিনি আবার দেশে ফেরার ইচ্ছার পাশাপাশি সম্ভাব্য সময়সীমার কথাও উল্লেখ করলেন।   সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত কোনো আশা-আকাঙ্ক্ষার জন্য তিনি দেশে ফিরতে চান না। তার ভাষায়, “এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার।”   বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান একাধিক মামলার প্রসঙ্গে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা, ভাই এবং পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি। কিন্তু এত চক্রান্তের পরও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি।”   নিজের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন, “এটা বিচার নয়। এটা অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত একটি ব্যবস্থার অংশমাত্র। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে।”   দলীয় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি ও সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ জনসমর্থন ফিরে পাচ্ছে। তার ভাষায়, “আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে।”   আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিএনপির সঙ্গে কোনো আলোচনা চলছে কি না জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ কারও রাজনৈতিক অনুগ্রহ চায় না।” তিনি বিএনপির সঙ্গে গোপন বোঝাপড়ার অভিযোগও নাকচ করেন।   বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের মতো বিএনপিও সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “তিনি এমন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাবে। সেই বাংলাদেশে কখনও ধর্মীয় আগ্রাসন ও মৌলবাদ মাথাচাড়া দিতে পারে না।”

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৯:৫০
গুগল ও অ্যামাজনের সাবেক প্রকৌশলী আকাশ বিশাল হাজারিকা | ছবি: আকাশ বিশাল হাজারিকা
গুগল ও আমাজনের সাবেক ইঞ্জিনিয়ারের টিপস, এআই যুগে চাকরির ইন্টারভিউতে টিকবেন যেভাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই আধুনিক যুগে যেকোনো অভিজ্ঞতা সম্পন্ন সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার বিশেষ পরামর্শ দিয়েছেন এক অভিজ্ঞ টেক বিশেষজ্ঞ। গুগল এবং আমাজনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি এই কৌশলগুলো তুলে ধরেছেন। বর্তমান সময়ে প্রযুক্তি খাতে নিয়োগের ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি এআই ব্যবহারের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।   এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন ২৯ বছর বয়সী জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী আকাশ বিশাল হাজারিকা। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলে কর্মরত এই প্রকৌশলী বিগত আট বছর ধরে বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগল, আমাজন এবং স্প্ল্যাঙ্ক-এ অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। দীর্ঘদিন এই বিগ টেক প্রতিষ্ঠানগুলোতে যুক্ত থাকার কারণে প্রযুক্তি বিশ্বের ভেতরের নানা পরিবর্তন ও বিবর্তন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার।   আকাশ বিশাল হাজারিকা নিজের অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন যে, এআই যুগে একটি কাঙ্ক্ষিত চাকরির অফার পেতে হলে সফটওয়্যার প্রকৌশলীদের ঠিক কোন ধরনের দক্ষতা থাকা প্রয়োজন। বর্তমান সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একমত হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি একজন প্রকৌশলীর কাজের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে চাকরিপ্রার্থীদের কাছ থেকেও এখন ভিন্ন ধরনের পারদর্শিতা আশা করা হচ্ছে।   আধুনিক তথ্যপ্রযুক্তি খাতে এখন এমন প্রকৌশলীদের সন্ধান করা হচ্ছে যারা এআই টুল বা প্রযুক্তি ব্যবহার করতে দক্ষ। নতুন এই যুগে প্রকৌশলীদের কাছ থেকে প্রধান প্রত্যাশা হলো, তারা যেন এআই-এর সাহায্য নিয়ে যেকোনো সফটওয়্যার বা প্রযুক্তিগত সমাধান অনেক বেশি দ্রুততার সাথে তৈরি করতে পারেন। একই সাথে সেই তৈরি করা কাজটি যেন সম্পূর্ণ নির্ভরযোগ্য ও ত্রুটিমুক্ত হয়, তাও নিশ্চিত করতে হবে।   প্রযুক্তি খাতের এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ইন্টারভিউয়ের প্রস্তুতিতেও পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন এই অভিজ্ঞ প্রকৌশলী। শুধু প্রথাগত কোডিং জানা এখন আর যথেষ্ট নয়, বরং এআই-কে সঙ্গী করে কীভাবে নিজের কাজের গতি ও মান উন্নত করা যায়, সেই আত্মবিশ্বাস ইন্টারভিউ বোর্ডে ফুটিয়ে তোলাই এখন চাকরি পাওয়ার মূল চাবিকাঠি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৯:৩৩
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ‘ক্লড’ এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক | ছবি: অ্যানথ্রপিক
ভিসা আবেদনের তথ্যে ফাঁস, অ্যানথ্রোপিক এআই প্রতিষ্ঠানে কর্মীদের বেতন কোটি কোটি টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের কর্মীদের আকাশচুম্বী বেতনের তথ্য ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির কিছু কারিগরি কর্মকর্তা বা টেকনিক্যাল স্টাফ বার্ষিক মূল বেতন হিসেবে ১০ লাখ বা ১ মিলিয়ন ডলারের বেশি আয় করছেন। সম্প্রতি মার্কিন ফেডারেল ফাইলিংয়ের এইচ-ওয়ানবি (H-1B) ভিসা স্পন্সরশিপের ডেটা থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।   জনপ্রিয় এআই টুল ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক আগামী শরতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে। সম্ভাব্য ১ ট্রিলিয়ন ডলারের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সামনে রেখে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত এক বছরে কর্মী নিয়োগের গতি নাটকীয়ভাবে বাড়িয়েছে। একই সাথে বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা কর্মীদের অত্যন্ত উচ্চমানের বেতন প্যাকেজ দিচ্ছে।   যুক্তরাষ্ট্রের সরকারি ফাইলিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অ্যানথ্রোপিকের সাম্প্রতিক এইচ-ওয়ানবি ভিসার আওতায় থাকা দুটি পদের বেতন সবচেয়ে বেশি নজর কেড়েছে। এআই গবেষণাগার বা ল্যাবগুলোতে সাধারণত ‘মেম্বার অফ টেকনিক্যাল স্টাফ’ পদটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফাঁস হওয়া তথ্যে এই পদের দুজনের বেতন কাঠামো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।   প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেম্বার অফ টেকনিক্যাল স্টাফ পদে কর্মরত এই দুই কর্মকর্তার মধ্যে একজন বার্ষিক ১১ লাখ ২০ হাজার (১.১২ মিলিয়ন) ডলার মূল বেতন পাচ্ছেন। অন্যদিকে একই পদে থাকা অপর কর্মকর্তার বার্ষিক মূল বেতন ধরা হয়েছে ১৩ লাখ ৮০ হাজার (১.৩৮ মিলিয়ন) ডলার। এই বিপুল অঙ্কের অর্থ শুধুমাত্র তাদের মূল বা বেস স্যালারি, যার সাথে অন্যান্য আর্থিক সুবিধাও যুক্ত রয়েছে।   প্রযুক্তি বিশ্বে এআই বিশেষজ্ঞদের ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার চিত্রই এই বেতন কাঠামোর মাধ্যমে স্পষ্ট হয়েছে। বড় বড় টেক জায়ান্টদের সাথে লড়াইয়ে টিকে থাকতে এবং আইপিও চালুর আগের মুহূর্তে যোগ্য কর্মীদের ধরে রাখতে অ্যানথ্রোপিক অর্থের দিক থেকে কোনো কমতি রাখছে না।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৯:২০
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোরতা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোরতা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া, জরিমানা দ্বিগুণের ঘোষণা

১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম ভাঙার প্রবণতা ঠেকাতে এবার আইন লঙ্ঘনকারী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।   শনিবার (২৭ জুন) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, নতুন আইনের আওতায় বড় ধরনের বা পদ্ধতিগত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ শত ৩৭ কোটি টাকার সমান। একই সঙ্গে অনলাইন নিরাপত্তা তদারকি সংস্থা ‘ই-সেফটি’ কমিশনারকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে।   সরকারি বিবৃতিতে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবসহ বড় প্ল্যাটফর্মগুলোর সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয়গুলো সক্রিয়ভাবে তদন্ত করছে এই স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা।   অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো আইন মানার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তার ভাষায়, “এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক শিশু সক্রিয় রয়েছে, যা এই আইনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।” তিনি আরও বলেন, নতুন পদক্ষেপগুলো দেখিয়ে দিচ্ছে সরকার এই বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে।   সরকারি সূত্র বলছে, নানা উপায়ে কিশোর-কিশোরীরা এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে। বয়স্কদের নামে অ্যাকাউন্ট ব্যবহার, ভুয়া পরিচয়ে নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা ব্যক্তিগত ব্রাউজিংয়ের মাধ্যমে তারা প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করছে।   অস্ট্রেলিয়ার এই উদ্যোগের দিকে নজর রাখছে বিশ্বের আরও কয়েকটি দেশ। যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড ইতোমধ্যে একই ধরনের পদক্ষেপ নিয়েছে বা বিবেচনা করছে।   তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি মাসে ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’-এ প্রকাশিত এক সমকক্ষ-পর্যালোচিত গবেষণায় ৪০০ জনের বেশি তরুণের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, তারা বিভিন্ন উপায়ে নিয়ম ফাঁকি দিচ্ছে। বিশেষ করে ১২ থেকে ১৩ বছর বয়সীদের ক্ষেত্রে ব্যবহার কমার কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে ১৪ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে কিছুটা কমেছে এবং ১৬ বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ব্যবহার বেড়েছে।   সরকার বলছে, এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে ‘ই-সেফটি’ কমিশনারকে প্ল্যাটফর্মগুলোর কাছে জবাবদিহি নিশ্চিত করার ক্ষমতা দেওয়া হচ্ছে। তারা এখন কোম্পানিগুলোকে বাধ্য করতে পারবে—১৬ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট খোলা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার প্রমাণ দিতে।   এছাড়া শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বয়স যাচাইকারী তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা অ্যাপ স্টোর সেবাদাতাদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য চাওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে এই সংস্থাকে।   দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেছেন, প্ল্যাটফর্মগুলো এখনো যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তার ভাষায়, “বড় প্রযুক্তি কোম্পানিগুলো পুরোনো কৌশলেই চলছে এবং দায়সারা কাজ করে পার পেতে চাইছে।” তিনি আরও জানান, এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।   বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অনেক অভিভাবক এই ধরনের কঠোর বিধিনিষেধকে ইতিবাচক হিসেবে দেখছেন।   তবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, অতিরিক্ত কড়াকড়ি আরোপ করলে কিশোররা আরও অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে চলে যেতে পারে।   বর্তমানে অস্ট্রেলিয়ায় ব্যবহারকারীর বয়স যাচাইয়ের দায়িত্ব পুরোপুরি প্ল্যাটফর্মগুলোর ওপরই দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি দেখে বয়স অনুমান করার চেষ্টা করছে। পাশাপাশি ব্যবহারকারীরা সরকারি পরিচয়পত্র জমা দিয়েও নিজেদের বয়স নিশ্চিত করতে পারছেন।   সব মিলিয়ে, শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার এই কঠোর অবস্থান এখন আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরীক্ষায় পরিণত হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৮:৫৫
২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ থামছেই না: ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

দেশজুড়ে হামের বিস্তার এখনও উদ্বেগজনক পর্যায়েই রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ জন শিশু, যা পরিস্থিতির ক্রমাগত অবনতিরই ইঙ্গিত দিচ্ছে।   রোববার (২৮ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।   এদিকে সংক্রমণের হারও কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ৯৪১ জন। ফলে একদিনেই মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭ জনে পৌঁছেছে।   হাসপাতালভিত্তিক তথ্য বলছে, একই সময়ে নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ জন।   স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ৭১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮২ হাজার ৮৪৪ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ জন।   জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া এবং সচেতনতার অভাব—এই তিনটি কারণ পরিস্থিতিকে জটিল করে তুলছে। তারা দ্রুত টিকাদান জোরদার এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।   বর্তমান পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৮:৩১
ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১৩
ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১৩, উদ্ধার তৎপরতা অব্যাহত

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (স্থানীয় সময়) সকালে তোম্বলেইন শহরের কাছাকাছি বিমানবন্দরের অদূরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।   প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটিতে কয়েকজন যাত্রী ছিলেন, যাদের একটি অংশ প্যারাসুট নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।   ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও জরুরি উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।   তোম্বলেইন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়াজনিত সমস্যা বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।   স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। এ ধরনের ফ্লাইট সাধারণত স্বল্প উচ্চতায় উঠানামা করে এবং নির্দিষ্ট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়। ফলে এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।   ফ্রান্সে সাম্প্রতিক বছরগুলোতে ছোট আকারের বেসামরিক বিমান দুর্ঘটনার কয়েকটি ঘটনা ঘটেছে, তবে এমন বড় ধরনের প্রাণহানি তুলনামূলকভাবে বিরল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।   তদন্তের অগ্রগতি ও প্রকৃত কারণ উদঘাটনের দিকে এখন নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৮:১৫
খামেনির শেষযাত্রায় দুই কোটির বেশি মানুষের সমাগমের প্রস্তুতি
খামেনির শেষযাত্রায় দুই কোটির বেশি মানুষের সমাগমের প্রস্তুতি, ৪ জুলাই শুরু তেহরানে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের ধারণা, এ শোকযাত্রায় অংশ নিতে পারেন দুই কোটিরও বেশি মানুষ। নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতোমধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে।   বার্তাসংস্থা মেহের নিউজ রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে জানায়, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে আনুষ্ঠানিকভাবে খামেনির শেষযাত্রা শুরু হবে। এরপর বিভিন্ন ধাপ শেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।   সরকারি সূত্র বলছে, পুরো আয়োজনটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।   এদিকে ইরাকের পবিত্র শহর কারবালাতেও খামেনির স্মরণে একটি শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ আয়োজন এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।   উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে সরকারি প্রাসাদে অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী এই নেতা। ঘটনার পরপরই তার শেষযাত্রার একটি প্রাথমিক পরিকল্পনা নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত রাখা হয় বলে সে সময় ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল।   খামেনির মৃত্যুতে ইরানের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে আসে। তার শেষ বিদায় অনুষ্ঠানে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।   বিশ্লেষকদের মতে, খামেনির দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের কারণে দেশের ভেতরে ও বাইরে তার প্রভাব ছিল ব্যাপক। তাই তার শেষযাত্রা ঘিরে এমন বড় পরিসরের জনসমাগম এবং আয়োজন স্বাভাবিকভাবেই ইরানের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে যাচ্ছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৮:৬
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যু
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। রোববার দেশটির জনস্বাস্থ্যবিষয়ক সংস্থা স্যঁতে পাবলিক প্রকাশিত এক প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।    একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, তাপপ্রবাহজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আরও অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের তথ্য এখনো পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।   সংস্থাটি অতিরিক্ত মৃত্যুর প্রাথমিক হিসাব তুলে ধরে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বয়স্ক মানুষ। কেয়ার হোম ও ব্যক্তিগত বাসাবাড়িতে ঘটে যাওয়া মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য হাতে এলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে কোটি কোটি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অতিরিক্ত তাপমাত্রার কারণে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।    একই সঙ্গে অতীতের বিভিন্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অবকাঠামোও ক্ষতির মুখে পড়ছে।   বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।    তারা বলছেন, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপের জলবায়ু আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার ফলে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই ঘন ঘন দেখা দিচ্ছে।   ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, তাপপ্রবাহ ধীরে ধীরে দেশটির পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় চরম গরম কিছুটা কমলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও তাপপ্রবাহের সতর্কবার্তার আওতায় রয়েছে।   ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও এই তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।   দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই দুর্যোগ এখনও শেষ হয়ে যায়নি।"   স্যঁতে পাবলিক জানিয়েছে, মৃতদের অধিকাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। তবে তীব্র গরমের স্বাস্থ্যঝুঁকি সব বয়সী মানুষের ওপরই প্রভাব ফেলেছে।   সূত্র: এএফপি

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৭:৪৪
ছবি: দ্য ডিসেন্ট
বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিএনপিবিরোধী প্রচারের অভিযোগ, দাবি দ্য ডিসেন্টের

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কয়েকটি সংবাদমাধ্যমে দীর্ঘ সময় ধরে বিএনপি, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ভিত্তিহীন, একপেশে ও ষড়যন্ত্রমূলক বয়ান প্রচার করা হয়েছিল বলে দাবি করেছে অনলাইনভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট।   সম্প্রতি প্রকাশিত একটি 'মিডিয়া ওয়াচ' প্রতিবেদনে প্রতিষ্ঠানটি দাবি করেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪.কমে প্রকাশিত অসংখ্য সংবাদ ও মতামতধর্মী লেখায় বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, ষড়যন্ত্র, ক্যাসিনো-সংশ্লিষ্টতা ও দল পরিচালনায় ব্যর্থতার মতো অভিযোগ নিয়মিতভাবে উপস্থাপন করা হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রকাশিত সংবাদ ও নিবন্ধ বিশ্লেষণ করে অন্তত ৮১টি প্রতিবেদন শনাক্ত করেছে দ্য ডিসেন্ট। এর মধ্যে ৫২টি সংবাদ প্রতিবেদন এবং ২৮টি মতামতধর্মী লেখা রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এসব সংবাদের উল্লেখযোগ্য অংশে নির্ভরযোগ্য বা নাম প্রকাশিত কোনো সূত্রের উদ্ধৃতি ছিল না।   দ্য ডিসেন্টের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর একই সংবাদমাধ্যমগুলোতে বিএনপি, তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে ইতিবাচক প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশের প্রবণতা দেখা যায়। প্রতিবেদনে এই পরিবর্তনকে সম্পাদকীয় অবস্থানের উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে তুলে ধরা হয়েছে।   অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন পেজে তারেক রহমানকে নিয়ে যে নেতিবাচক পোস্ট ছড়ানো হয়েছে, সেগুলোর অনেক ক্ষেত্রেই অতীতে প্রকাশিত এসব সংবাদকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।   দ্য ডিসেন্ট দাবি করেছে, তাদের অনুসন্ধানে পাওয়া প্রতিবেদনগুলোর বিষয়বস্তু ছিল মূলত তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার, লন্ডনে বিলাসী জীবন, ক্যাসিনো-সংশ্লিষ্টতা, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিএনপির নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ।   প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪.কমে প্রকাশিত একাধিক বিশেষ প্রতিবেদন ও কলামে এসব অভিযোগ উপস্থাপন করা হলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা পরিচয়যুক্ত সূত্রের উল্লেখ পাওয়া যায়নি বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে।   দ্য ডিসেন্ট আরও দাবি করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ক্যাসিনো কেলেঙ্কারি, হাওয়া ভবন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, বিএনপির নেতৃত্বের সংকট, দল পরিচালনায় ব্যর্থতা এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত বহু প্রতিবেদনে একই ধরনের বয়ান অনুসরণ করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, তাদের এই 'মিডিয়া ওয়াচ'-এর উদ্দেশ্য ছিল ৫ আগস্টের আগে ও পরে একই রাজনৈতিক ব্যক্তি ও দলকে ঘিরে সংবাদ পরিবেশনের ধরনে কোনো পরিবর্তন এসেছে কি না এবং প্রকাশিত প্রতিবেদনগুলো কতটা তথ্যনির্ভর ছিল, তা পর্যালোচনা করা।   তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ২৪.কম কিংবা সংশ্লিষ্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিক্রিয়াও প্রতিবেদনে উল্লেখ নেই।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৭:৩৬
ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ভিডিও, গ্রেপ্তার ইউটিউবার
ভিউয়ের লোভে নারী ও নাবালিকাদের টার্গেট: ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ভিডিও, গ্রেপ্তার ইউটিউবার

বেশি ভিউ ও অনলাইন আয়ের আশায় রাস্তায় নারী বাইকার ও নাবালিকাদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে যানবাহনে ধাক্কা দেওয়া এবং সেই দৃশ্য গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   রোববার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত গুরমান সিং নিয়মিতভাবে রাস্তায় এমন কর্মকাণ্ড চালাতেন। তিনি ‘রোড সেফটি ওয়ালা’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পরিচালনা করতেন, যেখানে এসব ভিডিও আপলোড করা হতো।   পুলিশের তথ্য অনুযায়ী, পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাস্তায় হয়রানি, অনুমতি ছাড়া নারী ও শিশুদের ভিডিও ধারণ এবং তা অনলাইনে প্রচারের অভিযোগ জমা হচ্ছিল।   ঘটনার সূত্রপাত ২ জুন। ওই দিন রাজা গার্ডেন এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার নাবালিকা দুই মেয়ের স্কুটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর তারা মেয়েদের পিছু নিয়ে অশোভন মন্তব্য করে। পরে তিনি দেখতে পান, ঘটনার ভিডিওটি অভিযুক্তের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।   তদন্তে পুলিশ জানতে পারে, গুরমান সিং সচেতনভাবেই নারী চালক বা যানবাহনের পেছনে বসা নারী ও নাবালিকাদের লক্ষ্য করতেন। এরপর পরিকল্পিতভাবে তাদের যানবাহনে ধাক্কা দিয়ে স্বাভাবিক আচরণ করে ‘দুঃখিত’ বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেন। এ সময় তিনি গোপনে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতেন।   পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হারেশ্বর স্বামী জানান, ‘বাইকারঅনরোড৩৩’ নামে গুরমানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে প্রায় ২১ হাজার গ্রাহক রয়েছে। পাশাপাশি তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২ লাখ ১০ হাজারেরও বেশি।   পুলিশের ভাষ্য, তার চ্যানেলের অধিকাংশ ভিডিওতেই নারী ও নাবালিকাদের উপস্থিতি রয়েছে। জিজ্ঞাসাবাদে গুরমান স্বীকার করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়ানো, ভিডিও ভাইরাল করা এবং সেখান থেকে আয় বৃদ্ধির লক্ষ্যেই তিনি এসব কাজ করতেন। দর্শকের সম্পৃক্ততা বাড়াতে তিনি বিশেষভাবে নারীদের লক্ষ্য করতেন বলেও জানান।   এ ঘটনায় অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন ভিডিও, স্ক্রিনশটসহ গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা অনেক সময় এ ধরনের অনৈতিক ও ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করছে। এতে শুধু ব্যক্তিগত গোপনীয়তাই লঙ্ঘিত হচ্ছে না, জননিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৭:২৬
৩০ দিনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার ঘোষণা ইরানের
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন উত্তেজনা: ৩০ দিনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পরপর দুই দিন ধরে জাহাজে হামলার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর রাতভর সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী ৩০ দিন গুরুত্বপূর্ণ এই নৌপথটি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।   রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন আরাঘচি। তিনি বলেন, ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ পরিস্থিতির সর্বশেষ অবস্থা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে তিনি ইরাকি পক্ষকে অবহিত করেছেন।   আরাঘচির ভাষ্য অনুযায়ী, আগামী এক মাস হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে। এ সময়ের মধ্যে নৌপথে থাকা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে এর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের চেষ্টা চলবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের, অন্য কোনো দেশের এতে সংশ্লিষ্টতার সুযোগ নেই।   তিনি সতর্ক করে আরও বলেন, সমঝোতা স্মারকের আওতায় বিষয়টি পরিষ্কারভাবে নির্ধারিত রয়েছে। ফলে কোনো দেশ বা পক্ষ একতরফা হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং প্রণালির স্বাভাবিক কার্যক্রম চালু করতে বিলম্ব হতে পারে।   এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপরই বর্তায়। ফলে ভবিষ্যতে কোনো জাহাজ নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   আইআরজিসি আরও জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলার মতো কোনো অজুহাতে শত্রুপক্ষ যদি নতুন করে আগ্রাসন চালায়, তবে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। তাদের মতে, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থি এবং এতে চলমান সব কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।   অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে, যদিও তাতে স্পষ্ট কোনো দৃশ্য দেখা যায়নি। ইরানের দাবি, সাম্প্রতিক হামলায় তাদের পাঁচটি উপকূলীয় অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে এমন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।   বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুত উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাচ্ছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৭:১৭
ছবি: নিউইয়র্ক পোস্ট
ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ, মঞ্চ ছাড়ার সময় পথ খুঁজতে গিয়ে বিড়ম্বনায় বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মেরিল্যান্ডে ডেমোক্র্যাটিক পার্টির এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেছেন। তবে বক্তব্য শেষ হওয়ার পর মঞ্চ ছাড়ার পথ খুঁজতে গিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।   শনিবার বাল্টিমোরের কাছে হ্যানোভারের লাইভ! ক্যাসিনো অ্যান্ড হোটেলে আয়োজিত মেরিল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টির ‘ফাইট ব্যাক অ্যান্ড উইন’ সম্মেলনে বক্তব্য দেন ৮৩ বছর বয়সী বাইডেন।   বক্তব্যে তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেন। বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছেন। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণের পরিকল্পনাকে তিনি ‘ব্যক্তিগত অহমিকার প্রকল্প’ বলে মন্তব্য করেন।   বক্তৃতার শেষ দিকে যুক্তরাষ্ট্রের সংকট মোকাবিলার সক্ষমতার কথা তুলে ধরেন বাইডেন। এরপর মঞ্চ ছাড়তে গিয়ে তিনি একপাশে তাকিয়ে দিকনির্দেশনা চান। পরে দুই দিকেই ইশারা করে কোন পথে নামবেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। সঠিক পথ বুঝে নেওয়ার পর দর্শকদের দিকে পিঠ রেখে মঞ্চ ত্যাগ করেন।   এর কয়েকদিন আগেই শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেনশিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাইডেন। ওই অনুষ্ঠানেও সমাপ্তির সময় তাকে কিছুটা বিভ্রান্ত দেখা যায়। সে সময় তিনি মঞ্চে দাঁড়িয়ে নিজের নাতনিকে খুঁজছিলেন। পরে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে পথ দেখান।   শনিবারের বক্তব্যে বাইডেন টেলিপ্রম্পটার ব্যবহার করেন। বক্তব্যের সময় কয়েকবার কাশি দিতেও দেখা যায় তাকে। তিনি দাবি করেন, তার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ট্রাম্প প্রশাসনের বর্তমান সময়ের তুলনায় ভালো ছিল।   ট্রাম্পকে উদ্দেশ করে বাইডেন বলেন, তিনি হোয়াইট হাউসে ফিরে এসে বিভিন্ন ব্যক্তিগত প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিচ্ছেন। হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা এবং ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুল সংস্কারের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।   বাইডেন আরও অভিযোগ করেন, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প বিপুল অর্থ উপার্জন করেছেন এবং এ বিষয়ে তার কোনো লজ্জাবোধ নেই। এর আগে প্রেসিডেন্ট থাকাকালেও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও জনসমাবেশে মঞ্চে চলাফেরা বা দিকনির্দেশনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কয়েকটি ঘটনা আলোচনায় এসেছিল।   বর্তমানে বাইডেন স্টেজ-৪ প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তার নতুন বইয়ের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। বইটিতে তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে বাইডেনের পারফরম্যান্স দেখে প্রথমে তার মনে হয়েছিল, তিনি হয়তো স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:৫৮